মোতালেব আলী পান্না, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, জীবন, মানবতা, সাম্য ও বিদ্রোহী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়ায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান পিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান।
বাগাতিপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নেকবার হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জামাল উদ্দিন, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, ক্যাব সভাপতি ও সাংবাদিক আব্দুল মজিদ, জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হান এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তারিক আজিজ।
এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, মসজিদের ইমাম, শিক্ষক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম ও তাঁর অসাম্প্রদায়িক, মানবিক ও সাম্যবাদী দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, নজরুলের সাহিত্য শুধু বিদ্রোহের কথা বলে না; তাঁর সৃষ্টিতে মানবতা, সাম্য, ভালোবাসা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং অসাম্প্রদায়িক সমাজ গঠনের প্রত্যয়ও গভীরভাবে ফুটে উঠেছে।
বক্তারা নতুন প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য ও জীবনাদর্শ তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে কবির বিভিন্ন বিদ্রোহী কবিতা আবৃত্তি করা হয়।
কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্মের ওপর বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন তমালতলা কৃষি ও কারিগরি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নজরুলের গান, কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।
