স্টাফ রিপোর্টার | রাজধানীর উত্তরায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই তরুণ সাংবাদিক। নিহতরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ-এর স্টাফ রিপোর্টার মো. রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত-এর স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান।
জানা গেছে, বুধবার দিবাগত গভীর রাতে (১৬ জুলাই) উত্তরা জসীমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মী এলাকার মাঝামাঝি সড়কে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। এর আগে জসীমউদ্দীন এভিনিউ সড়কের পাকার মাথায় অবস্থিত উত্তরা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে বড় পর্দায় ফুটবল খেলা উপভোগ করেছিলেন দুই সাংবাদিক।
প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তথ্য অনুযায়ী, দ্রুতগতির একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং সংশ্লিষ্ট বাসটি শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
জানা গেছে, নিহত দুই সাংবাদিকই আসন্ন উত্তরা প্রেস ক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে প্রার্থী ছিলেন। শাকিবুল হাসান সাংগঠনিক সম্পাদক পদে ১৮ নম্বর ব্যালট এবং রবিউল আলম রাজু সমাজকল্যাণ সম্পাদক পদে ২২ নম্বর ব্যালট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। আগামী ১৮ জুলাই এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দুই সহকর্মীর আকস্মিক মৃত্যুতে সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
একই সঙ্গে তারা দুর্ঘটনার প্রকৃত কারণ দ্রুত উদ্ঘাটন, দায়ী ব্যক্তি ও যানবাহনকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই প্রতিশ্রুতিশীল সাংবাদিকের এই অকাল মৃত্যু শুধু তাদের পরিবার নয়, পুরো সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাদের কর্ম, সততা ও সহমর্মিতার স্মৃতি সহকর্মীদের হৃদয়ে দীর্ঘদিন অম্লান হয়ে থাকবে।
