Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

অনুসন্ধানী বিশ্লেষণ

রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

স্টক নিউজ বিডি September 21, 2026

অনুসন্ধানী প্রতিবেদন: বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের অন্যতম বৃহৎ অপারেটর রবি আজিয়াটা পিএলসি-এর সর্বশেষ প্রকাশিত আর্থিক অবস্থার বিবরণী নতুন করে উদ্বেগ তৈরি করেছে বিনিয়োগকারী মহলে। ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রান্তিকের সংক্ষিপ্ত আর্থিক প্রতিবেদনে কোম্পানির নগদ অর্থের অস্বাভাবিক পতন, স্বল্পমেয়াদি ঋণের হঠাৎ বৃদ্ধি এবং সম্পদের ধারাবাহিক সংকোচনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন।

বিশ্লেষকদের মতে, কাগজে-কলমে কিছু সূচক ইতিবাচক দেখালেও বাস্তব নগদ প্রবাহ ও দায় ব্যবস্থাপনার চিত্র বিনিয়োগকারীদের জন্য সতর্ক সংকেত বহন করছে।

তিনা মাসে নগদ অর্থ কমেছে প্রায় ১,৫৮০ কোটি টাকা

রবি আজিয়াটার আর্থিক বিবরণী অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর শেষে কোম্পানির Cash and Cash Equivalents ছিল প্রায় ২,৪২১ কোটি টাকা। কিন্তু মাত্র তিন মাসের ব্যবধানে ২০২৬ সালের মার্চ শেষে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৮৩৮ কোটি টাকায়।

অর্থাৎ, এক প্রান্তিকেই কোম্পানির নগদ অবস্থান কমেছে প্রায় ১,৫৮০ কোটি টাকা।

প্রশ্ন উঠেছে—

এই বিপুল পরিমাণ নগদ অর্থ কোথায় ব্যয় হয়েছে?
এটি কি পরিচালন ব্যয়, ঋণ পরিশোধ, নাকি অন্য কোনো আর্থিক চাপের প্রতিফলন?

বাজার বিশ্লেষকদের মতে, একটি বড় টেলিকম কোম্পানির ক্ষেত্রে নগদ অর্থের এমন দ্রুত পতন ভবিষ্যৎ তারল্য ঝুঁকির ইঙ্গিত দিতে পারে।

স্বল্পমেয়াদি ঋণে অস্বাভাবিক উল্লম্ফন

আরও উদ্বেগজনক বিষয় হচ্ছে কোম্পানির Short Term Loans। ২০২৫ সালের ডিসেম্বর শেষে যেখানে স্বল্পমেয়াদি ঋণের পরিমাণ ছিল মাত্র প্রায় ২০ লাখ টাকা, সেখানে ২০২৬ সালের মার্চ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৬০ কোটি টাকায়।

মাত্র তিন মাসে এমন ঋণ বৃদ্ধি স্বাভাবিক ব্যবসায়িক প্রবণতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কোম্পানি কি নগদ সংকট মোকাবেলায় জরুরি ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। নাকি পরিচালন ব্যয় সামাল দিতেই বাড়তি ঋণ নিতে হয়েছে?

সম্পদ কমছে ধারাবাহিকভাবে

প্রতিবেদনে দেখা যায়, কোম্পানির মোট সম্পদ (Total Assets) কমে দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ২ হাজার কোটি টাকায়, যা আগের প্রান্তিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

বিশ্লেষকদের মতে, সম্পদের ধারাবাহিক সংকোচন ভবিষ্যৎ প্রবৃদ্ধির সক্ষমতা নিয়েও প্রশ্ন তৈরি করে।

বিশেষ করে টেলিযোগাযোগ খাতে নেটওয়ার্ক সম্প্রসারণ, প্রযুক্তি উন্নয়ন এবং অবকাঠামো বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে সম্পদ কমে যাওয়া দীর্ঘমেয়াদে প্রতিযোগিতামূলক অবস্থানকে দুর্বল করতে পারে।

দায় এখনো বিপজ্জনক উচ্চতায়

রবি আজিয়াটার মোট দায় (Total Liabilities) এখনো প্রায় ১ লাখ ৩০ হাজার কোটি টাকার কাছাকাছি অবস্থান করছে।

অন্যদিকে মোট ইকুইটি প্রায় ৭২ হাজার কোটি টাকা।

অর্থাৎ, কোম্পানির আর্থিক কাঠামো এখনো উচ্চমাত্রায় দায়নির্ভর।

বিশেষজ্ঞদের মতে, উচ্চ সুদহার ও বৈদেশিক মুদ্রা চাপের সময়ে এমন দায় কাঠামো ভবিষ্যতে শেয়ারহোল্ডারদের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।

বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে অনিশ্চয়তা

যদিও কোম্পানির Retained Earnings এবং NAV per Share সামান্য বৃদ্ধি পেয়েছে, তবে বাজার বিশ্লেষকরা বলছেন— শুধুমাত্র হিসাবভিত্তিক মুনাফা দিয়ে বাস্তব নগদ সংকট আড়াল করা যায় না।

কারণ, কোনো প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক সক্ষমতা যাচাইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হচ্ছে তার Cash Flow ও Liquidity Position।

আর সেখানেই এখন বড় প্রশ্নের মুখে রবি আজিয়াটা।

দেশের শীর্ষ করপোরেট প্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে রবি আজিয়াটা পিএলসি-এর আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বর্তমান আর্থিক প্রতিবেদনে উঠে আসা নগদ সংকট, ঋণ বৃদ্ধি এবং সম্পদ হ্রাসের বিষয়গুলো নিয়ে দ্রুত ও স্পষ্ট ব্যাখ্যা না এলে বাজারে আরও নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে কোম্পানির বক্তব্য জানার জন্য কোম্পানি সেক্রেটারি শহিদুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি বলে জানানো হয়েছে।

বিনিয়োগকারীদের স্বার্থে বিষয়গুলোর বিস্তারিত ব্যাখ্যা এখন সময়ের দাবি।

0 শেয়ার করুন
2 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

স্টক নিউজ বিডি September 15, 2026

নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ, বাড়ছে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা

স্টক নিউজ বিডি | বিশেষ প্রতিবেদন: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। তাকে বাদ দিয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠি দিয়েছে বেক্সিমকো ফার্মা। চিঠিতে কোম্পানিটি জানিয়েছে, সালমান এফ রহমান নিজেই পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে সম্মতি দিয়েছেন।

কোম্পানির পক্ষ থেকে বিএসইসিকে বলা হয়েছে, সালমান এফ রহমানের কারণে যাতে কোম্পানির ব্যবসা, সুনাম ও শেয়ারধারীরা ক্ষতির মুখে না পড়েন, সেই বিবেচনায় তিনি পর্ষদ থেকে পদত্যাগে রাজি হয়েছেন।

নতুন পর্ষদে কারা থাকছেন

সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মার নতুন পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। প্রস্তাবিত পর্ষদে উদ্যোক্তাদের মধ্য থেকে তিনজন পরিচালক, চারজন স্বতন্ত্র পরিচালক, আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে মনোনীত একজন পরিচালক এবং পদাধিকারবলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে রাখার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে বিএসইসির পক্ষ থেকেও কোম্পানিটিকে ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিদেশি বিনিয়োগকারীদেরও সম্মতি

বেক্সিমকো ফার্মা শুধু বাংলাদেশের শেয়ারবাজারেই নয়, লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটেও (AIM) তালিকাভুক্ত। ফলে পরিচালনা পর্ষদ পুনর্গঠনের ক্ষেত্রে বাংলাদেশের পাশাপাশি লন্ডন স্টক এক্সচেঞ্জের সংশ্লিষ্ট নিয়ম ও প্রক্রিয়াও অনুসরণ করতে হবে।

কোম্পানি সূত্রে জানা গেছে, ব্যবসা ও কোম্পানির সামগ্রিক স্বার্থ বিবেচনায় সালমান এফ রহমানকে পরিচালনা পর্ষদ থেকে বাদ দেওয়ার পরিকল্পনায় বিদেশি বিনিয়োগকারীরাও সম্মতি দিয়েছেন।

বিএসইসি সূত্রে জানা যায়, নতুন পর্ষদ গঠনের সময় বিদেশি শেয়ারধারীদের একজন প্রতিনিধিকে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছিল কমিশন। তবে বিদেশি বিনিয়োগকারীরা এতে সম্মত হননি। পরে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়িয়ে নতুন পর্ষদ গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

পর্ষদ পুনর্গঠনে সময় লাগবে কয়েক সপ্তাহ

লন্ডন স্টক এক্সচেঞ্জের নিয়ম অনুযায়ী, কোনো ব্যক্তিকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার আগে তার বিষয়ে যথাযথ যাচাই-বাছাই বা ‘ডিউ ডিলিজেন্স’ সম্পন্ন করতে হয়। এই যাচাই প্রক্রিয়া শেষ করতে চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে বিএসইসিকে দেওয়া বেক্সিমকো ফার্মার চিঠিতে উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ নতুন পরিচালনা পর্ষদ গঠনের ক্ষেত্রে শুধু বিএসইসির অনুমোদনই নয়, আন্তর্জাতিক তালিকাভুক্তির বিধিবিধানও অনুসরণ করতে হবে কোম্পানিটিকে।

সুনাম ও বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর প্রত্যাশা

শেয়ারবাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, বেক্সিমকো ফার্মা দেশের ওষুধ খাতের একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় কোম্পানি। তবে সালমান এফ রহমানের মালিকানা ও প্রভাবকে ঘিরে সাম্প্রতিক সময়ে কোম্পানিটির ব্যবসা, সুনাম এবং বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে।

তাদের মতে, সালমান এফ রহমান পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ালে কোম্পানিটির পরিচালনা কাঠামোয় পরিবর্তন আসবে। এর ফলে ব্যবসা পুনরুদ্ধার, করপোরেট সুশাসন জোরদার এবং কোম্পানিটির ভাবমূর্তি পুনর্গঠনের সুযোগ তৈরি হতে পারে।

একই সঙ্গে নতুন ও তুলনামূলকভাবে স্বাধীন পরিচালনা পর্ষদ গঠিত হলে বেক্সিমকো ফার্মার প্রতি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরতে পারে বলেও মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

কারাগারে সালমান এফ রহমান

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর সালমান এফ রহমান গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এর মধ্যেই বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ থেকে তার সরে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হলো।

সংশ্লিষ্টদের মতে, নতুন পর্ষদ গঠন ও কার্যকর ব্যবস্থাপনা কাঠামো প্রতিষ্ঠার পর কোম্পানিটির মূল ব্যবসায়িক সক্ষমতা, করপোরেট সুশাসন এবং শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা কতটা পুনরুদ্ধার করা যায়, এখন সেটিই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বাজার পরিস্থিতি নিয়ে আগামীকাল জরুরি বৈঠকে ডিএসই-ডিবিএ

স্টক নিউজ বিডি September 7, 2026

টানা দরপতন, অস্বাভাবিক বিক্রয়চাপ ও আস্থার সংকটে পুঁজিবাজার—সমাধানের পথ খুঁজবে দুই পক্ষ

বিশেষ প্রতিবেদন | স্টক নিউজ বিডি: টানা দরপতন, অস্বাভাবিক বিক্রয়চাপ, লেনদেনে স্থবিরতা এবং বিনিয়োগকারীদের মধ্যে বাড়তে থাকা আস্থার সংকটে দেশের পুঁজিবাজার এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। এমন পরিস্থিতিতে বাজারের বর্তমান অস্থিরতা মোকাবিলা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর উপায় খুঁজতে আগামীকাল জরুরি বৈঠকে বসছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

বাজারসংশ্লিষ্টদের কাছে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, সাম্প্রতিক সময়ে বাজারে যে ধরনের বিক্রয়চাপ তৈরি হয়েছে, তা শুধু সূচকের পতনেই সীমাবদ্ধ নেই; এর প্রভাব পড়েছে লেনদেন, বাজারমূলধন এবং বিনিয়োগকারীদের মনস্তত্ত্বেও।

একদিনেই ১০৩ পয়েন্টের ধাক্কা

সোমবারের লেনদেনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৩ পয়েন্ট বা ১.৮৩ শতাংশ কমে ৫ হাজার ৫৫৮ পয়েন্টে নেমে এসেছে। এটি প্রায় আড়াই মাসের মধ্যে সূচকটির সর্বনিম্ন অবস্থান। একই দিনে ৩৪৮টি কোম্পানির শেয়ারদর কমেছে। লেনদেন নেমে এসেছে প্রায় ৫৪৫ কোটি টাকায়। বাজারমূলধনও একদিনে প্রায় ৭ হাজার কোটি টাকা কমেছে।

শুধু এক দিনের চিত্র নয়—গত ১০ কর্মদিবসে ডিএসইর বাজারমূলধন প্রায় ৯ হাজার কোটি টাকা কমেছে, আর ডিএসইএক্স কমেছে প্রায় ১৫৫ পয়েন্ট। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—এই পতন কোথায় গিয়ে থামবে?

কেন এমন অস্থিরতা?

বাজার বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতির পেছনে একাধিক কারণ একসঙ্গে কাজ করছে।

প্রথমত, দীর্ঘদিনের গ্যাস ও বিদ্যুৎ সংকট শিল্প উৎপাদন ও কোম্পানিগুলোর ভবিষ্যৎ আয় নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে। উৎপাদন ব্যাহত হলে কোম্পানির আয় ও মুনাফায় চাপ পড়ার আশঙ্কা তৈরি হয়, আর সেটি সরাসরি শেয়ারমূল্যের ওপর প্রভাব ফেলে।

দ্বিতীয়ত, ব্যবসার ব্যয় বেড়ে যাওয়ায় কোম্পানিগুলোর মুনাফা ও লভ্যাংশ দেওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। একই সঙ্গে দেশীয় ও বিদেশি বিনিয়োগের দুর্বলতাও বাজারে নতুন অর্থপ্রবাহ কমিয়ে দিয়েছে।

বড় বিনিয়োগকারীদের বিক্রয়চাপ—নতুন উদ্বেগ

সাম্প্রতিক সময়ে বিভিন্ন কোম্পানির অস্বাভাবিক লেনদেনের তথ্য চেয়ে ডিএসই থেকে ব্রোকারেজ হাউসগুলোতে চিঠি পাঠানো এবং কিছু প্রতিষ্ঠানের লেনদেন নিয়ে তদন্তের উদ্যোগও বাজারে নতুন ধরনের উদ্বেগ তৈরি করেছে।

বাজারসংশ্লিষ্টদের একটি অংশের অভিযোগ, কোনো কোনো বড় বিনিয়োগকারী বা সংশ্লিষ্ট পক্ষের লেনদেন নিয়ে প্রশ্ন ওঠার পর বিক্রয়চাপ আরও বেড়েছে। ফলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে এবং অনেকে লোকসান হলেও দ্রুত শেয়ার বিক্রি করে বাজার থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন।

তবে তদন্ত বা নজরদারি বাজারের স্বচ্ছতার জন্য প্রয়োজনীয় হলেও, নিয়ন্ত্রক পদক্ষেপের সঙ্গে বাজারে আতঙ্ক তৈরি না করার ভারসাম্যও গুরুত্বপূর্ণ—এমন মতও রয়েছে বাজারসংশ্লিষ্টদের মধ্যে।

৬ হাজার থেকে সাড়ে ৫ হাজার—আস্থার বড় ধাক্কা

মাত্র কয়েক সপ্তাহ আগেও বাজারে নতুন আশার সৃষ্টি হয়েছিল। ১১ আগস্ট ডিএসইএক্স ৫ হাজার ৯০৩ পয়েন্টে উঠেছিল। এরপর থেকেই সূচকটি ধারাবাহিকভাবে নিম্নমুখী হয়েছে। গত এক মাসে ডিএসইএক্স প্রায় ৩৩৬ পয়েন্ট বা ৫.৭ শতাংশ হারিয়েছে।

অর্থাৎ, বাজারের এই পতনকে শুধু একটি স্বাভাবিক মূল্য সংশোধন হিসেবে দেখলে পুরো চিত্রটি ধরা পড়বে না। এখানে বিনিয়োগকারীদের আস্থা, তারল্য, মৌলভিত্তি এবং বাজার ব্যবস্থাপনা—সবগুলো বিষয়ই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জরুরি বৈঠকে কী নিয়ে আলোচনা হতে পারে?

আগামীকালের ডিএসই-ডিবিএ বৈঠকে বাজারের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণের পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসতে পারে—

1. অস্বাভাবিক বিক্রয়চাপের কারণ চিহ্নিত করা

2. বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ

3. বাজারে তারল্য ও নতুন বিনিয়োগ বাড়ানোর উপায়

4. গুজব ও আতঙ্কনির্ভর লেনদেন নিয়ন্ত্রণ

5. ব্রোকারেজ হাউস ও বড় বিনিয়োগকারীদের লেনদেন পর্যবেক্ষণে স্বচ্ছতা নিশ্চিত করা

6. ভালো মৌলভিত্তির কোম্পানিতে বিনিয়োগ উৎসাহিত করার উদ্যোগ

7. বাজারে দীর্ঘমেয়াদি সংস্কার ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে ডিএসই, ডিবিএ ও বিএসইসির সমন্বিত পদক্ষেপ।

এর আগে ১ সেপ্টেম্বর ডিবিএ আয়োজিত পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে এক আলোচনায় বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানও বাজারে ভালো কোম্পানি আনার প্রয়োজনীয়তা এবং ‘পাবলিক ইন্টারেস্ট কোম্পানি’ তালিকাভুক্তির বিষয়ে উদ্যোগের কথা জানিয়েছেন।

শুধু সূচক বাড়ালেই কি আস্থা ফিরবে?

বাজারের সবচেয়ে বড় প্রশ্ন এখন এটিই।

সূচক কয়েক দিন বাড়লেই যদি আবার বড় পতন শুরু হয়, তাহলে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরবে না। প্রয়োজন এমন একটি বাজারব্যবস্থা যেখানে বিনিয়োগকারী কোম্পানির মৌলভিত্তি, আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের কার্যক্রম এবং ভবিষ্যৎ ব্যবসা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারবেন।

অন্যদিকে, ভালো কোম্পানির তালিকাভুক্তি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি, বাজারে তারল্য নিশ্চিত করা এবং কারসাজি বা অনিয়মের বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা—এসবও এখন সময়ের দাবি।

ডিএসই-ডিবিএ বৈঠক: প্রত্যাশা অনেক

আগামীকালের বৈঠক তাই নিছক একটি নিয়মিত সভা নয়। এটি এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন বিনিয়োগকারীদের একটি বড় অংশ বাজারের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।

বাজারসংশ্লিষ্টদের প্রত্যাশা—বৈঠক থেকে শুধু পরিস্থিতি পর্যালোচনা নয়, বরং তাৎক্ষণিক, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি করণীয় সম্পর্কে সুস্পষ্ট রূপরেখা বেরিয়ে আসবে।

কারণ এখন বাজারের প্রয়োজন শুধু সূচকের উত্থান নয়

প্রয়োজন আস্থা।
প্রয়োজন স্বচ্ছতা।
প্রয়োজন তারল্য।
প্রয়োজন জবাবদিহি।
আর সবচেয়ে বেশি প্রয়োজন বিনিয়োগকারীর নিরাপত্তা।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

যমুনা ব্যাংকের মূলধন, সম্পদ ও আমানতে শক্তিশালী প্রবৃদ্ধি; সম্পদ ছাড়িয়েছে ৪ হাজার ২৮৬ কোটি টাকা

স্টক নিউজ বিডি July 22, 2026

বিশেষ প্রতিবেদন: দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান যমুনা ব্যাংক পিএলসি ২০২৫ সালে মূলধন, সম্পদ, আমানত, বিনিয়োগ এবং শেয়ারহোল্ডারদের ইকুইটিসহ প্রায় সব গুরুত্বপূর্ণ আর্থিক সূচকে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, ব্যাংকটি ধারাবাহিক প্রবৃদ্ধির মাধ্যমে আর্থিক ভিত্তিকে আরও শক্তিশালী করেছে এবং ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য দৃঢ় অবস্থান তৈরি করেছে।

মোট সম্পদে ৬২১ কোটি টাকার প্রবৃদ্ধি

২০২৫ সালের শেষে ব্যাংকটির মোট সম্পদ (Total Assets) দাঁড়িয়েছে ৪২,৮৬৯.৮৩ কোটি টাকা, যা আগের বছরের ৩৬,৬৪৮,৭৭ কোটি টাকা থেকে প্রায় ৬,২২১ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। সম্পদের এই প্রবৃদ্ধি ব্যাংকটির পরিচালন সক্ষমতা, আয় সৃষ্টির ভিত্তি এবং ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে।

ব্যাংকটির পরিশোধিত মূলধন ও শেয়ারহোল্ডারদের ইক্যুইটি বৃদ্ধি পাওয়ায় মূলধন ভিত্তি আগের বছরের তুলনায় আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে মূলধন পর্যাপ্ততার অবস্থানও নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত সীমার মধ্যে রয়েছে, যা ব্যাংকের ঝুঁকি মোকাবেলার সক্ষমতা বাড়িয়েছে।

বিনিয়োগে শক্তিশালী সম্প্রসারণ

২০২৫ সালে ব্যাংকটির মোট বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ২০২২৮.৯৫ কোটি টাকা। এর মধ্যে সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ ১৯,৪০২.১৮ কোটি টাকা এবং অন্যান্য খাতে বিনিয়োগ ৮২৬.৭৬ কোটি টাকা। নিরাপদ ও পরিকল্পিত বিনিয়োগ কৌশল ব্যাংকটির আর্থিক স্থিতিশীলতাকে আরও সুসংহত করেছে।

ব্যাংকের মোট সম্পদের পরিমাণও ধারাবাহিকভাবে বেড়েছে। এর ফলে পরিচালন সক্ষমতা, আয় সৃষ্টির ভিত্তি এবং ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের সুযোগ আরও সুদৃঢ় হয়েছে। একই সঙ্গে পরিচালন আয় ও মুনাফার ধারা ব্যাংকটির আর্থিক স্থিতিশীলতাকে সমর্থন করছে।

এছাড়া ডিজিটাল ব্যাংকিং, গ্রাহকসেবা সম্প্রসারণ, নতুন পণ্য চালু এবং উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে যমুনা ব্যাংক ব্যবসায়িক বৈচিত্র্য বাড়ানোর উদ্যোগও অব্যাহত রেখেছে।

আমানতে গ্রাহকদের আস্থা আরও বেড়েছে

ব্যাংকটির মোট আমানত ও অন্যান্য হিসাব ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩৬,০৩১.৫৪ কোটি টাকা, যা ২০২৪ সালের ৩১,০৪০,৬১ কোটি টাকা থেকে প্রায় ৪,৯৯০,৯২ কোটি টাকা বেশি। এই প্রবৃদ্ধি ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা এবং তহবিল সংগ্রহের সক্ষমতা বৃদ্ধির স্পষ্ট প্রতিফলন।

যমুনা ব্যাংক পিএলসি মূলধন, সম্পদ, আমানত ও ঋণ—সব গুরুত্বপূর্ণ আর্থিক সূচকে ইতিবাচক অগ্রগতি ধরে রাখতে সক্ষম হয়েছে। এসব সূচক ইঙ্গিত দেয় যে, ব্যাংকটির আর্থিক ভিত্তি আগের বছরের তুলনায় আরও শক্তিশালী হয়েছে এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য একটি দৃঢ় অবস্থান তৈরি করেছে।

শেয়ারহোল্ডারদের ইকুইটিতে উল্লেখযোগ্য অগ্রগতি

২০২৫ সালের শেষে শেয়ারহোল্ডারদের মোট ইকুইটি বেড়ে দাঁড়িয়েছে ২,৫৭৬.৪৩ কোটি টাকা, যা আগের বছরের ২,১৭০.৯৫ কোটি টাকা থেকে প্রায় ৪০৫.৪৭ কোটি টাকা বেশি। পাশাপাশি রিটেইনড আর্নিংস বেড়ে হয়েছে ৪৪৬.৯১ কোটি টাকা, যা ভবিষ্যৎ মূলধন শক্তিশালী করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রতি শেয়ারের সম্পদমূল্য বেড়েছে

ব্যাংকটির প্রতি শেয়ারের নেট অ্যাসেট ভ্যালু (NAV) ২০২৪ সালের ২৪.৬১ টাকা থেকে বেড়ে ২৭.৪৩ টাকায় উন্নীত হয়েছে। এটি শেয়ারহোল্ডারদের সম্পদমূল্য বৃদ্ধির ইতিবাচক ইঙ্গিত বহন করে।

নগদ অর্থ ও কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষণও বেড়েছে

২০২৫ সালের শেষে ব্যাংকটির হাতে নগদ অর্থ ছিল ১,৯৯৪.২৫ কোটি টাকা। এছাড়া বাংলাদেশ ব্যাংক ও এজেন্ট ব্যাংকে সংরক্ষিত অর্থ দাঁড়িয়েছে ১,৫৭০.১৭ কোটি টাকা। পর্যাপ্ত তারল্য সংরক্ষণ ব্যাংকটির আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার সক্ষমতাকে আরও জোরদার করেছে।

মূলধন ভিত্তি আরও শক্তিশালী

পরিশোধিত মূলধন, শেয়ারহোল্ডারদের ইকুইটি এবং মূলধন পর্যাপ্ততার অবস্থান ২০২৫ সালে আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে ঋণ ও অগ্রিম বিতরণে প্রবৃদ্ধি এবং পরিচালন আয়ের ধারাবাহিকতা ব্যাংকটির ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচক গতি বজায় থাকার ইঙ্গিত দেয়।

ডিজিটাল ব্যাংকিং, নতুন পণ্য ও সেবা চালু, গ্রাহকসেবা সম্প্রসারণ এবং উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে ব্যাংকটি ব্যবসায়িক বৈচিত্র্য বাড়ানোর উদ্যোগও অব্যাহত রেখেছে।

সার্বিক মূল্যায়ন

সামগ্রিকভাবে ২০২৫ সালে ব্যাংক পিএলসি মূলধন, সম্পদ, আমানত, বিনিয়োগ ও শেয়ারহোল্ডারদের ইকুইটিসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ আর্থিক সূচকে ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের এই চিত্র ইঙ্গিত দেয়, ব্যাংকটির আর্থিক ভিত্তি আগের বছরের তুলনায় আরও সুদৃঢ় হয়েছে এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য একটি শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ঋণের ভারে প্রবৃদ্ধি, কমছে শেয়ারহোল্ডারদের সম্পদ: ক্রাউন সিমেন্টে বাড়ছে প্রশ্ন

স্টক নিউজ বিডি June 10, 2026

শামীম রেজা | স্টক নিউজ বিডি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের অন্যতম প্রতিষ্ঠান ক্রাউন সিমেন্ট পিএলসি-এর ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে একাধিক উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। সম্পদ বৃদ্ধি পেলেও শেয়ারহোল্ডারদের সম্পদ কমেছে, ঋণের বোঝা বেড়েছে, রিটেইন্ড আর্নিংস কমেছে এবং দায়ের চাপ আরও ভারী হয়েছে। ফলে কোম্পানির আর্থিক অবস্থান ও ভবিষ্যৎ সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে বিনিয়োগকারী মহলে।

সম্পদ বাড়লেও কমেছে মালিকপক্ষের অংশ

প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির মোট সম্পদ (Total Assets) ২ হাজার ৭৩১ কোটি টাকা থেকে বেড়ে ২ হাজার ৭৮১ কোটি টাকায় পৌঁছেছে। তবে একই সময়ে মোট ইকুইটি (Total Equity) কমে ৯ শত ৩০ কোটি টাকা থেকে ৯ শত ১১ কোটি টাকায় নেমে এসেছে।

অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেলেও তার সুফল শেয়ারহোল্ডারদের কাছে পৌঁছাচ্ছে না। বরং সম্পদ বৃদ্ধির পেছনে ঋণনির্ভরতা ক্রমেই বাড়ছে বলে প্রতীয়মান হচ্ছে।

রিটেইন্ড আর্নিংসে বড় পতন

কোম্পানির রিটেইন্ড আর্নিংস ছয় মাসের ব্যবধানে ৩৬৮ কোটি টাকা থেকে কমে ৩৪৯ কোটি টাকায় নেমে এসেছে। অর্থাৎ মাত্র অর্ধবছরে ১৯ কোটি টাকা হ্রাস পেয়েছে।

সাধারণত রিটেইন্ড আর্নিংস কমে যাওয়া মুনাফার ওপর চাপ, ব্যয় বৃদ্ধি অথবা আর্থিক ব্যবস্থাপনায় দুর্বলতার ইঙ্গিত বহন করে। লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত একটি কোম্পানির ক্ষেত্রে এমন পতন বিনিয়োগকারীদের জন্য স্বস্তিদায়ক নয়।

ঋণের বোঝা আরও ভারী

আর্থিক প্রতিবেদনে দেখা যায়, কোম্পানির মোট দায় (Total Liabilities) বেড়ে ১৮৬৯ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা ছয় মাস আগে ছিল ১৮,০০ কোটি টাকা।

একই সঙ্গে দীর্ঘমেয়াদি ঋণও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

বিশ্লেষকদের মতে, উচ্চ সুদের বর্তমান পরিবেশে এই ঋণনির্ভরতা ভবিষ্যতে সুদ ব্যয় বৃদ্ধি এবং নগদ প্রবাহের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।

পাওনাদারদের দায় অস্বাভাবিকভাবে বেড়েছে।

FDR কমেছে নাটকীয়ভাবে

সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো স্বল্পমেয়াদি FDR বিনিয়োগের বড় ধরনের হ্রাস। প্রতিবেদনে দেখা যায়, FDR বিনিয়োগ প্রায় ৩৯ কোটি টাকা থেকে মাত্র ২ কোটি টাকায় নেমে এসেছে।

এত বড় অঙ্কের আমানত কোন খাতে ব্যবহার করা হয়েছে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কৌতূহল ও প্রশ্ন তৈরি হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া জরুরি বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

NAV কমছে, শেয়ারহোল্ডার ভ্যালু ক্ষয়

কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) ৬২.৬৬ টাকা থেকে কমে ৬১.৩৬ টাকায় দাঁড়িয়েছে।

অর্থাৎ প্রতি শেয়ারে ১.৩০ টাকা সম্পদ কমেছে। NAV-এর এই নিম্নমুখী প্রবণতা দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা বহন করে না।

নগদ অর্থ বেড়েছে, তবুও প্রশ্ন রয়ে গেছে

কোম্পানির নগদ ও নগদ সমমানের অর্থ ৩৩ কোটি টাকা থেকে বেড়ে ৪০ কোটি টাকায় উন্নীত হয়েছে।

তবে একই সময়ে রিটেইন্ড আর্নিংস ও NAV কমেছে এবং দায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে নগদ অর্থ বৃদ্ধি পেলেও সামগ্রিক আর্থিক অবস্থার উন্নতি হয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ সীমিত।

উচ্চ ইনভেন্টরি কি ঝুঁকির কারণ?

সিমেন্ট শিল্পে চাহিদার চাপ এবং প্রতিযোগিতামূলক বাজার পরিস্থিতির মধ্যেও কোম্পানির ইনভেন্টরি প্রায় ৩৮৪ কোটি টাকায় অবস্থান করছে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় ধরে উচ্চ ইনভেন্টরি ধরে রাখা বিক্রয় ঝুঁকি, মূল্যহ্রাস এবং নগদ প্রবাহ সংকটের কারণ হতে পারে।

বিনিয়োগ বাড়ছে, কিন্তু ফল মিলবে কবে?

কোম্পানির Capital Work in Progress (CWIP) ২৪ কোটি টাকা থেকে বেড়ে ৬২ কোটি টাকায় পৌঁছেছে।

যদিও এটি ভবিষ্যৎ সম্প্রসারণের ইঙ্গিত দেয়, তবে এসব প্রকল্প কবে উৎপাদনে যাবে এবং কত দ্রুত রাজস্ব সৃষ্টি করবে—সে বিষয়ে স্পষ্ট তথ্য না থাকায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা রয়ে গেছে।

স্টক নিউজ বিডির পর্যবেক্ষণ

ক্রাউন সিমেন্টের সর্বশেষ আর্থিক অবস্থার বিশ্লেষণে কয়েকটি বিষয় বিশেষভাবে উদ্বেগের কারণ হয়ে উঠেছে

রিটেইন্ড আর্নিংস কমেছে
NAV কমেছে
মোট দায় ও ঋণ বেড়েছে
Trade Payables অস্বাভাবিকভাবে বেড়েছে
FDR উল্লেখযোগ্যভাবে কমেছে
সম্পদ বৃদ্ধির বড় অংশ ঋণনির্ভর
CWIP বৃদ্ধি পেলেও ভবিষ্যৎ রিটার্ন অনিশ্চিত

ক্রাউন সিমেন্টের সর্বশেষ আর্থিক চিত্র এমন এক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে, যেখানে প্রবৃদ্ধির আড়ালে ঋণের চাপ, কমতে থাকা শেয়ারহোল্ডার ভ্যালু এবং দুর্বল আয়ের সঞ্চয়ের বিষয়গুলো ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। কোম্পানি যদি দ্রুত ঋণ নিয়ন্ত্রণ, নগদ প্রবাহ শক্তিশালীকরণ এবং নতুন বিনিয়োগ থেকে প্রত্যাশিত আয় নিশ্চিত করতে না পারে, তাহলে ভবিষ্যতে আর্থিক চাপ আরও বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

এখন বিনিয়োগকারীদের মূল প্রশ্ন—ঋণ, দায় ও কমতে থাকা শেয়ারহোল্ডার সম্পদের এই প্রবণতার মধ্যে ক্রাউন সিমেন্ট কীভাবে দীর্ঘমেয়াদে আস্থা ধরে রাখবে?

“প্রতিবেদন প্রকাশের পূর্বে কোম্পানির আর্থিক অবস্থান ও উত্থাপিত প্রশ্নগুলোর বিষয়ে মন্তব্য নেওয়ার জন্য স্টক নিউজ বিডির পক্ষ থেকে কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (CFO)- আহসান উল্লাহ এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে প্রতিবেদন প্রস্তুত ও প্রকাশের সময় পর্যন্ত কোম্পানির পক্ষের অন্য কোনো দায়িত্বশীল প্রতিনিধির কোনো সাড়া পাওয়া যায়নি এবং স্টক নিউজ বিডির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি। “ফলে উত্থাপিত প্রশ্নগুলোর বিষয়ে কোম্পানির বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।”

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সংকটেও গ্রাহক আস্থায় অবিচল ও আদম্য আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

স্টক নিউজ বিডি May 14, 2026

স্টক নিউজ বিডি: নতুন বছরের শুরুতে ঝুঁকি কাটিয়ে গ্রাহকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। সংকটের মধ্যেও ব্যাংকটিকে কখনো বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা নিতে হয়নি। এখন পর্যন্ত কোনো গ্রাহকের চেক ডিজঅনার হয়নি। বরং প্রতিনিয়ত উল্লখযোগ্য হারে বাড়ছে গ্রাহক সংখ্যা। অব্যাহত রয়েছে মুনাফা অর্জনের ধারা। কটিন সংকটের মধ্যেও ব্যাংকের ডিপোজিট, বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্য স্থিতিশীল অবস্থায় রয়েছে। সুশাসন প্রতিষ্ঠা ও দীর্ঘমেয়াদী স্থায়িত্বের লক্ষ্যে গ্রহণ করা কিছু রাষ্ট্রীয় পদক্ষেপের ফলে কতিপয় সূচক থমকে দাড়ালেও বর্তমানে সুফল আসতে শুরু করেছে। গত এক বছরে ঢেলে সাজানো হয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সার্বিক কার্যক্রম। সিস্টেম আপগ্রেডেশনের মাধ্যমে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং আরো নিরাপদ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করা হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এজেন্ট ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং এবং গ্রামীণ ক্ষুদ্র বিনিয়োগের ক্ষেত্রেও। ফলে দেশের অন্যতম প্রধান ইসলামী ব্যাংকটি ঘুড়ে দাড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

বিদায়ী অন্তর্বর্তী সরকারের শুরুতে দেশের ব্যাংকিং সেক্টরে সুশাসন প্রতিষ্ঠা এবং গ্রাহকের আমানত সুরক্ষার লক্ষ্যে ১২টি ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে বাংলাদেশ ব্যাংক। নিবিঢ় পর্যবেক্ষণ ও যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নিযুক্ত করা হয় স্বতন্ত্র পরিচালনা পর্ষদ। এর মধ্যে আছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে উঠে আসে কিছু নেতিবাচক চিত্র। সরকারের তদারক সংস্থার পক্ষ থেকে সুশাসন প্রতিষ্ঠায় কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। যার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের ৬ শতাধিক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এসব পরিস্থিতি ঘিরে ২০২৫ সাল জুড়েই নানান অস্থিরতায় ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। তবে বাংলাদেশ ব্যাংকসহ একাধিক সংস্থার অডিটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক থেকে বড় ধরনের অর্থিক লুটপাটের প্রমাণ মেলেনি। ফলে ব্যাংকটি দ্রুততম সময়ের মধ্যে ঘুরে দাড়াতে সক্ষম হয়।

গত বছর শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকে দেখা গেছে, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আমানত ২০২৫ সালের ডিসেম্বরে দাড়ায় ৫৪ হাজার ৫৯৩ কোটি টাকা। এর অগের বছর ২০২৪ সালের ডিসেম্বরে আমানত ছিল ৫১ হাজার ৬০৯ কোটি টাকা। সংকটময় পরিস্থিতি বিবেচনায় গত বছর আমানত কমে যাওয়ার ঝুঁকি তৈরি হলেও কার্যত প্রায় ৩ হাজার কোটি টাকার আমানত বেড়েছে। একইভাবে গ্রাহক বা ব্যাংক হিসাব সংখ্যাও বেড়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে আমানত একাউন্টের সংখ্যা দাড়ায় ৩৮ লাখ ৬৬ হাজার ৪৪৭টি। এর আগের বছর ২০২৪ সালের ডিসেম্বরে আমানত হিসাব সংখ্যা ছিল ৩৬ লাখ ৩৭ হাজার ২৪০টি। এক বছরের ব্যাবধানে একাউন্টের সংখা বেড়েছে ২ লাখ ২৯ হাজারের বেশি।
২০২৫ সাল শেষে ব্যাংকের বিনিয়োগের পরিমান ৫০ হাজার ৪৫৬ কোটি টাকা, যেখানে ২০২৪ সালের ডিসেম্বরে ছিল ৪৮ হাজার ৮৮৯ কোটি টাকা।

ব্যাংকটির সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৬ সালের প্রথম ৪ মাসে পরিচালন মুনাফা হয়েছে ৮৫ কোটি টাকা। একই সময়ে ১ লাখ ৮০ হাজার একাউন্ট বৃদ্ধি পেয়েছে। গত এপ্রিল মাস শেষে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আমানত হিসাব সংখ্যা দাড়িয়েছে ৪০ লাখ ৪৫ হাজার। এ সময়ে বৈদেশিক বাণিজ্য হয়েছে প্রায় ২৩ হাজার কোটি টাকার। বর্তমানে ব্যাংকের ডিপোজিট ও বিনিয়োগ স্থিতিশীল অবস্থায় রয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আল-আরাফাহ ইসলামী ব্যাংক কখনোই তারল্য সংকটে পড়েনি। ফলে অন্যান্য বিপর্যস্ত ব্যাংকগুলোর মতো বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা নেওয়ার প্রয়োজন হয়নি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের। ক্ষতিগ্রস্থ অনেক ব্যাংক তাদের গ্রাহকদের গচ্ছিত অর্থ ফেরত দিতে পারছে না। সেসব ব্যাংকে ৫/১০ হাজার টাকার চেকও অহরহ ডিজঅনার হয়েছে। এক্ষেত্রে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কোন চেক ডিজঅনার হওয়ার ঘটনা ঘটেনি। গ্রাহকের যেকোন পরিমান টাকার চেক সবসময়ে দিতে সক্ষম হয়েছে ব্যাংকটি। সংকটময় পরিস্থিতিতেও এমন কোনো প্রেক্ষাপট তৈরী হয়নি যে, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কোন গ্রাহক কোন শাখা থেকে তার কাঙ্খিত সেবা না পেয়ে ফিরে গেছেন। ফলে সরাসরি ভোক্তা পর্যায়ে এই ব্যাংকটিকে নিয়ে অস্থার সংকট তৈরী হয়নি। কঠিন সময়ে ব্যাংকের ব্যবস্থাপনা কতৃপক্ষের এ দক্ষতার বিষয়টি ইতিমধ্যে সংশ্লিষ্ট মহলে প্রশংসিত হয়েছে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে, গত দেড় বছরে বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে সুশাসন প্রতিষ্ঠা ও দীর্ঘমেয়াদী স্থায়িত্বের পথ সুগম হয়েছে। এতে শুরুতে কিছুটা ধকলের মুখোমুখি হলেও এখন সুফল আসতে শুরু করেছে। চলতি বছরের শুরুতেই ব্যাংকের সিস্টেম আপগ্রেডেশন করা হয়েছে। আধুনিক এ কোর ব্যাংকিং সিস্টেম ‘আবাবিল এনজি’ চালুর ফলে লেনদেন এখন আরো নিরাপদ, দ্রুত, নিরবিচ্ছিন ও স্থিতিশীল হয়েছে। এতে ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং, এটিএম, বিএফটিএন, আরটিজিএস ও এনপিএসবি সেবার কার্যকরিতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। ফলে ব্যাংকটি ভবিষ্যতমুখী ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে আধুনিক ও স্মার্ট যুগে প্রবেশ করেছে।

এছাড়া সারা বাংলাদেশের ৩০৬ টি উপজেলায় ছড়িয়ে থাকা ৭৩৮ টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়নে অগ্রনী ভুমিকা রাখছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। গত ১৬ মাসে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে একাউন্ট সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১ লাখ ৪৭ হাজার। মোট আমানতের পরিমান ৪ হাজার ৭০ কোটি টাকা। এরমধ্যে শতকরা ৮৮ ভাগ আউটলেট গ্রামীন এলাকায় অবস্থিত। যার গ্রাহক ৪৯ ভাগ নারী।

এদিকে গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির উন্নয়নের লক্ষ্যে আল-আরাফাহ্ রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এআরডিপি) আওতায় ২ হাজার ৭৮০টি গ্রামে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে এ কর্মসূচীর সদস্য সংখ্যা ৮৬ হাজারের বেশি। এরমধ্যে ৭২ শতাংশ নারী। এর আওতায় গত ১৬ মাসে প্রায় ৩০ হাজার হিসাব সংখ্যা বৃদ্ধি পেয়ে এখন মোট হিসাব সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৯০০ টিতে দাড়িয়েছে। এই সময়ে আমানত বেড়েছে প্রায় ২০০ কোটি টাকা। বর্তমানে এই প্রকল্পের আমানত ৭৫০ কোটি টাকা এবং বিনিয়োগ ৫৪১ কোটি টাকা।

একই সময়ে দেশের অন্যতম সমন্বিত শরিয়াহসম্মত ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম গড়ে তুলেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। এরমাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং, ইসলামিক ওয়ালেট, বাংলা কিউআর, এজেন্ট ব্যাংকিং এবং এআরডিপি’কে একটি সুসংগঠিত নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। এতে সঞ্চয়, দান, শিক্ষা ও বিনিয়োগ ক্যাশলেস করা সম্ভব হচ্ছে। এটিও একটি যুগান্তকারী পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে। বর্তমানে সারা দেশে ২২৬টি শাখা, ৮৯টি উপশাখা ও ৭৩৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে আধুনিক গ্রাহকসেবা প্রদান করছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক।

ব্যাংকের সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লাহ খান বলেন, আস্থা হারানো সহজ, কিন্তু ফিরে পাওয়া কঠিন। সেই কঠিন পথটাই ধীরে ধীরে অতিক্রম করছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। নানা চ্যালেঞ্জ, অস্থিরতা ও গুজবের মধ্যেও ব্যাংকটি গ্রাহকের আস্থা ধরে রাখতে পেরেছে—এটাই সবচেয়ে বড় ইতিবাচক দিক।
সংকটের সময়েও বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা নিতে হয়নি, কোনো গ্রাহকের চেক ডিজঅনার হয়নি, বরং আমানত, বিনিয়োগ ও গ্রাহক সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। এটি প্রমাণ করে যে সুশাসন, জবাবদিহিতা ও প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থাপনা একটি প্রতিষ্ঠানকে আবারও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে পারে।

ডিজিটাল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং এবং গ্রামীণ উন্নয়ন কার্যক্রমে অগ্রগতি দেশের সাধারণ মানুষের কাছে ব্যাংকিং সেবা আরও সহজ ও নির্ভরযোগ্য করেছে। বিশেষ করে গ্রামীণ নারী উদ্যোক্তা ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি ভবিষ্যতের অর্থনৈতিক উন্নয়নের জন্য আশাব্যঞ্জক।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—সংকটকে লুকিয়ে না রেখে সংস্কারের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা। প্রতিটি প্রতিষ্ঠানেরই চ্যালেঞ্জ আসে, কিন্তু সঠিক নেতৃত্ব, স্বচ্ছতা ও গ্রাহককেন্দ্রিক উদ্যোগ থাকলে ঘুরে দাঁড়ানো সম্ভব—আল-আরাফাহ ইসলামী ব্যাংক তার একটি উদাহরণ হয়ে উঠছে।

ইতিবাচক পরিবর্তনের এই ধারা অব্যাহত থাকুক, গ্রাহকের আস্থা আরও দৃঢ় হোক—এমনটাই প্রত্যাশা করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লাহ খান।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

শেয়ারবাজারে অনিয়মে কড়াকড়ি: ৪ প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের ১ কোটি ৯ লাখ টাকা জরিমানা

স্টক নিউজ বিডি May 3, 2026

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে সিকিউরিটিজ আইন লঙ্ঘন, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা এবং শেয়ার লেনদেনে নানা অনিয়মের অভিযোগে চার প্রতিষ্ঠান ও তাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মোট ১ কোটি ৯ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জরিমানার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো—এনবিএল সিকিউরিটিজ লিমিটেড, গিবসন সিকিউরিটিজ লিমিটেড, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড এবং তালিকাভুক্ত কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। শুনানি শেষে তাদের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় গত এপ্রিল মাসে এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

এনবিএল সিকিউরিটিজে অনিয়ম, ১৮ লাখ টাকা জরিমানা

বিএসইসির অনুসন্ধানে দেখা গেছে, এনবিএল সিকিউরিটিজ গ্রাহকদের ক্রয়-বিক্রয় আদেশ সংরক্ষণে ব্যর্থ হয়েছে এবং গ্রাহকের অনুমতি ছাড়াই লেনদেন সম্পন্ন করেছে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগ নিষ্পত্তি না করা ও পেশাগত অসদাচরণের প্রমাণও পাওয়া গেছে। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সাবেক ব্যবস্থাপনা পরিচালক জোবায়েদ আল-মামুন হাসানকে ৫ লাখ এবং সাবেক অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স কর্মকর্তা ফারজানা ফেরদৌসীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ইউসিবি স্টক ব্রোকারেজে প্রতারণা, সর্বোচ্চ ৬৬ লাখ টাকা জরিমানা

অন্যদিকে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের বিরুদ্ধে গ্রাহক মো. আইয়ুব আলীর সঙ্গে গুরুতর প্রতারণার প্রমাণ পেয়েছে কমিশন। তদন্তে জানা যায়, প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে গ্রাহকের ই-মেইলে ভুয়া পোর্টফোলিও স্টেটমেন্ট পাঠাত এবং প্রকৃত তথ্য গোপন রাখত। ২০২২ সালের ২৪ আগস্ট পর্যন্ত সঠিক তথ্য পাঠানো হলেও, পরবর্তীতে ২০২৪ সালের ১৮ জুলাই পর্যন্ত একই ই-মেইলে জাল স্টেটমেন্ট পাঠানো হয়।

এছাড়া গ্রাহকের মোবাইল নম্বর ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করে ভুল নম্বর যুক্ত করা হয়, যাতে তিনি সিডিবিএল থেকে লেনদেন সংক্রান্ত কোনো নোটিফিকেশন না পান। তদন্তে আরও উঠে আসে, কোম্পানির এক কর্মীর ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে এসব ভুয়া স্টেটমেন্ট পাঠানো হয়েছে।

এসব অনিয়মের কারণে ইউসিবি স্টক ব্রোকারেজকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রহমত পাশা এবং কর্মকর্তা মো. শহিদুজ্জামানকে ১৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া কমপ্লায়েন্স অফিসার মো. রফিকুল ইসলাম ও কর্মকর্তা আবদুল আহাদ শেখকে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ে করপোরেট গভর্ন্যান্স লঙ্ঘন, ২৪ লাখ টাকা জরিমানা

এদিকে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডে একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পেয়েছে বিএসইসি। তদন্তে দেখা যায়, কোম্পানিটি টানা তিন বছর লোকসানে থেকেও কোনো নগদ লভ্যাংশ ঘোষণা করেনি এবং এর সংরক্ষিত লোকসান পরিশোধিত মূলধনের চেয়েও বেশি হয়ে গেছে। ফলে প্রতিষ্ঠানটি বিএসইসির ‘এক্সিট প্ল্যান’-এর আওতায় পড়ে।

এছাড়া কোম্পানিটি তিন বছরের বেশি সময় ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ তালিকাভুক্তি ফি পরিশোধ করেনি এবং দীর্ঘ সময় ধরে আর্থিক ও অন্যান্য বাধ্যতামূলক প্রতিবেদন দাখিল বন্ধ রেখেছে। উৎপাদন কার্যক্রম বন্ধ থাকলেও তা মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে প্রকাশ না করাও গুরুতর লঙ্ঘন হিসেবে চিহ্নিত হয়েছে।

এসব অনিয়মের কারণে কোম্পানির চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন, পরিচালক মো. আমজাদ হোসেন ও খান হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক সুফিয়া খাতুন, সিএফও মো. এজাজ উদ্দিন এবং কোম্পানি সচিব মিলন খানকে ৪ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

গিবসন সিকিউরিটিজের এমডিকে জরিমানা


অন্যদিকে পৃথক ঘটনায় গিবসন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফাকে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রপ্তানির প্রাণখাত সংকটে: গ্যাসটিক থেকে আলসার, এখন ‘ক্যানসার’—বাঁচাতে জরুরি রাষ্ট্রীয় হস্তক্ষেপ

স্টক নিউজ বিডি April 28, 2026

স্টক নিউজ বিডি: বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে পরিচিত রপ্তানিমুখী শিল্পখাত—বিশেষ করে তৈরি পোশাক শিল্প—বর্তমানে বহুমাত্রিক সংকটে জর্জরিত। একসময়ের শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকা এই খাত এখন যেন ধীরে ধীরে ভেঙে পড়ার আশঙ্কায়। সংশ্লিষ্টরা বলছেন, অব্যবস্থাপনা, উচ্চ ব্যাংক সুদহার, ডলারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কাঁচামালের দাম বৃদ্ধি, শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি, বৈশ্বিক অর্থনৈতিক চাপ, শুল্ক জটিলতা, বন্দর ও কাস্টমসের ধীরগতি—সব মিলিয়ে পরিস্থিতি ‘গ্যাসটিক’ থেকে ‘আলসার’ পেরিয়ে এখন ‘ক্যানসার’-এর পর্যায়ে পৌঁছেছে।

ব্যাংক সুদ ও ডলার সংকটে উদ্যোক্তাদের দম বন্ধ

বর্তমানে ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধি পাওয়ায় উদ্যোক্তারা নতুন বিনিয়োগে নিরুৎসাহিত হচ্ছেন। অন্যদিকে, ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানিনির্ভর কাঁচামাল সংগ্রহে ব্যয় কয়েকগুণ বেড়েছে। এতে উৎপাদন খরচ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে।

জ্বালানি সংকট: উৎপাদন ব্যাহত, অর্ডার ঝুঁকিতে

গ্যাস ও বিদ্যুতের ঘাটতি এখন শিল্পের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ না থাকায় কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। ফলে নির্ধারিত সময়ে অর্ডার ডেলিভারি দিতে ব্যর্থ হচ্ছে অনেক প্রতিষ্ঠান, যা আন্তর্জাতিক ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে।

শ্রমিক অসন্তোষ ও উৎপাদন ব্যয় বৃদ্ধি

জীবনযাত্রার ব্যয় বাড়ার সঙ্গে তাল মিলিয়ে শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি জোরালো হচ্ছে। ফলে শ্রমিক অসন্তোষ তৈরি হচ্ছে, যা উৎপাদন ব্যবস্থাকে অস্থিতিশীল করছে। একইসাথে পরিবহন, বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য খরচ বাড়ায় সামগ্রিক উৎপাদন ব্যয় বাড়ছে।

বন্দর ও কাস্টমস জটিলতা: সময় ও খরচের চাপ

চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে বিলম্ব, কাস্টমসের জটিল প্রক্রিয়া—এসব কারণে সময়মতো শিপমেন্ট করা কঠিন হয়ে পড়ছে। এতে একদিকে যেমন অতিরিক্ত খরচ বাড়ছে, অন্যদিকে ক্রেতাদের আস্থা কমছে।

নতুন বাজারে প্রবেশে ব্যর্থতা

রপ্তানির বাজার এখনও কয়েকটি দেশকেন্দ্রিক। ইউরোপ ও আমেরিকার বাইরে নতুন বাজার তৈরি করতে না পারায় বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব সরাসরি পড়ছে এই খাতে।

বিশ্ব অর্থনীতির ধাক্কা

বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, যুদ্ধ পরিস্থিতি এবং ক্রেতা দেশগুলোর চাহিদা কমে যাওয়ায় অর্ডার কমছে। ফলে কারখানাগুলো উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে।

সরকারি উদ্যোগ: পর্যাপ্ত নয়

সরকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেও বাস্তবায়নে ধীরগতি এবং সীমাবদ্ধতা রয়েছে। উদ্যোক্তাদের মতে, এই সংকট মোকাবেলায় আরও শক্তিশালী ও দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

সমাধানের পথ কী?

বিশেষজ্ঞরা বলছেন, এই খাতকে বাঁচাতে এখনই কিছু জরুরি পদক্ষেপ নিতে হবে—

  • ব্যাংক সুদের হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা
  • ডলার বাজার স্থিতিশীল করা
  • জ্বালানি সরবরাহ নিশ্চিত করা
  • বন্দর ও কাস্টমস ব্যবস্থার আধুনিকায়ন
  • নতুন রপ্তানি বাজার অনুসন্ধান
  • শিল্পবান্ধব নীতি ও দ্রুত বাস্তবায়ন

বাংলাদেশের রপ্তানি খাত এখন এক সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে এই খাতের ক্ষতি পুরো অর্থনীতিকে বড় ধরনের ঝুঁকিতে ফেলতে পারে। তাই এখনই প্রয়োজন সমন্বিত উদ্যোগ, বাস্তবমুখী নীতি এবং দ্রুত বাস্তবায়ন—নইলে ‘গ্যাসটিক’ থেকে ‘ক্যানসার’-এ রূপ নেওয়া এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করবে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সাভার ও আশুলিয়া কি সালাউদ্দিন বাবুর পারিবারিক সম্পত্তিতে পরিনত হয়েছে?

Stock News BD April 9, 2026
ছবিঃ ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও তার স্ত্রী, ভাই ও বোন। (সংগৃহীত)

ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে জয়লাভের পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও আধাসরকারি প্রতিষ্ঠানে বেআইনি ও জোরপূর্বক ‘পরিবারতন্ত্র’ কায়েমের অভিযোগ উঠেছে বিএনপির শীর্ষ নেতা ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর বিরুদ্ধে। বিশ্বস্ত সূত্রে এবং অতি গোপনে চালানো এক অনুসন্ধানে জানা গেছে, নির্বাচনী নিয়ম-নীতির তোয়াক্কা না করে সাভার ও আশুলিয়ার একাধিক নামী স্কুল, কলেজ ও স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ (গভর্নিং বডি) থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পদে নিজের পরিবারের সদস্যদের প্রধান হিসেবে বসিয়েছেন তিনি।

অনুসন্ধানের তথ্য অনুযায়ী, নির্বাচনী ফল প্রকাশের পর থেকেই সাভার ও আশুলিয়ার বেশ কয়েকটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে অথবা পুনর্গঠনের নামে সালাউদ্দিন বাবুর স্ত্রী, ভাই, বোন এবং শশুড়বাড়ির নিকটাত্মীয়দের সভাপতি বা পরিচালনা পরিষদের প্রধান হিসেবে মনোনীত করতে বাধ্য করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও শিক্ষা বোর্ডকে রাজনৈতিক চাপ প্রয়োগ করে এই বেআইনি নিয়োগ নিশ্চিত করা হচ্ছে বলে গোপন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

ভুক্তভোগী শিক্ষক ও পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, এই পরিবারতান্ত্রিক আধিপত্য বিস্তারের বিরুদ্ধে কেউ সামান্যতম প্রতিবাদ বা ভিন্নমত পোষণ করলেই তার ওপর নেমে আসছে চরম প্রশাসনিক ও শারীরিক নিপীড়ন। প্রথম দফায় প্রতিবাদী শিক্ষক বা কর্মকর্তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হচ্ছে। এরপরও যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে, তবে স্থানীয় ক্যাডার বাহিনী ও ওত পেতে থাকা সন্ত্রাসী চক্রের মাধ্যমে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

এই চরম ভীতি ও জবরদস্তির কারণে সাভারের শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের চেইন অব কমান্ড বা প্রশাসনিক শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। সরকারি নিয়ম অনুযায়ী যেখানে যোগ্য শিক্ষানুরাগী বা দক্ষ ব্যক্তিদের গভর্নিং বডির প্রধান করার কথা, সেখানে রাজনৈতিক ক্ষমতা খাটিয়ে একটি নির্দিষ্ট পরিবারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র অসন্তোষ ও চাপা ক্ষোভ বিরাজ করছে।

অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাধারণ মানুষ যেখানে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ চেয়েছিল, সেখানে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতার এমন উগ্র ও স্বৈরাচারী আচরণ সাভারের সামাজিক পরিবেশকে চরমভাবে বিষিয়ে তুলছে। মুক্ত গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজ অনতিবিলম্বে এই বেআইনি পরিবারতন্ত্র ও শিক্ষক-কর্মকর্তাদের ওপর চলা নির্যাতন বন্ধে শিক্ষা মন্ত্রণালয় এবং উচ্চপর্যায়ের তদন্ত কমিটির জরুরি হস্তক্ষেপ দাবি করছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
paramount-ri

আয় ও নগদ প্রবাহ কমেছে, ব্যাংক আমানত ও বিনিয়োগেও পতন—তবু নগদ লভ্যাংশ

স্টক নিউজ বিডি March 16, 2026

অনুসন্ধানধর্মী প্রতিবেদন: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানি প্যারামাউন্ট ইন্সুরেন্সের পিএলসি ২০২৫ অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। তবে কোম্পানির প্রকাশিত প্রাইস সেনসিটিভ ইনফরমেশন (PSI) এবং সর্বশেষ আর্থিক সূচক বিশ্লেষণ করলে আয়, নগদ প্রবাহ ও বিনিয়োগ কাঠামো নিয়ে একাধিক প্রশ্ন সামনে আসছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে কোম্পানিটির প্রতি শেয়ারে আয় (EPS) কমে দাঁড়িয়েছে ২.১৯ টাকায়, যা ২০২৪ সালে ছিল ২.২৩ টাকা। অর্থাৎ আয়ের সূচকে সামান্য হলেও নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতি শেয়ারে অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS)। ২০২৪ সালে যেখানে এটি ছিল ২.৯১ টাকা, সেখানে ২০২৫ সালে তা নেমে এসেছে ১.৭৯ টাকায়। এক বছরে এই সূচকে উল্লেখযোগ্য হ্রাস বিশ্লেষকদের নজর কেড়েছে। তাদের মতে, অপারেটিং ক্যাশ ফ্লোর এমন পতন কোম্পানির নগদ প্রবাহ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলতে পারে।

অন্যদিকে একই সময়ে কোম্পানির প্রতি শেয়ারে নেট সম্পদ মূল্য (NAV) কিছুটা বেড়ে ২৮.১৬ টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল ২৭.২৬ টাকা। তবে বাজার বিশ্লেষকদের মতে, সম্পদমূল্য কিছুটা বাড়লেও আয় ও নগদ প্রবাহ কমে যাওয়া দীর্ঘমেয়াদে আর্থিক সক্ষমতা নিয়ে সতর্ক সংকেত দিতে পারে।

কোম্পানির পরিচালনা পর্ষদ আগামী ১৮ মে ২০২৬ তারিখে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (AGM) আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এবং ২১ এপ্রিল ২০২৬ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

বিনিয়োগ ও নগদ অবস্থানেও পরিবর্তন

কোম্পানিটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে বিনিয়োগ ও নগদ অবস্থানেও কিছু পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী, শেয়ার ও সিকিউরিটিজে বিনিয়োগ কমে দাঁড়িয়েছে ৯৫.৫৭ কোটি টাকায়, যা ২০২৪ সালের ডিসেম্বর শেষে ছিল ১০৫.৬৯ কোটি টাকা। অর্থাৎ এই খাতে প্রায় ১০ কোটি টাকার বিনিয়োগ কমেছে। বিশ্লেষকদের মতে, শেয়ারবাজারে কোম্পানিটির এক্সপোজার কমে যাওয়া বিনিয়োগ কৌশল নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে।

এছাড়া কোম্পানির ব্যাংকে জমা নগদ অর্থও কমেছে। ২০২৪ সালের শেষে ব্যাংকে নগদ ছিল ৪ কোটি ৯৭ লাখ টাকার বেশি, যা ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে কমে ২ কোটি ৮৬ লাখ টাকায় নেমে এসেছে। একই সময়ে মোট ক্যাশ ও ক্যাশ ইকুইভ্যালেন্টও কমে দাঁড়িয়েছে ৬০.০৫ কোটি টাকা, যেখানে আগের সময়ে এটি ছিল ৬২.১১ কোটি টাকা।

ব্যয় ও দায়ের অবস্থান

অন্যদিকে কোম্পানির কারেন্ট লায়াবিলিটিজ কিছুটা কমলেও সেটি এখনও উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে। সর্বশেষ হিসাবে কোম্পানিটির দায় রয়েছে ৩৩.৩৯ কোটি টাকা, যদিও আগের সময়ে এটি ছিল ৩৬.৪৬ কোটি টাকা।

এছাড়া বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন খাতে ব্যয় বেড়ে ১৪.৩২ কোটি টাকায় পৌঁছেছে, যা আগের সময়ে ছিল ১১.১৭ কোটি টাকা। বিশ্লেষকদের মতে, স্থায়ী সম্পদে বিনিয়োগ বৃদ্ধি ভবিষ্যতে সম্পদমূল্য বাড়াতে সহায়ক হলেও স্বল্পমেয়াদে নগদ প্রবাহের ওপর চাপ সৃষ্টি করতে পারে।

বিনিয়োগকারীদের প্রশ্ন

বাজার সংশ্লিষ্টদের মতে, আয় ও অপারেটিং ক্যাশ ফ্লো কমে যাওয়ার পরও নগদ লভ্যাংশ সুপারিশের বিষয়টি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই জানতে চাইছেন—কোম্পানির নগদ প্রবাহের ওপর এর সম্ভাব্য প্রভাব কী হতে পারে এবং ভবিষ্যতে এই প্রবণতা অব্যাহত থাকবে কি না।

তবে এসব বিষয়ে কোম্পানির পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। বিনিয়োগকারীদের মতে, কোম্পানির আর্থিক ব্যবস্থাপনা ও বিনিয়োগ কৌশল সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হলে বাজারে আস্থা বজায় রাখতে তা সহায়ক হতে পারে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী ৫ অক্টোবর

  • সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

  • রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

  • মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ কার্যক্রম অব্যাহত

  • পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে সিকিউরিটিজের চুক্তি

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী ৫ অক্টোবর

  • সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

  • ঢাকা-১৯ আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ক্ষমতার লড়াইয়ে বড় দুই শিবির, ব্যালট বিপ্লবের মাধ্যমে স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধের আহ্বান

  • পরিবেশ রক্ষা ও তিস্তাসহ অভিন্ন নদীর অবাধ পানি প্রবাহের দাবীতে গণ-সমাবেশ ও বিক্ষোভ প্রকাশ অনুষ্ঠিত হয়

  • সাভার ও আশুলিয়া কি সালাউদ্দিন বাবুর পারিবারিক সম্পত্তিতে পরিনত হয়েছে?

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য