Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আইন-আদালত

বাগাতিপাড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

স্টক নিউজ বিডি September 8, 2026

মোত্তালেব আলী পান্না, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় পারিবারিক কলহের জেরে রানু বেগম (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাঁকা ইউনিয়নের স্বরাপপুর গ্রামে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রানু বেগম স্বরাপপুর গ্রামের রিপন সরদারের স্ত্রী। তিনি রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী যৈত্রিকূল গ্রামের আব্দুর রহমানের মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক কলহের কারণে রানু বেগম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানা গেছে। প্রায় দেড় বছর আগে তাঁর স্বামী রিপন সরদার তৃতীয় বিয়ে করেন। এরপর তৃতীয় স্ত্রীও একই বাড়িতে বসবাস করছিলেন। দুই স্ত্রীর জন্য আলাদা বাড়ি তৈরি করে দেওয়া নিয়ে রানু বেগমের সঙ্গে স্বামীর প্রায়ই ঝগড়া-বিবাদ হতো বলে স্থানীয়রা জানিয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রানু বেগম নিজের শয়নকক্ষে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। রাত ৭টা পেরিয়ে গেলেও তিনি ঘর থেকে বের না হওয়ায় পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া না পেয়ে বাইরে থেকে জানালা দিয়ে তাঁকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়।

এ সময় পরিবারের সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রানু বেগমের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (ভারপ্রাপ্ত ওসি) মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে রানু বেগম আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

স্টক নিউজ বিডি August 29, 2026

মোতালেব আলী পান্না, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলার নুরপুর মালঞ্চী এলাকায় ইয়াবাসহ দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

আটক দুজন হলেন, নুরপুর মালঞ্চী এলাকার আবুল কালামের ছেলে আকাশ (২৫) এবং একই এলাকার ঠান্টুর ছেলে শাকিল (২৩)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নুরপুর মালঞ্চী এলাকায় দীর্ঘদিন ধরে একটি মাদকচক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে। ওই চক্রের সদস্যরা বিভিন্ন বয়সী মানুষের কাছে, বিশেষ করে তরুণদের মধ্যে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করতেন বলে স্থানীয়দের অভিযোগ।
শুক্রবার রাতে সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয় কয়েকজন বাসিন্দা আকাশ ও শাকিলকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পরে স্থানীয়রা তাদের বাগাতিপাড়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
এ ঘটনায় বাগাতিপাড়া মডেল থানায় মামলা নম্বর-১০, তারিখ ২৯ আগস্ট ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।

স্থানীয়দের দাবি, এই মাদক সিন্ডিকেটে প্রভাবশালীদের নাম পাওয়া যাচ্ছে। এমনকি জনপ্রতিনিধিও রয়েছে। মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন। এতে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা সম্ভব হবে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্টক নিউজ বিডি August 26, 2026

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গত ছয় মাসে দায়ের হওয়া ফৌজদারি মামলাগুলোর প্রায় সব আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সরকার ক্ষমতার ছয় মাস পূর্ণ করেছে। এই সময়ে এমন একটি ঘটনাও ঘটেনি, যার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্তদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে।

রংপুরে সাম্প্রতিক সময়ে বহুল আলোচিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার পর যৌক্তিক সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সন্তানকে সম্পত্তি দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের, আইনে সংশোধন আসছে

স্টক নিউজ বিডি July 30, 2026

সন্তানকে সম্পত্তি হস্তান্তরের পরও বাবা-মা যেন জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগদখল করতে পারেন, এমন বিধান যুক্ত করে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনগত সহায়তা নিয়ে বেসরকারি সংস্থা ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আমরা একটি আইন নিয়ে কাজ করছি। বাংলাদেশে অধিকাংশ দেওয়ানি মামলাই সম্পত্তির বণ্টন ও হিসাব-নিকাশসংক্রান্ত। তাই সম্পত্তি হস্তান্তর আইনে কিছু পরিবর্তনের পরিকল্পনা করেছি। মুসলিম আইনে হেবা, হিন্দু আইনে উইল এবং মুসলিম আইনে অসিয়তনামার বিধান রয়েছে। কিন্তু বাবা-মা সন্তানদের নামে হেবা করে সম্পত্তি দিয়ে দিলে সঙ্গে সঙ্গে সেই সম্পত্তির মালিকানা তাদের হাত থেকে চলে যায়। তখন তারা সন্তানদের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। যদি সন্তানরা তাদের দেখাশোনা না করে, তাহলে বাবা-মা অসহায় হয়ে পড়েন।

তিনি বলেন, এ কারণে আমরা সম্পত্তি হস্তান্তর আইনের গিফট (উপহার) সংক্রান্ত ধারাটি আরও কার্যকর করার কথা ভাবছি। ১৯৬৩ সালে পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি রায়ের ভিত্তিতে এ বিধানটি সম্প্রসারণ করতে চাই। গিফটের ক্ষেত্রে ইউসুফ্রাক্ট রাইট বা জীবনস্বত্ব রাখার সুযোগ যুক্ত করতে চাই।

বিষয়টির ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, ধরুন, আপনি সন্তানদের সম্পত্তি হেবা বা উইল করতে চান না, কিন্তু এমনভাবে সম্পত্তি হস্তান্তর করতে চান, যাতে জীবদ্দশায় আপনি নিজেই সেটি ভোগদখল করতে পারেন। সে ক্ষেত্রে গিফটের সঙ্গে জীবনস্বত্ব যুক্ত থাকলে বাবা-মা সম্পত্তি সন্তানকে দিয়ে দিলেও জীবিত থাকা পর্যন্ত নিজেরাই সেটি ভোগদখল করবেন। তবে তারা এককভাবে সম্পত্তি বিক্রি করতে পারবেন না, বিক্রির জন্য সন্তানের সম্মতি লাগবে। একইভাবে সন্তানও বাবা বা বাবা-মায়ের সম্মতি ছাড়া সেই সম্পত্তি বিক্রি করতে পারবে না।

তিনি বলেন, আবার যদি এমন পরিস্থিতি হয় যে বাবার চিকিৎসার জন্য সম্পত্তি বিক্রি করা প্রয়োজন, কিন্তু সন্তান সম্মতি দিচ্ছে না, তাহলে জেলা জজকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হবে। আবেদন করা হলে জেলা জজ বিষয়টি বিবেচনা করতে পারবেন।

এ ধরনের বিধান চালু হলে ভবিষ্যতে সম্পত্তি-সংক্রান্ত অনেক দেওয়ানি মামলা কমে আসবে এবং অনেক সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

একাত্তর টিভির লাইসেন্সের কপি চেয়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার চিঠি

স্টক নিউজ বিডি June 10, 2026

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে একাত্তর টেলিভিশনের লাইসেন্সের কপি চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

গত সোমবার একাত্তর টেলিভিশনের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) বরাবর এ চিঠি দিয়েছেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-কোঅর্ডিনেটর মুহম্মদ শহীদুল্যাহ্ চৌধুরী। প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে শহীদুল্যাহ্ চৌধুরী এ বিষয়ে শাপলা চত্বরের মামলার তদন্ত কর্মকর্তা ফতেহ্ মো. ইফতেখারুল আলমের সঙ্গে কথা বলতে বলেন।

ফতেহ্ মো. ইফতেখারুল আলম আজ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার আছেন। একাত্তর টিভি যখন লাইসেন্স নেয়, তখনো জাতীয় সম্প্রচার নীতিমালা হয়নি। লাইসেন্সের শর্তাবলিতে কী লেখা আছে, এটি জানা প্রয়োজন। সে জন্য লাইসেন্সের কপি চাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, তদন্ত সংস্থা চিঠিতে বলেছে, বর্ণিত মামলার তদন্তকারী কর্মকর্তা ফতেহ্‌ মো. ইফতেখারুল আলম… মানবতাবিরোধী অপরাধের অভিযোগ সুষ্ঠু তদন্তের স্বার্থে সরকার কর্তৃক প্রদত্ত ৭১ টিভির লাইসেন্সের কপি এবং লাইসেন্স–সংক্রান্ত আনুষঙ্গিক ডকুমেন্টস (নথি) চেয়ে আবেদন করেছেন। আবেদনপত্রটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হলো। জাতীয় গুরুত্ব বিবেচনায় উল্লিখিত বিষয়ে ঐকান্তিক ও সার্বিক সহযোগিতা চাওয়া হয়।

শাপলা চত্বরের মামলায় মোজাম্মেল হক বাবু ও একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা গ্রেপ্তার আছেন।

একই মামলায় গ্রেপ্তার আছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ও পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম।

এ মামলার আসামিদের মধ্যে পলাতক আছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজীর আহমেদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রমুখ।

এ মামলায় এখনো তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি আদালতের

স্টক নিউজ বিডি June 10, 2026

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তাঁর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত গত ২৪ মে এই আদেশ দেন।

আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম এ তথ্য জানিয়েছেন।

আদালত সূত্র জানায়, গত ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক (নিরস্ত্র) মো. জিয়াউল মোর্শেদ সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, ময়নাতদন্ত সম্পন্ন এবং এ কাজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করেন।

পুলিশের আবেদনে বলা হয়, মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম আদালতে জানান, তিনি সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে ক্ষমতাপ্রাপ্ত হয়ে আবেদনটি করেছেন। আবেদনে উল্লেখ করা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে নীলা চৌধুরী, তাঁর স্বামী প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী এবং ছোট ছেলে শাহরান শাহ নিউ ইস্কাটনের ইস্কাটন প্লাজায় সালমান শাহর বাসায় যান। সেখানে স্ত্রী সামিরা হক ও গৃহকর্মী আবুল তাঁদের জানান, সালমান শাহ ঘুমিয়ে আছেন। পরে তাঁরা গ্রিন রোডের বাসায় ফিরে যান।

বাদী আরও জানান, এর কিছু সময় পর, বেলা সাড়ে ১১টার দিকে সালমান শাহর বাসা থেকে ফোন করে জানানো হয়, তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দ্রুত বাসায় গিয়ে তাঁরা দেখেন, সালমান শাহ শয়নকক্ষের খাটের ওপর অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে তাঁকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে তাঁকে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। ওই দিনই রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছিল।

পুলিশের আবেদনে আরও বলা হয়, ঘটনার প্রায় ২৯ বছর পর আদালতের নির্দেশে রমনা থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সালমান শাহর মরদেহ আবার কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, ময়নাতদন্ত সম্পন্ন এবং সংশ্লিষ্ট প্রতিবেদন পর্যালোচনা করা প্রয়োজন।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। দীর্ঘদিন ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা জল্পনা রয়েছে। ২৯ বছর পর গত ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা করেন।

এ মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্র অভিনেতা ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদকে আসামি করা হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

শেয়ারবাজারে অনিয়মে কড়াকড়ি: ৪ প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের ১ কোটি ৯ লাখ টাকা জরিমানা

স্টক নিউজ বিডি May 3, 2026

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে সিকিউরিটিজ আইন লঙ্ঘন, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা এবং শেয়ার লেনদেনে নানা অনিয়মের অভিযোগে চার প্রতিষ্ঠান ও তাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মোট ১ কোটি ৯ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জরিমানার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো—এনবিএল সিকিউরিটিজ লিমিটেড, গিবসন সিকিউরিটিজ লিমিটেড, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড এবং তালিকাভুক্ত কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। শুনানি শেষে তাদের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় গত এপ্রিল মাসে এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

এনবিএল সিকিউরিটিজে অনিয়ম, ১৮ লাখ টাকা জরিমানা

বিএসইসির অনুসন্ধানে দেখা গেছে, এনবিএল সিকিউরিটিজ গ্রাহকদের ক্রয়-বিক্রয় আদেশ সংরক্ষণে ব্যর্থ হয়েছে এবং গ্রাহকের অনুমতি ছাড়াই লেনদেন সম্পন্ন করেছে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগ নিষ্পত্তি না করা ও পেশাগত অসদাচরণের প্রমাণও পাওয়া গেছে। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সাবেক ব্যবস্থাপনা পরিচালক জোবায়েদ আল-মামুন হাসানকে ৫ লাখ এবং সাবেক অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স কর্মকর্তা ফারজানা ফেরদৌসীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ইউসিবি স্টক ব্রোকারেজে প্রতারণা, সর্বোচ্চ ৬৬ লাখ টাকা জরিমানা

অন্যদিকে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের বিরুদ্ধে গ্রাহক মো. আইয়ুব আলীর সঙ্গে গুরুতর প্রতারণার প্রমাণ পেয়েছে কমিশন। তদন্তে জানা যায়, প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে গ্রাহকের ই-মেইলে ভুয়া পোর্টফোলিও স্টেটমেন্ট পাঠাত এবং প্রকৃত তথ্য গোপন রাখত। ২০২২ সালের ২৪ আগস্ট পর্যন্ত সঠিক তথ্য পাঠানো হলেও, পরবর্তীতে ২০২৪ সালের ১৮ জুলাই পর্যন্ত একই ই-মেইলে জাল স্টেটমেন্ট পাঠানো হয়।

এছাড়া গ্রাহকের মোবাইল নম্বর ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করে ভুল নম্বর যুক্ত করা হয়, যাতে তিনি সিডিবিএল থেকে লেনদেন সংক্রান্ত কোনো নোটিফিকেশন না পান। তদন্তে আরও উঠে আসে, কোম্পানির এক কর্মীর ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে এসব ভুয়া স্টেটমেন্ট পাঠানো হয়েছে।

এসব অনিয়মের কারণে ইউসিবি স্টক ব্রোকারেজকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রহমত পাশা এবং কর্মকর্তা মো. শহিদুজ্জামানকে ১৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া কমপ্লায়েন্স অফিসার মো. রফিকুল ইসলাম ও কর্মকর্তা আবদুল আহাদ শেখকে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ে করপোরেট গভর্ন্যান্স লঙ্ঘন, ২৪ লাখ টাকা জরিমানা

এদিকে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডে একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পেয়েছে বিএসইসি। তদন্তে দেখা যায়, কোম্পানিটি টানা তিন বছর লোকসানে থেকেও কোনো নগদ লভ্যাংশ ঘোষণা করেনি এবং এর সংরক্ষিত লোকসান পরিশোধিত মূলধনের চেয়েও বেশি হয়ে গেছে। ফলে প্রতিষ্ঠানটি বিএসইসির ‘এক্সিট প্ল্যান’-এর আওতায় পড়ে।

এছাড়া কোম্পানিটি তিন বছরের বেশি সময় ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ তালিকাভুক্তি ফি পরিশোধ করেনি এবং দীর্ঘ সময় ধরে আর্থিক ও অন্যান্য বাধ্যতামূলক প্রতিবেদন দাখিল বন্ধ রেখেছে। উৎপাদন কার্যক্রম বন্ধ থাকলেও তা মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে প্রকাশ না করাও গুরুতর লঙ্ঘন হিসেবে চিহ্নিত হয়েছে।

এসব অনিয়মের কারণে কোম্পানির চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন, পরিচালক মো. আমজাদ হোসেন ও খান হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক সুফিয়া খাতুন, সিএফও মো. এজাজ উদ্দিন এবং কোম্পানি সচিব মিলন খানকে ৪ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

গিবসন সিকিউরিটিজের এমডিকে জরিমানা


অন্যদিকে পৃথক ঘটনায় গিবসন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফাকে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন

স্টক নিউজ বিডি February 14, 2026

শাহ্ ফুজায়েল আহমদ,জগন্নাথপুর থেকে: জগন্নাথপুর পৌরসভাধীন হবিবপুর আশিঘর (শাহবাড়ি) এলাকার বাসিন্দা, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী শাহ্ মোঃ বুরহান উদ্দিন শফি’র ঘাতকদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গত শনিবার (১৪ ই ফেব্রুয়ারী) বিকেল ৩টায় হবিবপুর গ্রামবাসীর আয়োজনে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন শান্তিনগর পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

অধ্যক্ষ মাওলানা মোঃ মুহিবুর রহমানের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট জিয়াউর রহিম শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে হবিবপুর গ্রামের সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ নজরুল ইসলাম হিরা, এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব হাজী হারুনুজ্জামান, প্রাজনীতিবিদ ও সমাজসেবক আবুল হোসেন, যুক্তরাজ্য প্রবাসী সুনু মিয়া, মাসুম আহমদ, যুক্তরাজ্যের কমিউনিটি নেতা আলহাজ্ব মন্তাজ আলী, মিফতা মিয়া ও মোঃ আলিফ মিয়া, শাহ্ মোঃ রুমেন মিয়া।

মানববন্ধনে বক্তারা বলেন, এই হত্যাকাণ্ড কোনো তাৎক্ষণিক ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত পরিকল্পনা। শাহ মোঃ বুরহান উদ্দিন শফি একজন অত্যন্ত ভালো মনের, ভদ্র ও বিনয়ী মানুষ ছিলেন এবং তার কোনো অপরাধের সাথে জড়িত থাকার বিন্দুমাত্র রেকর্ড নেই।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রশাসনকে এই ঘটনায় কোনো প্রকার গাফিলতি করা চলবে না। অনতিবিলম্বে খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় না আনলে হবিবপুর গ্রামবাসীর পক্ষ থেকে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

নিহত শফি’র ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী শাহ্ সুলেমান উদ্দিন আবেগঘন কণ্ঠে বলেন, তার ভাই অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং কোনো ধরনের অপরাধের সাথে তার সম্পৃক্ততা ছিল না। তিনি আক্ষেপ করে বলেন, প্রবাসীরা দেশে এসে নিয়মিত খুন ও হামলার শিকার হচ্ছেন। নিজ মাতৃভূমিতে এসে আর যেন কোনো প্রবাসীকে এমন নির্মম পরিণতির শিকার হতে না হয়। তিনি সরকার ও প্রশাসনের কাছে ভাই হত্যার দ্রুত বিচার ও ঘাতকদের উপযুক্ত শাস্তির জোর দাবি জানান।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি সপরিবারে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন শাহ মোঃ বুরহান উদ্দিন শফি। গত ৩০ জানুয়ারি তিনি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হন। নিখোঁজের চার দিন পর, ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের কোনারবন্দ হাওর থেকে তাঁর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু

স্টক নিউজ বিডি February 5, 2026

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু করেছেন ট্রাইব্যুনাল। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি দেখানো হচ্ছে রায়ের কার্যক্রম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। 

প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। 

এদিন ১২টা ২৫ মিনিটে এ মামলায় গ্রেপ্তার আট আসামিকে ট্রাইব্যুনালের কাঠগড়ায় তোলা হয়। তাদের উপস্থিতিতে সংক্ষিপ্ত রায় পড়ছেন বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। গ্রেপ্তাররা হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল।

পলাতক আট আসামি হলেন- ঢাকা-১৯ আসনের সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন, আশুলিয়া থানার তৎকালীন ওসি এএফএম সায়েদ রনি, সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমান, সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস, সাবেক এএসআই বিশ্বজিৎ সাহা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রনি ভূঁইয়া।

মানবতাবিরোধী অপরাধের এ মামলার ১৬ আসামির বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। গত ১ ফেব্রুয়ারি রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল।

এ ঘটনায় শহীদ হয়েছেন সাতজন। তারা হলেন- শহীদ সাজ্জাদ হোসেন সজল, আস সাবুর, তানজিল মাহমুদ সুজয়, বায়োজিদ বোস্তামী, আবুল হোসেন, ওমর ফারুক ও মোহাম্মদ শাহাবুল ইসলাম।

গত বছরের ২১ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। সে সময় উপস্থিত আট আসামির সাতজনই নিজেদের নির্দোষ দাবি করেন। তবে দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন এসআই শেখ আবজালুল হক। একই বছরের ২ জুলাই প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আদালত। অভিযোগের সঙ্গে অন্যান্য তথ্যসূত্র হিসেবে ৩১৩ পৃষ্ঠা, দালিলিক প্রমাণাদি ১৬৮ পৃষ্ঠা ও দুটি পেনড্রাইভ যুক্ত করে প্রসিকিউশন।

এদিকে, রায় ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বাড়ানো হয়েছে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায়। পুলিশ-র্যাব, বিজিবির পাশাপাশি নিয়োজিত রয়েছে সেনাবাহিনী। তৎপর রয়েছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সাদ্দামের প্যারোলে মুক্তির আবেদন করা হয়নি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্টক নিউজ বিডি January 25, 2026

স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় যশোর কেন্দ্রীয় কারাগারে আটক বন্দি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট বক্তব্য দিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাদ্দামের প্যারোলে মুক্তির জন্য তার পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে কোনো লিখিত আবেদন করা হয়নি। পরিবারের মৌখিক অভিপ্রায়ের ভিত্তিতে মানবিক দিক বিবেচনা করে যশোর জেলগেটে স্ত্রী ও সন্তানের মরদেহ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে যশোর জেলা প্রশাসন এবং যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা প্রদান করেছে বলেও জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে, এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যশোর জেলা প্রশাসক বা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে—এমন যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।

বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করে, গণমাধ্যমসমূহ সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের তথ্য জানার অধিকার সমুন্নত রাখবে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

  • মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ কার্যক্রম অব্যাহত

  • পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে সিকিউরিটিজের চুক্তি

  • ইবনে সিনা ফার্মার আর্থিক সূচকে শক্তিশালী অগ্রগতি, ৭৭% নগদ লভ্যাংশের সুপারিশ

  • গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪ ব্যাংকের ৩,১০০ কোটি টাকার বন্ড অনুমোদন, বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ গঠনে অনাপত্তি

  • গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ডা. এনামের অঢেল অবৈধ সম্পদ অর্জন দেখার কেউ নাই।

  • ইবনে সিনা ফার্মার আর্থিক সূচকে শক্তিশালী অগ্রগতি, ৭৭% নগদ লভ্যাংশের সুপারিশ

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য