Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

আইন-আদালত

নাটোরে তরুণীকে গলাকেটে হত্যা, পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ

স্টক নিউজ বিডি January 6, 2026

আব্দুল মজিদ, স্টাফ রিপোর্টার :নাটোর সদর উপজেলার বড়ভিটা ভেদড়ার বিল এলাকায় একটি পুকুরপাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর (২৫) গলাকাটা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে নাটোর পৌরসভার বড়ভিটা ভেদড়ার বিল এলাকার একটি পুকুরপাড়ে রক্তাক্ত অবস্থায় এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। মরদেহটির গলায় গভীর ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল এবং শরীরের বিভিন্ন অংশে রক্ত লেগে ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা দ্রুত নাটোর সদর থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পরে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “উদ্ধার হওয়া তরুণীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত করতে আশপাশের থানা ও জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ, ঘটনাস্থলের আলামত সংগ্রহ এবং সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। এদিকে, প্রকাশ্যে পুকুরপাড়ে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানায়, নিহত তরুণীর পরিচয় ও হত্যার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে। এ ঘটনায় নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা গণমাধ্যমকে জানানো হবে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

হাসিনার মামলার রায় ঘিরে ট্রাইব্যুনালে কঠোর নিরাপত্তা

Umme jannat November 17, 2025

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনালের সামনের পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকালে ট্রাইব্যুনালের সামনে এমন চিত্র দেখা যায়।

সকাল থেকেই সুপ্রিম কোর্ট চত্বর থেকে ট্রাইব্যুনাল এলাকা—সবখানে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যদের কড়া অবস্থান চোখে পড়ছে।

সরেজমিনে দেখা যায়, সুপ্রিম কোর্টের আশপাশে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কঠোর পাহারায় রয়েছে। মাজার গেটের সামনে সেনা সদস্যদের অবস্থান করতে দেখা যায়। ট্রাইব্যুনালের ভেতরে ও বাইরে পুলিশের পাশাপাশি র‌্যাবসহ অন্যান্য বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।

চব্বিশের জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণা করা হবে আজ। ঐতিহাসিক এ রায় সরাসরি দেখতে পাবে গোটা বিশ্ব। একইসঙ্গে ঢাকার বিভিন্ন স্থানে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বড় পর্দায় এ বিচারকাজ দেখানো হবে।

ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা বলছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রায় শোনার অপেক্ষায় আছে গোটা জাতি। বাংলাদেশের দিকে তাকিয়ে আছে বিশ্বের অনেক দেশও। তাই এ রায় সরাসরি সম্প্রচার করা হবে। যেন এ বিচারকাজ আগামীর জন্য একটি উদাহরণ হয়ে থাকে।

এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে বড় পর্দা বসাবে সংস্কৃতি মন্ত্রণালয়। ফলে ঢাকাবাসী সহজেই এ বিচারকাজ দেখতে পারবে।

গত ১৩ নভেম্বর এ মামলার রায় ঘোষণার জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদসহ অন্যরা।

এ মামলায় তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন। এর মধ্যে রয়েছে উসকানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাঈদ হত্যা, চানখারপুলে হত্যা ও আশুলিয়ায় লাশ পোড়ানো। আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার ৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার ১৮ পৃষ্ঠার, জব্দতালিকা ও দালিলিক প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠার ও শহীদদের তালিকার বিবরণ দুই হাজার ৭২৪ পৃষ্ঠার। সাক্ষী করা হয়েছে ৮৪ জনকে। গত ১২ মে চিফ প্রসিকিউটরের কাছে এ মামলার প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আত্মসমর্পণের পর জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন

Umme jannat November 16, 2025

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী। রোববার (১৬ নভেম্বর) বিকেলে ঢাকার একটি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তারা।

এর আগে পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা নেয়ার পর তা আত্মসাৎ ছাড়াও ভয়ভীতি ও হুমকি দেয়ার অভিযোগে বাদী আমিরুল ইসলামের করা মামলায় ঢাকার একটি আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

রোববার আদালত সূত্রে জানা যায়, মামলার নির্ধারিত তারিখে আসামিরা হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া মেহজাবীন ও তার ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, বাদী আমিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সুযোগ নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবীন তাকে নতুন পারিবারিক ব্যবসার পার্টনার করার কথা বলেন। এ প্রতিশ্রুতিতে নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা নেন অভিনেত্রী ও তার ভাই। কিন্তু দীর্ঘদিনেও তারা কোনো ব্যবসায়িক কার্যক্রম শুরু করেননি। পাওনা টাকা চাইতে গেলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন।

অভিযোগে আরও উল্লেখ রয়েছে, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি টাকা ফেরত চাইতে গেলে ১৬ মার্চ বাদীকে হাতিরঝিল রোডের পাশের একটি রেস্টুরেন্টে দেখা করতে বলা হয়। ওইদিন সেখানে গেলে মেহজাবীন, তার ভাই এবং আরও কয়েকজন তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। সেই সঙ্গে তারা হুমকি দিয়ে বলেন, টাকা চাইতে আর বাসার সামনে দেখা গেলে মেরে ফেলব। এতে বাদী চরম আতঙ্কে পড়েন।

ঘটনার পর বাদী ভাটারা থানায় গেলে থানার পক্ষ থেকে আদালতে মামলা করার পরামর্শ দেয়া হয়। পরে আমিরুল ইসলাম বাদী হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।

এর আগে রোববার (১৬ নভেম্বর) মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারির খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেহজাবীন মামলাটিকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’দাবি করে একটি পোস্ট করেন।

মেহজাবীন পোস্টে বলেন, আমি মেহজাবীন চৌধুরী। রোববার একটি ভুয়া ও মিথ্যা মামলার সংবাদ দেখে আমি বিস্মিত। আমি মনে করি, বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছাড়া কিছু নয়। এই ধরনের কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে আমি সরাসরি বা পরোক্ষভাবে জড়িত নই। যে বা যারা এমন ভিত্তিহীন মামলা করেছেন, তাদের কাউকে আমি চিনি না।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

শেখ হাসিনার মামলার রায় ঘোষণা হবে ১৭ নভেম্বর

Umme jannat November 13, 2025

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায়ের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার রায় আগামী ১৭ নভেম্বর ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদসহ অন্যরা।

এ মামলার আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক আছেন। রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন মামলার অন্যতম আসামি থেকে রাজসাক্ষী বনে যাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

গত ২৩ অক্টোবর প্রসিকিউশন ও আসামি পক্ষের কৌসুলিদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

শেখ হাসিনার এ মামলায় ৮৪ সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন। তাদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয় চলতি বছরের ৩ আগস্ট। প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে ২০২৪ সালের জুলাই-আগস্টের বীভৎসতার চিত্র তুলে ধরেন খোকন চন্দ্র বর্মণ। ৮ অক্টোবর মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের জেরার মাধ্যমে শেষ হয় সাক্ষ্যগ্রহণের ধাপ। এরপর প্রসিকিউশন ও স্টেট ডিফেন্স আইনজীবীর যুক্তিতর্ক সম্পন্ন হয় গত ২৩ অক্টোবর।

মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন। এর মধ্যে রয়েছে উসকানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাঈদ হত্যা, চাঁনখারপুলে হত্যা ও আশুলিয়ায় লাশ পোড়ানো।

আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার ৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার ১৮ পৃষ্ঠার, জব্দতালিকা ও দালিলিক প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠার ও শহীদদের তালিকার বিবরণ দুই হাজার ৭২৪ পৃষ্ঠার। সাক্ষী করা হয়েছে ৮৪ জনকে।

গত ১২ মে চিফ প্রসিকিউটরের কাছে এ মামলার প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সাংবাদিক শামছুল ইসলামের বিরুদ্ধে জিডির প্রতিবাদে বিক্ষোভ, ৪৮ ঘণ্টার আলটিমেটাম জিডি প্রত্যাহার ও উপ-সচিব বনানীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দবি

Umme jannat November 9, 2025

নিজস্ব প্রতিবেদক
সংবাদ প্রকাশের জেরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ীসদস্য ও নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার শামছুল ইসলামের বিরুদ্ধে জিডি (সাধারণ ডায়েরি) করেছেন নেত্রকোনার সাবেক ডিসি (বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব) বনানী বিশ্বাস। গত ৫ নভেম্বর রাজধানীর রমনা মডেল থানায় তিনি এ হয়রানিমূলক জিডি করেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জিডি প্রত্যাহার ও বানানী বিশ্বাসকে তার কর্মস্থল থেকে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

রোববার (৯ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে নিপীড়ন বিরোধী সাংবাদিক জোটের আয়োজনে প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব অ্যালামনাই অ্যাসোসিয়েশন, নাটোর জেলা সংবাদিক সমিতি স্ব-স্ব ব্যানারে অংশ নেয়।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি মাসুদুল হকের সভাপতিত্বে ও নিপীড়ন বিরোধী সাংবাদিক জোটের আহ্বায়ক আবুল কালামের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি রাশিদুল হক, সহ-সভাপতি রফিক মোহাম্মদ, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফউজে) সাবেক সহ-সভাপতি মোদাব্বের হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, মুরসালিন নোমানী, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন, সাবেক যুগ্ম-সম্পাদক ও নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, ডিইউজের সাংগঠানিক সম্পাদক সাঈদ খান, ডিইউজের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, ডিআরইউর সহসভাপতি গাজী আনোয়ার, সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম, রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক দিপক দেব, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বিএসআরএফর সহ-সভাপতি মাইনুল হাসান, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল, নাটোর জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এমদাদুল হক ডিআইউর কর্যনির্বাহী কমিটির সদস্য আক্তারুজ্জামান, ই-ম্যাথ সম্পাদক কাজী খায়রুল বাশার, দৈনিক চলনবিল প্রবাহ সম্পাদক মাহমুদল হক খোকন, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সভাতি মোহাম্মদ মমিনুর রশিদ শাহিন, মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, সহ-সভাপতি হাসান সরদার জুয়েল যুগ্ম মহাসচিব আরফাতুর রহমান আপেল, ঠাকুরগাঁও জেলা সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি দেলোয়ার হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ নাসিম শিকদার, নিউ নেশনের সিনিয়র রিপোর্টার সৈয়দ শিমুল পারভেজ প্রমুখ।

সমাবেশে সাংবাদিক নেতারা বক্তব্যে বলেন, বানানী বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশের পর অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হলে তাকে নেত্রকোনার ডিসি পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসনে ন্যস্ত করা হয়। পরে তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে পদায়ন করা হয়। ওই কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আনুষ্ঠানিকভাবে তদন্ত করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ ঘটনায় প্রতিহিংসা পরায়ন হয়ে ওই কর্মকর্তা শামছুল ইসলামকে ভয়ভীতি দেখানো ও হয়রানির উদ্দেশ্যে এ জিডি করেছেন। জিডিতে বনানী বিশ্বাস যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ।
সাংবাদিক নেতারা আরও বলেন, স্বৈরাচারের দোসর, আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের মামলার ১৩ নম্বর আসামি এ কর্মকর্তা সাংবাদিকের বিরুদ্ধে জিডি করার দুঃসাহস দেখান কিভাবে? সংবাদ প্রকাশ করা একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব। সে দায়িত্ব পালনে যে কোনো ঘটনা একজন সাংবাদিক তুলে ধরতে পারেন। বনানী বিশ্বাসের বিরুদ্ধে নিউজ হওয়ার পর তাকে প্রত্যাহার করা তার দুর্নীতি সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ। তিনি তার নিউজে সংক্ষুব্ধ হলে নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট পত্রিকায় প্রতিবাদলিপি ও প্রেস কউন্সিলে অভিযোগ করতে পারেন। তিনি তা না করে উল্টো পথে গিয়েছেন। ৪৮ ঘণ্টার মধ্যে এ হয়রানিমূলক জিডি প্রত্যাহার ও বানানীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান সাংবাদিক নেতারা। এ বিষয়ে প্রধান উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, মন্ত্রী পরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণায়লয়কে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান সাংবাদিকরা।

গত ৩০ জুলাই বনানী বিশ্বাসের অনিয়ম-দুর্নীতি নিয়ে নয়া দিগন্তে সংবাদ প্রকাশিত হয়। দুর্নীতি অনিয়মের প্রাথমিক সত্যতা পেলে সংবাদ প্রকাশের ২৫ দিন পর অর্থাৎ ২৫ আগস্ট তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর তার বিরুদ্ধে আসা অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত শুরু করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

Umme jannat November 9, 2025

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ ৫টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আইভির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান প্রমুখ।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী। পরে তিনি গণমাধ্যমকে বলেন, পৃথক পাঁচ মামলায় রুল অ্যাবসলিউট ঘোষণা করে সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে হত্যার অভিযোগে তিনটি ও মারাত্মক জখমের অভিযোগ করা দুটি মামলা রয়েছে।

আইভির আইনজীবী এস এম হৃদয় রহমান বলেন, মামলাগুলোয় তাঁর মক্কেলের (আইভি) বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি একজন নারী। তিনি ছয় মাস ধরে কারাগারে আছেন। এসব যুক্তিতে জামিন চাওয়া হয়।

গত ৯ মে সাবেক মেয়র আইভীকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৭ মে আইভীকে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সাবেক–বর্তমান ২৫ সেনা কর্মকর্তাসহ আসামিরা ট্রাইব্যুনালে বুধবার হাজির না হলে সংবাদপত্রে বিজ্ঞপ্তি

Umme jannat October 21, 2025

মানবতাবিরোধী অপরাধের পৃথক তিনটি মামলায় সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তাসহ ৩২ আসামির আগামীকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার দিন ধার্য রয়েছে। তবে তাঁরা যদি হাজির না হন অথবা তাঁদের হাজির না করা হয়, তাহলে তাঁদের হাজির হতে দুটি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এ ছাড়া আসামিরা যদি কাল হাজির হন এবং ট্রাইব্যুনাল তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে তাঁরা কোন কারাগারে থাকবেন।

আজ মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এসব কথা বলেন।

মামলা তিনটির মধ্যে দুটি হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম-নির্যাতনের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায়। অন্যটি জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায়।

আসামিদের মধ্যে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বাইরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বেনজীর আহমেদসহ র‍্যাবের সাবেক তিন মহাপরিচালক (ডিজি) ও পুলিশের দুই ভারপ্রাপ্ত কর্মকর্তা। আর অভিযুক্ত সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জন সেনা হেফাজতে আছেন।

আজ ব্রিফিংয়ে প্রসিকিউটর মোনাওয়ার হুসাইন বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে বেশ কয়েকজন সাবেক ও বর্তমান সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গুমের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামীকাল (বুধবার) ট্রাইব্যুনালে ওই মামলা তিনটির নির্ধারিত তারিখ আছে। ট্রাইব্যুনাল এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) আদেশ দিয়েছিলেন। এসব আসামির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও গ্রেপ্তারি পরোয়ানার কপি পাঠানো হয়েছে।

এখন আইন অনুযায়ী দুটি কাজ হতে পারে উল্লেখ করে মোনাওয়ার হুসাইন বলেন, একটি হলো তাঁরা (আসামি) আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ট্রাইব্যুনালে হাজির হতে পারেন। অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে নিয়ে আসবেন। ট্রাইব্যুনালে তাঁরা উপস্থিত হয়ে জামিন চাইতে পারেন। জামিনের ভিত্তি থাকলে ট্রাইব্যুনাল তাঁদের জামিন দিতে পারেন। আর যদি আসামিদের জেলহাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে তাঁরা কোন কারাগারে থাকবেন।

যদি আসামিরা আগামীকাল হাজির না হন, অথবা তাঁদেরকে হাজির না করা হয়, তবে আইন অনুযায়ী তাঁদের ট্রাইব্যুনালে উপস্থিত হতে দুটি জাতীয় পত্রিকায় (একটি বাংলা ও একটি ইংরেজি) বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানান মোনাওয়ার হুসাইন। তিনি বলেন, সেখানে তাঁদের ট্রাইব্যুনালে হাজির হতে একটি তারিখ নির্ধারণ করে দেওয়া হবে। সেদিনও যদি তাঁরা হাজির না হন, তাহলে তাঁদের পলাতক ঘোষণা করে তাঁদের পক্ষে স্টেট ডিফেন্স কাউন্সেল (রাষ্ট্র নিযুক্ত আইনজীবী) দেওয়া হবে। এই স্টেট ডিফেন্স কাউন্সেল তাঁদের পক্ষে মামলা পরিচালনা করবে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মানবতাবিরোধী অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন উপদেষ্টা : আসিফ মাহমুদ

Umme jannat October 16, 2025

২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন এই মামলার সাক্ষী এলজিআরডি ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সাক্ষী হিসেবে জবানবন্দি দেয়ার পর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অবশিষ্ট জবানবন্দিতে তিনি এই শাস্তি চান। এরপর আসামী পক্ষ থেকে তাকে জেরা করা হয়। আসিফ মাহমুদের সাক্ষ্য গ্রহণ শেষে ট্রাইব্যুনাল এই মামলায় পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করেন।

ট্রাইব্যুনালে এই মামলায় প্রসিকিউসন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামীম শুনানি করেন। এসময় অপর প্রসিকিউটর ও আসামী পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ সাক্ষীর জবানবন্দিতে বলেন, আমি চব্বিশের গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ছিলাম। আন্দোলনের একপর্যায়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আমাদের আন্দোলন প্রত্যাহার করতে যোগাযোগ শুরু করে। ডিবি কার্যালয়ে আটকে রাখার সময় আমাদের বার বার বলা হয় যে, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর (তৎকালীন) নির্দেশে আমাদেরকে ডিবি কার্যালয় তুলে আনা হয়েছে। আন্দোলন প্রত্যাহারে রাজি না হলে আমাদের হত্যা করা হবে মর্মে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ রয়েছে। তবে তারা (ডিবি) দয়া করে আমাদের বাঁচিয়ে রেখেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে হতাহতের ঘটনার বর্ণনা দিয়ে সেদিন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার জবানবন্দিতে বলেন, ওইদিন আমার সামনেই পুলিশের গুলিতে দু’জন নিহত হন। পরবর্তীতে জানতে পারি সেখানে ওইদিন ছয়জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। সেদিন ওখানে পুলিশ চাইনিজ রাইফেল ও শটগান দিয়ে গুলি করে। সেদিন বেলা দেড়টার দিকে আমরা জানতে পারি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছে।

চানখারপুলের হত্যাকাণ্ডের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও গুলি চালানো পুলিশ ও কমান্ড কর্তৃপক্ষ দায়ী বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত ৯ অক্টোবর জবানবন্দি দেন আসিফ মাহমুদ।

গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় ছয়জনকে গুলি করে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় চলতি বছরের গত ১৪ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল-১ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন। এই মামলায় যে আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে, তারা হলেন- সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম। এই আসামির মধ্যে প্রথম চারজন পলাতক। অন্য চারজন গ্রেফতার।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ট্রাইব্যুনালে হাজির সালমান, আনিসুল, পলকসহ ৪৫ আসামি

Umme jannat October 15, 2025

২০২৪ সালের ব্জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, দীপু মনিসহ মোট ৪৫ জন— জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সাতটি মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এর মধ্যে একজন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-এলাহী চৌধুরী, কিছু সাবেক মন্ত্রী, সচিব ও সাবেক সাংসদ রয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ এসব মামলার শুনানি হবে। তাদের বিরুদ্ধে আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত থাকলেও, প্রসিকিউশন সময় আবেদন করতে পারে।

অপরদিকে, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১-এ শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তি তুলে ধরবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

গতকাল দিনভর এই মামলার শুনানিতে দালিলিক প্রমাণ, ‘প্লেস অব অকরেন্স’, গণহত্যার বিস্তার, সংশ্লিষ্ট পক্ষগুলোর ভূমিকা এবং জুলাইয়ের ধারাবাহিক ঘটনাক্রম তুলে ধরা হয়। প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ উপস্থাপন করেছে।

এছাড়া আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলার সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

‘দানব হাসিনা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল’

Umme jannat October 12, 2025

গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্রমান্বয়ে দানবে পরিণত হওয়ার কারণেই চব্বিশের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল বলে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার যুক্তিতর্ক উপস্থাপন পর্বে বিগত প্রেক্ষাপট তুলে ধরে একথা বলেন তিনি।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চিফ প্রসিকিউটর বলেন, গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্রমান্বয়ে দানবে পরিণত হয়েছিল। প্রথমে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে তারা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটাকে ভেঙ্গে দেয়। পরবর্তীতে গুম-খুনের কালচার চালু করে। এরপর তারা আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেয়। তত্ত্বাবধান ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়। দেশে দুর্নীতি সর্বগ্রাসী রূপ পায়। এ সবের মাধ্যমেই তারা (আওয়ামী লীগ সরকার) ক্রমান্বয়ে একটা দানবীয় সরকারে পরিণত হয়েছিল।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আরো বলেন, ‘জনগণকে নির্যাতন করা, হত্যা করা ও একটা ভয়ের রাজত্ব কায়েম করা ছিলো তাদের (আওয়ামী লীগ সরকারের) টার্গেট। এই দানবীয় শাসকই একটা পর্যায়ে ২০২৪ সালে আমাদের তরুণ-তরতাজা প্রজন্মের ওপর সর্বাত্মক আক্রমণ চালায়।’

যুক্তিতর্ক উপস্থাপনের আগে গত বুধবার এই মামলার শেষ সাক্ষী (৫৪তম) তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীরের জেরা শেষ হলে, যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজকের দিন ধার্য করা হয়।

ঐতিহাসিক এই মামলায় সাক্ষ্য দিয়েছেন গণ-অভ্যুত্থানের অন্যতম প্রতীক শহীদ আবু সাঈদের পিতাসহ স্বজনহারা পরিবারের অনেকে। এছাড়া স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। সর্বমোট সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন সাক্ষী।

এই মামলায় প্রসিকিউসন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এসএইচ তামিম শুনানি করছেন।

সেই সাথে অপর প্রসিকিউটররা শুনানিতে উপস্থিত থাকেন।

পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন, আর এই মামলায় গ্রেফতার হয়ে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে আছেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।

মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

একপর্যায়ে এই মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদঘাটনে (অ্যাপ্রোভার) রাজসাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আবেদন মঞ্জুর করেন ট্র্যাইব্যুনাল। পরবর্তীতে এই মামলার রাজসাক্ষী হয়ে সাক্ষ্য দেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

এই মামলাটি ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে গুম-খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। অন্য মামলাটি হয়েছে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়।

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকার, এর দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে। দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অপরাধের বিচার কাজ চলছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী ৫ অক্টোবর

  • সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

  • রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

  • মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ কার্যক্রম অব্যাহত

  • পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে সিকিউরিটিজের চুক্তি

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী ৫ অক্টোবর

  • সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

  • ঢাকা-১৯ আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ক্ষমতার লড়াইয়ে বড় দুই শিবির, ব্যালট বিপ্লবের মাধ্যমে স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধের আহ্বান

  • পরিবেশ রক্ষা ও তিস্তাসহ অভিন্ন নদীর অবাধ পানি প্রবাহের দাবীতে গণ-সমাবেশ ও বিক্ষোভ প্রকাশ অনুষ্ঠিত হয়

  • সাভার ও আশুলিয়া কি সালাউদ্দিন বাবুর পারিবারিক সম্পত্তিতে পরিনত হয়েছে?

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য