রং যখন পরিচয়: ব্র্যান্ডিংয়ের নীরব শক্তি রং মানুষের অনুভূতি, চিন্তা ও আচরণের ওপর গভীর প্রভাব ফেলে। তাই রং চয়েজ কখনোই কেবল সৌন্দর্যবোধের বিষয় নয়; এটি এক ধরনের কৌশলগত যোগাযোগ। একটি ব্র্যান্ড প্রথম দর্শনে মানুষের মনে যে ধারণা সৃষ্টি করে, তার বড় অংশই নির্ধারিত হয় ব্যবহৃত রঙের মাধ্যমে। ব্যান্ডিং রং বা ব্র্যান্ডিং কালার তাই আজ প্রতিষ্ঠানের ভিজ্যুয়াল পরিচয়ের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। লোগো, ওয়েবসাইট, বিজ্ঞাপন, প্যাকেজিং, এমনকি অফিসের অভ্যন্তরীণ নকশা সবখানেই রঙের সঙ্গতিপূর্ণ ব্যবহার একটি শক্তিশালী ব্র্যান্ড ইমেজ গড়ে তোলে।
রঙের মনস্তত্ত্ব বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতিটি রঙের নিজস্ব বার্তা রয়েছে। লাল উদ্দীপনা, আবেগ ও তৎপরতার প্রতীক; নীল আস্থা, স্থিরতা ও পেশাদারিত্বের অনুভূতি জাগায়; সবুজ প্রকৃতি, স্বাস্থ্য ও স্থায়িত্বের বার্তা বহন করে; কালো শক্তি ও গাম্ভীর্যের পরিচায়ক; আর সাদা পবিত্রতা ও সরলতার প্রতীক। এই মনস্তাত্ত্বিক প্রভাবকে কাজে লাগিয়েই বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো নিজেদের রঙ-পরিচয় গড়ে তুলেছে। উদাহরণস্বরূপ, Coca-Cola লাল রং ব্যবহার করে প্রাণশক্তি ও আবেগের সঙ্গে নিজেকে যুক্ত করেছে।
Facebook নীল রংয়ের মাধ্যমে ব্যবহারকারীদের কাছে বিশ্বাসযোগ্যতা ও নিরাপত্তার বার্তা পৌঁছে দেয়। Starbucks সবুজের মাধ্যমে প্রশান্তি ও পরিবেশবান্ধব ভাবমূর্তি তুলে ধরে। আবার McDonald’s লাল ও হলুদের সমন্বয়ে ক্ষুধা উদ্দীপনা ও দ্রুততার মনস্তাত্ত্বিক প্রভাব ব্যবহার করেছে। Apple সাদা ও ধূসর রঙে মিনিমালিজম ও প্রিমিয়াম মানের প্রতীক তৈরি করেছে।
এই উদাহরণগুলো প্রমাণ করে, রং কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়; বরং দীর্ঘমেয়াদি ব্র্যান্ড কৌশলের ফল। একটি নির্দিষ্ট রং বারবার ব্যবহারের মাধ্যমে ব্র্যান্ড রিকল বা স্মরণযোগ্যতা তৈরি হয়। সুপারশপের তাকের দিকে তাকালেই অনেক সময় আমরা রং দেখে ব্র্যান্ড চিহ্নিত করতে পারি। অর্থাৎ রং হয়ে ওঠে ব্র্যান্ডের স্বাক্ষর।
বাংলাদেশের প্রেক্ষাপটে রং চয়েজের সঙ্গে সাংস্কৃতিক ও জাতীয় পরিচয়ের গভীর সম্পর্ক রয়েছে। বাংলাদেশের লাল-সবুজ আমাদের স্বাধীনতা ও আত্মত্যাগের প্রতীক। ফলে কোনো জাতীয় বা সামাজিক উদ্যোগে এই রঙের ব্যবহার সহজেই মানুষের আবেগের সঙ্গে সংযোগ স্থাপন করে।
একইভাবে ধর্মীয় ও সামাজিক প্রেক্ষাপটেও রঙের আলাদা তাৎপর্য রয়েছে। সাদা পবিত্রতার প্রতীক হিসেবে গ্রহণযোগ্য, কালো শোকের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত এসব সামাজিক ধারণা ব্র্যান্ডিংয়ের সময় বিবেচনায় নেওয়া জরুরি। ডিজিটাল যুগে রং ব্যবহারের মাত্রা আরও বেড়েছে। ওয়েবসাইট ডিজাইন, মোবাইল অ্যাপ, সোশ্যাল মিডিয়া কনটেন্ট সবখানেই নির্দিষ্ট কালার প্যালেট বজায় রাখা প্রয়োজন। একটি নির্দিষ্ট শেড, টোন ও কনট্রাস্ট ধরে রাখা না গেলে ব্র্যান্ডের ভিজ্যুয়াল পরিচয় দুর্বল হয়ে পড়ে। কালার কনসিসটেন্সি বজায় রাখতে আন্তর্জাতিকভাবে প্যানটোন, সিএমওয়াইকে বা আরজিবি কোড অনুসরণ করা হয়। এতে প্রিন্ট ও ডিজিটাল মাধ্যমে একই রং একইভাবে উপস্থাপন করা সম্ভব হয়।
বাজার প্রতিযোগিতার এই যুগে রং একটি শক্তিশালী পার্থক্যসূচক উপাদান। অসংখ্য ব্র্যান্ডের ভিড়ে একটি স্বতন্ত্র রং ই হতে পারে আলাদা করে চেনার মাধ্যম। তবে রং নির্বাচনে লক্ষ্যগোষ্ঠীর মনস্তত্ত্ব, বয়স, সামাজিক প্রেক্ষাপট ও পণ্যের ধরন বিবেচনায় নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের পণ্যে উজ্জ্বল ও প্রাণবন্ত রং কার্যকর হলেও করপোরেট সেবায় সংযত ও স্থির রং বেশি গ্রহণযোগ্য।
সবশেষে বলা যায়, রং চয়েজ ও ব্যান্ডিং রং একটি প্রতিষ্ঠানের কৌশলগত বিনিয়োগ। এটি কেবল দৃষ্টিনন্দনতা নয়, বরং আস্থা, পরিচয় ও বাজারে অবস্থান তৈরির মাধ্যম। সচেতন গবেষণা, সাংস্কৃতিক সংবেদনশীলতা ও ধারাবাহিক প্রয়োগের মাধ্যমে সঠিক রং একটি ব্র্যান্ডকে মানুষের মনে স্থায়ী আসন দিতে পারে। রং তখন আর শুধু রং থাকে না; হয়ে ওঠে প্রতিষ্ঠানের ভাষা, দর্শন ও আত্মপরিচয়ের শক্তিশালী প্রতীক।
মোঃ সাজ্জাদুল ইসলাম
লেখক ও কলামিস্ট
