“আস্থা, সেবা ও অগ্রগতি”—এই স্লোগানকে সামনে রেখে আধুনিক ব্যাংকিং সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে যমুনা ব্যাংক পিএলসি-এর ১১৭তম “বেতকা বাজার উপশাখা” উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ (সাবেক এমপি)। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় স্বনামধন্য গণ্যমান্য ব্যবসায়ী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কোম্পানি সংবাদ
স্টক নিউজ বিডি: করপোরেট সুশাসন ও স্বচ্ছ ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স–২০২৫’-এ সিলভার (দ্বিতীয় স্থান) অ্যাওয়ার্ড অর্জন করেছে নিটল ইন্স্যুরেন্স পিএলসি।
সম্প্রতি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত এক অনুষ্ঠানে কোম্পানিটির প্রতিনিধিদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন নিটল ইন্স্যুরেন্স পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম মাহবুবুল করিম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মেসবাহ-উল আলম চৌধুরী (অব.) এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সচিব মো. মিজানুর রহমান, এফসিএস।
এ অর্জন কোম্পানিটির করপোরেট সুশাসন, জবাবদিহি, স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার ক্ষেত্রে অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
মধুমতি ব্যাংক পিএলসি ও প্রিমিয়াম ট্যুরস অ্যান্ড কন্সাল্ট্যান্ট এর মধ্যে ১১ নভেম্বর, ২০২৬ তারিখে ব্যাংকটির গুলশানস্থ প্রধান কার্যালয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। মধুমতি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার জনাব আরব ফজলুর রহমান এবং প্রিমিয়াম ট্যুরস অ্যান্ড কন্সাল্ট্যান্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব অরুনোদয় ঘোষ অংশু স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষ হতে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় ব্যাংকের এসভিপি ও হেড অব রিটেইল ব্যাংকিং জনাব মোঃ নূর ই আলম, ভিপি ও হেড অব কার্ড (বিজনেস) জনাব এস. এম. আশিকুর রহমান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রিমিয়াম ট্যুরস অ্যান্ড কন্সাল্ট্যান্ট এর পক্ষ থেকে এয়ার টিকেট এক্সিকিউটিভ জনাব কারিশমা রহমান কলি এবং ব্র্যান্ড ও মার্কেটিং এক্সিকিউটিভ জনাব ফারহানা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় মধুমতি ব্যাংকের কর্মকর্তাগণ ও গ্রাহক কার্ডধারীরা প্রিমিয়াম ট্যুরস অ্যান্ড কনসালট্যান্ট-এর পক্ষ থেকে বিশেষ সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন; যার মধ্যে রয়েছে সকল অভ্যন্তরীণ বিমান টিকিটে ৭% ছাড়, সকল আন্তর্জাতিক বিমান টিকিটে ৭.৫০% ছাড়, যেকোনো দেশের প্যাকেজ ট্যুরে ৫% ছাড়, আন্তর্জাতিক হোটেল বুকিংয়ে ৬% ছাড়, স্টুডেন্ট ভিসা প্রসেসিং সার্ভিস চার্জে ১২% ছাড় এবং সাধারণ ভিসা প্রসেসিং সার্ভিস চার্জে ৪০% ছাড়।
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড চলতি ২০২৬-২৭ হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যেও (NAVPS) ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।
কোম্পানিটির তথ্য অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৩৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল মাত্র শূন্য দশমিক ০০৫ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
প্রতিবেদনে কোম্পানিটি জানিয়েছে, আলোচ্য প্রান্তিকে উৎপাদন ও বিক্রির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় শেয়ারপ্রতি আয় বেড়েছে। উৎপাদন ও বিক্রয় কার্যক্রমে এই অগ্রগতি কোম্পানিটির ব্যবসায়িক সক্ষমতার ইতিবাচক দিক তুলে ধরেছে।
অন্যদিকে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ২১ টাকা ৬ পয়সা। গত ৩০ জুন ২০২৬ তারিখে যা ছিল ২০ টাকা ৭৪ পয়সা। অর্থাৎ তিন মাসের ব্যবধানে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়েছে ৩২ পয়সা। কোম্পানিটি জানিয়েছে, কর-পরবর্তী নিট মুনাফার কারণে NAVPS বৃদ্ধি পেয়েছে।
তবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (NOCFPS) ঋণাত্মক ৫৫ পয়সায় দাঁড়িয়েছে। আগের বছরের একই সময়ে যা ছিল ০.০৫ পয়সা। গ্রাহক ও অন্যান্য খাতে অর্থ পরিশোধের কারণে পরিচালন নগদ প্রবাহ কমেছে বলে জানিয়েছে কোম্পানিটি।
সামগ্রিকভাবে, উৎপাদন ও বিক্রয় বৃদ্ধি, শেয়ারপ্রতি আয় উল্লেখযোগ্যভাবে বাড়া এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যের উন্নতি সোনারগাঁও টেক্সটাইলসের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে ইতিবাচক দিক হিসেবে উঠে এসেছে। তবে ভবিষ্যতে পরিচালন নগদ প্রবাহের উন্নতি কোম্পানিটির জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে।
দেশের সামষ্টিক অর্থনীতিতে বিদ্যমান মুদ্রাস্ফীতির চাপ, বৈদেশিক মুদ্রার বিনিময় হারে অস্থিরতা, অর্থায়ন ব্যয় বৃদ্ধি, ভোক্তা পর্যায়ে ক্রয়ক্ষমতার সীমাবদ্ধতা ইত্যাদি নানান প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও টেসকই এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অসাধারণ সাফল্য দেখিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক-জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
কোম্পানির পরিচালনগত দক্ষতা শক্তিশালীকরণ, কার্যকরী মূলধনের (ওয়ার্কিং ক্যাপিটাল) সর্বোত্তম ব্যবহার, আর্থিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিয়ে ওয়ালটন হাই-টেকের পর্ষদ সময়োপযোগি কৌশলগত পরিকল্পনা এবং দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে চলছে। এরই ফলশ্রুতিতে বিদ্যমান নানান অর্থনৈতিক ও ব্যবসায়িক চ্যালেঞ্জ সফলভাবে মোকাবেলার মাধ্যমে ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০২৬) কোম্পানিটি কর পরবর্তী নিট মুনাফা, বিক্রয়, ইপিএস ও এনএভিতে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে।
ওয়ালটন হাই-টেকের চলতি হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত সময়ের প্রকাশিত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। বুধবার (১১ নভেম্বর, ২০২৬) কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৫৬তম সভায় আলোচ্য সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২০২৭ হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে, প্রথম প্রান্তিকে ওয়ালটনের পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির নিট রেভিনিউর পরিমাণ দাঁড়িয়েছে ১৬৭৯.৪৩ কোটি টাকায়। আগের বছরের একই সময়ে ওয়ালটনের নিট রেভিনিউর পরিমাণ ছিলো ১৪৫১.০৩ কোটি টাকা। সেই হিসাবে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ওয়ালটনের পণ্য বিক্রয় বেড়েছে ১৫.৭৪ শতাংশ। এরই প্রেক্ষিতে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ওয়ালটনের কর-পরবর্তী নিট মুনাফার পরিমাণ দাঁড়ায় ২২৪.৭৪ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল ২২০.৮৯ কোটি টাকা
চলতি হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৬.৭৪ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিলো ৬.৬৩ টাকা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) পুনর্মূল্যায়ন ব্যতীত ২৮৭.০৬ টাকায় এবং এবং পুনর্মূল্যায়নসহ ৩৮৮.০১ টাকায় উন্নীত হয়েছে।
পূর্ববর্তী বছরের তুলনায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেষে শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো’র পরিমাণ (এনওসিএফপিএস) হ্রাস সত্ত্বেও কোম্পানিটি আলোচ্য সময়ে ইতিবাচক নিট পরিচালন নগদ প্রবাহ বজায় রাখতে সক্ষম হয়েছে বলে প্রকাশিত আর্থিক প্রতিবেদনে জানানো হয়। কোম্পানির পরিচালনগত দক্ষতা, আর্থিক স্থিতিশীলতা এবং অংশীজনদের জন্য টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে সুশৃঙ্খল কার্যকরী মূলধন ব্যবস্থাপনা, দেনাদারদের থেকে প্রাপ্য অর্থ আদায় ত্বরান্বিত করা, সরবরাহকারীদের অর্থ পরিশোধের সময়চক্রের সর্বোত্তম ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং বিচক্ষণ তারল্য ব্যবস্থাপনার উপর বিশেষ গুরুত্ব প্রদান অব্যাহত রেখেছে ওয়ালটন ম্যানেজমেন্ট।
বিশেষ অনুসন্ধান | স্টক নিউজ বিডি: রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণন খাতের অন্যতম প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম পিএলসির সর্বশেষ প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবরণী বিশ্লেষণে দেখা যায়, কোম্পানির মূল ব্যবসার পরিচালন মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। অথচ বিপুল অঙ্কের পরিচালনবহির্ভূত আয় যুক্ত হয়ে সামগ্রিক মুনাফার চিত্রকে ইতিবাচক রেখেছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, আলোচ্য প্রান্তিকে কোম্পানির পরিচালন মুনাফা যেখানে মাত্র ২০ কোটি ৯০ লাখ টাকা, সেখানে পরিচালনবহির্ভূত আয় দেখানো হয়েছে ১৮৯ কোটি ২৪ লাখ টাকার বেশি। অর্থাৎ মূল ব্যবসা থেকে অর্জিত পরিচালন মুনাফার প্রায় ৯ গুণ আয় এসেছে পরিচালনবহির্ভূত উৎস থেকে।
স্টক নিউজ বিডির আর্থিক বিবরণী বিশ্লেষণে এসব প্রশ্ন সামনে এসেছে।
মূল ব্যবসার মুনাফায় অবনতি, পরিচালন মুনাফা কমেছে ৮.১৯ শতাংশ
কোম্পানির প্রকাশিত আয় বিবরণী অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে পেট্রোলিয়াম পণ্যে মোট আয় হয়েছে ৬৪ কোটি ৭০ লাখ ৫২ হাজার ৮১২ টাকা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৬১ কোটি ৬২ লাখ ৭০ হাজার ৪৪৮ টাকা। অর্থাৎ আয় বেড়েছে প্রায় ৪.৯৯ শতাংশ।
কিন্তু আয় বাড়লেও ব্যয় নিয়ন্ত্রণে রাখতে পারেনি কোম্পানিটি।
আলোচ্য সময়ে প্রশাসনিক, বিক্রয় ও বিতরণ ব্যয় দাঁড়িয়েছে ৩৬ কোটি ১৪ লাখ ১০ হাজার ৯৭৯ টাকা, যা আগের বছরের ৩৪ কোটি ৫০ লাখ ৮৯ হাজার ৬০৩ টাকার তুলনায় বেশি।
একই সময়ে মোট পরিচালন ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৫১ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৯৬ টাকা। আগের বছরের একই সময়ে এ ব্যয় ছিল ৪৮ কোটি ২ লাখ ৬৮ হাজার ২০৩ টাকা। ব্যয় বৃদ্ধির হার প্রায় ৭.৫৯ শতাংশ।
এর সরাসরি প্রভাব পড়েছে পরিচালন মুনাফায়। গত বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির পরিচালন মুনাফা ছিল ২২ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার ৭৩১ টাকা। চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ২০ কোটি ৯০ লাখ ৮ হাজার ৫২৬ টাকা। অর্থাৎ এক বছরে পরিচালন মুনাফা কমেছে প্রায় ৮.১৯ শতাংশ।
১৮৯ কোটি টাকার পরিচালনবহির্ভূত আয়: মুনাফার প্রধান ভরসা কোন খাত?
মেঘনা পেট্রোলিয়ামের আর্থিক বিবরণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অনুসন্ধানযোগ্য বিষয় হচ্ছে পরিচালনবহির্ভূত আয়।
প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানির পরিচালনবহির্ভূত আয় হয়েছে ১৮৯ কোটি ২৪ লাখ ৬৩ হাজার ৭৬২ টাকা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১৮৫ কোটি ৬২ লাখ ৬২ হাজার ৩৭৯ টাকা।
অন্যদিকে মূল ব্যবসা থেকে পরিচালন মুনাফা এসেছে মাত্র ২০ কোটি ৯০ লাখ টাকা।
অর্থাৎ পরিচালনবহির্ভূত আয় পরিচালন মুনাফার প্রায় ৯.০৫ গুণ। কর-পূর্ব মুনাফার তুলনায় এই পরিচালনবহির্ভূত আয়ের অংশ প্রায় ৯৪.৮ শতাংশ।
এ অবস্থায় কোম্পানিটির মুনাফার গুণগত মান নিয়ে প্রশ্ন উঠছে। কারণ, পরিচালনবহির্ভূত আয় যদি বিনিয়োগ, এফডিআর বা অন্য কোনো আর্থিক উৎস থেকে আসে, তাহলে সেই আয় মূল পেট্রোলিয়াম ব্যবসার বিক্রয় ও পরিচালন দক্ষতার প্রতিফলন নয়।
কোম্পানির ব্যালান্সশিটে স্বল্পমেয়াদি এফডিআর বিনিয়োগ রয়েছে প্রায় ১ হাজার ৪৯৯ কোটি ৮৪ লাখ টাকা এবং দীর্ঘমেয়াদি এফডিআর বিনিয়োগ রয়েছে প্রায় ১ হাজার ৩৩৭ কোটি ১০ লাখ টাকা। এ ছাড়া অবচয় তহবিলের স্বল্পমেয়াদি বিনিয়োগ রয়েছে প্রায় ২০৪ কোটি ৬৩ লাখ টাকা।
এত বিপুল বিনিয়োগ থাকা অবস্থায় ১৮৯ কোটি টাকার পরিচালনবহির্ভূত আয়ের উৎস কী? এর কত অংশ এফডিআরের সুদ, কত অংশ অন্য বিনিয়োগ থেকে এসেছে এবং কোনো এককালীন আয় এতে অন্তর্ভুক্ত রয়েছে কি না—তা পরিষ্কার হওয়া জরুরি।
বিশেষ করে কোম্পানির নোট-৮-এ প্রদর্শিত পরিচালনবহির্ভূত আয়ের বিস্তারিত বিশ্লেষণ ছাড়া এই আয়ের প্রকৃত গুণগত মান নির্ধারণ করা সম্ভব নয়।
আর্থিক ব্যয় ও বিপিসির সুদ ব্যয় বাড়ছে
কোম্পানির আর্থিক ব্যয়ের চিত্রও স্বস্তিদায়ক নয়।
২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আর্থিক ব্যয় হয়েছে ৯ কোটি ১৫ লাখ ৫৭ হাজার ৭৯৪ টাকা। আগের বছরের একই সময়ে এ ব্যয় ছিল ৮ কোটি ২৫ লাখ ৮ হাজার ৭৭৬ টাকা। অর্থাৎ আর্থিক ব্যয় বেড়েছে প্রায় ১০.৯৭ শতাংশ।
অন্যদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে প্রদেয় সুদ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৩৭ লাখ ৩৪ হাজার ৩২৩ টাকা। আগের বছরের একই সময়ে এ ব্যয় ছিল ৫ কোটি ২৬ লাখ ৬৯ হাজার ৮২৪ টাকা। এক বছরে এ খাতে ব্যয় বেড়েছে প্রায় ২১ শতাংশ।
১১ হাজার ৬৩৬ কোটি টাকার পাওনাদার দায়: কার কাছে কত টাকা পাওনা?
ব্যালান্সশিটে সবচেয়ে বড় অঙ্কের দায়ের মধ্যে রয়েছে ক্রেডিটরস অ্যান্ড অ্যাক্রুয়ালস বা পাওনাদার ও জমাকৃত দায়।
৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এ খাতে দায় দেখানো হয়েছে ১১ হাজার ৬৩৬ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ৭৪৭ টাকা। গত ৩০ জুন ২০২৬ তারিখে এ দায় ছিল ১০ হাজার ৬২৭ কোটি ৯৫ লাখ ৩৫ হাজার ৫৫৬ টাকা।
মাত্র তিন মাসে এ দায় বেড়েছে প্রায় ১ হাজার ৮ কোটি ২১ লাখ টাকা। বৃদ্ধির হার প্রায় ৯.৪৯ শতাংশ।
একই সময়ে কোম্পানির মোট চলতি দায় দাঁড়িয়েছে ১১ হাজার ৯২৬ কোটি ২৩ লাখ ৯৬ হাজার ৪৯ টাকা। অর্থাৎ মোট চলতি দায়ের প্রায় ৯৭.৫৭ শতাংশই ক্রেডিটরস অ্যান্ড অ্যাক্রুয়ালস খাতে।
এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে।
কোম্পানির এই বিপুল পাওনাদার দায়ের প্রধান অংশীদার কারা? বিপিসির কাছে দায় কত, সরবরাহকারীদের কাছে কত এবং অন্যান্য প্রতিষ্ঠানের কাছে কত? এসব দায়ের কত অংশ নিয়মিত বাণিজ্যিক লেনদেনের ফল এবং কত অংশ মেয়াদোত্তীর্ণ?
পাওনাদার দায় বৃদ্ধির বিপরীতে কোম্পানির নগদ অর্থ বাড়লেও সরবরাহকারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে দায় নিষ্পত্তির অবস্থা কী—তা জানা প্রয়োজন।
শুধু মোট দায়ের অঙ্ক প্রকাশ করলেই যথেষ্ট নয়; দায়ের প্রকৃতি, মেয়াদ এবং সংশ্লিষ্ট পক্ষের পরিচয়ও বিনিয়োগকারীদের কাছে পরিষ্কার হওয়া উচিত।
নগদ অর্থ ৬ হাজার ৩০৮ কোটি টাকা, তবু দায়ের বোঝা কমছে না কেন?
কোম্পানির ব্যালান্সশিটে নগদ ও নগদ সমতুল্য অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৮ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা। গত ৩০ জুন এ অর্থের পরিমাণ ছিল ৫ হাজার ১৪৫ কোটি ৪ লাখ ৫০ হাজার ৮৩৪ টাকা।
অর্থাৎ মাত্র তিন মাসে নগদ অর্থ বেড়েছে প্রায় ১ হাজার ১৬৩ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার টাকা।
একদিকে বিপুল নগদ অর্থ, অন্যদিকে ১১ হাজার ৬৩৬ কোটি টাকার বেশি পাওনাদার দায়—এই দুই চিত্র একসঙ্গে বিবেচনায় নেওয়া প্রয়োজন।
কোম্পানির হাতে এত নগদ অর্থ থাকার পরও পাওনাদার দায় কেন প্রায় ১ হাজার ৮ কোটি টাকা বেড়েছে? নগদ অর্থের কত অংশ তাৎক্ষণিকভাবে ব্যবহারযোগ্য, কত অংশ নির্দিষ্ট মেয়াদের আমানত বা অন্যান্য আর্থিক ব্যবস্থায় রয়েছে? নগদ ব্যবস্থাপনা ও দায় পরিশোধের নীতি কী?
এ ছাড়া কোম্পানির মোট চলতি সম্পদ ১৪ হাজার ৩৮০ কোটি ৫৮ লাখ ৮৮ হাজার ৯২০ টাকা এবং চলতি দায় ১১ হাজার ৯২৬ কোটি ২৩ লাখ ৯৬ হাজার ৪৯ টাকা। ফলে চলতি অনুপাত প্রায় ১.১৮।
যদিও চলতি সম্পদ চলতি দায়ের চেয়ে বেশি, কিন্তু চলতি সম্পদের বড় অংশ মজুত পণ্য, পাওনা এবং বিনিয়োগে আটকে রয়েছে। তাই শুধু চলতি অনুপাত দেখে কোম্পানির তাৎক্ষণিক তারল্য পরিস্থিতি সম্পূর্ণ নিরাপদ বলা যায় না।
২ হাজার ৬৬০ কোটি টাকার মজুত পণ্য, পাওনা ৩ হাজার ৫৫৫ কোটি টাকা
৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানির মজুত পণ্যের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৬৬০ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৯১ টাকা। গত জুনে তা ছিল ২ হাজার ৫৫৫ কোটি ৪৭ লাখ ৪৭ হাজার ৪১২ টাকা।
অর্থাৎ তিন মাসে মজুত পণ্য বেড়েছে প্রায় ১০৫ কোটি ৫০ লাখ ৭৫ হাজার টাকা।
অন্যদিকে ট্রেড অ্যান্ড আদার রিসিভেবলস বা বাণিজ্যিক ও অন্যান্য পাওনার পরিমাণ রয়েছে ৩ হাজার ৫৫৮ কোটি ৯১ লাখ ৫৭ হাজার ৩০ টাকা।
এত বড় অঙ্কের পাওনার মধ্যে কত টাকা নিয়মিত আদায়যোগ্য, কত টাকা দীর্ঘদিনের বকেয়া এবং কোনো সন্দেহজনক বা অনাদায়যোগ্য পাওনা রয়েছে কি না, তা গুরুত্বপূর্ণ অনুসন্ধানের বিষয়।
জ্বালানি বিপণনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে মজুত পণ্য, সরবরাহ, বিক্রয় এবং পাওনা আদায়ের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব খাতে পর্যাপ্ত তথ্য প্রকাশ না হলে বিনিয়োগকারীদের পক্ষে প্রকৃত কার্যকরী মূলধন ব্যবস্থাপনা মূল্যায়ন করা কঠিন।
নিট মুনাফা বেড়েছে ৩.৮ শতাংশ, কিন্তু মূল ব্যবসার মুনাফা কমেছে
সব মিলিয়ে চলতি প্রথম প্রান্তিকে কোম্পানির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৬০ কোটি ৪৬ লাখ ১৩ হাজার ৪৭৪ টাকা। আগের বছরের একই সময়ে তা ছিল ১৫৪ কোটি ৫৮ লাখ ৯৬ হাজার ২৮২ টাকা।
নিট মুনাফা বেড়েছে প্রায় ৩.৮ শতাংশ। শেয়ারপ্রতি আয় (EPS) ১৪.২৯ টাকা থেকে বেড়ে ১৪.৮৩ টাকায় দাঁড়িয়েছে।
কিন্তু শুধু EPS বৃদ্ধিকে কোম্পানির ব্যবসায়িক সক্ষমতার উন্নতি হিসেবে দেখা কতটা যুক্তিযুক্ত?
কারণ, একই সময়ে পরিচালন মুনাফা কমেছে ৮.১৯ শতাংশ, অথচ পরিচালনবহির্ভূত আয় ১৮৯ কোটি টাকার বেশি। ফলে নিট মুনাফা বৃদ্ধির পেছনে মূল ব্যবসার চেয়ে পরিচালনবহির্ভূত আয়ের প্রভাব অনেক বেশি।
এ অবস্থায় বিনিয়োগকারীদের সামনে কোম্পানির মূল ব্যবসার আয়, বিনিয়োগ থেকে আয় এবং এককালীন আয়ের পৃথক চিত্র তুলে ধরা প্রয়োজন।
মূলধনী বিনিয়োগ ও সম্পদ সম্প্রসারণ নিয়েও প্রশ্ন
কোম্পানির সম্পত্তি, প্ল্যান্ট ও ইকুইপমেন্টের পরিমাণ গত জুনের ১ হাজার ২৩০ কোটি ৮৪ লাখ টাকা থেকে কমে সেপ্টেম্বর শেষে ১ হাজার ১৮৩ কোটি ৪৩ লাখ টাকায় দাঁড়িয়েছে।
অন্যদিকে ক্যাপিটাল ওয়ার্ক-ইন-প্রগ্রেস বা চলমান মূলধনী কাজের পরিমাণ ৮৩৪ কোটি ৬১ লাখ টাকা থেকে বেড়ে ৮৮৩ কোটি ৪১ লাখ টাকায় দাঁড়িয়েছে।
অর্থাৎ চলমান মূলধনী কাজের পরিমাণ বাড়লেও সম্পত্তি, প্ল্যান্ট ও যন্ত্রপাতির নিট বইমূল্য কমেছে।
আলোচ্য প্রান্তিকে মূলধনী ব্যয় হয়েছে প্রায় ১৮ কোটি ৪২ লাখ টাকা।
কোম্পানির ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও বিনিয়োগের কার্যকারিতা মূল্যায়নে এসব তথ্য গুরুত্বপূর্ণ।
বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছ ব্যাখ্যা জরুরি
মেঘনা পেট্রোলিয়ামের আর্থিক বিবরণী থেকে একদিকে বিপুল নগদ অর্থ ও বিনিয়োগের উপস্থিতি দেখা যায়, অন্যদিকে মূল ব্যবসার পরিচালন মুনাফা হ্রাস, পরিচালনবহির্ভূত আয়ের ওপর উচ্চ নির্ভরতা, আর্থিক ব্যয় বৃদ্ধি এবং বিপুল পাওনাদার দায়ের চিত্রও উঠে এসেছে।
কোম্পানির নিট মুনাফা ও EPS সামান্য বাড়লেও মুনাফার উৎস এবং ব্যবসায়িক কার্যকারিতা নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে।
বিশেষ করে ১৮৯ কোটি টাকার পরিচালনবহির্ভূত আয়ের বিস্তারিত ব্যাখ্যা, ১১ হাজার ৬৩৬ কোটি টাকার পাওনাদার দায়ের প্রকৃতি এবং বিপিসির সুদ ব্যয় বৃদ্ধির কারণ প্রকাশ করা জরুরি।
বিনিয়োগকারীদের কাছে প্রশ্ন—মেঘনা পেট্রোলিয়ামের মুনাফা কি মূল ব্যবসার শক্তিতে বাড়ছে, নাকি বিপুল বিনিয়োগ থেকে অর্জিত আয়ই মুনাফার প্রধান অবলম্বন হয়ে উঠেছে?
কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছ থেকে এসব প্রশ্নের স্বচ্ছ ও তথ্যভিত্তিক ব্যাখ্যা পাওয়া এখন সময়ের দাবি।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ০.২২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ৫৮ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৮৬ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৫৭ পয়সা।
আগামী ২৮ ডিসেম্বর, সকাল সাড়ে ১১টায় হাইব্রিড প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।
আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘ কর্ম-অভিজ্ঞতাসম্পন্ন বিশিষ্ট ব্যাংকার ও আর্থিক সেবা খাতের জ্যেষ্ঠ নির্বাহী জনাব সেলিম বারকাত আজ (১০ নভেম্বর ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. (ডিএসই)-এর ১১২৭তম বোর্ড সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেন।
জনাব সেলিম বারকাত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে প্রায় চার দশকের কর্মজীবনে তিনি দেশীয় ও আঞ্চলিক পর্যায়ে নেতৃত্ব, বৈশ্বিক ঋণ ও কাউন্টারপার্টি ঝুঁকি ব্যবস্থাপনা, পুঁজিবাজার এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।
১৯৮৯ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি সিটিব্যাংক এনএ বাংলাদেশে কর্মরত ছিলেন। এ সময়ে বাংলাদেশে ব্যাংকটির প্রথম শাখা প্রতিষ্ঠার মূল দলের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তী সময়ে তিনি সরকারি খাত ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যাংকটির সম্পর্ক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিনিয়োগসংক্রান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা করেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেসরকারিকরণ বিষয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত পরামর্শক কার্যক্রমে সিটিব্যাংকের প্রতিনিধিত্ব করেন।
২০০১ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সিটিগ্রুপে বিভিন্ন জ্যেষ্ঠ ব্যবসায়িক ও ঝুঁকি ব্যবস্থাপনাসংক্রান্ত পদে দায়িত্ব পালন করেন। তাঁর দায়িত্বের মধ্যে ছিল বৈশ্বিক অলাভজনক প্রতিষ্ঠানগুলোর (Not-for-Profit) গ্রাহকগোষ্ঠী এবং বারমুডাভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা। এ ছাড়া তিনি সিনিয়র ক্রেডিট অফিসার ও পোর্টফোলিও ব্যাংকার হিসেবে বৈশ্বিক বিনিয়োগ ব্যাংক এবং ব্রোকার-ডিলার প্রতিষ্ঠানের পোর্টফোলিও ব্যবস্থাপনা করেন। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন স্টক এক্সচেঞ্জ, ক্লিয়ারিং হাউস ও ডিপোজিটরিসহ আর্থিক বাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সিটিগ্রুপের সদস্যপদ ও সংশ্লিষ্ট ঝুঁকি ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। পরবর্তী সময়ে তিনি উত্তর আমেরিকার বীমা খাতের একটি পোর্টফোলিও পরিচালনা করেন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থায়ন ও একীভূতকরণ-অধিগ্রহণ (M&A) কার্যক্রমে অংশগ্রহণ করেন।
২০১৯ সালে তিনি বাংলাদেশে ফিরে এসে হাবিব ব্যাংক লিমিটেডের (এইচবিএল) জেনারেল ম্যানেজার ও কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে তিনি দক্ষিণ এশিয়া অঞ্চলের রিজিওনাল জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ দায়িত্বের আওতায় বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপের কার্যক্রম তত্ত্বাবধান করেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশে এইচবিএলের ব্যবসায়িক কার্যক্রম ধারাবাহিক মুনাফা, শক্তিশালী মূলধন ভিত্তি এবং বাজারের অন্যতম নিম্ন খেলাপি ঋণের হার বজায় রাখতে সক্ষম হয়। দক্ষিণ এশিয়া অঞ্চলে তিনি সুশাসন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন ব্যবস্থাকে আরও শক্তিশালী করেন। পাশাপাশি ট্রানজ্যাকশন ব্যাংকিং ও ট্রেজারি কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি এবং চীন-কেন্দ্রিক বাণিজ্যিক করিডর ও চীনা মুদ্রা ইউয়ানের তারল্য ব্যবস্থাপনা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
২০২৬ সালের সেপ্টেম্বর থেকে তিনি ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের (FinExcel) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটিকে আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট ও সরকারি সংস্থাগুলোর জন্য একটি শীর্ষস্থানীয় কৌশলগত ও আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি বিভিন্ন উদ্যোগ তত্ত্বাবধান করছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ এবং একই বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে সম্মানসহ ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএসএস) ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি FINRA Series 7 সার্টিফিকেশন অর্জন করেছেন, কর্ন ফেরির লিডারশিপ এক্সিলেন্স প্রোগ্রাম সম্পন্ন করেছেন এবং রাটগার্স বিজনেস স্কুলে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এবার খুলনার ডাকবাংলায় দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য উপহার পেলেন শতরুপা বিশ্বাস। দেশজুড়ে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ এর ‘হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ওয়ালটনের আরেকটি ফ্রিজসহ এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন এবং সাউন্ডবারসহ ঘরভর্তি নানা ইলেকট্রনিক্স পণ্য উপহার পেয়ে মহাখুশি শতরুপা ও তাঁর পরিবার।
সোমবার (৯ নভেম্বর, ২০২৬) বিকেলে নগরীর শহীদ হাদিস পার্কে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান আনুষ্ঠানিকভাবে শতরুপার হাতে ওয়ালটনের উপহারের পণ্যগুলো তুলে দেন। ওয়ালটন প্লাজা ডাকবাংলা শাখা কর্তৃক আয়োজিত ওই হস্তান্তর অনুষ্ঠানে নগরীর বিভিন্ন প্রান্তের মানুষেরা ছুটে আসেন। নগরীজুড়ে তৈরি হয় এক উৎসবের আমেজ।
পণ্য হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, হেড অব সেলস এম এম নাজমুল হাসান, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন প্লাজা এইচআরএম বিভাগের প্রধান ফয়সাল ওয়াহিদসহ ওয়ালটন প্লাজা খুলনা অঞ্চলের বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে জানানো হয়, শীত মৌসুমকে সামনে রেখে গত ১৭ নভেম্বর, ২০২৬ তারিখ থেকে দেশব্যাপী পরিচালিত হচ্ছে ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘। এই সিজনেও ক্রেতাদের বিশেষ সুবিধা দিতে ঘোষণা করা হয়েছে ‘ওয়ালটন হাউসফুল অফার’। এর আওতায় আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ তারিখ পর্যন্ত দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এছাড়াও রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত আকর্ষণীয় উপহার পাওয়ার সুবিধা।
এই ক্যাম্পেইনের আওতায় সম্প্রতি খুলনার ডাকবাংলা ওয়ালটন প্লাজা শাখা থেকে একটি রেফ্রিজারেটর কেনেন শতরুপা বিশ্বাস। এরপর তার নাম, মোবাইল নাম্বার ও ক্রয়কৃত ফ্রিজের বারকোড নাম্বারসহ বিস্তারিত তথ্য ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করেন। এর কিছুক্ষণ পরেই শতরুপার নিবন্ধনকৃত মোবাইল নাম্বারে ‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ঘরভর্তি পণ্য ফ্রি পাওয়ার একটি এসএমএস আসে।
হস্তান্তর অনুষ্ঠানে ওই সময়ের প্রতিক্রিয়া ব্যক্ত করে শতরুপা বলেন, প্লাজার ম্যানেজারকে ঘরভর্তি পণ্য উপহারের এসএমএসটি দেখালে তিনি জানান, ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় ফ্রিজে কেনার সুবাদে আমি ওয়ালটন থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিনসহ ঘরভর্তি আরো অনেক ইলেকট্রনিক্স পণ্য উপহার পেয়েছি। এটা শুনেই খুশিতে আত্মহারা হয়ে পড়ি। ওয়ালটন ফ্রিজের মান ভালো। দেখতে সুন্দর। দামও হাতের নাগালের মধ্যে। তাই ওয়ালটন ফ্রিজ কিনেছিলাম। ক্রেতাকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমার মত সাধারণ ক্রেতাদেরকেই ওয়ালটন সত্যি সত্যি উপহার বুঝিয়ে দিচ্ছে- এটা দেখার পর ওয়ালটনের প্রতি আস্থা ও শ্রদ্ধা আরও অনেক বেড়ে গেল।
উল্লেখ্য, বিক্রয়োত্তর সেবা আরও দ্রুত ও স্বয়ংক্রিয় করতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ তৈরি করছে ওয়ালটন। এর মাধ্যমে গ্রাহকের বিস্তারিত তথ্য ওয়ালটনের নিজস্ব সার্ভারে সংরক্ষিত থাকে, যার ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে সহজেই সেবা পাওয়া যায়। এই কার্যক্রমে গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে উৎসাহিত করতেই ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করে আসছে ওয়ালটন।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রাসায়নিক খাতের কোম্পানি দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড ব্যবসায় প্রবৃদ্ধির ধারাবাহিকতা ধরে রেখেছে। প্রতি বছরই কোম্পানিটির মুনাফা, শেয়ার প্রতি আয় (ইপিএস) এবং শেয়ার প্রতি নীট এ্যাসেট বেড়ছে। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটি এ যাবৎ কালের সর্বোচ্চ ইপিএস করেছে। পাশাপাশি ঘোষণা করেছে রেকর্ড ৪০ শতাংশ নগদ লভ্যাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে প্রাপ্ত তথ্য-পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।
ডিএসইর ওয়েবসাইটে ২০২১ সাল থেকে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মৌলিক তথ্য পাওয়া যায়। সে তথ্য অনুসারে, ২০২১ সালে দি এক্মি ল্যাবরেটরিজ লিমিটেড এর ইপিএস ছিল ৭ টাকা ৪২ পয়সা; ২০২২ সালে ৯ টাকা ৯৮ পয়সা; ২০২৩ সালে ১০ টাকা ৮৯ পয়সা; ২০২৪ সালে ১১ টাকা ৬১ পয়সা; ২০২৫ সালে ১১ টাকা ৪৮ পয়সা এবং ২০২৬ সালে (অর্থবছর ২০২৫-২৬) ইপিএস হয়েছে ১২ টাকা ৬৫ পয়সা।
গত ছয় বছরের মধ্যে ২০২৪-২০২৫ অর্থবছর ছাড়া প্রতিবছরই কোম্পানিটির ইপিএস বেড়েছে। এর মধ্যে ২০২১-২২ অর্থবছরে ইপিএস বেড়েছে ৩৪ দশমিক ৫০ শতাংশ; ২০২২-২৩ অর্থবছরে ৯ দশমিক ১২ শতাংশ; ২০২৩-২৪ অর্থবছরে ৬ দশমিক ৬১ শতাংশ এবং ২০২৫-২৬ অর্থবছরে ১০ দশমিক ১৯ শতাংশ।
ইপিএস বৃদ্ধির পাশাপাশি কোম্পানির শেয়ার প্রতি নীট সম্পদের পরিমাণ ও বৃদ্ধি পেয়েছে। ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ৩০ জুন ২০২৬ এ কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদের মূল্য ১৩৯.৩৭ টাকা যা গত অর্থবছরের তুলনায় ১০.২৯% বৃদ্ধি পেয়েছে। ৩০ জুন ২০২৫ এ কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ছিল ১২৬.৩৭ টাকা।শেয়ারে বিনিয়োগ করুন
দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর ৬ বছরের ইপিএস

বিগত ২৬ অক্টোবরে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর পরিচালনা পর্ষদ বৈঠকে সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ৪০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। এটি এখন পর্যন্ত এক্মির সর্বোচ্চ লভ্যাংশ। ২০১৬ সালে তালিকাভুক্তির পর থেকেই কোম্পানিটি ধারাবাহিকভাবে আকর্ষণীয় লভ্যাংশ দিয়ে আসছে। প্রথম বছরে কোম্পানিটি ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। পরের তিন বছরও একই হারে লভ্যাংশ দেওয়া হয়।২০২০ সালে কোম্পানিটি ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর পর থেকে গত বছর পর্যন্ত কোম্পানির ঘোষিত লভ্যাংশ ছিল ২৫ থেকে ৩৫ শতাংশের মধ্যে।
বাজার বিশ্লেষকদের মতে, যে কোন কোম্পানির মুনাফায় ধারাবাহিক প্রবৃদ্ধি পুঁজিবাজারের জন্য খুবই ইতিবাচক বিষয়। তাতে কোম্পানি ও বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়ে, কোম্পানির আরো বেশি লভ্যাংশ দেওয়ার সক্ষমতা তৈরি হয়। বর্তমানে মন্দা বাজারে যেখানে মূলধনী মুনাফার সুযোগ নেই বললেই চলে, এমন সময়ে একটু ভাল লভ্যাংশ পেলে বিনিয়োগকারীরা লাভবান হতে পারেন। দি এক্মি ল্যাবরেটরিজ লিমিটেড এর রেকর্ড লভ্যাংশ তাই খুবই ইতিবাচক একটি বিষয়
