Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

খেলাধুলা

থাইদের গুঁড়িয়ে শুরু বাংলাদেশের

স্টক নিউজ বিডি October 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নারী এশিয়া কাপে থাইল্যান্ডকে ৮২ রানে গুঁড়িয়ে দেওয়ার পর দারুণ ব্যাটিংয়ে ৯ উইকেটের বিশাল এক জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে টস ভাগ্যটা সঙ্গ দেয়নি বাংলাদেশ অধিনায়ক নিগারকে। টস জিতে থাইল্যান্ড নেয় ব্যাট করার সিদ্ধান্ত। তবে সে সিদ্ধান্তটাকে মোটেও ‘ভালো’ মনে হতে দেয়নি বাংলাদেশের বোলাররা। থাই মেয়েদের গুঁড়িয়ে দিয়েছে ৮২ রানেই।

থাইল্যান্ড অবশ্য শুরুটা করেছিল বেশ দেখে শুনে। তবে বাংলাদেশি বোলাররা একটু পরই চড়াও হন তাদের ওপর। পঞ্চম ওভারে প্রথম উইকেট খোয়ায় থাইরা। পাওয়ারপ্লের শেষ ওভারে আরও একটা। এরপর পান্নিতা মায়া ২২ বলে ২৬ রানের ইনিংস খেলে বাংলাদেশকে খানিকটা অস্বস্তিতেই রেখেছিলেন।

তবে দলীয় ৫৪ রানে তিনি ফেরার পরই ভেঙে পড়ে থাইল্যান্ডের ইনিংস। ৩ ওভারের ব্যবধানে ৫৪-২ থেকে ৬১-৭ হয়ে যায় থাইদের স্কোরকার্ড। এরপরও যে থাইদের ইনিংসটা ২০ ওভার পর্যন্ত গিয়েছে, তার কৃতিত্বটা পুরো সরনারিন তিপোচ আর রোসেনান কানোহের। দুজনের ১১ ও ১০ রানের দুই ইনিংসে শেষমেশ স্কোরটা ৮২ পর্যন্ত নিয়ে যায় থাইল্যান্ড।

রুমানা আহমেদ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন। ২টি করে উইকেট শিকার করেন নাহিদা, সানজিদা ও সোহেলী।

ব্যাট হাতে শেষ কিছু দিন ধরেই সময়টা বেশ ভালো কাটছে ওপেনার ফারজানা হকের, বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালেও পেয়েছিলেন দারুণ এক ফিফটি। সে ফর্মটা এশিয়া কাপেও টেনে এনেছেন তিনি। সঙ্গে পেয়েছেন ওপেনার শামিমা সুলতানাকেও, তার ব্যাটও হাসল আজ। মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে দুজন শুরু থেকেই চড়াও হয়েছিলেন থাই বোলারদের ওপর। তাতে ১০ উইকেটের জয়টাই নিয়তি বলে মনে হচ্ছিল স্বাগতিকদের।

তবে জয় থেকে বাংলাদেশ যখন হাতছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে, তখনই বিদায় নেন শামিমা। থিপাচা পুথাওংয়ের বলে সুইপ করতে গিয়ে বোল্ড হন, ৩০ বলে ৪৯ রান করে ফেরেন তিনি। বাকি পথটা অবশ্য বাংলাদেশ পাড়ি দিয়েছে নির্বিঘ্নেই। ১১.৪ ওভারেই পেরিয়ে গেছে থাইদের দেওয়া ৮৩ রানের লক্ষ্য। ৯ উইকেটের জয় দিয়ে এশিয়া কাপ শিরোপা ধরে রাখার মিশন শুরু করেন নিগাররা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আবারও মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

স্টক নিউজ বিডি September 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: হন্ডুরাসের পর জ্যামাইকার বিপক্ষেও দুইবার বল জালে জড়ালেন সাতবারের ব্যালন ডি অর জয়ী লিওলেন মেসি। তাতে কাতার বিশ্বকাপের প্রস্তুতি ভালোভাবেই সারলো আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় বুধবার সকালে প্রীতি ম্যাচে জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। হুলিয়ান আলভারেস দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে জোড়া গোল করেন মেসি।

জ্যামাইকার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে মেসিকে রাখেননি আর্জেন্টিনার কোচ স্কালোনি। তার জায়গায় শুরুতে নামেন হুলিয়ান আলভারেজ। মাত্র ১৩ মিনিটেই নিজের সামর্থ্য বুঝিয়ে দেন তিনি।

লাউতারো মার্টিনেজের অ্যাসিস্টে দলকে এগিয়ে দেন আলভারেজ। তার এগিয়ে যাওয়ার পর আর গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। যদিও প্রথমার্ধে ৬২ শতাংশ সময় বল দখলে ছিল তাদের।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি মার্টিনেজ। ৫৫তম মিনিটে তার বদলেই মেসিকে নামান আর্জেন্টাইন কোচ। বাকি ৩৫ মিনিটে কখনও ঢিমেতালে কখনও আবার জাদুকরী কারিশমায় সবাইকে উদ্বেলিত করেন মেসি।

৮৫তম মিনিটে জিওভানি লো সেলসোর পাস ধরে ডি-বক্সের ঠিক বাইরে থেকে বাম পায়ের শটে জালের ঠিকানা খুঁজে নেন মেসি। দলকে ২-০ গোলে এগিয়ে দেওয়ার পরেও থামেননি আর্জেন্টাইন তারকা।

৮৯তম মিনিটে দারুণ ফ্রি-কিকে আবার জালে বল পাঠান মেসি। বুদ্ধিদীপ্ত ফ্রি-কিকে মাটি কামড়ানো শটে ডানদিক দিয়ে বল জালে জড়ান অন্যতম সেরা এই ফুটবলার। জাতীয় দলের হয়ে এটি তার ৯০তম গোল।

হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন মেসি। তবে এক ভক্ত মাঠে ঢুকে যাওয়ায় সেই আক্রমণ আর শেষ করার সুযোগ পাননি আর্জেন্টিনা অধিনায়ক।

আগামী নভেম্বরে বিশ্বকাপ শুরুর আগে আবুধাবিতে আরব আমিরাতের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেটি জিতলে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়েই বিশ্বকাপ শুরু করতে পারবেন মেসিরা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এক বছর পর টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ

স্টক নিউজ বিডি September 28, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অবশেষে এক বছর পর টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৩২ রানে হারিয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে। এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতলো টাইগাররা। প্রথম ম্যাচ ৭ রানে জিতেছিল সোহান বাহিনী।

এর মাধ্যমে ২০২১ সালের সেপ্টেম্বরের পর টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ। সর্বশেষ ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল টাইগাররা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার রাতে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান করে টাইগাররা। জবাবে ৫ উইকেটে ১৩৭ রান করতে পারে আরব আমিরাত।

ইনিংস ওপেন করতে নামা মিরাজ ও সাব্বির রহমানের ১টি করে চারে প্রথম ওভারে ৯ রান পায় বাংলাদেশ। তৃতীয় ওভারে মিরাজ ১টি চার ও সাব্বির ছক্কা মারলে ১৪ রান জমা হয় বাংলাদেশের স্কোরবোর্ডে। তবে চতুর্থ ওভারের চতুর্থ বলে আমিরাতের বাঁ-হাতি স্পিনার আরইয়ান লাকরা ১২ বলে ৯ রান করা সাব্বিরকে আউট করলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

দলীয় ২৭ রানে প্রথম উইকেট পতনের পর ক্রিজে আসেন লিটন দাস। পাওয়ার প্লের সুবিধা কাজে লাগাতে শুরুতেই ২টি চার মারেন লিটন। এতে ৬ ওভার শেষে ১ উইকেটে ৪৮ রান পায় বাংলাদেশ। পাওয়ার প্লে শেষ হবার পরও রানের চাকা দ্রুত ঘুড়নোর চেষ্টা করেন লিটন। আরও ২টি চার মারেন তিনি।

কিন্তু নবম ওভারের দ্বিতীয় বলে বিদায় নিতে হয় লিটনকে। ৪টি চারে ২০ বলে ২৫ রান করে আরব আমিরাতের স্পিনার আয়ান আফজাল খানের প্রথম শিকার হন লিটন। দ্বিতীয় উইকেটে মিরাজের সাথে ২৮ বলে ৪১ রান স্কোর বোর্ডে জমা করেন লিটন।

লিটনের বিদায়ে উইকেটে আসেন আগের ম্যাচের হিরো আফিফ হোসেন। উইকেটে গিয়েই মারমুখী হয়ে উঠেন তিনি। ২টি চার ও ১টি ছক্কা আসে আফিফের ব্যাট থেকে। তবে উইকেটে সেট হয়ে উঠার আগেই ১০ বলে ১৮ রান করা আফিফকে দ্বিতীয় শিকার বানান আফজাল।

১১তম ওভারে আফিফ যখন ফিরেন তখন দলের রান ৯০। পাঁচ নম্বরে নামা মোসাদ্দেক হোসেনের ছক্কায় ১৩তম ওভারে বাংলাদেশ শতরান স্পর্শ করে।

১৪ ও ১৫তম ওভারে মিরাজ ও মোসাদ্দেক ২টি করে চার মেরে বাংলাদেশের রানের গতি বাড়ান। কিন্তু ১৫তম ওভারের পঞ্চম বলে থামতে হয় দারুন খেলতে থাকা মিরাজকে। আরব আমিরাতের পেসার সাবির আলির বলে লেগ বিফোর আউট হন মিরাজ। ৫টি চারে ৩৭ বলে ৪৬ রান করেন তিনি।

মিরাজের আউটের পর রানের গতি কমে যায় বাংলাদেশের। পরের ১৯ বলে মাত্র একটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি পায় টাইগাররা। দুটিই আসে ইয়াসির আলির ব্যাট থেকে। এর মাঝে ১৭তম ওভারের শেষ বলে আউট হন মোসাদ্দেক। ২টি চার ও ১টি ছক্কায় ২২ বলে ২৭ রান তুলেন মোসাদ্দেক।

১৯তম ওভারে মাত্র ৭ রান পায় বাংলাদেশ। বাউন্ডারি দিয়ে ইনিংসের শেষ ওভার শুরু করেছিলেন অধিনায়ক নুরুল হাসান সোহান। তবে পরের চার বলে আসে মাত্র চার রান। আর শেষ বলে ছক্কা মেরে বাংলাদেশের স্কোর ১৬৯-এ পৌঁছে দেন সোহান। প্রথম ম্যাচেও ইনিংসের শেষ বলে ছক্কা মেরেছিলেন এই সিরিজের অধিনায়ক সোহান।

১৩ বলে অপরাজিত ২১ রান করেন ইয়াসির। ১০ বলে ১৯ রানে অপরাজিত থাকেন সোহান। দু’জনেই ১টি করে চার-ছক্কা মারেন।

আরব আমিরাতের আফজাল ৩৩ রানে নেন ২ উইকেট।

আমিরাতকে ১৭০ রানের টার্গেট দিয়ে বোলিং করতে নেমে তৃতীয় ওভারেই সাফল্য পেয়ে যায় বাংলাদেশ। প্রথম দুই ওভারে বল হাতে সাফল্য এনে দেন দুই পেসার মোহাম্মদ সাইফুদ্দিন ও তাসকিন আহমেদ। তাই তৃতীয় ওভারে স্পিনার নাসুম আহমেদকে আক্রমণে আনেন অধিনায়ক সোহান। পঞ্চম বলেই নিজের ডেলিভারিতে নিজেই ক্যাচ নিয়ে আরব আমিরাতের চিরাগ সুরিকে শিকার করেন নাসুম। ৫ রান করেন সুরি।

পঞ্চম ওভারের শেষ দুই বলে নাসুমকে দুটি ছক্কা মারেন আমিরাতের আরেক ওপেনার মোহাম্মদ ওয়াসিম। পরের ওভারের সেই ওয়াসিমকে লেগ বিফোর আউট করেন মুস্তাফিজুর রহমানের জায়গায় খেলতে নামা তাসকিন। ১৬ রান করেন ওয়াসিম।

বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ার প্লেতে ২ উইকেটে ২৮ রান তুলতে পারে আরব আমিরাত। পাওয়ার-প্লে শেষ হবার পর প্রথমবারের মত আক্রমণে এসেই ২ উইকেট তুলে নেন স্পিনার মোসাদ্দেক হোসেন। তৃতীয় বলে লাকরাকে ও চতুর্থ বলে আরবিন্দকে শিকার করেন মোসাদ্দেক। লাকরা ৪ ও আরবিন্দ ২ রানে ফেরেন। হ্যাট্টিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি এ টাইগার বোলার।

২৯ রানে ৪ উইকেট পতনে চাপে পড়ে আরব আমিরাত। এ অবস্থায় বড় জুটি গড়তে সাবধানে ব্যাট করতে থাকেন বাসিল হামিদ ও অধিনায়ক চুন্দঙ্গাপয়িল রিজওয়ান। পঞ্চম উইকেটে জুটি বেঁধে দেখে-শুনে খেলতে থাকেন তারা। চতুর্থ উইকেট পতনের পর, পরের ৩৪ বলে মাত্র ১টি বাউন্ডারি মারতে পারেন এই জুটি।

১৩ ওভার থেকে মারমুখী হয়ে উঠেন হামিদ-রিজওয়ান। ১৩তম ওভারে ১২, ১৫ থেকে ১৭তম ওভার পর্যন্ত যথাক্রমে- ১০, ১৪ ও ১১ রান নেন তারা। এসময় ৪টি চার ও ২টি ছক্কা মারেন এই দুই ব্যাটার।

শেষ ৩ ওভারে ৫৫ রানের সমীকরণ পায় স্বাগতিকরা। ১৮তম ওভারে তাসকিন ৩ রান দিলে, সেখানেই একরকম ম্যাচ হার নিশ্চিত হয়ে যায় আমিরাতের। কারণ শেষ ২ ওভারে জয়ে সমীকরণ দাঁড়ায় ৫২ রানের। ১৯তম ওভারের তৃতীয় বলে হামিদ-রিজওয়ান জুটি ভাঙেন শরিফুলের ইসলামের জায়গায় একাদশে সুযোগ পাওয়া আরেক পেসার এবাদত হোসেন। ৪টি চারে ৪০ বলে ৪২ রান করা হামিদকে শিকার করেন এবাদত।

পঞ্চম উইকেটে ৭২ বলে ৯০ রান তুলেন হামিদ-রিজওয়ান। যা টি-টোয়েন্টি ইতিহাসে আরব আমিরাতের সর্বোচ্চ রানের জুটি।

১৯তম ওভারের শেষ বলে চার মেরে টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান রিজওয়ান। শেষ পর্যন্ত ৩৬ বলে ২টি করে চার-ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন রিজওয়ান। আরব আমিরাতের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৩৭ রান।
বাংলাদেশ জয় পায়ে ৩২ রানের।

মোসাদ্দেক ২ ওভারে ৮ রানে নেন ২ উইকেট নেন। ১টি করে শিকার করেন তাসকিন-নাসুম-এবাদত।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিদায়বেলায় কাঁদলেন ফেদেরার

স্টক নিউজ বিডি September 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অবশেষে বিদায় নিলেন আধুনিক টেনিসের অন্যতম সেরা খেলোয়াড় সুইস সেনসেশন রজার ফেদেরার। বিদায় বেলা যেমন নিজে কেঁদেছেন, একইভাবে কাঁদিয়েছেন বন্ধু-সতীর্থ-প্রতিপক্ষদেরও। শনিবার লেভার কাপে ডাবলসে ক্যারিয়ারের শেষ ম্যাচটিতে তার সঙ্গী ছিলেন দীর্ঘদিনের প্রতিপক্ষ ও বন্ধু রাফায়েল নাদাল। তাই নাদালের কাছে অনুভূতিটা একটু ভিন্ন। পরাজয়ের মধ্য দিয়েই অবশ্য বিদায় ঘটেছে বিশ্ব টেনিসের এই আপদমস্তক পেশাদার এক রাজার।

২০ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ফেদেরারের ক্যারিয়ার যদিও আরো কিছুটা দীর্ঘায়িত হতে পারতো। কিন্তু হাঁটুর ইনজুরির কারনে গত বছরের জুলাইয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালের পর থেকে আর কোর্টে নামতে পারেননি। ৪১ বছর বয়সে তাই টেনিসকে বিদায় জানাতেই হলো। লন্ডনের হাজারো সমর্থকও প্রিয় তারকার বিদায়ে অনেকটাই আবেগী হয়ে পড়েছিলেন।

টিম ইউরোপের হয়ে খেলতে নেমে গতকাল ফেদেরার ও নাদাল জুটি টিম ওয়ার্ল্ডের ফ্রান্সেস টিয়াফো ও জ্যাক সকের কাছে লন্ডনের ও২ এরিনাতে হেরে গেছেন ৪-৬, ৭-৬ (৭/২), ১১-৯ গেমে। এই ফলাফলে টিম ইউরোপ ও টিম ওয়ার্ল্ড ২-২ ব্যবধানে সমতায় ছিল। কিন্তু অস্ট্রেলিয়ান এ্যালেক্স ডি মিনায়েরের কাছে এন্ডি মারে দিনের শেষে সিঙ্গেলসে হেরে যাওয়ায় টিম ইউরোপের পরাজয় নিশ্চিত হয়।

বিদায়ক্ষনে আবেগী ফেদেরার বলেছেন, “আমরা যেকোন ভাবেই এগিয়ে গিয়েছিলাম। আজকের দিনটা ছিল দুর্দান্ত। আমি সবাইকে বলতে চাই আমার মন খারাপ নয়, আমি খুশী। এখানে খেলতে আসাটাই দারুন এক অনুভূতি। যদিও সবকিছুই ছিল শেষবারের মত। আমি তেমন একটা চাপ অনুভব করছি না। মনে হচ্ছে হয়তোবা আগামীকাল আরো কিছু ঘটতে যাচ্ছে। কিন্তু ম্যাচটি ছিল অসাধারন। রাফাসহ আরো কিছু লিজেন্ডের সাথে এখানে খেলার সুযোগ পাওয়ায় সবাইকে ধন্যবাদ।”

প্রায় দুই দশক ধওের স্পেনের নাদালের বিপক্ষে কোর্টে নামার প্রতিটি মুহূর্ত ফেদেরার উপভোগ করেছেন। ক্যারিয়ারের স্বর্নালী সময়ে দু‘জন মিলে একসাথে জিতেছেন ৪২টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। এই জুটি প্রথমবার ২০০৪ সালে একে অপরের মুখোমুখি হয়েছিলেন। এ পর্যন্ত ৯টি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালসহ ৪০ বার মোকাবেলা করেছেন। এর মধ্যে নাদাল জিতেছেন ২৪টি, ফেদেরার ১৬টি।

শুক্রবার অবশ্য একে অপরের পাশে থেকে প্রতিপক্ষকে মোকাবেলা করেছেন। কোর্টে আসার পরেই পুরো স্টেডিয়ামের ভক্ত-সমর্থকরা শেষবারের মত দাঁড়িয়ে ফেদেরারকে স্বাগত জানিয়েছেন।

শক্তিশালী টিম ইউরোপে আরো ছিলেন নোভাক জকোভিচ ও এন্ডি মারে। আধুনিক টেনিসে ‘বিগ ফোর’ হিসেবে খ্যাত চার তারকা একসাথে একই দলে খেলেছেন। ফেদেরারের বিদায়ক্ষনে এর থেকে স্মরণীয় স্মৃতি আর হতে পারেনা। সিঙ্গেলস ম্যাচে খেলতে অপারগতা জানানোর কারনে ফেদেরারের স্থানে খেলেছেন ইতালির মাত্তেও বেরাত্তিনি।
লেভার কাপে এর আগের চারটি আসরই জিতেছে টিম ইউরোপ।

২০০৩ সালে প্রথম গ্র্যান্ড স্ল্যাম হিসেবে উইম্বলডনের শিরোপা জিতেছিলেন ফেদেরার। ১৯ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে আটটি উইম্বলডন শিরোপাসহ সর্বমোট জিতেছেন ১০৩টি শিরোপা। একাই জয় করেছেন ১৩০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশী প্রাইজ মানি। নাদাল (২২) ও জকোভিচ (২১) উভয়ই ফেদেরারের গ্র্যান্ড স্ল্যাম জয়ের সংখ্যাকে ছাড়িয়ে গেছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার দুর্দান্ত জয়

স্টক নিউজ বিডি September 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: লিওনেল মেসির কাঁধে চেপে আরেকটি অনায়াস জয় তুলে নিয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কাতার বিশ্বকাপের জার্সি পরে প্রথমবারের মতো নেমে জোড়া গোল করলেন মেসি। আর তাতেই হন্ডুরাসের বিপক্ষে বড় জয় পেল কোচ লিওনেল স্কালোনির দল।

বাংলাদেশ সময় শনিবার সকালে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজের গোলে দল এগিয়ে যাওয়ার পর দুবার বল জালে পাঠান মেসি।

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত কেবল বল দখলেই নয় আক্রমণেও একচেটিয়া আধিপত্য ছিল আর্জেন্টিনার। প্রথমার্ধে নিজেদের অর্ধ থেকে বেরই হতে পারেনি হন্ডুরাস, দ্বিতীয় অর্ধেও চিত্রপটে তেমন পরিবর্তন আসেনি।

ম্যাচের বয়স তখন ১৬ মিনিট তখন মাঝমাঠ থেকে মেসির বাড়ানো বল বক্সে খুঁজে পায় আলেহান্দ্রো পাপু গোমেজকে। তার স্কয়ার করা বল সহজে প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন লাউতারো মার্টিনেজ।

বিরতির ঠিক আগে মেলে দ্বিতীয় গোলের দেখা। ডি-বক্সে জিওভানি লো সেলসো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। নিখুঁত স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। আর তাতে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টানিরা।

বিরতি থেকে ফিরেও আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা। ৬০তম মিনিটে ব্যবধান আরও বাড়ানোর সুবর্ণ সুযোগ পান মার্টিনেজের বদলি নামা হুলিয়ান আলভারেস। সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক, কিন্তু তার গায়ে মেরে বসেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড।

এরপর বেঞ্চের শক্তি বাজিয়ে দেখার দিকে মনোযোগ দেন কোচ স্কালোনি। তাতে তিয়াগো আলমাদা পান প্রথম আন্তর্জাতিক ম্যাচের স্বাদ, সময় পান ইউলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টাররা।

ম্যাচের ৬৯তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগান মেসি। অসাধারণ এক গোল করে বসেন আর্জেন্টাইন সুপার স্টার। এনসো ফের্নান্দেসের চাপের মুখে বল হারিয়ে ফেলে হন্ডুরাসের কেরভিন। আলগা বল পেয়ে ২৫ গজ দূর থেকে স্কুপ শট নেন মেসি, আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে তা খুঁজে নেয় ঠিকানা।

এ নিয়ে জাতীয় দলের হয়ে ৮৮টি গোল করলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

এ দিন হ্যাটট্রিক হতে পারতো পিএসজি তারকার। ৮৪তম মিনিটে বক্সের বাইরে থেকে তার লাফিয়ে নেওয়া শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে যায়।

শেষমেশ ৩-০ ব্যবধান ধরে রেখেই ম্যাচ শেষ করে আর্জেন্টিনা। এই নিয়ে রেকর্ড ৩৪ ম্যাচ অপরাজিত রইলো স্কালোনির দল।

আগামী ২৮ সেপ্টেম্বর জ্যামাইকার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এবার হোয়াইটওয়াশের পথে ভারত

অস্ট্রেলিয়াকে হারিয়ে সমতায় ফিরলো ভারত

স্টক নিউজ বিডি September 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দ্বিতীয় ম্যাচে সফরকারী অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজের সমতায় ফিরেছে স্বাগতিক ভারত।

শুক্রবার রাতে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় টিম ইন্ডিয়া। প্রথম টি-টোয়েন্টিতে ভারতের ২০৮ রানের পাহাড় টপকে ৪ উইকেটে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।

বৃষ্টির কারণে নাগপুরের ম্যাচটি ৮ ওভারে নামিয়ে আনা হয় হয়। কার্টেল ওভারের ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ভারত।

দ্বিতীয় ওভারেই আগের ম্যাচের নায়ক ক্যামেরুন গ্রিন ও গ্লেন ম্যাক্সওয়েলকে হারায় অস্ট্রেলিয়া। গ্রিন ৫ রানে রান আউট ও ম্যাক্স খালি হাতে ভারতের স্পিনার অক্ষর প্যাটেলের শিকার হন। চার নম্বরে নামা টিম ডেভিডকে ২ রানে বিদায় দেন প্যাটেল।

৩১ রানে ৩ ব্যাটারকে হারালেও অস্ট্রেলিয়ার রানের চাকা সচল রাখেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাতে ৫ ওভারে ৪৬ রান পায় অসিরা। পঞ্চম ওভারের শেষ বলে ফিঞ্চকে দারুন এক ইর্য়রকারে বোল্ড করেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। আউট হওয়ার আগে ৪টি চার ও ১টি ছক্কায় ১৫ বলে ৩১ রান করেন ফিঞ্চ।

দলীয় ৪৬ রানে ফিঞ্চের আউটের পর ইনিংসের শেষ দিকে ভারতীয় বোলারদের উপর চড়াও হন উইকেটরক্ষক ম্যাথু ওয়েড। তার ২০ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৩ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ৮ ওভারে ৫ উইকেটে ৯০ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।

ভারতের প্যাটেল ২টি ও বুমরাহ ১টি উইকেট নেন।

৯১ রানের টার্গেটে ভারতকে দারুন সূচনা এনে দেন দুই ওপেনার রোহিত ও লোকেশ রাহুল। ১৭ বলে ৩৯ রানের জুটি গড়েন তারা। ৬ বলে ১০ রান করে ফিরেন রাহুল। ইনিংসের তৃতীয় ওভারে রাহুলকে শিকার করে অস্ট্রেলিয়াকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার এডাম জাম্পা।

পঞ্চম ওভারে ডাবল উইকেট তুলে ভারতকে চাপে ফেলে দেন জাম্পা। বিরাট কোহলিকে ১১ ও সূর্যকুমার যাদবকে শূন্য হাতে বিদায় করেন এই স্পিনার।

চতুর্থ উইকেটে হার্ডিক পান্ডিয়াকে নিয়ে ২২ রানের জুটি গড়েন রোহিত। যার মধ্যে পান্ডিয়ার অবদান ৯ রান। এমন অবস্থায় ম্যাচ জিততে শেষ ওভারে ১০ রানের সমীকরণ দাঁড়ায় স্বাগতিকদের সামনে।

অষ্টম ওভারের প্রথম বলে ছক্কা ও দ্বিতীয় ডেলিভারিতে চার মেরে ভারতের জয় নিশ্চিত করেন দিনেশ কার্তিক। ২ বলে অপরাজিত ১০ রান করেন কার্তিক।

২০ বলে অপরাজিত ৪৬ রান করে ভারতের জয়ে বড় অবদান রাখেন রোহিত শর্মা। ৪টি করে চার-ছক্কা মারা রোহিত ম্যাচ সেরা নির্বাচিত হন। এই ইনিংসের সুবাদে টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ছক্কার মালিক হয়ে যান রোহিত।

অস্ট্রেলিয়ার জাম্পা ১৬ রানে ৩ উইকেট নিয়ে দলকে হারের মুখ থেকে রক্ষা করতে পারেননি।

আগামীকাল রোববার হায়দারাবাদে সিরিজ নির্ধারনী ম্যাচ খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
শিরোপা নিয়েই ঘরে ফিরতে বললেন সাঙ্গাকারা

শিরোপা নিয়েই ঘরে ফিরতে বললেন সাঙ্গাকারা

স্টক নিউজ বিডি September 11, 2022

কাগজে-কলমে থাকলেও এবারের এশিয়া কাপের শুরু থেকেও শ্রীলঙ্কা দলকে কেউ ফেভারিট হিসেবে বিবেচনা করেনি। পরাজয় দিয়ে টুর্নামেন্ট শুরুর পর সেই দলটি টানা চার জয়ে জায়গা করে নিয়েছে ফাইনালে।

স্বাভাবিকভাবেই এখন লঙ্কানদের নিয়ে বাড়তি স্বপ্ন বুনছেন ভক্ত-সমর্থকরা। তার ওপর সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা তো শানাকা-হাসারাঙ্গাদের বলেই দিয়েছেন, শিরোপা নিয়ে তবেই ফিরবে তোমরা।

শানাকাদের উদ্দেশ্যে লঙ্কান এই কিংবদন্তি ক্রিকেটার বলেন, ‘মাঠে যাও এবং শিরোপা নিয়ে আসো।’

এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ (১১ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার প্রতিপক্ষ পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এই ম্যাচে আলাদাভাবে কাউকে এগিয়ে রাখার সুযোগ নেই। উভয় দলই ধারাবাহিক ক্রিকেট খেলে ফাইনালে পা রেখেছে।

অবশ্য ফাইনালের আগে বাড়তি অনুপ্রেরণা পাচ্ছে শ্রীলঙ্কা। কারণ সুপার ফোরের আনুষ্ঠানিকতার ম্যাচে পাকিস্তানকে রীতিমত উড়িয়ে দিয়েছে দলটি। সেই জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়েও ভালো কিছু করতে চাইবে শানাকা অ্যান্ড কোং।

শিরোপার লড়াইয়ে মাঠে নামার আগে শ্রীলঙ্কা দলকে শুভকামনা জানিয়েছেন লঙ্কান লিজেন্ড সাঙ্গাকারা। এক ভিডিও বার্তায় এই কিংবদন্তি ক্রিকেটার বলেন, ‘শানাকা এবং শ্রীলঙ্কা দলকে এই বার্তা পাঠানো খুব আনন্দের ও সম্মানের। ফাইনালে মাঠে নামার আগে তোমাদের শুভকামনা জানাচ্ছি। আমি তোমাদের খেলায় নজর রাখছি। শুধু এশিয়া কাপ নয়, পুরো মাসজুড়ে দল যে ক্রিকেট খেলেছে, সেটা অনুপ্রেরণামূলক।’

সেইসঙ্গে সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘সামনে আর কেবল একটা ম্যাচ। তোমরা তোমাদের সেরা ক্রিকেট উপহার দাও। এই দলে অবিশ্বাস্য প্রতিভাধর এবং যোগ্য ক্রিকেটার আছে। তোমরা দল হয়ে খেলছো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দল যখন খাদের কিণারায় তখনই তোমরা নিজেদের সেরাটা দিচ্ছো। এটা সবাইকে আনন্দ দিচ্ছে। এবার মাঠে যাও এবং শিরোপা নিয়ে আসো।’

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মুশফিকুর-রহিম

টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন মুশফিক

স্টক নিউজ বিডি September 4, 2022

ব্যর্থ এশিয়া কাপ শেষ করে দেশে ফিরেই বড় সিদ্ধান্ত নিলেন মুশফিকুর রহিম। আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জানালেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন তিনি।

তবে বাংলাদেশের হয়ে ওয়ানডে ও টেস্ট খেলে যাবেন জাতীয় দলের এ সাবেক অধিনায়ক। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও অন্যান্য টি-টোয়েন্টি টুর্নামেন্টও খেলবেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে অবসরের ঘোষণা দিয়ে মুশফিক লিখেছেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রেরণা।’

তিনি আরও লিখেছেন, ‘টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য।’

ঘরোয়া টি-টোয়েন্টি খেলে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি আরও জানান, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) সহ অন্যান্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি টোয়েন্টি ফরম্যাটে। আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিই এই ফরম্যাটে তার শেষ হয়ে রইলো। শেষ ম্যাচ তথা শেষ টুর্নামেন্টে অবশ্য বলার মতো কিছুই করতে পারেননি মুশফিক।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ১ রানে আউট হওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মুশফিকের ব্যাট থেকে আসে মাত্র ৪ রান। দুই ম্যাচে মাত্র ৫ রান করেই বাংলাদেশের চতুর্থ ও বিশ্বের ৪৬তম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫শ রান পূরণ করেছেন তিনি।

তবে এই মাইলফলকে খুশি হওয়ার উপায় নেই একদমই। এই ফরম্যাটে অন্তত ১৫শ রান করা ব্যাটারদের মধ্যে বিশ্বের সবচেয়ে বাজে অবস্থা মুশফিকেরই। এই ১৫শ রান করতে বিশ্বের সবচেয়ে বেশি ১০২ ম্যাচ খেলেছেন মুশফিক। বিশ্বের সবচেয়ে কম মাত্র ১৯.৪৮ গড়ে এই রান করেছেন তিনি।

এছাড়া সবচেয়ে কম স্ট্রাইকরেটও মুশফিকের, তিনি রান করেছেন মাত্র ১১৫.০৩ স্ট্রাইকরেটে। অবশ্য অন্তত ১৫শ রান করা ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম স্ট্রাইকরেটের তালিকায় সাতজনের মধ্যে চারজনই বাংলাদেশের। তামিম ইকবাল ১১৬.৯৬, মাহমুদউল্লাহ রিয়াদ ১১৭.৩০ ও সাকিব আল হাসান রান করেছেন ১২০.৭২ স্ট্রাইকরেটে।

সবমিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১০২ ম্যাচ খেলে ছয় ফিফটির সাহায্যে ১৫০০ রান করেছেন মুশফিক। তার অধীনে ২৩টি কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলে ৮টিতে জিতেছে বাংলাদেশ। ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত এই ফরম্যাটে অধিনায়কত্ব করেন মুশফিক।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
হাইভোল্টেজ লড়াই আজ, ফের মুখোমুখি ভারত-পাকিস্তান

হাইভোল্টেজ লড়াই আজ, ফের মুখোমুখি ভারত-পাকিস্তান

স্টক নিউজ বিডি September 4, 2022

রাজনৈতিক বৈরিতার কারণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষীয় সিরিজ হয় না। ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত ভারত-পাকিস্তান লড়াই তাই দেখা যায় কালেভদ্রে।

এক একটি ম্যাচের জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হয় ক্রিকেটভক্তদের। তবে এবার যেন মেঘ না চাইতেই বৃষ্টি পেয়ে যাচ্ছেন তারা। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে ভারত আর পাকিস্তান।

সুপার ফোর পর্বে আজ (রোববার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়বে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

গত ২৮ আগস্ট এশিয়া কাপের গ্রুপপর্বে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সে লড়াইয়ে শেষ ওভারে গিয়ে ৫ উইকেট আর ২ বল হাতে রেখে জেতে ভারত।

পাকিস্তানের জন্য তাই সুপার ফোর পর্বের লড়াইটি এক অর্থে প্রতিশোধের। এমনিতেই মর্যাদার লড়াই। তার ওপর এক সপ্তাহ আগে হার। পাকিস্তান চাইবে যে করেই হোক প্রতিশোধ নিতে।

সাম্প্রতিক ফর্মের বিচারে অবশ্য এগিয়ে রয়েছে ভারতই। গ্রুপপর্বে দুই ম্যাচই জিতে (পাকিস্তান আর হংকং) ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে রোহিত শর্মার দল নিশ্চিত করেছে শেষ চার।

হংকংকে গ্রুপপর্বে ভারত হারায় ৪০ রানে। সেই তুলনা করলে অবশ্য পাকিস্তান নিজেদের এগিয়ে রাখতে পারে। হংকংকে তারা রীতিমত বিধ্বস্ত করে পা রেখেছে সুপার ফোরে।

শুক্রবার রাতে হংকংকে মাত্র ৩৮ রানে গুটিয়ে দিয়ে ১৫৫ রানের জয় তুলে নেয় পাকিস্তান। ফলে প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও ‘এ’ গ্রুপে রানার্সআপ হিসেবে সুপার ফোরের টিকিট পেয়ে যায় বাবর আজমের দল।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ ওভারে পাকিস্তানকে হারালো ভারত

স্টক নিউজ বিডি August 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: টানটান উত্তেজনা। পুরো স্টেডিয়ামে পিনপতন নীরবতা। কি হতে কী হয়! কোন দল জিতবে, শেষ ওভার পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছিল না। যদিও ভারতের পাল্লাই ভারি ছিল শেষ দিকে এসে।

তবে লড়াইটা শেষ ওভারের চতুর্থ বল পর্যন্ত উম্মুক্তই ছিল দুই দলের জন্য। শেষ পর্যন্ত এই লড়াইয়ে হাসলো ভারত। হার্দিক পান্ডিয়ার ছক্কায় ভাঙলো পাকিস্তানের স্বপ্ন। দুবাইয়ে এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ৫ উইকেট আর ২ বল হাতে রেখে জিতেছে ভারত।

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় ভারত। অভিষিক্ত নাসিম শাহর করা দ্বিতীয় বলে বোল্ড হন লোকেশ রাহুল। কাট করতে গিয়ে বল উইকেটে টেনে আনেন রাহুল (১ বলে ০)।

এরপর বিরাট কোহলি, রোহিত শর্মা বেশ কয়েকবার পরাস্ত হয়েছেন। তবে ভাগ্যগুণে আউট হওয়া থেকে বেঁচে গেছেন দুজনই। ৬ ওভারের পাওয়ার প্লেতে ভারত তোলে ১ উইকেটে ৩৮ রান।

সপ্তম ওভারে শাদাব খান দেন মাত্র ৩ রান। রানের চাপ কমাতে পরের ওভারে মোহাম্মদ নেওয়াজের ওপর চড়াও হন রোহিত। লংঅনের ওপর দিয়ে হাঁকান বিশাল এক ছক্কা। তবে এক বল পর আরেকটি ছক্কা হাঁকাতে গিয়েই বিপদ ডেকে এনেছেন ভারতীয় দলপতি।

মিডঅফে তুলে মারতে গিয়ে ঠিকমতো ব্যাটে-বলে করতে না পেরে লংঅনে ক্যাচ হন রোহিত। তাতেই থামে তার ১৮ বলে ১২ রানের ধীরগতির ইনিংসটি। এক ওভার পর আরেক সেট ব্যাটার কোহলিকেও ফেরান নেওয়াজ। ৩৪ বলে ৩৫ করে লংঅফে ধরা পড়েন কোহলি।

১১ থেকে ১৪-চার ওভারে মাত্র ২৭ রান তুলতে পারে ভারত। সেই চাপ থেকে সূর্যকুমার ১৫তম ওভারে চড়াও হতে চান নাসিম শাহর ওপর। কিন্তু ওভারের দ্বিতীয় বলটি ক্রস খেলতে গিয়ে পুরোপুরি মিস করে বসেন ডানহাতি এই ব্যাটার, বোল্ড হয়ে ফেরেন ১৮ বলে ১৮ করে।

এর আগে ভুবনেশ্বর-হার্দিকদের তোপে ইনিংসের এক বল বাকি থাকতে ১৪৭ রানেই অলআউট হয়ে গেছে পাকিস্তান। অর্থাৎ জিততে হলে ভারতকে করতে হবে ১৪৮।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত। অধিনায়ক রোহিত শর্মা অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারের হাতে তুলে দেন প্রথম ওভার।

অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রথম ওভারেই পাকিস্তানকে চেপে ধরেন এই পেসার। ওভারের দ্বিতীয় বলেই আবেদন। ভুবনেশ্বরের বাউন্সারটি গিয়ে আঘাত করে রিজওয়ানের ভেতরের পায়ে। আবেদনে সাড়াও দেন বাংলাদেশের আম্পায়ার মাসুদুর রহমান।

আম্পায়ার আঙুল তুলে দিলে সঙ্গে সঙ্গেই রিভিউ নেন রিজওয়ান। রিভিউতে দেখা যায়, বল চলে যেতো স্টাম্পের অন্তত তিন থেকে চার ইঞ্চি ওপর দিয়ে। সুতরাং, নট আউট। রিভিউ নিয়ে এ যাত্রায় বেঁচে যান মোহাম্মদ রিজওয়ান।

ওভারের শেষ বলে আবারও ব্যাটার রিজওয়ান। অফ স্টাম্পের বাইরে বলটি খেলতে গিয়েছিলেন তিনি। কিন্তু বল ব্যাটকে ফাঁকি দিয়ে চলে যায় উইকেটরক্ষক দিনেশ কার্তিকের হাতে। ফের আউটের আবেদন তোলে ভারতীয়রা। আম্পায়ার মাসুদুর থাকেন নির্বিকার। এবার ভারত নেয় রিভিউ।

এবারও বেঁচে যায় পাকিস্তান। রিভিউতে দেখা যায়, বল ব্যাটকে ছুঁয়ে যায়নি, একেবারে কাছ ঘেঁষে চলে যায়। ফলে দুই দুইবার আউটের খুব কাছে এসেও আউট হননি রিজওয়ান।

এক ওভার পর এসে ভুবনেশ্বরই ভারতকে প্রথম সাফল্য এনে দেন। ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে ভুবনেশ্বরের বাউন্সার পুল করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ তুলে দেন বাবর। ৯ বলে তিনি করেন মাত্র ১০ রান।

এরপর মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিটি যখন থিতু হওয়ার পথে, তখনই ফাখরকেও হারিয়ে বসেছে পাকিস্তান। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে আভেশ খানের বেরিয়ে যাওয়া ডেলিভারিতে ব্যাট চালিয়ে আউট হন ফাখর (৬ বলে ১০)।

অবশ্য বলটি গ্লাভসে নিলেও ব্যাটে লেগেছে কিনা নিশ্চিত ছিলেন না উইকেটরক্ষক দিনেশ কার্তিক। আবেদন করেননি ভারতীয় ফিল্ডাররাও। ফাখরই নিজে বেরিয়ে যান ক্রিজ থেকে। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে ৪৩ রান তোলে পাকিস্তান।

এরপর ৩৮ বলে ৪৫ রানের জুটি গড়েন ইফতিখার আহমেদ আর রিজওয়ান। ১৩তম ওভারে জুটিটি ভাঙেন হার্দিক পান্ডিয়া। তার বাউন্সার হুক করতে গিয়ে উইকেটরক্ষক কার্তিকের গ্লাভসবন্দী হন ইফতিখার (২২ বলে ২৮)।

নিজের পরের ওভারে এসে জোড়া শিকার করেন হার্দিক। সেট ব্যাটার রিজওয়ান (৪২ বলে ৪৩) আর খুশদিল শাহকে (২) ফিরিয়ে পাকিস্তানকে চাপে ফেলে দেন ভারতীয় অলরাউন্ডার।

সেখান থেকে দ্রুত আরও দুই উইকেট হারায় পাকিস্তান। ভুবনেশ্বরের লেগকাটারে আসিফ আলি (৭ বলে ৯) জোরে হাঁকাতে গিয়ে ক্যাচ হন বাউন্ডারিতে। পরের ওভারে মোহাম্মদ নেওয়াজকে (১) তুলে নেন অর্শদীপ সিং।

১১৪ রানে ৭ উইকেট হারানো পাকিস্তান এরপর লড়াকু পুঁজি পর্যন্ত গেছে শেষ উইকেট জুটির কল্যাণে। হারিস রউফ আর শাহনেওয়াজ দাহানি ৮ বলে যোগ করে দেন মূল্যবান ১৯ রান। রউফ ৭ বলে ১৩ আর দাহানি ৬ বলেই ২ ছক্কায় করেন ১৬ রান।

১৯তম ওভারে জোড়া উইকেট শিকার করা ভুবনেশ্বরই ছিলেন ভারতের পক্ষে সবচেয়ে সফল। ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন এই পেসার। ৩টি উইকেট নেন হার্দিক পান্ডিয়া।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য