Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বাংলাদেশ-ক্রিকেট

বোলিংয়ে ধুঁকছে, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির সমীকরণে এগিয়ে বাংলাদেশ

স্টক নিউজ বিডি November 11, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ার সামনে বেশ চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। তবে ৩০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও বেশ স্বচ্ছন্দ্যে এগোচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬.২ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ১৬৪ রান। মিচেল মার্শ আছেন সেঞ্চুরির দোরগোড়ায়। ব্যাট করছেন ৯৪ রান নিয়ে। স্টিভেন স্মিথ অপরাজিত ৭ রানে।

এই ম্যাচে অস্ট্রেলিয়ার জয় আটকানো কঠিন হবে বলেই মনে হচ্ছে এখন পর্যন্ত। তবে একটি সমীকরণে অনেকটা এগিয়ে আছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে অস্ট্রেলিয়াকে ২২.৪ ওভার পর্যন্ত রান তাড়ায় আটকে রাখতে হতো।

প্রাথমিক সে লক্ষ্য পূরণ হয়েছে। ফলে রানরেটে শ্রীলঙ্কার নিচে আর যাওয়ার সম্ভাবনা নেই। নেদারল্যান্ডস তাদের শেষ ম্যাচে ভারতের কাছে হারলে সেরা আটে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে টাইগাররা।

লক্ষ্য ৩০৭। রান তাড়ায় অস্ট্রেলিয়াকে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন তাসকিন আহমেদ। দলীয় ১২ রানের মাথায় ট্রাভিস হেডকে (১০) বোল্ড করে ফেরান টাইগার গতিতারকা। তবে দ্বিতীয় উইকেটে মিচেল মার্শ আর ডেভিড ওয়ার্নার গড়েন সেঞ্চুরি জুটি। ১১৬ বলে গড়া তাদের ১২০ রানের জুটিটি অবশেষে ভেঙেছেন মোস্তাফিজুর রহমান।

কাটার মাস্টারের বলে মিডঅনে নাজমুল শান্তর হাতে সহজ ক্যাচ তুলে দেন ওয়ার্নার। ৬১ বলে ৬ বাউন্ডারিতে অসি ওপেনার করেন ৫৩ রান।

এর আগে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ১৫.১ ওভারেই টাইগাররা পৌঁছেছিল ১০০ রানের মাইলফলকে। ৩ উইকেট হারিয়ে ২০০ পূরণ করে ৩৩ ওভারে। এরপর তাওহিদ হৃদয়ের ব্যাটে ভর করে এবং সঙ্গে বাকি ব্যাটাররা মিলে বাংলাদেশের রান পার করেছে ৩০০’র গণ্ডি।

পুরো বিশ্বকাপে এ নিয়ে দুটি ওপেনিং জুটি হলো মোটামুটি সন্তোষজনক। একটি ভারতের বিপক্ষে, আরেকটি আজ শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ৭৬ রানের দুর্দান্ত এক জুটি গড়লেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস এবং তানজিদ হাসান তামিম।

কারও ব্যাট থেকে সেঞ্চুরি আসেনি। তবে মাঝারিমানের বেশ কয়েকটি ইনিংসই বাংলাদেশের স্কোর ৩০০ পার করে দিয়েছে। ৭৯ বলে ৭৪ রানের দারুণ এক ইনিংস খেলেন তাওহিদ হৃদয়। ৫৭ বলে ৪৫ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। ৩৬ রান করে স্কোরবোর্ডে যোগ করেন তানজিদ হাসান তামিম এবং লিটন দাস। ৩২ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা এনে দেন লিটন এবং তানজিদ তামিম। দুজনই প্রথম ১০ ওভার পার করেন স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করে।

অবশেষে ১১.২ ওভারের মাথায় ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। ৩৪ বলে ৩৬ রান করে সিন অ্যাবটের বলে রিটার্ন ক্যাচ দিয়ে ফিরে যান বাংলাদেশ দলের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। ৬টি বাউন্ডারির মার মারেন তিনি।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৩০ রানের জুটি গড়েন লিটন দাস। ১৬.৪ ওভারে ১০৬ রানের মাথায় আউট হন বাংলাদেশ দলের এই ওপেনার। ৪৫ বলে ৩৬ রান করেন তিনি। বাউন্ডারির মার মারেন ৫টি।

অধিনায়ক শান্তর জন্য দুর্ভাগ্য, ৫ রানের জন্য হাফ সেঞ্চুরি হলো না। ৪৫ রান নিয়ে যখন ব্যাট করছিলেন তখন দ্রুত দুই রান নিতে গিয়ে রানআউট হন তিনি।

মাহমুদউল্লাহ রিয়াদ এবং তাওহিদ হৃদয় জুটি চেষ্টা করেছিলেন বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু ৪৪ রানের জুটি ভেঙে যায় রানআউটের কারণে। মাহমুদউল্লাহ রিয়াদ রানআউট হন ২৮ বলে ৩২ রান করে। মুশফিকুর রহিমও আশা জাগিয়ে আউট হয়েছেন ২১ রান করে। মেহেদী হাসান মিরাজ ২০ বলে ২৯ রান করে আউট হন।

শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ গিয়ে থামে ৮ উইকেট হারিয়ে ৩০৬ রানে। অস্ট্রেলিয়ার হয়ে দুটি উইকেট করে নেন সিন অ্যাবট এবং অ্যাডাম জাম্পা। ১ উইকেট নেন মার্কাস স্টয়নিস।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

‘চিরপ্রতিদ্বন্দ্বী’ শব্দটা ভালো লাগে না সাকিবের

স্টক নিউজ বিডি August 26, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটে এখন বড় প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা। লঙ্কানদের সঙ্গে ম্যাচ মানেই হাড্ডাহাড্ডি লড়াই, দুই দেশের দর্শকদের বাড়তি উত্তেজনা। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানও বেশ উন্নতি করেছে। মাঠে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বাংলাদেশকে।

এই দুই দলের বিপক্ষে এবার এশিয়া কাপের গ্রুপপর্বের ম্যাচ বাংলাদেশের। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইটা কেমন হবে?

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের অবশ্য ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ শব্দটাই শুনতে চাইলেন না। তার কথা, ‘দেখুন চিরপ্রতিদ্বন্দ্বী এই শব্দটা আমার খুব বেশি একটা ভালো লাগে না। কিন্তু শেষ কিছু ম্যাচ আমরা অনেক কম্পিটিটিভ খেলেছি দুইটা দলের সঙ্গেই। ওরা যখন খেলে সর্বোচ্চ চেষ্টাটাই করে জয়ের জন্য এবং আমরাও যখন খেলি আমাদেরও সর্বোচ্চ চেষ্টা থাকে জয়ের। এটা আসলে সমর্থকদের জন্য ভালো ক্রিকেটের জন্য ভালো। আমরাও চাই এমন কিছু হোক।’

সাকিব যোগ করেন, ‘তবে দিনশেষে আমাদের চাওয়া থাকবে আমরাই যেনো জিততে পারি। যেহেতু এখন সবাই সবাইকে চেনে ওইরকম চিরপ্রতিদ্বন্দ্বিতার বিষয়টি খেলোয়ারদের মধ্যেও নেই। তবে দেশের জন্য একটি ম্যাচ সবসময় অনেক গুরুত্ব বহন করে। এবং আমরা বাংলাদেশ টিম সেটাই করার চেষ্টা করি। এরকম অনেক বড় যখন টুর্নামেন্টে আমরা খেলতে যাই আমরা অনেক বেশি ফ্লেক্সিবল থাকার চেষ্টা করি। যেটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়।’

জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও একই সুরে কথা বললেন, ‘আমি এ রকম কোনো দ্বৈরথের ব্যাপারে অবগত নই। তবে এর আগে এশিয়া কাপে দুই দলের সঙ্গে আমাদের ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমি মনে করি, দুই দলই আমাদের চ্যালেঞ্জের মুখে ফেলবে।’

শ্রীলঙ্কার সঙ্গে প্রথম ম্যাচ। সাকিব আবার লঙ্কানদের মাঠে সম্প্রতি খেলে এসেছেন এলপিএল ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্ট। পিচ কেমন হয় তাই ধারণা ভালোই দিতে পারবেন সাকিব।

টাইগার অধিনায়ক পিচ নিয়ে বললেন, ‘যেহেতু আমাদের প্রথম খেলা, ওখানে আগের যে রেকর্ডগুলো আছে সব সময় প্যাকিং পিচই হয়ে থাকে। এখানে ব্যাটসম্যানরা রান করার সুবিধা পায় যে কারণে বোলারদের জন্য খুবই চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে কিন্তু ব্যাটসম্যানদের জন্য দ্রুত রান করা একটা আরও বড় চ্যালেঞ্জিং। তাই আমাদের আসলে সবদিকেই প্রিপারেশন থাকতে হবে।’

এলপিএলে খেলা নিয়ে বলেন, ‘এলপিএলে সিচুয়েশনটা একটু ডিফারেন্ট ছিল। তবে এশিয়া কাপ হয়তো ডিফারেন্ট পিচে হবে। যে কারণে ওইটার সাথে এটা কম্পেয়ার করাটা একটু ডিফিকাল্ট হবে। তবে যে কন্ডিশন আমি জানি এবং কিছুদিনের পার্থক্যে আমি যা দেখে আসলাম তাতে খুব বেশি একটা পার্থক্য হওয়ার কথা না। আর আমরা যেহেতু তিন চারদিন আগে যাচ্ছি, ওইটা নিয়ে তো অবশ্যই আমাদের মধ্যে আলোচনা হবে। তাই আশা করছি এটা নিয়ে খুব বেশি একটা ঝামেলা হবে না।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এশিয়া কাপে এবাদতের খেলা নিয়ে শঙ্কা

স্টক নিউজ বিডি August 21, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চোটের কারণে আসন্ন এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াড থেকে ছিটকে পড়ার শঙ্কা তৈরি হয়েছে পেসার এবাদত হোসেনের। যদিও এখন পর্যন্ত নিশ্চিত করে তার ছিটকে পড়ার কথা স্বীকার করেননি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বোলিংয়ের সময় বাঁ পায়ে চোট পান এবাদত। যে কারণে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না।

সোমবার পড়ন্ত বিকেলে এবাদতের ব্যাপারে জানতে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে ফোন করা হলে তিনি জাগো নিউজকে জানান, ‘এবাদতের হাঁটুতে ব্যথা। তার এমআরআই করানো হয়েছে। এমআরআই রিপোর্ট এখনো হাতে পাইনি। রিপোর্ট পেলে বলা যাবে।’

এটুকু বলার পাশাপাশি দেবাশীষ চৌধুরী আরও জানান, ‘এবাদত এশিয়া কাপ খেলতে পারবেন না, এমন খবর জানা নেই আমার। তবে এমআরআই রিপোর্ট পেলে বলতে পারবো।’

এদিকে বেশ কয়েকটি গণমাধ্যমে এসেছে, এবাদতের এশিয়া কাপ শেষ। এই ব্যাপারে আজ সন্ধ্যায় ঠিক মাগরিবের নামাজের আগে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি কোথাও বলিনি যে এবাদতের এশিয়া কাপ শেষ। আমার কাছে এবাদতের ব্যাপারে জানতে চেয়ে ফোন করা হলে আমি বলেছি, আগামীকাল রিপোর্ট হাতে পেলে চূড়ান্ত কথা বলতে পারবো।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

কোচ-অধিনায়কের মত নিয়েই বাদ দেয়া হয়েছে মাহমুদউল্লাহকে

স্টক নিউজ বিডি August 12, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মাহমুদউল্লাহ রিয়াদ এশিয়া কাপের স্কোয়াডে নেই- এটা এখন সবচেয়ে আলোচিত খবর দেশের ক্রিকেটাঙ্গনে। তিনি যে থাকবেন না আগে থেকেই অনুমিত হচ্ছিল। তবুও ভক্তরা আশায় বুক বেধেছিলেন, শেষ মুহূর্তেও যদি তাকে দলে রাখা হয়! কিন্তু না, আজ সকালে ১৭ সদস্যের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেখানে ঠাঁই হয়নি অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের।

সিনিয়র এই ক্রিকেটারকে কী আরেকটা সুযোগ দেয়া যেতো না? বিশেষ করে তার অভিজ্ঞতাকে মূল্যায়ন করে। জাতীয় দলের যে কোনো বিপদের মুহূর্তে তো অভিজ্ঞ ক্রিকেটাররাই শেষ পর্যন্ত হাল ধরতে সক্ষম হন।

কিন্তু সেই সুযোগ আর মিলবে বলে মনে হচ্ছে না রিয়াদের। কারণ, শুধুমাত্র এশিয়া কাপ কিংবা বিশ্বকাপই নয়, যে দলটি ঘোষণা করা হয়েছে তা দীর্ঘ সময়ের কথা চিন্তা করেই ঘোষণা করা হলো। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথায় আপাতত সেটাই ফুটে উঠেছে।

দল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচকের প্রতি প্রথমেই প্রশ্ন ছিল, মাহমুদউল্লাহ রিয়াদকে কেন বাদ দেয়া হলো? জবাবে প্রধান নির্বাচক জানালেন, রিয়াদকে দলে নেয়া না নেয়ার ব্যাপারে দীর্ঘ আলোচনা হয়েছে। এরপর টিম ম্যানেজমেন্টের মতামত নেয়া হয়েছে। যেখানে রয়েছেন কোচ-অধিনায়কও। তাদের মতামতের পরই বাদ দেয়া হয়েছে অভিজ্ঞ এই ক্রিকেটারকে।

মিনহাজুল আবেদিন নান্নু এ নিয়ে বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে অনেক লম্বা আলোচনা হয়েছে প্রথম দিকে। তারপর অনেক আলোচনা করার পর টিম ম্যানেজম্যান্ট আমাদেরকে একটা পরিকল্পনা দেয়, সামনে কিভাবে কোন দেশের সঙ্গে খেলবে, কী পরিকল্পনা- এসব চিন্তা-ভাবনা করেই কিন্তু রিয়াদকে বাদ দেওয়া হয়েছে। ম্যানেজম্যান্টের পরিকল্পনাকে আমরা মনে করেছি অবশ্যই এটা ভালো। ওদের সঙ্গে যেহেতু হেড কোচের একটা পরিকল্পনা আছে টিম কিভাবে পরিচালনা করা হবে। সব আলোচনা হয়েছে, আমাদের অধিনায়কের সঙ্গে আলোচনা হয়েছে।’

প্রধান নির্বাচকের এই কথাতেই স্পষ্ট মাহমুদউল্লাহ রিয়াদের বিষয়ে তারা কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে আলাপ করেছেন। তাদের দু’জনের মতামতেই ‘না’ বোধক জবাব উঠে এসেছে। যার ফলে তাকে বাদ দিতে বাধ্য হয়েছেন নির্বাচকরা।

২০১৯ বিশ্বকাপের আগেও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে নেতিবাচক মানসিকতা প্রকাশ করেছিলেন সাকিব। তখন তিনি দলের অধিনায়ক ছিলেন না। এবার তো তিনি নিজেই অধিনায়ক। তারওপর চারবছরের একটা গ্যাপ, রিয়াদের বয়স বেড়ে গেছে। আগের মত ফর্ম নেই। শরীরও ঠিকমত চলে না- সব মিলিয়ে সাকিব শুধু অভিজ্ঞতার আলোকে এমন একজন ক্রিকেটারকে দলে চাইবেন না- এটাই স্বাভাবিক।

মাহমুদউল্লাহর সঙ্গে সৌম্য সরকারকে কেন বাদ দেয়া হলো সে বিষয়েও প্রশ্নের উত্তর দিতে হয়েছে নির্বাচকদের। প্রধান নির্বাচক জানালেন, দল নির্বাচনে মূলত সৌম্যর কথা আলোচনাই করা হয়নি। তিনি বলেন, ‘সৌম্য সরকারের আন্তর্জাতিক ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞতা আছে। ইমার্জিং কাপে আমরা দেখেছিলাম, কারণ ঘরোয়া ক্রিকেটটা তার যথেষ্ট খারাপ গিয়েছে। এজন্য ফিরে আসতে পারে কি না। কিন্তু এশিয়া কাপে ওকে নিয়ে কোনো আলোচনাই করিনি।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বোচ্চ স্কোর শান্তর, বয়স বিবেচনায় উতরে গেলেন মাহমুদউল্লাহ

স্টক নিউজ বিডি August 3, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। ক্যাম্পে ডাক পাওয়া ৩২ ক্রিকেটার গত কয়েকদিন ধরেই প্রস্তুতি ক্যাম্পে ঘাম ঝরাচ্ছেন।

আজ (বৃহস্পতিবার) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে জাতীয় দলের ট্রেনার নিক লি’র তত্ত্বাবধানে হয়ে গেলো ক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্ট।

ফিটনেসের এই পরীক্ষায় পাশ মার্ক ছিল ১৮.৬। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন নাজমুল হোসেন শান্ত। তিনি পেয়েছেন ১৯.৫। দ্বিতীয় সর্বোচ্চ ১৯.৩ পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব।

তবে ৩৭ বছর বয়সী মাহমুদউল্লাহ রিয়াদ পাস করতে পারেননি। তিনি পেয়েছেন ১৭.৬। তবে ন্যূনতম স্কোর না তুলতে পারলেও মাহমুদউল্লাহ অবশ্য ফিটনেস পরীক্ষায় অকৃতকার্য হননি।

মাহমুদউল্লাহর স্কোর মানদণ্ডের নিচে হলেও এতে সমস্যা নেই, বয়স বিবেচনায় ফিটনেস পরীক্ষায় তিনি উতরে গেছেন।

ফিটনেস টেস্ট কার্যক্রমে দায়িত্ব পালন করা বিসিবির একটি সূত্র জানিয়েছে, ইয়ো ইয়ো টেস্টের স্কোর শুধু দেখার জন্য। না উতরাতে পারলেও তা প্রভাব ফেলবে না।

সূত্রের ভাষ্য, ‘ইয়ো ইয়ো টেস্টে যারা ১৮.৪ এর মধ্যে আছে, তাদের নিয়ে আমরা সন্তুষ্ট। এই মানদণ্ডকে আমরা ফিট হিসেবে বিবেচনা করি। এই টেস্টের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা তাদের নিয়ে কাজ করব। আর মাহমুদুল্লাহ রিয়াদ পেয়েছেন ১৭.৬, এটিও তার বয়স বিবেচনায় ঠিক আছে। কোনো ক্রিকেটারই ১৭-এর নিচে পাননি।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

‘বাংলাদেশের জন্য দ্বিতীয় রাউন্ডে যাওয়া কঠিন চ্যালেঞ্জ’

স্টক নিউজ বিডি August 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শনিবার রাতে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৫তম আসরের খেলা। উদ্বোধনী ম্যাচে লড়বে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তবে বাংলাদেশ দলের মিশন শুরু হবে মঙ্গলবার, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। পরে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল।

গ্রুপে সেরা দুই দলের মধ্যে থাকতে পারলেই মিলবে সুপার ফোরের টিকিট, যেখানে খেলা যাবে আরও তিনটি ম্যাচ। তবে সুপার ফোরে যাওয়ার আগে পেরোতে হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বাধা। যা মোটেও সহজ নয় বলে জানালেন টাইগারদের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

দুবাইয়ের আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলনের ফাঁকে সুমন বলেছেন, ‘সবাই চাচ্ছে বিশেষ কিছু করতে। আমাদের জন্য দ্বিতীয় রাউন্ডে যাওয়া কঠিন একটা চ্যালেঞ্জ, গ্রুপটাও ওরকম। একটা সেরা দল বাদ পড়বে। এখানে ভুল করার সুযোগ খুব একটা নেই।’

জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের পর থেকেই আমূল পরিবর্তনের কথা শোনা যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে। এরই মধ্যে হেড কোচ রাসেল ডোমিঙ্গোকে বিশ্রাম দিয়ে এশিয়া কাপে দলের সঙ্গে পাঠানো হয়েছে টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামকে। এছাড়া খেলার ধরনেও পরিবর্তন আনা হবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

সেই পরিবর্তন কতটা কী হলো তা খেলার দিন বোঝা যাবে বলে মনে করেন সুমন, ‘পরিবর্তন নির্ভর করছে খেলার ওপর, খেলার দিন বোঝা যাবে। অনুশীলনে সবকিছু খোলা মনে করা যায়, সবাই নিজের সেরাটা খেলতে পারে। কথাবার্তায়ও সবাই অনেক ইতিবাচক। আমরা কতটা বদলাতে পেরেছি, কতটা খেলতে পারছি সেটা ম্যাচের দিনই বোঝা যাবে।

তবে পরিবর্তন যাই হোক, মূল লক্ষ্য যে ম্যাচ জেতা তা মনে করিয়ে দিতে ভোলেননি টাইগারদের নির্বাচক। তার ভাষ্য, ‘আমি খুব আশাবাদী। পরিবর্তন আমরা যেটাই করতে চাই, মূল লক্ষ্য তো ম্যাচটা জেতা। সবাই খুব ইতিবাচক। আশা করছি ম্যাচে আমরা প্রতিফলনটা দেখতে পারবো।’

তিনি আরও বলেন, ‘একটা পরিষ্কার ধারণা নিয়ে আমরা এখানে এসেছি। দলগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা রয়েছে কারণ আগেও ওদের সঙ্গে খেলেছি। কন্ডিশন একটু আলাদা। সন্ধ্যায় খেলা হবে, আশা করি গরম খুব একটা সমস্যা করবে না। মূলত আমরা কী করতে চাই, কীভাবে খেলতে চাই তা নিয়েই বেশি আলোচনা হচ্ছে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
russell-domingo

বিসিবি-ডোমিঙ্গো নাটকের শেষ কোথায়!

স্টক নিউজ বিডি August 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জাতীয় ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব ছাড়ছেন। বাংলাদেশের কিছু গণমাধ্যমে প্রকাশিত এই খবর শুনে বেশ বিব্রত রাসেল ডোমিঙ্গো। প্রোটিয়া এই কোচ নাকি বলেছেন, তার কথা অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেননি।

বৃহস্পতিবার দুপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরীর এমন আনুষ্ঠানিক বক্তব্যের পর ডোমিঙ্গোর পদত্যাগ নিয়ে সৃষ্ট গরম বাতাস অনেকটাই ঠান্ডা।

অনেকেরই ধারণা, টেস্ট আর ওয়ানডে কোচ হিসেবে থেকে যাবেন ডোমিঙ্গো। আসলেই কি তাই? এখন হেড কোচের পদ থেকে সরে দাঁড়ানোর খবরে তিনি যতই বিব্রতবোধ করুন না কেন, ভেতরে ভেতরে কি ডোমিঙ্গো এমন কিছু ভাবছেন না?

তাকে টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে সরানো এবং ভারতের টি-টোয়েন্টি স্পেশালিস্ট কোচ শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল অ্যাডভাইজার করে এশিয়া কাপে পাঠানোই শেষ কথা নয়। বিসিবি পরিচালক গেম ডেভেলপমেন্ট প্রধান ও জাতীয় দলের ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের মন্তব্যের প্রেক্ষিতে যে উত্তপ্ত পরিস্থিতির উদ্ভব ঘটেছে, সে উত্তেজনা কি এমনি এমনি থেমে যাবে?

ডোমিঙ্গোর ক্রিকেট দর্শন ও কোচিং স্টাইলটা বাংলাদেশের টি-টোয়েন্টি দলের সঙ্গে লাগসই হচ্ছে না-খালেদ মাহমুদ সুজনের এমন মন্তব্যের প্রেক্ষিতে ডোমিঙ্গোও পাল্টা মন্তব্য করেছেন। বলেছেন, ধমক আর চিৎকারে পারফরম্যান্স উন্নত করা যায় না। এতে করে ক্রিকেটারদের মনোযোগ-মনোসংযোগে উল্টো সমস্যা হয়।

এছাড়া ড্রেসিংরুম ও দলের অভ্যন্তরীণ আরও কিছু কথাবার্তাও বলে ফেলেছেন ডোমিঙ্গো। যার কিছু কথা শুধু খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে গেছে, আর কিছু বক্তব্য বোর্ডের সর্বোচ্চ পর্যায়ের বিপক্ষেও গেছে।

জাতীয় দলের অভ্যন্তরীণ ব্যাপারে বোর্ডের উর্ধ্বতন মহলের অযাচিত হস্তক্ষেপের কথা বেরিয়ে এসেছে ডোমিঙ্গোর মুখ থেকে। যা বোর্ডের বিপক্ষেই গেছে। তারই প্রেক্ষিতে গতকাল বুধবার ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেই ফেলেছেন, ‘এখনও ডোমিঙ্গোর সঙ্গে আমাদের চুক্তি রয়েছে এবং সরাসরি কিছু অভিযোগ আছে। এই অভিযোগগুলো আমি খণ্ডন করছি না।’

প্রশ্ন হলো, বোর্ডের বিপক্ষে অবস্থান নিয়ে কি আদৌ নিজের পদ ধরে রাখতে পারবেন ডোমিঙ্গো? বাংলাদেশের ক্রিকেট ইতিহাস ও চলমান সংস্কৃতি কিন্তু তা বলে না। বোর্ড বা ফেডারেশনের বিপক্ষে অবস্থান নিয়ে কোনো ভিনদেশি কোচের টিকে থাকা কঠিন।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী আজ বলেছেন, ডোমিঙ্গোর সঙ্গে তার খোলামেলা কথা হয়েছে এবং তার পদত্যাগের খবর ঠিক নয়। ক্রিকেট পাড়ায় শোনা যাচ্ছে, আগামী মাসের মাঝামাঝি ‘এ’ দলের আফগানিস্তান সফরের ম্যাচ দেখতে ডোমিঙ্গো আফগানিস্তান যাবেন।

কিন্তু অনেকের মনেই সন্দেহ, এই যাওয়াই হয়তো শেষ। আর নাও ফিরতে পারেন ডোমিঙ্গো। ভেতরের খবর, খুব গোপনে চাকুরি খুঁজছেন ডোমিঙ্গো। আগামী ২০২৩ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ডোমিঙ্গোর নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় বসবে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আসর।

শোনা যাচ্ছে, সেখানে একটি দলের কোচ হতে যাচ্ছেন ডোমিঙ্গো। এখনও কথাবার্তা চূড়ান্ত হয়নি। কোনো দলের সঙ্গে চুক্তি পাকা হয়ে গেলেই হয়তো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হেড কোচ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেবেন ডোমিঙ্গো।

তবে এ মুহূর্তে তার বিসিবির সঙ্গে আগে করা চুক্তি ভঙ্গের সম্ভাবনা খুব কম। তার মানে পদত্যাগের ঘোষণা আসলেও আরও মাস তিনেক পর। এই তিন মাসের মধ্যে বাংলাদেশের কোনো টেস্ট আর ওয়ানডে সিরিজ নেই।

বিসিবির সঙ্গে ডোমিঙ্গোর চুক্তি ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত। যেহেতু তিন মাস কাজ নেই, তাই ভেতরে ভেতরে চাকরি খুঁজে নেওয়ার ভালো সুযোগ থাকছে ডোমিঙ্গোর।

বাংলাদেশের চাকরিটা এক হাতে রেখে সেই কাজটাই করছেন প্রোটিয়া এই কোচ। কেননা বোর্ডের সঙ্গে তার যে প্রকাশ্য দ্বন্দ্ব তৈরি হয়েছে, তারপর চাইলেও একসঙ্গে কাজ করা কঠিন হয়ে যাবে। এখন শুধু দুই পক্ষের বিচ্ছেদের ঘোষণা আসা বাকি!

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

চাকরি ছাড়ছেন ডোমিঙ্গো? কিছুই জানে না বিসিবি

স্টক নিউজ বিডি August 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গত সোমবার বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রাসেল ডোমিঙ্গো। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনি আর জাতীয় দলের কোচ হিসেবে থাকছেন না বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

পরদিনই নিজ দেশে ফিরে গেছেন ডোমিঙ্গো। যাওয়ার আগে বিসিবি সভাপতির সামনেই করা সংবাদ সম্মেলনে বোর্ডের নতুন সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থনের কথাও জানিয়েছিলেন এ প্রোটিয়া হেড কোচ। কিন্তু দুইদিন না পেরোতেই এলো নতুন খবর, জানা গেলো আর বাংলাদেশে ফিরবেন না ডোমিঙ্গো।

দেশের শীর্ষস্থানীয় এক দৈনিকে টাইগারদের হেড কোচ ডোমিঙ্গো জানিয়েছেন, বিসিবিতে তার সময় ফুরিয়ে গেছে। আর চাকরি না করার কথা জানিয়ে তিনি বলেছেন, ‘বিসিবিতে আমার সময় শেষ। আর থাকছি না। হ্যাঁ! সত্যিই (বিসিবি ছেড়ে যাচ্ছি)।’

বিভিন্ন সূত্রে জানায়, বিসিবির শীর্ষস্থানীয় পরিচালক ও জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার কারণেই মূলত চাকরি ছাড়ার কথা ভেবে থাকতে পারেন ডোমিঙ্গো। সাম্প্রতিক সময়ে ডোমিঙ্গোর ব্যাপারে সংবাদমাধ্যমে খোলাখুলিই চাঁছাছোলা মন্তব্য করেছেন সুজন।

তবে ডোমিঙ্গোর এমন সিদ্ধান্তে ব্যাপারে কিছুই জানে না বিসিবি। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চাকরি ছাড়ার ব্যাপারে বোর্ডে কিছুই জানাননি ডোমিঙ্গো। আনুষ্ঠানিক পদত্যাগপত্র দেওয়ার তো প্রশ্নই আসে না। তাই বিসিবির পক্ষ থেকে জানানো হচ্ছে, ডোমিঙ্গোই টাইগারদের হেড কোচ।

এ বিষয়ে সত্যতা নিশ্চিতের জন্য বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনকে বারবার জিজ্ঞেস করা হয়েছে, রাসেল ডোমিঙ্গো কি আর বাংলাদেশের কোচ থাকছেন না? জাগো নিউজকে প্রতিবারই সুজন বলেছেন, ‘না! সে আমাদেরকে কিছুই জানায়নি। এখন পর্যন্ত ডোমিঙ্গো আমাদের হেড কোচ।’

অবশ্য ডোমিঙ্গো চাইলেই যে এক কথায় চাকরি ছেড়ে দিতে পারবেন- তাও নয়। কেননা চুক্তির শর্ত অনুযায়ী বিসিবির এই চাকরি ছাড়ার জন্য অন্তত তিন মাস আগে চিঠি দিতে হবে ডোমিঙ্গোকে। তবে দুই পক্ষে রাজি থাকলে যেকোনো সময় চুক্তি বাতিল করা যাবে।

তাই বিসিবির চাওয়া কি সেটিও এখানে বড় বিষয়। কিন্তু অবস্থাদৃষ্টে যা দেখা যাচ্ছে, এখনই বিসিবির সামনে হেড কোচকে বিদায় করে দেওয়া সহজ হবে না। কেননা আসন্ন ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা সাজানো হয়েছে ডোমিঙ্গোকে কোচ ধরেই। এছাড়া ডোমিঙ্গো এখন চলে গেলে নতুন কোচ পাওয়াও বেশ কষ্টসাধ্য ব্যাপার হবে বোর্ডের জন্য।

বিসিবির সামনে তবু অন্যরকম পথ খোলা রয়েছে। বর্তমানে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে রয়েছেন জেমি সিডন্স। এছাড়া অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব পালন করতে এসেছে স্টুয়ার্ট ল। তারা দুজনই আগে বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব পালন করেছেন।

তাদের দুজনের মধ্যে একজনকে আবার দায়িত্ব দেওয়ার কথা ভাবতেও পারে বোর্ড। তবে এক্ষেত্রেও আছে অন্যরকম সমস্যা। এরই মধ্যে সিডন্সকে গেম ডেভেলপমেন্টের অধীনে বাড়তি দায়িত্ব দেওয়ার কথা ভাবছে বোর্ড। আর স্টুয়ার্ট ল’কেও বয়সভিত্তিক সাফল্যের দিকেই মন দিতে বলা হয়েছে।

তাই সবমিলিয়ে ডোমিঙ্গোকে ধরে রাখাই হবে বিসিবির জন্য সবচেয়ে নিরাপদ পথ। কিন্তু জানা গেছে, এরই মধ্যে নিজ দেশে স্থানীয় কোনো ক্লাবের দায়িত্ব নেওয়ার চেষ্টা করছেন ডোমিঙ্গো। সেক্ষেত্রে চাইলেও হয়তো তাকে আর ধরে রাখতে পারবে না বিসিবি। তখন নতুন কাউকেই খুঁজতে হবে জাতীয় দলের জন্য।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

টিম বাংলাদেশ এখন দুবাইতে

স্টক নিউজ বিডি August 24, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: টিম বাংলাদেশ এখন দুবাইতে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টা নাগাদ দুবাই পৌঁছেছে জাতীয় দলের বহর।

বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানের ফ্লাইট সিডিউল ঠিক ছিল। বাংলাদেশ দল যথাসময়েই দুবাই পৌঁছে হোটেলে চেকইন করেছে। রাবিদ ইমাম দুবাই বিমান বন্দরে টাইগারদের অবতরনের ভিডিও পাঠিয়েছেন।

এদিকে পেসার তাসকিন আহমেদ আর ওপেনিং ব্যাটার এনামুল হক বিজয় কাল বাংলাদেশ দলের সফরসঙ্গী হতে পারেননি। ভিসা জটিলতায় তাদের যাওয়া হয়নি। ভিসা পেলে আজকালের ভেতর তারা দুজন দুবাই চলে যাবেন।

প্রসঙ্গত, হেড কোচ রাসেল ডোমিঙ্গো ছাড়া বাংলাদেশ দলের সব বিদেশী কোচ এখন দুবাইতে। নতুন টেকনিক্যাল অ্যাডভাইজার শ্রীধরন শ্রীরাম আছে দলের সাথে। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও মঙ্গলবার একই ফ্লাইটে দুবাই গেছেন। দলের সঙ্গে আরও যাবেন নির্বাচক হাবিবুল বাশার। জানা গেছে, তিনি আগামীকাল বৃহস্পতিবার দুবাই যাবেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সোহানের কণ্ঠে এশিয়া কাপ খেলতে না পারার চরম আক্ষেপ

স্টক নিউজ বিডি August 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: এশিয়া কাপ খেলার আশা ছিল। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হাতের আঙ্গুল ফ্র্যাকশ্চার হওয়ার পর দেশে ফিরে এমন আশাই করেছিলেন নুরুল হাসান সোহান।

বলেছিলেন, আশা করছি এশিয়া কাপ দিয়েই আবার মাঠে ফিরবো। কিন্তু হায়, সে আশা পূরণ হচ্ছে না। তার ফ্র্যাকশ্চার হওয়া আঙ্গুল এখনো পুরোপুরি ভাল হয়নি। গতকাল সোমবার এক্স-রে করার পর ডাক্তাররা বলেছেন মাঠে ফিরতে ফিরতে আরও দুই সপ্তাহ লেগে যাবে।

খুব স্বাভাবিকভাবেই মন খারাপ হয়ে যাবার মত খবর। সোহান ভক্ত ও বাংলাদেশের সমর্থক অনুরাগী সবাই হতাশ। তার অগ্রজ সাকিব আল হাসানের নেতৃত্বে সিনিয়র সদস্য মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদসহ আর সহযোগিরা সবাই এশিয়া কাপ খেলতে দুবাই গেল আজ বিকেলে।

সোহানের কেমন লাগছে? সন্ধ্যায় জাগো নিউজের সঙ্গে মুঠোফোন আলাপে সোহানের আক্ষেপ। কি বলবো, কতটা খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না। খারাপ লাগার মাত্রাটা কত প্রবল? সেটা জানিয়েছেন সোহান নিজেই।

সোহান বলেন, ‘সামর্থ্য যাই থাকুক, মাঠে নিজের সবটুকু উজাড় করে দেয়ার মানসিকতা আমার ছেলেবেলা থেকেই। সেই ছেলেবেলায় জ্বর বা হাতে পায়ে ব্যথা কিংবা অন্য কোন কারণে পাড়ার ম্যাচ খেলতে না পারলেও খুব খারাপ লাগতো। খুব ছটফট করতাম। ভাবটা এমন ছিল কি যেন মিস হয়ে গেল।’

‘সেখানে দেশের হয়ে খেলার অবারিত সুযোগ হাতছাড়া। তাও এশিয়া কাপের মত বড় আসর। সত্যি খুব খারাপ লাগছে। আশা ছিল সুস্থ হয়ে এশিয়া কাপ খেলার; কিন্তু কি আর করা? ভাগ্যে নেই। আল্লাহর ইচ্ছে। এখন আশায় আছি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে তিনজাতি আসর খেলার। এরই মধ্যে রানিং আর জিম শুরু করে দিয়েছি। আশা করছি এশিয়া কাপ শেষ হওয়ার আগেই আমি নিজের ফিটনেস লেভেলটা ঠিক করে ফেলতে পারবো।’

আপনার হাতের আঙ্গুলের ফ্র্যাকশ্চারের খবর কী? কখন জানলেন এশিয়া কাপ খেলা হচ্ছে না? সোহানের জবাব, ‘আসলে আমি এক্স-রের দুই-তিনদিন আগে থেকেই অনুভব করতে পারছিলাম যে, আমার ফ্র্যাকশ্চার ভাল হয়নি। তারপরে এক্স-রের সময়ও আমি দেখেই বুঝেছিলাম যে ফ্র্যাকশ্চার সারেনি পুরোপুরি। ডাক্তার বলেছেন, সপ্তাহ খানেক পরে হয়তো ব্যান্ডেজ খোলা হবে। আমার আঙ্গুলে বসানো পিন খুলে ফেলা হবে। আশা করছি তার পরের সপ্তাহে মানে এখন থেকে ২ সপ্তাহ পরে ব্যাটিং শুরু করতে পারবো।’

লিটন দাস আর আপনি নেই। ওপরে লিটন আর মাঝখানে ও নিচের দিকে আপনি। দু’জনার অভাব কতটা বোধ হবে? সোহান শুধু লিটন দাসের অভাবটাকেই অনেক বড় করে দেখলেন। নিজের কথা সেভাবে বললেন না। তার ব্যাখ্যা, ‘আসলে লিটন দাসের অভাব অনেকটাই অনুভুত হবে। এ মুহুর্তে সে দেশের অন্যতম সেরা ব্যাটার। ফর্মে ছিল। তার ব্যাটিং এখন দলের অন্যতম নির্ভরতা।’

‘তাই লিটনকে মিস করবে দল। তার শূন্যস্থান পূরণ করা কঠিন হবে। আবার অন্যভাবে যদি বলি তাহলে বলবো, লিটন দাসের জায়গায় যে খেলবে, তার জন্যও একটা বড় সুযোগ নিজেকে মেলে ধরার। আমার অনুপস্থিতি নিয়ে তেমন কিছু বলতে চাই না। যারা আছেন, তারা ক্যাপাবল। আশা করছি সমস্যা হবে না ‘

‘আমি রিয়াদ ভাইয়ের দিকে তাকিয়ে আছি, কেন যেন মনে হচ্ছে এবারের এশিয়া কাপে তিনি আবার জ্বলে উঠতে পারেন।’

সোহানের শেষ কথা, ‘আসলে আমি কায়মনোবাক্যে চাচ্ছি আমাদের দলটা যেন ভাল খেলে। আমরা যেন দল হয়ে খেলতে পারি। সবাই যার যার দায়িত্ব ও কর্তব্যটা ঠিকমত পালন করতে পারে। মুখিয়ে আছি খেলা কবে শুরু হবে? সবার জন্য শুভ কামনা।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য