Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

মমিনুল ইসলাম

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬

স্টক নিউজ বিডি October 12, 2026

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬-এর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ১২ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) এবং ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর যৌথ উদ্যোগে ডিএসই টাওয়ার, নিকুঞ্জের মাল্টি-পারপাস হলে “Digital Deception and Scam Alert” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এ সেমিনারের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের কর্মসূচির সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।

ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার তানবীর হাবিব রহমান, অ্যাডভোকেট নাহিদ মাহতাব, মো: নাফিজ আল তারিক, সিএফএ এবং হোসাইন সাহাদত, এফসিএস এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র চেয়ারম্যান মমিনুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিএসইসি’র চেয়ারম্যান মাসুদ খান বলেন, বিশ্ব বিনিয়োগ সপ্তাহের কর্মসূচি আজ শেষ হলেও বিনিয়োগকারীদের সচেতনতা ও সুরক্ষার কার্যক্রম সারা বছর অব্যাহত রাখতে হবে।বাজারের উন্নয়নে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়ে কাজ করছি। ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের বিকাশ, লাইসেন্সপ্রাপ্ত মিউচুয়াল ফান্ড এজেন্ট ও আর্থিক পরামর্শক তৈরির উদ্যোগ, আইপিও নীতিমালার সংস্কার, ডাইরেক্ট লিস্টিং বিধিমালা এবং নতুন বিনিয়োগপণ্য চালুর মাধ্যমে বাজারকে আরও গভীর ও কার্যকর করার চেষ্টা চলছে। পাশাপাশি টি+১ সেটেলমেন্ট ও স্ক্রিপ নেটিং চালুর বিষয়েও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ চলছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাজারের কার্যক্রম ও বিনিয়োগের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আমরা আশাবাদী।

বিনিয়োগকারীদের সুরক্ষার ক্ষেত্রে ডিজিটাল প্রতারণা প্রতিরোধ এবং আর্থিক তথ্য যাচাইয়ের গুরুত্ব অপরিসীম। কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে কোম্পানির আর্থিক বিবরণী, বিশেষ করে পরিচালন কার্যক্রম থেকে সৃষ্ট নগদ প্রবাহ বিশ্লেষণ করা জরুরি। শুধু মুনাফার অঙ্ক দেখে নয়, কোম্পানির প্রকৃত আর্থিক সক্ষমতা ও মৌলভিত্তি বিবেচনা করেই বিনিয়োগ করতে হবে। অস্বাভাবিক মুনাফার প্রতিশ্রুতি কিংবা যাচাইহীন তথ্যের ভিত্তিতে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে।

এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের যথার্থতা, প্রেক্ষাপট ও দায়িত্বশীলতা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে বিনিয়োগকারীদেরও সচেতন হতে হবে এবং নিজের বিনিয়োগ সম্পর্কে শেখার মানসিকতা গড়ে তুলতে হবে। বিনিয়োগকারীকে শেখার সুযোগ করে দেওয়া যায়, কিন্তু সেই জ্ঞান কাজে লাগানোর দায়িত্ব তাঁর নিজের।

আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টা, কার্যকর নিয়ন্ত্রণ, স্বচ্ছতা এবং দায়িত্বশীল বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী করা সম্ভব। বিশ্ব বিনিয়োগ সপ্তাহের এই সচেতনতা যেন সারা বছরের চর্চায় পরিণত হয়—এটাই আমাদের প্রত্যাশা।

তার আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম৷ স্বাগত বক্তব্যে তিনি বলেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা সুরক্ষিত রাখতে ডিজিটাল প্রতারণা, ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এ জন্য নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং বিনিয়োগকারীদের সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে পুঁজিবাজারে ভুয়া পরিচয়, বিভ্রান্তিকর বিনিয়োগ পরামর্শ এবং রাতারাতি মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনা বাড়ছে। এসব কর্মকাণ্ডে সাধারণ বিনিয়োগকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পুঁজিবাজারের প্রতি তাঁদের আস্থাও ক্ষুণ্ন হচ্ছে।

ডিএসই চেয়ারম্যান আরও বলেন, এ ধরনের প্রতারণা মোকাবিলায় কার্যকর নজরদারি ও আইন প্রয়োগের পাশাপাশি বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে হবে। ডিএসই তার সার্ভেইল্যান্স ও মনিটরিং ব্যবস্থার আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। একই সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিনিয়োগকারীদের সচেতনতামূলক কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি উল্লেখ করেন, পুঁজিবাজারের ইতিবাচক উদ্যোগ, সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রম যথাযথভাবে জনসাধারণের কাছে তুলে ধরতে কার্যকর যোগাযোগব্যবস্থা গড়ে তোলা জরুরি। পাশাপাশি ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সুশাসন ও দক্ষতা বাড়াতে হবে, যাতে বিনিয়োগকারীদের আস্থা দীর্ঘমেয়াদে সুদৃঢ় হয়।

মমিনুল ইসলাম বলেন, বাংলাদেশের শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে একটি স্বচ্ছ, শক্তিশালী ও টেকসই পুঁজিবাজার গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬-এর প্রতিপাদ্যের আলোকে তিনি ডিজিটাল প্রতারণা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসই আইসিটি ডিভিশন এর জেনারেল ম্যানেজার আবু নুর মোহাম্মদ হাসানুল করিম৷ মূল প্রবন্ধে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বিনিয়োগ গ্রুপ, প্রতারণামূলক ট্রেডিং প্ল্যাটফর্ম, পরিচয় জালিয়াতি, ফিশিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রতারিত করার বিভিন্ন কৌশল তুলে ধরেন। তিনি অবাস্তব মুনাফার প্রতিশ্রুতি সম্পর্কে সতর্ক থাকা, বিনিয়োগের আগে তথ্যের সত্যতা যাচাই এবং ব্যক্তিগত ও আর্থিক তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, ডিজিটাল নিরাপত্তা জোরদার এবং পুঁজিবাজারের প্রতি আস্থা বজায় রাখতে ডিএসই, নিয়ন্ত্রক সংস্থা ও ব্রোকারেজ প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
পরবর্তীতে ডিবিএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম-এর সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন আইসিএবি’র, ভাইস প্রেসিডেন্ট আসিফুর রহমান এফসিএ, আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান, এফসিএস এবং সিএফএ সোসাইটি-এর প্রেসিডেন্ট মাহতাব ওসমানি সিএফএ৷

বিশেষ অতিথি বিএসইসির কমিশনার হোসাইন সাদাত, এসসিএস বলেন, বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি এবং তাঁদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে বিভিন্ন ফোরামের মাধ্যমে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে পুঁজিবাজারের বিভিন্ন অংশীজন, পেশাজীবী সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করেছে। বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি এবং সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি বারবার গুরুত্বের সঙ্গে তুলে ধরা হলেও প্রকৃত সচেতনতা নির্ভর করে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে জ্ঞান অর্জন, বিষয়গুলো সঠিকভাবে অনুধাবন এবং দায়িত্বশীল আচরণের ওপর।

তিনি আরও বলেন, বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের কর্মসূচি কেবল এক সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি একটি প্রতীকী উদ্যোগ, যা পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা, আর্থিক মধ্যস্থতাকারী, বিনিয়োগকারী ও পেশাজীবীসহ সংশ্লিষ্ট সবাইকে সারাবছর সচেতন ও দায়িত্বশীল থাকার কথা স্মরণ করিয়ে দেয়। তিনি পুঁজিবাজারের স্বচ্ছতা, স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে জ্ঞান অর্জন, সঠিক উপলব্ধি এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানান।

বিএসইসির কমিশনার নাফিজ আল তারিক, সিএফএ তাঁর বক্তব্যে আন্তর্জাতিকভাবে আলোচিত বার্নি ম্যাডফের পঞ্জি স্কিমের উদাহরণ তুলে ধরে বলেন, প্রতারণামূলক বিনিয়োগ স্কিম সব সময় অস্বাভাবিক উচ্চ মুনাফার প্রতিশ্রুতি দিয়ে পরিচালিত হয় না; কখনো কখনো ধারাবাহিক ও স্থিতিশীল মুনাফা দেখিয়েও বিনিয়োগকারীদের আকৃষ্ট করা হয়। বাজারের ওঠানামা সত্ত্বেও কোনো বিনিয়োগে নিয়মিত ইতিবাচক রিটার্ন দেখানো হলে তার বিশ্বাসযোগ্যতা ও প্রকৃত উৎস যাচাই করা জরুরি।

তিনি বলেন, দ্রুত ও সহজে অধিক মুনাফা অর্জনের লোভ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতে পারে। এ ধরনের ঝুঁকি শুধু বিনিয়োগ বা আর্থিক স্কিমেই সীমাবদ্ধ নয়; ই-কমার্সসহ বিভিন্ন ক্ষেত্রেও প্রতারণার ঘটনা ঘটতে পারে। তাই যেকোনো বিনিয়োগ বা আর্থিক লেনদেনের আগে যথাযথ যাচাই-বাছাই করা এবং অস্বাভাবিক মুনাফার প্রতিশ্রুতিতে সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, অর্থ হারানোর ঝুঁকি কমাতে বিনিয়োগকারীদের আবেগ বা লোভের পরিবর্তে তথ্য, বাস্তবতা ও যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। সহজে ও অল্প সময়ে বিপুল মুনাফা অর্জনের প্রস্তাব দেখলে সেটিকে সতর্কসংকেত হিসেবে বিবেচনা করে বিনিয়োগের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও প্রস্তাবের সত্যতা যাচাই করতে হবে।
বিএসইসির কমিশনার মিসেস নাহিদ মাহতাব তাঁর বক্তব্যে বলেন, বিশ্বব্যাপী ডিজিটালাইজেশনের প্রসারের সঙ্গে সঙ্গে আর্থিক প্রতারণার ঝুঁকিও বাড়ছে। দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্র ডিজিটাল প্রযুক্তিনির্ভর হয়ে পড়ায় বিনিয়োগকারীদের প্রতারণা থেকে সুরক্ষিত রাখতে আরও সতর্কতা, সচেতনতা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। দ্রুত বড়লোক হওয়ার প্রবণতা এবং লোভকে কাজে লাগিয়ে প্রতারকরা বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে। তাই অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় ও দাবি যাচাই না করে কোনো আর্থিক লেনদেন করা উচিত নয়।
তিনি আরও বলেন, বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোম্পানির আর্থিক বিবরণী যথাযথভাবে বিশ্লেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু মুনাফার পরিমাণ দেখেই একটি কোম্পানির আর্থিক সক্ষমতা নির্ধারণ করা যায় না; বরং কোম্পানির পরিচালন কার্যক্রম থেকে সৃষ্ট নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম এবং অর্থায়নসংক্রান্ত তথ্যও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এসব তথ্যের সমন্বিত বিশ্লেষণ একটি প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা ও ব্যবসায়িক সক্ষমতা সম্পর্কে ধারণা দেয়।

বিনিয়োগকারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শুধু সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করলেই হবে না; বিনিয়োগকারীদের মধ্যে নিয়মিত শেখার মানসিকতা গড়ে তুলতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যের ওপর নির্ভর না করে নির্ভরযোগ্য উৎস থেকে জ্ঞান অর্জন এবং তথ্য যাচাইয়ের অভ্যাস তৈরি করতে হবে। তিনি বিনিয়োগকারীদের জেনে-বুঝে, দায়িত্বশীলভাবে এবং বাস্তবভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।

সবশেষে সমাপণী বক্তব্য দেন ডিবিএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম৷ সমাপণী বক্তব্যে তিনি পুঁজিবাজারের বর্তমান সংকটময় পরিস্থিতিতে বাজারের ওপর অতিরিক্ত বিক্রয়চাপ এড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাজারের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সিদ্ধান্তের সম্ভাব্য প্রভাব নিয়ে বাজারসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ রয়েছে। এ প্রেক্ষাপটে তিনি পুঁজিবাজারের স্থিতিশীলতা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও জানান, পুঁজিবাজারে সহায়তার জন্য পূর্বে অনুমোদিত ২০০ কোটি টাকার বরাদ্দ বাড়িয়ে ৩০০ কোটি টাকা করার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার জন্য তিনি বিএসইসি চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান।

আইপিওর ক্ষেত্রে আর্থিক বিবরণীর ১২০ দিনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়ে ডিবিএ সভাপতি বলেন, নতুন আইপিও বিধিমালার অপেক্ষায় থাকা প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ নিরীক্ষাসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে অতিরিক্ত সময় প্রয়োজন। এ কারণে আর্থিক বিবরণীর মেয়াদ ১২০ দিন থেকে বাড়িয়ে ১৮০ দিন করা এবং নতুন আইপিও বিধিমালার প্রেক্ষাপটে সাময়িক ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনার আহ্বান জানান তিনি।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বাজারকে দমন নয়, কমপ্লায়েন্ট ও প্রাণবন্ত পুঁজিবাজার গড়তে হবে: ডিএসই চেয়ারম্যান

স্টক নিউজ বিডি September 8, 2026

ডিএসই-ডিবিএ’র জরুরি বৈঠক | নতুন IPO ও আর্থিক পণ্যের সরবরাহ বাড়ানোকে অগ্রাধিকার | ২০২৭ সালের মার্চ পর্যন্ত IPO ও Direct Listing-এ প্রথম বছরের Listing Fee ৫০% মওকুফ

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের সাম্প্রতিক অস্থিরতা, বিনিয়োগকারীদের উদ্বেগ এবং বাজারের আস্থা পুনরুদ্ধারে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) সদস্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাজারকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে ডিএসই, নিয়ন্ত্রক সংস্থা, ব্রোকারেজ প্রতিষ্ঠানসহ সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি, বাজারে স্বাভাবিক ও স্থিতিশীল লেনদেন নিশ্চিত করার করণীয় এবং সদস্য প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা ও উদ্বেগ নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়।

বৈঠকের শুরুতে ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারী ও বাজার-সংশ্লিষ্টদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ ও বিভ্রান্তি দূর করতে এ ধরনের মতবিনিময় সভা অত্যন্ত সময়োপযোগী।

তিনি বলেন, বর্তমানে অধিকাংশ ব্রোকার ও বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান নানা ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। তাই বাজারের আস্থা ও কার্যক্রম স্বাভাবিক রাখতে ডিএসই, নিয়ন্ত্রক সংস্থা এবং সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বাজারকে দমন নয়, বরং একটি কমপ্লায়েন্ট, প্রাণবন্ত, দক্ষ ও বিকাশমান পুঁজিবাজারে রূপান্তর করাই সবার লক্ষ্য হওয়া উচিত।

বৈঠকে ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় Investor Protection Fund (IPF) নিয়ে বিএসইসির সঙ্গে আলোচনার ভিত্তিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বাজারে নতুন IPO এবং বিভিন্ন আর্থিক পণ্যের সরবরাহ বাড়ানো ডিএসইর অন্যতম অগ্রাধিকার। দীর্ঘদিন ধরে বাজারে নতুন IPO না আসা এবং Fixed Income Securities-এর সীমিত উপস্থিতি পুঁজিবাজারের অন্যতম দুর্বলতা।

এ পরিস্থিতিতে নতুন বন্ডের Listing Fee কমানো হয়েছে। পাশাপাশি ২০২৭ সালের মার্চ পর্যন্ত IPO অথবা Direct Listing-এর জন্য আবেদনকারী কোম্পানির প্রথম বছরের Listing Fee-এর ৫০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ব্রোকারেজ হাউসগুলোর ওপর অতিরিক্ত হস্তক্ষেপের বিষয়ে ডিএসই চেয়ারম্যান বলেন, ডিএসইর পরিচালনা পর্ষদ Regulatory Affairs Department-এর দৈনন্দিন কার্যক্রমে হস্তক্ষেপ করে না। বরং পর্ষদ নীতিগত দিকনির্দেশনা প্রদান করে। কোনো নির্দিষ্ট অনিয়মের তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট বিষয়েই তদন্ত বা অনুসন্ধান করা হবে।

সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে মমিনুল ইসলাম বলেন, CC account, শেয়ার বা অন্যান্য সম্পদে কোনো ঘাটতি থাকলে তা দ্রুত নিজ উদ্যোগে সমাধান করতে হবে। এ ধরনের ঘাটতি শুধু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রমকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং পুরো পুঁজিবাজারের ecosystem-এর সুনামকেও ক্ষতিগ্রস্ত করে।

তিনি বলেন, “বাজারকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে হলে সব পক্ষকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের পুঁজিবাজারকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।”

ডিএসই চেয়ারম্যান সদস্য প্রতিষ্ঠানগুলোর সমস্যা, উদ্বেগ, পরামর্শ ও নতুন ধারণা ডিএসইর কাছে তুলে ধরার আহ্বান জানান। সদস্যদের বাস্তব অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতেই বাজারের উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করতে ডিএসই আগ্রহী বলেও তিনি জানান।

বৈঠকে জানানো হয়, ২০২৫ সালের কমপ্লায়েন্স ও সার্ভেইল্যান্স সংক্রান্ত কিছু ইন্সপেকশন কার্যক্রম অমীমাংসিত ছিল। এসব বিষয় বিএসইসিতে রিপোর্ট দাখিলের মাধ্যমে নিষ্পত্তি করা প্রয়োজন। ওই ইন্সপেকশনগুলো সম্পন্ন করার ধারাবাহিকতার অংশ হিসেবেই সম্প্রতি বিভিন্ন ব্রোকারেজ হাউসে ইন্সপেকশন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এদিকে বৈঠকে বক্তারা অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে আরও সুস্পষ্ট ও সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। তারা বলেন, কোনো নির্দিষ্ট সময়ে বেশি পরিমাণ শেয়ার লেনদেন হলেই সেটিকে অনিয়ম হিসেবে বিবেচনা করা উচিত নয়। বরং লেনদেনের ধরন, শেয়ারের দামে এর প্রভাব, বিনিয়োগকারীর সক্ষমতা এবং সংশ্লিষ্ট নির্দেশনাসহ সার্বিক বিষয় বিবেচনা করে লেনদেন মূল্যায়ন করা প্রয়োজন।

বৈঠকে পুঁজিবাজারের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা, বাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী ও টেকসই পুঁজিবাজার গড়ে তোলার বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ উঠে আসে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

দেশের পুঁজিবাজার হবে দীর্ঘস্থায়ী ও বিশ্বাসযোগ্য: ডিএসইর চেয়ারম্যান

স্টক নিউজ বিডি January 18, 2025

নিজস্ব প্রতিবেদক: আগামী জুন মাসের মধ্যে দেশের পুঁজিবাজার গতি ফিরে পাবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মোমিনুল ইসলাম। আজ শনিবার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ এ তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

ডিএসই চেয়ারম্যান বলেন, ‘দীর্ঘদিনের অনিয়ম-দুনীতির বিষয়ে টাক্সফোর্স কাজ করছে। ইতোমধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে। জুনের মধ্যে সব সংস্কারগুলো শেষ হবে না। তবে কিছু কিছু সংস্কার হয়ে যাবে, যা বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সহায়তা করবে।

’‘বিনিয়োগিকারী বিশ্বাস করতে শুরু করবে যে, সংস্কার হচ্ছে। পুঁজিবাজারে দীর্ঘস্থায়ী বিশ্বাসযোগ্যতা তৈরি হবে। এখানে অন্যায় করে ছাড় পাওয়া যাবে না, সেই আস্থা ফিরবে। ফলে জুন নাগাদ সংষ্কারের কিছু বিষয় বাজারে ইতিবাচক বার্তা দিতে পারে। আমরা আশা করছি, জুন নাগাদ শেয়ারবাজারে ভালো অবস্থা দেখতে পারব’, বলেন মোমিনুল ইসলাম।

তিনি বলেন, ‘আমাদের শেয়ারবাজার অনেক সংকুচিত। গত ১৫ বছরে শেয়ারবাজার অনেক পিছিয়েছে। তবে একই সময়ে বিশ্বের অন্য সব দেশের শেয়ারবাজার এগিয়েছে। এই অবস্থায় বর্তমান সময়ে দেশের সব স্টেকহোল্ডাররা বাংলাদেশের শেয়ারবাজারকে এগিয়ে নিতে ইতিবাচকভাবে কাজ করছে।

’ডিএসই চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা এরই মধ্যে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। দীর্ঘমেয়াদি পরিকল্পনার কাজের ফলাফল পেতে একটু সময় লাগবে। অনেকটা একটি ভবনের ভিত্তি নির্মাণ যেমন বাহিরে থেকে দেখা যায় না, সে রকম। তবে ভবনের উপরে নির্মাণ কাজটা সবাই দেখতে পায়। কিন্তু আসল কাজটা করা হয় ওই ভিত্তি নির্মাণের সময়।

’ডিএসইর চেয়ারম্যান বলেন, ‘সবকিছুই বিফলে যাবে, যদি বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে না পারি। এজন্য স্বল্পমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। এ ক্ষেত্রে চারটি কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ৪টি কাজের মধ্যে দ্রুত সময়ে কিছু ভালো কোম্পানি নিয়ে আসার চেষ্টা করছি। এ ছাড়া নেগেটিভ ইক্যুইটির সমস্যা সমাধান, ট্যাক্স সুবিধা দেওয়া ও ইনসাইডার ট্রেডিং বন্ধ করা। এই ট্রেডিংয়ের বিষয়ে আমরা জিরো টলারেন্স।

’বাংলাদেশে শেয়ারবাজারের যে ভূমিকা থাকার কথা ছিল, তা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘প্রত্যাশার লেভেল থেকে আমরা অনেক পিছিয়ে আছি। স্টক এক্সচেঞ্জগুলোর অনেক সমস্যায় ছিল। এর মধ্যে অন্যতম নিয়ন্ত্রক সংস্থার অযাচিত হস্তক্ষেপ। এ ছাড়া স্টক এক্সচেঞ্জের মানব সম্পদের অদক্ষতা ও প্রযুক্তিগত সমস্যা রয়েছে। আর ডিমিউচ্যুয়ালাইজেশন আইনেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। ডিএসইতে কোনো চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট নেই। আমরা চাটার্ড অ্যাকউন্ট্যান্ট নেওয়ার চেষ্টা করছি।’সফটওয়্যার সমস্যায় ডিইএসইতে লেনদেন বিঘ্ন ঘটনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএসই চেয়ারম্যান বলেন, ‘বর্তমানে একটা স্টক এক্সচেঞ্জের প্রধান সক্ষমতার জায়গা প্রযুক্তিগত সক্ষমতা। কারণ ট্রেড (লেনদেন) এখন সবই ইলেকট্রনিক মাধ্যমে হচ্ছে। সেটেলমেন্টও ইলেকট্রনিক মাধ্যমে হচ্ছে। আমরা যে প্লাটফর্ম তুলছি, সেটা আমরা এই মুহুর্তে দেখছি আন্তর্জাতিক মানের প্লাটফর্ম। তারপরও ছোট ছোট যে বিচ্চুতি হচ্ছে, সেখানে আমি বলব প্রসেসগত কিছু সীমাবদ্ধতা আছে। যে ধরনের স্ট্যান্ডার্ড প্রটোকল থাকা দরকার, সেগুলো স্ট্যাবিলিশ করলে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা সর্বনিম্ন পর্যায়ে নেমে আসবে।

’আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই মুহুর্তে আমাদের মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ততটা ভালো নেই। ব্যাংকিং সেক্টরের একটা অস্থিরতা, সেখানে আমরা আশা করছি কিছুটা স্থিতিশীলতা এসেছে। এখনো আমরা প্রত্যাশিত অবস্থায় যেতে পারিনি। আমরা দেখছি মূলধনী মেশিনারিজ আমদানি কমে গেছে। রিয়েল ইকোনমিক বিনিয়োগ যদি ঠিক না থাকে, তাহলে পুঁজিবাজার তো পুরো মার্কেটের প্রতিচ্ছবি। তো সেটাও আমাদের মাথায় রাখতে হবে। আমরা আশাবাদি জুন নাগাদ শেয়ারবাজারে ইতিবাচক ধারা দেখতে পারব।

সাংবাদিকদের আর এক প্রশ্নের উত্তরে ডিএসই চেয়ারম্যান বলেন, ‘সংস্কার করতে কিছু পদক্ষেপ নিতে হবে। কিন্তু সংস্কার করতে গিয়ে রোগী যাতে মারা না যায় সেটা দেখতে হবে। একটা জায়গায় সমন্বয় করা হয়েছে, ৫০ লাখ টাকার বেশি ক্যাপিটাল গেইন ট্যাক্সের ওপরে। আমাদের আরও কিছু দাবি-দাওয়া আছে। অর্থ মন্ত্রণালয়, এনবিআর থেকে বলা হয়েছে এগুলো পজেটিভভাবে দেখবে। দ্বিতীয় ভালো কিছু কোম্পানি আনতে পারলে বাজারে উৎসা-উদ্দিপনা তৈরি হবে। অনেক বিনিয়োগকারী নিষ্কৃয় হয়ে আছে, তারা সক্রিয় হবেন। একটা ইতিবাচক ধারা তৈরি হবে।

’তিনি বলেন, স্টক এক্সচেঞ্জগুলোও অনেক সমস্যায় ছিল। এর মধ্যে অন্যতম নিয়ন্ত্রক সংস্থার অযাচিত হস্তক্ষেপ। এ ছাড়া স্টক এক্সচেঞ্জের মানব সম্পদের অদক্ষতা ও প্রযুক্তিগত সমস্যা রয়েছে। আর ডিমিউচ্যুয়ালাইজেশন আইনেও কিছু সীমাবদ্ধতা রয়েছে।

ডিএসইর চেয়ারম্যান আরও বলেন, ‘কোনো রকম চাপ বা কোনো অনাকাঙ্ক্ষিত নির্দেশনার মতো ঘটনা হয়নি। আমরা চাপবিহীনভাবে কাজ করছি। আমাদের সব সিদ্ধান্ত গণতান্ত্রিকভাবে হচ্ছে। আমাদের বোর্ডের যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী কাজ করছি। নিয়মের বাইরে কোন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই। ’

তিনি বলেন, ‘আমরা ডিএসইর সমস্যাগুলো বের করার চেষ্টা করেছি। ইতোমধ্যে সমস্যার তালিকা অনেক লম্বা হচ্ছে, এগুলো সমাধানে কাজ করছি। যেসব ব্রোকারেজ হাউজ বিনিয়োগকারীদের অর্থ সরিয়ে নিয়েছে ইনভেস্টর প্রোটেকশন ফান্ড থেকে তাদের সাপোর্ট দেয়া যেতে পারে। এছাড়া ব্রোকারেজ হাউজের সম্পদ বিক্রি করে এবং লাইসেন্স বিক্রি করে ওইসব হাউজের বিনিয়োগকারীদের তহবিল জোগান দেওয়া হবে।’

ডিএসইর চেয়ারম্যান বলেন, ‘আমরা বাজারের উন্নয়নের জন্য বিদেশি বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করছি। বিশেষ করে আইএমএফের সঙ্গে। এ ছাড়া দেশে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতা কামনা করব। আশা করছি, এই সহযোগিতা আমরা পাব।’

তিনি আরও বলেন, ‘আগে প্রাইমারি রেগুলেটরকে সব ক্ষেত্রেই বিএসইসির অনুমোদন নিয়ে কাজ করতে হতো। যার ফলে কোম্পানিগুলোকে মনিটরিং করা ডিএসইর জন্য অনেকটা কষ্টকর হয়ে উঠেছিল। এই অবস্থান থেকে আমরা অনেকটা বের হয়ে আসছি। দুর্বল কোম্পানিগুলোতে এখন ডিএসইর মনিটরিং বাড়বে। এখানে সমস্যা হচ্ছে, এই বাজারের বেশিরভাগ কোম্পানিই দুর্বল। এতগুলো দুর্বল কোম্পানিকে এক সঙ্গে মনিটরিং করা ডিএসইর জন্য কষ্টকর। ‘আমাদের বাজারে এমন কিছু কোম্পানি তালিকাভুক্ত হয়েছে, যেগুলো তালিকাভুক্ত হওয়ার কথা ছিলো না। এগুলোকে ডিলিস্টিং করতে পদক্ষেপ নিতে হবে।

’সিএমজেএফ সভাপতি এস এম গোলাম সামদানীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু আলী।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্রথম প্রান্তিকে সোনারগাঁও টেক্সটাইলসের শেয়ারপ্রতি আয় বেড়েছে ৬৬ গুণের বেশি

  • প্রথম প্রান্তিকে ওয়ালটনের মুনাফা ২২৪.৭৪ কোটি টাকা, বিক্রয় বেড়েছে উল্লেখযোগ্যহারে

  • মেঘনা পেট্রোলিয়ামের ১৮৯ কোটি পরিচালনবহির্ভূত আয়, ১১,৬৩৬ কোটি পাওনাদার দায়, আর্থিক ব্যয়েও ঊর্ধ্বগতি

  • ডেল্টা লাইফ ইনসিওরেন্সর ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

  • মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন মোঃ এহ্তেশাম রহমান

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • মেঘনা পেট্রোলিয়ামের ১৮৯ কোটি পরিচালনবহির্ভূত আয়, ১১,৬৩৬ কোটি পাওনাদার দায়, আর্থিক ব্যয়েও ঊর্ধ্বগতি

  • মুন্নু ফেব্রিকসের প্রথম প্রান্তিক প্রকাশ

  • প্রথম প্রান্তিকে ওয়ালটনের মুনাফা ২২৪.৭৪ কোটি টাকা, বিক্রয় বেড়েছে উল্লেখযোগ্যহারে

  • প্রথম প্রান্তিকে সোনারগাঁও টেক্সটাইলসের শেয়ারপ্রতি আয় বেড়েছে ৬৬ গুণের বেশি

  • ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য