Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

আইনমন্ত্রী

বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশ বিরানভূমি হবে: আইনমন্ত্রী

স্টক নিউজ বিডি August 24, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র ও বঙ্গবন্ধুকে বাংলাদেশের ইতিহাস থেকে চিরতরে মুছে ফেলার ষড়যন্ত্র এখনো চলছে। এ ষড়যন্ত্র রুখতে হলে আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও জয়লাভ করাতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ হবে। বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে জয়লাভ করাতে না পারলে, এ দেশকে বিএনপি-জামায়াত মিলে বিরানভূমি করে ফেলবে। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে। আমরা বাংলাদেশ চাই। বিএনপি জামায়াতের ধ্বংসের রাজনীতি চাই না। সময় এসেছে, তাদের সব ষড়যন্ত্রের জবাব দেওয়ার।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘আগস্ট ট্রাজেডি, জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট ও ৩ নভেম্বরের নৃশংস হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের বিচারতো দূরের কথা পুরস্কার হিসেবে বিদেশে বাংলাদেশ দূতাবাসে চাকরি দিয়েছিলেন জিয়াউর রহমান। তিনি রাজাকার, আল-বদরকে নিয়ে সরকার গঠন করেছিলেন। শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করেছিলেন।

বঙ্গবন্ধুর হত্যাকারী ও ষড়যন্ত্রকারীদের পরিচয় প্রকাশে একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে জানিয়ে আনিসুল হক বলেন, অনেকেই প্রশ্ন করতে পারে, নতুন প্রজন্ম ভাবতে পারে, আমরা কী এটি প্রতিহিংসার জন্য করছি? না, আমরা এটা প্রতিহিংসার জন্য করছি না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কিন্তু এ কলঙ্কময় অধ্যায়ের পরিসমাপ্তি প্রয়োজন।

তিনি বলেন, আমরা সেই প্রয়োজনটুকু মেটানোর জন্য একটি কমিশন গঠন করবো এবং সেটি হবে অত্যন্ত উচ্চ পর্যায়ের কমিশন। এ কমিশন গঠনের আইনের খসড়া প্রস্তুত করা হয়েছে। ইতিহাস ঘেঁটে, ইতিহাসের ওপর গবেষণা করে সত্য প্রতিষ্ঠা করে এটি জনগণের কাছে রেখে যাব আমরা। নতুন প্রজন্ম যারা আসবে, তারা জানবে কারা ষড়যন্ত্রকারী এবং কুশীলব ছিল, তাদের পরিবার সম্পর্কেও যেন সচেতন থাকে। বাংলাদেশের ইতিহাস নিয়ে যেন আর কোনো ষড়যন্ত্র তারা করতে না পারে, সেজন্য এটি করা হবে।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যাচেষ্টার তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা, রমনার বটমূলে বোমা হামলাসহ সারাদেশের সব জেলা আদালতে সিরিজ বোমা হামলা চালানো হয়েছিল বিএনপি-জামায়াত সরকারের মদদে। এগুলোর অর্থ বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দেওয়া, মুক্তিযোদ্ধাদের বিতাড়িত করা। সেজন্য তারা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করেছিল। এখনো সে চেষ্টা অব্যাহত আছে। এতে তাদের লাভ হবে ৩০ লাখ শহীদকে অপমান করা, বঙ্গবন্ধুর আদর্শকে নষ্ট করা এবং তাকে ইতিহাস থেকে মুছে ফেলা। কিন্তু আমরা সেটা হতে দেবো না।

আইনমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা গত প্রায় ১৫ বছর ধরে সরকার পরিচালনা করছেন বলেই বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। এ বিচারের রায় কার্যকর হয়েছে। মানবতাবিরোধী অপরাধের বিচার করা সম্ভব হয়েছে। তিনি দুঃখ করে বলেন, সেসময় জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালেও হাইকোর্টের সাত-সাতজন বিচারপতি বিনা কারণে বঙ্গবন্ধু হত্যা মামলার শুনানি করতে বিব্রত বোধ করেছিলেন। এ সাতজন বিচারপতিকে বিএনপি ২০০২ সালে পুরস্কৃত করে আপিল বিভাগে নিয়েছিলেন।

নো মাইনরিটি দর্শন নিয়ে পথচলা সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহম্মদ আলী সিকদার, সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালক ডা. উত্তম বড়ুয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, মিডিয়া ব্যক্তিত্ব আফিজুর রহমান এবং জাতীয় গ্রন্থাগারের পরিচালক মিনার মনসুর।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

খুনিকে ফেরত না দিলে কানাডার সঙ্গে বন্ধুত্ব প্রশ্নবিদ্ধ হবে

স্টক নিউজ বিডি August 1, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনিকে ফেরত না দিলে বাংলাদেশের সঙ্গে কানাডার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেছেন, বিদেশে পলাতক বঙ্গবন্ধুর দুজন খুনির অবস্থান আমরা জানি। তাদের একজন এ এম রাশেদ চৌধুরী, সে আছে যুক্তরাষ্ট্রে। অন্যজন এস এইচ এম বি নূর চৌধুরী, সে আছে কানাডায়। নূরকে আনার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। কিন্তু কানাডা সরকার তাকে ফেরত দিতে অপারগতা জানাচ্ছে।

আইনমন্ত্রী বলেন, কানাডা সরকার বলছে, তাদের আইন আছে, যদি কোনো ব্যক্তিকে সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) দেওয়া হয় বা এমন কোনো মামলা আছে, যেটার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তখন তারা সেই ব্যক্তিকে ফেরত দিতে চান না। তারপরও আমরা অনবরত এটা নিয়ে তাগিদ দিচ্ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি তারা তাকে ফেরত না দেন, তাহলে তাদের (কানাডা) সঙ্গে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তা প্রশ্নবিদ্ধ হবে। এটাও আমরা তাদের জানিয়ে দেবো।

মঙ্গলবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ‘১৫ আগস্টের নেপথ্যের কুশীলব’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বইটি লিখেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।

বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার প্রক্রিয়া নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারেনি জানিয়ে আইনমন্ত্রী বলেন, বিদেশে পালিয়ে থাকা খুনিদের যখন আমরা দেশে ফিরিয়ে আনার জন্য কথাবার্তা বলেছি, কেউ কিন্তু এ প্রশ্নটা অন্তত তুলতে পারেননি যে, বিচার কার্যক্রম সঠিকভাবে হয়নি। কিংবা বিচারকে প্রভাবিত করা হয়েছে। বঙ্গবন্ধু হত্যার বিচারকার্যের মাধ্যমে আসলে বাংলার মাটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার নতুন অধ্যায় রচিত হয়েছে। ফলে ১০০ বছর পরও কেউ এ মামলার বিচার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না।

সাধারণ আদালতে বঙ্গবন্ধু হত্যার বিচার হোক- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমনটিই চাওয়া ছিল জানিয়ে আনিসুল হক বলেন, ইনডেমনিটি বাতিল করা হলো। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম দিন থেকে চেয়েছিলেন যেন এ মামলার বিচারকাজ সাধারণ আদালতে হয়। জনসম্মুখে যেন এ মামলার রায় হয়। বাংলার জনগণ যেন জাতির পিতার খুনিদের সাজা কার্যকর হওয়ার প্রত্যক্ষ সাক্ষী হতে পারে।

তিনি বলেন, বিচারিক আদালতে এ মামলার রায় হলো। এরপর সেটা হাইকোর্টে এলো। তখনো কিন্তু শেখ হাসিনার সরকারই দায়িত্বে। হাইকোর্টের সাতজন বিচারপতি তখন এ মামলা শুনতে বিব্রতবোধ করেছিলেন। তারা কেন বিব্রতবোধ করেছিলেন, তা এখনো আমার বুঝে আসে না। আমি একজন আইনজীবী। এখন আইন মন্ত্রণালয়ের দায়িত্বে। আইনের পরিভাষায় বিব্রত হওয়ার বিষয়টি রয়েছে। তাই এটা নিয়ে আমি মন্তব্য করতে পারি না।

এ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, তবে একজন সাধারণ নাগরিক হিসেবে অর্থাৎ দেশের জনগণ এটা মনে করতেই পারেন যে, ওই বিচারপতিরা নিশ্চয়ই এ হত্যাকাণ্ডের (বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা) পক্ষের শক্তি। এটাই বাস্তব, এটাই সত্য। এখন যে নেপথ্যের কুশীলব নিয়ে আমরা আলাপ-আলোচনা করছি, সেখানে তো এদেরও আপনি নেপথ্যের কুশীলবের তালিকা থেকে বাদ দিতে পারবেন না। এটাও আমাদের চিন্তা করতে হবে।

১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের বিচারে কমিশন করা হবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, নেপথ্যের কুশীলব কারা, তাদের চিহ্নিত করতে হবে। কিন্তু তাদের অধিকাংশই তো এখন গত হয়েছেন (মারা গেছেন)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা নির্দেশনা আছে। সেটা আমি সংসদে দাঁড়িয়েও বলেছি, নেপথ্যের কুশীলবদের বিচারে একটা কমিশন হবে। কমিশনের প্রারম্ভিক কাজ হলো- আইনটা তৈরি করা। এটা করার চেষ্টা আমরা করছি। প্রধানমন্ত্রীর অনুমতি পেলে এটা দ্রুত করে ফেলবো।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও ছিলেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম বীর উত্তম প্রমুখ।

বিশেষ আলোচক ছিলেন ইতিহাসবিদ ও শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন এবং গবেষক, লেখক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
আওয়ামী লীগ ইনডেমনিটির রাজনীতি করে না: আইনমন্ত্রী

আওয়ামী লীগ ইনডেমনিটির রাজনীতি করে না: আইনমন্ত্রী

স্টক নিউজ বিডি January 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দণ্ডিত হলেই সিইসি ও ইসি পদের জন্য অযোগ্য হবেন। আর নির্বাচন কমিশনের এ দুটি পদে স্বায়ত্তশাসিত ও অন্যান্য পেশাজীবীও নিয়োগ পাবেন। যোগ্যতা-অযোগ্যতার এ দুটি বিষয়ে পরিবর্তন এনে নির্বাচন কমিশন (ইসি) গঠন সংক্রান্ত প্রস্তাবিত আইনটি চূড়ান্ত করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থয়ী কমিটি।

সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বিলটি চূড়ান্ত করা হয়। কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এতে সভাপতিত্ব করেন।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক আগের দিন রোববার ‘প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ জাতীয় সংসদে উত্থাপন করেন। কমিটির বৈঠকে দীর্ঘ আলোচনা শেষে জাতীয় সংসদে দেওয়ার জন্য প্রতিবেদন চূড়ান্ত করা হয়। বুধবার সংসদ অধিবেশনে প্রতিবেদনটি উপস্থাপন করা হবে।

প্রস্তাবিত মূল বিলে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারের যোগ্যতা-অযোগ্যতার দফা ৬-এর(গ) উপদফায় বলা হয়েছিল, ‘নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অন্যূন দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হইলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনার (ইসি) হওয়ার অযোগ্য হইবেন।’

এখানে পরিবর্তন এনে দুই বছর শব্দটি বাদ দিয়ে বলা হয়েছে, ‘যে কোনো মেয়াদে সাজা হলেই তিনি সিইসি এবং ইসি হওয়ার ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন। তবে দণ্ড বলতে কারাদণ্ড হতে হবে।’

সিইসি এবং ইসি হওয়ার ক্ষেত্রে যোগ্যতার ধারায়ও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এ সম্পর্কে প্রস্তাবিত বিলের ৫-এর (গ) ধারায় বলা আছে, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হতে গেলে কোনো গুরুত্বপূর্ণ সরকারি, বিচার বিভাগীয়, আধাসরকারি বা বেসরকারি পদে তার অন্যূন ২০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই ধারায় সরকারি, বিচার বিভাগীয়, আধাসরকারি বা বেসরকারি পদের পাশাপাশি ‘স্বায়ত্তশাসিত ও অন্যান্য পেশা’ যুক্ত করা হবে। এখানে পরিবর্তন এনে বলা হয়েছে, ‘স্বায়ত্তশাসিত ও পেশাজীবী (যারা বিভিন্ন পেশায় নিয়োজিত) তাদের মধ্য থেকেও সিইসি এবং ইসি হতে পারবেন।

কমিটি সূত্রে জানা গেছে, মূলত এ দুটি পরিবর্তন এনে কমিটির বৈঠকে প্রস্তাবিত বিলটি চূড়ান্ত করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার চূড়ান্ত বিলটি প্রতিবেদন আকারে জাতীয় সংসদে উত্থাপন করা হবে। কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এটি উত্থাপন করবেন।

বৈঠক শেষে এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘সামান্য কিছু পরিবর্তন এনে আমরা প্রস্তাবিত বিলটি চূড়ান্ত করেছি। বুধবার এটি প্রতিবেদন আকারে জাতীয় সংসদে উত্থাপন করা হবে।’

ওইদিনই বিলটি জাতীয় সংসদে পাশ হবে কিনা-এমন প্রশ্নের জবাবে কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার বলেন, ‘বিল পাশ হওয়ার বিষয়টি আইন মন্ত্রণালয় দেখবে। তবে আমরা আশা করছি হয়তো রিপোর্ট উত্থাপনের পরদিনই এটি পাশ হতে পারে।’

সংসদে উত্থাপিত বিলটিকে আগের সার্চ কমিটি ও নির্বাচন কমিশনকে ‘বৈধতা’ দেওয়া হচ্ছে বলে যে আলোচনা রয়েছে- সে বিষয়ে জানতে চাইলে শহীদুজ্জামান সরকার বলেন, ‘ইনডেমনিটি বলছে অনেকে। ইনডেমনিটি নয়। বিলের ৯ দফায় কিন্তু আগের দুটো সার্চ কমিটির বৈধতা দেওয়া হয়েছে। ওই দুই সার্চ কমিটিকে আইনি বৈধতা দেওয়া হয়েছে। একটা লিগ্যাল সাপোর্ট দেওয়া। সার্চ কমিটি রাষ্ট্রপতি ঐকমত্যের ভিত্তিতে করেছিলেন। সেটাকে সাপোর্ট দেওয়া হলো। কোনো দায়মুক্তি নয়। আর আইনটা কিন্তু নির্বাচন কমিশন গঠনের বিষয়ে। সার্চ কমিটির আইন নয়।’

তবে বিলে পরিবর্তনের বিষয়ে কিছু বলতে রাজি হননি আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। কমিটির বৈঠক শেষে গণমাধ্যমকর্মীরা এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘বিলে কিছু পরিবর্তন আনা হয়েছে। তবে কি পরিবর্তন আনা হয়েছে, সেটা আমি এখানে বলছি না। এটা সংসদ আগে জানার অধিকার রাখে। আমি যেদিন বিলটি জাতীয় সংসদে পাশের জন্য উত্থাপন করব সেদিনই বিলটির পরিবর্তন সম্পর্কে বলব।’

সবাইকে অন্ধকারে রেখে অনেকটা তাড়াহুড়া করে আইনটি পাশ করা হচ্ছে- বিরোধীদের এমন সমালোচনার জবাব দিতে গিয়ে আইনমন্ত্রী বলেন, এখানে তাড়াহুড়ার কিছু নেই। গোপনীয়তারও কিছু নেই। রাজনৈতিক উদ্দেশ্যে অনেকে এই আইন নিয়ে বিতর্ক ছড়াচ্ছেন। বাস্তবতা ভিন্ন। তিনি প্রশ্ন রেখে বলেন, জাতীয় সংসদে আইনটি উত্থাপনের পর এটি আর কীভাবে গোপন থাকে, আমার তা বোধগম্য নয়।

এই আইনের মাধ্যমে অতীতের দুই নির্বাচন কমিশনকে ইনডেমনিটি দেওয়া হয়েছে-বিরোধীদের এমন দাবির জবাবে অ্যাডভোকেট আনিসুল হক বলেন, এখানে ইনডেমনিটি দেওয়ার কিছু নেই। রাজনৈতিক উদ্দেশ্যে এটা বলা হচ্ছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ইনডেমনিটির রাজনীতি করে না। আওয়ামী লীগ ইনডেমনিটির শিকার। ইনডেমনিটি দেয় না। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ইনডেমনিটি কারা দিয়েছিল? ইনডেমনিটি অর্ডিন্যান্স কারা করেছিল? বরং আওয়ামী লীগই ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করেছিল। এখানে কাউকে ইনডেমনিটি দেওয়া হয়নি।

মন্ত্রী বলেন, আইনে দুটো জিনিস আছে। একটা হচ্ছে ইনডেমনিটি আর একটা হচ্ছে লিগ্যাল কাভারেজ। দুটো কিন্তু এক জিনিস নয়। ইনডেমনিটি হচ্ছে মাফ করে দেওয়া, তাদের আইনের আওতা থেকে বের করে দেওয়া। লিগ্যাল কাভারেজ হচ্ছে আইনের ভেতরে আনা। দফা-৯ এ পরিষ্কারভাবে পড়ে দেখেন কারও কৃতকর্মকে ইনডেমনিটি দেওয়া হয়নি।

বৈঠকে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ছাড়াও আরও উপস্থিত ছিলেন- কমিটির দুই সদস্য জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা।

আইন সম্পর্কে কমিটির বিএনপিদলীয় সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, নিশ্চয়ই সব ব্যাপারে একমত হওয়া যায় না। খুব তড়িঘড়ি করে আইনটি হয়েছে। একদিনের বৈঠকে আইনটিতে পৌঁছে গেছি। আইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অংশীজনের সঙ্গে আলোচনার দরকার ছিল, কিন্তু সেটা করা হয়নি।

কিছু বিষয়ের উত্তর পাননি দাবি করে তিনি বলেন, সার্চ কমিটি যে নামগুলো রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করতে যাচ্ছেন, সেই নামগুলোর ব্যাপারে সুস্পষ্ট তথ্য দিতে হবে এটা আমি বলেছি। জাতিকে জানতে হবে সার্চ কমিটি কোন কোন নামগুলো প্রস্তাব করছে রাষ্ট্রপতির কাছে। এসব প্রশ্নের ব্যাপারে আশানুরূপ উত্তর পাইনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
খালেদা জিয়া ইস্যুতে মানবিকতা দেখানোর কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী

সোশ্যাল মিডিয়ার জন্য প্রকৃত সাংবাদিকরা চ্যালেঞ্জের মুখে: আইনমন্ত্রী

স্টক নিউজ বিডি December 29, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসারের কারণে এখন সবাই সাংবাদিক হয়ে গেছেন। সবাই সাংবাদিক হয়ে যাওয়ার কারণে প্রকৃত সাংবাদিকরা চ্যালেঞ্জের মুখে পড়েছেন বলে মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা পড়ালেখা করে, কাজ করে এই পেশায় আছেন; তারা এখন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কারণে কোণঠাসা অবস্থায়। আপনারা যারা লেখাপড়া করে সাংবাদিক হয়েছেন, তারা মানসিকভাবে নিজেকে যেভাবে তৈরি করেছেন। কিন্তু ফেসবুক ব্যবহারকারীরা ঘরের মধ্যে বসেই সাংবাদিকতা করছেন। এই যে পার্থক্য, এই পার্থক্যের জন্য আপনাদের লড়াই করে বেঁচে থাকতে হবে।

আইনমন্ত্রী বলেন, আপনারাই কিন্তু আসল সাংবাদিকতা করার জন্য শিক্ষিত-প্রশিক্ষিত। এ জন্য আপনাদের যে জায়গা তথা পেশাদারিত্বের জায়গাটায় যেন অ্যামেচারিজম না আসে, সেদিকে সজাগ করতে হবে। সেই দায়িত্বও আপনাদের। সেই জায়গায় সরকার আপনাদের সব রকম সহায়তা করবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
খালেদা জিয়া ইস্যুতে মানবিকতা দেখানোর কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী

খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত: আইনমন্ত্রী

স্টক নিউজ বিডি December 25, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত হবে। এটা নিয়ে অস্থির হওয়ার কিছু নেই, কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পারবেন।

শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আইন সমিতির ৩৫তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এখন আমার সঙ্গে বিএনপির ১৫ জন আইনজীবী দেখা করেছিলেন। তারা যে কথাগুলো আমাকে বলেছেন তার কোনো আইনি ভিত আছে কিনা আমি পুঙ্খানুপুঙ্খ রূপে খতিয়ে দেখেছি। আইনের ওপর ভিত্তি করে যে ব্যাখ্যা সঠিক এবং সে সিদ্ধান্তে উপনীত হয়েছি। আপনারা শিগগিরই আমার সিদ্ধান্ত জানতে পারবেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য