Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

আজকের খবর

একাত্তর টিভির লাইসেন্সের কপি চেয়ে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার চিঠি

স্টক নিউজ বিডি June 10, 2026

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে একাত্তর টেলিভিশনের লাইসেন্সের কপি চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

গত সোমবার একাত্তর টেলিভিশনের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) বরাবর এ চিঠি দিয়েছেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-কোঅর্ডিনেটর মুহম্মদ শহীদুল্যাহ্ চৌধুরী। প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে শহীদুল্যাহ্ চৌধুরী এ বিষয়ে শাপলা চত্বরের মামলার তদন্ত কর্মকর্তা ফতেহ্ মো. ইফতেখারুল আলমের সঙ্গে কথা বলতে বলেন।

ফতেহ্ মো. ইফতেখারুল আলম আজ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার আছেন। একাত্তর টিভি যখন লাইসেন্স নেয়, তখনো জাতীয় সম্প্রচার নীতিমালা হয়নি। লাইসেন্সের শর্তাবলিতে কী লেখা আছে, এটি জানা প্রয়োজন। সে জন্য লাইসেন্সের কপি চাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, তদন্ত সংস্থা চিঠিতে বলেছে, বর্ণিত মামলার তদন্তকারী কর্মকর্তা ফতেহ্‌ মো. ইফতেখারুল আলম… মানবতাবিরোধী অপরাধের অভিযোগ সুষ্ঠু তদন্তের স্বার্থে সরকার কর্তৃক প্রদত্ত ৭১ টিভির লাইসেন্সের কপি এবং লাইসেন্স–সংক্রান্ত আনুষঙ্গিক ডকুমেন্টস (নথি) চেয়ে আবেদন করেছেন। আবেদনপত্রটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হলো। জাতীয় গুরুত্ব বিবেচনায় উল্লিখিত বিষয়ে ঐকান্তিক ও সার্বিক সহযোগিতা চাওয়া হয়।

শাপলা চত্বরের মামলায় মোজাম্মেল হক বাবু ও একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা গ্রেপ্তার আছেন।

একই মামলায় গ্রেপ্তার আছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ও পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম।

এ মামলার আসামিদের মধ্যে পলাতক আছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজীর আহমেদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রমুখ।

এ মামলায় এখনো তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

স্টক নিউজ বিডি June 10, 2026

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংকগুলোর অন্যতম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশ্রাফুল আলমকে ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পর্যবেক্ষক হিসেবে মো. আশ্রাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নেবেন। পাশাপাশি ব্যাংকের কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য, মতামত ও পর্যবেক্ষণ বাংলাদেশ ব্যাংককে অবহিত করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের ব্যাংকিং খাতে স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের এ পদক্ষেপ ব্যাংকটির কার্যক্রমে আস্থা, শৃঙ্খলা ও সুশাসন আরও জোরদার করতে সহায়ক হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালু হবে: প্রধানমন্ত্রী

স্টক নিউজ বিডি June 10, 2026

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘১৮০ দিনের মধ্যে ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর  উদ্যোগ নিয়েছে সরকার।’

বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণকে ‘ই-হেলথ কার্ড’ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই বিষয়ক একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ১৮০ দিনের মধ্যে ৫টি জেলা যথাক্রমে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীর জনসাধারণকে ই-হেলথ কার্ড সেবা প্রদান কার্যক্রম শুরু করা হবে।’

তিনি বলেন, ‘এই ই-হেলথ কার্ড ইলেক্ট্রনিক রিফারেল সিস্টেম এবং ইলেক্ট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে সংযুক্ত থাকবে।’

প্রধানমন্ত্রী তাঁর সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১৮০ দিনের কর্মসূচি অগ্রাধিকারগুলো তুলে ধরেন।

কর্মসূচিগুলো হলো- নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের পাইলটিং পর্যায়ে এ পর্যন্ত ৩৬টি ইউনিটের ৬০ হাজার ৪৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে।

কৃষক কার্ড-এর প্রি-পাইলটিং পর্যায়ে দেশের ৮টি বিভাগের ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি কৃষি ব্লকে এ পর্যন্ত ২০ হাজার ৭৪৮ জনকে কৃষক কার্ড প্রদান করা হয়েছে। এছাড়া, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সরকার শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে।

৪ হাজার ৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধ বিহার-প্যাগোডা এবং ৩৯৬টি গির্জায় কর্মরত ব্যক্তিবর্গকে মাসিক সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে এ সুবিধা সব ধর্মীয় উপাসনালয়ে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, কৃষি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক-৬৬৬টি খাল খনন, পুনঃখনন কার্যক্রম চলমান। খনন/পুনঃখননকৃত খালের মোট দৈর্ঘ্য ৯৬৫.০৪ কিলোমিটার।

২৫ কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বনায়ন সৃজনের অংশ হিসেবে আসন্ন বর্ষা মৌসুমে প্রায় ৩ কোটি ১৪ লাখ চারা রোপণ করা হবে।

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়াও বিভিন্ন স্কুলে পর্যায়ক্রমে ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ পরিকল্পনা বাস্তবায়ন।

ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণ সীমা ৩ লাখ হতে ১০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসা প্রাপ্তির পূর্বেই সার্টিফিকেট অব ইলিজিবেলিটি’র ভিত্তিতে এ ঋণ প্রদান সহজীকরণ করা হয়েছে।

২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ইতোমধ্যে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি ও নেট মিটারিংয়ের মাধ্যমে মোট ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

১২-১৪ বছরের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‌‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ কার্যক্রম শুরু করা হয়েছে। এতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে বৈঠক শুরু হয়।

বৈঠকের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোপর্ব। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ছিল তারকা চিহ্নিত ৫টি প্রশ্ন। এরমধ্যে ৩০ মিনিটে প্রধানমন্ত্রী তারকা চিহ্নিত তিনটি প্রশ্ন এবং বিভিন্ন সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাব দেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পশ্চিমবঙ্গে মন্ত্রীদের দপ্তর বণ্টন করলেন শুভেন্দু অধিকারী, কে কোন দপ্তর পেলেন

স্টক নিউজ বিডি June 10, 2026

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ রাজ্য সচিবালয় নবান্ন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে মন্ত্রীদের এই দপ্তর বণ্টন করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র, আইন ও বিচার, ভূমি ও ভূমি রাজস্ব, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি, উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন, পার্বত্য বিষয় ও প্রশাসনিক সংস্কার দপ্তরের দায়িত্ব নিজের কাছে রেখেছেন।

আজ মন্ত্রিসভার বাকি সদস্যদের দপ্তর জানানো হয়। অর্থমন্ত্রী হয়েছেন স্বপন দাশগুপ্ত। এ ছাড়া তাপস রায়কে শিল্প ও বাণিজ্য, শারদ্বত মুখোপাধ্যায়কে স্বাস্থ্য, জগন্নাথ চট্টোপাধ্যায়কে উচ্চশিক্ষা, দীপক বর্মণকে স্কুলশিক্ষা, অর্জুন সিংকে পরিবহন ও শ্রম এবং দুধকুমার মণ্ডলকে কৃষিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। মালতী রাভা রায় পেয়েছেন নারী, শিশু ও সমাজকল্যাণ এবং স্বনির্ভর গোষ্ঠী উন্নয়ন দপ্তরের দায়িত্ব। ক্রীড়া, যুবকল্যাণ ও ক্রেতাসুরক্ষামন্ত্রী হয়েছেন ইন্দ্রনীল খাঁ। শঙ্কর ঘোষকে পর্যটন এবং কল্যাণ চক্রবর্তীকে খাদ্য প্রক্রিয়াকরণ, উদ্যানবিদ্যা, বিজ্ঞান ও প্রযুক্তি, জৈবপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।

বনমন্ত্রী হয়েছেন মনোজ ওঁরাও। সেচ ও জলপথ দপ্তরের দায়িত্ব পেয়েছেন অরূপ কুমার দাস। অজয় কুমার পোদ্দারকে জনস্বাস্থ্য, পূর্ত ও কারিগরি এবং রাজেশ মাহাতোকে প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রীদের মধ্যে জোয়েল মুর্মু আদিবাসী উন্নয়ন, হরেকৃষ্ণ বেরা উচ্চশিক্ষা, আনন্দময় বর্মণ পরিবহন ও অর্থ, অশোক দিন্দা কৃষি বিপণন, নদীয়ার চাঁদ বাউরি পূর্ত, বিশাল লামা স্বরাষ্ট্র ও পার্বত্যবিষয়ক, শান্তনু প্রামাণিক খাদ্য ও সরবরাহ এবং মৌমিতা বিশ্বাস মিশ্র শিল্প ও বাণিজ্য দপ্তরের দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া উমেশ রাই সংসদীয় বিষয়ক, পূর্ণিমা চক্রবর্তী তথ্য ও সংস্কৃতি, কৌশিক চৌধুরী স্কুলশিক্ষা, ভাস্কর ভট্টাচার্য জনস্বাস্থ্য ও কারিগরি, দিবাকর ঘরামি সমবায় এবং অমিয় কিস্কু খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী হয়েছেন।

একসময়ের গৃহপরিচারিকা কলিতা মাঝি পেয়েছেন আবাসন দপ্তরের দায়িত্ব। অন্য প্রতিমন্ত্রীদের মধ্যে গার্গি দাস ঘোষ বিদ্যুৎ; বিরাজ বিশ্বাস আইন ও বিচার; দীপংকর জানা ভূমি ও ভূমি সংস্কার এবং সুন্দরবন আর সুমনা সরকার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তরের দায়িত্ব পেয়েছেন।

এর আগে গত ৯ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দানে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর পাশাপাশি ওই দিন আরও পাঁচজন মন্ত্রী শপথ নেন। তাঁদের মধ্যে দিলীপ ঘোষকে পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণিসম্পদ; অগ্নিমিত্রা পালকে পৌর ও নগর উন্নয়ন; নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়ন; অশোক কীর্তনিয়াকে খাদ্য ও সরবরাহ এবং ক্ষুদিরাম টুডুকে আদিবাসী উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়।

২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় হওয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে হারিয়ে সরকার গঠন করে বিজেপি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

হাসপাতালে সন্তানের চিকিৎসা করাতে এসে মা ধর্ষিত, গ্রেপ্তার ৩

স্টক নিউজ বিডি June 10, 2026

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নাটোর সদর জেনারেল হাসপাতালে শিশু কন্যার চিকিৎসা করাতে আসা এক নারী পরিচ্ছন্নতা কর্মি দ্বারা ধর্ষণের শিকার হন। সেই দৃশ্য মোবাইলে  ধারণ করে আরও দুজন ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তিনজন পরিচ্ছন্নতা কর্মিকে গ্রেফতার করে। এর আগে ৭ জুন রাতে এই ঘটনা ঘটে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান ও ভুক্তভোগী নারী জানান, গত ৫ জুন তার কন্যা শিশু অসুস্থ্য হলে তাকে নিয়ে নাটোর সদর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হন। এরপর গত ৭ জুন রাতে ওষুধ দেয়ার কথা বলে ওই নারীকে হাসপাতালের ৬ তলার সিঁড়ি ঘরে নিয়ে যায় পরিচ্ছন্নতা কর্মি অমিত। এরপর তাকে জোরপূর্বক সেখানে ধর্ষণ করে। এ সময় ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে অমিতের দুই সহযোগী ও হাসপাতালের আউট সোর্সিং সুইপার অনিল এবং প্রাঙ্গন। 

এরপর সেই ভিডিও দেখিয়ে ব্লাক মেইল করে ভুক্তভোগীকে আবারও ধর্ষণের চেষ্টা চালায় তারা। 

রাত ২টার দিকে শিশু ওয়ার্ডের দায়িত্বরত নার্স ও ওয়ার্ড বয় শিশুকে ৪ ঘণ্টা একা দেখে তার মাকে খোঁজাখুজি শুরু করেন এবং দায়িত্বরত আনসার সদস্যের সাহায্য চায়। এরপর সবাই মিলে খোঁজাখুঁজির এক পর্যায়ে হাসপাতালের ৬ তলায় গিয়ে ওই নারীকে উদ্ধার করা হয়। 

তবে সেসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরিচ্ছন্নতা কর্মিরা। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ওই রাতে সেখানে ভিকটিম বা অভিযুক্তদের পাওয়া যায়নি। পরে মঙ্গলবার (৯ জুন) ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে। 

এ ঘটনায় ভুক্তভোগী নারী চান তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

পুলিশ সুপার জানান, এ বিষয়ে থানার ওসিকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ঋণের ভারে প্রবৃদ্ধি, কমছে শেয়ারহোল্ডারদের সম্পদ: ক্রাউন সিমেন্টে বাড়ছে প্রশ্ন

স্টক নিউজ বিডি June 10, 2026

শামীম রেজা | স্টক নিউজ বিডি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের অন্যতম প্রতিষ্ঠান ক্রাউন সিমেন্ট পিএলসি-এর ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে একাধিক উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। সম্পদ বৃদ্ধি পেলেও শেয়ারহোল্ডারদের সম্পদ কমেছে, ঋণের বোঝা বেড়েছে, রিটেইন্ড আর্নিংস কমেছে এবং দায়ের চাপ আরও ভারী হয়েছে। ফলে কোম্পানির আর্থিক অবস্থান ও ভবিষ্যৎ সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে বিনিয়োগকারী মহলে।

সম্পদ বাড়লেও কমেছে মালিকপক্ষের অংশ

প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির মোট সম্পদ (Total Assets) ২ হাজার ৭৩১ কোটি টাকা থেকে বেড়ে ২ হাজার ৭৮১ কোটি টাকায় পৌঁছেছে। তবে একই সময়ে মোট ইকুইটি (Total Equity) কমে ৯ শত ৩০ কোটি টাকা থেকে ৯ শত ১১ কোটি টাকায় নেমে এসেছে।

অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেলেও তার সুফল শেয়ারহোল্ডারদের কাছে পৌঁছাচ্ছে না। বরং সম্পদ বৃদ্ধির পেছনে ঋণনির্ভরতা ক্রমেই বাড়ছে বলে প্রতীয়মান হচ্ছে।

রিটেইন্ড আর্নিংসে বড় পতন

কোম্পানির রিটেইন্ড আর্নিংস ছয় মাসের ব্যবধানে ৩৬৮ কোটি টাকা থেকে কমে ৩৪৯ কোটি টাকায় নেমে এসেছে। অর্থাৎ মাত্র অর্ধবছরে ১৯ কোটি টাকা হ্রাস পেয়েছে।

সাধারণত রিটেইন্ড আর্নিংস কমে যাওয়া মুনাফার ওপর চাপ, ব্যয় বৃদ্ধি অথবা আর্থিক ব্যবস্থাপনায় দুর্বলতার ইঙ্গিত বহন করে। লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত একটি কোম্পানির ক্ষেত্রে এমন পতন বিনিয়োগকারীদের জন্য স্বস্তিদায়ক নয়।

ঋণের বোঝা আরও ভারী

আর্থিক প্রতিবেদনে দেখা যায়, কোম্পানির মোট দায় (Total Liabilities) বেড়ে ১৮৬৯ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা ছয় মাস আগে ছিল ১৮,০০ কোটি টাকা।

একই সঙ্গে দীর্ঘমেয়াদি ঋণও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

বিশ্লেষকদের মতে, উচ্চ সুদের বর্তমান পরিবেশে এই ঋণনির্ভরতা ভবিষ্যতে সুদ ব্যয় বৃদ্ধি এবং নগদ প্রবাহের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।

পাওনাদারদের দায় অস্বাভাবিকভাবে বেড়েছে।

FDR কমেছে নাটকীয়ভাবে

সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হলো স্বল্পমেয়াদি FDR বিনিয়োগের বড় ধরনের হ্রাস। প্রতিবেদনে দেখা যায়, FDR বিনিয়োগ প্রায় ৩৯ কোটি টাকা থেকে মাত্র ২ কোটি টাকায় নেমে এসেছে।

এত বড় অঙ্কের আমানত কোন খাতে ব্যবহার করা হয়েছে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কৌতূহল ও প্রশ্ন তৈরি হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া জরুরি বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

NAV কমছে, শেয়ারহোল্ডার ভ্যালু ক্ষয়

কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) ৬২.৬৬ টাকা থেকে কমে ৬১.৩৬ টাকায় দাঁড়িয়েছে।

অর্থাৎ প্রতি শেয়ারে ১.৩০ টাকা সম্পদ কমেছে। NAV-এর এই নিম্নমুখী প্রবণতা দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা বহন করে না।

নগদ অর্থ বেড়েছে, তবুও প্রশ্ন রয়ে গেছে

কোম্পানির নগদ ও নগদ সমমানের অর্থ ৩৩ কোটি টাকা থেকে বেড়ে ৪০ কোটি টাকায় উন্নীত হয়েছে।

তবে একই সময়ে রিটেইন্ড আর্নিংস ও NAV কমেছে এবং দায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে নগদ অর্থ বৃদ্ধি পেলেও সামগ্রিক আর্থিক অবস্থার উন্নতি হয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ সীমিত।

উচ্চ ইনভেন্টরি কি ঝুঁকির কারণ?

সিমেন্ট শিল্পে চাহিদার চাপ এবং প্রতিযোগিতামূলক বাজার পরিস্থিতির মধ্যেও কোম্পানির ইনভেন্টরি প্রায় ৩৮৪ কোটি টাকায় অবস্থান করছে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় ধরে উচ্চ ইনভেন্টরি ধরে রাখা বিক্রয় ঝুঁকি, মূল্যহ্রাস এবং নগদ প্রবাহ সংকটের কারণ হতে পারে।

বিনিয়োগ বাড়ছে, কিন্তু ফল মিলবে কবে?

কোম্পানির Capital Work in Progress (CWIP) ২৪ কোটি টাকা থেকে বেড়ে ৬২ কোটি টাকায় পৌঁছেছে।

যদিও এটি ভবিষ্যৎ সম্প্রসারণের ইঙ্গিত দেয়, তবে এসব প্রকল্প কবে উৎপাদনে যাবে এবং কত দ্রুত রাজস্ব সৃষ্টি করবে—সে বিষয়ে স্পষ্ট তথ্য না থাকায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা রয়ে গেছে।

স্টক নিউজ বিডির পর্যবেক্ষণ

ক্রাউন সিমেন্টের সর্বশেষ আর্থিক অবস্থার বিশ্লেষণে কয়েকটি বিষয় বিশেষভাবে উদ্বেগের কারণ হয়ে উঠেছে

রিটেইন্ড আর্নিংস কমেছে
NAV কমেছে
মোট দায় ও ঋণ বেড়েছে
Trade Payables অস্বাভাবিকভাবে বেড়েছে
FDR উল্লেখযোগ্যভাবে কমেছে
সম্পদ বৃদ্ধির বড় অংশ ঋণনির্ভর
CWIP বৃদ্ধি পেলেও ভবিষ্যৎ রিটার্ন অনিশ্চিত

ক্রাউন সিমেন্টের সর্বশেষ আর্থিক চিত্র এমন এক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে, যেখানে প্রবৃদ্ধির আড়ালে ঋণের চাপ, কমতে থাকা শেয়ারহোল্ডার ভ্যালু এবং দুর্বল আয়ের সঞ্চয়ের বিষয়গুলো ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। কোম্পানি যদি দ্রুত ঋণ নিয়ন্ত্রণ, নগদ প্রবাহ শক্তিশালীকরণ এবং নতুন বিনিয়োগ থেকে প্রত্যাশিত আয় নিশ্চিত করতে না পারে, তাহলে ভবিষ্যতে আর্থিক চাপ আরও বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

এখন বিনিয়োগকারীদের মূল প্রশ্ন—ঋণ, দায় ও কমতে থাকা শেয়ারহোল্ডার সম্পদের এই প্রবণতার মধ্যে ক্রাউন সিমেন্ট কীভাবে দীর্ঘমেয়াদে আস্থা ধরে রাখবে?

“প্রতিবেদন প্রকাশের পূর্বে কোম্পানির আর্থিক অবস্থান ও উত্থাপিত প্রশ্নগুলোর বিষয়ে মন্তব্য নেওয়ার জন্য স্টক নিউজ বিডির পক্ষ থেকে কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (CFO)- আহসান উল্লাহ এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে প্রতিবেদন প্রস্তুত ও প্রকাশের সময় পর্যন্ত কোম্পানির পক্ষের অন্য কোনো দায়িত্বশীল প্রতিনিধির কোনো সাড়া পাওয়া যায়নি এবং স্টক নিউজ বিডির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি। “ফলে উত্থাপিত প্রশ্নগুলোর বিষয়ে কোম্পানির বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।”

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

স্টক নিউজ বিডি June 10, 2026

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশের ১২ অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১০) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পুশ ইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল

স্টক নিউজ বিডি June 10, 2026

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশে পুশ ইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ১২ জুন দেশের সীমান্তবর্তী সব জেলাসহ সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে ১১–দলীয় ঐক্য। এ ছাড়া ১৫ জুন রাজধানীর শাহবাগের শহীদ ওসমান হাদি চত্বরে এই বিরোধী জোট বিক্ষোভ সমাবেশ করবে।

আজ বুধবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি ঘোষণা করেন ১১–দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ বলেন, দেশের সীমান্ত আজ অরক্ষিত। সীমান্তে হত্যা দীর্ঘদিনের চলমান পরিস্থিতি। তবে বর্তমান সরকারের আমলে সীমান্তে হত্যার যে চিত্র দেখা যায়, সেটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি।

জামায়াতের এই নেতা বলেন, ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার ইতিমধ্যে ২৬ জেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশীমূলক আচরণ না করে বাংলাদেশের সঙ্গে বাড়াবাড়ি করে যাচ্ছে। তারা বলে ভারতের ডিকশনারিতে পুশ ইন বলে কিছু নেই। তবে তারা সীমান্তের বিভিন্ন পয়েন্টে জোরপূর্বক অনেক লোক ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। বিজিবির সঙ্গে ঐক্যবদ্ধভাবে জনগণ প্রতিরোধব্যবস্থা গড়ে না তুললে ভারত এত দিনে তাদের দেশের অনেক নাগরিককে এ দেশে পুশ ইন করত। ইতিমধ্যে কিছু কিছু জায়গায় পুশ ইন হয়েছে।

পত্রিকায় প্রকাশিত খবরের পরিসংখ্যানের বরাত দিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, গত তিন মাসে ৫০-এর অধিক সীমান্তবর্তী এলাকায় পুশ ইনের ঘটনা ঘটেছে। সেখানে ২ হাজার ৪৭৯ জনকে পুশ ইন করার চেষ্টা হয়েছে। তবে বাস্তব সংখ্যা এর দ্বিগুণের বেশি বলে দাবি করেন তিনি।

জামায়াতের এই নেতা বলেন, বিএনপি সরকারের ১০০ দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ১৯ জন নিরীহ বাংলাদেশি নিহত হয়েছেন। একই সময়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ২৪ জন। বিএসএফ ও মিয়ানমারের আরাকান আর্মি ৮৩ জনকে আটক করে জোর করে তুলে নিয়ে গেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকার যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, দায়িত্বশীল জায়গায় থেকে মন্তব্য করার সময় মনে রাখতে হবে, তাঁরা বাংলাদেশের মন্ত্রী। এ ক্ষেত্রে তাঁর (স্বরাষ্ট্রমন্ত্রী) বয়ানটা হয়ে গেছে ভারতীয় মন্ত্রীদের মতো। বাংলাদেশের কোনো মন্ত্রী এ ধরনের বক্তব্য দিতে পারেন, সেটি বিশ্বাস করা কঠিন। সরকারকে ‘নতজানু পররাষ্ট্রনীতি’ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান জামায়াতের এই নেতা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজী, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যৈষ্ঠ নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মহাসচিব ইকবাল হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক প্রমুখ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

প্রতিপক্ষের জন্য আর্জেন্টিনাকে হারানো কঠিন হবে, জানিয়ে দিলেন মেসি

স্টক নিউজ বিডি June 10, 2026

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: লিওনেল মেসি চোট কাটিয়ে মাঠে ফিরেছেন আজই। আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে বদলি নেমে করেছেন গোলও। ম্যাচ শেষে নিজের দল নিয়ে সমর্থকদের আত্মবিশ্বাসী বার্তাই দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানিয়ে দিয়েছেন, আর্জেন্টিনাকে হারানো প্রতিপক্ষদের জন্য কঠিন হবে।

আর্জেন্টিনা এবার বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামবে। বিষয়টি একদিকে যেমন দলকে অনুপ্রেরণা দেওয়ার, আরেক দিকে ১৯৬২ সালের পর থেকে কারও টানা দুবার চ্যাম্পিয়ন হতে না পারার কারণে শঙ্কারও। চার বছর আগের মেসি আর এই মেসির মধ্যেও পার্থক্য আছে। সব মিলিয়ে আর্জেন্টিনা এবার কত দূর যেতে পারবে, তা নিয়ে সমর্থকদের মনে সংশয় আছে।

তবে মেসির বিশ্বাস, এই দল আবারও বড় কিছু করার সামর্থ্য রাখে, ‘এই দলটা যা পেয়েছে, তা সবই প্রাপ্য। মানুষ নিশ্চিত থাকতে পারে আমরা সব সময়ের মতো নিজেদের উজাড় করে দেওয়ার চেষ্টা করব। কখনো সফল হব, কখনো হব না। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আমরা ইতিবাচক ফল পেয়েছি। আমাদের ভাগ্যও ভালো ছিল। তবে এটি কঠিন এবং দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। তবে আমরা এতে অভ্যস্ত হয়ে গেছি, মানুষকেও অভ্যস্ত করে তুলেছি। আমরা এটার পুনরাবৃত্তি করার চেষ্টা করব।’

এরপরই প্রতিপক্ষদের উদ্দেশে সতর্কবার্তাও দিয়েছেন তিনি, ‘এ নিয়ে কোনো সন্দেহ রাখবেন না যে আমাদের হারানো প্রতিপক্ষদের জন্য অনেক কঠিন হতে যাচ্ছে। কারণ, আমরা খুবই প্রতিযোগিতামূলক দল।’

গত মাসের শেষ দিকে মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ৬-৪ ব্যবধানে জয়ের ম্যাচে পেশিতে চোট পান মেসি। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে তাঁর এই চোট আর্জেন্টিনার শিবিরে বেশ উদ্বেগ তৈরি করেছিল। সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে মেসি আজ মাঠে নামায়।

মেসিও আজ শুরু থেকেই উপভোগ করেছেন বলেই জানিয়েছেন, ‘আমি খুশি, প্রতিটি মুহূর্ত উপভোগ করছি এবং বরাবরের মতোই রোমাঞ্চিত। মাঠে নামার জন্য মুখিয়ে ছিলাম। অস্বস্তি থাকলে যে ভয়গুলো কাজ করে, তা ঝেড়ে ফেলে একদম মুক্তভাবে খেলতে চেয়েছিলাম।’

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে আর্জেন্টিনার হাতে আছে আরও এক সপ্তাহ। সেই সময়ের মধ্যে দলের বাকি খেলোয়াড়দেরও পুরোপুরি ফিট হয়ে ওঠার আশা করছেন মেসি। তাঁর মতে, প্রস্তুতির শেষ সময়টা কাজে লাগাতে পারলে শিরোপা ধরে রাখার লড়াইয়ে আর্জেন্টিনা নিজেদের সেরা অবস্থাতেই নামতে পারবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি আদালতের

স্টক নিউজ বিডি June 10, 2026

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তাঁর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত গত ২৪ মে এই আদেশ দেন।

আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম এ তথ্য জানিয়েছেন।

আদালত সূত্র জানায়, গত ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক (নিরস্ত্র) মো. জিয়াউল মোর্শেদ সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, ময়নাতদন্ত সম্পন্ন এবং এ কাজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করেন।

পুলিশের আবেদনে বলা হয়, মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম আদালতে জানান, তিনি সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে ক্ষমতাপ্রাপ্ত হয়ে আবেদনটি করেছেন। আবেদনে উল্লেখ করা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে নীলা চৌধুরী, তাঁর স্বামী প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী এবং ছোট ছেলে শাহরান শাহ নিউ ইস্কাটনের ইস্কাটন প্লাজায় সালমান শাহর বাসায় যান। সেখানে স্ত্রী সামিরা হক ও গৃহকর্মী আবুল তাঁদের জানান, সালমান শাহ ঘুমিয়ে আছেন। পরে তাঁরা গ্রিন রোডের বাসায় ফিরে যান।

বাদী আরও জানান, এর কিছু সময় পর, বেলা সাড়ে ১১টার দিকে সালমান শাহর বাসা থেকে ফোন করে জানানো হয়, তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দ্রুত বাসায় গিয়ে তাঁরা দেখেন, সালমান শাহ শয়নকক্ষের খাটের ওপর অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে তাঁকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে তাঁকে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। ওই দিনই রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছিল।

পুলিশের আবেদনে আরও বলা হয়, ঘটনার প্রায় ২৯ বছর পর আদালতের নির্দেশে রমনা থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সালমান শাহর মরদেহ আবার কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, ময়নাতদন্ত সম্পন্ন এবং সংশ্লিষ্ট প্রতিবেদন পর্যালোচনা করা প্রয়োজন।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। দীর্ঘদিন ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা জল্পনা রয়েছে। ২৯ বছর পর গত ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা করেন।

এ মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্র অভিনেতা ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদকে আসামি করা হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য