Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

আন্তর্জাতিক

চীনে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১১

স্টক নিউজ বিডি August 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চীনের উত্তরাঞ্চলীয় শানঝি প্রদেশে একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় ১১ জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে মঙ্গলবার (২২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করা হয়। রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (২১ আগস্ট) ৮টা ২৬ মিনিটে ইয়ানান শহরের কাছে অবস্থিত শিনতাই কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিস্ফোরণের সময় ওই খনিতে প্রায় ৯০ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পর থেকে এখন পর্যন্ত নয়জন নিখোঁজ রয়েছেন। তারা ওই খনির ভেতরে আটকা পড়েছেন।

বিস্ফোরণের ঘটনায় আরও ১১ জন আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

গত কয়েক দশকে চীনে খনি নিরাপত্তার কিছুটা উন্নতি হয়েছে। তবে পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করা যায়নি এবং প্রায়ই বিভিন্ন খনিতে দুর্ঘটনা খবর সামনে আসছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে নর্দার্ন মঙ্গোলিয়া অঞ্চলে একটি কয়লা খনি ধসে পড়ায় বেশ কয়েকজন শ্রমিক এবং কয়েকটি যানবাহন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। কর্তৃপক্ষ জানায়, ওই দুর্ঘটনায় ৫৩ জনের মৃত্যু হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এবার ইমরান খানের বিরুদ্ধে গোপন নথি ফাঁসের অভিযোগ

স্টক নিউজ বিডি August 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পাকিস্তানের রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে নতুন একটি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় ইমরান খানসহ তার তিন সহযোগী জড়িত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানি একটি শীর্ষ নিরাপত্তা সূত্র জানিয়েছে, গত বছরের শুরুর দিকে ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত একটি গোপন নথি ইসলামাবাদে পাঠান। অভিযোগ উঠেছে, ইমরান খান সেটি ফাঁস করেছিলেন।

ইমরান খান সে সময় অভিযোগ করেছিলেন, ইউক্রেনে অভিযান শুরুর আগে রাশিয়া সফর করেছিলেন ইমরান খান। এ কারণে তাকে ক্ষমতা থেকে সরাতে পাকিস্তান সেনাবাহিনীকে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর ২০২২ সালের অনাস্থা ভোটে ক্ষমতা হারান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এ নেতা। অন্যদিকে, ইমরানের অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সেনাবাহিনী।

ইমরান খান বর্তমানে তোশাখানা দুর্নীতি মামলায় তিন বছরের সাজা ভোগ করছেন। এর পাশাপাশি তাকে পাঁচ বছরের জন্য রাজনীতি করা থেকে নিষিদ্ধ করা হয়েছে।

তদন্তের দায়িত্বপ্রাপ্ত পাকিস্তানি নিরাপত্তা সূত্র জানিয়েছে, আমরা সরকারি গোপনীয়তা ফাঁসের অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে মামলা করা জন্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করছি।

এ বিষয়ে পিটিআইয়ের তথ্যসচিব রউফ হাসানকে প্রশ্ন করা হলেও কোনো মন্তব্য করেননি। আস্থা ভোটে ক্ষমতা হারানোর পর থেকেই পাকিস্তানি রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইমরান খান। সর্বশেষ তার গ্রেফতার কেন্দ্র করে দেশব্যাপী প্রতিবাদ করেছেন কর্মী-সমর্থকরা। বর্তমানে ইমরান খানের বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে।

তোশাখানা দুর্নীতি মামলায় গত ৫ আগস্ট ইমরান খানকে তিন বছর কারাদণ্ডের রায় দেন আদালত। রায় ঘোষণার পরপরই তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তাকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

চন্দ্রযান-৩ নিয়ে পোস্ট, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে মামলা

স্টক নিউজ বিডি August 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চন্দ্রযান-৩ নিয়ে উপহাস করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অভিযোগে অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে কর্ণাটকে মামলা দায়ের হয়েছে।

পুলিশ মঙ্গলবার (২২ আগস্ট) জানিয়েছে, কর্ণাটকের বাগালকোট জেলার একটি থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়। তিনি দেশটির তৃতীয় চন্দ্র অভিযানকে উপহাস করেছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, হিন্দু সংগঠনের নেতারা বগালকোট জেলার বানাহাট্টি থানায় এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

প্রবীণ অভিনেতা রোববার মাইক্রোব্লগিং সাইট টুইটারে চন্দ্রযান-৩ নিয়ে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টে শার্ট ও লুঙ্গি পরা অবস্থায় চা ঢালতে থাকা একজন ব্যক্তির ব্যাঙ্গচিত্র শেয়ার করেন অভিনেতা। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, প্রথম দৃশ্য এইমাত্র চন্দ্রযান থেকে এসেছে। এরপর হ্যাশট্যাগে লেখেন বিক্রম ল্যান্ডার।

এই পোস্টটি করার পর থেকেই সমালোচনার মুখে পড়েন প্রকাশ রাজ। অনেকেরই বক্তব্য ছিল যে, চন্দ্রযান-৩ অভিযান ভারতের গর্বের সঙ্গে যুক্ত। তাই এই নিয়ে উপহাস করা ঠিক হয়নি।

যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের মুখে পড়ে প্রকাশ রাজ টুইটারে যুক্তি দেন যে, শুধু রসিকতার উদ্দেশ্যে তিনি ওই মন্তব্য করেছিলেন।

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের দেওয়া তথ্য অনুসারে, ২৩ অগস্ট ভারতীয় সময় প্রায় সন্ধ্যার দিকে চাঁদে অবতরণ করতে চলেছে চন্দ্রযান-৩। এর সরাসরি সম্প্রচার করা হবে ইসরোর ওয়েবসাইট, এর ইউটিউব চ্যানেল, ফেসবুক ও পাবলিক ব্রডকাস্টার ডিডি ন্যাশনাল টিভিতে। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পরে এই কৃতিত্ব অর্জনকারী ভারত হবে বিশ্বের চতুর্থ দেশ। কিন্তু ভারতই হবে পৃথিবীর একমাত্র দেশ, যারা চন্দ্রের দক্ষিণ মেরুতে অবতরণ করবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

চন্দ্রাভিযান ব্যর্থ হওয়ায় হাসপাতালে রুশ বিজ্ঞানী

স্টক নিউজ বিডি August 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাশিয়ার পাঠানো চন্দ্রযান লুনা-২৫ শনিবার (১৯ আগস্ট) নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদেই বিধ্বস্ত হয়েছে। ৪৭ বছর পর চাঁদে পাঠানো এ মহাকাশযান বিধ্বস্ত হওয়ায় খবর শুনেই অসুস্থ হয়ে পড়েন ওই মিশনের নেতৃস্থানীয় পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী মিখাইল মারোভ (৯০)। পরে তাকে মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেন্ডেন্ট জানিয়েছে, শনিবার চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময় কক্ষপথ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় লুনা-২৫ নিয়ন্ত্রণ হারায় ও পরে বিধ্বস্ত হয়। রোববার রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস এ তথ্য প্রকাশ করে। এ ঘটনার পর রাশিয়ার মহাকাশ শক্তি নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। আর এর কয়েক ঘণ্টা পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন মিখাইল।

এই জ্যোতির্বিজ্ঞানী সংবাদ মাধ্যম আরবিসি ও মস্কোভস্কি কমসমোলেতসকে বলেছেন, আমি কেন চিন্তি হবো না? চন্দ্রভিযানটি আমার জন্য বিশাল ব্যাপার ছিল। মিশনটি ব্যর্থ হওয়ায় আমার জীবনকে অর্থহীন বলে মনে হচ্ছিল। এসব চিন্তা থেকেই আমি অসুস্থ হয়ে পড়ি। বর্তমানে চিকিৎসদের পর্যবেক্ষণে রয়েছি।

১৯৭৬ সালে চাঁদে মহাকাশযান পাঠিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। সেটির নাম ছিল লুনা-২৪। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর লুনা-২৫ ছিল রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান।

সোভিয়েত ইউনিয়নের ওই মহাকাশ অভিযানেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে মিখাইলের। তবে লুনা-২৫ মিশনকে তিনি তার কাজের চূড়ান্ত পরিণতি হিসেবে বিবেচনা করছিলেন। কিন্তু মিখাইলের মতে, মিশনটি ব্যর্থ হওয়ায় রুশ চন্দ্রাভিযানের পুনরুত্থান দেখার শেষ আশা স্বপ্নই থেকে গেলো।

এ চন্দ্রযান বিধ্বস্ত হওয়া রসকসমসের জন্য একটি বিশাল ক্ষতি বলে দাবি করা হচ্ছে। বেশ কয়েক বছর ধরেই প্রতিষ্ঠানটি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা কিংবা ইউরোপীয় স্পেস এজেন্সি ইসা’র তুলনায় পিছিয়ে গেছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, রাশিয়ার বাজেটের বিশাল একটি অংশ শুধু সামরিক খাতে ব্যয় করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লুনা-২৫ অভিযানের ব্যর্থতা থেকে এটা পরিষ্কার যে, রাশিয়ার মহাকাশ শক্তি ক্ষয়িষ্ণু অবস্থায় রয়েছে। এক সময় মহাকাশ অভিযানে সোভিয়েত আমলের রাশিয়ার যে বিশাল ভূমিকা ছিল, তা এখন পতনের দিকে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

কর্মী ভিসায় নিউজিল্যান্ডে গিয়ে প্রতারণার শিকার বাংলাদেশিরা

স্টক নিউজ বিডি August 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অস্থায়ী কর্মী ভিসায় নিউজিল্যান্ডে যাওয়া ১১৫ জন বাংলাদেশি ও ভারতীয় নাগরিকের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। চাকরি দেওয়ার নাম করে নিয়ে গিয়ে দীর্ঘদিন পরেও বেতনভুক্ত কোনো কাজ দেওয়া হয়নি তাদের। তাছাড়া, সবাইকে রাখা হয়েছিল অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে। সম্প্রতি এসব অভিযোগের তদন্ত শুরু করেছে নিউজিল্যান্ড সরকার।

গত ১৭ আগস্ট নিউজিল্যান্ডের ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া সোমবার (২২ আগস্ট) বার্তা সংস্থা পিটিআইর বরাতে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতেও একই সংবাদ প্রকাশিত হয়েছে।

নিউজিল্যান্ড ইমিগ্রেশনের বিবৃতিতে বলা হয়েছে, তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। তবে কিছু তথ্য জানিয়েছে তারা।

জানা যায়, অকল্যান্ডে মাত্র ছয়টি বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে রাখা হয়েছিল বাংলাদেশ ও ভারত থেকে যাওয়া ১১৫ নাগরিককে।

তারা সবাই অ্যাক্রেডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসায় (এইডব্লিউভি) নিউজিল্যান্ডে গিয়েছিলেন। এই ভিসা ও তৎসম্পর্কিত চাকরির জন্য মোটা অংকের টাকা দিয়েছিলেন ভুক্তভোগীরা। কিন্তু তাদের বেশিরভাগকেই এখন পর্যন্ত কোনো কাজ দেওয়া হয়নি।

এদের মধ্যে কিছু লোক নিউজিল্যান্ড পৌঁছান কয়েক মাস আগে। বাকিরা সম্প্রতি গিয়েছেন।

কারা তাদের নিউজিল্যান্ডে নিয়ে গেছেন তা জানতে তদন্ত চলছে। তবে এর সঙ্গে বেশ কিছু ব্যক্তি ও কোম্পানি জড়িত বলে জানিয়েছে নিউজিল্যান্ড ইমিগ্রেশন।

এ ঘটনায় বিস্তারিত প্রমাণাদি সংগ্রহে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে শুরু করেছেন তদন্তকারীরা।

ভারতীয় হাইকমিশন তাদের নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দিতে কাজ করছে। এক বিবৃতিতে তারা বলেছে, অকল্যান্ডে ভারতীয় কর্মীদের দুর্দশার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাদের সহায়তা করতে গিয়েছি। কর্মীদের খাদ্য ও কনস্যুলার সেবা দেওয়া হয়েছে। আমরা সবার সঙ্গে যোগাযোগ রাখছি।

জানা গেছে, ২০২২ সালের জুলাই মাসে এইডব্লিউভি ভিসা চালু করে নিউজিল্যান্ড। গত ১৪ আগস্ট পর্যন্ত ৮০ হাজার ৫৭৬ জনকে এই ভিসা দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে স্বীকৃত নিয়োগদাতা রয়েছে প্রায় ২৭ হাজার ৮৯২টি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আত্মসমর্পণের ঘোষণা দিলেন ট্রাম্প

স্টক নিউজ বিডি August 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গত প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া প্রদেশের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে গত ১৪ আগস্ট জর্জিয়ার ফুল্টন কাউন্টি গ্র্যান্ড জুরি ট্রাম্পের বিরুদ্ধে এ অভিযোগ আনেন ও ১০ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন।

স্থানীয় সময় সোমবার (২১ আগস্ট) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এই তথ্য জানান। ট্রুথ সোশ্যালে শেয়ার করা পোস্টে ট্রাম্প লেখেন, গ্রেফতার হওয়ার জন্য বৃহস্পতিবার (২৪ আগস্ট) আটলান্টায় যাচ্ছি। আত্মসমর্পণের জন্য ট্রাম্পকে ২৫ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। সেই নির্দেশনা মেনেই আত্মসমর্পণ করার ঘোষণা দিলেন ট্রাম্প।

২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ট্রাম্প এরই মধ্যে সে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়ে রেখেছেন। এছাড়া প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়নের দৌড়ে থাকা রিপাবলিকান পার্টির অন্য নেতাদের চেয়ে জনমত জরিপে অনেকটা এগিয়ে রয়েছেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট তার বিরুদ্ধে আনা জালিয়াতি চেষ্টার অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

২০২১ সালের ২ জানুয়ারি জর্জিয়ার প্রধান নির্বাচনী কর্মকর্তা ব্র্যাড র‌্যাফেনসপারগারকে ফোন করে অঙ্গরাজ্যটিতে নিজের পরাজয় ঠেকানোর ব্যবস্থা করতে বলেন ট্রাম্প। কিন্তু ব্র্যাড তার এ অনুরোধ প্রত্যাখ্যান করেন। এর চারদিন পর ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা মার্কিন গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল হিলে আক্রমণ করেন। ওইদিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে সিনেটের স্বীকৃতি দেওয়ার কথা ছিল।

এদিকে জর্জিয়ায় কোনো ধরনের অপরাধ করার অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। তিনি অ্যাটর্নি উইলিসের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, রাজনৈতিকভাবে প্রভাবিত হয়েই তার বিরুদ্ধে এই অভিযোগ তদন্ত করা হচ্ছে। উইলিস মূলত জো বাইডেন প্রশাসনের মনোনীতি অ্যাটর্নি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাশিয়ার ভেতরে ঢুকে সুপারসনিক বোমারু বিমান ধ্বংস করলো ইউক্রেন

স্টক নিউজ বিডি August 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাশিয়ার ভেতরে ঢুকে একটি সুপারসনিক বোমারু বিমান ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের ড্রোন। স্থানীয় সময় সোমবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে সোলটসি-টু বিমানঘাঁটিতে এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি কিয়েভ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ছোট্ট একটি ড্রোনের আঘাতেই বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। টিইউ-২২ সুপারসনিক বম্বার শব্দের চেয়েও দ্বিগুণ গতিতে ছুটতে পারে। ইউক্রেনের শহরগুলোতে আক্রমণ করার জন্য এই বিমানটি ব্যাপকভাবে ব্যবহার করছে রাশিয়া।

এদিকে ধ্বংস হওয়া টিইউ-২২ সুপারসনিক মূলত স্নায়ু যুদ্ধকালীন বোমারু বিমান। ইউক্রেন ছাড়াও এগুলো সিরিয়া, চেচনিয়া ও জর্জিয়ার যুদ্ধেও ব্যবহার করেছে রাশিয়া। এর আধুনিক সংস্করণগুলো হলো—মাছ-২, যা ঘণ্টায় ২ হাজার ৩০০ কিলোমিটার গতিতে ছুটতে পারে এবং ২৪ হাজার কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে।

এদিকে, এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কপ্টার ধরনের একটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল ইউক্রেন। হামলার আগেই ড্রোনটিকে শনাক্ত করতে সক্ষম হয়েছিলেন এয়ারফিল্ডের পর্যবেক্ষকেরা। সেটিকে প্রতিহত করার চেষ্টাও করেন তারা। তারপরও এটি আঘাত হানে। তবে এ ঘটনায় এবং একটি বিমান পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া ছাড়া আর কোনো ক্ষয়-ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা ছবিতে আগুনটিকে অনেক বড় মনে হয়েছে। এতে একটি বিমান ধ্বংস হলেও তা ক্ষতির দিক থেকে খুবই কম। কারণ এই বহরে রাশিয়ার ৬০টি বিমান রয়েছে। তবে, হামলাটি রুশ ভূখণ্ডের ভেতরে হওয়ায় তা ইউক্রেনের ক্ষমতা বৃদ্ধির দিকে ইঙ্গিত দিচ্ছে।

গত কয়েক মাসে ইউক্রেন এ ধরনের মনুষ্যবিহীন ড্রোন দিয়ে কয়েক শ মাইল দূরে রাশিয়ার রাজধানী মস্কোতেও বেশ কয়েকটি হামলা চালিয়েছে। সর্বশেষ হামলার স্থানটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নির্বাচন নিয়ে শেখ হাসিনাকে যে দুটি বার্তা দিতে পারে ভারত

স্টক নিউজ বিডি August 21, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জি-২০ সম্মেলনে অংশ নিতে আগামী মাসেই দিল্লি সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেখানেই বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শেখ হাসিনাকে দুটি স্পষ্ট বার্তা দিতে পারে ভারত। এ কারণেই বাংলাদেশি প্রধানমন্ত্রীর এ সফরকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে উভয় দেশ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত সাংবাদিক ও কলামিস্ট দেবদীপ পুরোহিতের লেখা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

ভারতের নিরাপত্তা সংস্থার একটি সূত্র শেখ হাসিনার জন্য ওই দুই বার্তার কথা প্রকাশ করেছে। প্রথমত, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু হতে হবে। দ্বিতীয়ত, আওয়ামী লীগকে তার সব চীন ও ইসলামপন্থি নেতাদের ত্যাগ করে অসাম্প্রদায়িক ও জনপ্রিয় প্রার্থীদের বেছে নিতে হবে। তাছাড়া ২০২৪ সালের জানুয়ারিতে হতে যাওয়া এ নির্বাচন নিয়ে ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাপক ঐকমত্যের ইঙ্গিতও দিয়েছে সূত্রটি।

সূত্র বলছে, বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে দুই ভারত ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে। একই বিষয়ে এ অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গেও বৈঠক করেছে ভারত।

সূত্রটি আরও জানায়, অতীতে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে মতের অমিল থাকলেও, এবার সেখানে একটি বিস্তৃত ঐকমত্য দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন জি-২০ সম্মেলনে যোগ দিতে দিল্লিতে অবস্থান করবেন, তখন বার্তা দুটি তার কাছে পৌঁছে দেওয়া হবে।

শেখ হাসিনা বরাবরই দাবি করে আসছেন, তার সরকারের অধীনে হওয়া ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশ ওই দুটি নির্বাচন ও বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে সন্দেহ ও অসন্তোষ প্রকাশ করছে।

বিপরীতে, নয়াদিল্লি শেখ হাসিনা সরকারের নির্বাচনে কারচুপির অভিযোগ সম্পর্কে কখনো কোনো প্রশ্ন তোলেনি বরং ২০১৮ সালের নির্বাচন শেষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই সর্বপ্রথম শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছিলেন। ওই নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন জোট ৯৬ শতাংশেরও বেশি আসন পেয়েছিল।

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতীয় ও মার্কিন নিরাপত্তা প্রতিষ্ঠানের মধ্যে আলোচনার বিষয়গুলো হলো:

১. ভারত-যুক্তরাষ্ট্র উভয়ই বাংলাদেশের ক্ষমতা কাঠামোতে চীনপন্থি ও ইসলামপন্থিদের ব্যাপক উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা এই পরিস্থিতি অবিলম্বে পরিবর্তনের ওপর জোর দিয়েছে। দিল্লি সফরে শেখ হাসিনাকে নিজেদের এ উদ্বেগের কথা জানাতে রাজি হয়েছে ভারতীয় সংস্থা।

২. উভয়পক্ষই এ বিষয়ে একমত হয়েছে যে, বাংলাদেশের নির্বাচন কমিশনকে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া ও অবাধ-সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিতে হবে। শেখ হাসিনার ভারত সফরে এ বিষয়টি তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছে ভারতীয় সংস্থা।

৩. ভারত-যুক্তরাষ্ট্র একমত হয়েছে যে, যেহেতু বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিধান নেই, সেহেতু বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন বিরোধীদলের প্রধান এ দাবি শর্ত হিসেবে দেওয়া হবে না।উভয়পক্ষ পুরোপুরি একমত হয়েছে যে, হাসিনা সরকারকে দুর্নীতি ও ব্যাংক ঋণ খেলাপিদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সরকারকে দ্রব্যমূল্য বৃদ্ধির সমস্যাটি মোকাবিলা করতে হবে।

৪. ভারতীয় কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে এটা বোঝাতে সক্ষম হয়েছে, যুক্তরাষ্ট্র প্রতিপক্ষ হয়ে দাঁড়ালে সেটা হবে বাংলাদেশে শাসন পরিবর্তনের একটি এজেন্ডা। আর এমনটি হলে বিএনপি-জামায়াত জোট রাষ্ট্র ক্ষমতায় আসবে। এতে এ অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে। কারণ বাংলাদেশে সরকার পরিবর্তন হলে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকিতে পড়বে।

৫. ভারতীয় পক্ষ জোরালোভাবে মার্কিন প্রতিনিধিদের কাছে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে তাদের আপত্তির কথা জানিয়েছে। তারা জানিয়েছে, জামায়াতে ইসলামী একটি ইসলামপন্থি রাজনৈতিক সংগঠন ও ভারত জামায়াতকে একটি উগ্র মৌলবাদী সংগঠন বলে বিবেচনা করে।

৬. ভারতীয় প্রতিনিধিরা মার্কিন কর্মকর্তাদের বলেছেন, অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। নয়াদিল্লি মনে করে, এ নিষেধাজ্ঞা কার্যকরের আগে আদর্শগতভাবে ভারতের সঙ্গে পরামর্শ করা উচিত হোয়াইট হাউজের।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সৌদি সীমান্তে শত শত অভিবাসনপ্রত্যাশীকে হত্যার অভিযোগ

স্টক নিউজ বিডি August 21, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইয়েমেন সীমান্তে শত শত অভিবাসনপ্রত্যাশীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে সৌদি সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) মতে, পরিস্থিতি এতটাই গুরুতর যে এটিকে তারা ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছে।

এইচআরডব্লিউ প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, উন্নত জীবনের আশায় ইয়েমেন পাড়ি দিয়ে সৌদি পৌঁছানোর চেষ্টার সময় সীমান্তে কয়েকশ অভিবাসনপ্রত্যাশীকে গুলি করে হত্যা করা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই ছিলেন ইথিওপিয়ার নাগরিক।

ভুক্তভোগীরা বিবিসি’কে বলেছেন, সৌদি বাহিনীর গুলিতে অভিবাসনপ্রত্যাশীদের শরীরের ছিন্নভিন্ন অংশ ও মরদেহ পড়ে থাকতে দেখেছেন তারা।

‘দে ফায়ারড অন আস লাইক রেইন’ (ওরা আমাদের ওপর বৃষ্টির মতো গুলি করেছিল) শিরোনামে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে প্রত্যক্ষদর্শী অভিবাসনপ্রত্যাশীদের ভয়ংকর অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। সাক্ষাৎকারদাতাদের দাবি, ইয়েমেনের উত্তর সীমান্তে তাদের ওপর গুলি ও বিস্ফোরক ব্যবহার করেছে সৌদি পুলিশ এবং সৈন্যরা।

পৃথকভাবে ভুক্তভোগী অভিবাসনপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছে বিবিসিও। তারা বলেছেন, রাতের অন্ধকারে সৌদি প্রবেশের চেষ্টা করা ইথিওপিয়ানদের মধ্যে বহু নারী এবং শিশুও ছিল। সীমান্তের কাছাকাছি পৌঁছালেই তাদের ওপর গুলি চালানো হয়।

মুস্তফা সৌফিয়া মোহাম্মদ নামে ২১ বছর বয়সী এক তরুণ বলেন, গুলি চলছিল তো চলছিলই।

গত বছরের জুলাই মাসে সৌদি প্রবেশের চেষ্টার সময় গুলির মুখে পড়েছিল অভিবাসনপ্রত্যাশীদের একটি দল। এতে অন্তত ৪৫ জন প্রাণ হারান। তবে কোনোমতে প্রাণে বেঁচে যান সৌফিয়া।

তিনি বলেন, আমি প্রথমে খেয়ালই করিনি যে আমার গুলি লেগেছে। কিন্তু যখন উঠে দাঁড়ানোর চেষ্টা করি, দেখি আমার পা নেই।

এর কয়েক ঘণ্টা পরে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, সৌফিয়ার বাম পায়ের পাতা তার শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে কৃত্রিম পা লাগানো হয় তার শরীরে। এখন ইথিওপিয়াতেই রয়েছেন এই তরুণ। তবে পুরোপুরি ওলোটপালোট হয়ে গেছে তার জীবন। ক্র্যাচে ভর দিয়ে ধীরে ধীরে চলতে হয় তাকে।

দুই সন্তানের বাবা সৌফিয়ার কথায়, পরিবারের উন্নতির আশায় আমি সৌদি আরবে যেতে চেয়েছিলাম। কিন্তু যা ভেবেছিলাম তা হলো না। এখন বাবা-মাকেই আমার সব কাজ করতে হচ্ছে।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাবমতে, প্রতি বছর দুই লাখের বেশি মানুষ হর্ন অব আফ্রিকা থেকে প্রথমে সমুদ্র পাড়ি এবং তারপরে ইয়েমেন পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করে।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, পথিমধ্যে এদের অনেকেই কারাভোগ ও মারধরের শিকার হন। তাছাড়া সমুদ্র পাড়ি দেওয়ার বিপদও কম নয়। গত সপ্তাহেই জিবুতি উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় ২৪ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন।

তবে এত বাধা পেরিয়ে স্বপ্নপূরণের কাছাকাছি যারা পৌঁছান, তারা সৌদি নিরাপত্তা বাহিনীর গুলির মুখে পড়েন বলে অভিযোগ করেছে এইচআরডব্লিউ।

সংস্থাটির সাম্প্রতিক প্রতিবেদনের প্রধান লেখক নাদিয়া হার্ডম্যান বলেছেন, আমরা সেখানে যা নথিভুক্ত করেছি, তা মূলত গণহত্যা। আমি শত শত গ্রাফিক ইমেজ এবং ভিডিও দেখেছি, যা বেঁচে যাওয়ার মানুষেরা আমার কাছে পাঠিয়েছিল। সেগুলোতে ভয়ংকর আঘাত এবং বিস্ফোরণের ক্ষত দেখা গেছে।

তবে লেখকরা বলছেন, সীমান্ত ক্রসিংয়ের দূরত্ব এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের খুঁজে বের করা কঠিন হওয়ায় ঠিক কতজন নিহত হয়েছেন তা নিশ্চিতভাবে জানা সম্ভব হয়নি।

হার্ডম্যান বলেন, আমরা সর্বনিম্ন ৬৫৫ জনের কথা বলতে পারি, তবে এর সংখ্যা কয়েক হাজারও হতে পারে।

তার ভাষ্যমতে, আমরা প্রমাণ করেছি যে, নির্যাতনগুলো ব্যাপক ও পদ্ধতিগত এবং এটি মানবতাবিরোধী অপরাধের তুল্য হতে পারে।

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে চলতি বছরের জুন মাস পর্যন্ত বিভিন্ন ঘটনার উল্লেখ করা হয়েছে। তবে বিবিসি প্রমাণ পেয়েছে, সৌদি সীমান্তে এ ধরনের হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ফের কারাগারে রাম রহিম

স্টক নিউজ বিডি August 21, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্যারোলে ৩০ দিন মুক্ত থাকার পর ফের কারাগারে যেতে হলো ভারতের ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরুমিত রাম রহিম সিংকে। হরিয়ানা পুলিশ জানিয়েছে, রোববার (২০ আগস্ট) সন্ধ্যার দিকে সুনারিয়া কারাগারে পাঠানো হয়েছে তাকে। গত মাসে প্যারোলে মুক্তি পাওয়ার পর উত্তরপ্রদেশের বাঘপত জেলায় ডেরা সাচ্চা সৌদার একটি আশ্রমে গিয়েছিলেন তিনি। গত ১৫ আগস্ট সেখানেই ভক্তদের সঙ্গে নিজের ৫৬তম জন্মদিন পালন করেন তিনি।

এর আগে গত জানুয়ারি মাসে ৪০ দিনের জন্য এবং অক্টোবর মাসে ওই একই সময়ের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন রাম রহিম। ডেরার ম্যানেজার রঞ্জিত সিংকে হত্যা এবং সিরসার আশ্রমে দুই নারী শিষ্যকে ধর্ষণের অভিযোগে ডেরা প্রধানকে দোষী সাব্যস্ত করে ২০ বছর কারাদণ্ডের রায় দেয় আদালত। সে কারণেই সাজা ভোগ করছেন তিনি।

রাম রহিমের ঘন ঘন এই মুক্তি পাওয়া নিয়ে নানা মহলেই বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। এর আগে রাম রহিমের প্যারোল মঞ্জুর হওয়ার বিষয়ে প্রতিবাদ জানান দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। তিনি বলেন, আবারো ধর্ষক, খুনি রাম রহিমের ৪০ দিনের জন্য প্যারোল মঞ্জুর হয়েছে। নির্লজ্জতার সব সীমা ছাড়িয়ে গেছে। দেশবাসীর নিজেদের মেয়েদের সুরক্ষার কথা ভাবা উচিত, কারণ খোলা রাস্তায় ধর্ষকরা ঘুরে বেড়াবে।

রহিমের বার বার প্যারোলে বেরিয়ে আসার বিষয়ে সোচ্চার হয়েছে বেশ কয়েকটি সংগঠনও। তবে হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে সিরসা এলাকায় রামরহিমের ডেরার প্রচুর ভক্ত থাকার কারণে তিনি রাজনৈতিক দলগুলোরও অনুগ্রহ পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

এর আগে গত জানুয়ারিতে প্যারোলে মুক্তির পর তলোয়ার দিয়ে কেক কেটে ফের আলোচনায় আসেন বিতর্কিত এই ধর্মগুরু। কেক কেটে আনন্দ উদযাপনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। প্রসঙ্গত, ভারতে অস্ত্র আইনে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন বিশেষ করে তলোয়ার দিয়ে কেক কাটাও নিষিদ্ধ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • নেসকোর এমডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ, ব্যাহত হচ্ছে এইচটি বিদ্যুৎ সংযোগ!

  • ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় আগুন, ক্ষতি ২০–২৫ কোটি টাকা

  • ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন: ৩০–৪০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

  • বীমা ব্যক্তিত্ব এম এ সামাদ-এর ২১তম মৃত্যুবার্ষিকী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

  • নেসকোর এমডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ, ব্যাহত হচ্ছে এইচটি বিদ্যুৎ সংযোগ!

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • ওয়ালটন হাই-টেকের ১৯০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য