Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ইউরোপ

ইসরায়েল-হামাস সংঘাতে রাশিয়ার লাভ, দুশ্চিন্তায় ইউক্রেন

স্টক নিউজ বিডি October 11, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ থেকে লাভবান হওয়ার বড় সম্ভাবনা রয়েছে রাশিয়ার। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিতে হচ্ছে পশ্চিমাদের। ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নজর ইউক্রেন থেকে ইসরায়েলের দিকে ঘুরে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেটি হলে আখেরে লাভ হবে রাশিয়ারই। তাছাড়া, ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতে জ্বালানি তেলের দাম বাড়লে তাতে আরও ফুলেফেঁপে উঠবে মস্কোর অর্থভাণ্ডার।

বিষয়টি স্বীকার করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গত সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতে নজর দেওয়ায় যদি ইউক্রেনের কাছে অস্ত্র সরবরাহের গতি কমে যায়, তাহলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্য অর্জন দ্রুততর হবে।

বিশেষজ্ঞরা বলছেন, তেল-আবিবের কাছে বর্তমানে প্রচুর অস্ত্রশস্ত্র মজুত রয়েছে। তারা যুক্তরাষ্ট্রের কাছে চেয়েছে মূলত আয়রন ডোম ক্ষেপণাস্ত্র, গাইডেড যুদ্ধাস্ত্র এবং গোলাবারুদ। তবে গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করলে অস্ত্র ভাণ্ডারে চাপ পড়বে ইসরায়েলের।

সাবেক ইউএস মেরিন কর্নেল ও বর্তমানে স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সেন্টারের উপদেষ্টা মার্ক ক্যানসিয়ান বলেন, সেই সময় ইসরায়েল ব্যাপকভাবে যুদ্ধাস্ত্র ব্যবহার শুরু করবে। যদিও তাদের কাছে অস্ত্রের বড় মজুত রয়েছে, তবে তা দীর্ঘ অভিযানের জন্য যথেষ্ট না-ও হতে পারে।

ক্যানসিয়ানের মতে, শহুরে অঞ্চলে যুদ্ধের জন্য ইসরায়েল গাইডেড যুদ্ধাস্ত্রের দিকে ঝুঁকবে। তবে ইউক্রেনেরও আরও অত্যাধুনিক অস্ত্রের প্রয়োজন, কারণ তারা এখন রুশ সামরিক ঘাঁটির মতো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে চায়।

‘কিন্তু সমস্যা হলো, আমরা অল্প সময়ের মধ্যে সেগুলো উৎপাদন করতে পারবো না। তাই যুক্তরাষ্ট্রকে বিদ্যমান মজুত থেকেই অস্ত্রগুলো বের করতে হতে পারে। আর তার ফলে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ পুরোপুরি বন্ধ না হলেও অন্তত গতি কমে যেতে পারে।’

পুতিনের পোয়াবারো
লন্ডনভিত্তিক থিংক ট্যাংক চ্যাথাম হাউসের প্রধান নির্বাহী ব্রনওয়েন ম্যাডক্স ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রকে যদি ইসরায়েল ও ইউক্রেনের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হয়, তাহলে তাৎক্ষণিকভাবে তারা ইসরায়েলকেই নেবে। যদিও এই মুহূর্তেই যুক্তরাষ্ট্রকে এমন কঠোর কোনো সিদ্ধান্ত নিতে হচ্ছে না। তবু বুঝতে পারি, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চিন্তিত হতেই পারেন এবং তিনি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মনোযোগ ধরে রাখতে প্রাণপণ চেষ্টা করছেন।

কিছুদিন আগেই সরকারি শাটডাউন এড়াতে সাময়িকভাবে ইউক্রেনের জন্য নতুন সহায়তা পরিকল্পনা বাদ দিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। ভবিষ্যতে কিয়েভকে সহায়তা দেওয়ার বিষয়টি এখন আরও বেশি নড়বড়ে হতে পারে।

গত ৫ অক্টোবর রাশিয়ার সোচি শহরে এক অনুষ্ঠানে পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাহায্যই ইউক্রেনকে অর্থনৈতিক ও সামরিকভাবে টিকিয়ে রেখেছে। যদি অস্ত্র দেওয়া আগামীকাল থেকে বন্ধ হয়, তাহলে এক সপ্তাহের মধ্যেই কিয়েভের সব গোলাবারুদ ফুরিয়ে যাবে।

শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউক্রেনের প্রতি ইউরোপের সমর্থনও দিনদিন নড়বড়ে হয়ে উঠছে। সম্প্রতি শস্যচুক্তি নিয়ে বিরোধের জেরে ইউক্রেনকে নতুন করে আর কোনো সহায়তা দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে পোল্যান্ড। আপত্তি ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে স্লোভাকিয়া থেকেও। কারণ, দেশটিতে ক্ষমতায় ফিরতে চলা নেতা রবার্ট ফিকো বরাবরই রুশপন্থি হিসেবে পরিচিত।

তেলের দাম বাড়লেও রাশিয়ার লাভ
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। এর ফলে রাশিয়ার রপ্তানি আয় আরও ফুলেফেঁপে উঠতে পারে।

র‌্যান্ড করপোরেশনের নীতি গবেষক অ্যান মেরি ডেইলি বলেন, তেলের দাম বাড়লে এটি তাদের (রাশিয়া) অস্ত্র উৎপাদনে ব্যয় অব্যাহত রাখার সুযোগ দেয় এবং বাজেট ঘাটতি পূরণে সহায়তা করে। অর্থাৎ, রাশিয়া এটি থেকে নিশ্চিতভাবেই অতিরিক্ত সুবিধা পেয়ে থাকে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইউরোপে প্রথমবার চীনকে পেছনে ফেললো বাংলাদেশ

স্টক নিউজ বিডি August 7, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: তৈরিপোশাক রপ্তানির পরিমাণে প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চীনকে পেছনে ফেলে শীর্ষে পৌঁছে গেছে বাংলাদেশ। তবে রপ্তানি হওয়া পোশাকের পরিমাণে এগিয়ে গেলেও অর্থের হিসাবে এখনো চীনের পেছনে রয়েছে দেশ। ইউরোস্ট্যাটের তথ্য দিয়ে তৈরিপোশাক শিল্প মালিক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে এ তথ্য।

ইউরোস্ট্যাটের তথ্য মতে, ইইউ বাজারে চীনের চেয়ে বাংলাদেশি তৈরিপোশাকের রপ্তানি মূল্য কেজিপ্রতি ৫ ডলার ৮২ সেন্ট কম। এ কারণে ইউরোপে চীনের তৈরিপোশাক রপ্তানি বাংলাদেশের তুলনায় ৭২৬ কোটি ডলার বেশি।

গত বছর ইউরোপীয় ইউনিয়নের বাজারে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ সর্বোচ্চ ১৩৩ কোটি কেজির সমপরিমাণ তৈরিপোশাক রপ্তানি করে। একই সময়ে চীনের রপ্তানির পরিমাণ ছিল ১৩১ কোটি কেজির সমপরিমাণ। ২০২১ সালের তুলনায় গত বছর পোশাক রপ্তানির পরিমাণের দিক থেকে বাংলাদেশের পোশাক রপ্তানি ২১ দশমিক ২০ শতাংশ বাড়ে। একই সময়ে অর্থাৎ গত বছরে চীনের বেড়েছে ১১ দশমিক ৮৬ শতাংশ।

বিজিএমইএ জানায়, ইউরোপীয় ইউনিয়ন গত বছর বিভিন্ন দেশ থেকে মোট ১০ হাজার ৩১০ কোটি ডলারের তৈরিপোশাক আমদানি করেছে। ২০২১ সালের তুলনায় গত বছর ইউরোপের বাজারে পোশাক আমদানি বেড়েছে ২০ দশমিক ৯৭ শতাংশ।

তথ্য বলছে, রপ্তানি হওয়া পোশাকের পরিমাণে এগিয়ে গেলেও অর্থের হিসাবে এখনো চীনের নিচে রয়েছে বাংলাদেশ। গত বছর ইউরোপের বাজারে চীন ৩ হাজার ১৫ কোটি ডলারের তৈরিপোশাক রপ্তানি করে, তাদের রপ্তানি বেড়েছে ১৭ শতাংশ। একই সময়ে বাংলাদেশ রপ্তানি করেছে ২ হাজার ২৮৮ কোটি ডলারের তৈরিপোশাক। যা ২০২১ সালের তুলনায় ৩৫ দশমিক ৬৯ শতাংশ বেশি।

গত বছর ইউরোপের বাজারগুলোয় বাংলাদেশ ও চীনের পর তৃতীয় সর্বোচ্চ ১ হাজার ১৯৮ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে তুরস্ক। ভারতের রপ্তানি ছিল ৪৮৪, ভিয়েতনামের ৪৫৭, পাকিস্তানের ৩৯৪, কম্বোডিয়ার ৩৮১, মরক্কোর ৩১২, শ্রীলঙ্কার ১৬২ এবং ইন্দোনেশিয়ার রপ্তানি ছিল ১৩৬ কোটি ডলারের।

বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ কম দামে ইউরোপের বাজারে পোশাক রপ্তানি করে। গত বছর বাংলাদেশের রপ্তানি হওয়া প্রতি কেজি পোশাকের গড় মূল্য ছিল ১৭ দশমিক ২৭ ডলার, ২০২১ সালে ছিল ১৫ দশমিক ৪২ ডলার। গত বছর বাংলাদেশের রপ্তানি হওয়া পোশাকের গড় মূল্য বেড়েছে। গত বছর ইউরোপে বাংলাদেশের চেয়ে কম মূল্যে পোশাক রপ্তানি করেছে পাকিস্তান। দেশটির পোশাকের প্রতি কেজির গড় মূল্য ছিল সাড়ে ১৪ ডলার।

গত বছর বিভিন্ন দেশ থেকে গড়ে প্রতি কেজি পোশাক ২২ ডলার ৪৮ সেন্টে আমদানি করে ইউরোপ। ভিয়েতনাম প্রতি কেজি পোশাক পৌনে ৩১ ডলারে রপ্তানি করে, ইন্দোনেশিয়া ও মরক্কো যথাক্রমে ২৯ দশমিক ৮৮ ও ২৯ দশমিক ৬৯ ডলারে প্রতি কেজি পোশাক রপ্তানি করছে। শ্রীলঙ্কা প্রতি কেজি তৈরিপোশাক রপ্তানি করে ২৮ দশমিক ৫৪ ডলার, তুরস্ক ২৫ দশমিক ৩৯, ভারত ২৩ দশমিক ২৭, চীন ২৩ দশমিক ০৩ ও কম্বোডিয়া গড়ে ২২ দশমিক ১৮ ডলারে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইউরোপের বৃহত্তম পারমাণবিক প্লাণ্ট প্রধানকে ‘অপহরণ’

স্টক নিউজ বিডি October 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউক্রেনের জাপোরিঝিয়ায় অবস্থিত ইউরোপের বৃহত্তম পারমাণবিক প্লাণ্টের প্রধান ইহোর মুরাশভকে অপহরণ করেছে রাশিয়া। কিয়েভ কর্তৃপক্ষের অভিযোগ, শুক্রবার বিকাল ৪টার দিকে ইহোর মুরাশভকে আটক করেছে রুশ বাহিনী।

শনিবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের জাপোরিঝিয়া, খেরসন, লুহানস্ক ও দোনেৎস্ককে মস্কোর সঙ্গে সংযুক্তির ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পরই অপহৃত হন ইহোর মুরাশভ।

ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক কোম্পানি এনারগোটমের প্রেসিডেন্ট পেট্রো কোটিন বলেন, ‘ইহোর মুরাশভের গাড়ি থামিয়ে তার চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায় রুশ সেনারা। রাশিয়া তাকে আটক করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তাকে হুমকিতে ফেলেছে।’

একইসঙ্গে ইহোর মুরাশভকে অবিলম্বে মুক্তি দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন কোটিন।

তবে ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের পরিচালককে অপহরণ নিয়ে মস্কোর তরফ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইউক্রেনে সামরিক অভিযানে নামার পর জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে হামলা চালায় রুশ বাহিনী। একপর্যায়ে নিজেদের দখলে নেয়। জাতিসংঘসহ পশ্চিমা নেতারা স্পর্শকাতর কেন্দ্রটি থেকে রাশিয়ার সেনাবাহিনীকে দূরে থাকার আহ্বান জানালেও তাতে কাজ হয়নি।

শুক্রবারই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের অধিকৃত অন্য তিন অঞ্চলসহ জাপোরিঝিয়াকেও রাশিয়ার সঙ্গে সংযুক্ত করে নেয়ার ঘোষণা দেন। ফলে বৃহত্তম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি মূলত আর ইউক্রেনের হাতে নেই।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ভয়ংকর খরায় শুকিয়ে যাচ্ছে ইউরোপের নদী, শঙ্কায় বাণিজ্য

স্টক নিউজ বিডি August 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গ্রীষ্মের রেকর্ড দাবদাহে শুকিয়ে যাচ্ছে ইউরোপের নদীগুলো। কয়েকশ বছর ধরে জার্মানি, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডের অর্থনীতির অন্যতম স্তম্ভ রাইন নদী। কিন্তু চলতি সপ্তাহের শেষের দিকে জাহাজ চলাচলের অযোগ্য হয়ে পড়তে চলেছে এর একটি প্রধান পয়েন্ট। মধ্য ইউরোপের সঙ্গে কৃষ্ণসাগরের সংযোগ ঘটানো দানিউব নদীর পানিও দ্রুত কমে যাচ্ছে। এর ফলে ইউরোপের জ্বালানি-শস্যসহ অন্যান্য বাণিজ্য হুমকির মুখে পড়েছে।

জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে কেবল নদী-ভিত্তিক পরিবহন ব্যবস্থাই সংকটে নয়, তৈরি হয়েছে আরও নানা সমস্যা। রোন ও গ্যারোন নদীর পানির তাপমাত্রা বেড়ে যাওয়ায় তা দিয়ে পারমাণবিক চুল্লিগুলো যথেষ্ট শীতল করতে পারছে না ফ্রান্স। এতে দেশটিতে বৈদ্যুতিক সংকট আরও বেড়ে গেছে। ইতালির পো নদীতে পানি কমে যাওয়ায় ধানক্ষেতে সেচ দেওয়া কঠিন হয়ে পড়েছে।

ইউরোপের প্রাণ
ইউরোস্ট্যাটের পরিসংখ্যান অনুসারে, ইউরোপের নদী ও খালগুলো সেখানকার প্রত্যেক বাসিন্দার জন্য বছরে অন্তত এক টন মালামাল পরিবহন করে এবং এ অঞ্চলের অর্থনীতিতে প্রায় আট হাজার কোটি মার্কিন ডলার অবদান রাখে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে এমনিতেই মারাত্মক জ্বালানি ঘাটতিতে ভুগছে ইউরোপ। এরমধ্যে নদীগুলোর নাব্য সংকট তাদের জন্য আরও বড় বিপদ ডেকে এনেছে।

এবিএন আমরো ব্যাংক এনভির পরিবহন অর্থনীতিবিদ অ্যালবার্ট জান সোয়ার্টের মতে, ২০১৮ সালে রাইন নদীর ট্রানজিট সমস্যার কারণে ৫০০ কোটি ইউরো (৫১০ কোটি ডলার) ক্ষতি হয়েছিল ইউরোপের। কিন্তু এবার এ অঞ্চলের অর্থনীতিতে এর প্রভাব আরও গুরুতর হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি বলেন, প্রচুর বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত এ অঞ্চলে অভ্যন্তরীণ শিপিং সক্ষমতা মারাত্মকভাবে কমে যেতে পারে। জার্মানিতে বিদ্যুতের চড়া দামের কারণেও ক্ষতিগ্রস্ত হবেন৷ আমরা এখানে কয়েকশ কোটির (ডলার/ইউরো) কথা বলছি।

রাইনের দুর্দশা
ইউরোপের অভ্যন্তরীণ জলপথ নেটওয়ার্কের প্রাণ হলো রাইন নদী। প্রায় ৮০০ মাইল দীর্ঘ নদীটি সুইজারল্যান্ডের পার্বত্য এলাকায় উৎপত্তি হয়ে অন্তত ইউরোপের ছয়টি দেশের ভেতর দিয়ে দিয়ে উত্তর সাগরে গিয়ে পড়েছে। খালের মাধ্যমে এর সঙ্গে সংযোগ ঘটেছে দানিউব নদীরও।

জার্মানির পরিবহন ব্যবস্থার জন্য রাইন নদী খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু পানির স্তর নামতে থাকায় এটি দিয়ে জাহাজ চলাচল বন্ধ হওয়ার উপক্রম তৈরি হয়েছে। রাইন গর্জের দক্ষিণ প্রান্তে সোপানযুক্ত এলাকাগুলো বাদামি বর্ণ ধারণ করেছে। কোলোনে একটি জনপ্রিয় ভাসমান রেস্তোঁরা এখন মাটিতে গিয়ে ঠেকেছে৷ কাউব শহর থেকে প্রায় ২০ কিলোমিটার উজানে একটি চর জেগে উঠেছে।

ফ্রাঙ্কফুর্ট শহরের পশ্চিমে নদীটির গভীরতা আগামী শুক্রবার (১২ আগস্ট) ৪০ সেন্টিমিটারে (১৬ ইঞ্চির কাছাকাছি) নেমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। পানির ওই স্তরে বড় মালবাহী জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। জার্মান ফেডারেল ওয়াটারওয়েজ অ্যান্ড শিপিং অ্যাডমিনিস্ট্রেশন গত বুধবার জানিয়েছে, শনিবার রাইন নদীর পানির স্তর ৩৭ সেন্টিমিটারে নেমে যেতে পারে।

সংকটে ইউরোপের বাণিজ্য
ইউরোপের বেশ কয়েকটি দেশের পণ্য পরিবহনের জন্য রাইন নদী অপরিহার্য। জলপথ বন্ধ হলে তার প্রভাবে জার্মানির রেল নেটওয়ার্ক দীর্ঘস্থায়ী জটের সম্মুখীন হবে। চাপ সড়কপথে সরিয়ে নেওয়াও সহজ নয়। একটি গড়পরতা জাহাজের সমান মালামাল পরিবহনে ১১০টির বেশি ট্রাকের প্রয়োজন এবং জার্মানি এমনিতেই ৮০ হাজার ট্রাকচালকের ঘাটতিতে ভুগছে। রুশ আক্রমণের বিরুদ্ধে লড়তে ইউক্রেনীয়রা স্বদেশে ফিরে যাওয়ায় এ সমস্যা আরও গুরুতর হয়েছে।

আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম ঊর্ধ্বমুখী, তার ওপর রাশিয়া থেকে আমদানি বন্ধ করে দিয়েছে জার্মানি। এর মধ্যে নদীপথ বন্ধ হয়ে গেলে দেশটির বিদ্যুৎ উৎপাদকরা যে ভয়াবহ সংকটে পড়বে, তা বলার অপেক্ষা রাখে না।

শুধু জার্মানি নয়, গোটা ইউরোপেই ছড়িয়ে পড়েছে রাইন-সম্পর্কিত সমস্যা। সুইজারল্যান্ডে জলবিদ্যুৎ উৎপাদন ২০১৭ সালের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। ঘাটতি মেটাতে জ্বালানির মজুত ব্যবহার করতে হচ্ছে দেশটিকে। একই কারণে নেদারল্যান্ডসে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। এতে বেশ কিছু এলাকায় যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

ইতিহাসের ভয়াবহতম খরার কারণে ফ্রান্সের বেশিরভাগ অংশে পানি ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। দেশটির ১০০টির বেশি পৌরসভায় এখন ট্রাকের সাহায্যে খাবার পানি সরবরাহ করা হচ্ছে।

নদীর পানির উষ্ণতা বেড়ে যাওয়ায় তা দিয়ে ফ্রান্সের পারমাণবিক চুল্লিগুলো যথেষ্ট শীতল করা সম্ভব হচ্ছে না। এ কারণে চলতি সপ্তাহে পাঁচটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে নদীতে গরম পানি ছাড়ার অনুমতি দিয়েছেন ফরাসি নীতিনির্ধারকরা, যা তাদের পরিবেশগত মানদণ্ডের বিরোধী।

ইতালির মোট কৃষি উৎপাদনের প্রায় ৩০ শতাংশই হয় পো নদীর উপত্যকায়। তবে এর পানির স্তর ৭০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় ওই অঞ্চলে ভুট্টা, সূর্যমুখীসহ সব ধরনের শস্য উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুলগেরিয়া, রোমানিয়া ও সার্বিয়ায় দানিউব নদীতে জরুরি ভিত্তিতে ড্রেজিং কার্যক্রম চলছে। চ্যানেলগুলো উন্মুক্ত হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে অসংখ্য জাহাজ।

রোমানিয়ার নদীপথের বৃহত্তম জাহাজ কোম্পানি ট্রান্সপোর্ট ট্রেড সার্ভিসেসের অন্যতম পরিচালক গ্যাব্রিয়েল তেচেরা বলেন, গত ২০ বছরের মধ্যে এটিই আমাদের সবচেয়ে গুরুতর পরিস্থিতি।

ডুনাভ ট্যুরস এডি’র ট্যুরিস্ট সার্ভিসের প্রধান রোসেন ওসেনভ বলেন, আমাদের এখন বৃষ্টির জন্য প্রার্থনা করতে হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১০ আগস্ট ২০২২

স্টক নিউজ বিডি August 10, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়।

তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া শেষ, চলবে নিয়মিত টহল
তাইওয়ানকে ঘিরে সাম্প্রতিক সামরিক মহড়ার সমাপ্তি ঘোষণা করেছে চীন। তবে দ্বীপটির চারপাশে নিয়মিত টহল অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। চীনের তীব্র আপত্তি উপেক্ষা করে গত ২ আগস্ট তাইওয়ান সফরে যান মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এতে ক্ষুব্ধ হয়ে গত ৪ আগস্ট থেকে দ্বীপটির আশপাশের ছয়টি অঞ্চলে ‘অভূতপূর্ব’ মাত্রায় সামরিক মহড়া শুরু করে বেইজিং।

জুলাইয়ের তীব্র তাপপ্রবাহে ব্রিটেনে হাজারো মানুষের মৃত্যু হতে পারে
ইউরোপের অধিকাংশ দেশের মতো ব্রিটেনেও গ্রীষ্মকালে প্রচণ্ড গরম অনুভূত হয়েছে। গত ১৯ জুলাই তাপমাত্রা পরিমাপ স্কেলে পারদ ৪০ দশমিক ৩ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। এটি ২০১৯ সালের সর্বোচ্চ রেকর্ড ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসকেও ছাড়িয়ে গেছে। বিপদের শঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। কেননা, ৯ আগস্ট ব্রিটেনের আবহাওয়া অফিস আগামী দিনে আরও চরমভাবে তাপমাত্রা বাড়ার সতর্কতা জারি করেছে।

ইমরান খানের বাড়ি ঘিরে পুলিশি পাহারা
সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের অন্যতম সহযোগী শাহবাজ গিল গ্রেফতার হওয়ার পর তার বাড়ি ঘিরে পুলিশি পাহারা জোরদার করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনসাধারণকে উসকানি দেওয়ার অভিযোগে মঙ্গলবার (৯ আগস্ট) শাহবাজ গিলকে গ্রেফতার করে ইসলামাবাদ পুলিশ।

দুর্নীতির অভিযোগ খণ্ডাতে সাক্ষ্য দেবেন ট্রাম্প
পারিবারিক ব্যবসা পরিচালনায় দুর্নীতির অভিযোগ খণ্ডনে সাক্ষ্য দেবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেলের একটি তদন্তের পরিপ্রেক্ষিতে বুধবার (১০ আগস্ট) তিনি এই অভিযোগ খণ্ডন করবেন বলে আশা করা হচ্ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, তার মালিকানাধীন ট্রাম্প অর্গানাইজেশন ঋণের ক্ষেত্রে সুবিধা পেতে সম্পত্তির মূল্য বাড়িয়ে দেখিয়েছে এবং কর পরিশোধের ক্ষেত্রে কম দেখিয়েছে। এসব অভিযোগের তদন্ত করছেন নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস।

কত সম্পত্তির মালিক মোদী?
এক জনসভায় দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘হাম তো ফকির আদমি হ্যায়, ঝোলা লেকে চল পড়েঙ্গে জি’(আমি গরিব মানুষ, কিছু হলেই কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে পড়ব)। সে সময় তিনি তার বিরুদ্ধে আনা দুর্নীতির বিভিন্ন অভিযোগও অস্বীকার করেছিলেন। নিজেকে ‘ফকির’ হিসেবে উল্লেখ করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে থাকা সম্পত্তির হিসাব দিয়েছে কেন্দ্র। আর সেই হিসাব বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট সম্পত্তির পরিমাণ ২ কোটি ২৩ লাখ রুপির বেশি।

থাইল্যান্ড যাচ্ছেন গোতাবায়া রাজাপাকসে?
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর ছেড়ে এবার থাইল্যান্ডে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটিতেও সাময়িক আশ্রয় চাইতে পারেন তিনি। দুটি সূত্রের বরাত দিয়ে কলম্বো গেজেট জানিয়েছে, বৃহস্পতিবার (১১ আগস্ট) থাইল্যান্ডে পৌঁছাতে পারেন গোতাবায়া।

ট্রানজিট ফি নিতে না পেরে ইউরোপে তেল সরবরাহ বন্ধ করলো ইউক্রেন
পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রুশ পাইপলাইনের ট্রানজিট ফি নিতে পারছে না ইউক্রেন। সে কারণে এবার মিত্র দেশগুলোতেই তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে তারা। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পাইপলাইন কোম্পানি ট্রান্সনেফ্ট গত মঙ্গলবার (৯ আগস্ট) এ কথা জানিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী হাঙ্গেরি এবং স্লোভাকিয়াও ট্রানজিট ফি ইস্যুতে তেল সরবরাহ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রিসে নৌকাডুবে অর্ধশতাধিক অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ
গ্রিসে একটি নৌকাডুবে অর্ধশতাধিক অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছে। এজিয়ান সাগরের কার্পাথোস দ্বীপে ওই দুর্ঘটনা ঘটেছে। বুধবার এক উপকূলরক্ষী কর্মকর্তা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে জানানো হয়েছে, এখন পর্যন্ত ২৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ওই নৌকায় প্রায় ৮০ জন আরোহী ছিলেন। ধারণা করা হচ্ছে ৫০ জনের বেশি যাত্রী নিখোঁজ হয়েছে। নৌকাটি তুরস্ক থেকে ছেড়ে যাওয়ার পরই দুর্ঘটনা ঘটে। এদিকে নিখোঁজদের উদ্ধারে কাজ করছে গ্রিসের উপকূলরক্ষী বাহিনী।

বুরকিনা ফাসোয় বিস্ফোরণে ১৫ সেনা নিহত
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে গাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে একটি ওৎ পেতে রাখা ইলেক্ট্রিক ডিভাইস বিস্ফোরণে অন্তত ১৫ জন সেনা নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনীর তরফে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দেশটির মধ্য-উত্তরাঞ্চলের বাম প্রদেশের একটি গ্রামীণ সড়কে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই অঞ্চলে প্রায়শই বেসামরিক লোক ও সেনা সদস্যরা সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার স্বীকার হন। জানা গেছে, ২০১৫ সালের পর থেকে আল-কায়েদা ও আইএসের সঙ্গে সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে এ অঞ্চলে।

চীনে নতুন আতঙ্ক ল্যাঙ্গিয়া ভাইরাস
করোনাভাইরাসের পর এবার চীনে নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ল্যাঙ্গিয়া ভাইরাস। ইতোমধ্যেই দেশটিতে ৩৫ জন এই নতুন ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাইপেই টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির শ্যানডং এবং হেনান প্রদেশে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এই ভাইরাসটি সম্ভবত প্রাণী থেকে মানুষের দেহে সংক্রমিত হয়েছে। এই ভাইরাসের প্রাদুর্ভাবের বিষয়টি পর্যবেক্ষণ করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ঘড়ির কাঁটা পরিবর্তন

ইউরোপে আজ ঘড়ির কাঁটা পরিবর্তন হবে

স্টক নিউজ বিডি October 31, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক:ইউরোপের সব দেশে শনিবার দিবাগত রাত অর্থাৎ রোববার রাত ৩টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হবে। শীতে দিনের আলো ব্যবহারের জন্য সময় এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় প্রতি বছরের অক্টোবরে শেষ রোববার রাতে। ফলে রাতে ইউরোপের মানুষ এক ঘণ্টা বেশি ঘুমাতে পারবেন।

এই সময় পরিবর্তনের ফলে ফ্রান্স, জার্মান, স্পেন, পর্তুগাল, ইতালি, বেলজিয়ামসহ ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের সময়ের ব্যবধান হবে ৫ ঘণ্টা।

১৯৮০ সালে বিশ্বব্যাপী তেলসংকট শুরু হলে দিনের আলো বেশি উপভোগ করে জ্বালানি খরচ কমানোর এ রীতি অনুসরণ শুরু হয়। শুরুটা জার্মানিতে হলেও ইউরোপীয় ইউনিয়নের সব দেশই এই রীতি মানতে শুরু করে। তবে ঘড়ির কাঁটা পরিবর্তনের ফলে আদৌ জ্বালানি বাঁচানো সম্ভব হচ্ছে কিনা- এই প্রশ্ন উঠেছিল।

পরে এ ঘড়ির কাঁটা পরিবর্তন নিয়ে ইউরোপীয় ইউনিয়নে ভোটাভুটি হয় ২০১৮ সালে। ইইউ সদস্যরা বিপুল ভোটে রীতি বন্ধের পক্ষে রায় দেন। তারপর ২০২১ থেকে এই রীতি বাতিলের সিদ্ধান্ত নেয় ইউরোপীয় পার্লামেন্ট। তবে ইউরোপের অনেক দেশ এ সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি। ফলে ইউরোপে বেশিরভাগ দেশে আজ ঘড়ির কাঁটা পরিবর্তন হবে।

স্টক নিউজ বিডি.কম

আরও খবর পড়ুন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য