স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অটোরিকশা চালানোর আড়ালে রাজশাহীতে ছিনতাইয়ের সঙ্গে জড়িত মো. সুরুজ শেখ (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া বটতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মহানগর ডিবি পুলিশ।
গ্রেফতার মো. সুরুজ শেখ নগরীর মতিহার থানার চর কাজলার লারু শেখের ছেলে।
সোমবার ( ১৫ আগস্ট) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম জানান। অটোরিকশাচালক মো. সুরুজ শেখের মূল টার্গেট রেলগেট ও স্টেশন এলাকার যাত্রী। দিন ঘনিয়ে রাত আসলেই চিকিৎসার কাজে আসা অপরিচিত গ্রামের মানুষদের কম ভাড়ায় রিকশায় উঠিয়ে নিয়ে যান নির্জন এলাকায়। এরপর ভয়ভীতি দেখিয়ে নগদ অর্থ, মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিস ছিনতাই করে চম্পট দেন তিনি। অবশেষে রাজশাহী মহানগর পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এই ছিনতাইকারী। মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলের নেতৃত্বে চালানো অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
বলা হয়, সুরুজ শেখ প্রতিদিনের মতো রোববারও (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে নগরীর শিরোইল বাসস্ট্যান্ড থেকে এক যাত্রীকে অটোরিকশায় উঠিয়ে সাহেব বাজারের উদ্দেশে রওয়ানা দেন। রাণীবাজার এলাকায় পৌঁছালে অটোরিকশা থামিয়ে ভয়ভীতি দেখিয়ে যাত্রীর কাছ থেকে নগদ ৩ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করেন সুরুজ। এতে ওই যাত্রী নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা করেন। পরে তাকে সাগরপাড়া বটতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
এসময় সুরুজ শেখের কাছ থেকে ছিনতাইয়ের নগদ ১ হাজার টাকা, মোবাইল ফোন, ছিনতাই কাজে ব্যবহৃত একটি ফোল্ডিং চাকু ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন…

