Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ডিএসই

বাজার পরিস্থিতি নিয়ে আগামীকাল জরুরি বৈঠকে ডিএসই-ডিবিএ

স্টক নিউজ বিডি September 7, 2026

টানা দরপতন, অস্বাভাবিক বিক্রয়চাপ ও আস্থার সংকটে পুঁজিবাজার—সমাধানের পথ খুঁজবে দুই পক্ষ

বিশেষ প্রতিবেদন | স্টক নিউজ বিডি: টানা দরপতন, অস্বাভাবিক বিক্রয়চাপ, লেনদেনে স্থবিরতা এবং বিনিয়োগকারীদের মধ্যে বাড়তে থাকা আস্থার সংকটে দেশের পুঁজিবাজার এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। এমন পরিস্থিতিতে বাজারের বর্তমান অস্থিরতা মোকাবিলা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর উপায় খুঁজতে আগামীকাল জরুরি বৈঠকে বসছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

বাজারসংশ্লিষ্টদের কাছে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, সাম্প্রতিক সময়ে বাজারে যে ধরনের বিক্রয়চাপ তৈরি হয়েছে, তা শুধু সূচকের পতনেই সীমাবদ্ধ নেই; এর প্রভাব পড়েছে লেনদেন, বাজারমূলধন এবং বিনিয়োগকারীদের মনস্তত্ত্বেও।

একদিনেই ১০৩ পয়েন্টের ধাক্কা

সোমবারের লেনদেনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৩ পয়েন্ট বা ১.৮৩ শতাংশ কমে ৫ হাজার ৫৫৮ পয়েন্টে নেমে এসেছে। এটি প্রায় আড়াই মাসের মধ্যে সূচকটির সর্বনিম্ন অবস্থান। একই দিনে ৩৪৮টি কোম্পানির শেয়ারদর কমেছে। লেনদেন নেমে এসেছে প্রায় ৫৪৫ কোটি টাকায়। বাজারমূলধনও একদিনে প্রায় ৭ হাজার কোটি টাকা কমেছে।

শুধু এক দিনের চিত্র নয়—গত ১০ কর্মদিবসে ডিএসইর বাজারমূলধন প্রায় ৯ হাজার কোটি টাকা কমেছে, আর ডিএসইএক্স কমেছে প্রায় ১৫৫ পয়েন্ট। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—এই পতন কোথায় গিয়ে থামবে?

কেন এমন অস্থিরতা?

বাজার বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতির পেছনে একাধিক কারণ একসঙ্গে কাজ করছে।

প্রথমত, দীর্ঘদিনের গ্যাস ও বিদ্যুৎ সংকট শিল্প উৎপাদন ও কোম্পানিগুলোর ভবিষ্যৎ আয় নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে। উৎপাদন ব্যাহত হলে কোম্পানির আয় ও মুনাফায় চাপ পড়ার আশঙ্কা তৈরি হয়, আর সেটি সরাসরি শেয়ারমূল্যের ওপর প্রভাব ফেলে।

দ্বিতীয়ত, ব্যবসার ব্যয় বেড়ে যাওয়ায় কোম্পানিগুলোর মুনাফা ও লভ্যাংশ দেওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। একই সঙ্গে দেশীয় ও বিদেশি বিনিয়োগের দুর্বলতাও বাজারে নতুন অর্থপ্রবাহ কমিয়ে দিয়েছে।

বড় বিনিয়োগকারীদের বিক্রয়চাপ—নতুন উদ্বেগ

সাম্প্রতিক সময়ে বিভিন্ন কোম্পানির অস্বাভাবিক লেনদেনের তথ্য চেয়ে ডিএসই থেকে ব্রোকারেজ হাউসগুলোতে চিঠি পাঠানো এবং কিছু প্রতিষ্ঠানের লেনদেন নিয়ে তদন্তের উদ্যোগও বাজারে নতুন ধরনের উদ্বেগ তৈরি করেছে।

বাজারসংশ্লিষ্টদের একটি অংশের অভিযোগ, কোনো কোনো বড় বিনিয়োগকারী বা সংশ্লিষ্ট পক্ষের লেনদেন নিয়ে প্রশ্ন ওঠার পর বিক্রয়চাপ আরও বেড়েছে। ফলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে এবং অনেকে লোকসান হলেও দ্রুত শেয়ার বিক্রি করে বাজার থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন।

তবে তদন্ত বা নজরদারি বাজারের স্বচ্ছতার জন্য প্রয়োজনীয় হলেও, নিয়ন্ত্রক পদক্ষেপের সঙ্গে বাজারে আতঙ্ক তৈরি না করার ভারসাম্যও গুরুত্বপূর্ণ—এমন মতও রয়েছে বাজারসংশ্লিষ্টদের মধ্যে।

৬ হাজার থেকে সাড়ে ৫ হাজার—আস্থার বড় ধাক্কা

মাত্র কয়েক সপ্তাহ আগেও বাজারে নতুন আশার সৃষ্টি হয়েছিল। ১১ আগস্ট ডিএসইএক্স ৫ হাজার ৯০৩ পয়েন্টে উঠেছিল। এরপর থেকেই সূচকটি ধারাবাহিকভাবে নিম্নমুখী হয়েছে। গত এক মাসে ডিএসইএক্স প্রায় ৩৩৬ পয়েন্ট বা ৫.৭ শতাংশ হারিয়েছে।

অর্থাৎ, বাজারের এই পতনকে শুধু একটি স্বাভাবিক মূল্য সংশোধন হিসেবে দেখলে পুরো চিত্রটি ধরা পড়বে না। এখানে বিনিয়োগকারীদের আস্থা, তারল্য, মৌলভিত্তি এবং বাজার ব্যবস্থাপনা—সবগুলো বিষয়ই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জরুরি বৈঠকে কী নিয়ে আলোচনা হতে পারে?

আগামীকালের ডিএসই-ডিবিএ বৈঠকে বাজারের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণের পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসতে পারে—

1. অস্বাভাবিক বিক্রয়চাপের কারণ চিহ্নিত করা

2. বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ

3. বাজারে তারল্য ও নতুন বিনিয়োগ বাড়ানোর উপায়

4. গুজব ও আতঙ্কনির্ভর লেনদেন নিয়ন্ত্রণ

5. ব্রোকারেজ হাউস ও বড় বিনিয়োগকারীদের লেনদেন পর্যবেক্ষণে স্বচ্ছতা নিশ্চিত করা

6. ভালো মৌলভিত্তির কোম্পানিতে বিনিয়োগ উৎসাহিত করার উদ্যোগ

7. বাজারে দীর্ঘমেয়াদি সংস্কার ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে ডিএসই, ডিবিএ ও বিএসইসির সমন্বিত পদক্ষেপ।

এর আগে ১ সেপ্টেম্বর ডিবিএ আয়োজিত পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে এক আলোচনায় বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানও বাজারে ভালো কোম্পানি আনার প্রয়োজনীয়তা এবং ‘পাবলিক ইন্টারেস্ট কোম্পানি’ তালিকাভুক্তির বিষয়ে উদ্যোগের কথা জানিয়েছেন।

শুধু সূচক বাড়ালেই কি আস্থা ফিরবে?

বাজারের সবচেয়ে বড় প্রশ্ন এখন এটিই।

সূচক কয়েক দিন বাড়লেই যদি আবার বড় পতন শুরু হয়, তাহলে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরবে না। প্রয়োজন এমন একটি বাজারব্যবস্থা যেখানে বিনিয়োগকারী কোম্পানির মৌলভিত্তি, আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের কার্যক্রম এবং ভবিষ্যৎ ব্যবসা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারবেন।

অন্যদিকে, ভালো কোম্পানির তালিকাভুক্তি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি, বাজারে তারল্য নিশ্চিত করা এবং কারসাজি বা অনিয়মের বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা—এসবও এখন সময়ের দাবি।

ডিএসই-ডিবিএ বৈঠক: প্রত্যাশা অনেক

আগামীকালের বৈঠক তাই নিছক একটি নিয়মিত সভা নয়। এটি এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন বিনিয়োগকারীদের একটি বড় অংশ বাজারের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।

বাজারসংশ্লিষ্টদের প্রত্যাশা—বৈঠক থেকে শুধু পরিস্থিতি পর্যালোচনা নয়, বরং তাৎক্ষণিক, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি করণীয় সম্পর্কে সুস্পষ্ট রূপরেখা বেরিয়ে আসবে।

কারণ এখন বাজারের প্রয়োজন শুধু সূচকের উত্থান নয়

প্রয়োজন আস্থা।
প্রয়োজন স্বচ্ছতা।
প্রয়োজন তারল্য।
প্রয়োজন জবাবদিহি।
আর সবচেয়ে বেশি প্রয়োজন বিনিয়োগকারীর নিরাপত্তা।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

দেশের পুঁজিবাজার হবে দীর্ঘস্থায়ী ও বিশ্বাসযোগ্য: ডিএসইর চেয়ারম্যান

স্টক নিউজ বিডি January 18, 2025

নিজস্ব প্রতিবেদক: আগামী জুন মাসের মধ্যে দেশের পুঁজিবাজার গতি ফিরে পাবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মোমিনুল ইসলাম। আজ শনিবার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ এ তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

ডিএসই চেয়ারম্যান বলেন, ‘দীর্ঘদিনের অনিয়ম-দুনীতির বিষয়ে টাক্সফোর্স কাজ করছে। ইতোমধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে। জুনের মধ্যে সব সংস্কারগুলো শেষ হবে না। তবে কিছু কিছু সংস্কার হয়ে যাবে, যা বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সহায়তা করবে।

’‘বিনিয়োগিকারী বিশ্বাস করতে শুরু করবে যে, সংস্কার হচ্ছে। পুঁজিবাজারে দীর্ঘস্থায়ী বিশ্বাসযোগ্যতা তৈরি হবে। এখানে অন্যায় করে ছাড় পাওয়া যাবে না, সেই আস্থা ফিরবে। ফলে জুন নাগাদ সংষ্কারের কিছু বিষয় বাজারে ইতিবাচক বার্তা দিতে পারে। আমরা আশা করছি, জুন নাগাদ শেয়ারবাজারে ভালো অবস্থা দেখতে পারব’, বলেন মোমিনুল ইসলাম।

তিনি বলেন, ‘আমাদের শেয়ারবাজার অনেক সংকুচিত। গত ১৫ বছরে শেয়ারবাজার অনেক পিছিয়েছে। তবে একই সময়ে বিশ্বের অন্য সব দেশের শেয়ারবাজার এগিয়েছে। এই অবস্থায় বর্তমান সময়ে দেশের সব স্টেকহোল্ডাররা বাংলাদেশের শেয়ারবাজারকে এগিয়ে নিতে ইতিবাচকভাবে কাজ করছে।

’ডিএসই চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা এরই মধ্যে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। দীর্ঘমেয়াদি পরিকল্পনার কাজের ফলাফল পেতে একটু সময় লাগবে। অনেকটা একটি ভবনের ভিত্তি নির্মাণ যেমন বাহিরে থেকে দেখা যায় না, সে রকম। তবে ভবনের উপরে নির্মাণ কাজটা সবাই দেখতে পায়। কিন্তু আসল কাজটা করা হয় ওই ভিত্তি নির্মাণের সময়।

’ডিএসইর চেয়ারম্যান বলেন, ‘সবকিছুই বিফলে যাবে, যদি বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে না পারি। এজন্য স্বল্পমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। এ ক্ষেত্রে চারটি কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ৪টি কাজের মধ্যে দ্রুত সময়ে কিছু ভালো কোম্পানি নিয়ে আসার চেষ্টা করছি। এ ছাড়া নেগেটিভ ইক্যুইটির সমস্যা সমাধান, ট্যাক্স সুবিধা দেওয়া ও ইনসাইডার ট্রেডিং বন্ধ করা। এই ট্রেডিংয়ের বিষয়ে আমরা জিরো টলারেন্স।

’বাংলাদেশে শেয়ারবাজারের যে ভূমিকা থাকার কথা ছিল, তা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘প্রত্যাশার লেভেল থেকে আমরা অনেক পিছিয়ে আছি। স্টক এক্সচেঞ্জগুলোর অনেক সমস্যায় ছিল। এর মধ্যে অন্যতম নিয়ন্ত্রক সংস্থার অযাচিত হস্তক্ষেপ। এ ছাড়া স্টক এক্সচেঞ্জের মানব সম্পদের অদক্ষতা ও প্রযুক্তিগত সমস্যা রয়েছে। আর ডিমিউচ্যুয়ালাইজেশন আইনেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। ডিএসইতে কোনো চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট নেই। আমরা চাটার্ড অ্যাকউন্ট্যান্ট নেওয়ার চেষ্টা করছি।’সফটওয়্যার সমস্যায় ডিইএসইতে লেনদেন বিঘ্ন ঘটনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএসই চেয়ারম্যান বলেন, ‘বর্তমানে একটা স্টক এক্সচেঞ্জের প্রধান সক্ষমতার জায়গা প্রযুক্তিগত সক্ষমতা। কারণ ট্রেড (লেনদেন) এখন সবই ইলেকট্রনিক মাধ্যমে হচ্ছে। সেটেলমেন্টও ইলেকট্রনিক মাধ্যমে হচ্ছে। আমরা যে প্লাটফর্ম তুলছি, সেটা আমরা এই মুহুর্তে দেখছি আন্তর্জাতিক মানের প্লাটফর্ম। তারপরও ছোট ছোট যে বিচ্চুতি হচ্ছে, সেখানে আমি বলব প্রসেসগত কিছু সীমাবদ্ধতা আছে। যে ধরনের স্ট্যান্ডার্ড প্রটোকল থাকা দরকার, সেগুলো স্ট্যাবিলিশ করলে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা সর্বনিম্ন পর্যায়ে নেমে আসবে।

’আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই মুহুর্তে আমাদের মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ততটা ভালো নেই। ব্যাংকিং সেক্টরের একটা অস্থিরতা, সেখানে আমরা আশা করছি কিছুটা স্থিতিশীলতা এসেছে। এখনো আমরা প্রত্যাশিত অবস্থায় যেতে পারিনি। আমরা দেখছি মূলধনী মেশিনারিজ আমদানি কমে গেছে। রিয়েল ইকোনমিক বিনিয়োগ যদি ঠিক না থাকে, তাহলে পুঁজিবাজার তো পুরো মার্কেটের প্রতিচ্ছবি। তো সেটাও আমাদের মাথায় রাখতে হবে। আমরা আশাবাদি জুন নাগাদ শেয়ারবাজারে ইতিবাচক ধারা দেখতে পারব।

সাংবাদিকদের আর এক প্রশ্নের উত্তরে ডিএসই চেয়ারম্যান বলেন, ‘সংস্কার করতে কিছু পদক্ষেপ নিতে হবে। কিন্তু সংস্কার করতে গিয়ে রোগী যাতে মারা না যায় সেটা দেখতে হবে। একটা জায়গায় সমন্বয় করা হয়েছে, ৫০ লাখ টাকার বেশি ক্যাপিটাল গেইন ট্যাক্সের ওপরে। আমাদের আরও কিছু দাবি-দাওয়া আছে। অর্থ মন্ত্রণালয়, এনবিআর থেকে বলা হয়েছে এগুলো পজেটিভভাবে দেখবে। দ্বিতীয় ভালো কিছু কোম্পানি আনতে পারলে বাজারে উৎসা-উদ্দিপনা তৈরি হবে। অনেক বিনিয়োগকারী নিষ্কৃয় হয়ে আছে, তারা সক্রিয় হবেন। একটা ইতিবাচক ধারা তৈরি হবে।

’তিনি বলেন, স্টক এক্সচেঞ্জগুলোও অনেক সমস্যায় ছিল। এর মধ্যে অন্যতম নিয়ন্ত্রক সংস্থার অযাচিত হস্তক্ষেপ। এ ছাড়া স্টক এক্সচেঞ্জের মানব সম্পদের অদক্ষতা ও প্রযুক্তিগত সমস্যা রয়েছে। আর ডিমিউচ্যুয়ালাইজেশন আইনেও কিছু সীমাবদ্ধতা রয়েছে।

ডিএসইর চেয়ারম্যান আরও বলেন, ‘কোনো রকম চাপ বা কোনো অনাকাঙ্ক্ষিত নির্দেশনার মতো ঘটনা হয়নি। আমরা চাপবিহীনভাবে কাজ করছি। আমাদের সব সিদ্ধান্ত গণতান্ত্রিকভাবে হচ্ছে। আমাদের বোর্ডের যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী কাজ করছি। নিয়মের বাইরে কোন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই। ’

তিনি বলেন, ‘আমরা ডিএসইর সমস্যাগুলো বের করার চেষ্টা করেছি। ইতোমধ্যে সমস্যার তালিকা অনেক লম্বা হচ্ছে, এগুলো সমাধানে কাজ করছি। যেসব ব্রোকারেজ হাউজ বিনিয়োগকারীদের অর্থ সরিয়ে নিয়েছে ইনভেস্টর প্রোটেকশন ফান্ড থেকে তাদের সাপোর্ট দেয়া যেতে পারে। এছাড়া ব্রোকারেজ হাউজের সম্পদ বিক্রি করে এবং লাইসেন্স বিক্রি করে ওইসব হাউজের বিনিয়োগকারীদের তহবিল জোগান দেওয়া হবে।’

ডিএসইর চেয়ারম্যান বলেন, ‘আমরা বাজারের উন্নয়নের জন্য বিদেশি বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করছি। বিশেষ করে আইএমএফের সঙ্গে। এ ছাড়া দেশে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতা কামনা করব। আশা করছি, এই সহযোগিতা আমরা পাব।’

তিনি আরও বলেন, ‘আগে প্রাইমারি রেগুলেটরকে সব ক্ষেত্রেই বিএসইসির অনুমোদন নিয়ে কাজ করতে হতো। যার ফলে কোম্পানিগুলোকে মনিটরিং করা ডিএসইর জন্য অনেকটা কষ্টকর হয়ে উঠেছিল। এই অবস্থান থেকে আমরা অনেকটা বের হয়ে আসছি। দুর্বল কোম্পানিগুলোতে এখন ডিএসইর মনিটরিং বাড়বে। এখানে সমস্যা হচ্ছে, এই বাজারের বেশিরভাগ কোম্পানিই দুর্বল। এতগুলো দুর্বল কোম্পানিকে এক সঙ্গে মনিটরিং করা ডিএসইর জন্য কষ্টকর। ‘আমাদের বাজারে এমন কিছু কোম্পানি তালিকাভুক্ত হয়েছে, যেগুলো তালিকাভুক্ত হওয়ার কথা ছিলো না। এগুলোকে ডিলিস্টিং করতে পদক্ষেপ নিতে হবে।

’সিএমজেএফ সভাপতি এস এম গোলাম সামদানীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু আলী।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সূচকের পতন হলেও শেয়ারবাজারে লেনদেন বেড়েছে

স্টক নিউজ বিডি September 26, 2022

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত থাকলেও সূচকের পতন দেখা গেছে। তবে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল লেনদেনের শুরু থেকে শেষ সময় পর্যন্ত সূচকের পতনের চিত্র দেখা গেছে। অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ দশমিক ৮৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৪ শতাংশ কমে ছয় হাজার ৫১৫ দশমিক ১৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ১৫ দশমিক ৭১ পয়েন্ট বা ১ দশমিক ০৯ শতাংশ কমে এক হাজার ৪২১ দশমিক ০১ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৩৫ দশমিক ৭৭ পয়েন্ট বা ১ দশমিক ৫১ শতাংশ কমে দুই হাজার ৩২৯ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ১ হাজার ৮১০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৬৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৪৪ কোটি ৩৮ লাখ টাকা। এদিন ৩১ কোটি ৪০ লাখ ৫৭ হাজার ৩২৬টি শেয়ার ২ লাখ ৬২ হাজার ৩৩৭ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৭০ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত ছিল ১৬০টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পনিটির ১৭৯ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের ১১৪ কোটি ৫৯ লাখ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ৯৭ কোটি ৬৫ লাখ, বিডিকম অনলাইন লিমিটেডের ৮৪ কোটি ৪৬ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৬২ কোটি ৭ লাখ, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৫৮ কোটি ৪২ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৫৭ কোটি ৭৬ লাখ, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ৪১ কোটি ৯৭ লাখ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৪১ কোটি ১৬ লাখ এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ৩৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং লিমিটেড। এর পরের অবস্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট লিমিটেডের ৯ দশমিক ৯০ শতাংশ, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের ৯ দশমিক ৮৪ শতাংশ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের ৯ দশমিক ৮২ শতাংশ, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেডের ৯ দশমিক ৩৮ শতাংশ, এপেক্স ফুডস লিমিটেডের ৮ দশমিক ৭২ শতাংশ, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৮ দশমিক ৭১ শতাংশ এবং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৮ দশমিক ৭১ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৯৭ দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ৮৪ শতাংশ কমে ১১ হাজার ৪৯৮ দশমিক ২৮ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৬১ দশমিক ৮৫ পয়েন্ট বা দশমিক ৮৩ শতাংশ কমে ১৯ হাজার ১৮৩ দশমিক ০১ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত ছিল ৮৩টির দর। সিএসইতে এদিন ১২৬ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
DSE_CSE

গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন ৪.৪৫% কমেছে

স্টক নিউজ বিডি September 11, 2022

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সিংহভাগ কোম্পানির শেয়ারদর কমায় সূচকের নেতিবাচক প্রবণতা দেখা গেছে; একইসঙ্গে দৈনিক গড় লেনদেন ৪ দশমিক ৪৫ শতাংশ কমেছে। তবে গত সপ্তাহের বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ১৫ শতাংশ। আগের সপ্তাহে পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে, আর গত সপ্তাহেও পাঁচ কার্যদিবস লেনদেন হয়।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫১ দশমিক ৪১ পয়েন্ট বা দশমিক ৭৯ শতাংশ বেড়ে ৬ হাজার ৫৬০ দশমিক ০২ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩২ দশমিক ০৬ পয়েন্ট বা ২ দশমিক ২৮ শতাংশ বেড়ে এক হাজার ৪৪১ দশমিক ২৫ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে ডিএস৩০ সূচক ৭০ দশমিক ৫২ পয়েন্ট বা ৩ দশমিক ০৬ শতাংশ বেড়ে দুই হাজার ৩৭৬ দশমিক ১৭ পয়েন্টে স্থির হয়। মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ২৬৫টির এবং অপরিবর্তিত ছিল ৫৪টি কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি ৮টির। দৈনিক গড় লেনদেন হয় এক হাজার ৮১৮ কোটি ২৪ লাখ ৫২ হাজার ৩২৩ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় এক হাজার ৯০২ কোটি ৯০ লাখ ৮২ হাজার ৬৩৩ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে ৪ দশমিক ৪৫ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে মোট টার্নওভার বা লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৯ হাজার ৯১ কোটি ২২ লাখ ৬১ হাজার ৬১৬ টাকা, আগের সপ্তাহে যা ছিল ৯ হাজার ৫১৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার ১৬৪ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টার্নওভার কমেছে, যা শতাংশের হিসাবে ৪ দশমিক ৪৫ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৫ দশমিক ০৩ শতাংশ। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা কোহিনুর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩২ দশমিক ৮২ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৬ দশমিক ০২ শতাংশ। চতুর্থ অবস্থানে থাকা ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২০ দশমিক ১৩ শতাংশ। এর পরের অবস্থানগুলোয় থাকা যথাক্রমে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৮ দশমিক ২১ শতাংশ শেয়ারদর বেড়েছে। সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্প্যা লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৬ দশমিক ৮৭ শতাংশ, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১৩ দশমিক ৩৪ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৩ দশমিক ১৫ শতাংশ, ফাইন ফুডস লিমিটেডের ১৩ দশমিক ০৯ শতাংশ এবং সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১০ দশমিক ৬০ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে গত সপ্তাহে লেনদেনের তালিকায় শীর্ষে অবস্থানে উঠে আসা বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের সপ্তাহজুড়ে ৫ কোটি ২৭ লাখ ৭০ হাজার ৮১৭টি শেয়ার ৬৬৩ কোটি ২০ লাখ ১ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৭ দশমিক ২৯ শতাংশ। আর লেনদেনের এ তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে আসে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ২৫ লাখ ৩৩ হাজার ২১৬টি শেয়ার ৫৯৫ কোটি ৫০ লাখ ৬৮ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৬ দশমিক ৫৫ শতাংশ। লেনদেন তালিকায় তৃতীয় অবস্থানে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের সপ্তাহজুড়ে ৪ কোটি ৫৩ লাখ ৮৪ হাজার ৮৯১টি শেয়ার ৩৬৫ কোটি ১৬ লাখ ৩৩ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৪ দশমিক ০২ শতাংশ। এর পরের অবস্থানে থাকা জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের সপ্তাহজুড়ে ৩ কোটি ৪ লাখ ৩৫ হাজার ৭০৬টি শেয়ার ২৯৪ কোটি ৫৩ লাখ ৩৮ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ৩ দশমিক ২৪ শতাংশ।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সূচকের সাথে বেড়েছে লেনদেনও

স্টক নিউজ বিডি August 3, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবারও মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক বেড়েছে ৫০ পয়েন্ট। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ১ হাজার ১৯৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২ কোটি ১৩ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ১ হাজার ১৮৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭০ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৫৮ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৪৭ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২১ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
_dse_cse

ডিএসইর গতকালের লেনদেনের ২৫ শতাংশ তিন কোম্পানির

স্টক নিউজ বিডি January 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স গতকাল বুধবার ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৮৯ পয়েন্টে। আর দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৭৩৬ কোটি টাকা। এ নিয়ে ঢাকার বাজারে পরপর দুই দিন ১ হাজার ৭০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। ডিএসইর গতকালের লেনদেনের ২৫ শতাংশ বা এক-চতুর্থাংশই ছিল তিন কোম্পানির।

কোম্পানি তিনটি হলো বেক্সিমকো লিমিটেড, ফরচুন শু ও বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। এ তিনটি কোম্পানিই এদিন লেনদেনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল। কোম্পানি তিনটির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ৪৩৫ কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকো লিমিটেডের লেনদেনের পরিমাণ ছিল ১৭৭ কোটি টাকা। আর ফরচুন শুর ১৭২ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। বিএসসির লেনদেনের পরিমাণ ছিল ৮৬ কোটি টাকা।

লঙ্কাবাংলা সিকিউরিটিজের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার বাজারে গতকাল খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ছিল বিবিধ খাত। ডিএসইর মোট লেনদেনের ১৭ শতাংশই ছিল এ খাতের। মূলত বেক্সিমকো ও বিএসসির লেনদেনের ওপর ভর করেই খাতটি শীর্ষে উঠে এসেছে। লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল বস্ত্র খাত। ডিএসইর মোট লেনদেনের ১২ শতাংশ ছিল এ খাতের দখলে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
_dse_cse

সপ্তাহ শুরুতেই ৭২ পয়েন্ট সূচক হারালো ডিএসই

স্টক নিউজ বিডি December 26, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনে অংশ নেয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬২৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪০৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৮৮ পয়েন্টে।

সারাদিনে লেনদেন হওয়া ৩৫৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭ টির, দর কমেছে ৩০০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩১ টির।

ডিএসইতে ৮৮৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮৩ কোটি ৮৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮০১ কোটি ৭৮ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৮৫ পয়েন্টে

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৯টির, কমেছে ২২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর। সিএসইতে ৫৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
dse1

আজ দেশ সেরা ৮৫টি শিল্প গ্রুপের শীর্ষ ব্যক্তিদের সাথে ডিএসইর বৈঠক

স্টক নিউজ বিডি December 21, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে ভাল কোম্পানির সংখ্যা বাড়াতে দেশের প্রথম সারির বিভিন্ন শিল্পগোষ্ঠীর শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসই ভবনে এই বৈঠকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, দেশের সেরা ৮৫টি শিল্প গ্রুপের শীর্ষ ব্যক্তিদের আলোচিত বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদের মধ্যে কিছু গ্রুপের এক বা একাধিক কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত। এসব গ্রুপের আরও অনেক কোম্পানি আছে, যেগুলো ভাল পারফরম করছে, কিন্তু বাজারের বাইরে আছে। আবার বেশ কিছু ভাল গ্রুপ রয়েছে, যেগুলোর কোনো কোম্পানি-ই শেয়ারবাজারে আসেনি।

বৈঠকে স্কয়ার গ্রুপ, সিটি গ্রুপ, প্রাণ আরএফএল গ্রুপ, টি কে গ্রুপ, পারটেক্স গ্রুপ, ট্রান্সকম গ্রুপ, ইনসেপটা, ডিবিএল গ্রুপ, আনোয়ার গ্রুপ, নাসা গ্রুপ, উত্তরা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, বেক্সিমকো গ্রুপসহ ৮৫ শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বৈঠকে আমন্ত্রিতদের কাছে শেয়ারবাজার সম্পর্কে তাদের মতামত ও পর্যবেক্ষণ জানতে চাওয়া হবে। শেয়ারবাজারে তাদের মালিকানাধীন কোম্পানিকে তালিকাভুক্ত করার ক্ষেত্রে কোনো ধরনের বাধা বা সমস্যা আছে কি-না এবং সেগুলো দূর করতে করণীয় সম্পর্কে তাদের পরামর্শ চাওয়া হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
pe dse

সপ্তাহের ব্যবধানে ডিএসই পিই রেশিও বেড়েছে ০.৮১ শতাংশ

স্টক নিউজ বিডি December 11, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৮.৪১ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৮.৫৪ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.১৩ পয়েন্ট বা ০.৮১ শতাংশ বেড়েছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ১১.৭৪ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ২৭.৬৯ পয়েন্টে, বস্ত্র খাতের ৩৫.৩৫ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৭.৯০ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৫.২৭ পয়েন্টে, বীমা খাতের ২১.৮৪ পয়েন্টে, বিবিধ খাতের ১৪.৩৩ পয়েন্টে, খাদ্য খাতের ৬৭.৬২ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৩.৮৪ শতাংশ, চামড়া খাতের ৪১.৭৩ পয়েন্টে, সিমেন্ট খাতের ৫৯.২৯ পয়েন্টে, আর্থিক খাতের ১০১.৩৯ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৩১০.৬৯ পয়েন্টে, পেপার খাতের ৫২.০৩ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১৩.১৩ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ২২.৯৫ পয়েন্টে, সিরামিক খাতের ১১০.৯৮ পয়েন্টে এবং পাট খাতের পিই ঋণাত্বক ৩৬.০৭ পয়েন্টে অবস্থান করছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সূচক পতনে অবদান রেখেছে যে কোম্পানি গুলো?

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও সূচকের পতনে শেষ

স্টক নিউজ বিডি November 8, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের পতনেনর মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্সের লেনদেন ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৯৯ পয়েন্টে। এ ছাড়া অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ২৫৮৩ ও ১৪৩৭ পয়েন্টে।

এদিকে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ২৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২১০ পয়েন্ট। সূচকটি ১৯ হাজার ৮৬৮ পয়েন্টে অবস্থান করে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্রথম প্রান্তিকে সোনারগাঁও টেক্সটাইলসের শেয়ারপ্রতি আয় বেড়েছে ৬৬ গুণের বেশি

  • প্রথম প্রান্তিকে ওয়ালটনের মুনাফা ২২৪.৭৪ কোটি টাকা, বিক্রয় বেড়েছে উল্লেখযোগ্যহারে

  • মেঘনা পেট্রোলিয়ামের ১৮৯ কোটি পরিচালনবহির্ভূত আয়, ১১,৬৩৬ কোটি পাওনাদার দায়, আর্থিক ব্যয়েও ঊর্ধ্বগতি

  • ডেল্টা লাইফ ইনসিওরেন্সর ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

  • মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন মোঃ এহ্তেশাম রহমান

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • মেঘনা পেট্রোলিয়ামের ১৮৯ কোটি পরিচালনবহির্ভূত আয়, ১১,৬৩৬ কোটি পাওনাদার দায়, আর্থিক ব্যয়েও ঊর্ধ্বগতি

  • মুন্নু ফেব্রিকসের প্রথম প্রান্তিক প্রকাশ

  • প্রথম প্রান্তিকে ওয়ালটনের মুনাফা ২২৪.৭৪ কোটি টাকা, বিক্রয় বেড়েছে উল্লেখযোগ্যহারে

  • প্রথম প্রান্তিকে সোনারগাঁও টেক্সটাইলসের শেয়ারপ্রতি আয় বেড়েছে ৬৬ গুণের বেশি

  • ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য