Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

ভারত

আ’লীগের জন্য যুক্তরাষ্ট্রকে ভারতের বার্তা দেওয়ার সংবাদ ভিত্তিহীন

স্টক নিউজ বিডি August 20, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভারত আওয়ামী লীগের জন্য যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়েছে- ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এমন সংবাদ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংবাদটি অথেনটিক নয়, সূত্রবিহীন। আমরা এখন পর্যন্ত এর কোনো সূত্র পাইনি।

রোববার (২০ আগস্ট) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ও পুলিশকে রাষ্ট্রীয় সন্ত্রাস উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বর্তমানে দলের নেতাকর্মী গুম, খুন, গ্রেফতার বেড়ে যাওয়া হলো আওয়ামী লীগের নির্বাচনী কৌশল। আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য বিরোধীদের মাঠ থেকে সরিয়ে নির্বাচনী মাঠ খালি করা।

ছাত্রদল নেতাদের পুরোনো অস্ত্র দিয়ে গ্রেফতারকে পুলিশের নতুন নাটক মন্তব্য করে ফখরুল বলেন, তারা আবারও বড় ধরনের হামলা, মামলা ও গ্রেফতারের ক্ষেত্র প্রস্তুত করছে- এসব অস্ত্র নাটক করে।

তিনি বলেন, সরকারের সব অস্ত্র আছে, পুলিশ আছে, রাষ্ট্রীয় সব শক্তি আছে, তারা চাইলে যে কোনো নাটক সাজাতে পারে।

বিএনপি মহাসচিব বলেন, জনগণ শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই বিরোধীদলের নেতাকর্মীদের হত্যা, গুম, খুন ও গ্রেফতার করছে। বিএনপি নেতাকর্মীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও নেতাকর্মীদের গ্রেফতার করছে, নির্বাচনের মাঠ খালি করার সব অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচনে যোগ্য প্রার্থীদের নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে সরকার।

চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়া হাসপাতালে আছেন। তার চিকিৎসা চলছে। আন্দোলনের কর্মসূচি যখন দেওয়া হবে, আপনাদের জানানো হবে।

সামনের দিনগুলোতে রাজনৈতিক পরিস্থিতি আরও সহিংসতার দিকে যাচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, সরকার কী চায় তার ওপর নির্ভর করবে। আমরা যে দাবি করেছি সরকারকে সেই দাবি বাস্তবায়ন করতে হবে। সরকার নিজেরা সন্ত্রাস সৃষ্টি করছে। আমরা শান্তিপূর্ণভাবে জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছি।

তিনি নারায়ণগঞ্জ ও হবিগঞ্জে পুলিশ এবং আওয়ামী লীগের সংঘর্ষ ও গতকাল নয়াপল্টনে ডিবি কর্তৃক নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানান। আটক ছয় ছাত্রদল নেতার মুক্তি দাবি করেন মির্জা ফখরুল।

এছাড়া সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানের বিরুদ্ধে আদালতের রায়কে ফরমায়েশি আখ্যা দিয়ে নিন্দা জানান তিনি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতার জন্য ভারত অত্যন্ত পরিপক্ব

স্টক নিউজ বিডি August 20, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নিজেদের জন্য এবং অন্যান্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ভারত অত্যন্ত পরিপক্ব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন।

রোববার (২০ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ভারতের পশ্চিবঙ্গ থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নিয়ে বাংলাদেশে আলোচনা হচ্ছে, বাংলাদেশ ইস্যুতে ভারত ওয়াশিংটনকে বার্তা দিয়েছে, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কোনো ভাষ্য আছে কি না- জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সরকার অত্যন্ত পরিপক্ব। তাদের অত্যন্ত শক্তিশালী গণতান্ত্রিক দেশ। তারা যেটা ভালো মনে করে, সেটাই তারা করেছে। সে সম্পর্কে আমাদের কিছু বলার কোনো কারণ নেই।

মোমেন বলেন, তাদের সরকার ব্যবস্থা অত্যন্ত পরিপক্ক। তারা নিজেদের জন্য এবং অন্যান্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য যদি কিছু বলে থাকে, অবশ্যই এটা অত্র এলাকার উপকারে আসবে।

তিনি বলেন, জোহানেসবার্গে অনুষ্ঠিত হতে যাওয়া ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ২১ আগস্ট দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রধানমন্ত্রীর এ সফরের মধ্যদিয়ে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সম্পর্ক দৃঢ় হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসসার হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী জোহানেসবার্গে অবস্থানকালীন অনেক রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। এ মুহূর্তে নতুন সদস্য করবে কি না জানি না। তবে আমরা এরই মধ্যে ব্যাংকে জয়েন্ট করেছি, আমরা কয়েকটি প্রকল্পে অর্থ সহায়তা পেয়েছি।

মন্ত্রী বলেন, ব্রিকসে জয়েন্ট করতে পারলে উন্নয়ন প্রকল্পে সহযোগিতা পাবো। আমরা আফ্রিকাতে সম্পর্ক বাড়াতে চাই, যেখানে ব্রিকসের মাধ্যমে যেতে সুবিধা হবে। আফ্রিকায় আমাদের (ভালো) সুযোগ রয়েছে, বিশেষ করে ব্যবসা-বাণিজ্যে। আমাদের বিশ্বাস এতে করে আমাদের সম্পর্কে উন্নতি ঘটবে। সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সাক্ষাৎ করে বলেছিলেন আমরা ব্রিকসের সংখ্যা (সদস্য) বাড়াতে চাই। আমরা বহু রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাতের জন্য যোগাযোগ করেছি। যেহেতু সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সুযোগ রয়েছে, সেহেতু দেখা তো হবে।

সংবাদমাধ্যমে খবর এসেছে ভারতের প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন জোহানেসবার্গে থাকবেন, তখন অনেক রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তার সাক্ষাতের আয়োজন করবো। এখনো সব চূড়ান্ত হয়নি। রাষ্ট্রপ্রধানদের সাক্ষাতগুলো শেষ মুহূর্তে হয়। তবে অবশ্যই অনেক রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ হবে। দ্বিপাক্ষিকভাবে হবে।

আর ব্রিকসে যোগদানে বাংলাদেশের সর্বশেষ অবস্থা কী- জানতে চাইলে তিনি বলেন, আপনারা জানেন, যখন জেনেভাতে প্রধানমন্ত্রী গিয়েছিলেন, তখন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত তার সঙ্গে দেখা করে তাকে দাওয়াত দেন। তখন তিনি বলেছিলেন, তারা ব্রিকসের সদস্য সংখ্যা বাড়াতে চান। এখন তারা পাঁচজন, এটা বাড়াতে চান। বাংলাদেশকেও তাদের সদস্য করার চিন্তাভাবনা করছেন। তবে চূড়ান্ত হয়নি। এখন শুনতে পেয়েছি তারা এ মুহূর্তে নতুন সদস্য নেবেন কি না- তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ তারা একটা মোডালিটি (পদ্ধতি) তৈরি করবেন- কী প্রেক্ষাপটে নেবেন, কী কী হবে…। এটা কোনো ব্যাপার না। আমরা কোনো তাড়াহুড়ো করবো না।

এরই মধ্যে আমরা ব্রিকস ব্যাংকে যোগদান করেছি। ব্রিকস হ্যাভ অ্যা লার্জ অ্যামাউন্ট- তাদের প্রায় পাঁচ ট্রিলিয়ন ডলার রিজার্ভ আছে। এখন যারা আমাদের উন্নয়ন অংশীদার, তাদের অনেকেই ইদানীং খুব একটা সাহায্যে আসছে না। আর সামনে আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)। যখন আমরা এসডিজি অ্যাপ্রুভ করি, তখন কথা ছিল, এসডিজির জন্য প্রতি বছর সাড়ে তিন ট্রিলিয়ন থেকে ১১ ট্রিলিয়ন পর্যন্ত লাগবে। কিন্তু সেই টাকাটা কেউ দিচ্ছে না।

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রসঙ্গে তিনি বলেন, এবারের সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা সীমিত। সরকারিভাবে মোট ১৪ জন প্রধানমন্ত্রীর সঙ্গে যাবেন। এমনিতে বাইরের কিছু প্রতিষ্ঠানের প্রতিনিধি যাবেন, ব্যবসায়ী যাবেন। কারণ, আমাদের বিনিয়োগ, বাণিজ্য বাড়ানোর একটা উদ্দেশ্য রয়েছে। সেজন্য কিছু ব্যবসায়ী যাবেন।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি শাখার মহাপরিচালক সেহেলি সাবরিন উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আনন্দবাজারের প্রতিবেদন নিয়ে যা বললো জামায়াত

স্টক নিউজ বিডি August 20, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রকে দেওয়া ভারতের কূটনৈতিক বার্তায় জামায়াতে ইসলামীকে নিয়ে মন্তব্যের যে খবর বেরিয়েছে তার প্রতিবাদ জানিয়েছে দলটি। জামায়াত মনে করে, তাদের দল নিয়ে ভারতের মন্তব্য অযাচিত, বিভ্রান্তিকর ও দুরভিসন্ধিমূলক। পাশাপাশি ওই প্রতিবেদন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের শামিল বলেও মনে করে দলটি।

শনিবার (১৯ আগস্ট) জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান সই করা এক বিবৃতিতে এই প্রতিবাদ জানায় দলটি।

বিবৃতিতে মুজিবুর রহমান বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ভারত থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাঠানো এক কূটনৈতিক বার্তায় জামায়াতে ইসলামী সম্পর্কে উদ্দেশ্যমূলক ও অযাচিত মন্তব্য করা হয়েছে।

তিনি বলেন, প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে- ‘জামায়াত একটি উগ্র-মৌলবাদী সংগঠন, বাংলাদেশে জামায়াত শক্তিশালী হলে ভারত সীমান্ত নিরাপত্তা সমস্যায় পড়বে’ মর্মে যেসব মন্তব্য করা হয়েছে তা সম্পূর্ণ অযাচিত, বিভ্রান্তিকর ও দুরভিসন্ধিমূলক। এটি একান্তই বিদ্বেষবশত করা হয়েছে। এ ছাড়াও প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে যেসব মন্তব্য করা হয়েছে তা স্পষ্টভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের শামিল। বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। এ দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ জনগণ মেনে নেবে না।

জামায়াতের ভারপ্রাপ্ত আমির আরও বলেন, জামায়াত একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক রাজনৈতিক দল। জামায়াতে ইসলামী সর্বদা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাসী। জামায়াত বাংলাদেশে যেমন কারও অন্যায় হস্তক্ষেপ বরদাশত করে না, তেমনই কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো তৎপরতাও চালায় না।

জামায়াতে ইসলামী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আশা করে বলেও উল্লেখ করেন দলটির ভারপ্রাপ্ত আমির।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ৭৪ বছর বয়সী ব্যক্তির বিরুদ্ধে

স্টক নিউজ বিডি August 15, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বেঙ্গালুরু পুলিশের সাবেক এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বয়স ৭৪ বছর। ভুক্তভোগী শিশুটির পরিবার তার বাসায় ভাড়া থাকে। ঘটনাটি ঘটেছে পূর্ব বেঙ্গালুরুতে।

ধর্ষণের শিকার শিশুটির মায়ের তথ্য অনুযায়ী, সোমবার রাত সাড়ে আটটার দিকে একটি পুতুল নিচে পড়ে যায়। তার মেয়ে সেটি নিয়ে আসতে গ্রাউন্ড ফ্লোরে যায়। মধ্যে কেটে যায় অনেক সময়। পরে কাঁদতে কাঁদতে শিশুটি ওপরে আসে।

শিশুটির মা বলেন, তার ঠোঁট ফুলে গেছে। তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিয়েছে আমার কাছে। শিশুটি এখন আতঙ্কিত।

ভুক্তভোগীর বাবা বলেন, ঘটনার বিষয়ে জানতে গেলে অভিযুক্তের ছেলে তাকে হুমকি দেয়। অভিযুক্ত ব্যক্তির ছেলেও পুলিশে চাকরি করে। কিছু টাকা নিয়ে বাড়ি খালি করারও হুমকি দেন তিনি।

এরপর শিশুটির বাবা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। এরই মধ্যে অভিযুক্ত সাবেক ওই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় অভিযুক্ত ও ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার কাজ চলমান রয়েছে। হুমকি দেওয়া ব্যক্তির বিরুদ্ধেও মামলা দায়ের করা হবে বলে জানানো হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এমপি পদ ফিরে পেলেন রাহুল গান্ধী, ‘গণতন্ত্রের জয়’ দাবি কংগ্রেসের

স্টক নিউজ বিডি August 7, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নরেন্দ্র মোদীর পদবী নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে সংসদ সদস্য (এমপি) পদ হারিয়েছেন রাহুল গান্ধী। এ নিয়ে নানা নাটকীয়তার পর অবশেষে লোকসভায় প্রবেশের অধিকার ফেরত পেলেন ভারতীয় কংগ্রেসের নেতা। এর ফলে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোট দেওয়ায় আর কোনো বাধা থাকলো না তার।

মোদী পদবী নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে গত ২৩ মার্চ সুরাটের একটি আদালত রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেন। সেই নির্দেশের ২৬ ঘণ্টার মধ্যে তার সংসদ সদস্য পদ খারিজ করে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

পরে সুরাট আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করেন রাহুল। কিন্তু সেখানেও খারিজ হয়ে যায় তার আবেদন। এরপর সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। অবশেষে গত শুক্রবার নিম্ন আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করেন ভারতের সুপ্রিম কোর্ট।

কিন্তু সুরাট আদালতের রায়ের পরে যে ক্ষিপ্রতায় রাহুলের সংসদ সদস্য পদ বাতিল করা হয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশের পরে তেমন কোনো তৎপরতা দেখা যায়নি লোকসভা সচিবালয়ের। এ নিয়ে বিরোধীরা সমষ্টিগতভাবে স্পিকারের ওপর চাপ তৈরি করেছিলেন। এমনকি কংগ্রেস ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ারও হুমকি দিচ্ছিল।

এমন পরিস্থিতিতে সোমবার সংসদের অধিবেশন শুরু হওয়ার আগেই স্পিকার ওম বিড়লা জানিয়ে দেন, রাহুলের লোকসভার সদস্য পদ ফেরানো হচ্ছে।

মঙ্গলবার থেকে লোকসভায় মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা ও ভোটাভুটি হওয়ার কথা। স্পিকারের এই পদক্ষেপের পর রাহুলের অনাস্থা প্রস্তাবে অংশ নেওয়ায় আর কোনো বাধা রইলো না।

এদিন স্পিকার রাহুলের সংসদ সদস্য পদ ফেরানোর পরপরই উচ্ছ্বাসে ফেটে পড়েন কংগ্রেস সমর্থকরা। দলীয় দপ্তরে মিষ্টিমুখ করানো হয় নেতাকর্মীদের। এই ঘটনাকে ভারতে ‘গণতন্ত্র ও বিচার ব্যবস্থার বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন কংগ্রেস নেতারা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পেট্রাপোল বন্দরে চালু হলো অনলাইন স্লট বুকিংয়ের ব্যবস্থা

স্টক নিউজ বিডি August 3, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভারত থেকে বাংলাদেশে যাওয়ার জন্য ভারতের পেট্রাপোল আন্তর্জাতিক স্থলবন্দরে যাত্রীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার অভিযোগ দীর্ঘদিনের। এভাবে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকা বেশ কষ্টকর। এই নিয়ে বিভিন্ন সময় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে।

তবে এখন থেকে আর ঘণ্টার পর ঘণ্টা এভাবে দাঁড়িয়ে থাকতে হবে না। যাত্রীদের সুবিধার্থে এবার অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা করলো ভারতের ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এলপিআই)।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দরে ভারতের ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার চেয়ারম্যান আদিত্য মিশ্র আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা চালু করেন।

এই পরিষেবা চালু হওয়ার ফলে যেসব যাত্রী বাংলাদেশে যাবেন তারা এক সপ্তাহ আগে থেকেই নিজেদের মোবাইল নম্বর দিয়ে এলপিআই’র ওয়েবসাইটে রেজিস্ট্রেশন বা স্লট বুকিং দিতে পারবেন। স্লট বুকিংয়ের সময় তাদের টাইমের স্লট দেওয়া হবে।

সেই সময় মেনেই তাদের আন্তর্জাতিক সীমান্তে আসতে হবে। প্রতি ঘন্টায় ১০০টি স্লট বুক করা যাবে। প্রতিদিন ১২ ঘন্টায় ১২০০টি স্লটের ব্যবস্থা রাখা হয়েছে।

এর ফলে যাত্রীরা তাদের সুবিধামতো স্লট বুক করে সরাসরি ইমিগ্রেশনের কাউন্টারে আসতে পারবেন। তাদেরকে আর দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না।

আপাতত শুধুমাত্র ভারত থেকে যেসব যাত্রীরা বাংলাদেশে যাবেন তাদের জন্যই এই সুবিধা থাকছে। এ বিষয়ে উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থলবন্দরের এলপিআই ম্যানেজার কমলেশ সাইনি বলেন, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে স্লট বুকিং এর ব্যবস্থা করা হয়েছ। এই ওয়েবসাইটের মাধ্যমে যাত্রীরা বিনা পয়সায় স্লট বুকিং করতে পারবে। এর ফলে যাত্রীদের বেশ সুবিধা হবে।

পেট্রাপোল স্থলবন্দর থেকে সুরত্না দাস নামে বাংলাদেশগামী এক যাত্রী বলেন, এলপিআই-এর পক্ষ থেকে যেসব স্লট বুকিংয়ের ব্যবস্থা করা হয়েছে তাতে আগামীতে বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে খুব সুবিধা হবে। দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি আর পোহাতে হবে না। যদি ভেতরের ব্যবস্থাটা ঠিকঠাক থাকে তাহলে খুবই ভালো।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পশ্চিমবঙ্গে ফের চোখ রাঙাচ্ছে করোনা

স্টক নিউজ বিডি August 1, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ডেঙ্গুর বাড়বাড়ন্তে নাকাল গোটা পশ্চিমবঙ্গ। কলকাতাসহ বিভিন্ন জায়গা থেকে একের পর এক ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর মতো ঘটনা সামনে আসছে।

এই আতঙ্কের মধ্যেই ফের চোখ রাঙাচ্ছে করোনা। এতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যুর খবর এলো পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা থেকে। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপালে ৬০ ও ৬১ বছরের দুই করোনা রোগীর মৃত্যু হলো।

এই খবর সামনে আসতেই কপালে চিন্তার ভাঁজ কলকাতাসহ গোটা রাজ্যবাসীর। তাহলে কী আবার রাজ্যবাসীকে মাস্ক পরতে হবে?।

বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, যে দুজন ব্যক্তি হাসপাতালে মারা গেছেন তাদের মধ্যে একজন পূর্ব বর্ধমান জেলার ভাতারের ৬০ বছরের এক বৃদ্ধ। তিনি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। হাসপাতলে কোভিড পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে। গত রোববার (৩০ জুলাই) তার মৃত্যু হয়।

অপরজন দেওয়ানদিঘী থানা এলাকার ৬১ বছরের এক বৃদ্ধ। তারও হাসপাতলে কোভিড পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে।

যদিও এই দুজনেই কোমর্বিডিটি সমস্যায় ভুগছিলেন বলে দাবি করেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে মৃত্যু সনদে কোভিডের উল্লেখও রয়েছে। তবে কোভিড নিয়ে আতঙ্কের কিছু নেই বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

কোভিড রোগের সংখ্যা বেড়ে গেলেও বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল যেকোনো ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। শতাধিকের বেশি কোভিড বেড, আইসিইউ, সিসিইউসহ সব ব্যবস্থাই তৈরি রাখা আছে। এছারাও হাসপাতালে নিজস্ব দুটো অক্সিজেন প্ল্যান্ট থাকায় কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে, কোভিড নিয়ে অযথা আতঙ্কিত না হতে। এই সময় জ্বর, সর্দি-কাশি হয়। একটু বাড়তি সতর্ক থাকতে হবে। জ্বর, সর্দি-কাশি হলেই চিকিৎসকের পরামর্শ নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পশ্চিমবঙ্গে শোক-শ্রদ্ধায় পবিত্র মহরম পালন

স্টক নিউজ বিডি July 29, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কলকাতাসহ পশ্চিমবঙ্গের সর্বত্র শোক ও শ্রদ্ধার সঙ্গে পলিত হচ্ছে পবিত্র মহররম। এ উপলক্ষে কলকাতা শহরে সুসজ্জিত তাজিয়া নিয়ে বের হয়েছে শোভাযাত্রা। এই শোভাযাত্রা শুরু হয় ধর্মতলার নাখোদা মসজিদ ও জিয়া রোড থেকে।

পাশাপাশি হরিশ ট্রিট থেকে একটি শোকযাত্রা বের হয়। সেটি শিয়ালদা ফ্লাইওভার, বেলেঘাটা মেইনরোড হয়ে যাবে।এ ধরনের শোভাযাত্রা বের হয়েছে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়।

তাজিয়া প্রদর্শনী কলকাতার একটি আকর্ষণীয় বিষয়। কালো রংয়ের পোশাক পড়ে এই পবিত্র যাত্রায় অংশ নেয় শোক বিহ্বল ধর্মপ্রাণ মুসলিম মানুষ। নকল অস্ত্র নিয়ে চলে যুদ্ধ যুদ্ধ খেলা। মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে মহরম বিশেষ গুরুত্বপূর্ণ। তাই অনেক জায়গায় শান্তি বজায় রাখতে অস্ত্র না নিয়ে বের হয়েছে পবিত্র শোভাযাত্রা।

প্রতিবারের মতো এবারও মুসলিম ধর্মপ্রাণ মানুষ এই পবিত্র শোকযাত্রায় অংশগ্রহণ করেন। কলকাতা শহরের পথের দু’ধারে সব ধর্মের নানা বয়সী অসংখ্য মানুষ তাজিয়া শোভাযাত্রা দেখার জন্য দাঁড়িয়ে ছিল। সে সময় শহরের বিভিন্ন রাস্তার সংযোগস্থলে শরবত ও মিষ্টি বিতরণ করতে দেখা যায়।

এই পবিত্র মহরম উপলক্ষে যেকোনো অপ্রীতিকর ঘটনা রুখতে শহরজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। গোটা কলকাতার নিরাপত্তার জন্য ৪২০০ পুলিশ কর্মী মোতায়েন করা হয়। এছাড়াও প্রত্যেক স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজ এলাকার দায়িত্ব পালন করবেন। বড় শোভাযাত্রার ক্ষেত্রে সেখানে দায়িত্বে থাকবেন ডেপুটি কমিশনারের মতো কর্মকর্তারা। একটা পেট্রোলিং দল অনবরত কলকাতা শহর জুড়ে টহল দেবে।

পবিত্র আশুরা ঘিরে শনিবার (২৯ জুলাই) সকাল থেকেই কলকাতার বিভিন্ন রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণের ব্যবস্থা জোরদার করেছে কলকাতা পুলিশের ট্রাফিক কন্ট্রোল। মহরমের এই দিনটিতে ভারতের রাষ্ট্রীয় ছুটি থাকে। ফলে শোকে, উৎসবে, আনন্দে ছুটির দিন পালন করেন মুসলিমসহ কলকাতার সব ধর্মের মানুষ।

এর পাশাপাশি মহরম উদযাপনের জন্য সারাদিন এবং রাতে ঢোল বাজানোর ফলে বয়স্ক এবং অসুস্থ মানুষের কথা ভেবে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল। কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ পুলিশকে এই পবিত্র মহরম উৎসবের সময় ঢোল বাজানো নিয়ন্ত্রণ করার নির্দেশ দেয়। উৎসব উদযাপনের জন্য ক্রমাগত ঢোল বাজানো নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মোদি-বাইডেনের ফোনালাপ

স্টক নিউজ বিডি February 16, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভারতের এয়ার ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের মধ্যে যুগান্তকারী চুক্তির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছেন। এ চুক্তিকে ‘পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতার উজ্জ্বল উদাহরণ’ হিসেবে বর্ণনা করে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ইউরোপীয় উড়োজাহাজ নির্মাণ প্রতিষ্ঠান এয়ারাস থেকে আড়াইশ এয়ারক্রাফট কিনতে যাওয়া ভারত সক্ষমতা বৃদ্ধি কৌশলের অংশ হিসেবে মার্কিন প্রতিষ্ঠান বোয়িং থেকেও ২৯০টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পাদন করেছে।

ভারতের প্রধানমন্ত্রীর অফিস এক বিবৃতিতে বলেছে, ‘ইন্ডিয়া-ইউএসএ কমপ্রেহেনসিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ গভীর করায় নরেন্দ্র মোদী ও জো বাইডেন সন্তোষ প্রকাশ করেছেন। পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতার উজ্জ্বল উদাহরণ হিসেবে এয়ার ইন্ডিয়া ও বোয়িংয়ের মধ্যে যুগান্তকারী চুক্তিকে স্বাগত জানিয়েছেন, যা উভয় দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সহায়তা করবে। ভারতে বেসামরিক বিমান চলাচল সেক্টরের সম্প্রসারণের ফলে সৃষ্ট সুযোগ কাজে লাগাতে বোয়িং ও অন্যান্য মার্কিন কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানান মোদী।

বোয়িং থেকে এয়ারক্রাফট কিনতে এয়ার ইন্ডিয়ার জন্য যুগান্তকারী চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টও। এর আগে এয়ারবাস থেকে এয়ারক্রাফট কিনতে প্রতিষ্ঠানটির সঙ্গে টাটা সনসের চুক্তিকে স্বাগত জানিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ওই চুক্তিকে ভারত-ফ্রান্সের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের নতুন ধাপ হিসেবে বর্ণনা করেছিলেন তিনি।

বোয়িংয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়া টেকসই বৃদ্ধির জন্য তাদের ২৯০টি জেট বিমান বেছে নিয়েছে। এর মধ্যে রয়েছে ১৯০টি ৭৩৭ ম্যাক্স, ২০টি ৭৮৭ ড্রিমলাইনার এবং ১০টি ৭৭৭ এক্স বিমান। চুক্তিতে অতিরিক্ত ৫০টি ৭৩৭ ম্যাক্স এবং ২০টি ৭৮৭-৯ এস বিমান কেনারও পরিকল্পনা রয়েছে। চুক্তির সবকিছু ঠিকঠাক থাকলে এটিই হবে দক্ষিণ এশিয়ায় বোয়িংয়ের সব থেকে বড় চালান।

হোয়াইট হাউসের বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্ধৃত করে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়া ও বোয়িংয়ের মধ্যে চুক্তির মাধ্যমে ২০০টিরও বেশি আমেরিকান এয়ারক্রাফট ক্রয় মার্কিন-ভারত অর্থনৈতিক অংশীদারিত্বের শক্তি প্রতিফলিত করে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

শেখ হাসিনার নেতৃত্বের প্রতি ভারতের পূর্ণ সমর্থন রয়েছে : বিনয় খাতরা

স্টক নিউজ বিডি February 15, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাতরা আজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন রয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, ‘আপনার এবং আপনার নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

বিনয় খাতরা বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতিসহ উন্নয়ন যাত্রায় ভারত বাংলাদেশের পাশে থাকবে।

বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব শেখ হাসিনাকে চলতি বছরের ৯-১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় গ্রুপ অব টুয়েন্টি (জি-২০) শীর্ষ সম্মেলনের ১৮তম আসরে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান।

১ ডিসেম্বর, ২০২২ থেকে ৩০ নভেম্বর, ২০২৩ পর্যন্ত জি-২০’র সভাপতির দায়িত্বে থাকা ভারত গ্রুপটির সকল বৈঠকে বাংলাদেশকে ‘অতিথি দেশ’ হিসাবে আমন্ত্রণ জানিয়েছে।

দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপক্ষীয় বন্ধনকে অত্যন্ত দৃঢ় বলে বর্ণনা করে বিনয় খাতরা বলেন, সমগ্র বিশ্ব এখন বাংলাদেশ-ভারত সম্পর্ককে মূল্যায়ন করে, যা ইতোমধ্যেই কৌশলগত পর্যায়ে পৌঁছেছে। এই সম্পর্ক আরও মজবুত হচ্ছে বলেও জানান তিনি।

এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী ভারতকে বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করেন এবং এই বন্ধুত্ব আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, দুই প্রতিবেশীর আর্থ-সামাজিক উন্নয়নে উভয় দেশই কাজ করতে পারে।

সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব বলেন, তারা ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিট (এলওসি)’র শর্তাবলী সহজ করার চেষ্টা করছেন যাতে বাংলাদেশ সহজেই ঋণ নিতে এবং তা পরিশোধ করতে পারে।

তিনি বলেন, দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য দুই দেশের স্থানীয় মুদ্রা ব্যবহার করেই পরিচালনা করা যেতে পারে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য