Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

রাশিয়া

ফিলিস্তিনের স্বাধীনতাই সংকটের একমাত্র সমাধান: পুতিন

স্টক নিউজ বিডি October 14, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাত নিরসনের একমাত্র উপায় বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গাজায় ইসরায়েলি হামলায় নির্বিচারে বেসামরিক নাগরিক হত্যা মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেছেন তিনি। রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) বিশকেকে কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) সম্মেলনে বক্তব্য রাখার সময় পুতিন বলেন, ইসরায়েল এক অভূতপূর্ব আক্রমণের মুখোমুখি হয়েছে, যা ইতিহাসে আগে কখনোই দেখা যায়নি। শুধু মাত্রার দিক থেকেই নয়, যেভাবে তা বাস্তবায়ন করা হয়েছে সেটিও নজিরবিহীন।

রুশ প্রেসিডেন্ট বলেন, পূর্ণ শক্তিতে এর জবাব দিচ্ছে ইসরায়েলে এবং তারাও প্রচণ্ড নৃশংস পদ্ধতি বেছে নিয়েছে। আমরা এর পেছনের যুক্তি বুঝতে পারি। তবে আমি এখনো বিশ্বাস করি, প্রত্যেকের অবশ্যই বেসামরিক জনগণের কথা চিন্তা করা উচিত।

গাজায় ইসরায়েলি অবরোধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেনিনগ্রাদ অবরোধের সঙ্গে তুলনা করে তিনি বলেন, এটি মেনে নেওয়া যায় না। সেখানে ২০ লাখের বেশি মানুষ বাস করে। হয়তো সবাই হামাসকে সমর্থন করে না, কিন্তু ক্ষতিগ্রস্ত হবে নারী-শিশুসহ সবাই।

এই সংকট সমাধানে রাশিয়া মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারে উল্লেখ করে পুতিন বলেন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে পাওয়া জরুরি। আমার মতে, এটি কিছু মধ্যস্থতা প্রচেষ্টায় অর্জন করা সম্ভব। তবে সবার আগে অবশ্যই ফিলিস্তিনিদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইসরায়েল-হামাস সংঘাতে রাশিয়ার লাভ, দুশ্চিন্তায় ইউক্রেন

স্টক নিউজ বিডি October 11, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ থেকে লাভবান হওয়ার বড় সম্ভাবনা রয়েছে রাশিয়ার। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিতে হচ্ছে পশ্চিমাদের। ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নজর ইউক্রেন থেকে ইসরায়েলের দিকে ঘুরে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেটি হলে আখেরে লাভ হবে রাশিয়ারই। তাছাড়া, ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতে জ্বালানি তেলের দাম বাড়লে তাতে আরও ফুলেফেঁপে উঠবে মস্কোর অর্থভাণ্ডার।

বিষয়টি স্বীকার করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গত সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতে নজর দেওয়ায় যদি ইউক্রেনের কাছে অস্ত্র সরবরাহের গতি কমে যায়, তাহলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্য অর্জন দ্রুততর হবে।

বিশেষজ্ঞরা বলছেন, তেল-আবিবের কাছে বর্তমানে প্রচুর অস্ত্রশস্ত্র মজুত রয়েছে। তারা যুক্তরাষ্ট্রের কাছে চেয়েছে মূলত আয়রন ডোম ক্ষেপণাস্ত্র, গাইডেড যুদ্ধাস্ত্র এবং গোলাবারুদ। তবে গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করলে অস্ত্র ভাণ্ডারে চাপ পড়বে ইসরায়েলের।

সাবেক ইউএস মেরিন কর্নেল ও বর্তমানে স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সেন্টারের উপদেষ্টা মার্ক ক্যানসিয়ান বলেন, সেই সময় ইসরায়েল ব্যাপকভাবে যুদ্ধাস্ত্র ব্যবহার শুরু করবে। যদিও তাদের কাছে অস্ত্রের বড় মজুত রয়েছে, তবে তা দীর্ঘ অভিযানের জন্য যথেষ্ট না-ও হতে পারে।

ক্যানসিয়ানের মতে, শহুরে অঞ্চলে যুদ্ধের জন্য ইসরায়েল গাইডেড যুদ্ধাস্ত্রের দিকে ঝুঁকবে। তবে ইউক্রেনেরও আরও অত্যাধুনিক অস্ত্রের প্রয়োজন, কারণ তারা এখন রুশ সামরিক ঘাঁটির মতো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে চায়।

‘কিন্তু সমস্যা হলো, আমরা অল্প সময়ের মধ্যে সেগুলো উৎপাদন করতে পারবো না। তাই যুক্তরাষ্ট্রকে বিদ্যমান মজুত থেকেই অস্ত্রগুলো বের করতে হতে পারে। আর তার ফলে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ পুরোপুরি বন্ধ না হলেও অন্তত গতি কমে যেতে পারে।’

পুতিনের পোয়াবারো
লন্ডনভিত্তিক থিংক ট্যাংক চ্যাথাম হাউসের প্রধান নির্বাহী ব্রনওয়েন ম্যাডক্স ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রকে যদি ইসরায়েল ও ইউক্রেনের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হয়, তাহলে তাৎক্ষণিকভাবে তারা ইসরায়েলকেই নেবে। যদিও এই মুহূর্তেই যুক্তরাষ্ট্রকে এমন কঠোর কোনো সিদ্ধান্ত নিতে হচ্ছে না। তবু বুঝতে পারি, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চিন্তিত হতেই পারেন এবং তিনি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মনোযোগ ধরে রাখতে প্রাণপণ চেষ্টা করছেন।

কিছুদিন আগেই সরকারি শাটডাউন এড়াতে সাময়িকভাবে ইউক্রেনের জন্য নতুন সহায়তা পরিকল্পনা বাদ দিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। ভবিষ্যতে কিয়েভকে সহায়তা দেওয়ার বিষয়টি এখন আরও বেশি নড়বড়ে হতে পারে।

গত ৫ অক্টোবর রাশিয়ার সোচি শহরে এক অনুষ্ঠানে পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাহায্যই ইউক্রেনকে অর্থনৈতিক ও সামরিকভাবে টিকিয়ে রেখেছে। যদি অস্ত্র দেওয়া আগামীকাল থেকে বন্ধ হয়, তাহলে এক সপ্তাহের মধ্যেই কিয়েভের সব গোলাবারুদ ফুরিয়ে যাবে।

শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউক্রেনের প্রতি ইউরোপের সমর্থনও দিনদিন নড়বড়ে হয়ে উঠছে। সম্প্রতি শস্যচুক্তি নিয়ে বিরোধের জেরে ইউক্রেনকে নতুন করে আর কোনো সহায়তা দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে পোল্যান্ড। আপত্তি ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে স্লোভাকিয়া থেকেও। কারণ, দেশটিতে ক্ষমতায় ফিরতে চলা নেতা রবার্ট ফিকো বরাবরই রুশপন্থি হিসেবে পরিচিত।

তেলের দাম বাড়লেও রাশিয়ার লাভ
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম। এর ফলে রাশিয়ার রপ্তানি আয় আরও ফুলেফেঁপে উঠতে পারে।

র‌্যান্ড করপোরেশনের নীতি গবেষক অ্যান মেরি ডেইলি বলেন, তেলের দাম বাড়লে এটি তাদের (রাশিয়া) অস্ত্র উৎপাদনে ব্যয় অব্যাহত রাখার সুযোগ দেয় এবং বাজেট ঘাটতি পূরণে সহায়তা করে। অর্থাৎ, রাশিয়া এটি থেকে নিশ্চিতভাবেই অতিরিক্ত সুবিধা পেয়ে থাকে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

চন্দ্রাভিযান ব্যর্থ হওয়ায় হাসপাতালে রুশ বিজ্ঞানী

স্টক নিউজ বিডি August 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাশিয়ার পাঠানো চন্দ্রযান লুনা-২৫ শনিবার (১৯ আগস্ট) নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদেই বিধ্বস্ত হয়েছে। ৪৭ বছর পর চাঁদে পাঠানো এ মহাকাশযান বিধ্বস্ত হওয়ায় খবর শুনেই অসুস্থ হয়ে পড়েন ওই মিশনের নেতৃস্থানীয় পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী মিখাইল মারোভ (৯০)। পরে তাকে মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেন্ডেন্ট জানিয়েছে, শনিবার চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময় কক্ষপথ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় লুনা-২৫ নিয়ন্ত্রণ হারায় ও পরে বিধ্বস্ত হয়। রোববার রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস এ তথ্য প্রকাশ করে। এ ঘটনার পর রাশিয়ার মহাকাশ শক্তি নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। আর এর কয়েক ঘণ্টা পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন মিখাইল।

এই জ্যোতির্বিজ্ঞানী সংবাদ মাধ্যম আরবিসি ও মস্কোভস্কি কমসমোলেতসকে বলেছেন, আমি কেন চিন্তি হবো না? চন্দ্রভিযানটি আমার জন্য বিশাল ব্যাপার ছিল। মিশনটি ব্যর্থ হওয়ায় আমার জীবনকে অর্থহীন বলে মনে হচ্ছিল। এসব চিন্তা থেকেই আমি অসুস্থ হয়ে পড়ি। বর্তমানে চিকিৎসদের পর্যবেক্ষণে রয়েছি।

১৯৭৬ সালে চাঁদে মহাকাশযান পাঠিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। সেটির নাম ছিল লুনা-২৪। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর লুনা-২৫ ছিল রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান।

সোভিয়েত ইউনিয়নের ওই মহাকাশ অভিযানেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে মিখাইলের। তবে লুনা-২৫ মিশনকে তিনি তার কাজের চূড়ান্ত পরিণতি হিসেবে বিবেচনা করছিলেন। কিন্তু মিখাইলের মতে, মিশনটি ব্যর্থ হওয়ায় রুশ চন্দ্রাভিযানের পুনরুত্থান দেখার শেষ আশা স্বপ্নই থেকে গেলো।

এ চন্দ্রযান বিধ্বস্ত হওয়া রসকসমসের জন্য একটি বিশাল ক্ষতি বলে দাবি করা হচ্ছে। বেশ কয়েক বছর ধরেই প্রতিষ্ঠানটি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা কিংবা ইউরোপীয় স্পেস এজেন্সি ইসা’র তুলনায় পিছিয়ে গেছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, রাশিয়ার বাজেটের বিশাল একটি অংশ শুধু সামরিক খাতে ব্যয় করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লুনা-২৫ অভিযানের ব্যর্থতা থেকে এটা পরিষ্কার যে, রাশিয়ার মহাকাশ শক্তি ক্ষয়িষ্ণু অবস্থায় রয়েছে। এক সময় মহাকাশ অভিযানে সোভিয়েত আমলের রাশিয়ার যে বিশাল ভূমিকা ছিল, তা এখন পতনের দিকে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাশিয়ার ভেতরে ঢুকে সুপারসনিক বোমারু বিমান ধ্বংস করলো ইউক্রেন

স্টক নিউজ বিডি August 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাশিয়ার ভেতরে ঢুকে একটি সুপারসনিক বোমারু বিমান ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের ড্রোন। স্থানীয় সময় সোমবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে সোলটসি-টু বিমানঘাঁটিতে এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি কিয়েভ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ছোট্ট একটি ড্রোনের আঘাতেই বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। টিইউ-২২ সুপারসনিক বম্বার শব্দের চেয়েও দ্বিগুণ গতিতে ছুটতে পারে। ইউক্রেনের শহরগুলোতে আক্রমণ করার জন্য এই বিমানটি ব্যাপকভাবে ব্যবহার করছে রাশিয়া।

এদিকে ধ্বংস হওয়া টিইউ-২২ সুপারসনিক মূলত স্নায়ু যুদ্ধকালীন বোমারু বিমান। ইউক্রেন ছাড়াও এগুলো সিরিয়া, চেচনিয়া ও জর্জিয়ার যুদ্ধেও ব্যবহার করেছে রাশিয়া। এর আধুনিক সংস্করণগুলো হলো—মাছ-২, যা ঘণ্টায় ২ হাজার ৩০০ কিলোমিটার গতিতে ছুটতে পারে এবং ২৪ হাজার কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে।

এদিকে, এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কপ্টার ধরনের একটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল ইউক্রেন। হামলার আগেই ড্রোনটিকে শনাক্ত করতে সক্ষম হয়েছিলেন এয়ারফিল্ডের পর্যবেক্ষকেরা। সেটিকে প্রতিহত করার চেষ্টাও করেন তারা। তারপরও এটি আঘাত হানে। তবে এ ঘটনায় এবং একটি বিমান পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া ছাড়া আর কোনো ক্ষয়-ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা ছবিতে আগুনটিকে অনেক বড় মনে হয়েছে। এতে একটি বিমান ধ্বংস হলেও তা ক্ষতির দিক থেকে খুবই কম। কারণ এই বহরে রাশিয়ার ৬০টি বিমান রয়েছে। তবে, হামলাটি রুশ ভূখণ্ডের ভেতরে হওয়ায় তা ইউক্রেনের ক্ষমতা বৃদ্ধির দিকে ইঙ্গিত দিচ্ছে।

গত কয়েক মাসে ইউক্রেন এ ধরনের মনুষ্যবিহীন ড্রোন দিয়ে কয়েক শ মাইল দূরে রাশিয়ার রাজধানী মস্কোতেও বেশ কয়েকটি হামলা চালিয়েছে। সর্বশেষ হামলার স্থানটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

চন্দ্রযান-৩ নিয়ে যা বললো ভারতীয় মহাকাশ সংস্থা

স্টক নিউজ বিডি August 20, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারত। সব ঠিক থাকলে বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে নামবে ভারতের চন্দ্রযান-৩।

এদিকে রোববার (২০ আগস্ট) চাঁদ ছুঁতে গিয়ে রাশিয়ার স্বপ্ন চুরমার হয়ে গেছে। চাঁদের বুকে ভেঙে পড়েছে রুশ মহাকাশযান লুনা -২৫। চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে কোনো দেশের মহাকাশযান সফল অবতরণ করতে পারেনি। ফলে চন্দ্রাভিযানে বুধবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর কাছে এক অগ্নিপরীক্ষাই বটে।

এরই মধ্যে চাঁদের আরও কাছে পৌঁছে গেছে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার ‘বিক্রম’। রোববার রাশিয়ার আশাভঙ্গের খবর প্রকাশ্যে আসার কিছুক্ষণ আগে টুইট করে চন্দ্রযান-৩-এর অবতরণের সময় জানিয়ে দেয় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

রোববার দুপুর ২টা ১২ মিনিটে ইসরোর পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, আগামী বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে নামবে ভারতীয় মহাকাশযান।

চন্দ্রযান ৩-এর অবতরণের সরাসরি সম্প্রচার করা হবে। মাঝে আর মাত্র দুটো দিন। তারপরই সেই মাহেন্দ্রক্ষণ। রোববার ইসরোর টুইট-বার্তার কিছু সময় পরেই চন্দ্রাভিযানে রাশিয়ার স্বপ্নভঙ্গের খবর প্রকাশ্যে আসে। যা উস্কে দিয়েছে ২০১৯ সালে ভারতের চন্দ্রযান ২-এর স্মৃতি। সেবার চাঁদের মাটিতে সফল অবতরণ করতে পারেনি ভারতের চন্দ্রযান। চাঁদের বুকে দেশের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল।

২০১৯ সালের সেই ‘তিক্ত’ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার অনেক সাবধানেই চাঁদের পা রাখার পরিকল্পনা নিয়েছে ভারত। সেই পরিকল্পনা অনেকটাই সফল হয়েছে। ধীরে ধীরে চাঁদের কাছে পৌঁছেছে ল্যান্ডার ‘বিক্রম’। মূল মহাকাশযান থেকে বিচ্ছেদের পর গতি কমিয়েছে ভারতীয় চন্দ্রযান।

রোববার দ্বিতীয় দফায় গতি কমানো হবে। পাখির পালকের মতো আলতো করে চাঁদের মাটিতে অবতরণ করানো হবে ভারতীয় চন্দ্রযানকে। যাকে ‘সফ্‌ট ল্যান্ডিং’ বলা হয়। চাঁদের দক্ষিণ মেরুতে এই ‘সফ্‌ট ল্যান্ডিং’ করাই যে কোনো মহাকাশযানের কাছে চ্যালেঞ্জ। যা করতে ব্যর্থ হয়েছে রুশ যান। ভারতও ব্যর্থ হয়েছিল পাঁচ বছর আগে। এখন ভারতের চন্দ্রযান বুধবার সেই লক্ষ্যপূরণ করতে পারে কি না, সেটাই দেখার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

স্টক নিউজ বিডি August 15, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভোলিন অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছে। আঞ্চলিক গভর্নর ইউরি পোগুলিয়াইকো এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের লুৎস্ক শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলে বিমান হামলায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখানে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে শহরের মেয়র নিশ্চিত করেছেন।

ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাশিয়া এক রাতে ২৮টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে ১৬টি ধ্বংস করা সম্ভব হয়েছে। লভিভ এবং ভোলিন শহরে দুই ঘণ্টা ধরে বিমান হামলার সাইরেন বাজতে শোনা গেছে।

লুৎস্ক শহরে ব্যবসায়িক ভবন এবং বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতেই বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে।

লভিভের মেয়র অ্যান্ড্রি সাদোভি বলেন, সেখানে শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানিয়েছেন, হামলায় চারজন আহত হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানানো হয়েছে।

ন্যাটোভুক্ত পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলের অবস্থান। ইউক্রেনের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে দফায় দফায় হামলা চালানো হলেও দেশটির পশ্চিমাঞ্চলে খুব একটা হামলার ঘটনা চোখে পড়েনি।

তবে এর আগে গত জুলাই মাসে লভিভের একটি অ্যাপার্টমেন্ট ভবনে রাশিয়ার রকেট হামলায় ১০ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ক্ষমতায় থাকতে ওয়াগনারের সাহায্য চাইলো নাইজারের জান্তা

স্টক নিউজ বিডি August 6, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ক্ষমতায় টিকে থাকতে রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের সাহায্য চেয়েছে নাইজারের জান্তা। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা প্রেসিডেন্টকে মুক্তি দেওয়া এবং ক্ষমতা থেকে সরে না দাঁড়ালে পশ্চিম আফ্রিকান দেশটিতে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছে প্রতিবেশীরা। তার ডেডলাইন এগিয়ে এগিয়ে আসার পরিপ্রেক্ষিতেই তড়িঘড়ি করে ওয়াগনারের দ্বারস্থ হন নাইজারের সামরিক জেনারেলরা।

নাইজারে সাম্প্রতিক সামরিক অভ্যুত্থানের অন্যতম নেতা জেনারেল সলিফু মোডি প্রতিবেশী দেশ মালিতে গিয়ে ওয়াগনারের একজন প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করে এই অনুরোধ জানিয়েছেন। সাংবাদিক এবং সোফান সেন্টারের সিনিয়র রিসার্চ ফেলো ওয়াসিম নাসর বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এ তথ্য জানিয়েছেন। এছাড়াও মালির তিনটি সূত্র এবং একজন ফরাসি কূটনীতিক ওয়াগনারের সঙ্গে নাইজার জান্তার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়াগনার গ্রুপ প্রস্তাবটি বিবেচনা করছে বলে জানিয়েছেন নাসর। তিনি বলেছেন, তাদের (জান্তা) ওয়াগনারকে দরকার। কারণ ওরাই ক্ষমতা ধরে রাখার জন্য গ্যারান্টি হয়ে উঠবে।

নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজউমকে মুক্তি দিয়ে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য জান্তা প্রশাসনকে সময়সীমা বেঁধে দিয়েছিল পশ্চিম আফ্রিকান সামরিক জোট ইকোওয়াস। রোববার (৬ আগস্ট) শেষ হচ্ছে সেই সময়সীমা।

গত বৃহস্পতিবার জান্তা প্রধান জেনারেল আবদুরাহমান চিয়ানির সঙ্গে দেখা করার জন্য একটি মধ্যস্থতাকারী দলকে নাইজারে পাঠানো হয়েছিল। কিন্তু তাদের দেশটিতে প্রবেশ করতে দেয়নি জান্তা সরকার। এরপরেই শুক্রবার ইকোওয়াস সদস্যদের প্রতিরক্ষা প্রধানরা নাইজারে সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নেন এবং ডেডলাইন ঘোষণা করেন।

তবে নাইজারে যেকোনো ধরনের সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মালি সফর করা জেনারেল সলিফু মোডি। তিনি বলেছেন, নাইজারের ‘নতুন লিবিয়া’ হওয়া ঠেকাতে যা যা করা দরকার, তা তারা করবেন।

নাইজারকে ওই অঞ্চলে পশ্চিমাদের শেষ নির্ভরযোগ্য সন্ত্রাসবাদবিরোধী অংশীদার হিসেবে দেখা হয়। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে সামরিক অভ্যুত্থান অনেকটা সাধারণ ঘটনা হয়ে উঠেছে। নাইজারের সামরিক নেতারা পশ্চিমা দেশগুলো, বিশেষ করে সাবেক উপনিবেশিক শক্তি ফ্রান্সকে প্রত্যাখ্যান করে রাশিয়ার দিকে ঝুঁকছেন।

মালিসহ আফ্রিকার বেশ কয়েকটি দেশে দীর্ঘদিন ধরে কাজ করছে ওয়াগনার গ্রুপ। তবে সেসব জায়গায় তাদের বিরুদ্ধে মারাত্মক হয়রানির অভিযোগ করেছে মানবাধিকার সংগঠনগুলো।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নরওয়েকে বন্ধু তালিকা থেকে বাদ দিলো রাশিয়া

স্টক নিউজ বিডি August 3, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নরওয়ে এখন আর রাশিয়ার বন্ধু নয়। মস্কো নরওয়েকে এই তালিকা থেকে বাদ দিয়েছে। যেসব দেশ রাশিয়ার সঙ্গে বন্ধুসুলভ আচরণ করছে না তাদেরকে নতুন একটি তালিকায় রেখেছে রাশিয়া। ওই তালিকার নাম দেওয়া হয়েছে ‘অবন্ধু রাষ্ট্র’।

এই তালিকায় প্রত্যাশিতভাবেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো রয়েছে। এই দেশগুলো ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়াকে দায়ী করে দেশটির উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এমনকি রুশ বিমানের জন্য নিজেদের আকাশপথও বন্ধ করে দিয়েছে।

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরকেও অবন্ধু দেশের তালিকায় রেখেছে রাশিয়া। এই তালিকায় তাইওয়ানের নামও রয়েছে।

এছাড়া রয়েছে ইউরোপের মন্টিনিগ্রো, সুইজারল্যান্ড, আলবেনিয়া, অ্যান্ডোরা, আইসল্যান্ড, লিখটেনস্টাইন, মোনাকো, সান ম্যারিনো, উত্তর মেসিডোনিয়াও। এবার এই তালিকায় যুক্ত হলো নরওয়ে। বৃহস্পতিবার (০৩ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার কূটনৈতিক মিশনের বিরুদ্ধে কাজ করায় নরওয়েকে এই তালিকায় যুক্ত করা হয়।

গত এপ্রিলে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করে নরওয়ে। এর প্রতিক্রিয়ায় নরওয়ের ১০ কূটনীতিককে বহিষ্কারের আদেশ দেয় মস্কো। নরওয়ে বলছে, রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করা হয়নি এমন দাবি সত্যি নয়।

এদিকে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যানিকেন হুইটফেল্ট এক বিবৃতিতে বলেন, আজকের এই পরিস্থিতি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফল। রাশিয়া নিজেই এই যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিতে পারে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মস্কোয় ফের ড্রোন হামলা

স্টক নিউজ বিডি August 1, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউক্রেন যুদ্ধের রেশ এতদিন সরাসরি তেমন টের না পেলেও রাশিয়ার রাজধানী মস্কো এবার নিয়মিত হামলার শিকার হচ্ছে। রুশ সেনাবাহিনীর সূত্র অনুযায়ী, মঙ্গলবার ভোরে একাধিক ড্রোন দিয়ে শহরে ‘সন্ত্রাসী’ হামলা চালানো হয়েছে।

রুশ সেনাবাহিনী সেই হামলা বানচালের দাবি জানালেও একটি ড্রোন একটি বহুতল ভবনে আঘাত হেনেছে। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় নাকি ধ্বংস করা সম্ভব হয়নি। হামলার সময় মস্কোর একটি বিমানবন্দর কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়৷

গত রোববারও ‘মস্কভা সিটি’ নামের সেই ভবনটি ড্রোন হামলার শিকার হয়েছিল। মঙ্গলবারের হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার বলেন, মস্কোসহ রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর মরিয়া হামলা আসলে ইউক্রেনের হতাশা ফুটিয়ে তুলছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, রাশিয়া এমন হামলা প্রতিহত করতে যাবতীয় পদক্ষেপ নিচ্ছে।

ইউক্রেন সাধারণত রাশিয়ার ভূখণ্ডে হামলার বিষয়ে মুখ না খোলায় দেশটির সরকারের প্রতিক্রিয়া জানা যায়নি। তবে প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি চলতি সপ্তাহে বলেছেন, যুদ্ধ রাশিয়া তথা সে দেশের প্রতীকী কেন্দ্র ও সামরিক ঘাঁটিগুলোতে ফিরে যাচ্ছে।

যুদ্ধ শুরুর প্রায় ১৭ মাস পরেও ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। সোমবার জেলেনস্কির জন্মস্থান ক্রিভইয়ি রিগের ওপর ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ছয় জন নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছে।

ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানসূত্রের লক্ষ্যে সৌদি আরব যে সম্মেলন আয়োজন করছে, তাতে খোদ রাশিয়ার অংশগ্রহণ নিয়ে সংশয় থেকে যাচ্ছে। সোমবার ক্রেমলিন জানিয়েছে, সেই সম্মেলনের লক্ষ্য সম্পর্কে বিস্তারিত জানার প্রয়োজন রয়েছে।

ইউক্রেন জানিয়েছে, সম্মেলনে রাশিয়াকে মোটেই স্বাগত জানানো হবে না। জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়েরমাক বলেন, পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণের দেশগুলো বিশ্ব নিরাপত্তা নতুন করে সাজানোর লক্ষ্যে কাজ করলে ইউক্রেনের ‘সীমাহীন আনন্দ’ হবে। কিন্তু আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদ মানা দেশগুলোর তালিকায় রাশিয়া থাকতে পারে না।

ওয়াল স্ট্রিট জার্নালের সূত্র অনুযায়ী সৌদি আরব সম্মেলনে কিছু পশ্চিমা দেশ, ইউক্রেন ও প্রথম সারির কিছু উন্নয়নশীল দেশকে আমন্ত্রণ জানিয়েছে। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির শান্তির পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা।

ক্রেমলিনের মুখপাত্র পেসকভ সেই রিপোর্ট সম্পর্কে বলেন, রাশিয়া অবশ্যই সম্মেলনের ওপর নজর রাখবে। তার মতে, যেকোনো শান্তিপূর্ণ সমাধানসূত্রের ইতিবাচক মূল্যায়ন হওয়া উচিত। তবে পেসকভ বলেন, আপাতত ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার কোনো সুযোগ নেই।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পরমাণু চুক্তি মেনে চলবে রাশিয়া

স্টক নিউজ বিডি February 22, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাশিয়া বলেছে, তারা নিউ স্টার্ট চুক্তির মাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞাগুলো মেনে চলবে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সাথে অস্ত্র চুক্তিতে মস্কোর অংশগ্রহণ স্থগিত ঘোষণা করার কয়েক ঘণ্টা পর এই কথা জানানো হলো। খবর এএফপি’র।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়া এই চুক্তির মেয়াদকালে একটি দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি পোষণ করতে চায় এবং তারা চুক্তির (নিউ স্টার্ট) মাধ্যমে নির্ধারিত কৌশলগত আক্রমণাত্মক অস্ত্রের পরিমাণগত বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলবে।’

চুক্তিটির মেয়াদ ২০২৬ সালের গোড়ার দিক পর্যন্ত বাড়ানো হয়েছে। বিশ্বের দু’টি প্রধান পারমাণবিক ক্ষমতাধর দেশের মধ্যে সর্বশেষ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি এটি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের ‘ধ্বংসাত্মক পদক্ষেপের’ পর পুতিনের এমন সিদ্ধান্ত আসে। ২০১০ সালে প্রথম এই চুক্তি স্বাক্ষর করা হয়।

এক্ষেত্রে মন্ত্রণালয় ওয়াশিংটনের ‘চরম শত্রুতার’ ইঙ্গিত দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ইউক্রেন সংঘাত উস্কে দিচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। দেশটিতে রাশিয়ার সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

বিবৃতিতে বলা হয়, কিয়েভকে আর্থিক ও সামরিকভাবে সমর্থন করা ওয়াশিংটন রাশিয়ার জন্য ‘মৌলিকভাবে ভিন্ন নিরাপত্তা পরিবেশ’ তৈরি করেছে।

মস্কো বলেছে, এই স্থগিতের অন্য কারণ গুলোর মধ্যে রয়েছে ওয়াশিংটন চুক্তিটির ‘প্রধান বিধান লঙ্ঘন করেছে।’

এতে আরো বলা হয়, ওয়াশিংটন কৌশলগত আক্রমণাত্মক অস্ত্রগুলোর নাম পরিবর্তন করেছে যাতে এগুলো ‘আর চুক্তির সংজ্ঞার আওতায় না পড়ে বা ‘রাশিয়ার পক্ষকে নির্ভরযোগ্যভাবে যাচাই করার সুযোগ না দিয়ে অস্ত্রগুলোর নাম রুপান্তরিত করার ঘোষণা দেয়।’

অবশ্য মন্ত্রণালয়টি জানিয়েছে যে, চুক্তিটি স্থগিত করার রাশিয়ার সিদ্ধান্ত ‘পরিবর্তনযোগ্য’। তবে এক্ষেত্রে ওয়াশিংটনকে ‘অবশ্যই রাজনৈতিক সদিচ্ছা দেখাতে হবে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • নেসকোর এমডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ, ব্যাহত হচ্ছে এইচটি বিদ্যুৎ সংযোগ!

  • ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় আগুন, ক্ষতি ২০–২৫ কোটি টাকা

  • ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন: ৩০–৪০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

  • বীমা ব্যক্তিত্ব এম এ সামাদ-এর ২১তম মৃত্যুবার্ষিকী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

  • বীমা ব্যক্তিত্ব এম এ সামাদ-এর ২১তম মৃত্যুবার্ষিকী

  • ৯ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ১০ আগস্ট

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য