Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

stock news bd

রপ্তানির প্রাণখাত সংকটে: গ্যাসটিক থেকে আলসার, এখন ‘ক্যানসার’—বাঁচাতে জরুরি রাষ্ট্রীয় হস্তক্ষেপ

স্টক নিউজ বিডি April 28, 2026

স্টক নিউজ বিডি: বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে পরিচিত রপ্তানিমুখী শিল্পখাত—বিশেষ করে তৈরি পোশাক শিল্প—বর্তমানে বহুমাত্রিক সংকটে জর্জরিত। একসময়ের শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকা এই খাত এখন যেন ধীরে ধীরে ভেঙে পড়ার আশঙ্কায়। সংশ্লিষ্টরা বলছেন, অব্যবস্থাপনা, উচ্চ ব্যাংক সুদহার, ডলারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কাঁচামালের দাম বৃদ্ধি, শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি, বৈশ্বিক অর্থনৈতিক চাপ, শুল্ক জটিলতা, বন্দর ও কাস্টমসের ধীরগতি—সব মিলিয়ে পরিস্থিতি ‘গ্যাসটিক’ থেকে ‘আলসার’ পেরিয়ে এখন ‘ক্যানসার’-এর পর্যায়ে পৌঁছেছে।

ব্যাংক সুদ ও ডলার সংকটে উদ্যোক্তাদের দম বন্ধ

বর্তমানে ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধি পাওয়ায় উদ্যোক্তারা নতুন বিনিয়োগে নিরুৎসাহিত হচ্ছেন। অন্যদিকে, ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানিনির্ভর কাঁচামাল সংগ্রহে ব্যয় কয়েকগুণ বেড়েছে। এতে উৎপাদন খরচ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে।

জ্বালানি সংকট: উৎপাদন ব্যাহত, অর্ডার ঝুঁকিতে

গ্যাস ও বিদ্যুতের ঘাটতি এখন শিল্পের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ না থাকায় কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। ফলে নির্ধারিত সময়ে অর্ডার ডেলিভারি দিতে ব্যর্থ হচ্ছে অনেক প্রতিষ্ঠান, যা আন্তর্জাতিক ক্রেতাদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে।

শ্রমিক অসন্তোষ ও উৎপাদন ব্যয় বৃদ্ধি

জীবনযাত্রার ব্যয় বাড়ার সঙ্গে তাল মিলিয়ে শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি জোরালো হচ্ছে। ফলে শ্রমিক অসন্তোষ তৈরি হচ্ছে, যা উৎপাদন ব্যবস্থাকে অস্থিতিশীল করছে। একইসাথে পরিবহন, বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য খরচ বাড়ায় সামগ্রিক উৎপাদন ব্যয় বাড়ছে।

বন্দর ও কাস্টমস জটিলতা: সময় ও খরচের চাপ

চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে বিলম্ব, কাস্টমসের জটিল প্রক্রিয়া—এসব কারণে সময়মতো শিপমেন্ট করা কঠিন হয়ে পড়ছে। এতে একদিকে যেমন অতিরিক্ত খরচ বাড়ছে, অন্যদিকে ক্রেতাদের আস্থা কমছে।

নতুন বাজারে প্রবেশে ব্যর্থতা

রপ্তানির বাজার এখনও কয়েকটি দেশকেন্দ্রিক। ইউরোপ ও আমেরিকার বাইরে নতুন বাজার তৈরি করতে না পারায় বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব সরাসরি পড়ছে এই খাতে।

বিশ্ব অর্থনীতির ধাক্কা

বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, যুদ্ধ পরিস্থিতি এবং ক্রেতা দেশগুলোর চাহিদা কমে যাওয়ায় অর্ডার কমছে। ফলে কারখানাগুলো উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে।

সরকারি উদ্যোগ: পর্যাপ্ত নয়

সরকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেও বাস্তবায়নে ধীরগতি এবং সীমাবদ্ধতা রয়েছে। উদ্যোক্তাদের মতে, এই সংকট মোকাবেলায় আরও শক্তিশালী ও দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

সমাধানের পথ কী?

বিশেষজ্ঞরা বলছেন, এই খাতকে বাঁচাতে এখনই কিছু জরুরি পদক্ষেপ নিতে হবে—

  • ব্যাংক সুদের হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা
  • ডলার বাজার স্থিতিশীল করা
  • জ্বালানি সরবরাহ নিশ্চিত করা
  • বন্দর ও কাস্টমস ব্যবস্থার আধুনিকায়ন
  • নতুন রপ্তানি বাজার অনুসন্ধান
  • শিল্পবান্ধব নীতি ও দ্রুত বাস্তবায়ন

বাংলাদেশের রপ্তানি খাত এখন এক সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে এই খাতের ক্ষতি পুরো অর্থনীতিকে বড় ধরনের ঝুঁকিতে ফেলতে পারে। তাই এখনই প্রয়োজন সমন্বিত উদ্যোগ, বাস্তবমুখী নীতি এবং দ্রুত বাস্তবায়ন—নইলে ‘গ্যাসটিক’ থেকে ‘ক্যানসার’-এ রূপ নেওয়া এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করবে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পোস্ট-আইপিও কমপ্লায়েন্স বিনিয়োগকারীদের আস্থা ও বাজার স্থিতিশীলতার মূল ভিত্তি

স্টক নিউজ বিডি January 13, 2026

স্টক নিউজ বিডি ডেস্ক: পোস্ট-আইপিও কমপ্লায়েন্সকে অনেক সময় একটি নির্দিষ্ট আনুষ্ঠানিকতা হিসেবে বিবেচনা করা হলেও বাস্তবে এটি একটি চলমান ও ধারাবাহিক প্রক্রিয়া, যার মাধ্যমেই পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা তৈরি ও সুদৃঢ় হয়। পোস্ট-আইপিও পর্যায়ে তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও নিয়মিত কমপ্লায়েন্স নিশ্চিত করা বিনিয়োগকারী সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি’র পরিচালক মোঃ সাজেদুল ইসলাম।

ডিএসই ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী (৪–১২ জানুয়ারি ২০২৬) “Continuing Listing Requirements Post IPO” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাপনী অনুষ্ঠানটি গতকাল ১২ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, একটি সফল আইপিও মানেই কাজের শেষ নয়; বরং একটি সফল আইপিওর প্রকৃত পরীক্ষা শুরু হয় আইপিও-পরবর্তী সময় থেকে। এ সময় তালিকাভুক্ত কোম্পানিগুলো যখন নিয়মিতভাবে পুঁজিবাজারে কার্যক্রম পরিচালনা করে এবং শেয়ারহোল্ডারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলে, তখনই দায়িত্বশীলতা ও কমপ্লায়েন্সের গুরুত্ব আরও স্পষ্টভাবে প্রতিফলিত হয়। স্বচ্ছতা, সময়োপযোগী তথ্য প্রকাশ এবং নিয়মিত কমপ্লায়েন্স নিশ্চিত করার ক্ষেত্রে সংশ্লিষ্টদের নিষ্ঠা ও পেশাদারিত্বই শেয়ারহোল্ডারদের আস্থা বজায় রাখতে এবং পুঁজিবাজারকে শক্তিশালী ও টেকসই অবস্থানে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)’র পরিচালক মোঃ আবুল কালাম এবং ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বিএসইসি’র পরিচালক মোঃ আবুল কালাম, একনাবিন চার্টার্ড অ্যাকান্ট্যান্টস-এর পরিচালক মাহমুদুর রহমান, এফসিএ এবং ডিএসই’র লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার স্নেহাশীষ চক্রবর্তী কর্পোরেট গভর্ন্যান্স কোড-২০১৮, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স-১৯৬৯, বিএসইসি (রাইটস ইস্যু) রুলস-২০০৬, রিভ্যালুয়েশন গাইডলাইনস, ফিন্যান্সিয়াল রিপোর্টিং সিস্টেম এবং লিস্টিং রিকোয়ারমেন্টস ও এনফোর্সমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ সাজেদুল ইসলাম প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসার জন্য দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ

স্টক নিউজ বিডি August 3, 2025

গত ৩১ জুলাই ২০২৫ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুসরণে সরকারি মালিকানাধীন কোম্পানিসমূহের পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। উক্ত সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ, শিল্প মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ ওবায়দুর রহমান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জনাব নাজমা মোবারেক ও অতিরিক্ত সচিব জনাব মোঃ সাঈদ কুতুব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোঃ জিয়াউল হক, বিদুৎ বিভাগের অতিরিক্ত সচিব জনাব মো: সবুর হোসেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ড. দেলোয়ার হোসেন, বিএসইসির পরিচালক জনাব মোঃ আবুল কালাম, পেট্রোবাংলার পরিচালক জনাব মোঃ শোয়েব, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বিএমবিএ সভাপতি জনাব মাজেদা খাতুনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সরকারি মালিকানাধীন লাভজনক মৌল ভিত্তিসম্পন্ন কোম্পানিসমূহকে পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির বিষয়ে সভায় আলোচনা হয়েছে। একইসাথে দেশের যেসব বিদেশী বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে সেগুলোকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে দ্রুত পুঁজিবাজারে নিয়ে আসার বিষয়েও আলোচনা হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু কোম্পানির তালিকা প্রস্তুত করা হয়েছে এবং সভায় বিশেষ করে উক্ত কোম্পানিসমূহের তালিকাভুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। তালিকার কোম্পানিগুলো হল: ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), সাইনোভিয়া (সাবেক স্যানোফি) বাংলাদেশ লিঃ, নোভার্টিস (বাংলাদেশ) লিঃ, সিনজেন্টা (বাংলাদেশ) লিঃ, নেসলে বাংলাদেশ পিএলসি, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিঃ, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ, বি-আর পাওয়ারজেন লিঃ, সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি লিঃ, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিঃ, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ, কর্ণফুলী গ্যাস কোম্পানি লিমিটেড, সাধারণ বীমা কর্পোরেশন, জীবন বীমা কর্পোরেশন ইত্যাদি। সর্বোপরি, মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে উক্ত বৈঠকে ফলপ্রসু আলোচনা হয়েছে।

অনুষ্ঠিত বৈঠকে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী সভায় অন্যান্যের মধ্যে বলেন, “পুঁজিবাজারে তালিকাভুক্তি কোম্পানিসমূহের সুশাসন বৃদ্ধি করবে। কোম্পানিসমূহের স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধি করবে। একইসাথে কোম্পানিগুলোর ভ্যালুয়েশন তথা বাজারমূল্যও পাওয়া যাবে। পুঁজিবাজারে তালিকাভুক্তি কোম্পানিসমূহের জন্য যেমন ইতিবাচক ফলাফল আনবে, তেমনি দেশের পুঁজিবাজারের জন্যও সুফল বয়ে আনবে।” সভায় তিনি সংশ্লিষ্ট সকলকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের এসংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

উল্লেখ্য, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে গত ১১ মে ২০২৫ তারিখে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পুঁজিবাজারের সঠিক অবস্থা পর্যালোচনা এবং উন্নয়নে করণীয় নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসইসির চেয়ারম্যান মহোদয়সহ মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মহোদয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মহোদয় উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধান উপদেষ্টা মহোদয় পুঁজিবাজারের উন্নয়নে বেশ কিছু নির্দেশনা প্রদান করেন যার মধ্যে সরকারি, দেশি-বিদেশী ও বহুজাতিক কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।

মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা মোতাবেক ইতোমধ্যে পুঁজিবাজারের উন্নয়নের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে এবং নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করে কার্যক্রম শুরু করেছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সিটি ব্যাংক ও চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টক নিউজ বিডি June 3, 2025

ঢাকা, ৪ জুন ২০২৫: সিটি ব্যাংক পিএলসি এবং বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানগুলির সংগঠন চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি) এর যৌথ উদ্যোগে একটি উচ্চপর্যায়ের ব্যবসায়িক নেটওয়ার্কিং ইভেন্ট সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এই ইভেন্টে বাংলাদেশ সফরে আসা শতাধিক চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। চীনা ব্যবসায়ীদের এই সফরের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতসমূহে যৌথ বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতার নতুন সম্ভাবনা খুঁজে বের করা।

অনুষ্ঠানে সিটি ব্যাংক ও সিইএবি’র মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এই স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান বাংলাদেশের বাজারে চীনা ব্যবসায়ের প্রসারে সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং সিইএবি’র সেক্রেটারি জেনারেল কোয়াংচো চং। এ সময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ এবং সিইএবি’র প্রেসিডেন্ট হান কুন। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ চীনা ও বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সিটি ব্যাংক বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক হিসেবে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন বিশেষায়িত ব্যাংকিং সেবা প্রদান করে আসছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

উত্তরা সেক্টর ৬-এ ব্র্যাক ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন

স্টক নিউজ বিডি June 3, 2025

ঢাকা, মঙ্গলবার, ৩ জুন ২০২৫: ব্র্যাক ব্যাংক ঢাকার উত্তরা সেক্টর ৬-এ একটি নতুন উপশাখা চালু করেছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান ৩ জুন ২০২৫ ঢাকার উত্তরার সেক্টর ৬-এর এএনজে হাইটস, হোল্ডিং নং: ১৩, রোড নং: ১২-এ আনুষ্ঠানিকভাবে উপ-শাখাটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক। এছাড়াও, সিনিয়র জোনাল হেড ফর নর্থ এ. কে. এম. তারেক এবং ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত ব্যাংকিং সেবা প্রদান করবে উপশাখাটি। ব্র্যাক ব্যাংক উত্তরার স্থানীয় ব্যক্তি পর্যায়ের গ্রাহক ও ব্যবসা প্রতিষ্ঠানকে ক্ষমতায়িত করবে এবং এসএমই উদ্যোক্তাদের তাদের চাহিদা অনুসারে বিশেষায়িত ব্যাংকিং সেবা প্রদান করবে। ব্র্যাক ব্যাংক গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে তাদের মাল্টি-চ্যানেল ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজির অংশ হিসেবে সাব-ব্রাঞ্চ নেটওয়ার্ক চালু করেছে।

নতুন উপশাখাটি একটি বিস্তৃত পরিসরে আধুনিক ব্যাংকিং সেবার ব্যবস্থা করবে, যা একক ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক হবে। এখানে গ্রাহকরা অ্যাকাউন্ট খোলা, নগদ জমা ও উত্তোলন, ডিপোজিট পেনশন স্কিম, ইএফটিএন (EFTN) ও আরটিজিএস (RTGS) ব্যবহার করে অর্থ স্থানান্তর, রেমিটেন্স, ইউটিলিটি বিল পরিশোধ, ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ফাইল, কনজিউমার লোন, ডেবিট কার্ড ও চেকবুক প্রসেসিং, আস্থা অ্যাপ নিবন্ধন, স্কুল ব্যাংকিং, সঞ্চয়পত্র এবং আরও অনেক সেবা গ্রহণ করতে পারবেন, তবে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত সেবা এখানে প্রদান করা হবে না।

১৯১টি শাখা ও ৮০টি উপশাখা নিয়ে ব্র্যাক ব্যাংক বাংলাদেশে অন্যতম বৃহৎ ব্যাংকিং নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠিত।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

প্রথম প্রান্তিকে ওয়ালটনের ১৪৯.০৩ কোটি টাকা মুনাফা

স্টক নিউজ বিডি November 11, 2024

২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই’ ২৪- সেপ্টেম্বর’ ২৪) ১৪৯.০৩ কোটি টাকা মুনাফা করেছে পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল ২০২.০৭ কোটি টাকা।

চলতি হিসাব বছরের জুলাই থেকে সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত সময়ের প্রথম প্রান্তিকের প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।আজ সোমবার (১১ নভেম্বর, ২০২৪) কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৪২তম সভায় আলোচ্য সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশী মুদ্রার মান হ্রাস পাওয়ার পাশাপাশি উচ্চ সুদ হারের কারণে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেষে কোম্পানির বিক্রয়ের বিপরীতে আর্থিক ব্যয়ের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১০.১২ শতাংশ। প্রথম প্রান্তিকে বাংলাদেশী মুদ্রার মান কমে যাওয়ায় কোম্পানিটি ৪৫.৮৫ কোটি টাকার সমপরিমান বৈদেশিক মুদ্রার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। পাশাপাশি আলোচ্য সময়ে বিক্রয় ও বিতরণ এবং ব্যাংক সুদজনিত খরচের বৃদ্ধি সার্বিকভাবে কোম্পানির মুনাফাতে প্রভাব ফেলেছে।

ফলে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ওয়ালটনের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৯২ টাকা, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিলো ৬.৬৭ টাকা। প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে পুনর্মূল্যায়ন ব্যতীত ২৮২.৮০ টাকা এবং পুনর্মূল্যায়নসহ ৩৮৪.২২ টাকা। একই সময়ে কোম্পানির পরিচালন মুনাফা কিছুটা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ২১.৩৮ শতাংশ, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিলো ২২.৫৮ শতাংশ।

প্রতিবেদনের তথ্যমতে, প্রথম প্রান্তিকে ওয়ালটনের শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৩.৯২ টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১৬.৬৮ টাকা। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির দেনাদারের কাছ থেকে টাকা প্রাপ্তির পরিমাণ কিছুটা হ্রাস পেয়েছে। এর প্রধান কারণ- ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শক্তিশালী করার পাশাপাশি স্থিতিশীল ও টেকসই বাজার নিশ্চিত কল্পে ক্রেডিট সহায়তা কিছুটা বাড়িয়েছে কোম্পানি। এদিকে আলোচ্য সময়ে বিগত বছরের একই সময়ের তুলনায় সরকারি কোষাগারের পাশাপাশি প্রতিষ্ঠানের সরবরাহকারীদের অর্থ প্রদানের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এনওসিএফপিএস হ্রাস পেয়েছে। যদিও আলোচ্য সময়ে প্রচুর পরিমাণ কাঁচামাল ক্রয়ের কারণে টেকসই বিক্রয় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

উল্লেখ্য, ওয়ালটন ম্যানেজমেন্ট বিগত দিনেও বাংলাদেশী মুদ্রার মান কমে যাওয়ার ফলে সৃষ্ট আর্থিক ক্ষতির পরিমাণ সফলভাবে কমাতে সক্ষম হয়েছিল। সেই প্রচেষ্ঠা অব্যাহত থাকায় আগামীতেও বর্ণিত ক্ষতি কমে আসবে বলে তাঁরা দৃঢ় আশাবাদী। পাশাপাশি দেনাদারদের কাছ থেকে টাকা আদায়ের পরিমাণ বৃদ্ধিতে আরও অধিক জোর দেয়া বলে জানায় ওয়ালটন কর্তৃপক্ষ।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সরকার আমাদের সংসদে নিয়ে গেছে এটা আংশিক সত্য: জিএম কাদের

স্টক নিউজ বিডি February 3, 2024

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, নির্বাচনের সময় আওয়ামী লীগ একটা বিভ্রান্তিমূলক স্টেটমেন্ট দিয়েছে। আওয়ামী লীগ বলেছে, ২৬টা সিট জাতীয় পার্টির ফেভারে ছেড়েছে। আওয়ামী লীগের এ স্টেটমেন্টের কারণে ভোটে জাতীয় পার্টির চরম ক্ষতি হয়েছে।

তিনি বলেন, সরকারের বদান্যতায় সংসদে গেছি বা সরকার সংসদে নিয়ে গেছে এটা আংশিক সত্য। সামগ্রিকভাবে এটা সত্য নয়। আমরা ফাইট করে এসেছি, উনারা শুধু নৌকা তুলে নিয়েছেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, আওয়ামী লীগ একটা সিটও আমাদের ফেভারে ছাড়েনি। সব জায়গায় তাদের লোক দিয়েছে, ফাইট করেছে। আমাদের প্রার্থীদের যে কোনোভাবে পরাজিত করা হয়েছে। অনেকেই বলেছেন মহাজোট, অনেকেই বলেছেন সিট ভাগাভাগি হয়েছে। এ বিভ্রান্তি আওয়ামী লীগ ইচ্ছা করে করেছে অথবা ভুলে করেছে। তবে আমাদের চরম ক্ষতি হয়েছে। আমরা ৩০০ আসনে ফাইট দিয়েছি। যদি ৩০০ আসনে ফাইট একেবারে নিশ্চিতভাবে করতে পারতাম, তাহলে ফলাফল এর চেয়ে ভালো হতো। বিভ্রান্তির কারণে জাপা প্রার্থীরা নির্বাচনী পোস্টারে ‘সরকারদলের প্রধানের’ ছবি দিয়েছেন।

দলের সাম্প্রতিক সময়ের সংকট প্রসঙ্গে তিনি বলেন, অনেকে বলছেন আমাদের দল ভাগ হয়ে যাবে। এ মুহূর্তে দল ভাগ হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। আরেকটা দল গঠন হতে পারে। এরশাদ সাহেবের নাম নিয়ে, আদর্শ নিয়ে আরও ১০টা দল গঠন হতে পারে। সেটার একটা প্রক্রিয়া আছে, যে কোনো লোক করতে পারে। তবে আমাদের যে দলের কাঠামোতে আমরা এগিয়ে যাচ্ছি, সেখান থেকে নতুন করে দল গঠন করার কোনো পরিবেশ বা পরিস্থিতি দেখতে পারছি না। দলের ব্যাপারে মানুষের ধারণা খুব একটা ভালো নয়।

জাপা চেয়ারম্যান বলেন, সরকারের বদান্যতায় আমরা সংসদে গেছি বা সরকার আমাদের সংসদে নিয়ে গেছে এটা আংশিক সত্য। সামগ্রিকভাবে এটা সত্য নয়। আমরা ফাইট করে এসেছি, উনারা শুধু নৌকা তুলে নিয়েছেন। আরেজন বলছেন আমরা পরের দ্বারা নিয়ন্ত্রিত এটাও আংশিক সত্য। আমরা চেষ্টা করছি এটা থেকে বেরিয়ে আসতে। আমি বলছি না, দল ভাঙবে। তবে দলের মধ্যে সংশোধন হওয়ার দরকার আছে। সংশোধন করতে না পারলে আগামীতে দলের প্রতি মানুষের আস্থা ভালোবাসা থাকবে না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় আরও বরাদ্দ বাড়াতে হবে: তাপস

স্টক নিউজ বিডি February 3, 2024

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চতুর্থ শিল্পবিপ্লবের বর্তমান যুগে এগিয়ে যেতে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় আরও বরাদ্দ বাড়াতে হবে এবং এ লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বিসিএসআইআর (সায়েন্স ল্যাব) আয়োজিত ‘বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা-২০২৪’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মেয়র শেখ তাপস বলেন, ‘প্রধানমন্ত্রীর শেখ হাসিনা চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে এগিয়ে যেতে আমাদের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের রূপকল্প দিয়েছেন। আমাদের যে টেকসই উন্নয়ন অভীষ্ট রয়েছে সেখানে বিজ্ঞানকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেজন্য, আমাদের শিক্ষানীতির আলোকে চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে মেধাবী শিক্ষার্থীদের প্রস্তুত করার জন্য সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কারণ, প্রযুক্তির উন্নয়ন ও উদ্ভাবনে গবেষণার কোনো বিকল্প নেই। তাই, বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় আরও বরাদ্দ বাড়াতে হবে এবং আমরা সেলক্ষ্য কাজ করে যাবো।’

শেখ হাসিনার আগে এ দেশের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় কেউ উল্লেখযোগ্য অবদান রাখেননি মন্তব্য করে শেখ তাপস বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার আগে এ দেশের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় উল্লেখযোগ্য কোনো বাজেট বরাদ্দ দেওয়া হতো না। কিন্তু ২০০৯ সালে দায়িত্বভার গ্রহণের পর তিনি এই খাতকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেন। আজ আমাকে বিসিএসআইআরের চেয়ারম্যান বললেন, শুধু গবেষণায় ৯ কোটি টাকা তহবিল বরাদ্দ দেওয়া হয়েছে। আমি মনে করি এটাও পর্যাপ্ত নয়। আমার বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, এই এলাকার সংসদ সদস্য এবং আমিসহ সবাই মিলে আমরা যদি এটা প্রধানমন্ত্রীর নজরে আনতে পারি তাহলে ৯ কোটি ৯০ কোটিতে রূপান্তরিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ বলেন, ‘বিজ্ঞানের অগ্রগতি ও উন্নয়ন ছাড়া কখনো একটি দেশ উন্নত হতে পারে না। সে লক্ষ্যে সরকার বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেছে এবং করে চলেছে। যেহেতু আমাদের একজন প্রযুক্তিসেবী প্রধানমন্ত্রী রয়েছেন সেহেতু প্রযুক্তির উন্নয়ন ও উদ্ভাবনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আমাদের মেধাবী শিক্ষার্থীরা এগিয়ে আসবেন বলেই আমি বিশ্বাস করি।’

বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব এবং শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশনের অণুজীব বিজ্ঞানী ও পরিচালক ড. সেঁজুতি সাহা প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে ক (ষষ্ঠ-অষ্টম শ্রেণি), খ (নবম-দশম শ্রেণি), গ (একাদশ-দ্বাদশ শ্রেণি) ও ঘ (স্বশিক্ষিত) ক্যাটাগরিতে প্রথম হতে তৃতীয় স্থান অধিকারী ১২ জনকে পুরস্কৃত করা হয়। ‘ক’ ক্যাটাগরিতে শিমুল মেমোরিয়াল নর্থ-সাউথ স্কুলের সাদিয়া তাসনিম, ‘খ’ ক্যাটাগরিতে হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ের আরমিন ইসলাম, ‘গ’ ক্যাটাগরিতে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জাবীর জারিফ আখতার এবং ‘ঘ’ ক্যাটাগরিতে এক্সপার্ট ইলেকট্রনিকসের অপূর্ব মজুমদার প্রত্যয় প্রথম পুরস্কারে ভূষিত হয়।

গত ১ ফেব্রুয়ারি তারিখ হতে তিন দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা ২০২৪ শুরু হয়। এবারের আয়োজনে ২০২টি প্রকল্প জমা পড়ে। এর মধ্যে ৭৭টি প্রকল্প প্রদর্শনীতে স্থান পায়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইয়েমেন উপকূলে আরও এক ইসরায়েলি জাহাজ আটক

স্টক নিউজ বিডি November 27, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইয়েমেন উপকূলে ইসরায়েলি মালিকানাধীন আরও একটি জাহাজ আটক হয়েছে। ইসরায়েলি ধনকুবের এইয়াল অফারের মালিকানাধীন জোডিয়াক গ্রুপের নিয়ন্ত্রণে থাকা জোডিয়াক মেরিটাইম শিপ ম্যানেজমেন্ট কোম্পানি জানিয়েছে, সেন্ট্রাল পার্ক নামে তাদের একটি জাহাজ ইয়েমেন উপকূলে ছিনতাই হয়েছে।

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের জাহাজটিতে ২২ জন ক্রু ছিল এবং তারা তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। জাহাজটি এক তুর্কি ক্যাপ্টেনের অধীনে চলছিল এবং এর ক্রুরা রাশিয়া, ভিয়েতনাম, বুলগেরিয়া, ভারত, জর্জিয়া ও ফিলিপাইনের নাগরিক। জাহাজটিতে ফসফরিক এসিড বোঝাই রয়েছে বলে জানানো হয়েছে।

গ্লোবাল মেরিটাইম রিস্ক ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাম্ব্রে জানিয়েছে, মার্কিন নৌবাহিনী ওই এলাকায় অভিযান চালানোর চেষ্টা করছে এবং অন্যান্য জাহাজকে সেখান থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।

তবে এখনও এটা পরিষ্কার নয় যে, কারা জাহাজটি আটক করেছে। এখনও পর্যন্ত কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সরিয়ি সামাজিক মাধ্যমে শুধু একটি শব্দ লিখে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, জেডআইএম।

ইয়েমেনের রাজধানী এডেনে সৌদিপন্থি সরকার ক্ষমতায় থাকলেও দেশটির বিশাল এলাকা হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে। হুথি যোদ্ধারা গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধরত ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি একাত্মতা ঘোষণা করে তাদের সঙ্গে চলমান যুদ্ধে যোগ দিয়েছে।

হুথি আন্দোলন বলছে, ইয়েমেন উপকূল দিয়ে চলাচলকারী প্রতিটি ইসরায়েলি জাহাজ হবে তাদের বৈধ টার্গেট। অ্যাম্ব্রে জানিয়েছে, ছিনতাইকারীরা সেন্ট্রাল পার্ক জাহাজটিকে ইয়েমেনের হুদায়দা বন্দরে যাওয়ার নির্দেশ দিয়ে বলেছে এটি সেদিকে না গেলে জাহাজটির ওপর হামলা করা হবে।

এর আগে গত শুক্রবার ভারত মহাসাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালানো হয়। তার আগে গত ১৯ নভেম্বর লোহিত সাগর থেকে হুথি যোদ্ধারা ইসরায়েলি মালিকানাধীন গ্যালাক্সি লিডার নামক গাড়ি পরিবহনকারী একটি জাহাজ আটক করে। জাহাজটি এবং এর ৫২ জন ক্রুর সবাই এখনও ইয়েমেনের হুদায়দা বন্দরে আটক রয়েছে। ওই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বুধবার অবরোধ বৃহস্পতিবার হরতাল

স্টক নিউজ বিডি November 27, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: টানা অষ্টম দফায় আরও দুদিনের হরতাল-অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি ও সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলো।

সপ্তম দফা অবরোধের শেষ দিনে সোমবার (২৭ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর বুধবার ভোর ৬টা থেকে ৩০ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত অষ্টম দফায় ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হবে। দ্বিতীয় দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করা হবে।

রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপির ৩৮৫ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছে। এসময়ে ১৩টি মামলায় আসামি হয়েছে এক হাজার ৪৮০ জনকে।

এর আগে সপ্তম দফায় বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি শুরু হয় গতকাল রোববার সকাল ৬টায়। যা শেষ হবে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায়।

সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডারবাহী গাড়ি ও জরুরি ওষুধ পরিবহন এসব কর্মসূচির আওতামুক্ত রাখা হচ্ছে।

বর্তমান সরকারের পতন ও নির্দলীয় সরকারের দাবিতে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। তাদের জোটসঙ্গীসহ সরকারবিরোধী অন্য দলগুলোও একযোগে এসব কর্মসূচি পালন করছে।

গত ২৮ অক্টোবরের মহাসমাবেশে বাধা ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। গত ৩১ অক্টোবর ভোর ৬টা থেকে প্রথম দফায় সারাদেশে তিনদিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু করে বিএনপিসহ সরকারবিরোধী অন্য দলগুলো। পরের দফায় ৫ ও ৬ নভেম্বর ৪৮ ঘণ্টার অবরোধ চলে।

তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ৮ নভেম্বর সকাল ৬টায় শুরু হয়ে ১০ নভেম্বর সকাল ৬টায় শেষ হয়। চতুর্থ দফার অবরোধ শুরু হয় ১২ নভেম্বর সকাল ৬টা থেকে, যা শেষ হয় ১৪ নভেম্বর সকাল ৬টায়। পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ চলে ১৫ ও ১৬ নভেম্বর।

এরপর নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা টানা ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার হরতালের কর্মসূচি চলে ২১ ও ২২ নভেম্বর।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • রাজধানীর বনানী কাঁচা বাজারে বাংলা কিউআর লেনদেন বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত

  • মশিহর সিকিউরিটিজের বিনিয়োগকারীদের চেক বিতরণ কার্যক্রম অব্যাহত

  • পুঁজিবাজারে লেনদেন সহজ করতে ব্র্যাক ব্যাংক ও মিডওয়ে সিকিউরিটিজের চুক্তি

  • ইবনে সিনা ফার্মার আর্থিক সূচকে শক্তিশালী অগ্রগতি, ৭৭% নগদ লভ্যাংশের সুপারিশ

  • গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪ ব্যাংকের ৩,১০০ কোটি টাকার বন্ড অনুমোদন, বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ গঠনে অনাপত্তি

  • গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা

  • ১২ হাজার কোটি টাকার ডিপোজিটে মধুমতি ব্যাংকের নতুন মাইলফলক

  • ডা. এনামের অঢেল অবৈধ সম্পদ অর্জন দেখার কেউ নাই।

  • ইবনে সিনা ফার্মার আর্থিক সূচকে শক্তিশালী অগ্রগতি, ৭৭% নগদ লভ্যাংশের সুপারিশ

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য