Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

পুলিশ

রাত বাড়লেই সক্রিয় হয় ঢাকা কলেজের ‘ছিনতাইচক্র’

স্টক নিউজ বিডি August 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ। পাশেই শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)। কলেজ সংলগ্ন এলাকায় নিউমার্কেট, গাউছিয়া, চন্দ্রিমাসহ বেশ কয়েকটি বড় মার্কেট। সকাল-সন্ধ্যা তাই লোকজনের আনাগোনায় জমজমাট থাকে পুরো এলাকা। ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটির কিছু শিক্ষার্থীর কারণে মিডিয়ায় নেতিবাচক শিরোনাম হতে হয়েছে বারবার। সম্প্রতি কলেজের সামনে ও আশপাশ এলাকায় বেড়েছে ছিনতাই। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বলছে, এর সঙ্গে জড়িত কলেজের শিক্ষার্থীদের একটি চক্র। রাত যত গভীর হয় এই চক্রের তৎপরতা তত বাড়ে।

সম্প্রতি ঘটা কয়েকটি ঘটনা বিশ্লেষণে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।

গত ১ আগস্ট রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে বন্ধুর জন্মদিন উদযাপন করতে ধানমন্ডি এলাকায় আসেন ১৮-২০ বছর বয়সী সাত বন্ধু। রাত সাড়ে ১১টা নাগাদ ঢাকা কলেজের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের মোবাইলফোন, নগদ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে ঢাকা কলেজের এক সাবেক শিক্ষার্থী বিষয়টি হলের এক ‘সিনিয়রকে’ জানালে ছিনতাই হওয়া তিনটি মোবাইলফোন উদ্ধার হয়। ভুক্তভোগীদের দাবি, তাদের কাছ থেকে নেওয়া চারটি মোবাইলফোনের মধ্যে তিনটি ফেরত পেয়েছেন। আর খোয়া যাওয়া নগদ ১২ হাজারের কিছু বেশি টাকা ফেরত পাননি।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে ভুক্তভোগী আবির (ছদ্মনাম) জাগো নিউজকে বলেন, আমরা বন্ধুর জন্মদিন উদযাপন শেষে বাসায় ফিরছিলাম। এর মধ্যে ঢাকা কলেজের সামনে থেকে ছয়জন এসে আমাদের ধরে নিয়ে যায়। টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। আমাদের ছুরি, চাকু দেখিয়ে ভয় দেখায়। পরে আবার একটা নম্বর থেকে ফোন করে আমাদের তিনটি মোবাইল ফেরত দেওয়া হয়।

আরেক ভুক্তভোগী ফাহিম (ছদ্মনাম) বলেন, আমরা রিকশায় বাসায় ফিরছিলাম। হঠাৎ আমাদের রিকশা থামিয়ে গালাগালি করতে থাকেন কয়েকজন। এরপর আমাদের ধরে নিয়ে মোবাইলফোন, টাকা ছিনিয়ে নেয়। আমাদের প্রায় ২৫ থেকে ৩০ মিনিট আটকে রেখেছিল তারা।

ওইদিনের ছিনতাইয়ের ঘটনার কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ হাতে এসেছে। ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকা কলেজের সঙ্গে লাগোয়া জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) গলি দিয়ে ১৩ জন যুবক প্রবেশ করছে। এর মধ্যে সাত ভুক্তভোগী আর ছয়জন ছিনতাই চক্রের সদস্য। প্রথমে তাদের ঢাকা কলেজের হল গেটের (৩ নম্বর গেট) ভেতরে নিয়ে মোবাইলফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে আবার বের হয়ে তাদের নায়েমের গেটের সামনে নিয়ে যাওয়া হয়। এরপর ভুক্তভোগীদের নিয়ে কলেজের সামনের মিরপুর সড়কের দিকে চলে যায় ছিনতাইকারীরা। ছিনতাইকারী চক্রের একজনের গায়ে ঢাকা কলেজের লোগো সম্বলিত টি-শার্টও দেখা যায়।

ফুটেজে দেখা যায়, ছিনতাইচক্রের সদস্যরা ভুক্তভোগী সাত যুবকের ঘাড়ে হাত দিয়ে গল্পের ছলে রাস্তা থেকে ধরে নিয়ে আসে। দেখে বোঝার উপায় নেই যে এরাই ছিনতাই করতে যাচ্ছে। ভুক্তভোগীরা বিষয়টি আঁচ করতে পারলেও ভয় দেখিয়ে তাদের মুখ বন্ধ রাখা হয়। তাই পাশ দিয়ে কেউ হেঁটে গেলেও তারা সাহায্য চাইতে পারে না।

এ ধরনের ঘটনা খুব কাছ থেকে দেখেছেন ঢাকা কলেজের এমন কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হয় জাগো নিউজের। তারা বলেন, ছিনতাইয়ের এই চক্রটি কাজ এমনভাবে করে যাতে কেউ ধরতে না পারে। অনেক সময় রাতে রাস্তায় টহল পুলিশ থাকে, তখন তারা এসব করে না। আবার কাউকে ধরে আনার ক্ষেত্রে তারা কলেজ ক্যাম্পাসকেই বেছে নেয়। কেননা ক্যাম্পাসে বিনা অনুমতিতে পুলিশ প্রবেশ করতে পারে না।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকা কলেজের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ছিনতাইয়ের শিকার হন। ভুক্তভোগী ওই ছাত্রীর নাম ইকরা। তিনি ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয়ের বোন ইনিন তাজরিনের বান্ধবী। ঘটনাটি ছাত্রলীগ সভাপতি জানতে পারলে এ বিষয়ে হস্তক্ষেপ করেন। পরে ভুক্তভোগী ছাত্রী তার মোবাইলফোন ফেরত পান। এমন ঘটনা এখন হরহামেশাই ঘটছে।

তথ্য বলছে, চক্রের সদস্যরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে কাজ করেন। রাত যত বাড়ে তত সক্রিয় হয় তারা। এমনকি ভোর পর্যন্ত চলে তাদের এ অপতৎপরতা।

একটি গোয়েন্দা সংস্থার তথ্য বলছে, এই ছিনতাইকারী চক্রটি ঢাকা কলেজের হলের কিছু ‘বড় ভাই’ নিয়ন্ত্রণ করেন। আবার বিপদে পড়লে ওই বড় ভাইরাই তাদের উদ্ধারে করেন। তাদের আশ্রয়-প্রশ্রয়েই চক্রটি প্রতিনিয়ত এসব কাজ করে যাচ্ছে। এদের অনেকে সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত।

পুলিশের একটি বিশ্বস্ত সূত্র জানায়, নিউমার্কেট এলাকায় ছিনতাই করতে বাইরের এলাকা থেকে অনেক ছিনতাইকারী আসে। এদের মধ্যে কেউ কেউ আবার ঢাকা কলেজের কোনো বড় ভাইকে জানিয়ে আসে যাতে বিপদে পড়লে উদ্ধার হতে পারে।

কলেজের সাধারণ শিক্ষার্থীরা বলছে, গুটিকয়েক শিক্ষার্থীর এসব কাজের জন্য কলেজের সুনাম নষ্ট হচ্ছে। তাই যারা এসব ঘটনা ঘটায় তাদের কলেজ থেকে বহিষ্কার করে আইনের আওতায় আনা উচিত।

পুলিশ বলছে, ছিনতাইয়ের এসব ঘটনা ঘটলেও অভিযোগ না আসায় তারা ব্যবস্থা নিতে পারে না। ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান জাগো নিউজকে বলেন, প্রতিনিয়তই পুলিশের নিয়মিত টহল টিম অভিযান অব্যাহত রেখেছে। অনেকে আটকও হচ্ছে। প্রয়োজনে আমরা পুলিশের টহল আরও বাড়াবো। কলেজ প্রশাসন উদ্যোগী ভূমিকা পালন করলে এ ধরনের ঘটনা রোধ করা সম্ভব। এক্ষেত্রে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের সংযোগ থাকতে হবে এবং প্রশাসনকে সহায়তা করতে হবে।

১ আগস্টের ঘটনার পরদিন (২ আগস্ট) ঢাকা কলেজের উপাধ্যক্ষ (ওই সময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে ছিলেন) অধ্যাপক এটিএম মইনুল হোসেন বলেছিলেন, দেশের স্বার্থ ও আইনবিরোধী যে কোনো কাজে যদি কেউ যুক্ত থাকে তবে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচলিত আইনে ব্যবস্থা নিতে পারে। কলেজ এলাকার বাইরে ঘটে যাওয়া কোনো ঘটনার দায় আমরা নিতে পারবো না। এটি সম্পূর্ণই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। তারা যদি মনে করেন কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তবে তার ব্যাপারে ব্যবস্থা নিতে পারে।

সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, আমি নতুন যোগ দিয়েছি। এ বিষয়ে এখন কিছু বলতে পারবো না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

কে হচ্ছেন নতুন আইজিপি

স্টক নিউজ বিডি August 13, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। আড়াই লাখের বেশি সদস্যের পুলিশ বাহিনীর নতুন নেতৃত্বে কে আসছেন? নাকি বর্তমান আইজিপির মেয়াদ বাড়ানো হবে- এ নিয়ে চলছে নানা গুঞ্জন।

পরবর্তী পুলিশ প্রধান হিসেবে বেশ কয়েকজন কর্মকর্তার নাম শোনা যাচ্ছে। তবে কয়েকজন কর্মকর্তা বলছেন, বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদ আরও এক বছরের জন্য এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেতে পারেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনীর ভূমিকা থাকবে অগ্রগণ্য। এজন্য পরবর্তী আইজিপি হিসেবে যাকে দায়িত্ব দেওয়া হবে, এসব বিষয় ভেবেই তাকে দায়িত্ব দেবে সরকার।

৩১তম পুলিশ প্রধান পদের জন্য আগ্রহী অনেক কর্মকর্তা এরইমধ্যে যোগাযোগ শুরু করেছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বাংলাদেশ পুলিশের ইতিহাসে সর্বোচ্চ চার বছর সময় ধরে আইজিপি ছিলেন হাসান মাহমুদ খন্দকার। ২০১০ সালের ৩১ আগস্ট থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আইজিপির দায়িত্বে ছিলেন তিনি।

নতুন আইজিপি হিসেবে আলোচনায় যারা

র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
বাংলাদেশ পুলিশের ৩১তম আইজিপি হিসেবে র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নাম সামনে আসছে। অষ্টম বিসিএস ব্যাচের এই কর্মকর্তার আগামী ১১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা। তবে সরকার চাইলে তাকে আইজিপি হিসেবে নিয়োগ দিতে পারে। সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে বাহিনী ও সরকারের কাছে তার সুনাম রয়েছে। বাংলাদেশ পুলিশে অসামান্য অবদান ও অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হয়েছেন। গত বছরের ১৮ অক্টোবর চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

অতিরিক্ত ডিআইজি হিসেবে ঢাকা রেঞ্জে ও ডিআইজি হিসেবে ডিআইজি (অপারেশনস্), ডিআইজি (প্রশাসন), রেঞ্জ ডিআইজি হিসেবে ময়মনসিংহ ও ঢাকা রেঞ্জের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এরপর পদোন্নতি পেয়ে তিনি অতিরিক্ত আইজিপির (এইচআরএম) দায়িত্ব পান। র‌্যাবের মহাপরিচালক হিসেবে যোগদানের আগে তিনি সিআইডি প্রধান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।

পুলিশ সদর দপ্তরের এস এম রুহুল আমিন
পরবর্তী আইপিজি হিসেবে আলোচনায় আছেন ১২তম বিসিএস ব্যাচের কর্মকর্তা পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) এস এম রুহুল আমিন। তিনি গোপালগঞ্জ সদর থানায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

এস এম রুহুল আমিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার, সিলেট জেলার পুলিশ সুপার, ঢাকায় সিআইডির বিশেষ পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এবং রেলওয়ে পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার হিসেবে যোগদান করে বরিশালে পুলিশি সেবার নতুন দিগন্তের সূচনা করেন।

পুলিশের এই কর্মকর্তা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভরিকোস্ট ও দক্ষিণ সুদানসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের হয়ে কাজ করেছেন।

এটিইউ প্রধান মো. কামরুল আহসান
আইপিজি হিসেবে আলোচনায় আছেন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে গড়ে তোলা পুলিশের বিশেষায়িত শাখা অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান। তিনি ১৯৬৬ সালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইমামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে (এমবিএ) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯১ সালে বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদান করেন। মৌলিক ও বাস্তব প্রশিক্ষণ শেষে খাগড়াছড়ি জেলার সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়িত হন। এরপর চট্টগ্রাম জেলার হাটহাজারী সার্কেল এএসপি, এএসপি ডিএসবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি, ফেনী জেলার অ্যাডিশনাল এসপি হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া শরীয়তপুর, চট্টগ্রাম ও যশোর জেলার পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (সংস্থাপন) ও অ্যাডিশনাল ডিআইজি (ট্রেনিং) এবং রেলওয়ে রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিকভাবে স্বনামধন্য পুলিশ কর্মকর্তা মো. কামরুল আহসান জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের ‘পুলিশ অ্যাডভাইজার’ হিসেবে সিয়েরালিওন ও সুদানে দায়িত্ব পালন করেন।

সুদান মিশনের কনটিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের গৌরব অর্জন করেন তিনি। পাশাপাশি মিশনগুলোতে দৃষ্টান্তমূলক চাকরির স্বীকৃতিস্বরূপ ‘জাতিসংঘ শান্তিরক্ষা পদক’ লাভ করেন।

হাইওয়ে পুলিশের প্রধান মল্লিক ফখরুল ইসলাম
আইপিজি হিসেবে আলোচনায় আছেন হাইওয়ে পুলিশের (অতিরিক্ত আইজিপি) প্রধান মল্লিক ফখরুল ইসলাম। ১৯৬৯ সালের ১৫ জানুয়ারি বাগেরহাট জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯১ সালের ২০ জানুয়ারি ১২তম বিসিএস কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন মল্লিক ফখরুল ইসলাম।

২০০৩ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে ভোলা, কিশোরগঞ্জ, সিলেট, ফেনী জেলার পুলিশ সুপার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি কমান্ডার হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুনাম অর্জন করেন। এরপর অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়ে ২০১২ সালে র‌্যাবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৪ সালে ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ, সিটি এসবি ও ট্যুরিস্ট পুলিশে কর্মরত ছিলেন।

ড. বেনজীর আহমেদ
বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদ ১৯৬৩ সালের ১ অক্টোবর গোপালগঞ্জের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন তিনি। যুক্তরাষ্ট্রের এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ, অস্ট্রেলিয়ার ক্যানবেরা চার্লস স্ট্রার্ট ইউনিভার্সিটি ও সিঙ্গাপুরে বিশ্বব্যাংকের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে পড়াশোনা করেন ড. বেনজীর আহমেদ। ২০১৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

আইজিপি হিসেবে যোগদানের পর ড. বেনজীর আহমেদের হাত ধরে পুলিশে বেশকিছু সংস্কার এসেছে। যোগ হয়েছে নতুন নতুন বিষয়, আধুনিক হয়ে উঠেছে পুলিশ বাহিনী। তার নতুন নতুন উদ্যোগের কারণে পুলিশ বাহিনী এখন হয়ে উঠেছে জনবান্ধব। ‘বিট পুলিশিং’ কার্যক্রম চালু করেছেন তিনি। এতে থানায় না গিয়ে ঘরে বসে পুলিশের সেবা পাচ্ছে মানুষ, কমেছে ভোগান্তি। পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থাও বেড়েছে।

২০১৮ সালের ৩১ জানুয়ারি বাংলাদেশ সরকার বেনজীর আহমেদকে দেশের ৩০তম পুলিশপ্রধান হিসেবে দায়িত্ব দেয়। এরপর থেকে তার নানা পদক্ষেপের কারণে ‘জনমুখী পুলিশি সেবা’ পাচ্ছেন সাধারণ মানুষ। থানা থেকে বের করে পুলিশকে মানুষের দোরগোড়ায় নিতে একের পর এক সাহসী ও সময়োপযোগী নির্দেশনাও দিয়ে যাচ্ছেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় মানুষের পাশে থেকে সেবা দেওয়া, জঙ্গি ও মাদক নির্মূলে প্রতিনিয়ত অভিযানসহ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে পুলিশ।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর বেনজীর আহমেদকে র‌্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৫ সালের ৭ জানুয়ারি দায়িত্ব বুঝে নিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে ভূমিকা পালন করে ব্যাপক প্রশংসা কুড়ান তিনি। হলি আর্টিসান হামলায় প্রাথমিক পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পরবর্তীতে বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূলে বিশেষ ভূমিকা রাখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত মাদকবিরোধী বিশেষ অভিযানও বেগবান রেখেছেন তিনি।

সুন্দরবনের জলদস্যুতার অবসান ঘটিয়ে একটি স্বস্তির উপকূলীয় অঞ্চল প্রতিষ্ঠায় বিশেষ অবদান রেখেছেন ড. বেনজীর আহমেদ। এছাড়া ক্যাসিনোবিরোধী অভিযান তার সাফল্যের মুকুটে আরও একটি উজ্জ্বল পালক।

এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সরকার যদি ড. বেনজীর আহমেদকে আগামী এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়, তাহলে পরবর্তী আইজিপি হিসেবে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামকে নিয়োগ দেওয়া হতে পারে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য