স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বকাপে ভরাডুবির পর ঘরের মাঠেও হোয়াইটওয়াশের লজ্জা। ব্যর্থতার ষোলকলা পূর্ণ মাহমুদউল্লাহ বাহিনীর। প্রশ্ন উঠছে বাংলাদেশের ক্রিকেটের সামর্থ্য নিয়ে। নড়বড়ে পারফরম্যান্সে আশঙ্কা, দিন দিন বিপথে হাঁটছে বাংলাদেশের ক্রিকেট!
এদিকে, প্রিয় দলকে সমর্থন জানাতে এসে বারবারই হতাশ হয়ে ফিরেছেন দর্শকরা। এক সমর্থক বলেন, দুই ম্যাচ হারের পরেও অনেক আশা নিয়ে এসেছিলাম। মনে করেছিলাম অন্তত একটা ম্যাচ হলেও জিতব। কিন্তু আবারও হারলাম। তবে জয়-পরাজয় যাই হোক, বাংলাদেশকে সমর্থন দিয়ে যাব।
এদিকে, ব্যর্থতার নেপথ্য কারণও জানালেন ওই সমর্থক। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধান দুটি খেলা ক্রিকেট আর ফুটবল। অথচ বোর্ডের নোংরা রাজনীতির কারণে এখন দুটিরই অবস্থা খারাপ। কদিন আগে শ্রীলঙ্কাতে গিয়ে ব্যর্থ হলো আমাদের ফুটবলাররা। এখন ঘরের মাঠে লজ্জার হার ক্রিকেটারদের।’
এমন সময় পাশ থেকে অন্যরা ‘পাপনের পদত্যাগ চাই’ বলে স্লোগান দিচ্ছিলেন। আরেক সমর্থক বলেন, প্রতিটি ম্যাচই ভালো হয়েছে। তবে আফসোসের বিষয় হচ্ছে, একটা ম্যাচও জিততে পারিনি। অন্তত শেষ ম্যাচটা জিতব ভেবেছিলাম। কিন্তু ভাগ্য খারাপ।
আরেকজন তরুণ টাইগার সমর্থক বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ খেলার পর ভেবেছিলাম হয়ত এই সিরিজটা দিয়ে ঘুরে দাঁড়াবে ক্রিকেটাররা। কিন্তু ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং সব বিভাগেই ব্যর্থ হয়েছি আমরা।
সারা মুখ শরীরে বাঘের বেশভূষা পরে আসা এক টাইগার ভক্ত বলেন, ‘দিন দিন আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। আমরা জিম্বাবুয়ে হওয়ার পথে আছি। এ অবস্থা থেকে উত্তরণ পেতে হলে টিম ম্যানেজমেন্টসহ সব পাল্টাতে হবে।’ এই সমর্থক আরও বলেন, আমাদের দলে মুশফিক সাকিব ভাই নেই। তারা থাকলে হয়তো আজকে এমন অবস্থা হতো না আজকে।
আরেক সমর্থক বলেন, আমাদের নির্বাচকদের পরিকল্পনার যে ঘাটতি আছে, সেটা স্পষ্ট। তিনি পাল্টা প্রশ্ন তোলেন, আগে থেকে না জানিয়ে একটা খেলোয়াড়কে রাতারাতি দলে নিয়ে আসা হলো, এটা কোন দেশে হয় বলতে পারেন?
একজন বলেন, আমাদের পঞ্চপাণ্ডবের শূন্যতা আমরা এই সিরিজে হাড়ে হাড়ে টের পেয়েছি। সাকিব মুশফিক তামিমরা থাকলে হয়তো এমন বাজে অবস্থা হতো না আমাদের।
টাইগার ভক্ত প্রশ্ন তোলেন, আমাদের বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এতবছর ধরে দায়িত্বে থেকেও কোনো সঠিক পরিকল্পনা নেই। এখনো আমরা মুশফিক সাকিব তামিমদের বিকল্প পাইনি কেন এটা আমার প্রশ্ন।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
