স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে দিন কয়েক আগেই বাংলাদেশে এসে পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুটি সিরিজের জন্য স্কোয়াডও ঘোষণা করেছে তারা। তবে দল ঘোষণার একদিন পরই পাওয়া গেল দুঃসংবাদ। জানা গেছে, বাংলাদেশ সফরে আসা আফগান দলে করোনা হানা দিয়েছে। সফরকারী দলটির ৮ জন সদস্য করোনা পজিটিভ হয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বরাতে জানা গেছে, আফগানিস্তানের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ মিলে ৮ জন করোনা পজিটিভ হয়েছেন। তবে কারও নাম জানা যায়নি।
তবে গণমাধ্যম বলছে, করোনা আক্রান্ত হওয়া প্রত্যেককে আইসোলেশনে রাখা হয়েছে।
আগামী ২৩ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজে দুটি টি-টোয়েন্টিও খেলবে দুই দল। এদিকে সিরিজ শুরুর ১২ দিন আগেই বাংলাদেশে আসে ২২ সদস্যের আফগানিস্তান ক্রিকেট দল। তবে পাকিস্তান সুপার লিগে অংশ নেওয়ায় এই বহরের সঙ্গে ছিলেন না আফগান লেগ স্পিনার রশিদ খান। লিগ শেষে তিনিও যাত্রা করবেন বাংলাদেশের উদ্দেশে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
