স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ১২ হাজার ৬০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোরের লালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে ২০২১-২০২২ আখ মাড়াই মৌসুমের কার্যক্রম শুরু হয়েছে। গত শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে মিলের সুগার কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মধ্য দিয়ে আখ মাড়াইয়ের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) আরিফুর রহমান অপু ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ন কবীর, আখচাষি নেতা আনছার আলী দুলাল, সুকুমার সরকার প্রমুখ। এর আগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ন কবীর জানান, চলতি ২০২১-২০২২ মাড়াই মৌসুমে ৬৮ কার্যদিবসে ১ লাখ ৯৪ হাজার ২৮৬ মেট্রিক টন আখ মাড়াই করা হবে। এতে ১২ হাজার ৬০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে শতকরা ৭ ভাগ। মিল এলাকায় আখ চাষ হয়েছে প্রায় ১৭ হাজার একর। গত মাড়াই মৌসুমে ২ লাখ ৯৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৮ শতাংশ হারে ২৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেখানে চিনি আহরণের হার ৬ দশমিক ২৫ শতাংশ হওয়ায় মোট চিনি উৎপাদন হয়েছিল ১৫ হাজার ৭০০ মেট্রিক টন।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……


