নিজস্ব প্রতিনিধি: নির্বাচন কমিশন পঞ্জিকা বর্ষ ২০২৫ সালের আয় ও ব্যয়ের অডিট রিপোর্ট জমা দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। রবিবার (২৬ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে হাজির হয়ে এই অডিট রিপোর্ট জমা দেন বিকল্পধারা বাংলাদেশের পক্ষে দলটির সহ-সভাপতি ড. আবু নোমান। বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়েদুর রহমান মৃধার স্বাক্ষরিত ফরওয়ার্ডিং লেটারসহ অডিট রিপোর্ট জমা দেওয়া হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. আবু নোমান বলেন-রাজনৈতিক দল হিসেবে সদস্যদের নিয়মিত চাঁদা, ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীদের অনুদান এবং দলীয় মনোনয়ন ফরম বিক্রিসহ বিভিন্ন উৎস থেকে আয় হয়েছে। অন্যদিকে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা, রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন, কেন্দ্রীয় ও স্থানীয় কার্যালয় পরিচালনা, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, প্রচারপত্র প্রকাশ এবং দুঃস্থ নেতা-কর্মীদের সহায়তাসহ বিভিন্ন খাতে ব্যয় করা হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নিবন্ধিত প্রতিটি রাজনৈতিক দলকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী পঞ্জিকা বছরের নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেয়ার বিধান আছে। বিকল্পধারা বাংলাদেশের সহ সভাপতি ড. আবু নোমান আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিকল্পধারা বাংলাদেশের সমর্থিত প্রার্থী থাকবে, এবার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নেই। তাই দলের সমর্থন নিয়ে দলীয় প্রার্থীরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবেন।
পঞ্জিকা বর্ষের আয়-ব্যয়ের অডিট রিপোর্ট জমা দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ
59
