চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন ২০২৬) শক্তিশালী মুনাফা অর্জন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৩৯৭তম সভায় অনুমোদিত অনিরীক্ষিত (Un-audited) আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমন্বিত (Consolidated) ভিত্তিতে কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ১,৪২৩ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯০৬ কোটি টাকা। ফলে ব্যাংকটির মুনাফা বেড়েছে প্রায় ৫৭ শতাংশ।
প্রকাশিত তথ্য অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭২৮ কোটি টাকা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ৪২০ কোটি টাকা।
আলোচ্য সময়ে সমন্বিত শেয়ারপ্রতি আয় (EPS) বেড়ে হয়েছে ৫.০৭ টাকা, যা এক বছর আগে ছিল ৩.০৯ টাকা। শুধু দ্বিতীয় প্রান্তিকে ইপিএস দাঁড়িয়েছে ২.৫৫ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১.৩৪ টাকা।
ব্যাংকটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (NOCFPS) বেড়ে হয়েছে ৪০.০৫ টাকা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৩৮.৪৭ টাকা।
এদিকে, ৩০ জুন ২০২৬ তারিখে সমন্বিত ভিত্তিতে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) দাঁড়িয়েছে ৪৯.৩৮ টাকা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ৪৪.৮৪ টাকা।
অন্যদিকে, একক (Standalone) ভিত্তিতে জানুয়ারি-জুন সময়ে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১,০৩৩ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬২০ কোটি টাকা। এ সময়ে একক ইপিএস বেড়ে ৪.৫১ টাকা হয়েছে, যা আগের বছর ছিল ২.৭১ টাকা। একক ভিত্তিতে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) বেড়ে ৪৮.০১ টাকা হয়েছে, যা ২০২৫ সালের শেষে ছিল ৪৩.৫৫ টাকা।
ব্যাংকটির ব্যাখ্যায় বলা হয়েছে, নিট সুদ আয় ও বিনিয়োগ আয় বৃদ্ধি পাওয়ায় মুনাফা ও শেয়ারপ্রতি আয় বেড়েছে। এছাড়া আমানত সংগ্রহ ও ব্যাংক ঋণ বৃদ্ধি পাওয়ায় পরিচালন নগদ প্রবাহের উন্নতি হয়েছে। একই সঙ্গে মুনাফা বৃদ্ধি এবং সরকারি সিকিউরিটিজে পুনর্মূল্যায়ন রিজার্ভ বৃদ্ধির প্রভাবে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্যও বেড়েছে।


