স্টক নিউজ বিডি ডেস্ক: আর্জেন্টাইন সুপারস্টারের প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) গমনের দুই মাস পূর্তি হলেও আলোচনা শেষ হয়নি মেসি-বার্সা বিচ্ছেদের। অর্ধেক বেতনে থাকতে চেয়েও কেনো ন্যু-ক্যাম্পে স্থায়ী হতে পারলেন না মেসি? নেপথ্যে স্প্যানিশ লা লিগার বেতন কাঠামোজনিত সীমাবদ্ধতা নাকি অন্যকিছু? জটিল প্রশ্নের উত্তর মিলবে লা লিগা সভাপতি হাবিয়ের তেবাসের কথায়। জানালেন, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের ইন্ধনেই মেসিকে ছেড়ে দিয়েছে বার্সেলোনা।
অশ্রুসিক্ত নয়নে ন্যু-ক্যাম্প ছেড়েছেন মেসি। মেসির বিদায়ের স্পষ্ট কারণ ছিল লা লিগার বেতন অবকাঠামোজনিত জটিলতা। ১৪০ কোটি ইউরো দেনার দায়ে ডুবতে থাকা বার্সেলোনা লা লিগার বেঁধে দেয়া বেতনসীমায় আটকে মেসির চুক্তি নবায়ন করতে পারেনি।
গত আগস্টে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা জানিয়েছিলেন, সিভিসি ক্যাপিটাল পার্টনার্সের কাছে লা লিগার ১০ শতাংশ ব্যবসা বিক্রির প্রস্তাবে রাজি হলে মেসিকে ধরে রাখা সম্ভব হতো। তবে প্রায় ২৭ কোটি ইউরোর এই চুক্তিতে রাজি হয়নি বার্সা।
লাপোর্তা বলেছিলেন, সিভিসির সঙ্গে এই চুক্তিতে রাজি হওয়া দেনায় ডুবে থাকা বার্সেলোনার জন্য বিপদজনক। এই চুক্তিতে রাজি না হওয়া নিয়ে তখন বার্সার সঙ্গে বিরোধ চলছিল লা লিগা সভাপতি তেবাসের।
সম্প্রতি লাপোর্তা সিভিসির সেই চুক্তিতে রাজি না হওয়ার কারণ উন্মোচন করলেন তেবাস। লা লিগা সভাপতির দাবি, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কথায়ই ওই চুক্তি থেকে বিরত থাকেন লাপোর্তা। তেবাস বলেন, ‘লাপোর্তার বাসায় রাতের খাবার খেয়েছিলাম। তখন তিনি সিভিসি চুক্তিতে রাজি ছিলেন।’
সিভিসি চুক্তি নিয়ে তেবাস বলেন, ‘এটার কারণে মেসি চুক্তি নবায়ন করতে পারত কি না, তা আমি জানতাম না। কিন্তু পরে লাপোর্তা আমাকে ফোন করেন। তিনি বলেন, ‘‘সিভিসি চুক্তি দ্রুত করা সম্ভব? ছেলেটা (মেসি) ভরসা পাচ্ছে না।’’ তাকে আমি বলি, এই বিষয়টি সবার সামনে আসলে পেরেজ তা নষ্ট করার চেষ্টা করবে। লাপোর্তা তখন বললেন, না, সমস্যা নেই, আমি দৃঢ় থাকবো। কোনো সন্দেহ নেই এর (সিভিসি চুক্তি না করা) পেছনে কলকাঠি নেড়েছেন ফ্লোরেন্তিনো।’
নিজের বক্তব্যে সিভিসি চুক্তির স্বরূপ বাতলে দেন তেবাস, ‘চুক্তিটা এমন ছিল, বার্সা যদি সিভিসি চুক্তিপত্রে সই করে, তাহলে সেই চুক্তির ১৫ শতাংশ অর্থ খেলোয়াড়দের জন্য খখরচ করতে পারবে। আমার মতে তারা মেসিকে ক্লাবে রাখতে পারতো।’
তাছাড়া গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে সার্জিও অ্যাগুয়েরো এবং মেম্ফিস ডিপাইকে দলে না ভেড়ালেও মেসিকে দলে রাখা সম্ভব ছিল বলে জানান তেবাস। তিনি বলেন, ‘লাপোর্তা মেম্ফিস ও অ্যাগুয়েরোদের মতো খেলোয়াড়দের সই করান… এসব খেলোয়াড়কে সই না করালে তারা মেসিকে রাখতে পারতো।’
তেবাসই নতুন নন; লিওনেল মেসির বার্সা ছাড়ার পেছনে যে হাত রয়েছে রিয়াল সভাপতি পেরেজে, সেটি আগস্টেই বলেছিলেন ইস্পাই বার্সা কমিশনের সদস্য ইয়োপিস। তার দাবি, মেসিকে রাখতে অনেক পথই খোলা ছিল
বার্সেলোনার সামনে। কিন্তু পেরেজের পরিকল্পনা বাস্তবায়ন করতে তাকে সঙ্গ দিয়েছে বার্সেলোনা। পেরেজ ইয়োপিসের অভিযোগ অসত্য বলে দাবি করেছিলেন সেসময়। তিনি বলেছিলেন, ‘এটা অসম্ভব যে মেসির চলে যাওয়ার পেছনে আমার হাত আছে কিংবা বার্সেলোনার নেয়া কোনো সিদ্ধান্তে। আশা করবো ইয়োপিস তার মিথ্যা বক্তব্য সংশোধন করবে।’
স্টক নিউজ বিডি.কম
আরও খবর পড়ুন……
