Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য

Uncategorized

BRAC Bank_English

দক্ষতা বৃদ্ধিতে নারী উদ্যোক্তাদের বিকাশ ও সাফল্যে যেভাবে সহায়তা করছে ব্র্যাক ব্যাংক

স্টক নিউজ বিডি October 24, 2026

নিজস্ব প্রতিবেদক | স্টক নিউজ বিডি: একটি ধারণাকে ব্যবসায় রূপ দেওয়া থেকে শুরু করে প্রতিষ্ঠিত ব্যবসাকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়া পর্যন্ত, প্রবৃদ্ধির প্রতিটি পর্যায়েই নারী উদ্যোক্তাদের প্রয়োজন হয় ভিন্ন ধরনের সহায়তা। তাদের এই পরিবর্তনশীল চাহিদা বিবেচনায় নিয়ে ব্র্যাক ব্যাংক উইমেন উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ -এর আওতায় এমন সব উদ্যোগ নিয়েছে, যা উদ্যোক্তাদের মজবুত ভিত্তি গড়ে তুলতে, নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং নতুন সুযোগ কাজে লাগাতে সহায়তা করে।

মূল্যবোধনির্ভর ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক নারী উদ্যোক্তাদের এই যাত্রায় সহায়তা দিতে অর্থায়ন, প্রশিক্ষণ, পরামর্শ, ডিজিটাল দক্ষতা উন্নয়ন, নেটওয়ার্কিং ও বিক্রির প্ল্যাটফর্ম — সবকিছুকে একসূত্রে যুক্ত করেছে। এসব উদ্যোগের মধ্য দিয়ে নারী উদ্যোক্তাদের ব্যবসার বিকাশের পথে পাশে থাকার অঙ্গীকার তুলে ধরেছে ব্র্যাক ব্যাংক। পাশাপাশি, এগুলো উদ্যোক্তাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় উপকরণ, যোগাযোগের সুযোগ ও আত্মবিশ্বাস জোগায়।

‘তারা’র প্রধান উদ্যোক্তা বিকাশ কর্মসূচি ‘উদ্যোক্তা ১০১’ নারী উদ্যোক্তাদের ব্যবসা ব্যবস্থাপনা, আর্থিক সাক্ষরতা এবং বাজারে প্রবেশের প্রস্তুতিমূলক দক্ষতা গড়ে তুলতে সহায়তা করে।

তিন মাসের এই কর্মসূচিতে রয়েছে ব্যবসাবিষয়ক শিক্ষা, পরামর্শ ও দিকনির্দেশনা, কেস স্টাডি, অংশগ্রহণমূলক শিক্ষার ব্যবস্থা এবং বাণিজ্য মেলা। এর মাধ্যমে নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার সক্ষমতা বাড়ে এবং আনুষ্ঠানিক আর্থিক সেবা সম্পর্কে তারা ধারণা পান।

২০২১ সালে চালু হওয়া এই কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে এক হাজার নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

‘আমরাই তারা’ কর্মসূচির আওতায় নারী উদ্যোক্তাদের মালিকানাধীন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (ডব্লিউএসএমই) জন্য দেশের বিভিন্ন অঞ্চলে তিন দিনব্যাপী নিবিড় কর্মশালার আয়োজন করা হয়। এসব কর্মশালায় ব্যবসা ও আর্থিক ব্যবস্থাপনা, নথিপত্র ব্যবস্থাপনা, ব্র্যান্ডিং, বিপণন এবং আর্থিক ও ডিজিটাল কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রতি বছর নারী উদ্যোক্তাদের মালিকানাধীন ১,২০০টিরও বেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের উদ্যোক্তারা প্রশিক্ষণ পান। চার বছরে এই উদ্যোগের কার্যক্রম বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ৪০টিতে ছড়িয়ে পড়েছে, যার আওতায় রয়েছে গ্রামীণ, আধা-শহুরে ও শহরাঞ্চল।

‘উদ্যোগতারা’ কর্মসূচিতে বিশেষজ্ঞদের পরিচালনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবসা ব্যবস্থাপনা, কৌশলগত বিপণন, ডিজিটাল মার্কেটিং অ্যাপ্লিকেশন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) টুল এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

২০২৪ সাল থেকে নারী-মালিকানাধীন ৩০০টি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য উন্নত ডিজিটাল সাক্ষরতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এ প্রশিক্ষণ তাদের অনলাইন বাণিজ্য পরিচালনায় সহায়তা করছে।

পণ্য ও ক্রেতাদের মধ্যে সংযোগ গড়ে তোলে ‘তারা উদ্যোক্তা মেলা’

প্রতি বছর আয়োজিত তিন দিনব্যাপী ‘তারা উদ্যোক্তা মেলা’ ঈদকে কেন্দ্র করে কেনাকাটার ব্যস্ততম সময়ে স্থানীয়ভাবে তৈরি পণ্যের প্রচার ও প্রসারে ভূমিকা রাখে।

মেলার চারটি আসরে ৪০০ নারী উদ্যোক্তা বিনা মূল্যের স্টলে নিজেদের পণ্য প্রদর্শন করেছেন। এতে তাদের পণ্যের পরিচিতি বাড়ানো, ক্রেতাদের সঙ্গে যোগাযোগ এবং বিক্রির নতুন সম্ভাবনা খোঁজার সুযোগ তৈরি হয়েছে। মেলায় স্থানীয় উদ্ভাবন ও বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যও তুলে ধরা হয়।

ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতি তিন মাস পরপর এ কর্মসূচির আয়োজন করা হয়। এর মাধ্যমে প্রায় ৬০০ নারী উদ্যোক্তা ব্যাংকের কর্মীদের কাছে নিজেদের পণ্য প্রদর্শনের সুযোগ পেয়েছেন।

এই কর্মসূচি ও ‘তারা উদ্যোক্তা মেলা’ মিলিয়ে বছরে নারী উদ্যোক্তাদের ৪ কোটি ৫০ লাখ টাকার বেশি পণ্য বিক্রি হয় এবং ৭০ লাখ টাকার আগাম অর্ডার পান।

ব্র্যাক ব্যাংক তার ১৯৫টি শাখার নেটওয়ার্কের মাধ্যমে প্রতি বছর প্রায় ২,০০০ নারী উদ্যোক্তাকে ব্যাংকিং সেবা ও আর্থিক সাক্ষরতা বিষয়ে প্রশিক্ষণ দেয়।

অর্থায়ন, দক্ষতা উন্নয়ন ও বাজারে প্রবেশের সুযোগের সমন্বয়ে এসব উদ্যোগ নারী উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণে সহায়তা করে।

নারীদের উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও বাজার সৃষ্টির নানা উদ্যোগ সস্পর্কে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, “নারীদের উদ্যোক্তা হয়ে ওঠাকে একটি অর্থনৈতিক সম্ভাবনা হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। নারীরা যখন সফল ব্যবসা গড়ে তোলেন, তখন তারা মানুষের জীবিকার সুযোগ সৃষ্টি করেন, নিজেদের পরিবারের পাশে দাঁড়ান এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখেন। ব্যাংক হিসেবে আমাদের দায়িত্ব হলো তাদের এই সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়া এবং তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজনীয় সুযোগ নিশ্চিত করতে সহায়তা করা। আমরা চাই, আরও বেশি নারী দীর্ঘস্থায়ী ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলুক এবং বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ গঠনে তাদের কণ্ঠ আরও জোরালো হোক।”

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
নিজের সন্তানের ভবিষ্যতের জন্য পরিচ্ছন্ন ঢাকা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য পরিচ্ছন্ন ঢাকা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

স্টক নিউজ বিডি October 19, 2026

স্টক নিউজ বিডি | ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “সবার কথা বাদ দেন, নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি। আসুন, আমরা সবাই মিলে সেই চেষ্টা করি।”

সোমবার (১৯ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, কোনো অভিভাবকই চান না তাঁর সন্তান নোংরা, জীবাণুযুক্ত ও অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠুক। সন্তান শুধু নিজের বাসার আশপাশে থাকে না; স্কুল, কলেজ, খেলার মাঠসহ শহরের বিভিন্ন স্থানে যাতায়াত করে। তাই একটি নির্দিষ্ট এলাকা নয়, পুরো ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, “আপনার সন্তান তো শুধু আপনার এলাকায় থাকবে না। সে সারা ঢাকা শহরে বিচরণ করবে। কাজেই আসুন, আমরা সবাই মিলে চেষ্টা করি। চেষ্টা করলে আমরা পারব।”

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরের অন্যতম বড় সমস্যা আবর্জনা ও অপরিচ্ছন্নতা। এ সমস্যা এক দিনে কিংবা সাত দিনে সমাধান করা সম্ভব নয়। তবে সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করলে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি করা সম্ভব।

সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, তাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নগরীর পরিচ্ছন্নতা এবং বর্জ্য ব্যবস্থাপনার সমস্যার সমাধানের সঙ্গে জড়িত। এ ক্ষেত্রে সময় লাগতে পারে, কিন্তু ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখলে পরিবর্তন আসবেই।

তিনি বলেন, “আপনাদের মধ্যে সেই আত্মবিশ্বাস থাকতে হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইচ্ছা।”

কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি বিভিন্ন স্থানে গেলে কোথায় কী সমস্যা রয়েছে, তা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে সমাধানের উদ্যোগ নেন। সিটি করপোরেশনের কর্মকর্তারাও একইভাবে নগরীর সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের পদক্ষেপ নিলে ইতিবাচক পরিবর্তন সম্ভব।

ঢাকার পরিচ্ছন্নতা পরিস্থিতির উন্নয়নে যুক্তরাজ্যের লন্ডন শহরের উদাহরণ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ষাট ও সত্তরের দশকেও লন্ডনের বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনার সমস্যা ছিল। দীর্ঘদিনের প্রচেষ্টা ও নাগরিক সচেতনতার মাধ্যমে তারা পরিস্থিতির পরিবর্তন ঘটিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশের পরিচ্ছন্ন শহর দেখে দেশে ফিরে অনেকেরই মনে হয়, বাংলাদেশের শহরগুলোও যদি এমন হতো। কিন্তু শুধু আফসোস করে বসে থাকলে চলবে না; প্রত্যেককে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

ঢাকার পরিচ্ছন্নতা পরিস্থিতিতে কিছুটা উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার সঙ্গে সাম্প্রতিক কথোপকথনের প্রসঙ্গ তুলে ধরেন। ওই কর্মকর্তা ঢাকার পরিচ্ছন্নতা আগের তুলনায় কিছুটা ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “তিনি কিন্তু বলেননি অনেক পরিবর্তন হয়েছে। বলেছেন, কিছুটা ভালো হয়েছে। তার মানে পরিবর্তন সম্ভব। আমরা সবাই মিলে চেষ্টা করলে আরও ভালো করা যাবে।”

নগরীর বিভিন্ন সড়ক, সড়ক বিভাজক এবং বর্জ্য স্থানান্তর কেন্দ্রের অবস্থা সম্পর্কে নিয়মিত খোঁজখবর নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। কোথাও সড়ক বিভাজক নতুন করে তৈরি হচ্ছে, কোথাও বর্জ্য স্থানান্তর কেন্দ্রের ব্যবস্থাপনায় কিছুটা উন্নতি হয়েছে। এসব উদ্যোগ ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

কর্মকর্তা-কর্মচারীদের আত্মসমালোচনার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অন্যের সমালোচনা করার পাশাপাশি প্রত্যেককে নিজের দায়িত্ব পালনের বিষয়টিও পর্যালোচনা করতে হবে। নিজেকে প্রশ্ন করতে হবে, দায়িত্ব কতটুকু সঠিকভাবে পালন করা হচ্ছে এবং সমস্যা সমাধানে কতটা আন্তরিক প্রচেষ্টা চালানো হচ্ছে।

এর আগে প্রধানমন্ত্রী নগর ভবনের জরুরি পরিচালন কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি আবহাওয়ার তথ্য, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ভূমিকম্পসংক্রান্ত হালনাগাদ তথ্য, বাতাসের গতিবেগ, বন্যার পূর্বাভাস এবং বায়ুর মান পর্যবেক্ষণের বিভিন্ন ওয়েবসাইট দেখেন। জরুরি পরিস্থিতির তথ্য কীভাবে সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হয়, সে বিষয়েও খোঁজখবর নেন তিনি।

এ ছাড়া ফেসবুক লাইভের মাধ্যমে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর উন্নয়ন ও বিভিন্ন কার্যক্রম নিয়ে তৈরি একটি ভিডিও চিত্রও তাঁকে দেখানো হয়।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর আহ্বানের মূল বার্তা হলো—শুধু সরকারের উদ্যোগ নয়, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, নাগরিক সচেতনতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি স্বাস্থ্যকর ঢাকা গড়ে তোলা সম্ভব।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আর কোনো মা-বাবা ন্যায্য হক থেকে বঞ্চিত হবেন না —প্রতিমন্ত্রী পুতুল

স্টক নিউজ বিডি September 14, 2026

মোতালেব আলী পান্না, বাগাতিপাড়া নাটোর সংবাদদাতা : নাটোরের লালপুর-বাগাতিপাড়া নির্বাচনী এলাকায় দিনব্যাপী বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বাগাতিপাড়া উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রতিমন্ত্রী। পরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক ব্যক্তিদের মধ্যে সরকারি সহায়তার চেক বিতরণ করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বয়স্ক, বিধবা ও অন্যান্য সামাজিক নিরাপত্তা ভাতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, আর কোনো মা-বাবা তাদের ন্যায্য হক থেকে বঞ্চিত হবেন না।


তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যাতে প্রকৃত উপকারভোগীরা পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


এরপর প্রতিমন্ত্রী বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে তিনি আইনশৃঙ্খলা বিষয়ক একটি সভায় অংশ নেন এবং স্থানীয় বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
দিনব্যাপী এসব কর্মসূচিতে বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামসুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র দাসসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ব্র্যাক ব্যাংক

গভর্নমেন্ট সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেলো ব্র্যাক ব্যাংক

স্টক নিউজ বিডি May 3, 2026

বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সম্প্রতি ব্র্যাক ব্যাংককে সরকারি সিকিউরিটিজের (G-Sec) প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ দিয়েছে। উল্লেখ্য, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের যৌথভাবে প্রবর্তিত নতুন অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্কের অধীনে দেশের প্রথম ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক এই মর্যাদা অর্জন করে।

গভর্নমেন্ট সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেটেও ব্র্যাক ব্যাংক ধারাবাহিকভাবে শক্তিশালী পারফরম্যান্স প্রদর্শন করে আসছে। সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে টানা চতুর্থ বছরের মতো শীর্ষস্থান ধরে রেখেছে ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ বার্ষিক প্রতিবেদন এসব তথ্য উঠে এসেছে। এছাড়াও, ব্র্যাক ব্যাংকের গভর্নমেন্ট সিকিউরিটিজ পোর্টফোলিও দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম বৃহৎ। একইসঙ্গে বিস্তৃত ও বৈচিত্র্যময় গ্রাহক বেজ পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিপর্যায়— উভয় ধরনের বিনিয়োগকারীর জন্য একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।

ব্যাংকটির এই ধারাবাহিক নেতৃত্বস্থানীয় অবস্থানের পেছনে রয়েছে শক্তিশালী প্রযুক্তি অবকাঠামো, সুস্পষ্ট মার্কেট নলেজ এবং ডিজিটাল ট্রেজারি সক্ষমতায় অব্যাহত বিনিয়োগ।

এ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “প্রাইমারি ডিলার হিসেবে আমাদের এই নিয়োগ বাংলাদেশের পুঁজিবাজারের অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি আমাদের ধারাবাহিক পারফরম্যান্স, সুচিন্তিত বিনিয়োগ সিদ্ধান্ত এবং একটি টেকসই ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম গড়ে তোলার প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা প্রাইমারি অকশনে আরও সক্রিয় ভূমিকা রাখতে, বাজারে তারল্য বাড়াতে এবং গভর্নমেন্ট সিকিউরিটিজে বিনিয়োগের সুযোগ আরও সম্প্রসারিত করতে কাজ করব।

”প্রাইমারি ডিলার হিসেবে ব্র্যাক ব্যাংক এখন গভর্নমেন্ট সিকিউরিটিজের প্রাইমারি অকশনে আরও সক্রিয় ভূমিকা পালন করতে পারবে, যা পুঁজিবাজারে তারল্য বৃদ্ধির পাশাপাশি কার্যকর মূল্য নির্ধারণে ভূমিকা রাখবে। ফলে, বাংলাদেশের আর্থিক খাতের টেকসই উন্নয়ন ত্বরান্বিত হবে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ব্র্যাক ব্যাংকের ঢাকা অঞ্চলের এজেন্ট মিট ২০২৫ অনুষ্ঠিত

Umme jannat October 22, 2025

আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করার পাশাপাশি মাঠ পর্যায়ের সম্পৃক্ততা আরও জোরদার করার লক্ষ্যে ঢাকা অঞ্চলের জন্য এজেন্ট মিট ২০২৫ আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।১০ অক্টোবর ২০২৫ কক্সবাজারে অনুষ্ঠিত এই এজেন্ট মিটে অংশ নেন ব্র্যাক ব্যাংকের ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর অঞ্চলের মোট ১১৬টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের এজেন্ট প্রতিনিধিরা। আর্থিক অন্তর্ভুক্তি প্রসারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই আয়োজনটি ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে এজেন্টদের সরাসরি মতবিনিময়ের এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।আয়োজনে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফও এম. মাসুদ রানা এফসিএ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার মো. সাব্বির হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুল রাহিম এবং হেড অব এজেন্ট ব্যাংকিং মো. নাজমুল হাসান। ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি এই আয়োজনকে তাৎপর্যপূর্ণ ও অনুপ্রেরণামূলক করে তুলেছে।

দিনব্যাপী এই আয়োজনে মতবিনিময়, এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের হালনাগাদ তথ্য, ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ এবং মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নিয়ে আলোচনা করা হয়। ব্যাংকটির কর্মকর্তারা এজেন্টদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন, যাতে তাঁরা দেশের অনগ্রসর জনগোষ্ঠীর জন্য আর্থিক সেবার পরিসর আরও বিস্তৃত করতে উদ্বুদ্ধ হন।অনুষ্ঠানে প্রান্তিক পর্যায়ে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে অসামান্য অবদান রাখা সেরা পারফর্মিং এজেন্টদের ‘ডায়মন্ড’ ক্যাটাগরিতে স্বীকৃতি ও পুরস্কার প্রদান করা হয়। এই স্বীকৃতি শুধু তাঁদের ব্যক্তিগত অর্জনই নয়, বরং ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের সম্মিলিত প্রচেষ্টা ও সক্ষমতার প্রতিফলন।এজেন্টদের সক্রিয় অংশগ্রহণ, আলোচনা ও আইডিয়া শেয়ারিং অনুষ্ঠানটি প্রাণবন্ত ও অর্থবহ করে তোলে। এটি এজেন্ট ব্যাংকিং সেবার নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার ব্যাপারে ব্যাংকটির প্রতিশ্রুতির প্রতিফলন।ব্যাংকের প্রযুক্তি সক্ষমতাকে কাজে লাগিয়ে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক গ্রাহকদের জন্য নিরাপদ, সুরক্ষিত ও সুবিধাজনক ব্যাংকিং সেবা নিশ্চিত করে যাচ্ছে। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকরা খুব সহজেই অ্যাকাউন্ট খোলা, টাকা জমা দেওয়া, লোন নেওয়া ও রেমিটেন্সের টাকা উত্তোলন করতে পারছেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে যা আছে

Umme jannat October 9, 2025

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ঘোষণা করেছেন, ইসরাইল ও হামাস গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের একটি চুক্তিতে সম্মত হয়েছে। মিশরে কয়েক দিন ধরে চলা পরোক্ষ আলোচনার পর এই সমঝোতা হল।

কায়রো থেকে এএফপি এই খবর জানায়। মিশর, যুক্তরাষ্ট্র ও তুরস্কের পাশাপাশি চুক্তিতে মধ্যস্থতাকারী কাতার বলেছে, এটি ‘গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ। এর মাধ্যমে যুদ্ধ শেষ হবে, ইসরাইলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং ত্রাণ প্রবেশ নিশ্চিত হবে।’

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘সব বন্দি খুব শিগগিরই মুক্তি পাবে এবং ইসরাইল তাদের সেনা একটি নির্ধারিত সীমারেখায় সরিয়ে নেবে যা একটি শক্তিশালী, স্থায়ী ও চিরস্থায়ী শান্তির প্রথম পদক্ষেপ।’

একজন হামাস কর্মকর্তা জানিয়েছেন, এই চুক্তির আওতায় তাদের হাতে আটক থাকা ২০জন জীবিত ইসরাইলি জিম্মিকে মুক্তি দিবে, বিনিময়ে ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। এর মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ১ হাজার ৭০০ জনকে যুদ্ধ শুরুর পর আটক করা হয়।

চুক্তি কার্যকর হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে এই বিনিময় সম্পন্ন হবে। একটি ফিলিস্তিনি সূত্র এএফপিকে জানিয়েছে, এটি অন্যান্য ফিলিস্তিনি দলগুলোর সঙ্গেও সমন্বয় করে চূড়ান্ত হয়েছে।

সূত্রটি আরও জানায়, চুক্তিতে বন্দি বিনিময়ের সঙ্গে সমন্বয় করে ‘নির্দিষ্ট স্থান থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার’ এবং দুর্ভিক্ষপীড়িত গাজা উপত্যকায় ‘ত্রাণ প্রবেশের’ বিষয়টি রাখা হয়েছে।

হামাস জানায়, যুদ্ধবিরতির প্রথম পাঁচ দিনে প্রতিদিন অন্তত ৪০০ ট্রাক ত্রাণ গাজায় প্রবেশ করবে। পরবর্তী সময়ে এই সংখ্যা বাড়বে।

চুক্তিতে আরও বলা হয়েছে, গাজার দক্ষিণ থেকে বাস্তুচ্যুতদের গাজা সিটি ও উত্তরে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হবে।

হামাস ট্রাম্পকে আহ্বান জানিয়েছে, তিনি যেন চুক্তি পুরোপুরি বাস্তবায়নে ইসরাইলকে বাধ্য করেন এবং তারা যেন এড়িয়ে যাওয়ার বা বিলম্ব করার সুযোগ না পায়।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, দুই পক্ষই গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের সব ধারা ও বাস্তবায়ন প্রক্রিয়ায় একমত হয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, চুক্তিটি অনুমোদনের জন্য তিনি বৃহস্পতিবার তার মন্ত্রিসভার বৈঠক ডাকবেন।

চুক্তি সম্পর্কে অবগত একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরের দিকে মিশরে আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরিত হবে।

হামাসের একজন কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা ‘অবিলম্বে’ শুরু হবে।

গাজা নিয়ে ট্রাম্পের ২০-দফা পরিকল্পনায় যুদ্ধবিরতি, গাজায় আটক সকল জিম্মিকে মুক্তি, হামাসের নিরস্ত্রীকরণ এবং ধাপে ধাপে ওই ভূখণ্ড থেকে ইসরাইলি সেনাপ্রত্যাহারের কথা বলা হয়েছিল।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৩৬৩

Umme jannat September 4, 2025

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এডিস মশা বাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৬৩ জন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১১২ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৮৮ জন, ঢাকা বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন ও সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১৩০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৭১ জন পুরুষ ও ৫৯ জন নারী। এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৩ হাজার ৩০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ভেনেজুয়েলার নৌযানে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করল যুক্তরাষ্ট্র

Umme jannat September 3, 2025

দক্ষিণ ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলা থেকে আসা সন্দেহভাজন মাদকবাহী একটি নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ১১ জন নিহত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ১১ জনকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট।

বুধবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনেজুয়েলা থেকে আসা সন্দেহভাজন মাদকবাহী একটি নৌকায় হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের পর এটিই প্রথম বড়সড় অভিযান।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “কয়েক মিনিট আগে আমরা একটি মাদকবাহী নৌকা গুলি করে উড়িয়ে দিয়েছি। এতে বিপুল পরিমাণ মাদক ছিল। আরও অনেক আসছে, দীর্ঘদিন ধরে মাদক আমাদের দেশে ঢুকছে… এগুলো এসেছে ভেনেজুয়েলা থেকে।”

পরে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি ভিডিও শেয়ার করেন, যাতে আকাশ থেকে ধারণ করা ড্রোন ফুটেজে সমুদ্রে একটি স্পিডবোট বিস্ফোরিত হয়ে আগুনে জ্বলতে দেখা যায়।

ট্রাম্প বলেন, “এই অভিযানে ১১ জন সন্ত্রাসী নিহত হয়েছে। কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।”

তিনি দাবি করেন, নিহতরা ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ‘ট্রেন দে আরাগুয়া’র সদস্য। এই গ্যাংকে যুক্তরাষ্ট্র চলতি বছরের ফেব্রুয়ারিতে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। ট্রাম্প আরও অভিযোগ করেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই গ্যাংকে নিয়ন্ত্রণ করছেন। তবে কারাকাস এ অভিযোগ অস্বীকার করেছে।

ভেনেজুয়েলার তথ্যমন্ত্রী ফ্রেডি নানেজ সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, ট্রাম্প যে ভিডিওটি প্রকাশ করেছেন তা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। তবে রয়টার্স ভিডিওটি প্রাথমিকভাবে যাচাই করে কোনো কারসাজির প্রমাণ পায়নি। পূর্ণাঙ্গ যাচাই এখনও চলছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এখনো হামলার বিস্তারিত প্রকাশ করেনি। নৌকায় কী ধরনের মাদক ছিল, কত পরিমাণ ছিল কিংবা কীভাবে আক্রমণ চালানো হয়েছে সেটি এখনও অস্পষ্ট।

বিশেষজ্ঞরা বলছেন, সন্দেহভাজন মাদকবাহী নৌকাকে জব্দ না করে সরাসরি উড়িয়ে দেওয়া অত্যন্ত অস্বাভাবিক। এটি আল কায়েদার মতো সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের কথা মনে করিয়ে দিচ্ছে।

ট্রাম্পের মাদকবিরোধী কঠোর পদক্ষেপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সম্প্রতি দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে সাতটি যুদ্ধজাহাজ ও একটি পারমাণবিক চালিত দ্রুত আক্রমণকারী সাবমেরিন পাঠিয়েছে। এগুলোতে ৪ হাজার ৫০০ জনেরও বেশি মার্কিন নৌসেনা ও মেরিন আছেন। পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহে আকাশপথে পি-৮ স্পাই প্লেনও ব্যবহার করছে যুক্তরাষ্ট্র।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মার্জিন ঋণ নিয়ে গুজবে বাজারে বিভ্রান্তি

স্টক নিউজ বিডি August 12, 2025

পুঁজিবাজারে মার্জিন ঋণ নিয়ে নতুন গুজব ছড়িয়ে পড়েছে। কে বা কারা গুজব ছড়িয়ে দিয়েছে যে, মার্জিন ঋণের নতুন নীতিমালা হয়েছে। সেখানে একটি কোম্পানির শেয়ার প্রতি আয়ের পাশাপাশি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) বিবেচনায় নিয়ে ঋণের হার নির্ধারণ করা হয়েছে।

মার্জিন ঋণ সংক্রান্ত গুজব বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। বাড়াচ্ছে উদ্বেগ। তাতে বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে। গত চার দিনের দর পতনের পেছনে মূল্য সংশোধন প্রবণতার পাশাপাশি এই গুজবেরও বড় ভূমিকা ছিল বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। বিশেষ করে শেষ দুই দিনের বড় দর পতনে মার্জিন ঋণ সংক্রান্ত গুজব প্রধান কারণ ছিল বলে মনে করেন তারা।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে জানা গেছে, তারা মার্জিন ঋণের নতুন কোনো নীতিমালা তৈরি করেনি। আর এনএভির সঙ্গে সামঞ্জস্য রেখে ঋণের হার নির্ধারণ করার মতো কোনো বাস্তবতা এ মুহূর্তে বাংলাদেশে নেই।

উল্লেখ, মার্জিন ঋণ হচ্ছে পুঁজিবাজারে শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীদেরকে দেওয়া বিশেষ ঋণ। মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারহাউজগুলো তাদের গ্রাহকদেরকে এ ঋণ দিয়ে থাকে। কোনো কারণে বাজারে গ্রাহকের শেয়ারের দাম কমে গেলে ঋণ অনুপাত নির্দিষ্ট সীমার নিচে নেমে যেতে পারে। এমন অবস্থায় ঋণদাতা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিনিয়োগকারীকে ঋণ সমন্বয়ের জন্য নতুন করে টাকা জমা দেওয়ার আহ্বান জানিয়ে চিঠি দেয়। একে বলা হয় মার্জিন কল। মার্জিন কল পাওয়ার পরও বিনিয়োগকারী ঋণ সমন্বয় করতে ব্যর্থ হলে ঋণদাতা ব্রোকারেজহাউস বা মার্চেন্ট ব্যাংক বিনিয়োগকারীর শেয়ার বিক্রি করে দিতে পারেন। একে বলা হয় ফোসর্ড সেল।

না বুঝে এবং নিজের সক্ষমতার চেয়ে বেশি মার্জিন ঋণ নেওয়ার কারণে অনেক সময় বিনিয়োগকারীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অতীতে মার্জিন ঋণের অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে গ্রাহকের পাশাপাশি ঋণদাতা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে নানামুখী আলোচনা হয়েছে।

পুঁজিবাজার সংস্কারে গঠিত টাস্কফোর্স চলতি বছরের শুরুর দিকে বিএসইসির কাছে বেশ কিছু সুপারিশ জমা দিয়েছে। সেখানে মার্জিন ঋণের বিষয়ও রয়েছে। এতে ১০ লাখ টাকার কম বিনিয়োগ রয়েছে, এমন বিনিয়োগকারীদের মার্জিন ঋণ না দেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি যেসব বিনিয়োগকারীর নিয়মিত আয়ের কোনো উৎস নেই, তাঁদের জন্যও ঋণসুবিধা বন্ধের সুপারিশ করা হয়েছে। এ ছাড়া অবসরে থাকা বিনিয়োগকারী, গৃহিণী ও শিক্ষার্থীদেরও ঋণসুবিধার বাইরে রাখার প্রস্তাব করা হয়েছে। এর বড় কারণ হচ্ছে, এসব বিনিয়োগকারীর ঝুঁকি নেওয়ার সক্ষমতা কম। নিজের শেয়ারের দাম কমে গেলে বা বাজারে মন্দা দেখা দিলে মার্জিন কলে সাড়া দিয়ে বাড়তি টাকা জমা দেওয়া তাদের পক্ষে কঠিন। তাতে ফোর্সড সেলের খাড়ায় পড়ে সর্বস্বান্ত হয়ে যাওয়ার আশংকা থাকে। এর বাইরে মার্জিন ঋণ নিয়ে আর কিছু নেই।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

Distribution of Cash Dividend for fy 2023- 2024 of Olympic Industries Ltd

স্টক নিউজ বিডি January 7, 2025
0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের লভ্যাংশ ঘোষণা

  • ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক অন্তর্ভূক্তি

  • মুন্নু ফেব্রিকসের প্রথম প্রান্তিক প্রকাশ

  • ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

  • ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • মুন্নু ফেব্রিকসের প্রথম প্রান্তিক প্রকাশ

  • মুহাম্মাদ (সাঃ) জন্মগ্রহণের পূর্বে কেমন ছিল আরবের অবস্থা!

  • ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

  • ইবনে সিনার প্রথম প্রান্তিক প্রকাশ

  • যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেটর নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত হাসিব ফাতমি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য