Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

অর্থনীতি

রানারের বন্ডে মেটলাইফের ২৫৭ কোটি টাকা বিনিয়োগ

স্টক নিউজ বিডি August 3, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস লিমিটেডের ইস্যু করা দেশের প্রথম আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাসটেইনেবিলিটি বন্ডে ২৫৭ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) মেটলাইফ থেকে এ তথ্য জানানো হয়েছে। এ বিনিয়োগ বাংলাদেশের বন্ড বাজারের প্রবৃদ্ধিতে অবদান রাখবে এবং মেটলাইফের শক্তিশালী বিনিয়োগ পোর্টফোলিওকে আর দৃঢ় করবে বলে মনে করছে এ জীবন বিমা কোম্পানিটির কর্তৃপক্ষ।

এ বিনিয়োগের ফলে বর্তমানে দেশের আর্থিক খাতে মেটলাইফ বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগের পরিমাণ হচ্ছে ১৭ হাজার কোটি টাকার বেশি।

আন্তর্জাতিক প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপের অংশ গ্যারান্টকো বন্ডটির ঝুঁকি নিরসনে শতভাগ গ্যারান্টি দিয়েছে। এ লেনদেনে অ্যারেঞ্জার ও অ্যাডভাইজর হিসেবে রয়েছে গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড এবং ট্রাস্টি হচ্ছে ডিবিএইচ।

বিনিয়োগ প্রসঙ্গে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘বাংলাদেশে আমাদের বিনিয়োগ ধারাবাহিকভাবে বাড়ছে এবং দেশের প্রথম সাসটেইনেবিলিটি বন্ড চালুর অংশীদার হতে পেরে আমরা গর্বিত। এ যুগান্তকারী বিনিয়োগ বাংলাদেশের প্রবৃদ্ধি ও সমৃদ্ধি এবং সামনে আরও উন্নত আর্থিক বাজারে পরিণত হওয়ার সম্ভাবনার প্রতি আমাদের আস্থার বহিঃপ্রকাশ।’

রানার অটোমোবাইলস পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার চৌধুরী বলেন, ‘যাত্রা শুরুর পর থেকে রানার অটোমোবাইলস পিএলসি বাংলাদেশের অটোমোবাইল খাতে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি চালু করতে এবং পরিবহন খাতে টেকসই প্রভাব তৈরিতে ভূমিকা রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চলাচলের ক্ষেত্রে রানারের পরিবেশ-বান্ধব সমাধান সম্প্রসারণের পাশাপাশি দেশজুড়ে কমিউনিটি পর্যায়ে পরিবেশবান্ধব জ্বালানিনির্ভর প্রযুক্তির ব্যবহার বিস্তারে রানার ২৬৭ কোটি ৫০ কোটি টাকার টেকসই বন্ড ইস্যু করার জন্য গ্যারান্টকো’র সঙ্গে অংশীদারত্ব করেছে, যা বাংলাদেশের প্রথম আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাসটেইনিবিলিটি বন্ড।’

এ বন্ডের অর্থায়নের মাধ্যমে রানার অটোমোবাইলস তিন চাকার বাহন কিনতে আগ্রহী চালকদের জন্য ঋণ সুবিধা দিতে পারবে এবং একই সঙ্গে উৎপাদন সুবিধার জন্য কারখানার ছাদে ৪ মেগাওয়াট শক্তি সম্পন্ন সৌর প্ল্যান্ট নির্মাণ করবে। এ উদ্যোগটি প্রায় ৭ হাজার চালককে তিন চাকার গাড়ির মালিক হওয়ার সুযোগ করে দেবে, যার ফলে চালক এবং যানবাহন রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠানগুলোর জন্য আয়ের সম্ভাবনা তৈরি হবে। আশা করা হচ্ছে, এ তিন চাকার গাড়িগুলো বাংলাদেশের গ্রামীণ ও শহরাঞ্চলের প্রায় ৫০ হাজার মানুষের জন্য যাতায়াত সুবিধায় ভূমিকা রাখবে।

রানার অটোমোবাইলসের প্রধান কার্যালয়ে সম্প্রতি এ বন্ড লেনদেন সম্পন্ন করার একটি চুক্তি সই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেখানে রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, রানার অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার চৌধুরী, প্রধান আর্থিক কর্মকর্তা সানাত দত্ত এবং মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ ফিনান্সিয়াল অফিসার আলা উদ্দিন, গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. রফিকুল ইসলাম, গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) ফারজানা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সচেতনতা বাড়াতে বিনামূল্যে স্টেসেফ স্যানিটারি ন্যাপকিন বিতরণ

স্টক নিউজ বিডি August 3, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মেয়েদের পিরিয়ডকালীন সুরক্ষায় সচেতনতা বাড়াতে ছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড ‘স্টেসেফ’। বুধবার নরসিংদীর ঘোড়াশালে প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে বিনামূল্যে এ স্যানিটারি প্যাড বিতরণ করা হয়।

এ সময় ছাত্রীদের মাঝে পিরিয়ডকালীন সুরক্ষা বিষয়ক দিক-নির্দেশনা দিতে প্রশিক্ষণ কর্মশালারও আয়োজন করা হয়। নরসিংদীর সান হেলথ কেয়ারের ক্লিনিকাল কো-অর্ডিনেটর ড. ফাবলিহা জান্নাত লোপা শিক্ষার্থীদের মধ্যে নারীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক বিভিন্ন পরামর্শ দেন।

এ বিষয়ে স্টেসেফ স্যানিটারি ন্যাপকিনের হেড অব মার্কেটিং নুরুল হক পরশ বলেন, নারীদের পিরিয়ডকালীন সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে স্টেসেফ কাজ করছে। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন স্কুলে ছাত্রীদের জন্য স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, দেশে এখন মাত্র এক-তৃতীয়াংশ নারী পিরিয়ডকালীন সুরক্ষায় স্যানিটারি প্যাড ব্যবহার করে। বাকিরা অস্বাস্থ্যকর উপায় বেছে নেওয়ায় বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। তাই এ বিষয়ে সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ধারাবাহিকভাবে কমছে রূপালী লাইফের শেয়ার দাম

স্টক নিউজ বিডি July 29, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: কিছুদিন আগে লাফিয়ে লাফিয়ে বাড়লেও এখন ধারাবাহিকভাবে কমছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দাম। গেল সপ্তাহে শেয়ারবাজারে বেশিরভাগ বিমা কোম্পানির শেয়ার দাম বাড়লেও সম্পূর্ণ বিপরীত চিত্র ছিল এ জীবন বিমা কোম্পানিটির শেয়ারে। বিনিয়োগকারীদের বড় অংশই এ প্রতিষ্ঠানের শেয়ার কিনতে খুব একটা আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটি। এ মাধ্যমে টানা দুই সপ্তাহ কোম্পানিটি দাম কমার শীর্ষ স্থান দখল করলো।

গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৯ দশমিক ৪৬ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৩০ টাকা ৪০ পয়সা। এতে এক সপ্তাহেই কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে কমেছে ৯১ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৭৭৪ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ১২৫ টাকা ৮০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ১৫৬ টাকা ২০ পয়সা।

আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম কমে ২৭ দশমিক ৪২ শতাংশ। আর টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমে ৫৯ টাকা। এতে এক সপ্তাহেই কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে কমেছে ১৭৭ কোটি ৮ লাখ ৩৯ হাজার ৯২৪ টাকা। অর্থাৎ দুই সপ্তাহের পতনে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম কমেছে ৮৯ টাকা ৪০ পয়সা। আর সম্মিলিতভাবে কমেছে ২৬৮ কোটি ৩২ লাখ ৭২ হাজার ৬৯৮ টাকা।

এখন এমন দরপতন হলেও এর আগে প্রায় দুই মাস ধরে কোম্পানিটির শেয়ার দাম বাড়ে। গত ৭ মে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৯১ টাকা ২০ পয়সা। এরপর থেকে কোম্পানিটির শেয়ার দাম ধারাবাহিকভাবে বাড়তে থাকে। দফায় দফায় বেড়ে প্রতিটি শেয়ারের দাম ২৪৭ টাকা পর্যন্ত ওঠে। এর পর এখন কোম্পানিটির শেয়ার দাম কমতে দেখা যাচ্ছে।

শেয়ার দামে এমন উত্থান-পতন হওয়া কোম্পানিট সর্বশেষ ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০২০ সালে ১৩ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০১৯ সালে কোম্পানিটি ১২ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।

২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩০ কোটি ১ লাখ টাকা। আর শেয়ার সংখ্যা ৩ কোটি ১৪ হাজার ২৩৬টি। এর মধ্যে ৩২ দশমিক শূন্য ৭ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৩ দশমিক ৩৫ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ৫৮ শতাংশ শেয়ার আছে।

অন্যদিকে, দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৩ কোটি ৮৭ লাখ টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ১৬ কোটি ৭৭ লাখ টাকা।

রূপালী লাইফের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল মিডল্যান্ড ব্যাংক। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১২ দশমিক ৩৫ শতাংশ। ১০ দশমিক ৭৩ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে আজিজ পাইপ।

এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- নাভানা ফার্মাসিউটিক্যালসের ৯ দশমিক ৫৪ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক শূন্য ২ শতাংশ, আরডি ফুডের ৮ দশমিক ৯৫ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৮ দশমিক ৮৫ শতাংশ, ইয়াকিন পলিমারের ৮ দশমিক ৬০ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ২৭ শতংশ এবং ফার কেমিক্যালসের ৭ দশমিক ৪৪ শতাংশ দাম কমেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইসলামী ব্যাংক সিলেট জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন

স্টক নিউজ বিডি February 18, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর সিলেট জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১৮ ফেব্রুয়ারি শনিবার সিলেটের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

সম্মেলনে আরও বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, ডেভেলপমেন্ট উইং প্রধান মোঃ মাকসুদুর রহমান ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান এ.কে.এম মাহবুব মোরশেদ। স্বাগত বক্তব্য দেন সিলেট জোনপ্রধান মুহাম্মদ নুরুল হক। সম্মেলনে জোনের অধীন শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ ও এজেন্ট ব্যাংকিং আউটলেটসমূহের স্বত্বাধিকারীগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, এজেন্ট স্বত্বাধিকারীগণ ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ অংশ। ইসলামী ব্যাংকিং কার্যক্রম বিস্তারে এজেন্ট ব্যাংকিং উলে­খযোগ্য ভ’মিকা পালন করছে। তিনি আরো বলেন, ইসলামী ব্যাংকের আমানত ও বিনিয়োগ কার্যক্রমে এজেন্টদের কার্যক্রম আরো বেগবান করতে হবে।

তিনি এজেন্ট ব্যাংকিং কার্যক্রম আরো সহজ করতে প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের জন্য ব্যাংক কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। ব্যাংকিং এর সকল কার্যক্রমে ব্যাংকিং নীতিমালা ও শরিআহ নীতিমালা যথাযথ পরিপালনের জন্য তিনি এজেন্ট স্বত্বাধিকারীদের প্রতি আহবান জানান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হয়েছি: প্রধানমন্ত্রী

স্টক নিউজ বিডি November 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের একটি টিউবের পূর্তকাজ সমাপ্তির উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাস ও বিশ্বমন্দা পরিস্থিতির মধ্যেও আমরা আমাদের অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হয়েছি।

জমকালো উদ্বোধনের আগে শনিবার (২৬ নভেম্বর) সরকার টানেলের দক্ষিণ টিউবের নির্মাণ কাজের সমাপ্তি উদযাপন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের পতেঙ্গা প্রান্তে শনিবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যদিও টানেলের পুরো কাজ এখনো শেষ হয়নি। সম্পূর্ণ কাজ শেষ করতে আগামী ডিসেম্বর পুরো মাস লাগতে পারে। এরপর যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

তবে চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, সব কাজ শেষ করে টানেল প্রস্তুত হতে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে টানেল দিয়ে যান চলাচল করতে পারবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
অর্থনীতি

পহেলা জানুয়ারি শুরু হচ্ছে বাণিজ্যমেলা

স্টক নিউজ বিডি November 24, 2022

আগামী ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ)। এবারও রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে এই মেলা বসবে।

বুধবার (২৩ নভেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী এ তথ্য জানান।

ইফতেখার আহমেদ বলেন, আগামী বছরের ১ জানুয়ারি থেকে আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হবে। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ ও অন্যান্য দেশের একাধিক প্রতিষ্ঠান এতে অংশ নেবে। ইতোমধ্যে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া ও ভারত থেকে অনেক প্রতিষ্ঠান মেলায় অংশ নেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছে। আরও বহু দেশ অংশ নেওয়ার জন্য যোগাযোগ করছে। গতবারের চেয়ে এবার মেলায় দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সংখ্যা বেশি হবে। এ ছাড়া গতবারের তুলনায় এ বছর যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হয়েছে। আশা করছি, গতবারের চেয়ে এবারের মেলা অনেক ভালো হবে।

এর আগে, চলতি বছরের ১ জানুয়ারি প্রথমবারের মতো রাজধানীর পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন করা হয়। করোনাভাইরাসের মহামারির কারণে এর আগের দুইবছর (২০২০ ও ২০২১) বাণিজ্যমেলার আয়োজন করা সম্ভব হয়নি।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

প্রণোদনা বাড়ানো সত্ত্বেও বাংলাদেশে রেমিটেন্স প্রবাহে ধীর গতি

স্টক নিউজ বিডি October 11, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রণোদনা বাড়ানো সত্ত্বেও বাংলাদেশে রেমিটেন্স প্রবাহে ধীর গতি দেখা দিয়েছে। বাংলাদেশে চলতি মাসের প্রথম সপ্তাহে (২ থেকে ৬ অক্টোবর) রেমিটেন্স এসেছে ৩৫ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ডলার। মঙ্গলবার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে। সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছে ১৫৪ কোটি ডলার; যা ছিল গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন।

চলতি (২০২২-২৩) অর্থবছরে নগদ প্রণোদনা দুই শতাংশ থেকে বাড়িয়ে দুই দশমিক পাঁচ শতাংশ করা সত্ত্বেও, সেপ্টেম্বরে রেমিটেন্সের অভ্যন্তরীণ প্রবাহ কমে যায়। সেপ্টেম্বর রেমিটেন্স প্রবাহ কমার পর, অক্টোবরেও ধীর গতির প্রবনতা অব্যহত রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছেন, চলতি মাসের প্রথম ছয় দিনে ৩৫ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ডলার প্রবাসী আয় বাংলাদেশে এসেছে। তিনি বলেন, “বাংলাদেশ এখন পর্যন্ত ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রতিদিন গড়ে ছয় কোটি ডলার রেমিটেন্স পাচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে চলতি মাসের শেষ নাগাদ ১৮০ কোটি ডলার রেমিট্যান্স পাওয়া যাবে।”

বছর শুরু হয়েছিল অভ্যন্তরীণ রেমিটেন্স বৃদ্ধির প্রবণতা দিয়ে। জুলাই মাসে বাংলাদেশ ২০৯ কোটি ডলার এবং আগস্ট মাসে ২০৩ কোটি ডলার প্রবাসী আয় পেয়েছে। সেপ্টেম্বরে এসে আর সেই প্রবনতা থাকেনি।

আর্থিক খাতের পর্যবেক্ষকরা মনে করেন যে প্রবাসীরা অভ্যন্তরীণ রেমিটেন্সের জন্য হুন্ডিকে বেছে নিচ্ছেন। কারণ, ডলারের বিনিময় হার খুচরা বাজারে ৮ থেকে ১৪ টাকা বেশি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

জ্বালানি তেলের দাম লিটারে কমছে ৫ টাকা

স্টক নিউজ বিডি August 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার দিনগত রাত ১টা থেকে নতুন এ দাম কার্যকর হবে। রাতেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।

সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ নিশ্চিত করেছেন।

নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকা, কেরোসিন ১১৪ টাকা থেকে ১০৯ টাকা, অকটেন ১৩৫ টাকা থেকে ১৩০ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা থেকে কমে ১২৫ টাকা নির্ধারণ করেছে সরকার।

গত ৫ আগস্ট দিনগত রাত ১০টায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়ানোর সিদ্ধান্ত জানানো হয়। ওইদিনই রাত ১২টার পর থেকে নতুন দাম কার্যকর হয়।

নতুন দাম অনুযায়ী, ৫ আগস্ট দিনগত রাত ১২টার পর থেকে ভোক্তা পর্যায়ে লিটার প্রতি ডিজেল ৮০ টাকা থেকে ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, কেরোসিন ৩৪ টাকা বেড়ে ১১৪ টাকা, অকটেন ৪৬ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং পেট্রোল ৪৬ টাকা বাড়িয়ে ১৩০ টাকা দরে বিক্রি শুরু হয়।

২০২১ সালের ৪ নভেম্বর ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছিল সরকার। তখন এ দুই ধরনের জ্বালানির দাম লিটারপ্রতি ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়। তবে ওই সময় পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। এর আট মাস পর গত ৫ আগস্ট দেশের বাজারে সব ধরনের জ্বালানির দাম বাড়ানো হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিআইএফসি

বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষে বিআইএফসি

স্টক নিউজ বিডি August 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স (বিআইএফসি)। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষস্থান দখল করেছে প্রতিষ্ঠানটি।

সবশেষ সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১৬ দশমিক ৮১ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ২ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ৯ টাকা ৯০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ১১ টাকা ৯০ পয়সা।

অবশ্য এই দরপতনের আগে কোম্পানিটির শেয়ার দাম প্রায় এক মাস ধরে বাড়ে। এতে এক মাসের মধ্যে কোম্পানিটির শেয়ার দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়। গত ১৪ জুলাই বাংলাদেশ ইন্ডিস্ট্রিয়াল ফাইন্যান্সের শেয়ারের দাম ছিল ৬ টাকা ২০ পয়সা। সেখান থেকে টানা বেড়ে ৪ আগস্ট প্রতিটি শেয়ারের দাম ১২ টাকা ৭০ পয়সায় ওঠে। এরপর থেকেই কোম্পানিটির শেয়ার দাম কমতে শুরু করে।

শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি লোকসানে নিমজ্জিত থাকায় দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিচ্ছে না। সর্বশেষ ২০১৩ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়। এরপর আর কোনো লভ্যাংশ দেয়নি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সর্বশেষ ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কোম্পানিটি শেয়ার প্রতি ১২ টাকা ২০ পয়সা লোকসান করেছে।

একদিকে লোকসানে নিমজ্জিত হয়ে পড়া, অন্যদিকে বছরের পর বছর ধরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেওয়া কোম্পানিটির শেয়ারের দাম বাড়াকে অস্বাভাবিক বলে বিনিয়োগকারীদের সতর্ক করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। তবে ডিএসইর সতর্ক বার্তাও কোম্পানিটির শেয়ার দাম বাড়ার প্রবণতা দেখা যায়। কিন্তু অস্বাভাবিক দাম বাড়ার পর এখন আবার দাম কমতে দেখা যাচ্ছে।

এদিকে দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কিনতে খুব একটা আগ্রহী হয়নি। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে এক কোটি ৭৯ লাখ ৫৮ হাজার টাকা। এতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৩৫ লাখ ৯১ হাজার টাকা।

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১০ দশমিক ৭৭ শতাংশ। ৮ দশমিক ২২ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস।

এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা সোনারগাঁও টেক্সটাইলের দাম কমেছে ৭ দশমিক ৮৬ শতাংশ। কেডিএস এক্সসরিজের ৭ দশমিক ৭৪ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ৭ দশমিক ১৬ শতাংশ, জুট স্পিনার্সের ৭ দশমিক ১০ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৭ দশমিক শূন্য ৮ শতাংশ, এমারেল্ড অয়েলের ৫ দশমিক ৬৬ শতাংশ এবং সি অ্যান্ড এ টেক্সটাইলের ৫ দশমিক ৪৫ শতাংশ দাম কমেছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
orion_infusion

বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

স্টক নিউজ বিডি August 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গেলো সপ্তাহ কিছুটা ঊর্ধ্বমুখীতার মধ্যদিয়ে পার করেছে দেশের শেয়ারবাজার। এ ঊর্ধ্বমুখী বাজারে সপ্তাহজুড়েই দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে ওরিয়ন ইনফিউশন। এ কোম্পানিটির শেয়ার এক শ্রেণির বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে থাকায় সপ্তাহজুড়েই দাম বেড়েছে। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে কোম্পানিটি।

গেলো সপ্তাহজুড়ে ওরিয়ন ইনফিউশনের শেয়ার দাম বেড়েছে ৫০ দশমিক ৮৯ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ৭৪ টাকা ২০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২২০ টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ১৪৫ টাকা ৮০ পয়সা।

কোম্পানিটির শেয়ারের এ দাম বাড়ানোকে অস্বাভাবিক বলছে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসই। এ জন্য বিনিয়োগকারীদের সতর্ক করে প্রতিষ্ঠানটি বার্তাও প্রকাশ করেছে। কিন্তু তারপরও কোম্পানিটির শেয়ার দাম বাড়ার প্রবণতা থামেনি।

গত ৪ আগস্ট ডিএসই থেকে বিনিয়োগকারীদের জানানো হয়, কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠানো হয়। তার উত্তরে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে— সম্প্রতি কোম্পানিটির শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে এবং লেনদেন বেড়েছে তার পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদশীল তথ্য নেই।

ডিএসই থেকে যখন বিনিয়োগকারীদের সতর্ক করে বার্তা প্রকাশ করা হয়, সেসময় কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ১২৫ টাকা ৫০ পয়সা। অর্থাৎ ডিএসই থেকে সতর্ক বার্তা প্রকাশের পর কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৯৪ টাকা ৫০ পয়সা।

শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি সর্বশেষ ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বছরেও কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। তার আগে ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের ১৪ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।

সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি ২০২১ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত নয় মাসের ব্যবসায় শেয়ারপ্রতি ১ টাকা ১২ পয়সা মুনাফা করেছে। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ২৬ পয়সা।

এদিকে দাম বাড়ায় বিনিয়োগকারীদের একটি অংশ তাদের কাছে থাকা কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১১ কোটি ৪৮ লাখ ৬৪ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ২২ কোটি ২৯ লাখ ৭২ হাজার টাকা।

২০ কোটি ৩৬ লাখ টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৩ লাখ ৫৯ হাজার ৭৬০টি। এর মধ্যে ৪০ দশমিক ৬১ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৩৯ দশমিক ৮২ শতাংশ। আর ১৯ দশমিক ২৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং দশমিক ২৯ শতাংশ আছে বিদেশি বিনিয়োগকারীদের কাছে।

গেলো সপ্তাহে দাম বাড়ার শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেট্রো স্পিনিংয়ের শেয়ার দাম বেড়েছে ৫০ দশমিক ৩৯ শতাংশ। ৩১ দশমিক ৫৯ শতাংশ দাম বাড়ার মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং।

এছাড়া দাম বাড়ার শীর্ষ দশে স্থান করে নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউনিয়ন ক্যাপিটালের ২৮ দশমিক ৫৭ শতাংশ, বাংলাদেশ মনোস্পুল পেপার প্রসেসিং ২৫ দশমিক ৪৯ শতাংশ, রতনপুর স্টিল রি-রোলিং মিলসের ২৪ দশমিক ১২ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্টের ২৩ দশমিক ৬৫ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ২৩ দশমিক ১০ শতাংশ, অ্যাপেক্স ফুডসের ২২ দশমিক ৩৩ শতাংশ এবং ফারইস্ট নিটিংয়ের ২২ দশমিক ২২ শতাংশ দাম বেড়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের আকুতি, সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য