Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

আজকের খবর

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে ডিবিএ–এর বৈঠক অনুষ্ঠিত

স্টক নিউজ বিডি June 10, 2026

দেশের পুঁজিবাজার, ব্যাংকিং খাত ও সামগ্রিক আর্থিক ব্যবস্থার উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিতকরণে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেল ৩:০০ ঘটিকায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে প্রেসিডেন্ট সাইফুল ইসলাম–এর নেতৃত্বে ডিবিএ’র পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। বৈঠকে দেশের বর্তমান পুঁজিবাজার পরিস্থিতি, ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং আর্থিক খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে ডিবিএ’র পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিকট একটি সমন্বিত নীতিগত প্রস্তাবনা দাখিল করা হয়। প্রস্তাবনাগুলোর মধ্যে ছিল–

১। সমস্যাগ্রস্ত ব্যাংকের বাজারভিত্তিক পুনর্গঠন

ডিবিএ মনে করে, করদাতার অর্থ ব্যবহার করে বারবার ব্যাংক পুনঃমূলধনীকরণ দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য ইতিবাচক নয়। তাই বাজারভিত্তিক বিনিয়োগ, একীভূতকরণ ও বেসরকারি অংশগ্রহণের মাধ্যমে সমস্যাগ্রস্ত ব্যাংক পুনর্গঠন করা প্রয়োজন।

২। বৃহৎ ঋণগ্রহীতাদের পুঁজিবাজারে অংশগ্রহণ

ডিবিএ’র মতে, বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র ব্যাংক ঋণের উপর নির্ভরশীল হওয়ায় ব্যাংকিং খাতে ঝুঁকি বাড়ছে। বন্ড ও ইক্যুইটির মাধ্যমে অর্থ সংগ্রহ বাধ্যতামূলক করা হলে পুঁজিবাজার শক্তিশালী হবে এবং ব্যাংকের উপর চাপ কমবে।

৩। সরকারি সিকিউরিটিজে নন-কম্পিটিটিভ বিড বৃদ্ধি

ডিবিএ মনে করে, সরকারি সিকিউরিটিজে সাধারণ বিনিয়োগকারী, ব্রোকার ও নন-পিডি ব্যাংকের অংশগ্রহণ বাড়ানো হলে বাজারে তারল্য ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধি পাবে।

৪। আয়কর আইন ও মূলধন সংরক্ষণ নীতির অসামঞ্জস্য দূরীকরণ

ডিবিএ’র বক্তব্য অনুযায়ী, রিটেইনড আর্নিংস ও স্টক ডিভিডেন্ডের উপর অতিরিক্ত কর আরোপ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মূলধন শক্তিশালীকরণে বাধা সৃষ্টি করছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের মধ্যে সমন্বয় প্রয়োজন।

৫। বন্ড খেলাপি তথ্য সিআইবিতে অন্তর্ভুক্তি

ডিবিএ মনে করে, বন্ড খেলাপিদের তথ্য সিআইবিতে অন্তর্ভুক্ত করা হলে আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং খেলাপি সংস্কৃতি হ্রাস পাবে।

৬। শেয়ারবাজারে টি+১ সেটেলমেন্ট চালু

ডিবিএ’র মতে, শেয়ারবাজারে টি+১ সেটেলমেন্ট চালু হলে লেনদেনের ঝুঁকি কমবে, বিনিয়োগকারীদের অর্থ দ্রুত পুনঃবিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে এবং আন্তর্জাতিক মানের সাথে দেশের বাজারের সামঞ্জস্য বৃদ্ধি পাবে।

৭। সমন্বিত ডিজিটাল পেমেন্ট সিস্টেম (BUPI)

ডিবিএ মনে করে, দেশীয় সমন্বিত ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম চালু হলে আন্তর্জাতিক গেটওয়ের উপর নির্ভরতা কমবে, লেনদেন ব্যয় হ্রাস পাবে এবং ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি পাবে।

৮। ওপেন-এন্ড মিউচ্যুয়াল ফান্ডে ব্যাংকের বিনিয়োগসীমা বৃদ্ধি

ডিবিএ’র মতে, ওপেন-এন্ড মিউচ্যুয়াল ফান্ডে ব্যাংকের বিনিয়োগসীমা বৃদ্ধি করা হলে মিউচ্যুয়াল ফান্ড খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়বে এবং বাজারে স্থিতিশীলতা ও তারল্য বৃদ্ধি পাবে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডিবিএ’র প্রস্তাবনাগুলো গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস প্রদান করেন এবং দেশের আর্থিক খাতের উন্নয়নে সকল অংশীজনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

ডিবিএ প্রেসিডেন্ট জনাব সাইফুল ইসলাম দেশের আর্থিক খাত ও পুঁজিবাজারের উন্নয়নে ইতিবাচক নেতৃত্ব এবং গৃহীত সংস্কারমূলক উদ্যোগসমূহের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি দেশের পুঁজিবাজারের উন্নয়ন, সংস্কার ও স্থিতিশীলতা নিশ্চিতকরণে অতীতের ন্যায় ভবিষ্যতেও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার এবং সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাংলাদেশ

২১ বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের

স্টক নিউজ বিডি June 9, 2026

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইতিহাস গড়লো বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। এই জয় এলো ২১ বছর পর। 

২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়াকে প্রথম হারের লজ্জা দিয়েছিল টাইগাররা। ঐ ম্যাচ ৫ উইকেটে জয়ের পর অসিদের বিপক্ষে ওয়ানডেতে আর কখনও জিততে পারেনি বাংলাদেশ। এখন পর্যন্ত টেস্টে একবার ও টি-টোয়েন্টিতে চারবার অস্ট্রেলিয়াকে হারিয়েছে টাইগাররা। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ১০ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান। অস্ট্রেলিয়া পেসার নাথান এলিসের শিকার হয়ে ৫ রানে ফেরেন সাইফ।

দ্বিতীয় উইকেটে দারুণ জুটিতে বাংলাদেশের স্কোর শতরানে নেন তানজিদ ও তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত। জুটিতে ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম হাফ-সেঞ্চুরি তুলে থামেন তানজিদ। এলিসের দ্বিতীয় শিকার হবার আগে ৭টি চার ও ১টি ছক্কায় ৪৪ বলে ৫৪ রান করেন তিনি। এ বছর ৭ ওয়ানডে খেলে চতুর্থ অর্ধশতকের দেখা পেলেন তানজিদ।

দলীয় ১০৬ রানে তানজিদ ফেরার পর ক্রিজে আসেন লিটন দাস। তার সাথে ১৯ রানের জুটিতে ওয়ানডেতে ১২তম অর্ধশতকের দেখা পান শান্ত। 

চার নম্বরে নেমে সুবিধা করতে পারেননি লিটন। মাত্র ৭ রানে অস্ট্রেলিয়া স্পিনার ম্যাট রেনশর বলে আউট হন তিনি। 

হাফ-সেঞ্চুরির পর ইনিংস বড় করার চেষ্টায় ছিলেন শান্ত। কিন্তু বেশি দূর যেতে পারেননি তিনি। রেনশর দ্বিতীয় শিকার হওয়ার আগে ৯টি চার ও ১টি ছক্কায় ৮৬ বলে ৬৭ রানে থামেন শান্ত। 

দলীয় ১৪০ রানে চতুর্থ উইকেট পতনের পর বাংলাদেশের রানের চাকা ঘুরিয়েছেন তাওহিদ হৃদয় ও সাড়ে তিন বছর পর ওয়ানডে খেলতে নামা মোসাদ্দেক। ৯০ বলে ৭৫ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তারা। ৫১ বলে ৩১ রানে বিদায় নেন হৃদয়। তবে অন্য প্রান্তে ৪৯ বলে ওয়ানডে চতুর্থ হাফ-সেঞ্চুরির দেখা পান ব্যক্তিগত ২২ রানে ক্যাচ দিয়ে জীবন পাওয়া মোসাদ্দেক। 

মোসাদ্দেকের হাফ-সেঞ্চুরির পর অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ৩ ও তানভীর ইসলাম ৫ রানে আউট হলে ৪৫তম ওভারে ২৩৯ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। 

এরপর অষ্টম উইকেটে তাসকিন আহমেদকে নিয়ে ৩৩ বলে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশকে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রানের সংগ্রহ এনে দেন মোসাদ্দেক।

৭টি চার ও ৩টি ছক্কায় ৭০ বলে অপরাজিত ৮৬ রান করেন ক্যারিয়ার সেরা ইনিংস খেলা মোসাদ্দেক। ২ চার ও ১ ছক্কায় ১৬ বলে ২০ রানে আউট হন তাসকিন। 

অস্ট্রেলিয়ার এলিস ৩টি, লিয়াম স্কট ও রেনশ ২টি করে উইকেট নেন। 

জবাব দিতে নেমে ইনিংসের প্রথম ডেলিভারিতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। বাংলাদেশ পেসার তাসকিন আহমেদের বলে বোল্ড হন ম্যাথু শর্ট। পরের ওভারে অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেট তুলে নেন পেসার মুস্তাফিজুর রহমান। মার্নাস লাবুশেনকে ১ রানে থামিয়ে দেন ফিজ।

তৃতীয় উইকেটে ৪৯ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন কুপার কনোলি ও অধিনায়ক জশ ইংলিশ। ১১তম ওভারে ইংলিশকে ব্যক্তিগত ১৯ রানে থামিয়ে জুটি ভাঙেন বাংলাদেশ পেসার নাহিদ রানা। 

৫১ রানে তৃতীয় উইকেট পতনের পর জুটি গড়ার চেষ্টা করেছিলেন কনোলি ও অ্যালেক্স ক্যারি। ৪০ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারা। ৩৫ রান করা কনোলিকে বোল্ড করেন স্পিনার মোসাদ্দেক। 

কনোলি ফেরার পর পেসার নাহিদ রানার তোপ ও মোসাদ্দেকের ঘূর্ণিতে ১৫৬ রানে নবম উইকেট হারিয়ে বড় হারের লজ্জার মুখে পড়ে অস্ট্রেলিয়া। তবে নবম উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন ক্যামেরুন গ্রিন ও এডাম জাম্পা। জুটি ৩৪ বলে ৩৫ রান তোলার পর বজ্র ও বৃষ্টিতে বন্ধ হয় খেলা। এ সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৪২ দশমিক ২ ওভারে ৯ উইকেট ১৯১ রান। 

পরবর্তীতে বৃষ্টি না থামলে এক ঘণ্টা পর বৃষ্টি আইনে ৮৬ রানে জয় পায় বাংলাদেশ। ব্যাট হাতে অনবদ্য ৮৬ রান ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মোসাদ্দেক।

আগামী ১১ জুন মিরপুরে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

স্টক নিউজ বিডি June 9, 2026

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সাম্প্রতিক সময়ে ইরানসহ মধ্যপ্রাচ্যে সংঘাত ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে সরকারের ভর্তুকি ব্যয়ের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুন পর্যন্ত শুধু এ চার খাতে প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকা অতিরিক্ত ভর্তুকির প্রয়োজন হতে পারে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে এ তথ্য জানিয়েছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

বিএনপির সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, চার খাতের মধ্যে তেলে প্রায় ১০ হাজার ২৫৮ কোটি টাকা, গ্যাসে ১১ হাজার ১৭০ কোটি টাকা, বিদ্যুতে ১৯ হাজার ৮২১ কোটি টাকা এবং সারে প্রায় ১ হাজার ৩৫০ কোটি টাকার অতিরিক্ত ব্যয়ের প্রয়োজন হতে পারে। তা সত্ত্বেও সরকার সাধারণ জনগণ, কৃষি ও উৎপাদন খাতকে সুরক্ষা দিতে প্রয়োজনীয় নীতিগত ও আর্থিক সহায়তা অব্যাহত রেখেছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতা বাংলাদেশের অর্থনীতির জন্য তাৎক্ষণিক ও সম্ভাব্য উভয় ধরনের ঝুঁকি সৃষ্টি করেছে। এখন পর্যন্ত এ প্রভাব প্রধানত জ্বালানি, সার, আমদানি ব্যয়, পরিবহন ব্যয়, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, প্রবাসী আয় এবং বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে বেশি দৃশ্যমান। তবে খাতভিত্তিক প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ভরযোগ্যভাবে নিরূপণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার তথ্য সমন্বয় করা প্রয়োজন।

অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, এলএনজি ও সারের মূল্য বৃদ্ধি পাওয়ায় আমদানি ব্যয় ও উৎপাদন ব্যয়ের ওপর চাপ সৃষ্টি হয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধি বিদ্যুৎ, পরিবহন, কৃষি ও শিল্প খাতের ব্যয় বাড়াতে পারে, যা পরোক্ষভাবে বাজারদর ও মূল্যস্ফীতির ওপর প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্য বাংলাদেশের প্রবাসী কর্মীদের গুরুত্বপূর্ণ গন্তব্য হওয়ায় দীর্ঘস্থায়ী অস্থিরতা বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী আয়প্রবাহের ক্ষেত্রেও ঝুঁকি তৈরি করতে পারে।

সরকার এ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, জ্বালানি আমদানির উৎস বহুমুখীকরণ, স্থানীয় গ্যাস অনুসন্ধান, প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় সতর্কতা এবং বিকল্প শ্রমবাজার অনুসন্ধানের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। খাতভিত্তিক ক্ষতির নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেলে সরকার প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আস্থা ফেরাতে বড় সংস্কারের ঘোষণা নতুন বিএসইসি কমিশনের

স্টক নিউজ বিডি June 7, 2026

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান পুঁজিবাজারে আস্থা পুনর্গঠন, সুশাসন প্রতিষ্ঠা এবং দীর্ঘমেয়াদি মূলধন বাজার গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক সংস্কার কর্মসূচির ঘোষণা দিয়েছেন। রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী-নির্ভর সীমান্ত বাজার থেকে একটি স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ-নির্ভর উদীয়মান বাজারে রূপান্তর করাই নতুন কমিশনের প্রধান লক্ষ্য।

চেয়ারম্যান বলেন, গত কয়েক বছরে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা দুর্বল হয়েছে, বিদেশি বিনিয়োগ কমেছে এবং অনেক ভালো কোম্পানি বাজারে আসতে অনাগ্রহ দেখিয়েছে। ফলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে পুঁজিবাজারের বিকাশ ঘটেনি।

তিনি জানান, কমিশন “স্মার্ট রেগুলেশন” বা আরও কার্যকর ও ঝুঁকিভিত্তিক নিয়ন্ত্রক কাঠামো গড়ে তুলবে। অপ্রয়োজনীয় রিপোর্টিং, অনুমোদন ও কমপ্লায়েন্স ব্যয় কমিয়ে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতিমালা প্রণয়ন করা হবে। ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদনসহ বিভিন্ন রিপোর্টিং বাধ্যবাধকতাও পুনর্মূল্যায়ন করা হবে।

পুঁজিবাজারের ডিজিটাল রূপান্তরকে অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আইপিও, রাইটস ইস্যু, বন্ড, সুকুক, লাইসেন্সিং ও নিয়ন্ত্রক দাখিলপত্রসহ বিভিন্ন কার্যক্রম পর্যায়ক্রমে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তর করা হবে।

বাজারে ভালো মানের সিকিউরিটিজের ঘাটতি দূর করতে বহুজাতিক কোম্পানি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে একটি কার্যকর ডাইরেক্ট লিস্টিং কাঠামো চালুর কথাও জানান তিনি।

চেয়ারম্যান বলেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতে সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে সমন্বয়ে “লিস্টেড কোম্পানি অ্যাডভান্টেজ প্রোগ্রাম” চালুর উদ্যোগ নেওয়া হবে। এর আওতায় কর সুবিধা, দ্রুত অনুমোদন এবং সহজতর মূলধন সংগ্রহের সুযোগ থাকতে পারে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে মিউচুয়াল ফান্ড, বীমা কোম্পানি, প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি ফান্ডের ভূমিকা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে মিউচুয়াল ফান্ড খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন।

বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য তথ্য প্রকাশের মান উন্নয়ন, সুশাসন জোরদার এবং বিনিয়োগকারীদের জন্য বাজারে প্রবেশ ও মুনাফা প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান চেয়ারম্যান।

বাজার তদারকি ও আইন প্রয়োগ বিষয়ে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে তিনি বলেন, ইনসাইডার ট্রেডিং, সার্কুলার ট্রেডিং, ওয়াশ ট্রেড, পাম্প-অ্যান্ড-ডাম্প স্কিম এবং অন্যান্য কারসাজিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএসইসি, ডিএসই, সিএসই এবং সিডিবিএলকে সমন্বিত করে আধুনিক রিয়েল-টাইম নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হবে।

তিনি স্পষ্টভাবে বলেন, কমিশনের লক্ষ্য মূল্য নিয়ন্ত্রণ নয়, বরং ন্যায্য মূল্য আবিষ্কার ও তথ্যের সমান প্রাপ্যতা নিশ্চিত করা। “মূল্য নির্ধারণ করবে বাজার, কারসাজি নয়”—উল্লেখ করেন তিনি।

বিনিয়োগকারী সুরক্ষাকে কমিশনের কেন্দ্রীয় নীতি হিসেবে উল্লেখ করে চেয়ারম্যান বলেন, তথ্য প্রকাশের মান উন্নয়ন, অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা শক্তিশালীকরণ এবং বিনিয়োগকারী শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে তিনি জানান, দীর্ঘমেয়াদে ফ্লোর প্রাইস কোনো স্থায়ী বাজারব্যবস্থা হতে পারে না এবং ভবিষ্যতে নতুন করে ফ্লোর প্রাইস আরোপ করা হবে না; বিদ্যমান ফ্লোর প্রাইসও ধাপে ধাপে প্রত্যাহার করা হবে।

সংবাদ সম্মেলনের শেষাংশে চেয়ারম্যান বলেন, নতুন কমিশনের মূল লক্ষ্য হলো পুঁজিবাজারে হারানো আস্থা ফিরিয়ে আনা। তিনি বলেন, “আস্থা আসে ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা, ধারাবাহিকতা এবং জবাবদিহিতা থেকে। আমরা এমন একটি পুঁজিবাজার গড়ে তুলতে চাই, যা বিনিয়োগকারীদের জন্য ন্যায়সঙ্গত, ইস্যুকারীদের জন্য আকর্ষণীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বিশ্বাসযোগ্য।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও রাষ্ট্রদূত এম. মুনির-উজ-জামানের ইন্তেকাল

স্টক নিউজ বিডি May 30, 2026

এম. মুনির-উজ-জামান, ১৯৫৮ ব্যাচের প্রাক্তন সিএসপি এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও রাষ্ট্রদূত, গতকাল ১০ই জিলহজ, ২৮শে মে, দুপুর ২:০০ ঘটিকায় বার্ধক্যজনিত জটিলতায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

তাঁর দুঃখজনক মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক, কৃতি গুণী শীর্ষ আমলা, কূটনীতিক এবং মাটির এক যোগ্য সন্তানকে হারালো। দেশের আমলাতন্ত্র তাঁর জীবনব্যাপী অবদানকে সর্বদা স্মরণ করবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের উইলিয়ামস কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন। জাতীয় স্বার্থকে সবার উপরে স্থান দেওয়ার ক্ষেত্রে তাঁর আপসহীন অবদানের জন্য তিনি পরিচিত ছিলেন। তিনি ১৯৫৮ ব্যাচের একজন গর্বিত বাঙালি হিসেবে পাকিস্তানের তৎকালীন অভিজাত সিভিল সার্ভিসে তাঁর বর্ণাঢ্য কর্মজীবন শুরু করেন।

স্বাধীনতাপূর্ব বাংলাদেশে তিনি কিশোরগঞ্জের এসডিও, কুমিল্লার এডিসি, বগুড়ার ডিসি, পাকিস্তান সরকারের বৈদেশিক অর্থ বিভাগের উপ-সচিব, ইপিএসসিআইসি-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্বাধীনতাপরবর্তী বাংলাদেশে তিনি শীর্ষ পর্যায়ে উন্নীত হয়ে বিদ্যুৎ, পানি, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বৈদেশিক সম্পদ বিভাগ (বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) সহ অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ দপ্তরে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পর তিনি বিশ্বব্যাংক গ্রুপে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করেন। পরবর্তীতে, তিনি সাবেক মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার হোয়াইট পেপার সেলের প্রধান পরামর্শক এবং সবশেষে পূর্ণ অবসরে যাওয়ার আগে ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন ব্রিটিশ বাংলার বিধানসভার প্রাক্তন বিধায়ক মরহুম এম. তোফাজ্জল হোসেন এবং যশোরের চৌগাছার কলকাতায় শিক্ষিত এক প্রখ্যাত জমিদারের জ্যেষ্ঠ পুত্র। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী, দুই পুত্র, পাঁচ নাতি-নাতনি এবং পাঁচ প্রপৌত্র -প্রপৌত্রী রেখে গেছেন।

তাঁর প্রথম জানাজার নামাজ আজ শুক্রবার, ২৯শে মে, বাদ জুম্মা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

অর্থনৈতিক উন্নয়ন এবং কুটির শিল্প বিকাশে মিডল্যান্ড ব্যাংকের চুক্তি স্বাক্ষর

স্টক নিউজ বিডি May 20, 2026

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) বাংলাদেশ ব্যাংকের BDT ৩,০০০ কোটি টাকার ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম এবং BDT ১,৫০০ কোটি টাকার ফাইন্যান্সিয়াল সেক্টর ফান্ড ফর দ্য ডেভেলপমেন্ট অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস (FSFDMSME) বাস্তবায়নের লক্ষ্যে একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে। এই উদ্যোগের মাধ্যমে সারাদেশে ক্লাস্টারভিত্তিক ও CMSME উদ্যোক্তাদের টেকসই উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টিতে সহায়তা প্রদান করা হবে।


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ১৮ মে ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব নুরুন নাহার। বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের পরিচালক জনাব নওশাদ মোস্তফা এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর ও দলিল বিনিময় করেন।

চুক্তির আওতায় মিডল্যান্ড ব্যাংক পিএলসি. বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্স স্কিমের অধীনে ৭% সুদ হারে যোগ্য ক্লাস্টার উদ্যোক্তা ও CMSME প্রতিষ্ঠানসমূহকে অর্থায়ন সুবিধা প্রদান করবে। ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও উন্নয়নে সহায়তার জন্য টার্ম লোন এবং ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং সুবিধা প্রদান করা হবে।

এই উদ্যোগ দেশের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী CMSME খাতকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনের প্রধান জনাব মোহাম্মদ জাভেদ তারেক খান, এসএমই ডিভিশনের প্রধান জনাব আহসান জামিল হোসেনসহ বাংলাদেশ ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা

স্টক নিউজ বিডি May 20, 2026

দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা। তারা হলেন: রাজধানীর দক্ষিণ খানের ব্যবসায়ি মাহমুদুল হাসান এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া গ্রামের গৃহবধূ আফরোজা বেগম। দেশজুড়ে চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর আওতায় এই সুবিধা পান তারা। ঈদুল আজহার আগে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা করে পাওয়ায় আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে তাদের পরিবার।

এর আগে ক্যাম্পেইনের চলতি সিজনে ওয়ালটনের ফ্রিজ ও এসি কিনে মিলিয়নিয়ার হয়েছেন বান্দরবানের সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের কুদ্দুস হাওলাদার এবং নরসিংদীর গৃহবধূ তাহমিনা আক্তার।

মঙ্গলবার (১৯ মে, ২০২৬) রাজধানীর উত্তরার গরিবে নেওয়াজ ওয়ালটন প্লাজা কর্তৃক আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে মাহমুদুল হাসানের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ-আল-মামুন। এর আগে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ওয়ালটন প্লাজা শাখার আয়োজিত পৃথক অনুষ্ঠানে ক্রেতা আফরোজা বেগমের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেয়া হয়।

পৃথকভাবে আয়োজিত এসব অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে চলতি বছরের ৮ এপ্রিল থেকে সারাদেশে শুরু হয়েছে ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’। এর আওতায় দেশজুড়ে ওয়ালটন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি সিলিং ফ্যান কেনার পর সংশ্লিষ্ট ক্রেতার নাম, মোবাইল নাম্বার ও পণ্যের বারকোড নাম্বার ডিজিটাল রেজিস্ট্রেশন করা হচ্ছে। রেজিস্ট্রেশন সম্পন্ন হতেই ক্রেতারা মোবাইলে ওয়ালটন থেকে মিলিয়নিয়ার অর্থাৎ নগদ ১০ লাখ টাকা, লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার, আর্জেন্টিনার ফ্যান জার্সিসহ নিশ্চিত উপহার পাওয়ার ম্যাসেজ পাচ্ছেন। সংশ্লিষ্ট প্লাজা বা পরিবেশ শোরুম ক্রেতাদের হাতে প্রাপ্ত উপহার তুলে দিচ্ছেন।

এরই ধারাবাহিকতায় চলতি মাসে ক্রেতা মাহমুদুল হাসান রাজধানীর উত্তরায় গরিবে নেওয়াজ ওয়ালটন প্লাজা থেকে ৬৫২ লিটারের একটি ফ্রিজ এবং ক্রেতা আফরোজা বেগম নাটোরের দয়ারামপুর ওয়ালটন প্লাজা শাখা থেকে ৩১২ লিটারের ফ্রিজ কেনার পর ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন হতেই তাদের মোবাইলে নগদ ১০ লাখ টাকা পাওয়ার ম্যাসেজ পান।

রাজধানীর উত্তরায় আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ-আল-মামুন বলেন, “দেশীয় ব্র্যান্ডের প্রতি গ্রাহকদের আস্থা ও ভালোবাসাতে ওয়ালটন শুধু দেশের শীর্ষ ও টেক জায়ান্ট প্রতিষ্ঠানই হয়ে উঠেনি; বিশ্বের ৫৫টিরও বেশি দেশে পণ্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের কাছে নতুনভাবে পরিচিত করছে। দেশীয় ক্রেতা ও সমাজের প্রতি দায়বদ্ধতার প্রেক্ষিতে ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে ওয়ালটন পণ্যের ক্রেতাদের মিলিয়নিয়ার হওয়ার সুযোগসহ সর্বোচ্চ ক্রেতা সুবিধা প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে ডিজিটাল ক্যাম্পেইনের বিভিন্ন সিজনে ওয়ালটন পণ্য কিনে মিলিয়নিয়ার হয়েছেন অর্ধ-শতাধিক।

ক্রেতা। তাদের অনেকেই ওয়ালটন থেকে পাওয়া ১০ লাখ টাকায় ভাগ্য উন্নয়ন ঘটিয়েছে। যা প্রমাণ করেছে-ওয়ালটন শুধু ব্যবসাই করছে না; গ্রাহকদের আর্থ-সামাজিক উন্নয়নেও ব্যাপক ভূমিকা রাখছে।”

নাটোরে আয়োজিত অনুষ্ঠানে ক্রেতা আফরোজা বেগম আবেগাপ্লুত কন্ঠে বলেন, ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাবো তা স্বপ্নেও ভাবিনি। এটা আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত। পণ্য ক্রয়ে আমার মতো সাধারণ ক্রেতাদের এতো বড় সুবিধা দেয়ায় ওয়ালটন ব্র্যান্ডের প্রতি আস্থা ও ভালোবাসা আরও বেড়ে গেলে। ক্রেতাদের দেয়া প্রতিশ্রুতি শতভাগ রক্ষা করায় ওয়ালটন কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত, ৯ সদস্যের কমিটি ঘোষণা

স্টক নিউজ বিডি May 9, 2026

নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মিডিয়া সেল ও মিডিয়া সেল ঢাকা-১৭-এর যৌথ উদ্যোগে এক প্রাক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে ২০২৬) বিকাল ৫টায় ঢাকার বনানীস্থ ব্লক-কে, ২৮ নম্বর রোডের ২ নম্বর বাড়িতে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক এ.কে.এম. শরিফুল ইসলাম খান।

সভায় শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানস্থল নির্ধারণ, আলোচ্য বিষয়বস্তু প্রণয়ন, অতিথি আমন্ত্রণ এবং আহ্বায়ক কমিটির বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সেলিমা তালুকদার, শেখ মোস্তাফিজুর রহমান, শেখ শরিফ উদ্দিন মিঠু, মাহমুদ, আরিফুল ইসলাম, জাহাঙ্গীর শিকদার, শামীম রেজা, হেলাল উদ্দিন সহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভা শেষে ‘সরিষাবাড়ী আমার স্বপ্ন আমার প্রেরণা’ গ্রন্থের লেখক সেলিমা তালুকদার সম্মাননা স্মারক হিসেবে তার রচিত বইটি সভার সভাপতি এ.কে.এম. শরিফুল ইসলাম খানের হাতে তুলে দেন। এ সময় শেখ মোস্তাফিজুর রহমান, শেখ শরিফ উদ্দিন মিঠু, শামীম রেজাসহ উপস্থিত নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

পরিশেষে অনুষ্ঠান উদযাপন উপলক্ষে ৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। এতে সেলিমা তালুকদার আরোণীকে যুগ্ম আহ্বায়ক, আরিফুল ইসলামকে সদস্য সচিব এবং হেলাল উদ্দিনকে যুগ্ম সদস্য সচিব করা হয়। কমিটি ঘোষণার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সভাপতি এ.কে.এম. শরিফুল ইসলাম খান।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পুঁজিবাজারের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ডিএসইর বৈঠক

স্টক নিউজ বিডি May 8, 2026

স্টক নিউজ বিডি: দেশের পুঁজিবাজারে স্বচ্ছতা, সুশাসন, তারল্য ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে আজ (০৭ মে ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলামের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোঃ মোস্তাকুর রহমান এফসিএমএ এর সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধিদলের মধ্যে ছিলেন পরিচালক সৈয়দ হাম্মাদুল করিম, স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ, মিনহাজ মান্নান ইমন, রিচার্ড ডি রোজারিও, মোঃ সাজেদুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার৷

বৈঠকে প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পুঁজিবাজার উন্নয়ন সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাবনাগুলোর মূল উদ্দেশ্য হলো দেশের পুঁজিবাজারকে আরও কার্যকর, প্রযুক্তিনির্ভর, আধুনিক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন পর্যায়ে উন্নীত করা।
বৈঠকে উপস্থাপিত প্রস্তাবগুলোর মধ্যে ছিল রিয়েল টাইম গ্রস স্যাটেলমেন্ট (RTGS) সুবিধার সময়সীমা বৃদ্ধি, স্যাটেলমেন্ট সাইকেল T+2 থেকে T+1-এ রূপান্তর কার্যক্রম বাস্তবায়নে সহায়তা, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিভিন্ন তফসিলি ব্যাংকে সংরক্ষিত এফডিআর ও এসএনডি হিসাবের অর্থ ধাপে ধাপে নগদায়নের মাধ্যমে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ, বিদেশি বিনিয়োগকারীদের জন্য NITA হিসাব সংক্রান্ত প্রক্রিয়া সহজীকরণ, IPO ও বন্ড মার্কেটভিত্তিক পুনঃমূলধনীকরণ ব্যবস্থা, সরকারি সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট উন্নয়ন, সুকুক লেনদেন চালু এবং স্টক এক্সচেঞ্জের জন্য CIB রিপোর্ট অ্যাক্সেস সুবিধা নিশ্চিত করার বিষয়সমূহ।

এছাড়াও দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি এবং এক্সিম ব্যাংক পিএলসি) একীভূত করার প্রক্রিয়াকে কেন্দ্র করে সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্যে গভীর উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে উদ্বেগ প্রকাশ করেন।

প্রতিনিধিদল জানায়, যথাযথ ক্ষতিপূরণ ছাড়া সাধারণ বিনিয়োগকারীদের মালিকানা হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। একই সঙ্গে দুর্বল ব্যবস্থাপনা, অনিয়ম ও আর্থিক অব্যবস্থাপনার দায় সাধারণ শেয়ারহোল্ডারদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে৷

এ সময় প্রতিনিধিদল ক্ষুদ্র ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতকরণ এবং একীভূতকরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানায়৷

প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ সহকারে শুনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন৷

প্রতিনিধিদল আশা প্রকাশ করে যে, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে, বাজারে তারল্য ও দক্ষতা উন্নত হবে এবং দীর্ঘমেয়াদে একটি টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন আর্থিক বাজার ব্যবস্থা গড়ে উঠবে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আইডিএলসি ফাইন্যান্সের মুনাফায় ২২% প্রবৃদ্ধি

স্টক নিউজ বিডি May 7, 2026

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের প্রথম প্রান্তিকে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে আইডিএলসি ফাইন্যান্সের আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা (এনপিএটি) দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি।

প্রথম প্রান্তিকের আর্থিক সূচকে প্রতিষ্ঠানটির লাভজনকতা ও মূলধনের কার্যকর ব্যবহারের প্রতিফলন দেখা গেছে। এ সময়ে আইডিএলসি’র রিটার্ন অন ইক্যুইটি (আরওই) দাঁড়িয়েছে ১১ দশমিক ২৬ শতাংশে। রিটার্ন অন অ্যাসেটস (আরওএ) হয়েছে ১ দশমিক ৩৬ শতাংশ, যা সম্পদভিত্তিক আয় সৃষ্টিতে প্রতিষ্ঠানের সক্ষমতার ইঙ্গিত দেয়। একই সঙ্গে শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে হয়েছে ১ দশমিক ৪৩ টাকা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ১ দশমিক ১৭ টাকা।

একক (স্ট্যান্ডঅ্যালোন) ভিত্তিতে আইডিএলসি’র গ্রাহক আমানত বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩ কোটি টাকায়। একই সময়ে প্রতিষ্ঠানটি ১২ হাজার ৬০ কোটি টাকার সুসংগঠিত ঋণ পোর্টফোলিও বজায় রাখতে সক্ষম হয়েছে।

প্রতিষ্ঠানটির মন্দ ঋণের হার (এনপিএল) ২০২৫ সালের একই সময়ের ৪ দশমিক ৬০ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৪৪ শতাংশে নেমে এসেছে। পাশাপাশি ১০৮ শতাংশ প্রভিশন কভারেজ রেশিও’র মাধ্যমে ঝুঁকি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও আর্থিক ভিত্তির সুরক্ষায় দৃঢ় অবস্থান বজায় রেখেছে আইডিএলসি।

আইডিএলসি’র সহযোগী প্রতিষ্ঠানসমূহ—আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড এবং আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডও ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ইতিবাচক ধারাবাহিকতা বজায় রেখেছে। এর ফলে আইডিএলসি গ্রুপের বাজার অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

গত ৬ মে ঢাকার -এ অবস্থিত আইডিএলসি’র কর্পোরেট হেড অফিসে অনুষ্ঠিত ৩৬৬তম পরিচালনা পর্ষদ সভায় ২০২৬ সালের প্রথম প্রান্তিকের আর্থিক বিবরণী অনুমোদন করা হয়।

আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, “বছরের প্রথম প্রান্তিকে ২২ শতাংশ প্রবৃদ্ধি প্রমাণ করে, কৌশলগতভাবে আমরা সঠিক দিকেই এগিয়ে যাচ্ছি। শক্তিশালী ঋণ পোর্টফোলিও, অ্যাসেট কোয়ালিটির উন্নতি এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর কার্যকর অবদান মিলিয়ে একটি সফল বছর কাটানোর বিষয়ে আমরা আশাবাদী।”

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, “আইডিএলসি’র অগ্রযাত্রার চালিকাশক্তি হচ্ছে গ্রাহকদের আস্থা। সেই বিশ্বাসকে পুঁজি করেই আমরা ২০২৬ সালের প্রথম প্রান্তিকে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছি। ভবিষ্যতেও অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদি ইতিবাচক ফল নিশ্চিত করতে সতর্কতা ও ধারাবাহিকতার সঙ্গে কাজ করে যাব।”

বাংলাদেশের অন্যতম বৃহৎ মাল্টি-প্রোডাক্ট ও মাল্টি-সেগমেন্ট নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স। ১৭ শতাধিক কর্মী নিয়ে প্রতিষ্ঠানটি এসএমই, কনজ্যুমার ও কর্পোরেট খাতে বিভিন্ন আর্থিক সেবা প্রদান করছে। পাশাপাশি মূলধন বাজার ও সম্পদ ব্যবস্থাপনা খাতেও প্রতিষ্ঠানটির সক্রিয় উপস্থিতি রয়েছে। টানা ১৪ বছর ধরে ‘ট্রিপল-এ’ ক্রেডিট রেটিং ধরে রাখার মাধ্যমে আইডিএলসি আর্থিক ব্যবস্থাপনা ও ঝুঁকি নিয়ন্ত্রণ সক্ষমতার স্বীকৃতি অর্জন করেছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য