স্টাফ রিপোর্টার আব্দুল মজিদ : বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “জিয়া পরিবার বাংলাদেশের মাটিতে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছে।”
তিনি বলেন, “১৯৭১ সালে জাতির ক্রান্তিলগ্নে যখন শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে এহিয়া খানের কাছে চলে গেলেন, তখন পুরো জাতি হতাশায় নিমজ্জিত হয়। সেসময় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়া ঘোষণা দেন—‘আমি মেজর জিয়া বলছি’। সেই ঘোষণার পরই বাঙালি জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত স্বাধীনতা অর্জন করে।”
তিনি আরও বলেন, “গর্বের সঙ্গে বলতে চাই আমরা বাংলাদেশের সন্তান। আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক কোন ষড়যন্ত্র যাতে দানা বাঁধতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে এবং প্রতিবাদ গড়ে তুলতে হবে।”
জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের ভাষণের পূর্বমুহূর্তে যুক্তরাষ্ট্রে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে নিউইয়র্ক শহরের জ্যাকসন হাইডসে মহানগর বিএনপি দক্ষিণ যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিণ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন। সাধারণ সম্পাদক বদিউল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহম্মদ, মোস্তফা কামাল বাবুলসহ বিএনপির নেতাকর্মীরা।
সভায় বক্তারা অভিযোগ করেন, দেশে বর্তমানে গণতন্ত্র ও ভোটাধিকার হুমকির মুখে। তাঁরা দলীয় ঐক্য জোরদার করে বিদেশের মাটিতেও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে গতিশীল রাখার প্রত্যয় ব্যক্ত করেন।








