স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ের মধ্যে কোনো ডেঙ্গুরোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে সারাদেশে মোট ৩৮০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
শনিবার (৬ আগস্ট ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৫ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার একই সময়ের মধ্যে সারাদেশে নতুন করে ৭৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মাঝে সবাই ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ নিয়ে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮০ জন। তাদের মধ্যে ঢাকার ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩০৬ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৭৪ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩ হাজার ৯৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৭০৩ জন।
এ সময়ের মধ্যে ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬০৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২৯৩ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১০ জন।
এর আগে গত ৪ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর পর থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।
২০২০ সালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। ওই বছর ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন। একই বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
