Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

বিশেষ প্রতিবেদন

প্রেমের টানে ৬ মাসে দেশে এসেছেন ১৩ ভিনদেশি

স্টক নিউজ বিডি August 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দুই দেশের দূরত্ব আট হাজার ২১৮ মাইল। দুজনের ভাষাও ভিন্ন। সংস্কৃতিও আলাদা। তবে এসব কিছুই বাধা হয়ে দাঁড়াইনি দুজনের চার হাত এক হতে। একসঙ্গে ঘর বেধেছেন দুজনে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে বাংলাদেশের ইমরান খানকে বিয়ে করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিক লিডিয়া লোজা। শুধু তাই নয়, ছুটে এসেছেন বাংলাদেশে।

ইমরান খান (২৮) গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের আহসান উল্লাহ খানের ছেলে। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণির শেষ সেমিস্টারের ছাত্র। মা–বাবার পাঁচ সন্তানের মধ্যে ইমরান সবার ছোট। লিডিয়া লোজা (৩১) যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের মেয়ে।

বিয়ের চার মাস পর ঈদুল আজহার দিন রাতে আরিজোনা থেকে শ্রীপুরে শ্বশুরবাড়িতে চলে আসেন লিডিয়া। চলতি বছরের জানুয়ারির শেষের দিকে লিডিয়ার সঙ্গে পরিচয় হয় ইমরান খানের।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত এই ছয় মাসে প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছেন ১৩ ভিনদেশি তরুণ-তরুণী। ঘর বেধেছেন পছন্দের মানুষটির সঙ্গে। এদের মধ্যে তিনজন তরুণও রয়েছেন যারা ছুটে বাংলাদেশে।

ভিনদেশি এসব তরুণ-তরুণীদের মধ্যে সবচেয়ে বেশি মালয়েশিয়া থেকে তিনজন এসেছেন। এছাড়া যুক্তরাষ্টের দুজন, নেপালের একজন, অস্ট্রেলিয়ার একজন, অস্ট্রিয়ার একজন, সৌদি আরবের একজন, ইন্দোনেশিয়ার একজন, ইতালির একজন, জার্মানির একজন ও ভারতের একজন রয়েছেন।

সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গ্রামের রেজাউল ইসলাম আকুঞ্জির ছেলে ইব্রাহিম হোসেন মুন্নার (২৫) সঙ্গে ফেসবুকে পরিচয় হয় কলকাতার ব্যারাকপুরের তালপুকুর এলাকার মেয়ে বহ্নিশিখ ঘোষের (২৭)। চার বছর প্রেম চলে। কয়েক মাস আগে চলে আসেন সাতক্ষীরা। তারপর প্রেমিক মুন্নাকে বিয়ে করেন। স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলে তার নাম রাখা হয় ফারজানা ইয়াসমিন।

ফারজানা ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। নিজের চেয়ে কমবয়সী ছেলেকে বিয়ে করেও অনেক সুখে আছেন বলে জানিয়েছেন তিনি।

জার্মানিতে একই এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে প্রায়ই দেখা ও কথা হতো শুভ ও আলিসার। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে উভয় পরিবারের সম্মতিতে জার্মানিতেই আলিসাকে বিয়ে করেন শুভ। পরে গত ৪ মার্চ নববধূকে নিয়ে দেশে আসেন।

শুভ বরিশালের চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের ছেলে। রেলওয়ে ডিপ্লোমা পাস করে ২০১১ সালে জার্মানিতে পাড়ি জমান। সেখানে সিটি রেলওয়ে সার্ভিসের সুপারভাইজার হিসেবে কাজ নেন। একপর্যায়ে স্থানীয় বেইলি ফিল্ড ডায়ালন্ড্রোভ এলাকার বাসিন্দা আলিসা থেওডোরা পিত্তার সঙ্গে তার পরিচয় হয়। আলিসা পেশায় একজন নার্স। তার বাবা ও মা সেখানকার চাকরিজীবী।

প্রেমের টানে গত ২৯ মে প্রেমিকার নানা বাড়ি গাজীপুরে আসেন যুক্তরাষ্ট্রের মিশৌরী অঙ্গরাজ্যের কানসাস সিটির নাগরিক রাইয়ান কফম্যান। সাইদা ইসলাম (২৬) নামের এক তরুণীকে বিয়ে করেন। এরআগে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন ‘রায়হান ইসলাম’।

সাইদা ইসলাম গাজীপুর মহানগরের বাসন থানার ভোগড়া মধ্যপাড়া এলাকার মোশারফ হোসেন মাস্টারের নাতনি ও মৃত সিকান্দর আলীর মেয়ে।

সাইদা ইসলাম জানান, ২০২১ সালের এপ্রিলে ডেটিং অ্যাপে রাইয়ান কফম্যানের সঙ্গে তার প্রথম পরিচয় হয়। পরে তারা নিজেদের ফোন নম্বর, ফেসবুক আইডি ও ঠিকানা বিনিময় করেন। এরপর থেকে নিয়মিত যোগাযোগ হতো তাদের মধ্যে। ফেসবুক ও ফোন নম্বরে ভিডিও কলে কথা বলতে বলতে দুজন সিদ্ধান্ত নেন বিয়ে করার।

আট বছর আগে মালয়েশিয়া পাড়ি জমান রাজশাহীর বিনোদপুর এলাকার জুলফিকার। সেখানে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করতেন। সেখানে পরিচয় হয় স্যান্ডি (২০) নামের এক তরুণীর সঙ্গে। পরিচয় থেকে প্রেম। একপর্যায়ে জুলফিকার দেশে ফিরে এলেও যোগাযোগ বন্ধ থাকেনি।

স্যান্ডিও হারাতে চাননি জুলফিকারকে। মালয়েশিয়া থেকে উড়ে আসেন রাজশাহী। খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ভালোবাসার মানুষটিকে বিয়ে করেন। গত ১৪ জুলাই ধর্মীয় রীতি মেনে তাদের বিয়ে হয়।

স্যান্ডি (মুসলিম হওয়ার পর নাম আলিশা অ্যানি) মালয়েশিয়ার পাসপোর্ট অফিসে চাকরি করেন। জুলফিকার একজন ব্যবসায়ী।

১০ বছর ধরে মালয়েশিয়ার পেনাং শহরে ব্যবসা করেন কুমিল্লা বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের দীঘলগাঁও গ্রামের সাইফুল ইসলাম। সেখানে পরিচয় হয় মালয় তরুণী নুর আজিমার সঙ্গে। তারা দুই বছর প্রেম করেন। পরে উভয় পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেন সাইফুল-আজিমা।

ঈদুল আজহার তিনদিন পর বাংলাদেশে আসেন নুর আজিমা। তার সঙ্গে আসেন খালা ও খালাতো বোন। পরেরদিন তাদের বিয়ে হয়। বাংলাদেশেই থাকতে চান বলে জানিয়েছেন এ মালয় তরুণী।

প্রেমের টানে গত ৭ আগস্ট দিনাজপুর শহরের আব্দুল রাজ্জাকের মেয়ে রুম্পার কাছে ছুটে আসেন অস্ট্রিয়ান নাগরিক অ্যাড্রিয়ান বারিসো নিরা। ৯ আগস্ট রাতে দিনাজপুর শহরের একটি রেস্তোরাঁয় রুম্পাকে বিয়ে করেন তিনি।

পরিবার সূত্র জানায়, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে রুম্পার সঙ্গে দেখা হয় অ্যাড্রিয়ানের। পরে পরিচয় থেকে প্রেম। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়মিত যোগাযোগ হতে থাকে। তারা বিষয়টি তাদের পরিবারকে জানান। পরে দুই পরিবার কথাবার্তার মাধ্যমে ২০২০ সালে তাদের বিয়েতে সম্মত হয়। তবে করোনার কারণে বাংলাদেশে আসা হয়নি অ্যাড্রিয়ানের। শেষে আগস্ট বাংলাদেশে এসে রুম্পাকে বিয়ে করেন তিনি।

প্রেমে পড়ে ঠাকুরগাঁও এসেছেন আলী সান্ড্রে চিয়ারোমিন্ডে নামের এক ইতালিয়ান যুবক। জেলার বালিয়াডাঙ্গী উপজেলার অজোপাড়াগাঁ চাড়োলের খোকোবাড়ি গ্রামের মারকুস দাসের মেয়ে রত্না রানী দাস তার সেই মনের মানুষটি। গত ২৫ জুলাই রাতে সনাতন ধর্মের রীতি অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজনে।

রত্নার বাবা মারকুস দাস জানান, তার এক ভাই ইতালি থাকেন। তার মাধ্যমেই সান্ড্রের সঙ্গে পরিচয় হয় রত্না রানীর। তারপর মোবাইলে তাদের কথাবার্তা হয়। ২৫ জুলাই বাংলাদেশে আসেন সান্ড্রে। পরেরদিন ধুমধাম করে তাদের বিয়ে দেওয়া হয়।

১০ বছর আগে মালয়েশিয়া যান গাজীপুর মহানগরের জোলারপর এলাকার যুবক জাহাঙ্গীর আলম। সেখানে লিঙ্কন ইউনিভার্সিটিতে মেইন্টেইনেন্স বিভাগে চাকরি পান। একই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিলর নুর কারমিলা বিনতে হামিদের সঙ্গে তার পরিচয় হয়। পরে দুজনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।

করোনা মহামারির আগে দেশে ফিরে আসেন জাহাঙ্গীর। পরে করোনা জটিলতায় আর মালয়েশিয়া যাওয়া হয়নি। তবে দুজনের মধ্যে যোগাযোগ কিন্তু বন্ধ থাকেনি।

গত ১৭ জুলাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসে প্রেমিকা নূর কারমিলা। পরে সেখান থেকে তাকে গাজীপুরের জোলারপাড় গ্রামের বাড়িতে নিয়ে যান জাহাঙ্গীর আলম।

দুই পরিবারের সম্মতিতে ২১ জুলাই গায়েহলুদ এবং পরদিন স্থানীয় মসজিদে কাজির মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়।

প্রায় চার বছর আগে ফেসবুকে ইন্দোনেশিয়ার তরুণী ফানিয়া আইয়প্রেনিয়ার (২৮) সঙ্গে পরিচয় হয় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাসেল আহমেদের (৩০)। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। গত ৭ মার্চ বাংলাদেশে চলে আসেন ফানিয়া। পরেরদিন বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

ফানিয়া ইন্দোনেশিয়ার দিপক এলাকার বাসিন্দা। তিনি সেখানকার একটি কল সেন্টারে চাকরি করেন। রাসেল আহমেদ লক্ষ্মীপুরের রাখালিয়া গ্রামের মনির হোসেনের ছেলে। তিনি পেশায় একজন পোশাক ব্যবসায়ী।

ব্রাহ্মণবাড়িয়ার এক যুবকের প্রেমে পড়ে বাংলাদেশে ছুটে আসেন হালিমা (৩৬) নামের এক সৌদি নারী। গত ২৯ জুলাই রাত ২৩টা ৪৫ মিনিটে সৌদি এয়ারলাইনসে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার ওই যুবকের নাম ইসাক মিয়া (২৮)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার থোল্লাকান্দি গ্রামে। তার বাবা মৃত আব্দুর রহমান।

২০১৭ সালে সৌদির জিজান শহরের বোফিয়া নামের একটি ফাস্টফুডের দোকানে কাজ করতেন ইসাক। সেখানে কাজ করার সুবাদে হালিমার সঙ্গে তার পরিচয় ও পরে প্রেমের সম্পর্ক তৈরি হয়।

হালিমার দুই ভাই পুলিশে কর্মরত। তিনি তার পরিবারের সম্মতিতে বাংলাদেশে আসেন। হালিমাকে রিসিভ করতে বিমানবন্দরে আসেন ইসাক মিয়া এবং তার মা নাজমা বেগম।

ফেসবুকে সুনামগঞ্জের ছাতক থানার খামারগাঁও এলাকার যুবক সাদিক মিয়ার সঙ্গে পরিচয় হয় অস্ট্রেলিয়ান তরুণী আরিয়া ভংগাসাকদার। পরিচয় থেকে প্রেম। ২০১৮ সালে বাংলাদেশে চলে আসেন আরিয়া। ওই বছরের ১০ অক্টোবর ঘরোয়া পরিবেশে তাদের বিয়ে সম্পন্ন হয়।

নিজের নাম পরিবর্তন করে ‘সীমা বেগম’ নাম ধারণ করেন আরিয়া। পরবর্তী সময়ে সীমা অস্ট্রেলিয়ায় চলে গেলেও করোনা মহামারির কারণে আর বাংলাদেশে ফিরতে পারেননি। তাই সম্পন্ন হয়নি বিয়ের আনুষ্ঠানিকতা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত ১ জুন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ঘর বাধেন সীমা-সাদিক।
নেপালি কন্যা অনুদেবী ভুজেলের সঙ্গে ময়মনসিংহের পলাশ পাল

সিঙ্গাপুরে চাকরির সুবাদে ময়মনসিংহের ছেলে পলাশ পালের সঙ্গে পরিচয় হয় নেপালি তরুণী অনুদেবী ভুজেলের। পরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। আড়াই বছর প্রেম করার পর দুজনে সিদ্ধান্ত নেন বিয়ে করার।

এ সিদ্ধান্তে বাঁধ সাধে কনের পরিবার। ভিনদেশি ছেলের সঙ্গে বিয়ে দিতে চাননি তারা। তবে পরিবার না চাইলে কী হবে! অনুদেবী ঠিকই চাচ্ছিলেন পলাশ পালকে।

গত ৭ মার্চ নেপালিকন্যা অনুদেবী চলে আসেন বাংলাদেশে। পলাশের বড় বোন চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতি ঢাকায় তাদের বিয়ের আয়োজন করেন। জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

১২ মার্চ ময়মনসিংহের গৌরীপুরের সহনাটি ইউনিয়নের হতিহর গ্রামে বরের বাড়িতে অনুষ্ঠিত হয় বৌভাত।

হতিহর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নিতাই চন্দ্র পাল ও পূর্ণিমা রাণী পালের ছোট ছেলে পলাশ পাল। চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতির ভাই তিনি।

তবে আবেগের বশবর্তী হয়েই প্রেমের টানে তরুণ-তরুণীরা বাংলাদেশে আসছেন মনে করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্যকেন্দ্রের পরিচালক ও বিশ্ব মনোবিজ্ঞান সমিতির সদস্য ড. আনওয়ারুল হাসান সুফি।

তিনি বলেন, ‘যারা ফেসবুকে পরিচিত হয়ে আবেগের বশে এ কাজগুলো করছেন তাদের বেশিরভাগই উচ্চশিক্ষিত নয়। উচ্চশিক্ষিতদের মধ্যে এমন কাজ খুবই কম দেখা যাচ্ছে। আবেগের বশে সম্পর্কে জড়ানোর ফলে তাদের প্রেমের সম্পর্কগুলো বেশিদিন স্থায়ী হয় না। উচ্চশিক্ষিতদের ক্ষেত্রে কিছুটা দীর্ঘস্থায়ী হলেও বেশিরভাগ সম্পর্কই ভেঙে যায়। যার প্রভাব তাদের ছেলেমেয়েদের ওপর পড়ছে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

উদযাপন হবে জাতীয় সংসদের ৫০ বছরপূর্তি, আসবেন বিদেশি অতিথিরা

স্টক নিউজ বিডি August 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আগামী বছরের এপ্রিলে পূর্ণ হবে জাতীয় সংসদের পথচলার ৫০ বছর। এ উপলক্ষে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সঙ্গে যৌথভাবে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে এপ্রিল মাসে রমজান হওয়ায় পরের মাস থেকে শুরু হবে উদযাপন। অনুষ্ঠানে সিপিএভুক্ত পার্লামেন্টগুলোর স্পিকার ও সংসদ সদস্যদের আমন্ত্রণ জানানো হবে।

সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী লন্ডন সফরে গিয়ে সিপিএ’র সেক্রেটারি জেনারেল স্টিফেন টুইগের সঙ্গে সাক্ষাৎ করেন। স্টিফেন টুইগ পঞ্চাশ বছরপূর্তি অনুষ্ঠানে সিপিএ’র সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আশ্বাস দেন।

সংসদের লাইব্রেরিতে থাকা নথিপত্র ঘেঁটে দেখা গেছে, স্বাধীন বাংলাদেশের গণ-পরিষদের প্রথম অধিবেশন ১৯৭২ সালের ১০ এপ্রিল ঢাকার তেজগাঁও সংসদ ভবনে শুরু হয়। গণ-পরিষদের প্রথম স্পিকার নির্বাচিত হন শাহ আব্দুল হামিদ এবং ডেপুটি স্পিকার মুহম্মদুল্লাহ। স্পিকার শাহ আব্দুল হামিদ মৃত্যুবরণ করায় ডেপুটি স্পিকার মুহম্মদুল্লাহ পরবর্তীসময়ে স্পিকার এবং মো. বয়তুল্লাহ ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

এ বিষয়ে জানতে চাইলে রোববার (২১ আগস্ট) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে বলেন, আগামী বছরের এপ্রিল মাসে সংসদের ৫০ বছর পূর্ণ হবে। কিন্তু সে মাসে রমজান থাকবে। তাই পরবর্তী মাস থেকে আমরা ৫০ বছর উদযাপন শুরু করবো। এটি বছরব্যাপী করার পরিকল্পনা রয়েছে।

সংসদের যুগ্ম-সচিব এম এ কামাল বিল্লাহ বলেন, সম্প্রতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী লন্ডন সফরকালে সিপিএ’র সেক্রেটারি জেনারেল স্টিফেন টুইগের সঙ্গে সাক্ষাৎ করেন। স্টিফেন টুইগ এসময় বাংলাদেশ জাতীয় সংসদের পঞ্চাশ বছরপূর্তি অনুষ্ঠানে সিপিএ’র সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আশ্বাস দেন।

তিনি বলেন, এর আগে বাংলাদেশ পার্লামেন্টের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে স্পিকার লন্ডনের ওয়েস্টমিনিস্টার ভবনে হাউস অব কমন্সের স্পিকার লিন্ডসে হোয়েলে কে আমন্ত্রণ জানান। স্পিকার লিন্ডসে হোয়েলে আমন্ত্রণ গ্রহণ করেন এবং সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

জাতীয় সংসদের ইতিহাস ও যত নির্বাচন

১৯৭৩ সালের ৭ মার্চ বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের ৩০০ আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম জাতীয় সংসদে ১৫টি সংরক্ষিত নারী আসনসহ মোট সদস্য সংখ্যা ছিল ৩১৫। এই সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ঢাকার তেজগাঁও জাতীয় সংসদ ভবনে, ১৯৭৩ সালের ৭ এপ্রিল।

১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন সংখ্যা ১৫টি থেকে ৩০টিতে উন্নীত করা হয়। এতে সংসদের মোট সদস্য সংখ্যা দাঁড়ায় ৩৩০। ১৯৭৯ সালের ২ এপ্রিল দ্বিতীয় জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

১৯৮৬ সালের ৭ মে তৃতীয় জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সংরক্ষিত ৩০টি নারী আসনসহ সংসদের সদস্য সংখ্যা ছিল মোট ৩৩০। প্রথম অধিবেশন শুরু হয় ১০ জুলাই।

চতুর্থ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন হয় ১৯৮৮ সালের ৩ মার্চ। ২৫ এপ্রিল সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এ সংসদে মোট সদস্য সংখ্যা ছিল ৩০০। সংরক্ষিত ৩০টি নারী আসন সংক্রান্ত আইনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কোনো সংরক্ষিত নারী সদস্য ছিলেন না।

১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ৫ এপ্রিল প্রথম অধিবেশন শুরু হয়। এ সংসদে মোট সদস্য সংখ্যা ছিল ৩৩০ জন। কারণ নারীদের জন্য ৩০টি সংরক্ষিত আসন সংক্রান্ত আইন হওয়ায় পঞ্চম জাতীয় সংসদের নির্বাচিত সংসদ-সদস্যদের ভোটের মাধ্যমে পরোক্ষভাবে পুনরায় ৩০ জন নারী সদস্য নির্বাচিত হন।

ষষ্ঠ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি। প্রথম অধিবেশন শুরু হয় ১৯ মার্চ। ৩০টি সংরক্ষিত নারী আসনসহ ষষ্ঠ জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ছিল ৩৩০টি।

সপ্তম জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯৬ সালের ১২ জুন। প্রথম অধিবেশন শুরু হয় ১৪ জুলাই।

অষ্টম জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০১ সালের ১ অক্টোবর এবং প্রথম অধিবেশন শুরু হয় একই বছরের ২৮ অক্টোবর। এ সংসদের শুরুতে মোট আসন সংখ্যা ছিল ৩০০টি। কারণ সংরক্ষিত ৩০টি নারী আসন আইনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অষ্টম সংসদের শুরুতে কোনো সংরক্ষিত নারী আসন ছিল না। পরে চতুর্দশ সংশোধনী, ২০০৪ পাসের মাধ্যমে সংরক্ষিত নারী আসন সংখ্যা ৩০টি থেকে ৪৫টিতে উন্নীত করা হয়। এতে সংসদে মোট সদস্য সংখ্যা দাঁড়ায় ৩৪৫ জনে। এই আইন প্রবর্তনকালে অষ্টম সংসদের অবশিষ্ট মেয়াদের জন্য এবং অষ্টম সংসদের অব্যবহিত পরবর্তী সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে শুরু করে ১০ বছরকাল অতিবাহিত হওয়ার অব্যবহিত পরবর্তীকালে সংসদ ভেঙ্গে না যাওয়া পর্যন্ত ৪৫টি আসন কেবল নারী সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়। সরাসরি নির্বাচিত সদস্যদের দ্বারা সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ব্যবস্থা করা হয়।

নবম জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৮ সালের ২৯ ডিসেম্বর। প্রথম অধিবেশন শুরু হয় ২০০৯ সালের ২৫ জানুয়ারি। ৩০ জুন ২০১১ তারিখে সংরক্ষিত নারী আসন সংখ্যা ৪৫টি থেকে ৫০টিতে উন্নীত করা হয়। ৫০টি সংরক্ষিত নারী আসনসহ নবম সংসদের মোট আসন সংখ্যা ছিল ৩৫০টি।

দশম জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৪ সালের ৫ জানুয়ারি। প্রথম অধিবেশন শুরু হয় ২০১৪ সালের ২৯ জানুয়ারি।

সংবিধানের (সপ্তদশ সংশোধন) আইন, ২০১৮ দ্বারা দশম সংসদের অব্যবহিত পরবর্তী সংসদের অর্থাৎ একাদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে শুরু করে পঁচিশ বছর অতিবাহিত হওয়ার অব্যবহিত পরবর্তীকালে সংসদ ভেঙে না যাওয়া পর্যন্ত ৫০টি আসন কেবল নারী সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়।

একাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। আর অধিবেশন শুরু হয় ২০১৯ সালের ৩০ জানুয়ারি।

বর্তমান জাতীয় সংসদ ভবনের কাজ ১৯৬১ সালে শুরু হয়। ৯ তলার ভবনটি ১৯৮২ সালের ২৮ জানুয়ারি উদ্বোধন করা হয়। দৃষ্টিনন্দন এ ভবনের নকশা করেছেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত স্থপতি লুই আই কান।

কোন দল কতবার ক্ষমতায়

১১টি সংসদের মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ পাঁচবার ক্ষমতায় এসেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এসেছে চারবার। বর্তমানের বিরোধী দল জাতীয় পার্টি ক্ষমতায় ছিল দুবার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাত বাড়লেই সক্রিয় হয় ঢাকা কলেজের ‘ছিনতাইচক্র’

স্টক নিউজ বিডি August 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ। পাশেই শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)। কলেজ সংলগ্ন এলাকায় নিউমার্কেট, গাউছিয়া, চন্দ্রিমাসহ বেশ কয়েকটি বড় মার্কেট। সকাল-সন্ধ্যা তাই লোকজনের আনাগোনায় জমজমাট থাকে পুরো এলাকা। ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটির কিছু শিক্ষার্থীর কারণে মিডিয়ায় নেতিবাচক শিরোনাম হতে হয়েছে বারবার। সম্প্রতি কলেজের সামনে ও আশপাশ এলাকায় বেড়েছে ছিনতাই। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বলছে, এর সঙ্গে জড়িত কলেজের শিক্ষার্থীদের একটি চক্র। রাত যত গভীর হয় এই চক্রের তৎপরতা তত বাড়ে।

সম্প্রতি ঘটা কয়েকটি ঘটনা বিশ্লেষণে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।

গত ১ আগস্ট রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে বন্ধুর জন্মদিন উদযাপন করতে ধানমন্ডি এলাকায় আসেন ১৮-২০ বছর বয়সী সাত বন্ধু। রাত সাড়ে ১১টা নাগাদ ঢাকা কলেজের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের মোবাইলফোন, নগদ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে ঢাকা কলেজের এক সাবেক শিক্ষার্থী বিষয়টি হলের এক ‘সিনিয়রকে’ জানালে ছিনতাই হওয়া তিনটি মোবাইলফোন উদ্ধার হয়। ভুক্তভোগীদের দাবি, তাদের কাছ থেকে নেওয়া চারটি মোবাইলফোনের মধ্যে তিনটি ফেরত পেয়েছেন। আর খোয়া যাওয়া নগদ ১২ হাজারের কিছু বেশি টাকা ফেরত পাননি।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে ভুক্তভোগী আবির (ছদ্মনাম) জাগো নিউজকে বলেন, আমরা বন্ধুর জন্মদিন উদযাপন শেষে বাসায় ফিরছিলাম। এর মধ্যে ঢাকা কলেজের সামনে থেকে ছয়জন এসে আমাদের ধরে নিয়ে যায়। টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। আমাদের ছুরি, চাকু দেখিয়ে ভয় দেখায়। পরে আবার একটা নম্বর থেকে ফোন করে আমাদের তিনটি মোবাইল ফেরত দেওয়া হয়।

আরেক ভুক্তভোগী ফাহিম (ছদ্মনাম) বলেন, আমরা রিকশায় বাসায় ফিরছিলাম। হঠাৎ আমাদের রিকশা থামিয়ে গালাগালি করতে থাকেন কয়েকজন। এরপর আমাদের ধরে নিয়ে মোবাইলফোন, টাকা ছিনিয়ে নেয়। আমাদের প্রায় ২৫ থেকে ৩০ মিনিট আটকে রেখেছিল তারা।

ওইদিনের ছিনতাইয়ের ঘটনার কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ হাতে এসেছে। ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকা কলেজের সঙ্গে লাগোয়া জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) গলি দিয়ে ১৩ জন যুবক প্রবেশ করছে। এর মধ্যে সাত ভুক্তভোগী আর ছয়জন ছিনতাই চক্রের সদস্য। প্রথমে তাদের ঢাকা কলেজের হল গেটের (৩ নম্বর গেট) ভেতরে নিয়ে মোবাইলফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে আবার বের হয়ে তাদের নায়েমের গেটের সামনে নিয়ে যাওয়া হয়। এরপর ভুক্তভোগীদের নিয়ে কলেজের সামনের মিরপুর সড়কের দিকে চলে যায় ছিনতাইকারীরা। ছিনতাইকারী চক্রের একজনের গায়ে ঢাকা কলেজের লোগো সম্বলিত টি-শার্টও দেখা যায়।

ফুটেজে দেখা যায়, ছিনতাইচক্রের সদস্যরা ভুক্তভোগী সাত যুবকের ঘাড়ে হাত দিয়ে গল্পের ছলে রাস্তা থেকে ধরে নিয়ে আসে। দেখে বোঝার উপায় নেই যে এরাই ছিনতাই করতে যাচ্ছে। ভুক্তভোগীরা বিষয়টি আঁচ করতে পারলেও ভয় দেখিয়ে তাদের মুখ বন্ধ রাখা হয়। তাই পাশ দিয়ে কেউ হেঁটে গেলেও তারা সাহায্য চাইতে পারে না।

এ ধরনের ঘটনা খুব কাছ থেকে দেখেছেন ঢাকা কলেজের এমন কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হয় জাগো নিউজের। তারা বলেন, ছিনতাইয়ের এই চক্রটি কাজ এমনভাবে করে যাতে কেউ ধরতে না পারে। অনেক সময় রাতে রাস্তায় টহল পুলিশ থাকে, তখন তারা এসব করে না। আবার কাউকে ধরে আনার ক্ষেত্রে তারা কলেজ ক্যাম্পাসকেই বেছে নেয়। কেননা ক্যাম্পাসে বিনা অনুমতিতে পুলিশ প্রবেশ করতে পারে না।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকা কলেজের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ছিনতাইয়ের শিকার হন। ভুক্তভোগী ওই ছাত্রীর নাম ইকরা। তিনি ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয়ের বোন ইনিন তাজরিনের বান্ধবী। ঘটনাটি ছাত্রলীগ সভাপতি জানতে পারলে এ বিষয়ে হস্তক্ষেপ করেন। পরে ভুক্তভোগী ছাত্রী তার মোবাইলফোন ফেরত পান। এমন ঘটনা এখন হরহামেশাই ঘটছে।

তথ্য বলছে, চক্রের সদস্যরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে কাজ করেন। রাত যত বাড়ে তত সক্রিয় হয় তারা। এমনকি ভোর পর্যন্ত চলে তাদের এ অপতৎপরতা।

একটি গোয়েন্দা সংস্থার তথ্য বলছে, এই ছিনতাইকারী চক্রটি ঢাকা কলেজের হলের কিছু ‘বড় ভাই’ নিয়ন্ত্রণ করেন। আবার বিপদে পড়লে ওই বড় ভাইরাই তাদের উদ্ধারে করেন। তাদের আশ্রয়-প্রশ্রয়েই চক্রটি প্রতিনিয়ত এসব কাজ করে যাচ্ছে। এদের অনেকে সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত।

পুলিশের একটি বিশ্বস্ত সূত্র জানায়, নিউমার্কেট এলাকায় ছিনতাই করতে বাইরের এলাকা থেকে অনেক ছিনতাইকারী আসে। এদের মধ্যে কেউ কেউ আবার ঢাকা কলেজের কোনো বড় ভাইকে জানিয়ে আসে যাতে বিপদে পড়লে উদ্ধার হতে পারে।

কলেজের সাধারণ শিক্ষার্থীরা বলছে, গুটিকয়েক শিক্ষার্থীর এসব কাজের জন্য কলেজের সুনাম নষ্ট হচ্ছে। তাই যারা এসব ঘটনা ঘটায় তাদের কলেজ থেকে বহিষ্কার করে আইনের আওতায় আনা উচিত।

পুলিশ বলছে, ছিনতাইয়ের এসব ঘটনা ঘটলেও অভিযোগ না আসায় তারা ব্যবস্থা নিতে পারে না। ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান জাগো নিউজকে বলেন, প্রতিনিয়তই পুলিশের নিয়মিত টহল টিম অভিযান অব্যাহত রেখেছে। অনেকে আটকও হচ্ছে। প্রয়োজনে আমরা পুলিশের টহল আরও বাড়াবো। কলেজ প্রশাসন উদ্যোগী ভূমিকা পালন করলে এ ধরনের ঘটনা রোধ করা সম্ভব। এক্ষেত্রে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের সংযোগ থাকতে হবে এবং প্রশাসনকে সহায়তা করতে হবে।

১ আগস্টের ঘটনার পরদিন (২ আগস্ট) ঢাকা কলেজের উপাধ্যক্ষ (ওই সময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে ছিলেন) অধ্যাপক এটিএম মইনুল হোসেন বলেছিলেন, দেশের স্বার্থ ও আইনবিরোধী যে কোনো কাজে যদি কেউ যুক্ত থাকে তবে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচলিত আইনে ব্যবস্থা নিতে পারে। কলেজ এলাকার বাইরে ঘটে যাওয়া কোনো ঘটনার দায় আমরা নিতে পারবো না। এটি সম্পূর্ণই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। তারা যদি মনে করেন কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তবে তার ব্যাপারে ব্যবস্থা নিতে পারে।

সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, আমি নতুন যোগ দিয়েছি। এ বিষয়ে এখন কিছু বলতে পারবো না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

অধ্যক্ষের কক্ষে সভাপতির তালা

স্টক নিউজ বিডি August 13, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সভাপতির বিরুদ্ধে।

শনিবার (১৩ আগস্ট) জনরোষে ঘনিষ্ঠজনের মাধ্যমে তালা খুলে দেন সভাপতি মাহাবুব আলম বাবু শেখ।

এর আগে বৃহস্পতিবার দুপুরের সভাপতি ও অধ্যক্ষের দ্বন্দ্বের ফলে এ তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে স্থানীয়রা জানান।

অধ্যক্ষ রুহুল আমিন নান্নু জানান, গত বছরের ১৩ নভেম্বর মাহাবুব আলম বাবু শেখ এ প্রতিষ্ঠানের সভাপতি নিযুক্ত হন। তিনি অষ্টম শ্রেণি পাস হওয়ায় আমি তার সভাপতি নিয়োগ নিয়ে প্রতিবাদ করি। এছাড়াও তিনি প্রতিষ্ঠানের রেজুলেশন বই নিজের কব্জায় নিলে দ্বন্দ্ব শুরু হয়। পরে আমি আদালতের দ্বারস্থ হই। আদালত আমার মামলাটি খারিজ করায় তিনি শনিবার অবৈধভাবে আমাকে স্থায়ীভাবে বরখাস্ত করেন। যা সম্পূর্ণ আইন পরিপন্থী। এছাড়াও পরিচালনা কমিটির ১২ সদস্যের মধ্যে আটজন ইতোমধ্যে পদত্যাগ করেছেন।

এ বিষয়ে প্রতিষ্ঠান সভাপতি মাহাবুব আলম বাবু শেখ বলেন, সভাপতি হওয়ার পর বেশ কয়েকটি মিটিং করি। এছাড়াও সব শিক্ষক-কর্মচারীদের দিয়ে একটি মতবিনিময় সভায় অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া যায়। এছাড়াও স্কুল অ্যান্ড কলেজকে এক করার প্রস্তাব আসলে সেটা রেজুলেশন করা হলে অধ্যক্ষ রেজুলেশন মোতাবেক কাজ না কারায় আমি রেজুলেশন বই নিজের কাছে নিয়ে যাই।

এছাড়াও অধ্যক্ষ আমিসহ তিন শিক্ষকের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে একটি মামলা করেন। সেটাও গত সপ্তাহের আদালত খারিজ করে দেন।

অধ্যক্ষের বরখাস্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি সব প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বরখাস্ত করেছি। ফলে বর্তমানে অধ্যক্ষ প্রতিষ্ঠানে অবৈধভাবে অবস্থান করছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
টেলিটক

দেনায় জর্জরিত টেলিটক, টিকে থাকা নিয়ে সংশয়

স্টক নিউজ বিডি August 13, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ভালো সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছিল রাষ্ট্রায়ত্ত একমাত্র মোবাইল ফোন অপারেটর টেলিটক। প্রথমদিকে সাড়াও ফেলেছিল ব্যাপক। সিমের এত চাহিদা ছিল যে প্রথমে লটারির মাধ্যমে বিতরণ করা হয়েছিল। কম কলরেটে বেসরকারি অপারেটরগুলোকে ফেলে দিয়েছিল হুমকিতে। সেই প্রতিষ্ঠানটিই এখন নানাবিধ সমস্যায় জর্জরিত। গ্রাহক সংখ্যায় রয়েছে সবার নিচে। দেনার ভারে জর্জরিত। নেটওয়ার্কের অবস্থাও বেহাল। এ অবস্থায় সম্প্রতি টেলিটকের মাধ্যমে ফাইভ-জি সেবা দেওয়া থেকে সরে এসেছে সরকার। সবমিলিয়ে টেলিটকের অবস্থা এখন নিভু নিভু।

জানা যায়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে প্রতিষ্ঠানটির দেনা ১০০ কোটি টাকা। আর বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড বা বিটিসিএল ৮৩ কোটি টাকা পরিশোধের জন্য টেলিটককে চিঠি দিয়েছে।

এছাড়া বিটিসিএল, হুয়াওয়ে, সামিট, টাওয়ার কোম্পানি, ই-ডটকো এবং কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছেও দেনা রয়েছে টেলিটকের। বদলি করা হয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককেও।

সংশ্লিষ্টদের দাবি, এই ঋণ পরিশোধের সক্ষমতা নেই টেলিটকের। টিকে থাকতে হলে প্রতিষ্ঠানটিকে অন্য কোম্পানির সঙ্গে একীভূত (মার্জার) হতে হবে। এছাড়া টেলিটকের উন্নয়ন সম্ভব নয়।

এ বিষয়ে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একেএম হাবিবুর রহমান বলেন, ‘আমি কয়েকদিন হলো দায়িত্ব নিয়েছি। এসব বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি। টেলিটকে অবশ্যই গ্রাহক আস্থা ফেরাতে কাজ করবো।’

টেলিটকের এ অবস্থার বিষয়ে জানতে সাবেক এমডি মো. সাহাবুদ্দিনকে ফোন দিলেও তিনি ধরেননি। গত ৪ আগস্ট ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে তাকে বদলি করা হয়।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আমরা যেটুকু বুঝি, অন্য অপারেটরদের চেয়ে টেলিটকের আর্থিক সক্ষমতা কম। সে কারণে হয়তো দেনা পরিশোধে তাদের বিলম্ব হয়েছে। টেলিটককে টাকা শোধ করার জন্য আমরা বলেছি। আশা করছি তারা তাড়াতাড়ি দেনা পরিশোধ করবে। এক্ষেত্রে আমাদের কোনো ছাড় নেই। সরকারি প্রতিষ্ঠান বলে এটি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে নয়।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, টেলিটক বিকশিত না হওয়ার অন্যতম কারণ হলো তাদের মার্কেটিং দুর্বলতা। অনিয়ম, অব্যবস্থাপনা আর সঠিক পরিকল্পনার অভাবেই টেলিটকের আজ এই অবস্থা। টেলিটককে টিকে থাকতে হলে এখন প্রচুর বিনিয়োগ করতে হবে। কিন্তু সরকার এ খাতে বিনিয়োগে আগ্রহী নয়। তাই টেলিটককে টিকে থাকতে হলে এখন এয়ারটেল-রবির মতো মার্জার করে ব্যবসা করতে হবে।

তিনি বলেন, টেলিটকের যে পরিমাণ দেনা আছে, সেই পরিমাণ সম্পদ নেই। সব বিক্রি করলেও দেনা পরিশোধ সম্ভব নয়।

এদিকে সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, সহজে টেলিটকের সিম পাওয়া যায় না। রিচার্জ পয়েন্টও অনেক কম। নেটওয়ার্কের অবস্থাও ভালো নয়। এসব কারণে গ্রাহক টেলিটক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

পাওনা পরিশোধে এরই মধ্যে টেলিটককে চিঠি দিয়েছে বিটিসিএল। এ বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন বলেন, আমরা টেলিটকের কাছে ৮৩ কোটি টাকা পাবো। তাদের চিঠি দেওয়া হয়েছে।

এদিকে টেলিটকের কাছে তরঙ্গ বাবদ পাওনা টাকার প্রথম কিস্তির ১০০ কোটি টাকা চেয়েছে বিটিআরসি। বিটিআরসির অর্থ হিসাব বিভাগ থেকে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে গত ১ আগস্ট একটি চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ‘টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে পাঠানো চিঠি মোতাবেক ২ হাজার ৬শ মেগাহার্জ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ ফি-২০২২ এর প্রথম কিস্তির ১০ শতাংশ বাবদ অগ্রিম আয়কর ১০ শতাংশ হারে উৎসে কর্তনপূর্বক ৯৩ লাখ ৩৯ হাজার ৭০১ টাকা এবং মূসক বাবদ ৭ দশমিক ৫ শতাংশ হারে ৭৭ কোটি ৫ লাখ ৩ হাজার ৩০৮ টাকাসহ মোট ১০০ কোটি ৭৫ লাখ ৪৩ হাজার ৯ টাকা অনতিবিলম্বে ১৫ শতাংশ হারে প্রযোজ্য বিলম্ব ফিসহ পরিশোধ করার জন্য অনুরোধ করা হলো।’

বিটিআরসির এক কর্মকর্তা জানান, তরঙ্গ বরাদ্দের জন্য গ্রামীণফোন ও রবি প্রথম কিস্তি পরিশোধ করেছে। বাংলালিংক প্রথম কিস্তির জন্য ১৫ শতাংশসহ পরিশোধের শর্তে এক বছর সময় নিয়েছে। তবে টেলিটক (এখনো পরিশোধ করেনি। এজন্য টেলিটককে চিঠি দেওয়া হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, মোবাইল ফোনের সংযোগে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। তাদের সংযোগ সংখ্যা ৮ কোটি ৭৫ লাখ। রবির রয়েছে ৫ কোটি ১৯ লাখ ৪০ হাজার সংযোগ, যা দ্বিতীয় স্থান। অন্যদিকে বাংলালিংক আছে তৃতীয় স্থানে। তাদের সংযোগ সংখ্যা ৩ কোটি ৬২ লাখ ৫০ হাজার। টেলিটকের সংযোগ সংখ্যা মাত্র ৫৬ লাখ ৫৭ হাজার।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

কে হচ্ছেন নতুন আইজিপি

স্টক নিউজ বিডি August 13, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। আড়াই লাখের বেশি সদস্যের পুলিশ বাহিনীর নতুন নেতৃত্বে কে আসছেন? নাকি বর্তমান আইজিপির মেয়াদ বাড়ানো হবে- এ নিয়ে চলছে নানা গুঞ্জন।

পরবর্তী পুলিশ প্রধান হিসেবে বেশ কয়েকজন কর্মকর্তার নাম শোনা যাচ্ছে। তবে কয়েকজন কর্মকর্তা বলছেন, বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদ আরও এক বছরের জন্য এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেতে পারেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনীর ভূমিকা থাকবে অগ্রগণ্য। এজন্য পরবর্তী আইজিপি হিসেবে যাকে দায়িত্ব দেওয়া হবে, এসব বিষয় ভেবেই তাকে দায়িত্ব দেবে সরকার।

৩১তম পুলিশ প্রধান পদের জন্য আগ্রহী অনেক কর্মকর্তা এরইমধ্যে যোগাযোগ শুরু করেছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বাংলাদেশ পুলিশের ইতিহাসে সর্বোচ্চ চার বছর সময় ধরে আইজিপি ছিলেন হাসান মাহমুদ খন্দকার। ২০১০ সালের ৩১ আগস্ট থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আইজিপির দায়িত্বে ছিলেন তিনি।

নতুন আইজিপি হিসেবে আলোচনায় যারা

র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
বাংলাদেশ পুলিশের ৩১তম আইজিপি হিসেবে র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নাম সামনে আসছে। অষ্টম বিসিএস ব্যাচের এই কর্মকর্তার আগামী ১১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা। তবে সরকার চাইলে তাকে আইজিপি হিসেবে নিয়োগ দিতে পারে। সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে বাহিনী ও সরকারের কাছে তার সুনাম রয়েছে। বাংলাদেশ পুলিশে অসামান্য অবদান ও অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হয়েছেন। গত বছরের ১৮ অক্টোবর চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

অতিরিক্ত ডিআইজি হিসেবে ঢাকা রেঞ্জে ও ডিআইজি হিসেবে ডিআইজি (অপারেশনস্), ডিআইজি (প্রশাসন), রেঞ্জ ডিআইজি হিসেবে ময়মনসিংহ ও ঢাকা রেঞ্জের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এরপর পদোন্নতি পেয়ে তিনি অতিরিক্ত আইজিপির (এইচআরএম) দায়িত্ব পান। র‌্যাবের মহাপরিচালক হিসেবে যোগদানের আগে তিনি সিআইডি প্রধান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।

পুলিশ সদর দপ্তরের এস এম রুহুল আমিন
পরবর্তী আইপিজি হিসেবে আলোচনায় আছেন ১২তম বিসিএস ব্যাচের কর্মকর্তা পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) এস এম রুহুল আমিন। তিনি গোপালগঞ্জ সদর থানায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

এস এম রুহুল আমিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার, সিলেট জেলার পুলিশ সুপার, ঢাকায় সিআইডির বিশেষ পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এবং রেলওয়ে পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার হিসেবে যোগদান করে বরিশালে পুলিশি সেবার নতুন দিগন্তের সূচনা করেন।

পুলিশের এই কর্মকর্তা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভরিকোস্ট ও দক্ষিণ সুদানসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের হয়ে কাজ করেছেন।

এটিইউ প্রধান মো. কামরুল আহসান
আইপিজি হিসেবে আলোচনায় আছেন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে গড়ে তোলা পুলিশের বিশেষায়িত শাখা অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান। তিনি ১৯৬৬ সালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইমামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে (এমবিএ) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯১ সালে বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদান করেন। মৌলিক ও বাস্তব প্রশিক্ষণ শেষে খাগড়াছড়ি জেলার সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়িত হন। এরপর চট্টগ্রাম জেলার হাটহাজারী সার্কেল এএসপি, এএসপি ডিএসবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি, ফেনী জেলার অ্যাডিশনাল এসপি হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া শরীয়তপুর, চট্টগ্রাম ও যশোর জেলার পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (সংস্থাপন) ও অ্যাডিশনাল ডিআইজি (ট্রেনিং) এবং রেলওয়ে রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিকভাবে স্বনামধন্য পুলিশ কর্মকর্তা মো. কামরুল আহসান জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের ‘পুলিশ অ্যাডভাইজার’ হিসেবে সিয়েরালিওন ও সুদানে দায়িত্ব পালন করেন।

সুদান মিশনের কনটিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের গৌরব অর্জন করেন তিনি। পাশাপাশি মিশনগুলোতে দৃষ্টান্তমূলক চাকরির স্বীকৃতিস্বরূপ ‘জাতিসংঘ শান্তিরক্ষা পদক’ লাভ করেন।

হাইওয়ে পুলিশের প্রধান মল্লিক ফখরুল ইসলাম
আইপিজি হিসেবে আলোচনায় আছেন হাইওয়ে পুলিশের (অতিরিক্ত আইজিপি) প্রধান মল্লিক ফখরুল ইসলাম। ১৯৬৯ সালের ১৫ জানুয়ারি বাগেরহাট জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯১ সালের ২০ জানুয়ারি ১২তম বিসিএস কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন মল্লিক ফখরুল ইসলাম।

২০০৩ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে ভোলা, কিশোরগঞ্জ, সিলেট, ফেনী জেলার পুলিশ সুপার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি কমান্ডার হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুনাম অর্জন করেন। এরপর অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়ে ২০১২ সালে র‌্যাবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৪ সালে ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ, সিটি এসবি ও ট্যুরিস্ট পুলিশে কর্মরত ছিলেন।

ড. বেনজীর আহমেদ
বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদ ১৯৬৩ সালের ১ অক্টোবর গোপালগঞ্জের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন তিনি। যুক্তরাষ্ট্রের এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ, অস্ট্রেলিয়ার ক্যানবেরা চার্লস স্ট্রার্ট ইউনিভার্সিটি ও সিঙ্গাপুরে বিশ্বব্যাংকের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে পড়াশোনা করেন ড. বেনজীর আহমেদ। ২০১৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

আইজিপি হিসেবে যোগদানের পর ড. বেনজীর আহমেদের হাত ধরে পুলিশে বেশকিছু সংস্কার এসেছে। যোগ হয়েছে নতুন নতুন বিষয়, আধুনিক হয়ে উঠেছে পুলিশ বাহিনী। তার নতুন নতুন উদ্যোগের কারণে পুলিশ বাহিনী এখন হয়ে উঠেছে জনবান্ধব। ‘বিট পুলিশিং’ কার্যক্রম চালু করেছেন তিনি। এতে থানায় না গিয়ে ঘরে বসে পুলিশের সেবা পাচ্ছে মানুষ, কমেছে ভোগান্তি। পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থাও বেড়েছে।

২০১৮ সালের ৩১ জানুয়ারি বাংলাদেশ সরকার বেনজীর আহমেদকে দেশের ৩০তম পুলিশপ্রধান হিসেবে দায়িত্ব দেয়। এরপর থেকে তার নানা পদক্ষেপের কারণে ‘জনমুখী পুলিশি সেবা’ পাচ্ছেন সাধারণ মানুষ। থানা থেকে বের করে পুলিশকে মানুষের দোরগোড়ায় নিতে একের পর এক সাহসী ও সময়োপযোগী নির্দেশনাও দিয়ে যাচ্ছেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় মানুষের পাশে থেকে সেবা দেওয়া, জঙ্গি ও মাদক নির্মূলে প্রতিনিয়ত অভিযানসহ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে পুলিশ।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর বেনজীর আহমেদকে র‌্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৫ সালের ৭ জানুয়ারি দায়িত্ব বুঝে নিয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে ভূমিকা পালন করে ব্যাপক প্রশংসা কুড়ান তিনি। হলি আর্টিসান হামলায় প্রাথমিক পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পরবর্তীতে বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূলে বিশেষ ভূমিকা রাখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত মাদকবিরোধী বিশেষ অভিযানও বেগবান রেখেছেন তিনি।

সুন্দরবনের জলদস্যুতার অবসান ঘটিয়ে একটি স্বস্তির উপকূলীয় অঞ্চল প্রতিষ্ঠায় বিশেষ অবদান রেখেছেন ড. বেনজীর আহমেদ। এছাড়া ক্যাসিনোবিরোধী অভিযান তার সাফল্যের মুকুটে আরও একটি উজ্জ্বল পালক।

এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সরকার যদি ড. বেনজীর আহমেদকে আগামী এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়, তাহলে পরবর্তী আইজিপি হিসেবে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামকে নিয়োগ দেওয়া হতে পারে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Libra-Infusion

সাপ্তাহিক দর কমার শীর্ষে লিব্রা ইনফিউশন

স্টক নিউজ বিডি July 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহজুড়ে শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর কমেছে লিব্রা ইনফিউশন লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১০.২৭ শতাংশ।

সাপ্তাহিক দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইমাম বাটন। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯.৩৮ শতাংশ।

সাপ্তাহিক দর কমার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯.৩৪ শতাংশ।

সাপ্তাহিক দর কমার তালিকায় অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে– শ্যামপুর সুগার মিলস, বঙ্গজ, মিরাকল ইন্ডাস্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ, রবি আজিয়াটা, এম.এল ডাইং ও বিডি মনোস্পুল পেপার লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
mutual-funds

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

স্টক নিউজ বিডি July 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহজুড়ে শেয়ার লেনদেন করে সব থেকে বেশি দর বেড়েছে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে ফান্ডটির দর বেড়েছে ১৬.৪৯ শতাংশ।

সাপ্তাহিক দর বাড়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৪.২৫ শতাংশ।

সাপ্তাহিক দর বাড়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মতিন স্পিনিং। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০.৪৫ শতাংশ।

সাপ্তাহিক দর বাড়ার তালিকায় অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে– এনভয় টেক্সটাইল, সাফকো স্পিনিং, ইন্টারন্যাশনাল লিজিং, স্কয়ার টেক্সটাইল, হাওয়েল টেক্সটাইল, সোনারবাংলা ইন্স্যুরেন্স ও কাট্টালি টেক্সটাইল লিমিটেড।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বেক্সিমকো

সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থান বেক্সিমকোর দখলে

স্টক নিউজ বিডি July 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহজুড়ে শেয়ার লেনদেন করে শীর্ষস্থান দখল করে রেখেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি ১ কোটি ৬৭ লাখ ১১ হাজার ৫৭৮টি শেয়ার লেনদেন করেছে । যার আর্থিক মূল্য ১৯৪ কোটি ১১ লাখ ১৫ হাজার টাকার টাকা।

সাপ্তাহিক লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মতিন স্পিনিং। সপ্তাহজুড়ে কোম্পানিটি ১ কোটি ২২ লাখ ৮০ হাজার ৪৮টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৯৫ কোটি ১৫ লাখ ২৮ হাজার টাকা।

সাপ্তাহিক লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কেডিএস এক্সসোসরিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটি ১ কোটি ২২ লাখ ২২ হাজার ৩৮৬টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৯৪ কোটি ৫৭ লাখ ২২ হাজার টাকা।

সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজ, আইপিডিসি ফাইন্যান্স, সোনালী পেপার, ওরিয়ন ইনফিউশন, কাট্টালি টেক্সটাইল, স্কয়ার টেক্সটাইল এবং শাইনপুকুর সিরামিকস।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
dse

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৪.৩৮ শতাংশ

স্টক নিউজ বিডি July 30, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৪.৩৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ১৪৬ দশমিক ০১ পয়েন্ট কমে ৫ হাজার ৯৮০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩৬.৮৯ পয়েন্ট কমেছে। এবং ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫৫ দশমিক ৫৮ পয়েন্ট কমে ২ হাজার ১৪৫ পয়েন্টে নেমেছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৫ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দাম বেড়েছে ৬৮ টির, দাম কমেছে ২৯৭ টির। আর দাম অপরিবর্তিত ছিল ২৪ টির।

গত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ১৬৯ কোটি ১৯ লাখ ৮২ হাজার ৩০১ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৭৭০ কোটি ৬৬ লাখ ২৪ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৩৯৮ কোটি ৫৩ লাখ ৮ হাজার ৭০ টাকার বা ১৪.৩৮ শতাংশ লেনদেন বেড়েছে।

অন্যদিকে ডিএসইতে বাজার মূলধনেও নেতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ লাখ ১ হাজার ৫৯ কোটি ৬৯ লাখ ১ হাজার ৫৮৭ টাকা বা ২ দশমিক ১৯ শতাংশ বাজার মূলধন কমেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫০ লাখ ৩ হাজার ১১৯ কোটি ৪ লাখ ৬৬ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৪৯ লাখ ২ হাজার ১৩০ কোটি ৭৭ লাখ ৪ হাজার টাকায়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য