Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

যুদ্ধ

ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

স্টক নিউজ বিডি June 20, 2026

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। এই হামলাকে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের স্বাক্ষরিত চুক্তির লঙ্ঘন হিসেবে অভিহিত করে হরমুজ বন্ধ করেছে ইরান। 

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ আজ শনিবার জানায়, দেশটির সামরিক কমান্ডের কেন্দ্রীয় সদর দপ্তর কাতাম আল-আনবিয়া এ সিদ্ধান্ত নিয়েছে। তারা বলেছে, এটি ‘প্রথম পদক্ষেপ’ এবং আগ্রাসন অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স বলেছে, ‘‘সব ধরনের নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে। শত্রুর প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিক্রিয়া হিসেবে এই প্রথম এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।’’

‘‘যদি এই আগ্রাসন অব্যাহত থাকে, তাহলে শত্রুকে তার বাধ্যবাধকতা মেনে চলতে বাধ্য করতে পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা হবে।’’

ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তারা যুদ্ধবিরতি মেনে চলার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হলেও লেবাননের কোনও ভূখণ্ড দখল করার যেকোনও ইসরায়েলি প্রচেষ্টাকে প্রতিহত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না।

এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, গত রাতে দক্ষিণ লেবাননের নাবাতিয়াহর কাছাকাছি এক এলাকার দিকে অগ্রসর হওয়া ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছেন হিজবুল্লাহর যোদ্ধারা।

শুক্রবার রাত থেকে শুরু এবং আজ পর্যন্ত চলমান ইসরায়েলি যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র সমালোচনা করেছে হিজবুল্লাহ। ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি বলেছে, শুক্রবার সন্ধ্যা থেকে তারা যুদ্ধবিরতি কঠোরভাবে মেনে আসছিল, এমনকি ইসরায়েল একেবারে প্রথম মুহূর্ত থেকে এটি লঙ্ঘন করার পরও।

হিজবুল্লাহ বলেছে, তবে শত্রুর প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার ইতিহাসের কথা মাথায় রেখে তারা সম্পূর্ণ সতর্ক এবং যেকোনও জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে।

হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ইরানে যৌথ আগ্রাসন শুরুর পর ইরান জলপথটি প্রায় বন্ধ করে দিয়েছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্র–ইরানের মধ্যে সমঝোতা চুক্তি হওয়ার পর তা খুলে দিয়েছিল তেহরান।

সমঝোতা স্মারক সই হলেও যুক্তরাষ্ট্র–ইরানের মধ্যে এখনো স্থায়ী শান্তিচুক্তি হয়নি। সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সরাসরি আলোচনার পর তা চূড়ান্ত হওয়ার কথা। কিন্তু লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইসরায়েলে কী কী অস্ত্র পাঠালো যুক্তরাষ্ট্র?

স্টক নিউজ বিডি October 11, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলা শুরুর পরপরই ইসরায়েলের প্রতি ‘অটল সমর্থন’ পুনর্ব্যক্ত করে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য দেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার প্রতিশ্রুতি অনুসারে এরই মধ্যে সামরিক সহায়তার প্রথম চালান পৌঁছে গেছে ইসরায়েলে।

হামাসের হামলার মুখে ইসরায়েলের কাছাকাছি একটি বিশাল বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। এর বাইরেও বিপুল সংখ্যক সমরাস্ত্র পাঠিয়েছে তারা।

একনজরে দেখে নেওয়া যাক ইসরায়েলকে কী কী সাহায্য দিলো যুক্তরাষ্ট্র-

নৌবাহিনীর জাহাজ
ইসরায়েলের সমর্থনে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ও তার সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো পূর্ব ভূমধ্যসাগরে নিয়ে যাওয়া হচ্ছে। ইউএসএস ফোর্ড হলো মার্কিন নৌবাহিনীর সবচেয়ে উন্নত ও বিশ্বের অন্যতম বৃহত্তম বিমানবাহী রণতরী। এতে একটি গাইডেড মিসাইল ক্রুজার এবং চারটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে।

পাশাপাশি অত্যাধুনিক যুদ্ধাস্ত্রে সজ্জিত গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস নরম্যান্ডি এবং ডেস্ট্রয়ার ইউএসএস থমাস হাডনার, ইউএসএস রামেজ, ইউএসএস কার্নি এবং ইউএসএস রুজভেল্টকেও ইসরায়েলের দিকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

ওই অঞ্চলে এফ-১৫, এফ-১৬, এ-১০’র পাশাপাশি বিশ্বের সবচেয়ে উন্নত ফাইটার জেট এফ-৩৫’র সংখ্যা বাড়াচ্ছে পেন্টাগন।

যুক্তরাষ্ট্রের পাঠানো রণতরীগুলোতে প্রায় পাঁচ হাজার নাবিক রয়েছেন বলে জানা গেছে।

অস্ত্র-গোলাবারুদ
মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন গত রোববার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র-গোলাবারুদ সরবরাহ করবে।

তবে সেগুলো ঠিক কী ধরনের অস্ত্র তা এখনো নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, ইন্টারসেপ্টর এবং নির্ভুল-নির্দেশিত অস্ত্র পাঠাতে অনুরোধ করেছে ইসরায়েল। ইন্টারসেপ্টরগুলো মূলত ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার জন্য।

সূত্র জানিয়েছে, প্রায় ২০০ কোটি ডলারের মার্কিন যুদ্ধাস্ত্র ইসরায়েলের ছয়টি ভিন্ন স্থানে আগেই সরবরাহ করা হয়েছিল, যা জরুরি পরিস্থিতিতে ব্যবহার করা হতে পারে।

কত সাহায্য পায় ইসরায়েল
ইসরায়েলকে প্রতি বছর বিনাশর্তে প্রায় ৩০০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তার সবচেয়ে বড় প্রাপক হলো ইসরায়েল।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

স্টক নিউজ বিডি August 15, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভোলিন অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছে। আঞ্চলিক গভর্নর ইউরি পোগুলিয়াইকো এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের লুৎস্ক শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলে বিমান হামলায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখানে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে শহরের মেয়র নিশ্চিত করেছেন।

ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাশিয়া এক রাতে ২৮টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে ১৬টি ধ্বংস করা সম্ভব হয়েছে। লভিভ এবং ভোলিন শহরে দুই ঘণ্টা ধরে বিমান হামলার সাইরেন বাজতে শোনা গেছে।

লুৎস্ক শহরে ব্যবসায়িক ভবন এবং বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতেই বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে।

লভিভের মেয়র অ্যান্ড্রি সাদোভি বলেন, সেখানে শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানিয়েছেন, হামলায় চারজন আহত হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানানো হয়েছে।

ন্যাটোভুক্ত পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলের অবস্থান। ইউক্রেনের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে দফায় দফায় হামলা চালানো হলেও দেশটির পশ্চিমাঞ্চলে খুব একটা হামলার ঘটনা চোখে পড়েনি।

তবে এর আগে গত জুলাই মাসে লভিভের একটি অ্যাপার্টমেন্ট ভবনে রাশিয়ার রকেট হামলায় ১০ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ক্ষমতা ছাড়বে না জান্তা, যুদ্ধের দ্বারপ্রান্তে নাইজার

স্টক নিউজ বিডি August 7, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: যুদ্ধের একেবারে দ্বারপ্রান্তে চলে এসেছে পশ্চিম আফ্রিকান দেশ নাইজার। সেখানে যেকোনো সময় বড় ধরনের সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের হাতে শাসনভার ফিরিয়ে না দিলে নাইজারে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল প্রতিবেশীরা। কিন্তু জান্তা সরকার তাদের এই হুমকি উপেক্ষা করে যুদ্ধের প্রস্তুতি শুরু করায় সংঘাতের আশঙ্কা ক্রমেই তীব্রতর হচ্ছে। নিজেদের পক্ষে লড়াইয়ের জন্য তারা এরই মধ্যে রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের সাহায্যও চেয়েছে।

নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজউমকে মুক্তি দিয়ে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য জান্তা সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিল পশ্চিম আফ্রিকান সামরিক জোট ইকোওয়াস। রোববার (৬ আগস্ট) শেষ হয়েছে সেই সময়সীমা। এর পরপরই যুদ্ধের প্রস্তুতি হিসেবে নাইজারের আকাশসীমা বন্ধ করে দেন অভ্যুত্থানকারী সামরিক নেতারা।

রোববার রাতে আকাশসীমা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। তার আগেই জান্তার হাজার হাজার সমর্থক দেশটির রাজধানী নিয়ামির একটি স্টেডিয়ামে এসে জড়ো হন।

নাইজারে ক্ষমতা দখলকারী নেতারা নিজেদের ন্যাশনাল কাউন্সিল ফর দ্য সেফগার্ড অফ দ্য হোমল্যান্ড (সিএনএসপি) বলে পরিচয় দিচ্ছেন। সিএনএসপির মুখপাত্র আমাদৌ আবদ্রামানে বলেছেন, ইকোওয়াসের সামরিক হস্তক্ষেপের হুমকির পরিপ্রেক্ষিতেই নাইজারের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে।

জাতীয় টেলিভিশনে পাঠ করা এক বিবৃতিতে তিনি দাবি করেছেন, নাইজারে সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি হিসেবে এরই মধ্যে দুটি মধ্য আফ্রিকান দেশে সৈন্য মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

আবদ্রামানে বলেন, প্রতিবেশী দেশগুলোর প্রস্তুতির মাধ্যমে নাইজারে সামরিক হস্তক্ষেপের হুমকি স্পষ্ট। এ কারণে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের আকাশসীমায় সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে।

প্রতিপক্ষকে হুঁশিয়ারি দিয়ে জান্তা মুখপাত্র বলেন, নাইজারের সব প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী আমাদের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করতে প্রস্তুত।

ক্ষমতায় থাকতে ওয়াগনারের সাহায্য চাইলো নাইজারের জান্তানাইজারে রাশিয়ার পতাকা হাতে জান্তা সমর্থকদের মিছিল। ছবি সংগৃহীত

নিজেদের প্রস্তুতির পাশাপাশি ক্ষমতায় টিকে থাকতে রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপেরও সাহায্য চেয়েছে নাইজারের জান্তা। সাম্প্রতিক সামরিক অভ্যুত্থানের অন্যতম নেতা জেনারেল সলিফু মোডি সম্প্রতি প্রতিবেশী দেশ মালিতে গিয়ে ওয়াগনারের একজন প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করে এই অনুরোধ জানিয়েছেন। সাংবাদিক এবং সোফান সেন্টারের সিনিয়র রিসার্চ ফেলো ওয়াসিম নাসর বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ওয়াগনার গ্রুপ প্রস্তাবটি বিবেচনা করছে। নাসরের মতে, তাদের (জান্তা) ওয়াগনারকে দরকার। কারণ ওরাই ক্ষমতা ধরে রাখার জন্য গ্যারান্টি হয়ে উঠবে।

গত বৃহস্পতিবার জান্তা প্রধান জেনারেল আবদুরাহমান চিয়ানির সঙ্গে দেখা করার জন্য একটি মধ্যস্থতাকারী দলকে নাইজারে পাঠানো হয়েছিল। কিন্তু তাদের দেশটিতে প্রবেশ করতে দেয়নি জান্তা সরকার। এরপরেই শুক্রবার ইকোওয়াস সদস্যদের প্রতিরক্ষা প্রধানরা নাইজারে সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নেন এবং ডেডলাইন ঘোষণা করেন।

নাইজারকে ওই অঞ্চলে পশ্চিমাদের শেষ নির্ভরযোগ্য সন্ত্রাসবাদবিরোধী অংশীদার হিসেবে দেখা হয়। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে সামরিক অভ্যুত্থান অনেকটা সাধারণ ঘটনা হয়ে উঠেছে। নাইজারের সামরিক নেতারা পশ্চিমা দেশগুলো, বিশেষ করে সাবেক উপনিবেশিক শক্তি ফ্রান্সকে প্রত্যাখ্যান করে রাশিয়ার দিকে ঝুঁকছেন।

নাইজারে গত ২৬ জুলাইয়ের অভ্যুত্থান ছিল পশ্চিম ও মধ্য আফ্রিকা অঞ্চলে বিগত তিন বছরের মধ্যে সপ্তম সামরিক অভ্যুত্থানের ঘটনা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

গম আমদানির পরিকল্পনা অস্বীকার ভারতের

স্টক নিউজ বিডি August 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গম আমদানির পরিকল্পনার কথা অস্বীকার করেছে ভারত। দেশটির খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন বিভাগ জানিয়েছে, গমের পর্যাপ্ত মজুত রয়েছে। এর আগে সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের দ্বিতীয় বড় গম উৎপাদনকারী দেশটি সংকট দূর করতে গম আমদানি শুরু করতে যাচ্ছে। রোববার (২১ আগস্ট) ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন বিভাগ টুইটারে জানিয়েছে, গম আমদানি করার কোনো পরিকল্পনা ভারতের নেই। অভ্যন্তরীণ চাহিদা মেটাতে পর্যাপ্ত মজুত রয়েছে বলেও জানানো হয়।

ভারতের কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের দ্বারা প্রকাশিত প্রধান কৃষি ফসলের উৎপাদনের চতুর্থ অগ্রিম অনুমান অনুসারে, ২০২১-২০২২ সালে গমের উৎপাদন ধরা হয়েছে প্রায় ১০ কোটি ৭০ লাখ টন।

বলা হয়, চলতি বছরের আগস্টে ভারতের মজুত কমে ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে। তাছাড়া ভোক্তা মূূল্যসূচক বেড়ে প্রায় ১২ শতাংশে দাঁড়িয়েছে বলেও জানানো হয়।

কয়েক মাস আগে দেশীয় বাজারে দাম কমানোর লক্ষ্যে গম রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে ভারত। তবে নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি প্রতিবেশী ও খাদ্য সংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোতে গম রপ্তানি অব্যাহত রাখার কথা জানায় দেশটি।

চলতি বছর খরার কারণেও ঝুঁকিতে পড়েছে দেশটির গম উৎপাদন। তাছাড়া রাশিয়া ও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রপ্তানি চাহিদাও বেড়েছে। ফলে বেড়ে গেছে গুরুত্বপূর্ণ খাদ্যপণ্যটির দাম। বিশ্বে সবচেয়ে বেশি গম সরবরাহকারী দেশ হলো ইউক্রেন ও রাশিয়া।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ইউক্রেনে দখল করা পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দেবে রাশিয়া

স্টক নিউজ বিডি August 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন ও পরীক্ষা করে দেখার জন্য জাতিসংঘ কর্মকর্তাদের অনুমতি দেওয়া হবে। পুতিনের সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর টেলিফোনে আলাপের পর ক্রেমলিন এমন ঘোষণা দিয়েছে।

এর আগে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছিলেন, তিনি ওই পারমাণবিক স্থাপনা নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, ওই স্থাপনা ঘিরে সামরিক তৎপরতা অবশ্যই বন্ধ করতে হবে এবং একই সঙ্গে তিনি পরিদর্শনকারীদের অনুমতি দিতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছিলেন।

গত মার্চ মাস থেকে ইউরোপের বৃহত্তম ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। তবে সেখানে কাজ করছে ইউক্রেনীয় কর্মীরাই।

কিন্তু গত কয়েক সপ্তাহে এই স্থাপনার ওপর গোলাবর্ষণের কারণে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ইউরোপের বৃহত্তম পারমাণবিক স্থাপনার ওপর এই হামলার জন্য রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দায়ী করছে।

ইউক্রেন বলছে, রাশিয়া পারমাণবিক কেন্দ্রটিকে একটি ঢাল হিসেবে ব্যবহার করছে। কেন্দ্রটিকে একটি সেনা ঘাঁটি হিসেবে ব্যবহার করে সেখান থেকে ইউক্রেনের বিভিন্ন টার্গেটে রকেট হামলা চালানো হচ্ছে।

রাশিয়া বলছে, এই অভিযোগ মিথ্যা। বরং বিপদ বুঝেও উসকানি তৈরি করতে ইউক্রেনের সৈন্যরা পারমাণবিক স্থাপনার ওপর অব্যাহতভাবে রকেট ছুঁড়ছে।

এদিকে ফ্রান্স ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যকার আলাপের পর ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, পুতিন পারমাণবিক কেন্দ্রটিতে যেতে জাতিসংঘের তদন্তকারীদের সহায়তা করতে সম্মত হয়েছেন।

এতে বলা হয়, সেখানকার পরিস্থিতি দেখার জন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পাঠানোর ওপর উভয় নেতাই গুরুত্ব দিয়েছেন। জাতিসংঘের পারমাণবিক বিষয়ক সংস্থা দ্যা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আইএইএ-এর মহাপরিচালক পুতিনের ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেনম জাপোরিঝজিয়া কেন্দ্রটি পরিদর্শনে নেতৃত্ব দিতে তিনি নিজেই আগ্রহী।

তিনি বলেছেন, এমন একটি অস্থির ও ভঙ্গুর সময়ে এমন কোন নতুন পদক্ষেপ নেওয়া উচিত হবে না যা কেন্দ্রটির নিরাপত্তাকে আরও বিপদগ্রস্ত করে তুলতে পারে।

ইউক্রেন আগেই অভিযোগ করেছিলো যে, রাশিয়া সামরিক উপকরণ, অস্ত্র ও পাঁচ শতাধিক সৈন্য রেখে ওই কেন্দ্রটিকে একটি সামরিক ঘাঁটি বানিয়েছে। সাম্প্রতিক সময়ে ওই কেন্দ্রটির আশেপাশের এলাকায় ব্যাপক গোলাবর্ষণ হয়েছে যা নিয়ে রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে দোষারোপ করেছে।

বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব ও তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিদ্যুৎ কেন্দ্রটিতে ইচ্ছাকৃত হামলার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেন।

তবে কেন্দ্রটি পরিদর্শনের সুযোগ দিতে কিছুটা আগ্রহ দেখালেও রাশিয়ার কর্মকর্তারা ওই এলাকা বেসামরিকীকরণে আন্তর্জাতিক দাবি প্রত্যাখ্যান করেছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইভান নেচায়েভ বলেছেন, তা করা হলে কেন্দ্রটি আরও হুমকির মুখে পড়বে।

ওদিকে রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি দিয়ে জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে উস্কানির বর্ণনা দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে।

রাশিয়া বলছে, ইউক্রেন দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করে যাতে রেডিয়েশন লিক হয় আর রাশিয়াকে ‘পারমাণবিক সন্ত্রাসবাদের’ দায়ে অভিযুক্ত করা যায়। ওই চিঠিতে রুশ সৈন্যরা সেখানে অস্ত্র জমা করছে এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে। বরং এতে বলা হয় ইউক্রেনীয়রা কেন্দ্রটি লক্ষ্য করে গোলাবর্ষণ করছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পূর্ণমাত্রার পারমাণবিক যুদ্ধে মারা যাবে ৫০০ কোটি মানুষ

স্টক নিউজ বিডি August 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আধুনিক বিশ্বে একটি পূর্ণমাত্রায় পারমাণবিক যুদ্ধ হলে বিস্ফোরণে তো প্রাণহানি হবেই, কিন্তু এর ফলে বায়ুমণ্ডলে সূর্যের আলো আটকে দেওয়া ছাইয়ের যে আস্তরণ পড়বে, তাতে বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দেবে এবং তার কারণে মারা যেতে পারে প্রায় ৫০০ কোটি মানুষ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাটগার্স ইউনিভার্সিটির এক গবেষণায় উঠে এসেছে ভয়াবহ এই তথ্য। খবর ব্লুমবার্গের।

ন্যাচার ফুড জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা সম্ভাব্য ছয়টি পারমাণবিক যুদ্ধের ফলাফল চিত্রায়িত করেছেন। তাতে দেখা যায়, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পূর্ণমাত্রায় যুদ্ধ হলে পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ প্রাণ হারাতে পারে।

পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ থেকে কী পরিমাণ ছাই-ধুলো বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে, তার ওপর নির্ভর করে এই আনুমানিক হিসাব নির্ধারণ করেছেন বিজ্ঞানীরা। এক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্রের জাতীয় বায়ুমণ্ডলীয় গবেষণা কেন্দ্র সমর্থিত জলবায়ু পূর্বাভাসের একটি পদ্ধতি ব্যবহার করেছেন। এর মাধ্যমে দেশভিত্তিক প্রধান প্রধান ফসল উৎপাদনের একটি ধারণা করা সম্ভব হয়েছে।

গবেষণায় দেখা গেছে, তুলনামূলক স্বল্পমাত্রার সংঘাতও বৈশ্বিক খাদ্য উৎপাদন ব্যবস্থায় মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে পাঁচ বছরের মধ্যে খাদ্য উৎপাদন সাত শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। আর রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বাঁধলে তিন থেকে চার বছরের মধ্যে খাদ্য উৎপাদন কমতে পারে অন্তত ৯০ শতাংশ।

গবেষকরা বলেছেন, বর্তমানে পশুখাদ্য হিসেবে ব্যবহৃত ফসল ব্যবহার করে অথবা খাদ্য অপচয় কমিয়ে যুদ্ধের তাৎক্ষণিক ক্ষতি কিছুটা কমানো সম্ভব। তবে দীর্ঘস্থায়ী যুদ্ধ হলে এই সঞ্চয়ের পরিমাণ হবে ন্যূনতম।

সম্প্রতি ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে সম্ভাব্য সংঘাতের উদ্বেগ বাড়তে থাকার মধ্যেই এই গবেষণার ফলাফল প্রকাশ করা হলো। গত এপ্রিলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বিশ্বে একটি পারমাণবিক যুদ্ধ ছড়িয়ে পড়ার ‘গুরুতর ঝুঁকি’ রয়েছে।

গবেষণা প্রতিবেদনের সহ-লেখক ও রাটগার্স ইউনিভার্সিটির পরিবেশবিদ্যা বিভাগের জলবায়ু বিজ্ঞানের অধ্যাপক অ্যালান রোবক বলেন, এসব তথ্য আমাদের একটি কথাই বলে, পারমাণবিক যুদ্ধ হওয়া অবশ্যই আটকাতে হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • এনআরবি ব্যাংক পিএলসি এবং হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের মধ্যে কৌশলগত চুক্তি স্বাক্ষর

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • গত ৬ মাসের ফৌজদারি মামলায় প্রায় সব আসামি গ্রেপ্তার হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাগাতিপাড়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল

  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, নিজ হাতে ফাতেমার হাতে তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • বাগাতিপাড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক, মাদক আইনে মামলা

  • রাষ্ট্রপতিকে মেজর মান্নানের শুভেচ্ছা জ্ঞাপন

  • অমিত শাহর পদত্যাগের দাবি রাহুলের, সমর্থন জানাল ‘তেলাপোকারা’

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য