নিজস্ব প্রতিবেদক | স্টক নিউজ বিডি: গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের কারখানার ফিনিশড গুডস গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তৈরি ওষুধ, ওষুধের কাঁচামাল, মেশিন, অবকাঠামোসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, এ ঘটনায় আনুমানিক ২০ থেকে ২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কোম্পানির দেওয়া তথ্যমতে, গত ১৭ অক্টোবর ২০২৬, শনিবার বিকেল ৪টা ২০ মিনিটে কারখানার ফিনিশড গুডস গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই কারখানার নিজস্ব ফায়ার ইউনিটের কর্মী এবং কর্মকর্তা-কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় পার্শ্ববর্তী নিট এশিয়া লিমিটেডের কর্মীরাও অগ্নিনির্বাপণ কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
পরিস্থিতি মোকাবিলায় পরবর্তীতে কালিয়াকৈর ফায়ার স্টেশন ও গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণের কাজে অংশ নেয়। সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
কোম্পানির তথ্যমতে, অগ্নিকাণ্ডে তৈরি ওষুধ, ওষুধের কাঁচামাল, মেশিন, অবকাঠামো এবং বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ থেকে ২৫ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত ও বিস্তারিত মূল্যায়ন শেষে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের মাধ্যমে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং কী পরিমাণ সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নির্ধারণ করা সম্ভব হবে বলে জানিয়েছে কোম্পানি।
সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ
অগ্নিকাণ্ডের এ সংকটময় সময়ে যারা পাশে দাঁড়িয়েছেন, অগ্নিনির্বাপণ কার্যক্রমে সহযোগিতা করেছেন এবং দোয়া ও সমবেদনা জানিয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড।
দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে কারখানার নিজস্ব ফায়ার ইউনিট, কর্মকর্তা-কর্মচারী, পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের কর্মী এবং ফায়ার সার্ভিসের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।


