Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

শিক্ষা

যারা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করে তারা ইসলামের বন্ধু হতে পারে না

স্টক নিউজ বিডি August 26, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: যারা দেশের শান্তি ও উন্নয়ন বাধাগ্রস্ত করে তারা কখনো ইসলামের বন্ধু হতে পারে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দিপু মনি। শনিবার (২৬ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে বিভাগীয় মাদরাসা শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাটহাজারী ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এমএ) মাদরাসা মাঠে ‘জাতির পিতার ৪৮তম শাহাদৎবার্ষিকী, ১৫ আগস্টে শাহাদত বরণকারী সব শহীদের স্মরণে দোয়া মাহফিল ও মাদরাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা’ শীর্ষক এ সমাবেশের আয়োজন করে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, এ দেশে ইসলামের নাম ব্যবহার করে জঙ্গিবাদ ও মানুষ হত্যা করা হয়েছিল। অথচ পবিত্র ইসলামে মানুষ হত্যা পাপ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। তবুও একটি গোষ্ঠী সত্য গোপন করে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ধর্মীয় ও জাতিগত সংখ্যালগুদের ওপর ধর্মের নামে অপব্যবহার করে হত্যা, ধর্ষণ ও নির্যাতন চালিয়ে দেশের শান্তি ও উন্নয়নে বাধাগ্রস্ত করে নানা রকম দাঙ্গা ফ্যাসাদ তৈরি করছে।

যারা ইসলাম ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়, যারা এতিমের টাকা মেরে ক্ষমতায় যেতে চায়, তাদের আগামীতে ভোট না দিতে আহ্বান জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এ ইসলামী শিক্ষাকে উচ্চশিক্ষায় রূপ দিতে, আরও সম্প্রসারিত এবং আরও বেশি দক্ষ ও যোগ্য জনবল তৈরি করার লক্ষ্যে ২০১৩ সালে প্রধানমন্ত্রী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। তাছাড়া মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করতে এবং মাদরাসা শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি ২০১৫ সালে পৃথক মাদরাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করেছেন। এর মাধ্যমে মাদরাসা শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে সমপর্যায়ভূক্ত করেছেন।

শিক্ষক নিয়োগ কর্তৃপক্ষ এনটিআরসিএ এর চতুর্থ গণবিজ্ঞপ্তির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, সুপারিশপ্রাপ্ত ২৮ হাজার শিক্ষককে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দেওয়া হবে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তর কাজ করছে।

জাতীয়করণকৃত স্কুল-কলেজের শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, আন্ত:মন্ত্রণালয়গুলো কাজ করছে। যত দ্রুত সম্ভব প্রক্রিয়াটি নির্বাচনের আগে সম্পন্ন করা হবে। পাশাপাশি অসুপারিশপ্রাপ্তদের কাম্য যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়া ঠিক থাকলে তাদেরও জাতীয়করণের আওতায় আনা হবে।

সমাবেশে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি চট্টগ্রাম-৫ আসন হাটহাজারীর সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আব্দুর রশীদ।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) আবুল বাসার ও ছিপাতলী মাদরাসার শিক্ষক শফিউল আজমের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য দেন হাটহাজারীর ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল ফরাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন। এতে বক্তব্য দেন অধ্যক্ষ মাওলানা হাসান মাসুদ, অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, অধ্যক্ষ মাওলানা হোসেন আহমেদ ও প্রভাষক মো. শান্ত ইসলাম প্রমুখ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

৯ দিনে ১২ লাখ আবেদন, প্রথম ধাপের প্রক্রিয়ার শেষ দিন আজ

স্টক নিউজ বিডি August 20, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: একাদশ শ্রেণিতে প্রথম ধাপে অনলাইনে ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ। রোববার (২০ আগস্ট) রাত ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

তবে এসএসসির ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা শিক্ষার্থীরা চূড়ান্ত ফলাফল পাওয়ার পর প্রথম ধাপে একদিন আবেদনের সুযোগ পাবেন। আগামী ২৮ আগস্ট পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। এরপর ৩১ আগস্ট পুনঃনিরীক্ষণ করা শিক্ষার্থীদের আবেদন নেওয়া হবে।

গত ১০ আগস্ট একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে অনলাইনে আবেদন শুরু হয়। মাঝে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে একদিন অনলাইনে এ আবেদন প্রক্রিয়া ও সব সার্ভিস সেন্টার বন্ধ ছিল। অর্থাৎ শিক্ষার্থীরা প্রথম ধাপে ১০ দিন আবেদনের সুযোগ পেয়েছেন।

এর মধ্যে শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত গত ৯ দিনে ১২ লাখ ২২ হাজার ৮৮৫ শিক্ষার্থী আবেদন জমা দিয়েছেন। তবে প্রাথমিক আবেদনের ফি পরিশোধ করেছেন ১২ লাখ ৩৭ হাজার ৩৯৭ জন।

আবেদনের আগেই ফি পরিশোধের নিয়ম রয়েছে। ফলে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী যারা এরই মধ্যে ফি পরিশোধ করেছেন কিন্তু এখনো আবেদন করেননি, রোববার রাত ১১টার মধ্যে মধ্যেই তাদের আবেদন ফরম পূরণ করতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘যেসব শিক্ষার্থী ফি পরিশোধ করেছে, তারা হয়তো আজকের মধ্যেই ফরম পূরণ করে ফেলবে। আমার ধারণা- এ বছর এসএসসি পাস করা প্রায় সব শিক্ষার্থী আবেদন করে ফেলেছে।’

তিনি বলেন, ‘হ্যঁ, এখনো যে চার লাখ শিক্ষার্থীর আবেদন আমরা পাইনি, তাদের অধিকাংশই ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে। পুনঃনিরীক্ষণের ফল পাওয়ার অপেক্ষায় রয়েছে তারা। ফল প্রকাশের পরই তারা একাদশে ভর্তির জন্য আবেদন করবে বলে আশা করছি।’

গত ২৮ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেছেন ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী। এর মধ্যে সাড়ে ৩ লাখেরও বেশি শিক্ষার্থী প্রকাশিত ফলাফলে সন্তুষ্ট নয়। তারা এ ফল চ্যালেঞ্জ করে আবেদন করেছেন। পুনঃনিরীক্ষণের ফলাফলের অপেক্ষায় রয়েছেন এসব শিক্ষার্থী।

অন্যদিকে, সারাদেশের কলেজগুলোতে একাদশ শ্রেণিতে আসন রয়েছে প্রায় ২৬ লাখ। সব বোর্ড মিলিয়ে পাস করেছেন প্রায় সাড়ে ১৬ লাখ শিক্ষার্থী। সেই হিসাবে সাড়ে ৯ লাখেরও বেশি আসন খালি থাকবে।

এদিকে, আগামী ৫ সেপ্টেম্বর একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। এরপর দ্বিতীয় ধাপে ১২-১৪ সেপ্টেম্বর এবং তৃতীয় ধাপে ২০-২১ সেপ্টেম্বর আবেদন নেওয়া হবে। ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো পরীক্ষা নেওয়া হবে না। শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে। ২৬ সেপ্টেম্বর থেকে কলেজে ভর্তি শুরু হবে। আর একাদশে ক্লাস শুরু হতে পারে ৮ অক্টোবর।

আবেদন প্রক্রিয়া
xiclassadmission.gov.bd সার্ভারে ঢুকে শিক্ষার্থীদের আবেদন করতে হবে। তবে, তার আগেই শিক্ষার্থীদের আবেদন ফি জমা দিতে হবে। কোনো ব্যাংকে না গিয়েও বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে। তারপর পছন্দের কলেজ বাছাই করে অনলাইনে সাবমিট করতে হবে।

অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০ টাকা আবেদন ফি জমা সাপেক্ষে একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবেন।

একজন শিক্ষার্থী যতগুলো কলেজ পছন্দক্রমে দিয়ে আবেদন করবেন, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

৮ বোর্ডের ১০ লাখ শিক্ষার্থী এইচএসসিতে বসছে বৃহস্পতিবার

স্টক নিউজ বিডি August 16, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশের ৮টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৭ আগস্ট)। এ দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশ নেবেন ১০ লাখ ৭ হাজার ২৪১ জন পরীক্ষার্থী। তবে বন্যার কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়া তিন বোর্ডের সাড়ে ৩ লাখ শিক্ষার্থীকে এইচএসসিতে বসতে আরও ১০ দিন অপেক্ষা করতে হবে।

বৃহস্পতিবার থেকে দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। এ পরীক্ষা অংশ নিতে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন। সারাদেশে মোট কেন্দ্র ২ হাজার ৬৫৮টি এবং মোট শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ১৬৯টি।

তবে বন্যার কারণে চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। চারটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়ায় আগামী ২৭ আগস্ট এ তিন বোর্ডের পরীক্ষা শুরু হবে। এ চারটি বিষয়ের পরীক্ষা কবে নেওয়া হবে, সেই সময়সূচিও ঘোষণা করেছে তিন বোর্ড।

চলতি বছর একটি বিষয় ছাড়া সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণসময়ে পরীক্ষা হবে। শুধুমাত্র আইসিটি বিষয়ে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা হবে। শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষা বোর্ডগুলো এ সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে প্রশ্নফাঁস ও নকলমুক্ত সুষ্ঠু পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে নানা উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, স্ব স্ব শিক্ষা বোর্ড। এর মধ্যে অন্যতম কোচিং সেন্টার বন্ধ রাখা। গত ১৪ আগস্ট থেকে সারাদেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কোচিং বন্ধ রাখা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জাগো নিউজকে বলেন, ‘স্ব স্ব বোর্ড পরীক্ষার সব প্রস্তুতি শেষ করেছে। প্রশ্নফাঁস, পরীক্ষার কেন্দ্র ও কক্ষকেন্দ্রিক যেসব নির্দেশনা, সেগুলোও দায়িত্বপ্রাপ্তদের বুঝিয়ে দেওয়া হয়েছে। আশা করি, শিক্ষার্থীরা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা দেবে।’

পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন ও নানা ঘটনায় শিক্ষার্থীদের মনে প্রভাব পড়বে কি না, এন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা পরীক্ষা পেছানোর জন্য আন্দোলন করেছিল, তারাও বুঝেছে-যথাসময়ে পরীক্ষা হলে ভালো হবে। তারা পরীক্ষায় অংশ নিতে এখন পড়ার টেবিলে। আশা করি, সবাই ভালো পরীক্ষা দেবে এবং ভালো ফল করবে।’

পরীক্ষার হলে প্রবেশে যত বিধিনিষেধ
গত কয়েক বছরের মতো এবারও এইচএসসির পরীক্ষার হলে শিক্ষার্থী, পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রবেশ এবং কার্যক্রম পরিচালনার জন্য কিছু বিধিনিষেধ থাকছে। প্রশ্নফাঁস বা বিতর্ক এড়াতে কড়াকড়ি আরোপ করে আসছে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলো।

বিধিনিষেধের মধ্যে অন্যতম হলো-পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে অবশ্যই হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী নির্ধারিত সময় বা পরীক্ষা শুরুর পর (১০টা ৩০ মিনিটের বেশি নয়) প্রবেশ করেন, তাহলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্বের কারণ রেজিস্ট্রারে লিপিবদ্ধ করে ওইদিনই শিক্ষা বোর্ডে প্রতিবেদন পাঠাতে হবে।

কেন্দ্রের কর্মকর্তা ও পরীক্ষার কক্ষ পরিদর্শকদেরও কিছু নিয়ম মেনে চলতে হবে। সেগুলোর বর্ণনা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে কেন্দ্র সচিবকে প্রশ্নের সেট কোড জানিয়ে দেবে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রিক কোনো ডিভাইস নিয়ে কেন্দ্রে ঢুকতে পারবেন না। ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও ছবি তোলা যায় না-এমন মোবাইল ব্যবহার করতে হবে।

পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি যেমন-পরীক্ষার্থী, কক্ষ পর্যবেক্ষক, মন্ত্রণালয়ের কেন্দ্র পরিদর্শন টিম, বোর্ডের পরিদর্শন টিম, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের পরিদর্শন টিম, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ডেঙ্গুতে আইডিয়ালের ছাত্রী আফিয়া জাহিনের মৃত্যু

স্টক নিউজ বিডি August 15, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার তৃতীয় শ্রেণির আফিয়া জাহিন নামে এক ছাত্রী মারা গেছে। সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আফিয়া বনশ্রী আইডিয়ালের প্রভাতী শাখার ইংরেজি ভার্সনের ছাত্রী ছিল।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রীর প্রভাতি শাখার (ইংরেজি ভার্সন) সহকারী প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে তিনি জাগো নিউজকে বলেন, কয়েকদিন ধরে আফিয়ার জ্বর ছিল। হাসপাতালে নেওয়ার পর টেস্টে ডেঙ্গু পজিটিভ আসে। গতকাল (সোমবার) সন্ধ্যার দিকে নিষ্পাপ মেয়েটা মারা গেছে। তার বাবা-মাকে আল্লাহ এ শোক সহ্য করার ক্ষমতা দিন সেই দোয়া করি।

আফিয়া জাহিনের শ্রেণি শিক্ষক মোহাম্মদ নাইম বলেন, মেয়েটা খুব ভালো ছিল। খুব নম্র-ভদ্র ছিল। রাতে ওর মৃত্যুর খবর শুনে বিশ্বাস করতে পারিনি। মনে হচ্ছে এখনো আমার সামনে ওর নিষ্পাপ চেহারা জ্বলজ্বল করছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

গভর্নিং বডির মুশতাক ও অধ্যক্ষের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা

স্টক নিউজ বিডি August 10, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রলোভনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদের বিরুদ্ধে এবার নারী নির্যাতন মামলা করা হয়েছে। মামলায় কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীকেও আসামি করা হয়েছে।

গত ১ আগস্ট এক কলেজছাত্রীর বাবা মো. সাইফুল ইসলাম বাদী হয়ে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে অভিযোগ দিয়ে মামলার আবেদন করেন। বাদীর জবানবন্দি নিয়ে আদালত অভিযোগটি গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে বাদীর আইনজীবী ওমর ফারুক এ তথ্য জানান। তিনি বলেন, ‘১ আগস্ট ওই কলেজছাত্রীর বাবা আদালতে অভিযোগ দেন। আদালত এটিকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণে গুলশান থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।’

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার মেয়ে (কলেজছাত্রী) মতিঝিল আইডিয়ালের একাদশ শ্রেণির শিক্ষার্থী। আসামি খন্দকার মুশতাক বিভিন্ন অজুহাতে কলেজে আসতেন এবং ছাত্রীকে ক্লাস থেকে অধ্যক্ষের কক্ষে ডেকে নিতেন। খোঁজখবর নেওয়ার নামে ছাত্রীকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করতেন। কিছুদিন পর মুশতাক তাকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় ছাত্রীকে তুলে নিয়ে জোরপূর্বক বিয়ে করেন এবং তাকে ও তার পরিবারকে ঢাকা ছাড়া করার হুমকি দেন।

এতে আরও বলা হয়, বাদী কলেজের অধ্যক্ষকে (২ নম্বর আসামি) ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। কিন্তু কোনো সহযোগিতা না করে বরং অভিযুক্ত মুশতাককে অনৈতিক সাহায্য করেছেন। পরে বাদী গত ১২ জুন মেয়েকে ঠাকুরগাঁওয়ের নিজ বাড়িতে নিয়ে গেলে মুশতাক তার লোকজন দিয়ে সেখান থেকে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যান। এরপর বাদী জানতে পারেন আসামি তার মেয়েকে অনৈতিক কাজে বাধ্য এবং যৌন নিপীড়ন করা হচ্ছে।

এ জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী জাগো নিউজকে বলেন, ‘হ্যাঁ, ওটা (মামলা নথিভুক্ত) করা হয়েছে। আমরা আগে মামলা পর্যালোচনা করবো। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জানতে চাইলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী জাগো নিউজকে বলেন, ‘আসলে এসব নিয়ে আর কথা বলার রুচি এবং সময় নেই। আমাকে এর সঙ্গে জড়ানোটা উদ্দেশ্যমূলক। আদালতে গেছেন তো ওনারা, সেখানেই প্রমাণ হবে অভিযোগ সব মিথ্যা।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পলিটেকনিকে ভর্তির আবেদন শুরু

স্টক নিউজ বিডি August 9, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকারি ও বেসরকারি সব পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়েছে। বুধবার (৯ আগস্ট) সকাল ৯টা থেকে অনলাইনে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়।

এর আগে মঙ্গলবার (৮ আগস্ট) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ভর্তির আবেদনের বিষয়টি জানা গেছে।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার, ডিপ্লোমা-ইন-ফরেন্সি, ডিপ্লোমা-ইন-ফিশারিজ, ডিপ্লোমা-ইন-লাইভস্টক এবং ২ বছর মেয়াদি এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স ও সার্টিফিকেট-ইন-মেরিন ট্রেড কোর্স শিক্ষাক্রমে ভর্তি আবেদন ৯ আগস্ট শুরু।

দুই ধাপে ভর্তি আবেদন করা যাবে

এবার পলিটেকনিক ইনস্টিটিউটে দুই ধাপে আবেদন নেওয়া হবে। প্রথম ধাপে আজ থেকে শুরু হওয়া এ আবেদন চলবে আগামী ৩১ আগস্ট রাত ৯টা পর্যন্ত। আগামী ৭ সেপ্টেম্বর প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে।

দ্বিতীয় ধাপে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর। এ ধাপে আবেদন চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আর দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর।

এসএসসি ও সমমানের পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন।

ভর্তি আবেদন অনলাইনে পূরণ করে ১৬০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে www.btebadmission.gov.bd পাওয়া যাবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা মাউশিতে পাঠানোর নির্দেশ

স্টক নিউজ বিডি August 9, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির কোটা বণ্টনের জন্য এ বছর এসএসসি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের তথ্য পাঠাতে সব স্কুলকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

আগামী ২৭ আগস্টের মধ্যে ই-মেইলযোগে এ তথ্য পাঠাতে হবে। পরে মাউশির মহাপরিচালক বরাবর এ তথ্যের প্রিন্ট কপিও পাঠাতে হবে।

বুধবার (৯ আগস্ট) অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের সহকারী পরিচালক (একিউএইউ) কামরুন নাহারের সই করা আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির কোটা বণ্টনের জন্য ২০২ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের তথ্য নমুনা ছকে আগামী ২৭ আগস্টের মধ্যে ই-মেইল করতে হবে। পাশাপাশি এ তথ্যের প্রিন্ট কপি মাউশির মহাপরিচালক বরাবর পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে নির্দেশনার আদেশের সঙ্গে একটি নমুনা ছকও দেওয়া হয়েছে। তাতে বোর্ডের নাম, স্কুল থেকে অংশ নেওয়া নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা, মোট উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা চাওয়া হয়েছে।

গত ২৮ জুলাই এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার জন শিক্ষার্থী। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

একাদশে ভর্তি প্রক্রিয়া শুরু ১০ আগস্ট

স্টক নিউজ বিডি July 29, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া আগামী ১০ আগস্ট শুরু হবে। এর আগে চলতি সপ্তাহে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো। তবে নীতিমালায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ১০ আগস্ট থেকে কলেজগুলোতে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। দু-একদিনের মধ্যে একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ করা হবে। এবারের ভর্তির নীতিমালাও অন্যান্যবারের মতোই থাকবে।’

শুক্রবার (২৮ জুলাই) এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী। গত বছর (২০২২ সাল) পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪।

এদিকে, এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। ফলে এবার এসএসসি ও সমমানে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। পূর্ণ নম্বরের ওপর প্রশ্নপত্র ও সব বিষয়ের পরীক্ষা হওয়ায় এবার ফলাফল নিম্নমুখী বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সবচেয়ে বেশি ফেল ঢাকা বোর্ডে, জিপিএ-৫ কম সিলেটে

স্টক নিউজ বিডি July 28, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী ঢাকা শিক্ষাবোর্ডে। আবার অনুত্তীর্ণ পরীক্ষার্থী সংখ্যায়ও সর্বাধিক ঢাকা শিক্ষাবোর্ডে। অর্থাৎ ঢাকা শিক্ষাবোর্ডে সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী ফেল করেছে।

শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় এ ফল প্রকাশ করা হয়। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৩ হাজার ৫৭৮ শিক্ষার্থী।

এ বছর ঢাকা শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪৬ হাজার ৩০৩ শিক্ষার্থী। রাজশাহী শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৮৭৭, যশোর শিক্ষাবোর্ডে ২০ হাজার ৬১৭, কুমিল্লা শিক্ষাবোর্ডে ১১ হাজার ৬২৩, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ১১ হাজার ৪৫০, ময়মনসিংহ শিক্ষাবোর্ডে ১৩ হাজার ১৭৭, দিনাজপুর শিক্ষাবোর্ডে ১৭ হাজার ৪১০, সিলেট শিক্ষাবোর্ডে ৫ হাজার ৪৫২ এবং বরিশাল শিক্ষাবোর্ডে ৬ হাজার ৩১১ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

অন্যদিকে ঢাকা শিক্ষাবোর্ডে ফেল করেছে ৯৩ হাজার ৪৯৪ শিক্ষার্থী। ঢাকা শিক্ষাবোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ লাখ ১৬ হাজার ৪২৬ জন। রাজশাহী শিক্ষাবোর্ডে ফেল করেছে ২৪ হাজার ৬৬৭ জন, পরীক্ষার্থী ছিল ২ লাখ ৩ হাজার ৬২৫। কুমিল্লা শিক্ষাবোর্ডে ফেল করেছে ৩৯ হাজার ৪১৯, পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৮২ হাজার ৬২৫ জন।

যশোর শিক্ষাবোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৫৫ হাজার ৭৫৯, ফেল করেছে ২১ হাজার ৫৪৬ জন। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ফেল করেছে ৩৩ হাজার ২৯৭ জন, পরীক্ষার্থী ছিল এক লাখ ৫৩ হাজার ৩৮৩। ময়মনসিংহ শিক্ষাবোর্ডে ফেল করেছে ১৭ হাজার ৮২৫, পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ২২ হাজার ৮৭২ জন।

এছাড়া দিনাজপুর শিক্ষাবোর্ডে ফেল করেছে ৪৬ হাজার ১৪২ জন, পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৯৯ হাজার ৪৯১। সিলেট শিক্ষাবোর্ডে ফেল করেছে ২৬ হাজার ২২৬ জন, পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৯ হাজার ৫৩২। বরিশাল শিক্ষাবোর্ডে ৮ হাজার ৮৫৭ শিক্ষার্থী ফেল করেছে, পরীক্ষার্থীর সংখ্যা ৯০ হাজার ১৯৬ জন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ঢাকা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৫ শতাংশ, বরিশালে ৯০ দশমিক ১১ শতাংশ, চট্টগ্রামে ৭৮ দশমিক ২৯ শতাংশ, কুমিল্লায় ৭৮ দশমিক ৪২ শতাংশ, দিনাজপুরে ৭৬ দশমিক ৮৪ শতাংশ। এছাড়া রাজশাহীতে ৮৭ দশমিক ৮৮ শতাংশ, সিলেটে ৭৬ দশমিক শূন্য ৬ শতাংশ, ময়মনসিংহ ৮৫ শতাংশ ও যশোরে ৮৬ দশমিক ১৭ শতাংশ। মাদরাসা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ ও কারিগরি শিক্ষাবোর্ডে ৮৩ দশমিক ৪০ শতাংশ।

চলতি বছরের এসএসসি পরীক্ষা শেষ হয় গত ২৮ মে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নিয়ম রয়েছে। ৯টি সাধারণ, একটি মাদরাসা ও কারিগরি বোর্ডসহ মোট ১১টি শিক্ষাবোর্ডের অধীনে ২০ লাখ ৭৮ হাজার ২১৬ জন শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি শেষ হচ্ছে আজ

স্টক নিউজ বিডি July 25, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শেষ হচ্ছে আজ। মঙ্গলবার (২৫ জুলাই) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে প্রাথমিক ভর্তি ও ফি পরিশোধ করতে পারবেন শিক্ষার্থীরা।

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা-সংক্রান্ত ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, গত ২২ জুলাই দুপুর ১২টা থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার (২৫ জুলাই) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এদিকে, শিক্ষার্থীদের বুধবার (২৬ জুলাই) বিকেল ৪টার মধ্যে মূল কাগজপত্র জমা দিতে হবে। এসএসসি এবং এইচএসসি ও সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। কৃষি গুচ্ছের প্রবেশপত্র ডাউনলোড শুরু

আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য ভর্তিচ্ছুদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) থেকে তারা ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারছেন। কৃষি গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

গুচ্ছভূক্ত আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত ১০ জুলাই।

জানা গেছে, এবার কৃষি গুচ্ছে ৮৪ হাজার ৫১টি আবেদন জমা পড়লেও নির্দিষ্ট ফি পরিশোধ করেছেন ৮১ হাজার ২১৯ জন ভর্তিচ্ছু। গতবারের চেয়ে আবেদন সংখ্যা বেড়েছে দুই হাজার ৭২টি। আসনপ্রতি লড়াবেন ২৩ শিক্ষার্থী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

  • রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

  • দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ অক্টোবর

  • সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য