নিজস্ব প্রতিবেদক: মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস, গতকাল ৩০ জুন ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসিতে প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন।
মোহাম্মদ আসাদুর রহমান ২০১০ সালে ১৫ এপ্রিল সহকারী মহাব্যবস্থাপক হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জে যোগদান করেন। পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে ২২ এপ্রিল ২০১৩ তারিখ থেকে উপ-মহাব্যবস্থাপক হিসেবে এবং ২৭ এপ্রিল ২০১৭ তারিখ থেকে ২৯ জুন ২০২৫ তারিখ পর্যন্ত জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন৷
এ সময়ে তিনি বোর্ড এবং কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগ, TREC অ্যাফেয়ার্স বিভাগ, লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগ এবং আন্তর্জাতিক বিষয়ক বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জুন ২০১৯ থেকে জানুয়ারী ২০২০ পর্যন্ত বাজার উন্নয়ন বিভাগের প্রধান হিসেবে পণ্য ও বাজার উন্নয়ন বিভাগ, এসএমই এবং ওটিসি বিভাগ, গবেষণা ও তথ্য বিভাগ এবং বাজার পরিচালনা (MOPS) বিভাগেও সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
জনাব রহমান ডিএসই ডিমিউচুয়ালাইজেশন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এবং ডিএসইর নাসডাক এবং ফ্লেক্সট্রেডের নতুন সিস্টেম প্রকল্পের মূল দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। এছাড়াও তিনি WFE-এর পূর্ণ সদস্যপদ অর্জন, ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী নির্বাচন এবং শেনজেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জকে ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অন্তর্ভুক্ত করার মূল দলেরও একজন সদস্য ছিলেন।
জনাব রহমান ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি হিসেবে ফিলিপাইন স্টক এক্সচেঞ্জ, সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জ, সাংহাই স্টক এক্সচেঞ্জ, সাংহাই ফিউচার এক্সচেঞ্জ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, বোম্বে স্টক এক্সচেঞ্জ, মালদ্বীপ স্টক এক্সচেঞ্জ, জার্মান স্টক এক্সচেঞ্জ সহ বিশ্বের বিভিন্ন স্টক এক্সচেঞ্জ ও প্রতিষ্ঠানের সাথে বৈঠক ও সভা-সেমিনারে অংশগ্রহণ করেন। তিনি IVLP অ্যালামনাই-এর একজন সদস্য।
ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক যোগদানের পূর্ববর্তী সময়ে জনাব রহমান প্রধান পরিচালন কর্মকর্তার পাশাপাশি কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন।
