Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

সরকার

নির্বাচনে সব দল কখনো অংশ নেয় না: ইসি আলমগীর

স্টক নিউজ বিডি August 14, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপি নির্বাচনে আসবে না বলেছে। আপনারাও (নির্বাচন কমিশন) কোনো উদ্যোগ না নিলে আপনাদের মনোভাব নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, নির্বাচনে সব দল কখনো অংশ নেয় না। অতীতেও নেয়নি। আমাদের ৪৪টি দল আছে। সবাই অংশগ্রহণ করবে না। কেননা, ভোটে অংশ নিতে অনেক সক্ষমতার বিষয় আছে। আমরা সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের নব্বই দিনের মধ্যে নির্বাচন করার শপথ নিয়েছি। আমাদের কাজ এটুকুই যে, ভোটার তালিকা করবো, দলের নিবন্ধন দেবো আর যখন যে নির্বাচনের সময় আসবে, যথাসময়ে সে নির্বাচনগুলো করবো।

সোমবার (১৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ইসি আলমগীর বলেন, সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। আমরা যখন শপথ নিয়েছি, বলেছি সংবিধান মেনে চলবো। নির্বাচন কমিশনের কাজ কী তা সংবিধানে স্পষ্ট করে বলা আছে- রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, ভোটার তালিকা প্রণয়ন ও আসনের সীমানা নির্ধারণ এবং সংসদ যদি আইন করে কোনো দায়িত্ব দেয়। নির্বাচন কমিশন সংবিধানের বাইরে যাবে না।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দায়িত্ব শুধু ইসির নয়। এটি সরকার, ভোটার, প্রার্থী সবার দায়িত্ব। আইনে যেটুকু বলা আছে, ততটুকুই ইসির দায়িত্ব। অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সেটি আমরা চাই। আমাদের আগে থেকে বললে আমরা ব্যবস্থা নিই। এখন ঘরে ঘরে পুলিশ দেওয়া কি সম্ভব? মিছিল তো হবে প্রতি গ্রামে, পুলিশ কি সব জায়গায় যেতে পারবে? এজন্য আমাদের আগে থেকে জানাতে হবে। আমরা তখন নিরাপত্তা দিতে বাধ্য।

নির্বাচনকালীন সরকারে ইসির কাজ কী হবে, এই প্রশ্নের উত্তরে ইসি আলমগীর বলেন, সরকার কেমন হবে সেটা দেখা তো আমাদের বিষয় নয়। কী হবে না হবে সংবিধানে বলা আছে। আমাদের কী করতে হবে সেটাও সংবিধানে বলা আছে। কী ধরনের সরকার থাকবে সেটা রাজনৈতিক বিষয়। এ নিয়ে আমাদের কিছু বলার নেই। তফসিল ঘোষণার পর ডিসি, এসপি, পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার এবং তাদের অধীনে যারা আছে, ইসির অনুমতি ছাড়া কাউকে বদলি করা যাবে না। ইসি যদি কাউকে বদলি করতে বলে সেটা করতে হবে। এটা আইনেই বলা আছে।

তিনি বলেন, আমাদের কাজ সরকার যেই থাকুক, যেভাবেই থাকুক যথাসময়ে নির্বাচন করা। ভোট কবে হবে সেই সিদ্ধান্ত আগামী নভেম্বরে জানানো হবে। এর আগে বলা যাবে না। আমাদের কনসার্ন হবে আচরণবিধি মেনে চলার বিষয়টি। স্থানীয় আর জাতীয় নির্বাচনের আচরণবিধির ভিন্নতা আছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বাজারের আগুন নেভাবে কে?

স্টক নিউজ বিডি August 13, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর পল্লবীতে প্রায় এক যুগ ধরে বসবাস করছেন শাহজাহান মিয়া। তিন রুমের ফ্ল্যাট ছেড়ে একই ভবনের নিচতলার দুই রুমের ফ্ল্যাটে উঠেছেন গত মাসে। সাব-লেটের ওই বাসায় সাড়ে চার হাজার টাকা কমে থাকতে পারছেন এখন।

শাহজাহান মিয়ার ভাষ্য, বাজারে গেলে চোখে পানি চলে আসে। এমন বিপদে পড়তে হবে কখনই ভাবিনি। ছয় সদস্যের সংসার। মেয়ে ভার্সিটিতে পড়ে। ছেলে কলেজে। টাকার অভাবে অসুস্থ মায়ের চিকিৎসাও কমিয়ে দিয়েছি। বাজার করে খাওয়াবো নাকি মাকে নিয়মিত ওষুধ খাওয়াবো? একটি করলে আরেকটা হয় না। মাছ-মাংস তো প্রায় ছেড়েই দিয়েছি। মাঝে মধ্যে ডিম খেতাম। তাও আর সম্ভব নয়। বাধ্য হয়ে কম ভাড়ার ফ্ল্যাটে উঠেছি।

শাহজাহানের এই আক্ষেপ সম্ভবত নগরীর অধিকাংশ মানুষের। সাধারণ মানুষ দিশেহারা প্রায়। আয় বাড়ছে না। ব্যয় বাড়ছে প্রতিনিয়ত। নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের লাগামহীন মূল্যে অসহায় হয়ে পড়ছে নিম্ন-মধ্যবিত্ত পরিবার। কেউ সঞ্চয় ভেঙে খাচ্ছে, কেউ আবার চলছে ঋণ করে। জীবন চালাতে চরম এক অনিশ্চয়তায় দিন পার করছে মানুষ।

সরকার খাদ্য নিরাপত্তার জন্য বেশ কাজ করছে। কৃষক সুবিধাও পাচ্ছে নানাভাবে। প্রশ্ন হচ্ছে কৃষকের ফলানো ফসলে ভাগ বসাচ্ছেন অন্যজন। এই অন্যজনকে দমাতে না পারলে বাজারের অস্থিরতা কমবে না।

দক্ষিণ বাড্ডার বাসিন্দা রহিমা। ময়মনসিংহের গফরগাঁও থেকে এসেছিলেন আট বছর আগে। দুই ছেলে-মেয়ে। অসুস্থ স্বামী প্রায় বেকার। একদিন কাজে গেলে পরেরদিন আর কাজ করতে পারেন না। মানুষের বাসায় কাজ করে দিন পার করলেও এখন ঠেকে গেছেন। সব জিনিসের দাম বাড়ায় ঢাকায় আর থাকতে চাইছে না রহিমার পরিবার।

রহিমার কথা, গ্রামে গিয়ে আইল থেকে কচুশাক তুলে তা দিয়েও ভাত খাওয়া যাইবো। শহরে এক আঁটি কচুশাক কিনতেও এখন বিশ টাকা লাগে। চাল, ডাল, তেল কোন জিনিসটা হাতে ধরা যায়! সব কিছুতেই আগুন! নেভানোর কেউ নাই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ মনে করেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়লে সবচেয়ে বিপদে পড়েন সাধারণ মানুষ। মূল্যস্ফীতির প্রথম খড়্গ পড়ে গরিব মানুষের ওপর। সরকারের অব্যবস্থাপনা আর সিন্ডিকেটের কারণে আজকের এই দশা।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর জন্য যে চেষ্টা থাকার কথা, সেখানে ঘাটতি আছে। নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলো আরও সজাগ হলে ব্যবসায়ীরা যা ইচ্ছা করতে পারতেন না।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিনও বাজার পরিস্থিতির জন্য বিশেষ সিন্ডিকেটকে অনেকটা দায়ী করলেন। তিনি বলেন, করোনা আর যুদ্ধ পরিস্থিতি গোটা বিশ্বে সংকট তৈরি করেছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর জন্য যে চেষ্টা থাকার কথা, সেখানে ঘাটতি আছে। নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলো আরও সজাগ হলে ব্যবসায়ীরা যা ইচ্ছা করতে পারতেন না।

অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ বলেন, সরকার খাদ্য নিরাপত্তার জন্য বেশ কাজ করছে। কৃষক সুবিধাও পাচ্ছে নানাভাবে। প্রশ্ন হচ্ছে কৃষকের ফলানো ফসলে ভাগ বসাচ্ছেন অন্যজন। এই অন্যজনকে দমাতে না পারলে বাজারের অস্থিরতা কমবে না।

একই বিষয়ে মতামত গ্রহণ করার জন্য যোগাযোগ করা হয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে। তিনি বলেন, বাজারে ডিমের মূল্যবৃদ্ধির বিষয়টি খাদ্য মন্ত্রণালয়ের দেখভালের ব্যাপার নয়। এটি বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয়। খাদ্য নিরাপত্তা, সাধারণ মানুষের বেঁচে থাকা, সরকারের দায়- এমন বিষয়ে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নির্দলীয় সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: সিপিবি

স্টক নিউজ বিডি August 12, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলার নেতারা। দলটি মনে করে, নির্দলীয় সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে নগরীর সিনেমা প্যালেস চত্বরে সিপিবি চট্টগ্রাম জেলার সমাবেশ থেকে এ দাবি করা হয়। পাশাপাশি সরকারের পদত্যাগ, নির্বাচন ব্যবস্থার সংস্কার, নিত্যপণ্যের দাম কমানো ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিও জানানো হয়।

সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে এবং সম্পাদকমন্ডলীর সদস্য নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী, সিপিবি কোতোয়ালি থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য, রেখা চৌধুরী ও জামাল উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের অস্থিরতা ভর করেছে। বাড়ছে অস্থিতিশীলতা, সংঘাত-সহিংসতা। অর্থনীতি এখনো নিয়ন্ত্রণহীন। মানুষের মাঝে উদ্বেগ- উৎকণ্ঠা বাড়ছে। হামলা, মামলা, নির্যাতন ও ভয়ের রাজনীতি ছড়িয়ে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। মিছিল-মিটিং ও বাকস্বাধীনতার অধিকার নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে।

তারা বলেন, এ সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। বর্তমান সরকার আমাদের ভাতের অধিকারই কেড়ে নেয়নি, ভোটের অধিকারও কেড়ে নিয়েছে। গণতন্ত্র ও প্রতিনিধিত্বশীল শাসনের দীর্ঘ অনুপস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্বের ওপর আগ্রাসী হওয়ার ক্ষেত্রে বিবদমান সাম্রাজ্যবাদী শক্তিসমূহ এবং আঞ্চলিক আধিপত্যবাদী রাষ্ট্রগুলো চরম প্রতিযোগিতায় লিপ্ত।

সিপিবি নেতারা বলেন, দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের সুযোগ এখন আমাদের দেশে নেই। বর্তমান সংসদ না ভেঙে নির্বাচন করলে নির্বাচন নিরপেক্ষ হবে না। চলমান সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় ও নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন করতে হবে। এর কোনো বিকল্প নেই। বর্তমান নির্বাচন ব্যবস্থার পরিবর্তন করে সংখ্যানুপাতিক পদ্ধতিসহ নির্বাচন করতে হবে। দুর্নীতিবাজ, লুটপাটকারী, টাকা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সমাবেশ থেকে পাচারের টাকা ফেরত এবং সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী বিদেশি শক্তির অপতৎপরতা রুখে দাঁড়ানোর আহ্বান জানান সিপিবি নেতারা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সবাই সরকারের পক্ষে কথা বলে, ইয়েস স্যার বলতেই ব্যস্ত: জিএম কাদের

স্টক নিউজ বিডি August 3, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, বর্তমান সরকার শুধু ইয়েস শুনতে চায়। তারা গঠনমূলক সমালোচনাও সহ্য করতে পারে না।

তিনি বলের, সবাই সরকারের পক্ষে কথা বলে, সবাই ইয়েস স্যার বলতেই ব্যস্ত। এ কারণেই চিকিৎসক, ব্যবসায়ী, প্রকৌশলীসহ সব পেশাজীবী সংগঠনের নেতৃত্বে সরকার নিজেদের লোক নিয়োগ করতে চায়। সেজন্যই দেশের প্রকৃত সত্য বা বাস্তবতা বুঝতে পারে না সরকার।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানে জিএম কাদের এসব কথা বলেন। জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা হোসেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক নির্বাচিত হওয়ায় অনুষ্ঠানে তাকে শুভেচ্ছা জানানো হয়।

জিএম কাদের বলেন, পেশাজীবী সংগঠনের নেতৃত্বে নিজস্ব লোক নিয়োগ করলে সরকারের উপকার হয় না, এটাও সরকার বুঝতে চায় না।

এখন পেশাজীবী সংগঠনের নেতৃত্বেও দলীয়করণ করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, দলের প্রতি আনুগত্য ভুলে পেশাজীবী সংগঠনের নেতাদের আলোচনা করতে হবে সরকারের সঙ্গে। সব পেশাজীবী সংগঠন তৈরি করা হয় জনগণের কল্যাণের জন্য। পেশাজীবী সংগঠনের নেতারা নিরপেক্ষভাবে ভূমিকা রাখতে পারছেন না।

বিরোধীদলীয় উপনেতা বলেন, এখন সরকার যা বলছে, পেশাজীবী সংগঠনগুলো ইয়েস স্যার বলছে। জনগণের কথা চিন্তা না করে সরকারকে সমর্থন দিতেই ব্যস্ত হয়ে থাকে। অথচ, সরকারকে সঠিক পথে রাখতেই এই সংগঠনগুলো সৃষ্টি হয়েছিল।

এখন বাজার অস্থির, নিত্যপণ্যের অভাব, ব্যবসায়ীরা বেশি মুনাফা করছে। কিন্তু সরকার তা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। সবাই সরকারের পক্ষে কথা বলেন, সবাই ইয়েস স্যার বলতেই ব্যস্ত, যোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তত্ত্বাবধায়ক ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না: মির্জা ফখরুল

স্টক নিউজ বিডি October 29, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের সোজা কথা, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা কোনো নির্বাচনে যাব না। শেখ হাসিনার পদত্যাগ ছাড়া কোনো নির্বাচনে যাব না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন হবে। সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে জাতীয় সরকার গঠন করা হবে।

শনিবার বিকেলে রংপুরের কালেক্টরেট ঈদগাঁও মঠে আয়োজিত গণসমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার নাকি বিরোধীদল ও জনগণকে ভয় পায় না। ভয় যদি না পাও তাহলে কেন দুই দিন ধরে পরিবহণ বন্ধ করে দাও। কেন আমাদের নেতাদের গুলি করে মার?

মির্জা ফখরুল বলেন, আমি নাকি চিবিয়ে খাই। আরে আপনারা তো চিবিয়ে চিবিয়ে অর্থনীতিটা খেয়ে ফেলেছেন। এখন দেশটা খেয়ে ফেলবেন। আশ্রয়ণ প্রকল্প করে একটা ঘর দেয়, ওখানেও চুরি করে। আমাদের এই সরকার সর্বভোগে পরিণত হয়েছে। সব খেয়ে ফেলতে চায়। দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। বিদেশে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয় না। আমাদের সবার বিরুদ্ধে মামলা। ৩৫ লাখ মামলা। ৬০০ নেতাকর্মী গুম করেছে। সহস্রাধিক মানুষ হত্যা করেছে। আলেম-ওলামাদের বিরুদ্ধে মামলা দিয়েছে।

তিনি আরও বলেন, এই সরকারকে আর ক্ষমতায় রাখা যায়? এখন বলে কিনা দেশে দুর্ভিক্ষ হবে। এ দায় কার? ১৯৭৫ সালে তার বাবার আমলেও দেশে দুর্ভিক্ষ হয়েছিল। এই রংপুরের বাসন্তি লজ্জা নিবারণের জন্য এক টুকরো কাপড় পায়নি।

আওয়ামী লীগের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আপনারা তো চিতল মাছ খাচ্ছেন। আমরা সাধারণ মানুষ না খেয়ে আছি। আপনারা কি এটা মানবেন? আমেরিকার একটা রিপোর্টে বলা হয়েছে, এই সরকার মিথ্যা কথা বলে। রংপুরে মানুষ জেগে উঠবে, এই ভয়াবহ সরকারের পতন ঘটাবে। আপনাদের নুরুলদিন বলেছিলেন, কোনঠে বাহে জেগে ওঠো। আজকে আমাদের জেগে উঠতে হবে।

মির্জা ফখরুল বলেন, কেমন আছেন বাহে, আমরা রংপুরের সাওয়াল। আমরা ভালো নাই। আমরা সকল নির্যাতন অত্যাচার জয় করে আমরা ভালো থাকব। আজকে সমাবেশে প্রতিবাদ করতে এসে একজন নিহত হয়েছেন। আমি তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।

রংপুর নগর বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান সামুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব ও বিএনপি দলীয় সংসদ সদস্য হারুন আর রশিদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের সাধারণ সম্পাদক মুনায়েম মুন্না, মহিলা দলের যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ শাহ মো. নেছারুল হক, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

এ ছাড়া জাতীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যক্ষ শাহ মো. নেছারুল হক, রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা, দিনাজপুরের মেয়র জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য দেন। সমাবেশের শুরুতেই স্থানীয় বিএনপি এবং রংপুর বিভাগের বিভিন্ন জেলা বিএনপির শীর্ষনেতারা বক্তব্য দেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওবায়দুল কাদের

আগুন নিয়ে খেললে পরিণতি শুভ হবে না: কাদের

স্টক নিউজ বিডি October 12, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আগুন নিয়ে খেললে এর পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের হুঁশিয়ার করে দিয়ে একথা বলেন সেতুমন্ত্রী।

বিএনপির বিভাগীয় সমাবেশের ডাক দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যে কোন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনকে স্বাগত জানাই। তবে আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে মানুষের জান-মাল রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সংযমী তবে রাজপথে সতর্ক প্রস্তুতি রয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে হেরে যাবার ভয়ে বিএনপি এখন আন্দোলনের নামে সরকার হঠানোর চক্রান্ত করছে। বিএনপি এখন গণঅভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে। গণঅভ্যুত্থান আর আন্দোলনের ভয়ে বিএনপি গত ১৪ বছর ধরে দেখিয়ে আসছে। তাদের এসব তর্জন-গর্জন মিডিয়া আর ফেসবুকেই সীমাবদ্ধ। একথা বাংলাদেশের জনগণ ভালই জানে।

বাস্তবতার সঙ্গে বিএনপি নেতাদের কোন সম্পর্ক নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বস্তুত দেশে গণঅভ্যুত্থানের মত বস্তুগত পরিস্থিতি বিদ্যমান নেই।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিচারবহির্ভূত হত্যা-গুম চায় না সরকার: মোমেন

স্টক নিউজ বিডি October 8, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘দেশে কোনো লোক খুন বা গুম হোক এটা সরকার চায় না। এসব ঘটনার জন্য সরকার দায়ী নয়। বরং যারা খুন-গুমের ঘটনা ঘটায় তাদের শাস্তি দিতে সরকার সর্বদা সচেষ্ট থাকে।’

শনিবার দুপুরে সিলেটের সাহেবের বাজার স্কুল অ্যান্ড কলেজের ফ্যাসিলিটিজ ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “পশ্চিমা দেশগুলোতে স্কুলে হামলা হয়, শপিংমলে হামলা হয়, প্রতি বছরই হাজারের মতো বিচারবহির্ভূত হত্যা হয় সেগুলো নিয়ে কথা নেই। বাংলাদেশে একটি ঘটনা ঘটলেই হুলস্থুল পড়ে যায়।”

“বাংলাদেশে কালেভদ্রে দু-একটি দুর্ঘটনা ঘটে, এটাও দুঃখজনক। সরকার কোনো বিচারবহির্ভূত হত্যা, গুম চায় না। এ বিষয় নিয়ে খুব কঠোর অবস্থান রয়েছে। কেউ কোনো ঘটনা ঘটালে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হয়।”

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা দেখে পশ্চিমাদের মাথাব্যথা শুরু হয়ে গেছে বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বাঙালি জাতি গণতন্ত্র-মানবাধিকারের জন্য রক্ত দেওয়া জাতি। তাই নির্বাচন-গণতন্ত্র-মানবাধিকার নিয়ে কারও পরামর্শ প্রয়োজন নেই।”

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওবায়দুল কাদের

নৈরাজ্য সৃষ্টি করে সরকার পরিবর্তনের দুঃস্বপ্ন দেখে লাভ নেই

স্টক নিউজ বিডি September 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ও জনগণের ম্যান্ডেট ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ যখন রাজপথে নামবে জনগণকে সঙ্গে নিয়েই নামবে বলে মন্তব্য করেন তিনি।

রোববার সচিবালয়ে তার দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের উদ্দেশে একথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় কথায় সরকারের পদত্যাগ চাওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে বলেন, “সরকার কেন পদত্যাগ করবে? আর কার কাছে পদত্যাগ করবে?”

তিনি বলেন, “সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়েছে, যাথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার পরিবর্তন চাইলে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসতে হবে। নৈরাজ্য সৃষ্টি করে সরকার পরিবর্তনের দুঃস্বপ্ন দেখে কোন লাভ নেই।”

তত্ত্বাবধায়ক সরকার একটি মীমাংসিত ইস্যু। এ নিয়ে মাতামাতি করে কোন লাভ নেই বলে উল্লেখ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, “আওয়ামী লীগ বিশ্বাস করে তাদের উন্নয়ন ও অর্জনের সাথে এদেশের জনগণ রয়েছে, কাজেই অগণতান্ত্রিক পথে বিএনপির ক্ষমতা দখলের খোয়াব অচিরেই ভেঙে যাবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ভারত সফরকালে শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনার আমন্ত্রণ

স্টক নিউজ বিডি August 27, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ সেপ্টেম্বর চারদিনের সরকারি সফরে ভারতে যাচ্ছেন। এ সফরকালে শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দিতে আগ্রহী এনআরবি ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ফোরাম।

সংগঠনটির সভাপতি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. পবিত্র সরকার কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে একটি আবেদনও পাঠিয়েছেন।

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ ও টেকসই উন্নয়নের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক উন্নয়নের কথা চিঠিতে উল্লেখ করা হয়। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার ও ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচার করায় শেখ হাসিনার সরকারের ভূয়সী প্রশংসাও করা হয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, শেখ মুজিুবর রহমান পশ্চিমবঙ্গবাসীর আপনজন ছিলেন। পশ্চিমবঙ্গের মানুষ বরাবরই শেখ হাসিনাকে ভালোবাসেন। তাই তারা নাগরিক সংবর্ধনা দিতে আগ্রহী।

সংগঠনের দপ্তর সম্পাদক সাহানারা খাতুন বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকদিন পর রাষ্ট্রীয় সফরে ভারতে আসছেন। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও ভারতের স্বাধীনতার ৭৫ বছরপূর্তির সময়ে এ সফর নানা কারণে ঐতিহাসিক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যেভাবে সহায়তা করেছিলেন, সেটাও ইতিহাস।’

তিনি বলেন, ‘ভারতবর্ষের মানুষ তখন বাংলাদেশে পাকিস্তানিদের যুদ্ধাপরাধের প্রতিবাদে এক জোট হয়েছিলেন। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় দুই কোটির বেশি মানুষ শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন। আমরা তখন যেমনভাবে ওপারের মানুষের পাশে ছিলাম, এখনো পাশে আছি। শেখ হাসিনা হচ্ছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের কন্যা। তিনি সময় দিলে আমরা ভারতের বাঙালিরা ওনাকে নাগরিক সংবর্ধনা জানাতে চাই।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

১০৯তম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিলো সরকার

স্টক নিউজ বিডি August 25, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বেসরকারি পর্যায়ে আরও একটি কারিগরি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ‘চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি’ নামের নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়ে এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

দেশে বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১০৮। নতুন অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয়টি নিয়ে এ সংখ্যা দাঁড়াচ্ছে ১০৯টি।

আদেশে দেখা যায়, ‘চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি’ নামের নতুন এ বেসরকারি বিশ্ববিদ্যালয় হবে চট্টগ্রাম সদরের ৬৬৯/ই, ঝাউতলা রোড দক্ষিণ খুলশী এলাকায়। নাসির উদ্দিন চৌধুরী নামের এক ব্যবসায়ী এ বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা হিসেবে রয়েছেন।

বলা হয়েছে, নতুন বিশ্ববিদ্যালয়টি আস্থায়ীভাবে স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমতি দেওয়া হয়েছে। উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ০৬ অনুযায়ী নিয়ে বেশ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৭ অনুযায়ী সাময়িক অনুমতি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়টি অস্থায়ীভাবে স্থাপনের জন্য গতকাল বুধবার উদ্যোক্তাকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

অস্থায়ী আবেদনের প্রধান শর্ত হিসেবে বলা হয়েছে, সাময়িক অনুমতির মেয়াদ অনুমতি দেওয়ার পরবর্তী সাত বছর কার্যকর হবে। এটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০২১ এ বর্ণিত সব বিধান ও শর্ত মেনে চলতে হবে। ন্যূনতম ২৫ হাজার বর্গফুট আয়তনবিশিষ্ট নিজস্ব বা ভাড়া করা ভবন থাকতে হবে। তিনটি অনুষদ এবং ওই অনুষদগুলোর অধীনে ছয়টি বিভাগ থাকাসহ ২২টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, উল্লিখিত শর্তসমূহ উল্লেখ করে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩০০ টাকার স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামা সরকার বরাবর দাখিল করা এবং শর্তসমূহ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব অভিভাবক ও শিক্ষার্থীকে জানাতে বাধ্য থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • নেসকোর এমডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ, ব্যাহত হচ্ছে এইচটি বিদ্যুৎ সংযোগ!

  • ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় আগুন, ক্ষতি ২০–২৫ কোটি টাকা

  • ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন: ৩০–৪০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • নেসকোর এমডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ, ব্যাহত হচ্ছে এইচটি বিদ্যুৎ সংযোগ!

  • ওয়ালটন হাই-টেকের ১৯০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  • বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানে মিডল্যান্ড ব্যাংক ও প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য