স্টাফ রিপোর্টার আব্দুল মজিদ: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নাটোর সুগার মিল শাখার উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে নাটোর সুগার মিলস্ ৯ নম্বর ওয়ার্ডে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা আমীর অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার নায়েবে আমীর ও নাটোর সদর-নলডাঙ্গা আসনে জামায়াতের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো: ইউনুছ আলী।
এছাড়া বক্তব্য রাখেন—বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাটোর জেলা সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, নাটোর শহর শাখার আমীর অধ্যক্ষ মো: রাশেদুল ইসলাম রাশেদ, জেলা সেক্রেটারি অধ্যাপক মো. আলী আল মাসুদ মিলন, নাটোর সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আইয়ুব আলী।
বক্তারা বলেন, দেশের শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা দাবি করেন, জনগণ পরিবর্তন চায় এবং আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থীদের বিজয় ঘটিয়ে সেই পরিবর্তনের পথ সুগম করতে হবে।
সভায় বক্তারা আরও বলেন, ইসলামি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শ্রমিকদের স্বার্থরক্ষায় ও অধিকার আদায়ে জামায়াতের নেতৃত্বই একমাত্র ভরসা।
নির্বাচনী সভায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় অঙ্গ-সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
