স্টক নিউজ বিডি: বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের পরিচালনা পর্ষদের ১৮৩তম বোর্ড সভায় কোম্পানির চেয়ারম্যান হিসেবে জনাব মোস্তফা কামাল এবং ভাইস-চেয়ারম্যান হিসেবে জনাব তানভীর আহমেদ মোস্তফা নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ১৮৩তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় কোম্পানির সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা এবং শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তফা কামাল কোম্পানির টেকসই প্রবৃদ্ধি, সুশাসন, স্বচ্ছতা এবং গ্রাহকসেবার মানোন্নয়নে পরিচালনা পর্ষদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অন্যদিকে, ভাইস-চেয়ারম্যান তানভীর আহমেদ মোস্তফা কোম্পানির ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ এবং শেয়ারহোল্ডারদের আস্থা আরও সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।
পরিচালনা পর্ষদ নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে তাদের নেতৃত্বে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড আরও সাফল্য ও অগ্রগতির পথে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে।
