মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) সম্প্রতি মেডিকেল ট্যুরিজম সেবাদানকারী প্রতিষ্ঠান প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহক, ক্রেডিট ও ডেবিট কার্ডধারী এবং কর্মকর্তা-কর্মচারীরা বিশেষ স্বাস্থ্যসেবা ও চিকিৎসাসংক্রান্ত ভ্রমণ সুবিধা উপভোগ করতে পারবেন।
মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. জাহিদ হোসেন এবং প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফ্লোরা নাজনীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় যোগ্য গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা ভারত, থাইল্যান্ড ও চীনে চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন সেবায় বিশেষ মূল্যছাড় ও সুবিধা পাবেন। এসব সুবিধার মধ্যে রয়েছে বিমানবন্দর থেকে আনা-নেওয়া, মেডিকেল ভিসা প্রাপ্তিতে সহায়তা, হাসপাতালে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা, চিকিৎসা পরিকল্পনা প্রণয়নে সহায়তা এবং নির্ধারিত হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ। এসব সুবিধা প্রযোজ্য শর্তাবলি অনুযায়ী প্রদান করা হবে।
এই অংশীদারত্বের মূল উদ্দেশ্য হলো গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও সুবিধাজনক করা এবং ব্যাংকের বিদ্যমান মূল্য সংযোজিত গ্রাহকসেবার পরিধি সম্প্রসারণ করা।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর পক্ষে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমান, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট মো. জুবায়েদ উর রহমান এবং ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের কো-অর্ডিনেটর এবং পাবলিক রিলেশনস ডিভিশনের প্রধান মো. রাশাদুল আনোয়ার।
প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সৈকত ভদ্র, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাতিমা তুজ জোহরা এবং এক্সিকিউটিভ মোছা. সাদিয়া খাতুন।
এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক কৌশলগত অংশীদারত্বের ভিত্তিতে গ্রাহকদের উন্নত সেবা, বিশেষ জীবনযাত্রাসংক্রান্ত সুবিধা ও স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি গ্রাহকসেবার মানোন্নয়নে তার অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।


