বিশেষ প্রতিবেদন | দীর্ঘদিন ধরে নানা চ্যালেঞ্জে থাকা দেশের পুঁজিবাজারে নতুন আশার সঞ্চার করেছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। বাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার, নতুন বিনিয়োগ উৎসাহিত করা এবং দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী ও স্থিতিশীল পুঁজিবাজার গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার একগুচ্ছ সময়োপযোগী ও বিনিয়োগবান্ধব সিদ্ধান্ত গ্রহণ করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উদ্যোগ দেশের পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচন করবে।
জাতীয় বাজেটে পুঁজিবাজারে ন্যূনতম শেয়ার ধারণের বাধ্যবাধকতা প্রত্যাহার, আইপিও (IPO), ডাইরেক্ট লিস্টিং ও আরপিও (RPO)-এর ক্ষেত্রে অতিরিক্ত কর সুবিধা, ব্যাংকিং খাতে প্রণোদনা, লভ্যাংশ ও মিউচুয়াল ফান্ড-সংক্রান্ত কর কাঠামোর ইতিবাচক সংশোধন এবং জিরো-কুপন বন্ডে কর রেয়াতের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব পদক্ষেপকে বাজারের জন্য একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন বাজারসংশ্লিষ্টরা।
এ প্রেক্ষাপটে সরকারের এই দূরদর্শী ও পুঁজিবাজারবান্ধব উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে এসব সিদ্ধান্ত গ্রহণ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছে রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠানটি।
আইসিবির মতে, বাজেটে ঘোষিত এই নীতিগত সহায়তাগুলো শুধু স্বল্পমেয়াদে বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে না; বরং দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, বাজারের গভীরতা ও তারল্য সম্প্রসারণ, নতুন কোম্পানির তালিকাভুক্তি উৎসাহিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নেও এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আইসিবি আরও উল্লেখ করেছে, দেশের পুঁজিবাজারকে আরও আধুনিক, স্বচ্ছ, শক্তিশালী ও বিনিয়োগবান্ধব করে তুলতে সরকারের গৃহীত নীতিমালা বাস্তবায়নে প্রতিষ্ঠানটি আগামীতেও সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। পাশাপাশি বাজারের স্থিতিশীলতা রক্ষা, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং টেকসই পুঁজিবাজার গঠনে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে আইসিবি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
বিশ্লেষকদের মতে, বাজেটে ঘোষিত এই পদক্ষেপগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে দেশের পুঁজিবাজারে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নতুন গতি ফিরে আসবে এবং অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে পুঁজিবাজার আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে।
