স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: ইউক্রেনিয়ান ফুটবলার ভ্যাসিলি ক্রাভেটস জানালেন, যদি গুলি চালাতে জানতেন তা হলে ফুটবল ছেড়ে ফিরে যেতেন দেশে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় নেমে পড়তেন রুশ বাহিনীর বিরুদ্ধে।
ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচাতে বিশ্বকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
রেডিও মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যাসিলি ক্রাভেটস বলেছেন, ‘যুদ্ধে গিয়ে দেশের মানুষের সাহায্য করতে চাই আমি। হৃদয় থেকে বলছি। কিন্তু পারছি না; কারণ কীভাবে গুলি করতে হয় জানা নেই আমার, জানি না কীভাবে ঘুরতে হয়, বন্দুকে গুলি ঢুকাতে হয়।কিন্তু সত্যিটা হচ্ছে— আমি দেশকে সাহায্য করতে চাই। গুলি চালাতে জানলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যেতাম। যদি যাই, আমার দেশকে বাঁচাতে যাব। এটি হৃদয়ে ধারণ করে এমন সব ইউক্রেনিয়ানের জন্য বাধ্যতামূলক।’
এর পরও দেশের এই সংকটময় পরিস্থিতিতে স্পেনে পড়ে থাকতে চান না বলে জানান স্পোর্টিং ডি গিজনের এই ডিফেন্ডার।
তিনি বলেন, ‘আমি একদমই ঘুমাতে পারছি না। মা ফোন করে বলেছেন, গুলির শব্দ শুনছ। আমি অনুশীলন করছি; কিন্তু শুধু দেশের কথাই ভাবছি, আমার পরিবার, আমার স্ত্রী দিনে ৮-১০ বার কান্না করে। যদি আমার দেশ মনে করে সবাইকে দরকার লড়াই করার জন্য, আমি যাব। ক্লাবের সঙ্গে কথা বলব। এর পর চলে যাব। এদিকে আমাদের সব বিমানবন্দরও বন্ধ। কীভাবে যাব জানি না।’
যুদ্ধের জন্য কেবল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই দোষ দিলেন ভ্যাসিলি। বললেন, ‘তারা আমাদের মারছে, বেসামরিক, হাসপাতাল সব জায়গায়। এটা পুতিনের দোষ। আমি বলব না এটা রাশিয়ার দোষ, সব কিছু পুতিন করছে। আমরা এমন একটা দেশ, যারা শান্তিতে বাঁচতে চায়। কাউকে আক্রমণ করতে চাই না, শুধু ভালোভাবে শান্তিতে থাকতে চাই।’
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
