স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নজরুল ইসলাম বলেন, অনুগত ও অপদার্থ নির্বাচন কমিশন গঠনের চলমান প্রক্রিয়াকে দলীয় স্বার্থে আইনি রূপ দেওয়ার সরকারি অপপ্রয়াসের ফলাফল হবে ‘যেই লাউ, সেই কদু’। এবার সম্ভবত: হতে যাচ্ছে একটি পচা কদু। বিনাভোটে অনির্বাচিত একটি অবৈধ সরকারের নিকট থেকে জনগণ এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করে না। একটি নিরপেক্ষ, স্বাধীন যোগ্য নির্বাচন কমিশন গঠনের নৈতিক যোগ্যতা ও সামর্থ্য আছে শুধু একটি নির্বাচিত সরকারের।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সোমবার (১৭ জানুয়ারি) রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা নিয়ে দীর্ঘ আলোচনা-পর্যালোচনা শেষে যেসব প্রস্তাব ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় তা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, গত প্রায় ১ যুগ ধরে আমাদের দলের যেসব নেতাকর্মী গুম ও খুন হয়েছেন, তারা স্বেচ্ছায় আত্মগোপন করেছেন মর্মে নিখোঁজ ও মৃত নেতাকর্মীদের নিকটাত্মীয়দের কাছ থেকে স্বীকারোক্তি লিখে নেওয়ার সরকারি নির্মম অপপ্রয়সে সভ্যতা, মানবতা এবং ন্যায়বিচারের সব মর্মবাণী ও মূল্যবোধকে অগ্রাহ্য এবং ক্ষমতার অপপ্রয়োগের এক নতুন কলংকময় দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। বিএনপি এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলছে যে, এমন ঘৃণ্য অপচেষ্টা সরকারের আত্মরক্ষার হাতিয়ার নয় বরং তার দানবিক পরিচয় স্পষ্টতর করেছে।
নজরুল ইসলাম বলেন, দেশের ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহে চলমান অনিয়ম, দুর্নীতি, লুটপাট এবং এসব প্রতিরোধের প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনের পরিবর্তে কেন্দ্রীয় ব্যাংকের সহায়ক ভূমিকা পালনের একাধিক ঘটনা দেশের অর্থনৈতিক খাতে গচ্ছিত জনগণের সম্পদ মারাত্মক ঝুঁকির সম্মুখিন হওয়ার বিষয়টি সভায় আলোচিত হয় এবং সভায় জাতীয় স্বার্থে এ বিষয়ে তথ্য নির্ভর বাস্তব চিত্র জনগণের সামনে উপস্থাপনের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, সভায় আগামী ২৫ জানুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সব মহানগর ও জেলায় মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ ফসল গণতন্ত্রকে জবাই করে একদলীয় অগণতান্ত্রিক স্বৈরশাসন জারির দিনটিকে ‘বাকশাল দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি ওই দিন সারা বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত দলমত নির্বিশেষে গণতন্ত্রমনা বাংলাদেশিদের অংশগ্রহণে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের আয়োজন করবে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নিয়ে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, আমরা ওই নির্বাচনে অংশগ্রহণ করিনি, সুতরাং ওই নির্বাচন নিয়ে বলার কিছু নেই।
তবে, ওই নির্বাচনও সারা দেশের অন্যান্য নির্বাচনের মতোই হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……


