স্টক নিউজ বিডি অনলাইন ডেস্কঃ সাভারের আশুলিয়ায় সড়কের পাশ থেকে মান্নাফ (২৭) নামে এক পোশাক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মণ্ডল। এর আগে ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল সংলগ্ন গণবিশ্ববিদ্যালয় সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মান্নাফ গোপালগঞ্জের কাশিয়ানি থানার বাঁশকোড় গ্রামের মোক্তার মোল্লার ছেলে। তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের নলাম এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
পুলিশ জানায়, মান্নাফ সোমবার গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে আশুলিয়া আসেন। মঙ্গলবার ভোরে পথচারীদের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু মণ্ডল বলেন, নিহতের হাঁটুর ওপরে ও কোমরের নিচে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। এছাড়া বুকে সামান্য আঘাতের চিহ্নও রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে হত্যাকারীদের শনাক্তের কাজ চলমান।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
