Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Author

Umme jannat

Umme jannat

দেশের অর্থনীতি বর্তমানে অনেক ভাল অবস্থানে: অর্থ উপদেষ্টা

Umme jannat November 16, 2025

অর্থ উপদেষ্টা অধ্যাপক ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে পুনরুজ্জীবিত হচ্ছে।

রোববার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা বলেন, অর্থনীতি ধ্বংস হয়নি; বরং পুনরুজ্জীবিত হচ্ছে। গত আগস্টের চ্যালেঞ্জিং সময়ের তুলনায় দেশের অর্থনীতি বর্তমানে অনেক ভাল অবস্থানে রয়েছে। অর্থনীতি পুনরুদ্ধার পর্যায়ে রয়েছে এবং গুরুত্বপূর্ণ খাতে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।

ড. সালেহউদ্দিন উল্লেখ করেন, রিজার্ভ ও রপ্তানি খাতে ইতিবাচক অগ্রগতির স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে।

তিনি স্বীকার করেন যে, দেশে অভ্যন্তরীণ কিছু চ্যালেঞ্জ এখনও রয়েছে। তবে বর্হিবিশ্বে বাংলাদেশের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিরাজ করছে বলেও দাবী করেন।

অর্থ উপদেষ্টা বলেন, প্রধান বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের অর্জন ও অগ্রগতি সম্পর্কে অবগত আছে এবং তারা ইতোমধ্যেই এগুলোকে স্বীকৃতি দিয়েছে।

ভবিষ্যতের কথা চিন্তা করে অতিরিক্ত ব্যয় কমানো এবং জবাবদিহীতা বজায় রাখার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। এক্ষেত্রে উদাহরণ হিসেবে অতীতের মেগা প্রকল্পগুলোর ব্যয়ের কথাও উল্লেখ করেন।

তিনি বলেন, কিছু প্রকল্প এখন শুধু স্মারক বা ভাস্কর্যের মত হয়ে আছে, শত শত কোটি টাকা খরচ করেও বাস্তবে খুব বেশি উপকার পাওয়া যায়নি।

উপদেষ্টা আরও বলেন, এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া উচিত। ভবিষ্যত প্রকল্পগুলোতে আরও জবাবদিহীতা ও সংযম দেখানোর আহ্বান জানান তিনি।

ড. সালেহউদ্দিন বলেন, আগামী মাসগুলো গুরুত্বপূর্ণ। বিদ্যমান কাঠামোকে পরিমার্জন ও সমন্বিত করে নির্বাচিত সরকারের কাছে হস্তান্তরই আমাদের মূল দায়িত্ব। যাতে এগুলো তারা আরও আধুনিক ও কার্যকরভাবে এগিয়ে নিতে পারে।

তিনি আরও বলেন, জাতীয় উন্নয়ন কেবল অর্থনীতিতেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। জনগণ খাদ্য ও মৌলিক চাহিদার চেয়েও বেশি কিছু প্রত্যাশা করে।

উপদেষ্টা বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার মত বিষয়ও জাতীয় উন্নয়নের অপরিহার্য অংশ। এই খাতগুলোতে মনোযোগ দেওয়া অপরিহার্য, যাতে বাংলাদেশ আরও সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে ওঠে।

ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, প্রকৃত সত্য উদঘাটনে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে হবে এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে ত্রুটি-বিচ্যুতি তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ম্যানেজমেন্ট বোর্ড বিএপিও-নগদের চেয়ারম্যান কায়সার এ. চৌধুরী। আরও বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পোস্টাল ভোটিং জটিল হলেও বাংলাদেশ চ্যালেঞ্জটি নিতে যাচ্ছে: সিইসি

Umme jannat November 16, 2025

পোস্টাল ভোটিংয়ের বিষয়টি জটিল হলেও আগামী নির্বাচনে সেটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বাংলাদেশ। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এ মন্তব্য করেন।

রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সেমিনার কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপে সভাপতিত্ব করার সময় তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, এ বছর আমরা অনেকগুলো নতুন উদ্যোগ নিয়েছি, বিশেষ করে প্রবাসীদের ভোটের ব্যবস্থার বিষয়টি তার মধ্যে অন্যতম। এটা অত্যন্ত জটিল বিষয় বলে অতীতে কেউ এখানে হাত দেয়নি। বিভিন্ন চ্যালেঞ্জের মুখে বিশ্বের অনেক দেশই সফলভাবে এটি করতে পারেনি। তবে আমরা বিভিন্ন রকমের পরীক্ষা-নিরীক্ষা করে বাংলাদেশে প্রথমবারের মত শুরু করতে যাচ্ছি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, পোস্টাল ভোটিংয়ের মত নানা জটিল ও নতুন বিষয় আগামী নির্বাচনে দেখা যাবে। এজন্যই এবারের নির্বাচনটি হবে বিশেষ। এর বাইরেও আমাদেরকে অনেকগুলো বড় কাজে হাত দিতে হয়েছে। বিশেষ করে ভোটার তালিকা হালনাগাদের বিশাল কাজ করতে হয়েছে। এসব কাজে ৭৭ হাজার কর্মী মাঠে ছিল। তাদের সবাইকে প্রশিক্ষণও দিতে হয়েছে।

নাসির উদ্দিন বলেন, ভোটগ্রহণের দিন প্রায় দশ লক্ষ লোক বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে প্রিসাইডিং অফিসার-নিজেরাই অনেকসময় ভোট দিতে পারেন না। তাদের জন্য এবছর ভোট দেওয়ার ব্যবস্থা করেছি। এছাড়া সরকারি চাকরিজীবীরাও বিভিন্ন ইনস্টিটিউশনে পোস্টেড থাকেন। আবার যারা কারাগারে আছে, তাদেরও ভোটের ব্যবস্থা করা হয়েছে।

বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, এক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা ছিল যে নির্বাচন সংস্কার কমিশন আমাদের পক্ষে অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছে। কারণ তারা আমাদের কাছে রিপোর্ট দেওয়ার আগে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেছেন। বিভিন্ন অংশীদার ও রাজনৈতিক দলের প্রতিনিধিসহ অনান্য পক্ষের সঙ্গে ৮০টিরও বেশি সংলাপ করেন তারা। সেইসঙ্গে ঐকমত্যের জন্য কমিশনেও অনেকগুলো বৈঠক হয়েছে। এতে আমাদের কাজ অনেকখানি এগিয়ে গেছে। একটি সুন্দর, গ্রহণযোগ্য পরিবেশে নির্বাচন পরিচালনার জন্য রাজনৈতিক নেতাদের সহযোগিতা প্রয়োজন বলেও মনে করেন তিনি।

সিইসি বলেন, নির্বাচন কমিশনের একার পক্ষে এই কাজ শেষ করা সম্ভব নয়। ভোটারদের ওপর রাজনৈতিক ও জাতীয় নেতাদের সরাসরি প্রভাব রয়েছে। তাই তাদের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। ভোটারদের কেন্দ্রমুখী করা এবং তাদের নিরাপত্তার জন্য করণীয় বিষয়েও আমাদের পরামর্শ দরকার। বক্তব্যের শেষে যথাযথভাবে নির্বাচন আচরণবিধি পালন করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

সংলাপে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অবঃ), তাহমিদা আহমেদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকার, সিনিয়র সচিব আখতার আহমেদসহ আরও অনেকে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

৯৩ রানে অলআউট ভারত, লো স্কোরিং থ্রিলার জিতল প্রোটিয়ারা

Umme jannat November 16, 2025

আগের দিনই ভারতকে সতর্ক করে দিয়েছিলেন চেতেশ্বর পূজারা। ইডেন গার্ডেন্সের এই পিচে ১২০ রান তাড়া করাও চতুর্থ ইনিংসে কঠিন হতে পারে বলে মন্তব্য করেছিলেন তিনি। পূজারার কথাই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকা ১৫৩ রানে গুটিয়ে যাওয়ার পর ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২৪ রানের। সেই লক্ষ্যে খেলতে নেমে রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং ইউনিট।

স্বাগতিকরা অল আউট হয়েছে মাত্র ৯৩ রানে। ব্যাটারদের ব্যর্থতায় ৩০ রানের হারে ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে ভারত। এদিন ভারতকে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার ইয়াসভি জয়সাওয়াল ও লোকেশ রাহুল। রানের খাতাই খুলতে পারেননি জয়সাওয়াল। আর ১ রান করে ফেরেন রাহুল। এরপর তিন নম্বরে প্রমোশন পেয়ে ৩১ রানের ইনিংস খেলেছেন ওয়াশিংটন সুন্দর। ভারতের ইনিংসে এটাই সর্বোচ্চ রানের ইনিংস। ১৩ রান করেন ধ্রুব জুরেল। পাশাপাশি রবীন্দ্র জাদেজা ২৬ বলে ১৮ ও অক্ষর প্যাটেল ১৭ বলে ২৬ রান করে। তবে তাও ভারতের জয়ের জন্য যথেষ্ঠ ছিল না এই রান।

অক্ষর প্যাটেল দলীয় ৯৩ রানে ফেরার পর আর এক রানও যোগ করতে পারেনি ভারত। শেষ দুই উইকেটও তারা হারায় এই রানেই। ভারতের ইনিংস জুড়ে ভীতি ছড়িয়েছেন প্রোটিয়া স্পিনার সাইমন হার্মার। তিনি একাই নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট নেন মার্কো জানসেন ও কেশভ মহারাজ। একটি উইকেট যায় এইডেন মার্করামের ঝুলিতে।

এদিন ব্যাট করতে নামতেই পারেননি শুভমান গিল। তিনি ঘাড়ের চোট নিয়ে আইসিইউতে ভর্তি আছেন। ফলে ৯ উইকেট যাওয়ার পরই কার্যত ভারতের ইনিংস শেষ হয়ে যায়। এর আগে সাউথ আফ্রিকা এদিন দিনের খেলা শুরু করে ৭ উইকেটে ৯৩ রান নিয়ে। অষ্টম উইকেটে কর্বিন বশকে নিয়ে টেম্বা বাভুমার ৪৪ রানের জুটিই এই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে।

বশ দিনের শুরুতে ফেরেন ৩৭ বলে ২৫ রানের লড়াকু ইনিংস খেলে। ৭ রান করেন হার্মার। শূন্য রানে ফেরেন মহারাজ। তবে শেষ পর্যন্ত একপ্রান্ত আগলে রাখেন বাভুমা। সাউথ আফ্রিকার অধিনায়ক হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ১৩৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে ৪ উইকেট নেন জাদেজা। দুটি করে উইকেট পান কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ। বাকি দুটি উইকেট ভাগাভাগি করেন জসপ্রিত বুমরাহ ও অক্ষর প্যাটেল।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

অস্থিরতা সৃষ্টি করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে: মির্জা ফখরুল

Umme jannat November 16, 2025

গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তাই আবারও জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

রোববার (১৬ নভেম্বর) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় মির্জা ফখরুল বলেন, দেশের রাজনীতি বর্তমানে গভীর বিভ্রান্তি ও জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার সবার সমর্থনে গঠিত হলেও রাজনৈতিক কাঠামো পুনর্গঠনের যে চেষ্টা করা হয়েছে, তা কতদূর এগিয়েছে—সেটি এখনো পরিষ্কার নয়।

বিএনপি মহাসচিব বলেন, ‘হতাশা ও অনিশ্চয়তার মধ্যেও আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু একটি মহল দেশজুড়ে অস্থিরতা সৃষ্টি করে এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। দেশের বর্তমান নানা সংকট কাটিয়ে গণতন্ত্রে পৌঁছানোর একটিই পথ, সেটি হল নির্বাচন।’

আগামীকাল (সোমবার) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলার রায় ঘোষণা করা হবে। এটিকে কেন্দ্র করে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, একটি গোষ্ঠী এ পরিস্থিতিকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তাই আবারও জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

দীর্ঘ ১৬ বছর দেশের মানুষ তাদের অধিকার ফিরে পেতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘জনগণ দেশের জন্য রক্ত ঝরিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। এখন তারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে মতামত প্রদানের মাধ্যমে তাদের অধিকার ফিরে পেতে চায়। খেয়াল রাখতে হবে, কোনভাবেই যেন দেশ গড়ার এই সুযোগ হাতছাড়া না হয়।’

মওলানা ভাসানীর আদর্শ স্মরণ করে মির্জা ফখরুল বলেন, তিনি স্বাধীনতা আর কল্যাণমূলক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তার বাস্তবায়ন দেখেননি।

ভাসানীর সঙ্গে বিএনপির ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে মহাসচিব বলেন, ভাসানী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আশীর্বাদ করেছিলেন এবং মশিউর রহমান যাদু মিয়াকে তার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছিলেন।

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে একজন কালজয়ী নেতা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘ভাসানীর প্রতি বিএনপির নেতাকর্মীদের দায় রয়েছে। কারণ তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ঠিকই চিনতে পেরেছিলেন।’

ভাসানী বলেছিলেন, ‘জিয়াউর রহমানের হাত ধরেই একটি ক্ষুধা, দারিদ্র্য ও দাসত্বমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।’

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সূচক বাড়লেও লেনদেনে ভয়াবহ পতন

Umme jannat November 16, 2025

সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৬ শেয়ারের দর বৃদ্ধি হয়েছে। অন্যদিকে টাকার অংকে লেনদেন পরিমাণ কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১৬ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৯ দশমিক ৪৬ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৭৩২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ৯৮৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ২৯৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৮৩ কোটি ৩৪ লাখ টাকা।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩৬টি কোম্পানির, ১১৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

মোহাম্মদ সামির উদ্দিন, সিএফএ মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন

Umme jannat November 16, 2025

মোহাম্মদ সামির উদ্দিন, সিএফএ মিডল্যান্ড ব্যাংক পিএলসির সম্পূর্ণ মালিকানাধীন অঙ্গপ্রতিষ্ঠান মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (এমডিবিএএমসি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন।বাংলাদেশের পুঁজিবাজার ও ব্যাংকিং খাতে ১৪ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন সামির উদ্দিন সিকিউরিটিজ বাজার সম্পর্কে গভীর জ্ঞান ও বাস্তব দক্ষতা অর্জন করেছেন। এমবিএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডে সিইও হিসেবে দায়িত্ব পালনকালে তিনি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্রতিষ্ঠার সফল নেতৃত্ব প্রদান করেন। এর আগে তিনি শাহজালাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও ছিলেন এবং ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডে ফান্ড ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অফ বাংলাদেশ লিমিটেডে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে, যেখানে পরবর্তীতে প্রিন্সিপাল অফিসার পদে উন্নীত হন। এছাড়া তিনি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (IIDFC)-এ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে কাজ করেছেন। সামির উদ্দিন ২০১১ সালে HAC সিকিউরিটিজ লিমিটেডে ট্রেইনি অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন।তিনি সিএফএ চার্টার হোল্ডার এবং সিএফএ সোসাইটি বাংলাদেশের সক্রিয় সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ থেকে ফিনান্স বিষয়ে বিবিএ এবং এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন।

নিয়োগ নিয়ে মতামত জানাতে গিয়ে এমডিবিএএমসি-এর চেয়ারম্যান এবং মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান বলেন, “আমরা সামির উদ্দিনকে আমাদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে স্বাগত জানাই। মিউচুয়াল ফান্ড পরিচালনায় তার দক্ষতা, অভিজ্ঞতা এবং নিয়মকানুন মানার সক্ষমতা আমাদের কোম্পানির ডিসেম্বর ২০২৫-এ চালু হতে যাওয়া দুইটি মিউচুয়াল ফান্ড সঠিকভাবে ও সফলভাবে পরিচালনায় সহায়তা করবে। বিনিয়োগ ব্যবস্থাপনা ও কর্পোরেট অ্যাডভাইজরি সেবায় তার সাফল্য আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট সেবার বিস্তার ও মান উন্নয়নে সহায়তা করবে এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডারদের জন্য স্বার্থ রক্ষায় সহায়ক হবে।”

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

Umme jannat November 16, 2025

রাজধানী ঢাকাসহ ৪ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বিজিবি।

গত এক সপ্তাহ ধরে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা। ‌এ ছাড়া বিভিন্ন মহাসড়কসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবিও মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সূচকের পতনে চলছে লেনদেন

Umme jannat November 16, 2025

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৬ নভেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৫০ দশমিক ৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৫১ পয়েন্টে

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১২ দশমিক ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৬৪ দশমিক ৪৩ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ১৮ দশমিক ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩২ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৯৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৯ টির, কমেছে ২৩৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২ টি কোম্পানির শেয়ারদর।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

রাজনৈতিক দলগুলোর ইসির সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপ আজ

Umme jannat November 16, 2025

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংলাপের প্রথম পর্ব শুরু হবে, যা চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত।

প্রথম পর্বে ছয়টি রাজনৈতিক দল অংশ নেবে— গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টি।

বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত দ্বিতীয় পর্বের আলোচনায় অংশ নেবে আরও ছয়টি দল— বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রথম দিনে দুই পর্বে ১২টি দলের সঙ্গে মতবিনিময়ের পর আজকের সূচি ঘোষণা করা হয়।

বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৫৩টি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে; আর প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করা হয়েছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, পথচারী আহত

Umme jannat November 16, 2025

রাজধানীর নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় এক পথচারী আহত হয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম আবদুল বাসির (৫০)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন।

হেঁটে বাংলামোটরে তাঁর অফিসে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণে আহত হন তিনি। আবদুল বাসিরের পায়ে ও হাতে জখম হয়েছে।

তিনি জানান, প্রতিদিনের মতো সকালে হেঁটে অফিসে যাচ্ছিলেন। ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ ককটেলটি বিস্ফোরিত হয়।

তার ধারণা, উড়ালসড়কের ওপর থেকে ককটেলটি ছুঁড়ে মারা হয়েছে।

প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায় আগামীকাল সোমবার (১৭ নভেম্বর)। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অনলাইনে আবার কর্মসূচির কথা বলছে।

এর মধ্যে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

এর আগে গত ১৩ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। সেদিন শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায়ের তারিখ ঘোষণার নির্ধারিত দিন ছিল।

দিনটিকে কেন্দ্র করে ৭ নভেম্বর রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা শুরু হয়।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য