Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

পররাষ্ট্রমন্ত্রী

প্রকল্প বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা পররাষ্ট্রমন্ত্রীর

স্টক নিউজ বিডি November 4, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দ্রুত প্রকল্প বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রকল্প বাস্তবায়নে দেরি হলে এর ব্যয় বাড়ে। গণমাধ্যম ও স্থানীয় নেতৃত্ব তৎপর হলে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে।

শনিবার (৪ নভেম্বর) সিলেট-তামাবিল মহাসড়ক পৃথক এসএমভিটি লেনসহ ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের দ্বিতীয় প্যাকেজের কাজের উদ্বোধনকালে তিনি এ সহযোগিতা কামনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্মাণাধীন মহাসড়কটি বাংলাদেশের সঙ্গে মিয়ানমার, নেপাল, ভুটান এবং চীনের সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারিত করবে। এতে দেশে বাণিজ্যিক সম্প্রসারণের সঙ্গে সঙ্গে নতুন বিদেশি বিনিয়োগ আসবে।

চার হাজার কোটি টাকা ব্যয়ে ৫৬ দশমিক ১৬ কিলোমিটার দীর্ঘ সিলেট-তামাবিল মহাসড়কটি নির্মাণ করা হচ্ছে। এতে সিলেট-তামাবিল অঞ্চলে একটি নিরাপদ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠবে। প্রকল্পটি অত্র এলাকার মানুষের কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে জীবন-জীবিকার মান ও আর্থসামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ প্রকল্পের আওতায় পাঁচটি সেতু, ২২টি কালভার্ট, ১১টি ফুটওভার ব্রিজ, সাতটি বাসস্ট্যান্ড, ছয়টি ইউলুপ এবং একটি টোলপ্লাজা নির্মাণ করা হবে। প্রকল্পটি ২০২৫ সালের জুন মাসে শেষ হওয়ায় কথা রয়েছে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) আর্থিক সহযোগিতায় মহাসড়কটি নির্মাণ করা হচ্ছে।

পরে পররাষ্ট্রমন্ত্রী সিলেট সদর উপজেলা পরিষদে উপজেলার ১২টি উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২১ কোটি ৪০ হাজার টাকা ব্যয়বিশিষ্ট এসব কার্যক্রমের আওতায় সড়ক, স্কুল ভবন, সেতু ও মসজিদ নির্মাণ ও উন্নয়ন করা হয়। অনুষ্ঠানে ড. মোমেন সদর উপজেলার সাতটি ইউনিয়নের দুই হাজার ৩১৫ জন কৃষকের মধ্যে বিভিন্ন ধরনের রবি শস্যের বীজ ও সার বিতরণ করেন। এছাড়া প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতার জন্য ভারত অত্যন্ত পরিপক্ব

স্টক নিউজ বিডি August 20, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নিজেদের জন্য এবং অন্যান্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ভারত অত্যন্ত পরিপক্ব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন।

রোববার (২০ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ভারতের পশ্চিবঙ্গ থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নিয়ে বাংলাদেশে আলোচনা হচ্ছে, বাংলাদেশ ইস্যুতে ভারত ওয়াশিংটনকে বার্তা দিয়েছে, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কোনো ভাষ্য আছে কি না- জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সরকার অত্যন্ত পরিপক্ব। তাদের অত্যন্ত শক্তিশালী গণতান্ত্রিক দেশ। তারা যেটা ভালো মনে করে, সেটাই তারা করেছে। সে সম্পর্কে আমাদের কিছু বলার কোনো কারণ নেই।

মোমেন বলেন, তাদের সরকার ব্যবস্থা অত্যন্ত পরিপক্ক। তারা নিজেদের জন্য এবং অন্যান্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য যদি কিছু বলে থাকে, অবশ্যই এটা অত্র এলাকার উপকারে আসবে।

তিনি বলেন, জোহানেসবার্গে অনুষ্ঠিত হতে যাওয়া ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ২১ আগস্ট দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রধানমন্ত্রীর এ সফরের মধ্যদিয়ে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সম্পর্ক দৃঢ় হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসসার হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী জোহানেসবার্গে অবস্থানকালীন অনেক রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। এ মুহূর্তে নতুন সদস্য করবে কি না জানি না। তবে আমরা এরই মধ্যে ব্যাংকে জয়েন্ট করেছি, আমরা কয়েকটি প্রকল্পে অর্থ সহায়তা পেয়েছি।

মন্ত্রী বলেন, ব্রিকসে জয়েন্ট করতে পারলে উন্নয়ন প্রকল্পে সহযোগিতা পাবো। আমরা আফ্রিকাতে সম্পর্ক বাড়াতে চাই, যেখানে ব্রিকসের মাধ্যমে যেতে সুবিধা হবে। আফ্রিকায় আমাদের (ভালো) সুযোগ রয়েছে, বিশেষ করে ব্যবসা-বাণিজ্যে। আমাদের বিশ্বাস এতে করে আমাদের সম্পর্কে উন্নতি ঘটবে। সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সাক্ষাৎ করে বলেছিলেন আমরা ব্রিকসের সংখ্যা (সদস্য) বাড়াতে চাই। আমরা বহু রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাতের জন্য যোগাযোগ করেছি। যেহেতু সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সুযোগ রয়েছে, সেহেতু দেখা তো হবে।

সংবাদমাধ্যমে খবর এসেছে ভারতের প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন জোহানেসবার্গে থাকবেন, তখন অনেক রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তার সাক্ষাতের আয়োজন করবো। এখনো সব চূড়ান্ত হয়নি। রাষ্ট্রপ্রধানদের সাক্ষাতগুলো শেষ মুহূর্তে হয়। তবে অবশ্যই অনেক রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ হবে। দ্বিপাক্ষিকভাবে হবে।

আর ব্রিকসে যোগদানে বাংলাদেশের সর্বশেষ অবস্থা কী- জানতে চাইলে তিনি বলেন, আপনারা জানেন, যখন জেনেভাতে প্রধানমন্ত্রী গিয়েছিলেন, তখন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত তার সঙ্গে দেখা করে তাকে দাওয়াত দেন। তখন তিনি বলেছিলেন, তারা ব্রিকসের সদস্য সংখ্যা বাড়াতে চান। এখন তারা পাঁচজন, এটা বাড়াতে চান। বাংলাদেশকেও তাদের সদস্য করার চিন্তাভাবনা করছেন। তবে চূড়ান্ত হয়নি। এখন শুনতে পেয়েছি তারা এ মুহূর্তে নতুন সদস্য নেবেন কি না- তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ তারা একটা মোডালিটি (পদ্ধতি) তৈরি করবেন- কী প্রেক্ষাপটে নেবেন, কী কী হবে…। এটা কোনো ব্যাপার না। আমরা কোনো তাড়াহুড়ো করবো না।

এরই মধ্যে আমরা ব্রিকস ব্যাংকে যোগদান করেছি। ব্রিকস হ্যাভ অ্যা লার্জ অ্যামাউন্ট- তাদের প্রায় পাঁচ ট্রিলিয়ন ডলার রিজার্ভ আছে। এখন যারা আমাদের উন্নয়ন অংশীদার, তাদের অনেকেই ইদানীং খুব একটা সাহায্যে আসছে না। আর সামনে আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)। যখন আমরা এসডিজি অ্যাপ্রুভ করি, তখন কথা ছিল, এসডিজির জন্য প্রতি বছর সাড়ে তিন ট্রিলিয়ন থেকে ১১ ট্রিলিয়ন পর্যন্ত লাগবে। কিন্তু সেই টাকাটা কেউ দিচ্ছে না।

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রসঙ্গে তিনি বলেন, এবারের সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা সীমিত। সরকারিভাবে মোট ১৪ জন প্রধানমন্ত্রীর সঙ্গে যাবেন। এমনিতে বাইরের কিছু প্রতিষ্ঠানের প্রতিনিধি যাবেন, ব্যবসায়ী যাবেন। কারণ, আমাদের বিনিয়োগ, বাণিজ্য বাড়ানোর একটা উদ্দেশ্য রয়েছে। সেজন্য কিছু ব্যবসায়ী যাবেন।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি শাখার মহাপরিচালক সেহেলি সাবরিন উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আমাদের অবস্থান উন্নত হচ্ছে বলেই মার্কিন বিফ্রিংয়ে প্রতিদিন আলোচনা

স্টক নিউজ বিডি August 9, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বাংলাদেশের অবস্থান অনেক উন্নত হচ্ছে বলেই এ দেশের প্রতি সবার আকর্ষণ বেড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘গত ছয় মাসে দুনিয়ার প্রায় ৬০ দেশে নির্বাচন হয়েছে। আগামী ডিসেম্বরে আমাদের নির্বাচন হওয়ার আগে আরও ২২ দেশে নির্বাচন হবে। আমার কাছে নাম আছে। কিন্তু দুঃখের বিষয়— মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিদিনের ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক আলোচনা হয়। আর আমি যে শ’খানেক দেশের নির্বাচনের কথা বললাম, তাদের নিয়ে কোনো আলাপ নেই। এর একটি অর্থ হচ্ছে আমাদের অবস্থান অনেক উন্নত হচ্ছে। আমাদের দেশের প্রতি সবার আকর্ষণ বেড়েছে।

বুধবার (৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে ‘বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের গতি-প্রকৃতি’ শিরোনামের এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

এতে কি-নোট উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাহাদাত হোসেন সিদ্দিকী। সভাপতিত্ব করেন অধ্যাপক ড. উত্তম কুমার বড়ুয়া।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের নির্বাচন হবে অত্যন্ত স্বচ্ছ ও সুন্দর। আমার বিশ্বাস, বাঙালি জাতি অত্যন্ত পরিপক্ক, তারা আসল জায়গায়ই ভোট দেবে। তবে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জীবন সহজভাবে কীভাবে চালাতে হয় সে বিষয়। কারণ, বর্তমানে পৃথিবীতে এক অনিশ্চয়তা চলছে। প্রায়ই বলে থাকি, যেসব দেশে রাজনৈতিক ও আঞ্চলিক স্থিতিশীলতা আছে, শান্তি আছে- সেসব দেশে অঙ্কের হিসাবে দেখলে তাদের উন্নয়ন সবচেয়ে বেশি।

এ সময়ে সিঙ্গাপুরের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, ছোট্ট একটি দেশ, সেখানে ৬৫ বছর ধরে তারা স্থিতিশীল। আগে বাবা, এখন ছেলে দেশটি শাসন করছেন। একটা ব্যারেন ল্যান্ড (অনুর্বর ভূমি) ছিল। এমন ব্যারেন ল্যান্ড যে মালয়েশিয়া থেকে বের করে দিতে হয়েছে। দরিদ্র জায়গা। কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতার কারণে তারা এখন এশিয়ার নাম্বার ওয়ান।

আব্দুল মোমেন আরও বলেন, যেসব দেশে রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি-শৃঙ্খলা নেই, সেখানে ভরাডুবি হয়েছে। ইরাক একসময় মধ্যপ্রাচ্যের অগ্রসর দেশ ছিল। সিরিয়া অনেক ভালো ছিল। আফ্রিকার মধ্যে সবচেয়ে উন্নত দেশ ছিল লিবিয়া। তাদের কোনো দেনা ছিল না। সুখে-শান্তিতে ছিল। কিন্তু তারা এখন মারামারি-কাটাকাটি নিয়ে ব্যস্ত।

তিনি বলেন, আমরা মারামারি না, শান্তি ও স্থিতিশীলতা চাই। আর তা বজায় রাখতে পারলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আগামী নির্বাচনে আমাদের একটি বড় পরীক্ষা হবে। আমরা যদি শান্তি-স্থিতিশীলতা বজায় রেখে শেখ হাসিনা সরকারকে জয়যুক্ত করতে পারি, তাহলে ট্র্যাক রেকর্ড অনুসারে তার উন্নয়নের গতিধারা চালু থাকবে।

অন্যথায় ২০০১ থেকে ২০০৬ সালের অভিজ্ঞতা আমাদের আছে। তখন বাংলাদেশ সন্ত্রাসী দেশ, পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ ছিল অসভ্য দেশ, যেখানে নারী-পুরুষ ও সংখ্যালঘু কারও জীবনের নিশ্চয়তা ছিল না। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই না, যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

স্টক নিউজ বিডি February 27, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আর্জেন্টিনার পররাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য ও উপাসনা মন্ত্রী সান্তিয়াগো কাফিয়ারো দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ঢাকা সফরের প্রথম দিন আজ বিকালে রাজধানীর বনানীতে দেশটির মিশন উদ্বোধন করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। যা ৪৫ বছর আগে বন্ধ হয়েছিল। দীর্ঘ চার দশকের বেশি সময় পর ফের বাংলাদেশে মিশন চালু করছে আর্জেন্টিনা।

এরপর সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ ইস্যু নিয়ে আলোচনা করবেন সান্তিয়াগো।

দ্বিপক্ষীয় বৈঠক শেষে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে একটি নৈশভোজের আয়োজন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন সান্তিয়াগো। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

এছাড়া বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গেও বৈঠক করবেন সান্তিয়াগো।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিচারবহির্ভূত হত্যা-গুম চায় না সরকার: মোমেন

স্টক নিউজ বিডি October 8, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘দেশে কোনো লোক খুন বা গুম হোক এটা সরকার চায় না। এসব ঘটনার জন্য সরকার দায়ী নয়। বরং যারা খুন-গুমের ঘটনা ঘটায় তাদের শাস্তি দিতে সরকার সর্বদা সচেষ্ট থাকে।’

শনিবার দুপুরে সিলেটের সাহেবের বাজার স্কুল অ্যান্ড কলেজের ফ্যাসিলিটিজ ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “পশ্চিমা দেশগুলোতে স্কুলে হামলা হয়, শপিংমলে হামলা হয়, প্রতি বছরই হাজারের মতো বিচারবহির্ভূত হত্যা হয় সেগুলো নিয়ে কথা নেই। বাংলাদেশে একটি ঘটনা ঘটলেই হুলস্থুল পড়ে যায়।”

“বাংলাদেশে কালেভদ্রে দু-একটি দুর্ঘটনা ঘটে, এটাও দুঃখজনক। সরকার কোনো বিচারবহির্ভূত হত্যা, গুম চায় না। এ বিষয় নিয়ে খুব কঠোর অবস্থান রয়েছে। কেউ কোনো ঘটনা ঘটালে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হয়।”

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা দেখে পশ্চিমাদের মাথাব্যথা শুরু হয়ে গেছে বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বাঙালি জাতি গণতন্ত্র-মানবাধিকারের জন্য রক্ত দেওয়া জাতি। তাই নির্বাচন-গণতন্ত্র-মানবাধিকার নিয়ে কারও পরামর্শ প্রয়োজন নেই।”

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সরকারের একমাত্র লক্ষ্য মানুষের কল্যাণ: পররাষ্ট্রমন্ত্রী

স্টক নিউজ বিডি August 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেখ হাসিনার সরকার সাধারণ মানুষের বন্ধু। আমরা সরকারে আছি সাধারণ মানুষের কল্যাণের জন্য। মানুষের যাতে কষ্ট না হয় সেটা দেখাই সরকারের একমাত্র লক্ষ্য। এমনটাই বলেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

শুক্রবার (১৯ আগস্ট) বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা আছেন বলেই দেশের উন্নয়ন হচ্ছে, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা গড়ে তুললে সবার মঙ্গল হবে। আর এদেশে যত নাগরিক আছে সে যেকোনো ধর্মের হোক সবার সমান অধিকার। শেখ হাসিনা যদি সরকারে থাকেন তাহলে স্থিতিশীলতা থাকে। আর স্থিতিশীলতা থাকলেই উন্নয়নের মশাল অব্যাহত থাকবে।

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে মোনাজাতে অংশ নেন।

এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংস করেছে: পররাষ্ট্রমন্ত্রী

স্টক নিউজ বিডি February 15, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেছেন, অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল। কিন্তু বিএনপিই দুমড়েমুচড়ে এই ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।

মঙ্গলবার দুপুরে নগরীর আখালিয়ায় বেসরকারি মাউন্ট এডোরা হাসপাতালে ক্যাথ ল্যাব স্থাপন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘বিএনপি এই ব্যবস্থাকে কুক্ষিগত করেছিল। পরতে পরতে বেআইনি কাজ করে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু এখন আর সে সুযোগ নেই। পেছনের দরজা দিয়েও ক্ষমতায় আসার সুযোগ নেই। ’

নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটিতে বিএনপির পক্ষ থেকে কোন নাম প্রস্তাব না করার প্রসঙ্গে প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, বিএনপি এখন গণতন্ত্র শেখাতে চায়।

তিনি বলেন, ‘তাদের মুখে এমন সবক খুবই দুঃখজনক। তারা সবসময় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। কিন্তু সেই সুযোগ আর নেই। নির্বাচন করতে চাইলে তাদেরকে নির্বাচনের পথে আসতে হবে। তাদেরকে জনতার কাছে আসতে হবে। জনতাই হচ্ছে ভোটের মালিক, দেশের মালিক।’

তিনি বলেন, ‘স্বচ্ছ ইলেকশন কমিশন হবে। সেই কমিশনের মাধ্যমে যে নির্বাচন হবে, সেটা অবশ্যই স্বচ্ছ হবে।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পররাষ্ট্রমন্ত্রী

স্ত্রীসহ করোনায় আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী

স্টক নিউজ বিডি February 1, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও তার স্ত্রী। গতকাল সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা।

তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী ও তার স্ত্রী সেলিনা মোমেন দু’জনেরই কভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাদের কোনো উল্লেখযোগ্য উপসর্গ বা পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তারা এর আগে টিকার বুস্টার ডোজও নিয়েছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পররাষ্ট্রমন্ত্রী

দেশের বিরুদ্ধে অপপ্রচার করতে বিএনপি-জামায়াত বিদেশে আটটি লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

স্টক নিউজ বিডি January 26, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের বিরুদ্ধে অপপ্রচার সর্বোপরি জনগণের ক্ষতি করতে বিএনপি-জামায়াত বিদেশে আটটি লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে সরকার এসব অপপ্রচার বন্ধে সত্য তথ্য তুলে ধরে দেশের ভাবমূর্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের একটি পিআর ফার্মকে দায়িত্ব দিয়েছে।

বুধবার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে ড. মোমেন এ তথ্য জানান।

বিএনপি-জামায়াতের লবিস্ট নিয়োগের বিষয়ে তিনি বলেন, ২০১৪ সালে জামায়াত যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে আইসিটি অ্যাক্টের বিরুদ্ধে প্রচারণা চালানোর জন্য দেড় লাখ ইউএস ডলার ব্যয়ে লবিস্ট নিয়োগ দিয়েছিল। এর পর মার্কিন কংগ্রেসে আইসিটি অ্যাক্ট বিরোধী প্রচার এবং যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে বিতর্কিত করে তা বন্ধ করতে ৫০ হাজার ডলার ব্যয়ে আরো একটি লবিস্ট ফার্ম নিয়োগ দেয় জামায়াত। এ ছাড়া একই বিষয়ে ১ লাখ ৩২ হাজার ডলার ব্যয়ে পিস অ্যান্ড জাস্টিজ নামের সংগঠনকে নিয়োগ দেয়।

ড. মোমেন বলেন, ১ লাখ ৫০ ডলার দিয়ে বিএনপি লবিস্ট ফার্ম নিয়োগ দেয়। ২০১৯ সালে বাংলাদেশ বিরোধী প্রচারণার জন্য আরো একটি লবিস্ট ফার্মের নিয়োগ দেয় বিএনপি। এসব লবিস্ট ফার্মের মাধ্যমে বিএনপি যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে সহযোগিতা প্রদান বন্ধ করতে আহ্বান জানায়। সাথে দেশ ও জনগণবিরোধী প্রচারণা অব্যাহত রাখে।

তিনি জানান, দেশ ও সরকারবিরোধী অসত্য প্রচারণার বিপরীতে সত্য তুলে ধরতে সরকার যুক্তরাষ্ট্রে পিআর ফার্ম নিয়োগ দিয়েছে। এর আগে বিএনপি-জামায়াতের বিভিন্ন দেশবিরোধী অপপ্রচারের বিপরীতে সত্য তথ্য তুলে ধরতে ২০১৪-১৫ সময়ে আরেকটি ফার্মের নিয়োগ দেয় সরকার।

তিনি বলেন, বিএনপি জামায়াত জনগণের অর্থ দিয়ে দেশের স্বার্থবিরোধী অপপ্রচার চালানোর এসব লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে। এর জন্য এসব দলের লজ্জিত হওয়া উচিত।

তিনি উল্লেখ করেন, বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এ ধরনের জনস্বার্থ বিরোধী কার্যক্রম সমর্থন করে না নিশ্চয়ই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের আইনে লবিস্ট ফার্ম নিয়োগ বৈধ। সরকার বা রাজনৈতিক দল নয় ব্যবসায়িক গ্রুপ বা সংগঠনসহ বিভিন্ন সংগঠন লবিস্ট ফার্ম নিয়োগ দিয়ে থাকে। এগুলো অনেকদিন ধরে আছে। এগুলো নতুন নয়। এরশাদের সময় থেকে এগুলো প্রচলিত আছে। ফলে এটা দোষের নয়, দোষ হলো এর মাধ্যমে দেশ জনগণ সরকার বিরোধী প্রচারণার মাধ্যমে ষড়যন্ত্র চালানো।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিমার ছেলেকে যুক্তরাষ্ট্রে অপহরণের ষড়যন্ত্রের বিষয়টি এ প্রেক্ষিতে উল্লেখ করে বলেন, এর সাথে সেখানে জড়িতদের সাজা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সুশাসন এবং দেশের ইতিবাচক ইমেজ তুলে ধরার জন্য লবিস্ট নিয়োগ করেছে। এখন দেশের স্বার্থে পিআর ফার্মের নিয়োগ দিয়েছে।

তিনি বলেন, ‘দেশের ক্ষতি করার জন্য কাউকে নিয়োগ করা হলে দেশবাসী কখনোই তা মেনে নেবে না।’

তিনি বলেন, “বাংলাদেশের সাফল্য জানান দিতে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ উইং তৈরি করেছে। তার নাম দিয়েছি ‘পাবলিক ডিপ্লোমেসি’। আমি এবং আমাদের সরকার ইয়ং জেনারেশনের চাকরির সংস্থান চাই, বিনিয়োগ চাই, রফতানি বাড়াতে চাই। আমরা প্রবাসী ও বিদেশীদের ভালো সার্ভিস দিতে চাই। ‘বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি’ এই ব্র্যান্ডিং থেকে বের হতে চাই।”

সূত্র : বাসস

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
মার্কিন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পরিবর্তনে প্রচেষ্টা চলছে: পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পরিবর্তনে প্রচেষ্টা চলছে: পররাষ্ট্রমন্ত্রী

স্টক নিউজ বিডি December 15, 2021

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: র‍্যাবের বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পরিবর্তনে প্রচেষ্টা ও সংলাপ চালিয়ে যাওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘এমন নয় যে যুক্তরাষ্ট্রের সব সিদ্ধান্তই সঠিক। এমন অনেক উদাহরণ আছে। আমরা আশা করি, তারা সিদ্ধান্তের পরিবর্তন করবে। এ লক্ষ্যে আমাদের প্রচেষ্টা চলবে।’

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘অত্যন্ত মধুর’ সম্পর্ক উল্লেখ করে তিনি বলেন, তারা বিশ্বাস করেন দু’দেশের সম্পর্কে এর কোনো প্রভাব পড়বে না।

যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত ‘দুঃখজনক’ উল্লেখ করে তিনি বলেন, মোটের ওপর দুর্নীতি থেকে মুক্ত র‍্যাব এবং তাদের ওপর জনগণের ভরসা আছে।

এর আগে যুক্তরাষ্ট্রের ট্রেজারি অ্যান্ড স্টেট ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞার বিষয়ে ঢাকার অসন্তোষ জানাতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলারকে শনিবার তলব করেন।

তিনি বলেন, নিষেধাজ্ঞা আরোপের জন্য যে বিষয়গুলোর কথা বলা হয়েছে সেগুলো নিয়ে এখনো আলোচনা চলছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে নিয়মিত প্রাতিষ্ঠানিক সংলাপ চলছে, এর মধ্যেই হঠাৎ মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে জানা গেল।

পররাষ্ট্র সচিব দুঃখ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের এমন একটি সংস্থার ক্ষমতা হ্রাস করতে চাইছে, যেটি সন্ত্রাসবাদ, মাদক পাচার ও অন্যান্য আন্তঃদেশীয় অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখসারিতে নেতৃত্ব দিচ্ছে। কাজের প্রয়োজনে প্রায়ই তাদের যুক্তরাষ্ট্রে যেতে হতো।

পররাষ্ট্র সচিব আরো বলেন, কিছু নির্দিষ্ট ঘটনার জন্য র‌্যাবের বিরুদ্ধে অভিযোগগুলো করা হয়েছে। এর আগে এই বিষয়গুলোর জবাবদিহিতার জন্য শুধু মার্কিন প্রশাসনের কাছে নয়, একাধিকবার জাতিসঙ্ঘের মানবাধিকার ব্যবস্থার কাছেও ব্যাখ্যা করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সরকারের উত্থাপিত উদ্বেগের বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছেন রাষ্ট্রদূত মিলার এবং মার্কিন রাজধানী ওয়াশিংটনে বিষয়টি জানানোর আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ ও ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি)।

সূত্র : ইউএনবি

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন……

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য