Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

রাজনীতি

আওয়ামী লীগকে রাজপথে মোকাবিলায় যুবদলই যথেষ্ট: টুকু

স্টক নিউজ বিডি August 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘আওয়ামী লীগকে রাজপথে মোকাবিলায় যুবদলই যথেষ্ট। সারাদেশে যুবদল, ছাত্রদলসহ বিএনপির নেতাকর্মীদের ওপর যে অত্যাচার-নির্যাতন করা হয়েছে তার হিসাব নেওয়ার সময় হয়েছে।’

মঙ্গলবার (২৩ আগস্ট) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আয়োজনে কামরাঙ্গীরচর থানা যুবদলের এক কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, ‘আওয়ামী লীগ দেশের গণতন্ত্র হরণ করেই ক্ষান্ত হয়নি, লুটপাট করে দেশের অর্থনীতিকেও দেউলিয়া করেছে। তারা মামলা-হামলা দিয়ে বিরোধী রাজনীতিকে নির্বাসনে পাঠানোর চেষ্টা করছে। কিন্তু ইতিহাস বলে একদিন তারাই নির্বাসিত হবে। জনগণের ক্ষমতার কাছে তারা টিকতে পারবে না।’

টুকু আরও বলেন, ‘এই লালবাগ-কামরাঙ্গীরচর এলাকায় বিএনপির জনপ্রিয় নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু। তার মৃত্যুর বিচার এ মাটিতেই হবে। সেদিন আর বেশি দূরে নয়।’

যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, ‘সরকারের পায়ের তলার মাটি সরছে। এবার আমাদের একটু ধাক্কা দিতে হবে। এজন্য নিজেদের প্রস্তুত করতে হবে। বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট এ সরকারকে হটানোর জন্য।’

টুকু বলেন, ‘এ সরকার ক্ষমতায় থাকলে খালেদা জিয়ার মুক্তি মিলবে না। নেতাকর্মীদের নামে যে মামলার পাহাড় জমেছে তা থেকেও মুক্তি মিলবে না। তাই নিজেদের অস্তিত্ব রক্ষায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমানের সভাপতিত্বে ও শফিকুল আলম নাদিমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন মহানগর দক্ষিণের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, সদস্য সচিব খন্দকার এনামুল হক, সদস্য কামাল হোসেন, খন্দকার রফিকুল ইসলাম প্রমুখ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

‘বঙ্গবন্ধু হত্যায় পাকিস্তান ও পশ্চিমা এজেন্ট ছিলেন জিয়াউর রহমান’

স্টক নিউজ বিডি August 23, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ১৯৭৫ সালের হত্যাকাণ্ড এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা।

তিনি আরও বলেন, একাত্তরে পরাজিত হয়ে পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করে, পরবর্তীতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্যই একুশে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়। স্বাধীনতার পরাজিত শত্রুরাই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে। পাকিস্তান, পশ্চিমা শক্তি ও বাংলাদেশের এজেন্টরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই এজেন্টের প্রধান ছিলেন জিয়াউর রহমান।

আজ (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি এ সভার আয়োজন করে।

মাহবুব উল আলম হানিফ বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার দায়ভার খালেদা জিয়াকেই বহন করতে হবে। হামলার ঘটনায় বিএনপি যদি জড়িত না থাকে তাহলে কেন এত নাটক মিথ্যাচার করা হলো?

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া ইনডেমনিটি আইন করে খুনিদের রক্ষা করেছিল। খুনিরা যাতে জিয়ার নাম না বলে এজন্যই তাদের ইনডেমনিটি দিয়েছিল জিয়া। জিয়া যদি হত্যাকাণ্ডে জড়িত না থাকে, তাহলে তিনি খুনিদের বিচার কেন করেনি। তাদের বিচার করতে তার কী সমস্যা ছিল? সে উল্টো তাদের পুরস্কৃত করেছিল।

আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশে হানিফ বলেন, এখনও এই পরাজিত শক্তি উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য আন্দোলনের নামে নাশকতা জ্বালাও-পোড়াও করার চিন্তাভাবনা করছে। তাদের প্রতিহত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানসহ পলাতকদের অচিরেই দেশে এনে বিচারের রায় কার্যকর করতে হবে এবং এদের দল বিএনপির বিচার করতে হবে। এই খুনি ও সাম্প্রদায়িক দল বিএনপিকে কানাডার আদালত সন্ত্রাসী সংগঠন হিসেবে রায় দিয়েছিল।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, স্বাধীনতা বিরোধীদের দোসর খুনি চক্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে বাঙালি জাতির কপালে কালিমা লেপন করেছে। এই পরাজিত শক্তি বিভিন্ন গুজব রটিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করবে। ২০৪১ সালের মধ্যে একটি উন্নয়নশীল দেশ জাতিকে উপহার দেবেন জননেত্রী শেখ হাসিনা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আফজাল হোসেন, অধ্যাপক মাকসুদ কামাল, আ স ম শামসুল আরেফিন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আওয়ামী লীগ দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনায় বলেই উন্নয়ন: শিল্পমন্ত্রী

স্টক নিউজ বিডি August 22, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, শুরু থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটি দুঃসময়, দুর্যোগে জনগণের পাশে থেকেছে। আওয়ামী লীগ দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনায় আছে বলেই দেশ শিল্পসমৃদ্ধ হয়েছে। এখন সে উন্নয়নের সুফল সবাই ভোগ করতে পারছে।

সোমবার (২২ আগস্ট) রাজধানীর কাওরান বাজারে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুজিব শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে বিএসইসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। নির্মাণকাজ শেষ করে ম্যুরালটি সবার জন্য উন্মুক্ত করা হলো সোমবার।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুকে অনুসরণ করে দেশ পরিচালনায় এগিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু আজীবন গণতান্ত্রিক ও উন্নয়নের রাজনীতি করেছেন বলেই দেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। শেখ মুজিবুর রহমানের দেশ পরিচালনায় পরিপূর্ণ জ্ঞান ছিল বলেই স্বাধীনতা-পরবর্তী অতি অল্প সময়েই দেশ পুনর্গঠন করতে পেরেছিলেন।

বিএসইসি ভবন প্রাঙ্গণে আজ এ অনুষ্ঠান আয়োজন করা হয়। বিএসইসির চেয়ারম্যান মো. শহীদুল হক ভূঞার সভাপতিত্বে শিল্প সচিব জাকিয়া সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে অন্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয় এবং বিএসইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় শিল্প সচিব বলেন, স্বাধীনতার পরপরই যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের জন্য বঙ্গবন্ধু বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান (জাতীয়করণ) অধ্যাদেশ ১৯৭২ (১৯৭২ সালের ২৭নং প্রেসিডেন্ট অর্ডার) অনুযায়ী বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন গঠন করা হয়। বর্তমানে এই কর্পোরেশনের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনাকে কাজে লাগানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সভাপতির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান মো. শহীদুল হক ভূঞা বলেন, বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত বিএসইসিতে ইতোপূর্বে তার স্মরণে তেমন কিছু করা হয় নাই। এই ম্যুরাল নির্মাণের সময়ও নানা বাধা এসেছে। কিন্তু বিএসইসির সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতায় আগস্ট মাসে আমরা এটি নির্মাণ করতে সক্ষম হয়েছি।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

‘চা শ্রমিকদের সঙ্গে তামাশা বন্ধ করুন’

স্টক নিউজ বিডি August 21, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: মজুরি নিয়ে চা শ্রমিকদের সঙ্গে তামাশা বন্ধ করার আহ্বান জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ঔপনিবেশিক যুগ থেকে চা শ্রমিকরা বংশ পরম্পরায় এখানে কাজ করেন। যারা চা শিল্পের মালিক তারা সেই মধ্যযুগীয় মনোভাব পোষণ করেন এখনও। ১২০ টাকা থেকে ১৪৫ টাকা মজুরি, এটি এক রকম দাসত্ব। অথচ এই চা শিল্পে আমরা পৃথিবীতে দশম স্থানে।

রোববার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতারা এসব কথা বলেন। তারা বলেন, একজন চা শ্রমিক দিনে মাত্র ১২০ টাকা মজুরি পান। এখন এটা বাড়িয়ে ১৪৫ টাকা করার কথা বলা হচ্ছে। এটা কোনোভাবেই মানবিক নয়। তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে।

নেতারা অবিলম্বে চার শ্রমিকদের ৩০০ টাকা মজুরি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, চা বাগানের শ্রমিকদের ছুটি বৈষম্য দূর করা, রেশনের মান ও পরিমাণ বাড়ানো, প্রতিটি বাগানে মানসম্মত চিকিৎসা কেন্দ্র, পর্যাপ্ত খাবার পানি ও শৌচাগার স্থাপন করতে হবে।

তারা বলেন, চা শ্রমিকের সন্তানদের ভবিষ্যৎ জীবন নিশ্চিত করতে প্রত্যেক বাগানে প্রাথমিক স্কুল ও প্রত্যেক ভ্যালিতে উচ্চ বিদ্যালয় স্থাপনেরও দাবি জানানো হয়। চা শ্রমিকের শিক্ষিত সব সন্তানের চাকরির নিশ্চয়তা এবং সব জাতি-গোষ্ঠীর সাংস্কৃতিক বিকাশ ঘটনোর জন্য পরিকল্পনা ও বাস্তবায়ন করতে হবে।

নেতারা আরও বলেন, দুঃখজনক হলেও সত্য যে, আজকে চা শ্রমিকদের জিম্মি করে তাদের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। চায়ের দেশ বাংলাদেশ। অথচ সেই দেশের চা শ্রমিকদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। চা শ্রমিকদের বঞ্চিত করতে সিন্ডিকেট গড়ে উঠেছে। যে কোনো মূল্যে সরকারের উচিত এই সিন্ডিকেট ভেঙে দেওয়া।

তারা বলেন, চা শ্রমিকদের শ্রমটা শুষে নিয়ে মালিক-রাষ্ট্র মুনাফার হিসাব কষছে। কিন্তু শ্রমিকদের অধিকার নিয়ে কোনো মাথাব্যথা নেই। বাংলাদেশে এখন সর্বনিম্ন মজুরি পান চা শ্রমিকরা। ফলে চা শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। বর্তমানে দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, তাতে একজন শ্রমিকের ১২০ টাকা বা ১৪৫ টাকা দৈনিক মজুরি পরিহাস মাত্র। এই টাকা দিয়ে জীবনধারণ একেবারে অসম্ভব এবং কল্পনাও করা যায় না।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

‘খেলা সামনে’, বললেন আমীর খসরু

স্টক নিউজ বিডি August 20, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: আগামী ২২ আগস্ট থেকে বিএনপির লাগাতার কর্মসূচির প্রেক্ষাপটে ক্ষমতাসীন সরকারের প্রতি ‘খেলা সামনে’ বলে ইঙ্গিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, মানুষ আজ অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছে। ২২ তারিখ থেকে ৯ দিন জনগণ রাস্তায় থাকবে। মাঠে থেকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাকি সময়টুকু বিদায় করবে। জনস্রোত এখনো শুরু হয়নি। বাকি খেলা সামনে।

সরকার পতনের আন্দোলনে আগামী দিনে দলের শক্তি আরও কয়েকগুণ বাড়াতে হবে বলেও উল্লেখ করেন বিএনপির এ শীর্ষস্থানীয় নেতা। তিনি বলেন, আগামীতে যে আন্দোলন হবে, সেটি হবে শেখ হাসিনার পতনের আন্দোলন।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‌্যালি শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ র‌্যালি অনুষ্ঠিত হয়।

জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ দ্রব্যমূল্য বৃদ্ধি, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও ছাত্রদল নেতা নূরে আলম হত্যার প্রতিবাদে আগামী ২২ আগস্ট থেকে দেশের সব মহানগর, জেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ধারাবাহিকভাবে সভা-সমাবেশ ও মানববন্ধন করবে বিএনপি।

সরকার পতন না হওয়া পর্যন্ত দলের নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গেছে। তাই তারা আবোল-তাবোল বকছে। এগুলো গদি হারানোর লক্ষণ।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চট্টগ্রামে মহাসমাবেশ হবে বলেও জানান বিএনপির এ নেতা।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, দুঃশাসন জারি রেখেই বর্তমান অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য মরিয়া হয়ে উঠেছে। এজন্যই তারা বিরোধীদলকে দমন-পীড়নের মাধ্যমে নিশ্চিহ্ন করার নীলনকশা বাস্তবায়ন করছে। হত্যা, নির্বিচার গ্রেফতার, মিথ্যা মামলা সাজানোর জন্য পরিকল্পিত ঘটনা তৈরি করাই এখন সরকারের একমাত্র কাজ।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশের বাজারে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) দাম না কমিয়ে পাঁচ বছর ধরে লাভ করেছে। এতে তাদের লাভ ছিল প্রায় ৫০ হাজার কোটি টাকা। সেই মুনাফার টাকা তারা কী করেছে? এর হিসাব দিতে হবে।

সভাপতির বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেন, গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও দেশের স্বাধীনতা রক্ষার জন্য স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিএনপির ভ্যানগার্ড হিসেবে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। অতীতের ন্যায় আগামীতেও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে স্বেচ্ছাসেবক দল রাজপথে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, গুম, খুন, দুর্নীতি ও লুটপাট ছাড়া এ সরকারের জনগণকে দেওয়ার মত আর কিছুই নেই। প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে সরকারের ভয়াবহ দুর্নীতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শওকত আজম খাজা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আসাদুজ্জামান দিদারসহ মহানগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
fakhrul

খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত সংলাপের প্রশ্নই ওঠে না: ফখরুল

স্টক নিউজ বিডি August 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের কোনো পরিবেশ নেই বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘দেশের রাজনৈতিক সংকট সমাধানে বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত কোনো সংলাপ হতে পারে না। এ সরকার পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে যতক্ষণ পর্যন্ত ক্ষমতা হস্তান্তর না করবে, সংসদ বিলুপ্ত না হবে, ততক্ষণ পর্যন্ত সংলাপের প্রশ্নই ওঠে না।’

বৃহস্পতিবার (১৮ আগস্ট) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

যে বুলেট শেখ হাসিনা ও শেখ রেহানাকে এতিম করেছে, খালেদা জিয়া সেই বুলেট আপনাকেও ছাড়েনি ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা তো ভয়ঙ্কর কথা। এ বুলেটের কথা যদি তিনি বলে থাকেন, তাহলে আমর সন্দেহ হয়। যদিও আমি শুনিনি তিনি ঠিক কী বলেছেন। যদি তিনি এটা বলে থাকেন, তাহলে বোঝা যাবে, তিনি পুরোপুরিভাবে এই ধরনের একটি চক্রান্তের সঙ্গে জড়িত।’

ফখরুল বলেন, ‘খালেদা জিয়াকে তারা রাজনীতি থেকে সরিয়ে দিতে চান। জীবন থেকেও সরিয়ে দেওয়ার চক্রান্ত রয়েছে কি না, সেই প্রশ্ন নিশ্চয় আসে। এটা তাকে অবশ্যই জবাব দিতে হবে। কারণ তিনি দায়িত্বশীল সরকারের মন্ত্রী। এটা প্রত্যাখ্যান করার সুযোগ নেই। তিনি যদি বলে থাকেন যে, আমি এটা বলিনি তাহলে তাকে এটা বলতে হবে। তিনি যদি বলে থাকেন, তাহলে অবিলম্বে তার বিরুদ্ধে সরকারের ব্যবস্থা গ্রহণ করা দরকার।’

মানবাধিকার ইস্যুতে বিএনপি যতগুলো অভিযোগ করেছে, সবকিছু রাজনৈতিক বলে ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘তিনি (ওবায়দুল কাদের) তো গুম-অপহরণের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। আমি তো টেলিভিশনে দেখলাম, তিনি বক্তব্যে বলেছেন, গুম বা অপহরণ হয়ে যাওয়া বিষয়গুলোর বিচার করার জাতিসংঘের কোনো ক্ষমতা নেই। তার মানে এগুলো সংঘটিত হয়েছে, এটা স্বীকার করছেন। নেত্রনিউজের প্রতিবেদনে আরও বেশি প্রমাণিত হয়েছে।’

তিনি বলেন, ‘সরকারকে একটি আলাদা কমিশন গঠন করে গুম ও বিচারবহির্ভূত হত্যার ঘটনা তদন্ত করার সুপারিশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। তাদের দেওয়া বিবৃতিতে যা উঠে এসেছে, সেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। তার সত্যতা প্রমাণ হয়েছে। আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে স্বাধীন তদন্ত চাই, জড়িতদের বিচার চাই।’

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

দিন যায় মাস যায়, ফখরুল সাহেবদের আন্দোলন দেখা যায় না: কাদের

স্টক নিউজ বিডি August 18, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১৩ বছর ধরে কত শুনলাম, কোরবানির ঈদের পরে। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, পদ্মা, মেঘনায় কত পানি গড়িয়ে যায়, কিন্তু ফখরুল সাহেবদের আন্দোলনের সোনার হরিণের দেখা পাওয়া যায় না। ক্ষমতার ময়ূর সিংহাসন, দিল্লি দূর অস্ত।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে টিএসসিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত ‘পিতার শোক, কন্যার শক্তি বাংলার অপ্রতিরোধ্য অগ্রগতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কতা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ফখরুল সাহেব মাঝে মাঝে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলেন। আমাদের যে কত চোখের পানি কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছে, সে হিসাব কি আপনাদের দেব? আন্দোলন করবেন আর ব্যর্থ হলে নন্দঘোষ আওয়ামী লীগ। কোথায় আন্দোলন? দেখা তো মেলে না। আন্দোলনের সোনার হরিণ দেখা না দিলে ক্ষমতার ময়ূর সিংহাসন কোনো দিন ধরা দেবে না।

শেখ হাসিনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ফখরুল সাহেব, কষ্ট প্রকাশ করে কি করবেন? শেখ হাসিনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। তিনি ভাগ্যবতী। এ দেশে একজনকে (শেখ মুজিবুর রহমান) আল্লাহ সৃষ্টি করেছেন স্বাধীনতার জন্য, আরেকজনকে (শেখ হাসিনা) সৃষ্টি করেছেন মুক্তির জন্য।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ইলেকশন আসছে। যতই মুখে বলেন, বাস্তবে তো আমরা বুঝি। ইলেকশনের আগে বিশাল একটা মনোনয়ন ব্যবসা আছে। এই লোভ আপনারা সামলাতে পারবেন না। তখন কি পদ্মা নদীতে লঞ্চে যাবেন? নৌকায় যাবেন? নৌকাও তো আমাদের। আগামী বছরের প্রথম দিন অনেকগুলো মেগা প্রজেক্ট উদ্বোধন করা হবে। তখন আপনাদের কষ্টের দরিয়ায় ঢেউ আসবে।

অনুষ্ঠানের প্রধান আলোচক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন ছাত্রলীগকে উদ্দেশ করে বলেন, ১৯৭৩ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু বলেছিলেন, বাবারা একটু লেখাপড়া করো। অবসর সময়ে বাবা-মাকে সাহায্য করো। তোমরা লেখাপড়া করো কি না আমি জানি না। কারণ লেখাপড়া করার প্রমাণ হাতে বই, খাতা, কলম। শ্রেণিকক্ষে অবস্থান, গ্রন্থাগারে অবস্থান, যে দুটো অবস্থানেই আমি তোমাদের দেখি না।

আনোয়ার হোসেন আরও বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে অনুষ্ঠান হয়, আনুষ্ঠানিকতা হয়, কিন্তু আন্তরিকতার বড় অভাব। আমি জানি না তোমরা কেউ বঙ্গবন্ধুর লেখা তিনটি বই পড়েছ কি না। ছাত্রলীগ করতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, অন্তরে ধারণ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওবায়দুল কাদের

খেলা হবে, খেলা: কাদের

স্টক নিউজ বিডি August 17, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: বন্দুকের নল থেকে আওয়ামী লীগের জন্ম হয়নি উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজপথ থেকেই আওয়ামী লীগের জন্ম হয়েছে। খেলা হবে, খেলা। রাজপথে মোকাবিলা হবে।

তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ দেখিয়ে দেবে- ‘আগামীর বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ’।

বুধবার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন ওবায়দুল কাদের। সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে এ বিক্ষোভ সমাবেশ হয়।

সমাবেশে রাজধানীর বিভিন্ন ইউনিট ও আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে রমনায় আসেন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিকেল ৩টার পর সমাবেশ শুরু হয়ে চলে প্রায় সাড়ে ৫টা পর্যন্ত।

এদিকে সমাবেশের কারণে রাজধানীজুড়ে যানজট তৈরি হয়। মৎস্য ভবন ও শাহবাগ হয়ে গন্তব্যে যাওয়া যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হয়।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ওবায়দুল কাদের

সমাবেশে বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আগুন-সন্ত্রাস ও বোমাবাজি করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ। খেলা হবে আগামী নির্বাচনে। খেলা হবে রাজপথে। খেলা হবে, মোকাবিলা হবে।

বিএনপি গতবার জগাখিচুড়ির ঐক্য করে ধরা খেয়েছে, এবারও ধরা খাবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, আগুন-সন্ত্রাস ও বোমাবাজি করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ।

এসময় তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব বলেন, ‘আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই।’ দেখেছেন? বঙ্গবন্ধুর মাজারে জনতার ঢল, সমাবেশে জনতার ঢল। আপনারা কী নিয়ে খেলবেন?

সমাবেশে উপস্থিত তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, পেট্রল বোমা হামলাকারীদের রাজপথ থেকে বিতাড়িত করতে আজ থেকে নামলো আওয়ামী লীগ। এখন বিএনপি লাফাচ্ছে। তাদের লাফানো পুকুরের ব্যাঙের মতো।

এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, লাখ লাখ নেতাকর্মী রাজপথে নেমে এসেছে। যে কোনো মূল্যে উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখবে আওয়ামী লীগ।

সমাবেশে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী

সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, এসএম কামাল হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী প্রমুখ।

এছাড়া সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মৎস্য ভবন, কদম ফোয়ারা ও জিরো পয়েন্ট হয়ে গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
ওবায়দুল কাদের

কষ্ট লাগে, নেত্রীর উদারতা বিএনপি বোঝে না: কাদের

স্টক নিউজ বিডি August 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সভা-সমাবেশ করা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতার অর্থ বিএনপি নেতারা বোঝেন না মন্তব্য করে এ নিয়ে নিজের ‘কষ্ট’ লাগার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, আমাদের নেত্রী বলেছেন, বিএনপি সমাবেশ করুক, জনসভা করুক কোনো বাধা আমরা দেবো না। নেত্রী আপনার এ উদারতার অর্থ আমরা বুঝি। কিন্তু আজকে কষ্ট লাগে- তারা (বিএনপি) সেটা বোঝে না।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপির প্রতি ইঙ্গিত করে) বলেন, বিদেশিদের চাপে প্রধানমন্ত্রী আন্দোলনে বাধা দিতে নির্দেশ দিয়েছেন। লন্ডন থেকে স্লোগান দেয় আর প্রতিধ্বনি হয় পল্টনে। কী স্লোগান? ‘টেক ব্যাক বাংলাদেশ’। টেক ব্যাক করে কোথায় যাবে? লুটপাটের হাওয়া ভবনে? বিএনপি তাদের শাসনামলে দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, মুক্তিযুদ্ধের মূল্যবোধ বিসর্জন দিয়েছে।

তিনি বলেন, সংকটের বিস্তীর্ণ কাঁটাবন পেরিয়ে শেখ হাসিনার নেতৃত্বে এখনো বাংলাদেশ স্ট্যাবিলিটি বজায় রেখেছে। এখনো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখনো রেমিট্যান্স আসছে হাজার হাজার কোটি টাকা। এখনো ৪০ থেকে ৪২ বিলিয়ন ডলার আমাদের রিজার্ভে। বললাম কেন? বাংলাদেশে এখন রিকশাওয়ালারাও রিজার্ভের কথা বলেন। শ্রীলঙ্কার রিজার্ভ ফুরিয়ে গেছে। পাকিস্তানের রিজার্ভ তলানিতে। এজন্য বাংলাদেশকে নিয়েও তারা দুঃস্বপ্ন দেখে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মানুষের কান কথা শুনে, গুজবে কেউ বিভ্রান্ত হবেন না। বাংলাদেশ শ্রীলঙ্কাও হবে না, পাকিস্তানও হবে না। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ। এটা বীরের দেশ। শেখ হাসিনার বাংলাদেশ।

তিনি বলেন, সবাই শুধু ঐক্যবদ্ধ থাকুন। দলটাকে সুশৃঙ্খল রাখুন। দেশ যেভাবে এগোচ্ছে, আমরা যদি নেত্রীর নির্দেশনা অনুযায়ী এগোতে পারি, আগামী নির্বাচনে আবারও বিজয়ের বন্দরে পৌঁছাতে পারবো। আওয়ামী লীগে সব আছে। এখানে ভালো মানুষের অভাব নেই। শুধু ঐক্যটা রাখলেই হবে। ঐক্য থাকলে বিজয় আসবেই, কেউ ঠেকাতে পারবে না।

দলীয় ও সরকারপ্রধান শেখ হাসিনার উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, অনেক তথ্য অজানা রয়ে গেছে। অনেকের ভূমিকাও অজানা। সত্যের খাতিরে ইতিহাসের এসব তথ্য উন্মোচন করা দরকার। আইনমন্ত্রী বলেছেন, কমিশন গঠন করবেন। শুধু মুখে নয়, আমি বলবো বাস্তবে এর কার্যকারিতা বাংলার মানুষ দেখতে চায়। ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের রহস্যময় আরও পুরুষ আছে। যাদের জাতি চেনে না। কিন্তু তারা চেনা মুখ। সত্য জানা উচিত। সত্যের মুখোমুখি আমাদের হতে হবে। সত্য আমাদের জানতে ও জানাতে হবে।

তিনি বলেন, জিয়াউর রহমান খুনিদের পুরস্কৃত করে থাইল্যান্ডে পাঠান। তারপর তাদের চাকরি দেন বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে। কয়েকজনকে প্রমোশনও দেন। এটাই শুধু নয়, খন্দকার মোশতাকের ইনডেমনিটি অর্ডিন্যান্স হত্যাকারীদের বিচাররোধকারী। ইনডেমনিটি অর্ডিন্যান্স জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীতে অন্তর্ভুক্ত করে বাংলাদেশের সংবিধানকে কলঙ্কিত করেছেন। খুনিদের জিয়াউর রহমানই সাংবিধানিক বৈধতা দিতে চেয়েছিলেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান নাকি মুক্তিযোদ্ধা। তাহলে আমার মুক্তিযুদ্ধের রণধ্বনি কেন নিষিদ্ধ হয়? সর্বকালের সেরা ভাষণের একটি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ কেন নিষিদ্ধ হয়? বাংলাদেশ বেতার কেন রেডিও বাংলা হয়? মুক্তিযুদ্ধের মূল্যবোধ স্বাধীনতার সব আদর্শ নির্বাসনে পাঠাল কে? ইতিহাস কি তাকে ক্ষমা করবে?

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালন করেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান ও কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

উত্তরা-চকবাজারের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি ন্যাপের

স্টক নিউজ বিডি August 16, 2022

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ রোডে ক্রেন ছিঁড়ে গার্ডারের চাপায় প্রাইভেটকারের যাত্রীদের হতাহতের ঘটনায় ও পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাপ। একই সঙ্গে ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া।

মঙ্গলবার (১৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবি জানান।

তারা দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তারা বলেন, নিরাপত্তা নিশ্চিত না করে নির্মাণ কাজ করার কারণেই এই ধরনের ঘটনা ঘটছে, ফলে এটা নিছক দুর্ঘটনা না, এটি অবহেলাজনিত হত্যাকাণ্ড। এর দায় ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তাদের শাস্তির আওতায় আনতে হবে।

চকবাজারে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে নেতারা বলেন, সরকারের পক্ষ থেকে কোন শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় বার বার এ ধরনের অগ্নিকাণ্ড ও মৃত্যুর ঘটনা ঘটেই চলছে।

এ সময় নিরাপত্তা নিশ্চিত না করে কারখানা চালানো ও উন্নয়নের নামে এ ধরনের হত্যাকাণ্ডের জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও হতাহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা।

একই সঙ্গে এ ধরনের নির্মাণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং কারখানা মালিক যাতে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে কাজ করে তার জন্য রাষ্ট্র-প্রশাসন কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান ও মহাসচিব।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • টানা ৫ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হার বাংলাদেশের

  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান

  • নিখোঁজ আবু তাহেরের সন্ধানে পরিবারের আকুতি, সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান

  • সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির

  • নিম গাছের যত উপকারিতা: ঔষধি গুণ, ব্যবহার ও সতর্কতা

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • ৪০০ মেগাওয়াট সক্ষমতা নিয়ে আইপিওতে কনফিডেন্স পাওয়ার, লক্ষ্য ২ হাজার

  • ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৭%, ইপিএস ২.০৫ টাকা

  • তৃতীয় প্রান্তিকে বিজিআইসির শেয়ারপ্রতি আয় ১.৭৪ টাকা, সম্পদমূল্য বেড়ে ২১.১৯ টাকা

  • আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেটে’ ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু

  • সিঙ্গার বাংলাদেশের পর্ষদ সভার তারিখ ঘোষণা

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য