Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

শেয়ারবাজার

প্রধান কার্যালয় ও কারখানা ছাড়তে হবে বিএটি বাংলাদেশকে

স্টক নিউজ বিডি May 31, 2025

ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের সঙ্গে লিজ চুক্তি নবায়নের আপিল সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাওয়ার পর এখন রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় অবস্থিত প্রধান কার্যালয় ও কারখানার জায়গা খালি করে দিতে হবে দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশকে।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ গতকাল (২৯ মে) লিজ নিয়ে বিরোধ-সংক্রান্ত হাইকোর্টের আগের একটি আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিএটি বাংলাদেশের করা এই আপিল আপিল খারিজ করে দেন।

এর আগে গত বছরের ১২ ডিসেম্বর হাইকোর্টও মহাখালী ডিওএইচএসের জমির লিজ চুক্তি নবায়নে ক্যান্টনমেন্ট বোর্ডের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কোম্পানিটির করা রিট আবেদন খারিজ করে দেন।

বিএটি বাংলাদেশের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদনের তথ্যানুসারে, প্রতিষ্ঠানটি ১৯৬৪ সাল থেকে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের কাছ থেকে কারখানার জায়গা লিজে নিয়ে পরিচালনা করে আসছে। প্রতি লিজ চুক্তির মেয়াদ ৩০ বছর এবং সর্বোচ্চ ৯০ বছর পর্যন্ত নবায়নের সুযোগ ছিল।

বাকি ৩০ বছরের জন্য লিজ নবায়নের আবেদন করেছিল বিএটি বাংলাদেশ, কিন্তু ক্যান্টনমেন্ট বোর্ড সেটি নাকচ করে দিলে কোম্পানিটি চুক্তিগত অধিকারের দাবি তুলে আইনি লড়াইয়ে নামে।

পরিবেশবাদীরা পরিবেশ দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বহুবার মহাখালী থেকে এই কারখানা সরানোর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

বর্তমানে বিএটি বাংলাদেশের তিনটি কারখানা রয়েছে—মহাখালী, সাভার ও মানিকগঞ্জে। এছাড়াও কুষ্টিয়ায় একটি পাতা প্রক্রিয়াজাতকরণ কারখানা (গ্রিন লিফ ট্র্যাশ প্ল্যান্ট) রয়েছে।

বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) প্রথম কারখানা স্থাপিত হয় ১৯৪৯ সালে, চট্টগ্রামের ফৌজদারহাটে। এরপর ১৯৬৫ সালে পাকিস্তান টোব্যাকো কোম্পানির দ্বিতীয় কারখানা গড়ে ওঠে মহাখালীতে।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোম্পানিটির নাম হয় বাংলাদেশ টোব্যাকো কোম্পানি লিমিটেড। বিএটি গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কর্পোরেট পরিচয়ের মিল রেখে ১৯৯৮ সালে নাম পরিবর্তন করে হয় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ।

১৯৭৭ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

২০২৫ সালের প্রথম প্রান্তিকে বিএটি বাংলাদেশ ৯ হাজার ৫৯৭ কোটি টাকা আয় করেছে, যদিও সিগারেট বিক্রি অনেক কমেছে।

প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, কোম্পানিটির নিট মুনাফা ২৩ শতাংশ কমে ৩১৮ কোটি টাকায় নেমে এসেছে। গত বছর কোম্পানিটির নিট মুনাফা ছিল ৪১৩ কোটি টাকা। এছাড়া শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমে হয়েছে ৫.৮৯ টাকা।

গত বছরে বিএটি বাংলাদেশ ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। গত বছর কোম্পানিটির মোট আয় হয়েছিল ৪৩ হাজার ২৩১ কোটি টাকা এবং নিট মুনাফা ছিল ১ হাজার ৭৫১ কোটি টাকা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বিএসইসি

বিএসইসির সাথে পুঁজিবাজার বিনিয়োগকারীদের রুদ্ধদ্বার বৈঠক

স্টক নিউজ বিডি May 29, 2025

মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী সভায় অন্যান্যের মধ্যে বলেন, “সরকার পুঁজিবাজার এবং বিনিয়োগকারীদের প্রতি অত্যন্ত আন্তরিক। বিনিয়োগকারীদের মতামতসমূহ নিয়ে সরকার কাজ করবে।পুঁজিবাজারের উন্নয়নের জন্য সংশ্লিষ্টসকল সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। আগামী বাজেটে পুঁজিবাজারের জন্য ইতিবাচক এমন পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিজস্ব প্রতিবেদক: বিএসইসি’র উদ্যোগে অদ্য ২৯ মে ২০২৫ বেলা ১২:০০ টায় পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি’র মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত উক্ত সভায় বিএসইসি’র চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার জনাব মুঃ মোহসিন চৌধুরী, কমিশনার জনাব মোঃ আলী আকবর এবং বিএসইসির নির্বাহী পরিচালক ও পরিচালকবৃন্দউপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটিতে বিনিয়োগকারীদের সংগঠনগুলোর পক্ষ থেকেসংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী ও বিএসইসি’র শীর্ষ কর্মকর্তাগণ পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিবৃন্দ সভায় বিনিয়োগকারীদের পক্ষ হতে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। এসময় দেশের পুঁজিবাজারের উন্নয়নের পথে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতাসমূহ এবং করণীয়সমূহের কথা উঠে আসে।

মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে পুঁজিবাজারে তারল্য সংকট নিরসনে নতুন ফান্ড আনয়ন ও সরকারের পুঁজিবাজার সহায়ক ভূমিকা গ্রহণ, অন্যান্য সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে উদ্যোগ গ্রহণ, ডিভিডেন্ড ট্যাক্স ও ক্যাপিটাল গেইন ট্যাক্স মওকুফকরণ, পুঁজিবাজারে ক্যাটাগরি পরিবর্তনের মাধ্যমে বিনিয়োগকারী যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং কোম্পানিগুলোকে আরো দায়বদ্ধ করা, পুঁজিবাজারে সকল অনিয়ম-কারসাজির বিরুদ্ধে তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণ, পুঁজিবাজারকে স্থিতিশীল রেখে সংস্কার বাস্তবায়ন, পুঁজিবাজারের প্রতি সকলের আস্থা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ,’বাইব্যাক আইন’ বা শেয়ার পুনঃক্রয় আইন চালুর উদ্যোগ গ্রহণ, ইস্যুয়ার কোম্পানিসমূহের অনিয়মসমূহের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, মিউচ্যুয়াল ফান্ডের বিকাশ ও উন্নয়ন, পুঁজিবাজারে ভালো বহুজাতিক কোম্পানিসমূহকে এবং ভালো মৌলভিত্তিসম্পন্ন সরকারি-বেসরকারি কোম্পানিগুলো তালিকাভুক্তকরণে উদ্যোগ গ্রহণ, গুরুত্ব বিবেচনায় নিয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সংস্কার সাধন, বিনিয়োগ বান্ধব নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন, পুঁজিবাজারে অপ্রদর্শিত আয়ের অর্থ বিনিয়োগের সুযোগ প্রদান,ইস্যুয়ার কোম্পানিসমূহের আর্থিক বিবরণীর স্বচ্ছতা ও যথার্থতা নিশ্চিতকরণে অডিটরের দায়িত্ব নিরূপণ ও ব্যবস্থা গ্রহণ, পুঁজিবাজারে বিনিয়োগ উৎসাহিত করতে প্রণোদনা প্রদান, আইসিবি’র বাজার সহায়ক ভূমিকা নিশ্চিতকরণ, পুঁজিবাজারের সকল স্তরে দক্ষতা-পেশাদারিত্ব নিশ্চিতকরণ, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সাথে বিনিয়োগকারীদের সংযোগ বৃদ্ধি, বিএসইসিতে পরামর্শ বক্স স্থাপন ও সময়ে সময়ে মতবিনিময় সভা আয়োজন ইত্যাদি প্রস্তাবনা তুলে ধরা হয়।

সভায় মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী এবং বিএসইসি’র চেয়ারম্যান-কমিশনারবৃন্দ বিনিয়োগকারী সংগঠনগুলোর প্রতিনিধিদের বিভিন্ন মতামত এবং প্রশ্নের জবাব দেন। মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীসভায় অন্যান্যের মধ্যে বলেন, “সরকার পুঁজিবাজার এবং বিনিয়োগকারীদের প্রতি অত্যন্ত আন্তরিক। বিনিয়োগকারীদের মতামতসমূহ নিয়ে সরকার কাজ করবে।পুঁজিবাজারের উন্নয়নের জন্য সংশ্লিষ্টসকল সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। আগামী বাজেটে পুঁজিবাজারের জন্য ইতিবাচক এমন পদক্ষেপ গ্রহণ করা হবে।

“ তিনি সকলকে দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার এবং কাজ করার আহ্বান জানান। এছাড়াও তিনি পুঁজিবাজারের সকল বিনিয়োগকারীদের প্রতিনিধিত্বকারী একটি শীর্ষ (Apex) সংগঠন বা ফোরাম গঠনের অনুরোধ জানান যাতে আগামীতে বিনিয়োগকারীদের সাথে সরকার ও বিএসইসির সংযোগের সুযোগ বৃদ্ধি পায় এবং সংযোগ আরো কার্যকরী হয়।

সর্বোপরি, সভায় পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিদের সাথে ফলপ্রসু ও ইতিবাচক আলোচনা হয় এবং বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিদের প্রস্তাবনাগুলো বিবেচনায় নিয়ে আগামীতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে সরকার ও বিএসইসি’র পক্ষ হতে আশ্বস্ত করা হয়। সভায় বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিবৃন্দ পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।বিনিয়োগকারীদের সংগঠনগুলোর প্রতিনিধিবৃন্দ তথা বিনিয়োগকারীদের সাথে এধরণের সংযোগের ফলে আগামীতে সকলের মিলিত প্রচেষ্টায় পুঁজিবাজারের টেকসই উন্নয়ন নিশ্চিত হবে বলে বিএসইসি আশা করে।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

প্রশিক্ষণ ও সিএক্সও রাউন্ডটেবিলের মাধ্যমে নারী-নেতৃত্বাধীন এসএমই শক্তিশালী করবে আইপিডিসি ফাইন্যান্স  

স্টক নিউজ বিডি May 26, 2025

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি অনুষ্ঠিত ‘জয়ী কর্পোরেট কানেক্ট’ প্রোগ্রামের ধারাবাহিকতায়, বিশ্বব্যাংকের ‘উইমেন অন্ট্রাপ্রেনার্স ফাইন্যান্স ইনিশিয়েটিভ’ এবং এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় ‘নারী-নেতৃত্বানাধীন এসএমই’র মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সাপ্লাই চেইন গতিশীল করা’ শিরোনামে একটি ‘সিএক্সও রাউন্ডটেবিল’ আয়োজন করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। নারী-কেন্দ্রিক ব্যবসায়িক পরিবেশে গঠনমূলক পরিবর্তন আনাই ছিল এই রাউন্ডটেবিলের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে দেশের শীর্ষ কর্পোরেট নেতারা উপস্থিত হন এবং অংশগ্রহণকারী সিএক্সও-রা নিজ নিজ প্রতিষ্ঠানের সাপ্লাই চেইনে নারী উদ্যোক্তাদের অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহী প্রকাশ করেন। আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস অন্যান্য সিএক্সওদের সাথে এতে অংশ নেন, যেখানে তিনি নারী উদ্যোক্তাদের সাপ্লাই চেইনে অন্তর্ভুক্ত করার আইপিডিসি’র পরিকল্পনা শেয়ার করেন। এই যৌথ লক্ষ্যের প্রতীক হিসেবে অতিথিদের জয়ী উদ্যোক্তা প্রভা অরোরার তৈরি পরিবেশবান্ধব কলম উপহার দেওয়া হয়, যা দেশীয় উদ্যোক্তাদের ক্ষমতায়নে আইপিডসি’র নেওয়া উদ্যোগের প্রতিফলনস্বরূপ।

এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “আমরা নারী-কেন্দ্রিক ব্যবসায়িক পরিবেশে পরিবর্তন আনতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। আমাদের জয়ী ৩৬০ উদ্যোগের মাধ্যমে আমরা নারী উদ্যোক্তাদের বাজারে প্রবেশাধিকার ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা প্রদান করছি। ওয়ার্ল্ড ব্যাংকের উই-ফাই প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত সিএক্সও রাউন্ডটেবিল যেখানে সাপ্লাই চেইনে নারীদের অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিচ্ছে, সেখানে আইপিডিসি ভবিষ্যৎ নারী উদ্যোক্তাদের ইন্সটিটিউশনাল সাপ্লায়ার হয়ে উঠতে যথাযথ প্রশিক্ষণ প্রদান করছে।”

এরই ধারাবাহিকতায় সম্প্রতি ঢাকার মিরপুরে অবস্থিত আইপিডিসি জয়ী ৩৬০ সাব-ব্রাঞ্চে ‘কানেক্টিং এন্টারপ্রাইজ উইথ জয়ী’ শীর্ষক একটি সক্ষমতা উন্নয়ন সেশনেরও আয়োজন করা হয়, যেখানে নতুন উদ্যোক্তাদের ইন্সটিটিউশনাল সাপ্লায়ার হিসেবে প্রস্তুত করতে দিক-নির্দেশনা দেওয়া হয়।

এই সেশনের দুটি অংশ ছিল। প্রথমটি ‘ইন্সটিটিউশনাল সাপ্লায়ার ও বিজনেস সাস্টেইনেবিলিটির জন্য ব্যাংকিং সমাধান’, যা পরিচালনা করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ নোমানুর রশীদ। তিনি আর্থিক অন্তর্ভুক্তি, ব্যবসা পরিচালনায় প্রস্তুতি ও দীর্ঘমেয়াদী টেকসই কৌশল নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় অংশটি ছিল ‘উদ্যোক্তার অভিজ্ঞতা শেয়ারিং’, যেখানে প্রিয়া ফ্যাশন-এর প্রতিষ্ঠাতা তানজিলা পারভীন কীভাবে বাড়িতে পোশাক সেলাই করা থেকে শুরু করে আড়ং, নবরূপা ও শৈশবের মতো প্রতিষ্ঠিত ব্র্যান্ডের সাপ্লায়ার হয়ে ওঠেন সেই গল্প শেয়ার করেন। তার কথাগুলো নতুন উদ্যোক্তাদের জন্য ছিল অত্যন্ত প্রেরণাদায়ক।

এই ধারাবাহিক উদ্যোগগুলো আইপিডিসি’র কৌশলগত পরিকল্পনার অংশ, যা নারী উদ্যোক্তাদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। কর্পোরেট সংযোগ তৈরি থেকে শুরু করে যথাযথভাবে প্রস্তুত করা পর্যন্ত, ‘জয়ী ৩৬০’ প্ল্যাটফর্মের মাধ্যমে আইপিডিসি উদ্যোক্তাদের বাজার প্রবেশ, সক্ষমতা বৃদ্ধি ও আর্থিক সহায়তা নিশ্চিত করছে।  

নারী নেতৃত্বাধীন ব্যবসার এই পরিবর্তনশীল পরিবেশে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ভবিষ্যতেও সামনের কাতারে থাকবে এবং প্রতিটি স্বপ্ন যেন যথাযথ সুযোগ পায় তা নিশ্চিত করবে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

পুঁজিবাজারে যত সংস্কার হয়েছে সব বিএনপির আমলে : আমীর খসরু

স্টক নিউজ বিডি May 24, 2025

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পুঁজিবাজারে যত রিফর্ম (সংস্কার) হয়েছে বিএনপির আমলে হয়েছে। বিএনপির সময় পুঁজিবাজারে কখনো অস্বস্তি আসেনি।

নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার ডিএসই ব্রোকার্স অ‍্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত ‘বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় পুঁজিবাজার : দর্শন ও অনুশীলন’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, বাংলাদেশ এগিয়ে যেতে হলে বিনিয়োগের বাইরে কোনো কিছু নেই। আমাদের অর্থনীতির সঙ্গে পুঁজিবাজার অনেকটা ডিসকানেক্ট। ক্যাপিটাল মার্কেটে ওনারশিপ এখন নেই, এটাকে আনতে গেলে পলিটিক্যাল ওনারশিপ দরকার।

পতিত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে পুঁজিবাজারকে ক্যাসিনো বানানো হয়েছে বলে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘এখানে একটি গ্রুপ এসে খেলাধুলা করে চলে যায়। বিগত ১৫ বছর এভাবেই চলেছে। বাজারের গুণগত পরিবর্তন আনতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। লুটপাট করতে করতে এমন অবস্থা হয়েছে, আর লুটপাটের জায়গা নেই। শেয়ার ফ্লোর প্রাইসে ঠেকেছে। বাজারে তারল্য বাড়াতে হবে। বিশ্ববাজার থেকে তারল্য আনতে হবে।’

এতে আরও বক্তব্য দেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বিএসইসির কমিশনার মো. মোহসিন চৌধুরী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন, আইসিএমএবির সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকালে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা পুঁজিবাজারকে প্রভাবিত করেছিল। পুঁজিবাজার থেকে ২০১০-১১ সালে ২০ হাজার কোটি টাকা বের করে নেওয়া হয়েছে। এর মধ্যে ১৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। তখন যেভাবে আইন দ্বারা কেস ফাইল করা দরকার ছিল সেটা হয়নি, যা করা হয়েছে সেটা উদ্দেশ্যপ্রণোদিত ছিল।

‘এটা ছিল পাপের সূত্রপাত। রাজনৈতিক প্রভাবের কারণে অনেক ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারী নিঃস্ব হয়ে গেছেন। কারসাজি করে শেয়ারের দাম বাড়িয়েছেন। কারসাজিকারীদের শাস্তি না দেওয়া, এটাই হচ্ছে পুঁজিবাজারের মূল সমস্যা। তাই টোটকা ওষুধ দিয়ে পুঁজিবাজারকে ঠিক করা যাবে না। পুঁজিবাজারের ধাক্কা অর্থনীতিকে দুর্বল করেছে। ওই সময়ে একটি আইপিও আসেনি।’

ড. দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, পুঁজিবাজার দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রতিষ্ঠান। দিন এনে দিন খাব এই প্রতিষ্ঠানের চরিত্র এটা না। এই বাজার ঠিক করতে জরুরি পদক্ষেপ নিতে হবে, অচলাবস্থা থেকে বের হতে হবে। একে অপরকে আস্থায় নিতে হবে। তারপরও যদি বাজার ঠিক না হয় তাহলে বুঝতে হবে সমস্যা আছে।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

নির্ধারিত সময়ের আগেই ৮,৭০২.০৩ কোটি টাকা পরিশোধ পেট্রোবাংলার

স্টক নিউজ বিডি April 30, 2025

নির্ধারিত লক্ষ্যমাত্রা ৩০ জুন ২০২৫ এর ২ (দুই) মাস পূর্বে ৩০ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে সকল মেয়াদোত্তীর্ণ দেনা (External Overduc) পরিশোধ করল পোট্রোবাংলা। উল্লেখ্য, অন্তবর্তীকালিন সরকার দায়িত্ব গ্রহণের সময় মোট দেনা ছিল ৭৩৭.৪৬ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮,৭০২.০৩ কোটি টাকা) এবং বকেয়াসহ এ পর্যন্ত মোট ৩,৭৩৯.৯৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৫,২৫৩.৪০ কোটি টাকা) পরিশোধ করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার নেতৃত্বে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিভাগসহ পেট্রোবাংলা এবং সংশ্লিষ্ট সকল সংস্থার যুগোপযোগী ও গতিশীল টিম ওয়ার্কের মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রার ২ (দুই) মাস পূর্বে এ দেনা পরিশোধ করা সম্ভব হয়েছে। আন্তর্জাতিক তেল কোম্পানি (আইওসি), দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তি ও স্পট মার্কেট হতে আমদানিকৃত এলএনজি সরবরাহকারী, ২ (পুটি) ভাসমান এলএনজি টার্মিনাল (FSRU) এবং International Islamic Trade Finance Corporation (ITFC) এর ঋণের সুদসহ পুজিভুত দেনা পেট্রোবাংলা কর্তৃক নিম্মোক্ত কৌশলসমূহ গ্রহণের মাধ্যমে নির্ধারিত সময়ের পূর্বে সকল মেয়াদোর্জীর্ণ দেনা পরিশোধ করা সম্ভব হয়েছে।

পোট্রোবাংলা’র গ্যাস বিতরণ ও উৎপাদন কোম্পানির কাছে পেট্রোবাংলার পাওনা অর্থ আদায়ের জন্য মাসভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং গ্যাস ব্যবহারকারী গ্রাহকগণ নিয়মিত গ্যাস বিল পরিশোধ করায় বিতরণ কোম্পানির পক্ষে এ লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়েছে। গ্যাস বিতরণ কোম্পানি কর্তৃক বিদ্যুৎ ও সার শ্রেণীতে সরবরাহকৃত গ্যাস বিলের বকেয়া অর্থ আদায়ের জন্য নিয়মিত আন্ত:মন্ত্রণালয় সভার মাধ্যমে সমন্বয়ের মাধ্যমে সাম্প্রতিক মাসগুলোতে বর্ধিত হারে গ্যাস বিল আদায় করা হয়েছে।

দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এবং স্পট মার্কেট হতে এলএনজি আমদানির জন্য সরবরাহকারীর অনুকূলে পেট্রোবাংলা কর্তৃক Stand by Letter of Credit (SBLC) ইস্যু এবং এলএনজি গ্রহণের পর ইনভয়েস অনুযায়ী নির্ধারিত সময়ে আমদানি বিল পরিশোধের জন্য সাম্প্রতিক সময়ে ব্যাংকের সংখ্যা বৃদ্ধি করায় যথাসময়ে SBLC ইস্যু এবং বৈদেশিক মুদ্রায় আমদানি বিল পরিশোধ করা সম্ভব হয়েছে। এছাড়া, জ্বালানি খাতের গুরুত্ব বিবেচনায় পুঞ্জিভূত আমদানি বিল পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংক বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।

উল্লেখ্য, মার্চ ২০২৫ এবং এপ্রিল ২০১৫ মাসে পেট্রোবাংলা কর্তৃক উক্ত ৪(চার) শ্রেণীর পাওনাদারদের যথাক্রমে সর্বমোট ৬৫৪.৭০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮,০৫২,৮১ কোটি টাকা) এবং ৭৯০.৭৩ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৯,৮০৫.০৫ কোটি টাকা) সর্বমোট ১,৪৪৫,৪১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৭,৮৫৭.৮৬ কোটি টাকা) পরিশোধ করেছে। ফলে ৩০ এপ্রিল ২০১৫ তারিখে পেট্রোবাংলার নিকট আইওসি শেভরণ ও তাল্লো, দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় এলএনজি সরবরাহকারী কাতার এনার্জি ও ওকিউটি, স্পট মার্কেট হতে এলএনজি সরবরাহকারী, FSRU এবং ITFC এর মেয়াদোত্তীর্ণ কোন পাওনা নেই। এছাড়া, আলানি ও খনিজ সম্পদ বিভাগ এবং অর্থ বিভাগের অনুমোদনের আলোকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) পেট্রোবাংলাকে ২ (দুই) হাজার কোটি টাকা ঋণ প্রদান করায় পেট্রোবাংলার পক্ষে সমুদয় বৈদেশিক দেনা পরিশোধ করা আরও সহজতর হয়েছে। মেয়াদোত্তীর্ণ দেনা পরিশোধ করার ফলে বাংলাদেশের অর্থনীতি, জ্বালানি খাত এবং পোট্রাবাংলা নিম্নোক্ত ক্ষেত্রে সুবিধা অর্জন করতে সক্ষম হবে মর্মে আশা করা যায়: দেশের ক্রেডিট রেটিং এর ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

স্পট মার্কেটের মাধ্যমে এলএনজি সরবরাহকারীদের পেট্রোবাংলার প্রতি আস্থা বৃদ্ধি পাবে। ফলে আমদানির ক্ষেত্রে প্রতিযোগিতা সৃষ্টি হবে এবং কম প্রিমিয়াম চার্জ করার মাধ্যমে এলএনজি আমদানি ব্যয় হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি সরবরাহকারী কর্তৃক সময়মত এলএনজি কার্গোর শীপমেন্ট তথা লোডিং সম্পন্ন করার মাধ্যমে ঝুঁকিমুক্ত সরবরাহ চেইন নিশ্চিত করা সম্ভব হবে।

বিলম্ব সুদ (Late Payment Interest) পরিশোধ পরিহার করতে পেট্রোবাংলা সক্ষম হবে। ইতোমধ্যে পরিশোধিত জরিমানার পরিমাণ প্রায় ৫৪.৫৭ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬৫৪.৮৪ কোটি টাকা)।

পেট্রোবাংলা হতে সাম্প্রতিক সময়ে নিম্মোক্ত পদক্ষেপসমূহ গ্রহণ করা হয়েছে।

গ্যাসের চাহিদা ও যোগানের মধ্যে গ্যাপ কমানোর লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনায় গ্যাস অনুসন্ধান, মূল্যায়ন কাম উন্নয়ন এবং ওয়ার্কওভারের মাধ্যমে গ্যাসের উৎপাদন বৃদ্ধির ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

গ্যাস সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় বিদ্যমান সিস্টেম/কারিগরি লস হ্রাসের লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রণীত রোড ম্যাপ বাস্তবায়নের জন্য সর্বাত্বক প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে।

সাশ্রয়ী মূল্যে বেশি পরিমাণে এলএনজি আমদানির পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

গ্যাসের প্রাইস গ্যাপ কমানোর লক্ষ্যে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বেশি পরিমাণে এলএনজি আমদানির পদক্ষেপ গ্রহণ করা হয়েছে,

যা আগামী জানুয়ারি ২০২৬ মাস থেকে কার্যকর হবে।

এলএনজি আমদানি এবং গ্রাহক পর্যায়ে গ্যাস বিতরণে বর্তমানে প্রযোজ্য দ্বৈত ভ্যাট পরিহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে নিবিড় যোগাযোগ করা হচ্ছে।

পেট্রোবাংলা আশা করে ভবিষ্যতে সংশ্লিষ্ট সকল অংশীজনের ইতিবাচক সহায়তার মাধ্যমে আইওসি, এলএনজি, FSRU এবং ITFC’র ঋণ (সুদসহ) নিয়মিত পরিশোধ করা সম্ভব হবে। এজন্য পেট্রোবাংলা নিন্মোক্ত ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সক্রিয় সহযোগিতা ও আন্তরিক সমর্থন প্রত্যাশা করে।

সম্মানিত গ্যাস ব্যবহারকারী গ্রাহকগণ নিয়মিত গ্যাস বিল পরিশোধ করবেন।

পেট্রোবাংলার গ্যাস বিতরণ কোম্পানি, গ্যাস উৎপাদন কোম্পানি এবং আরপিজিসিএল নিয়মিতভাবে পেট্রোবাংলার পাওনা অর্থ পরিশোধ করবে।

গ্যাস বিতরণ কোম্পানি কর্তৃক বিদ্যুৎ ও সার শ্রেণীতে সরবরাহকৃত গ্যাস বিলের বকেয়া অর্থ আদায়ের জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এবং অর্থ বিভাগের মধ্যকার এ টিমওয়ার্ক অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে তা আরও বেগবান হবে।

পেট্রোবাংলার পক্ষে SBLC ইস্যুকারী ও বৈদেশিক মুদ্রায় আমদানি বিল পরিশোধকারী আন্তর্জাতিক এবং দেশীয় রাষ্ট্রায়ত্ব ও বেসরকারি ব্যাংকসমূহের বিদ্যমান সহযোগিতা অব্যাহত থাকবে।

জ্বালানি খাতের গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা সরবরাহের ক্ষেত্রে তাদের সহযোগিতা প্রদান করবে।

পেট্রোবাংলা কর্তৃপক্ষ এজন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ বিভাগ, অর্থ বিভাগ, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, পিডিবি, বিসিআইসি, পেট্রোবাংলার পক্ষে SBLC ইস্যুকারী ও বৈদেশিক মুদ্রায় আমদানি বিল পরিশোধকারী আন্তর্জাতিক এবং দেশীয় রাষ্ট্রায়ত্ত্ব ও বেসরকারি ব্যাংকসমূহকে ধন্যবাদ জ্ঞাপন করছে। সিংহভাগ গ্যাস ব্যবহারকারী গ্রাহকগণ নিয়মিত গ্যাস বিল পরিশোধ করায় কর্তৃপক্ষ তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছে। এছাড়াও পেট্রোবাংলা এর আওতাধীন কোম্পানীসমূহকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছে।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
এমবি ফার্মা লিমিটেড

এমবি ফার্মার তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি April 27, 2025

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রাসায়নিক খাতের কোম্পানি এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৫-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ৮৫ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৮০ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৭ পয়সা। গতবছর একই সময়ে ২ টাকা আয় হয়েছিল।

প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৫ টাকা ৬৯ ফয়সা, যা আগের বছর একই সময়ে ছিল মাইনাস ১২ টাকা ২১ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ২৬ পয়সা।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সোনালী পেপার

সোনালী পেপারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি April 27, 2025

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার খাতের কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৫-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৫ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩ টাকা ৬০ পয়সা লোকসান হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫৩ পয়সা। গতবছর একই সময়ে ১ টাকা ৮০ পয়সা আয় হয়েছিল।

প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৯ টাকা ৫৮ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১৪ টাকা ৩ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬৭ টাকা ২৬ পয়সা।

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

ব্র্যাক ব্যাংকের এএমডি হলেন তারেক রেফাত উল্লাহ খান ও সৈয়দ আব্দুল মোমেন এবং ডিএমডি নাজমুর রহিম ও মো: মুনীরুজ্জামান

স্টক নিউজ বিডি April 26, 2025

সিনিয়র লিডারশিপ টিমের চারজনকে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে ব্র্যাক ব্যাংক। এই পদোন্নতি ১ এপ্রিল ২০২৫ থেকে কার্যকর হয়েছে।

ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন।

ব্যাংকটির হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম এবং হেড অব অপারেশনস মো. মুনীরুজ্জামান মোল্যা ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন।

ব্র্যাক ব্যাংকের কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনকে অল্প সময়ের মাঝে শক্তিশালী অবস্থানে রূপান্তরিত করে ব্যাংকিং খাতের লিডিং পর্যায়ে নিয়ে যাওয়ার পেছনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন তারেক রেফাত উল্লাহ খান। তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং কৌশলগত পরিকল্পনা এই বিজনেসে তিনগুণ প্রবৃদ্ধি এনে দেওয়ার পাশাপাশি পোর্টফোলিওর গুণগত মান বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। টেকসই ডিজিটাল অপারেশনাল প্ল্যাটফর্ম তৈরি এবং হাই-পারফর্মিং পেশাদার টিম গঠনে তাঁর অবদান ব্যাংকিং খাতে নতুন মানদণ্ড স্থাপন করেছে। তারেক রেফাত উল্লাহ খান ২০১৭ সালে ব্র্যাক ব্যাংকে হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে যোগদান করেন।
ব্র্যাক ব্যাংকে যোগদানের পূর্বে প্রায় তিন দশক ধরে তিনি ইস্টার্ন ব্যাংক, এবি ব্যাংক এবং আইএফআইসি ব্যাংকে কাজ করেছেন। ব্যাংকিং ক্যারিয়ারে তাঁর এই দীর্ঘ পথচলা উদ্ভাবন, শুদ্ধাচার এবং ইমপ্যাক্টের এক পরিপূর্ণ সমন্বয়।

ব্যাংকিং সেক্টরে দুই দশকেরও বেশি সময় ধরে বহুমুখী কাজের সাথে জড়িত সৈয়দ আব্দুল মোমেন (তমাল) টেকনোলজি, অপারেশনস এবং বিজনেস ভার্টিক্যালে দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বিশেষ করে এসএমই ব্যাংকিংয়ের উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন। ২০১৭ সালের জুলাইতে ব্র্যাক ব্যাংকের হেড অব এসএমই ব্যাংকিং হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি ব্যাংকটির এসএমই বিজনেসকে ব্যাংকিং খাতের শীর্ষ অবস্থানে নিয়ে গেছেন। ব্র্যাক ব্যাংকে যোগদানের পূর্বে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এএনজেড গ্রিন্ডলেস ব্যাংক এবং ব্র্যাক আফগানিস্তান ব্যাংকে কর্মরত ছিলেন।

২৭ বছরেরও বেশি সময় ধরে নাজমুর রহিম এবি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং এএনজেড গ্রিন্ডলেসসহ বিভিন্ন শীর্ষ পর্যায়ের ব্যাংকের হেড অব কার্ড বিজনেস, হেড অব পোর্টফোলিও, ক্রেডিট কার্ডস এবং কনজ্যুমার ট্রানজ্যাকশন ব্যাংকিংসহ বহুমুখী নেতৃত্বস্থানীয় পদে কাজ করেছেন। তিনি ২০১৬ সালে ব্র্যাক ব্যাংকে যোগদান করেন। ব্র্যাক ব্যাংকে হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি ব্যাংকটির হেড অব রিটেইল ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা নিয়ে মো. মুনীরুজ্জামান মোল্যা ব্র্যাক ব্যাংকে যোগদান করেন। ব্র্যাক ব্যাংকে যোগদানের পূর্বে তিনি হাবিব ব্যাংক লিমিটেডে ব্যাংকটির হেড-কান্ট্রি অপারেশনস হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৩ সালে এএনজেড গ্রিন্ডলেস ব্যাংকে কর্মজীবন শুরু করেন, যেখানে তিনি বিভিন্ন ব্রাঞ্চ এবং ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক সার্ভিসে কাজের ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তীতে ২০০০ সালে তিনি সিটি ব্যাংক এনএ-তে যোগদান করে ব্যাংকটির হেড অব ট্রেড, ট্রেজারি অ্যান্ড এফআই এবং ক্যাশ ম্যানেজমেন্ট অপারেশনসসহ বিভিন্ন পদে ১৫ বছর দায়িত্ব পালন করেছেন।

সিনিয়র লিডারদের পদোন্নতিপ্রাপ্তিতে অভিনন্দন জানিয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “ব্র্যাক ব্যাংকের ধারাবাহিক সাফল্যের মূলে রয়েছে শক্তিশালী ও গতিশীল সিনিয়র লিডারশিপ টিম। উদ্ভাবন ও ব্যবসায়িক প্রবৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিয়ে পদোন্নতিপ্রাপ্ত সহকর্মীরা আমাদের কর্পোরেট, এসএমই, অপারেশনস এবং অল্টারনেট ব্যাংকিংকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিভিন্ন আর্থিক সূচকে ব্র্যাক ব্যাংক এখন শীর্ষ পর্যায়ে রয়েছে। মধ্যম-সারির একটি ব্যাংককে ব্যাংকিং খাতের শীর্ষে নিয়ে যেতে তাঁরা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ব্র্যাক ব্যাংককে দেশের সবচেয়ে বড় এবং ইমপ্যাক্টফুল ব্যাংকে রূপান্তর করতে সামনের দিনগুলোতেও তাঁরা তাঁদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন।”

0 শেয়ার করুন
1 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

বিএসইসি’র চেয়ারম্যান, কমিশনার ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে সভা অনুষ্ঠিত

স্টক নিউজ বিডি March 10, 2025

সোমবার  বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও কমিশনারগণের সাথে কমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের একটি সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি ভবনে অনুষ্ঠিত উক্ত সভায় বিএসইসি’র চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ, বিএসইসি’র কমিশনার জনাব মুঃ মোহসিন চৌধুরী, বিএসইসি’র কমিশনার জনাব মোঃ আলী আকবর, বিএসইসি’র কমিশনার জনাব ফারজানা লালারুখ এবং বিএসইসি’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত সভায় বিএসইসি’র চেয়ারম্যান জনাব খন্দকার রাশেদ মাকসুদ বক্তব্য রাখেন। তিনি বক্তব্যের শুরুতে উপস্থিত সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানান। রমজান মাস সংযম ও ত্যাগের শিক্ষা প্রদান করে এবং আল্লাহ তায়ালা যেন রমজানের শিক্ষা সকলকে ধারণ করার তৌফিক দান করেন- এ আশাবাদ ব্যক্ত করেন। বিএসইসির ইতিহাসের একটি ক্রান্তিলগ্নে আজকের সভায় বিএসইসির সকলে একত্রিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। বিগত ০৫ মার্চ ২০২৫ তারিখে সংঘঠিত ঘটনাকে চরম অনভিপ্রেত এবং কিছু উচ্ছৃঙ্খল কর্মচারীর প্ররোচনায়, ইন্ধনে এবং অংশগ্রহণে তা সংঘঠিত হয়েছে বলে এসময় উল্লেখ করেন তিনি। এ ঘটনা প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গ এর পাশাপাশি গুরুতর ফৌজদারি অপরাধ বলে মন্তব্য করেন তিনি। উক্ত ঘটনা আমাদের পুঁজিবাজার এর জন্য মারাত্মক ক্ষতিকর যা দেশে ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন করেছে এবং এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা সারা পৃথিবীতে কোন রেগুলেটরি সংস্থায় এই প্রথম ঘটলো বলে জানান তিনি। তিনি একে জাতীয় জীবনে চরম দুঃখজনক অধ্যায় বলে উল্লেখ করেন। তবে উক্ত ঘটনায় বিএসইসির সকল কর্মকর্তা ও কর্মচারী সম্পৃক্ত নয় এবং অংশগ্রহণকারী অনেকেই স্বতঃস্ফূর্তভাবে তাতে যুক্ত হননি- এমনটাই কমিশন বিশ্বাস করে বলে জানান তিনি। এ বিষয়টি মাথায় রেখেই ভবিষ্যতে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। সামগ্রিক ঘটনার ব্যাপারে সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষের পাশাপাশি বিভিন্ন এজেন্সিও অবগত আছে বলে জানান তিনি। এছাড়াও কমিশন কর্তৃক ইতোমধ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপের সাথে পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল পক্ষই একাত্মতা প্রকাশ করেছে বলে উল্লেখ করেন তিনি। জাতীয় স্বার্থে একটি গুরুত্বপূর্ণ রেগুলেটরি সংস্থা এভাবে চলতে পারে না উল্লেখ করে তিনি ভবিষ্যতে কর্মকর্তা-কর্মচারীদের পরিপূর্ণ দায়িত্বশীলতা ও শৃঙ্খলার সাথে কাজ করার নির্দেশনা দেন। যারা নিষ্ঠা-সততার সাথে কাজ করে যাচ্ছেন তারা বিএসইসির ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এসময় মন্তব্য করেন তিনি। আগামীতে সকলের সহযোগিতায় বিএসইসি তার কার্যক্রম গতিশীলতার সাথে চালিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ ও ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের

চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের নতুন ট্রেডিং সময়সূচী প্রত্যাহারের দাবী জানিয়েছে ডিবিএ

স্টক নিউজ বিডি January 22, 2025

সম্প্রতি চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) তাদের ট্রেডিং সময়সূচীতে পরিবর্তন এনে ব্রোকারেজ হাউজে চিঠি প্রেরণ করেছে। নতুন সময়সূচী অনুযায়ী সিএসই আগামী ২৬ জানুয়ারী ২০২৫ তারিখ থেকে তাদের ট্রেডিং সময়সূচী সকাল ১০ টার পরিবর্তে সাড়ে ৯ টায় করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে সিএসই’র এই সিদ্ধান্ত প্রত্যাহার করে বিদ্যমান সময়সূচী নিম্নোক্ত বিবেচনায় বহাল রাখার জোর দাবী জানাচ্ছি।

০১ কোন একটি দেশে একই টাইম জোনে একাধিক স্টক এক্সচেঞ্জে পৃথক ট্রেডিং সময়সুচী থাকার বিষয়টি নজিরবিহীন ও চিন্তাবহির্ভূত।

০২ ডিএসই ও সিএসই উভয় এক্সচেঞ্জে একই সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় হয়। প্রতিদিন একই সময়ে একই সাথে ট্রেডিং শুরু হওয়ার ফলে বিনিয়োগকারী উভয় এক্সচেঞ্জ যাচাই বাছাই করে প্রতিযোগীতামূলক উপযুক্ত দরে তাদের চাহিদা মাফিক শেয়ার ক্রয়-বিক্রয় করে থাকে।

০৩ ডিএসই অপেক্ষা সিএসই’র শেয়ার ভলিয়্যুম ৫ শতাংশের মত। ট্রেডিং কার্যক্রম ও ভলিয়্যুমের দিক থেকে সিএসই’র অবস্থান বিবেচনা করলে ভলিয়্যুমের স্বল্পতা এবং সকল ব্রোকারদের অংশগ্রহণ সীমিত হওয়ার কারণে প্রারম্ভিক ট্রেডিং-এ শেয়ার প্রাইস ডিসকভারী (Distorted Price Discovery) বাধাগ্রস্ত হবে।

০৪ উভয় এক্সচেঞ্জে পৃথক ট্রেডিং সময়সূচীর ফলে দ্বৈত সদস্য কোম্পানীগুলোতে ট্রেডিং সেবা ও কার্যক্রম ব্যহত হবে এবং হাউজগুলোতে বিশৃংখলা তৈরী হয়ে বাজার ও বিনিয়োগকারীর আস্থায় এবং সামগ্রীক বাজার ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

দীর্ঘ সময় ধরে আমাদের বাজারে বিনিয়োগকারীর আস্থার কারনে মন্দা বিরাজ করছে। দীর্ঘ এ মন্দার ফলে বিনিয়োগকারীসহ বাজার অংশীজন ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়েছে। তাই বিনিয়োগকারী ও বাজারের স্বার্থে সিএসই’র নতুন ট্রেডিং সময়সূচীর সিদ্ধান্ত প্রত্যাহার করে বিদ্যমান সময়ে সকাল ১০ টায় বহাল রাখার জন্য সিএসই পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিকট অনুরোধ করছি। এ বিষয়ে আমরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দৃষ্টি আকর্ষণ করছি এবং সিএসই প্রদত্ত নতুন ট্রেডিং সময়সূচীর সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করছি।

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • শেয়ারহোল্ডারদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বীকন ফার্মাসিউটিক্যালস

  • ওয়ালটন হাই-টেকের ১৯০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  • মিডল্যান্ড ব্যাংক চালু করল ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড

  • প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা গাড়িতে ব্র্যাক ব্যাংকের বিশেষ অফার

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রেনউইক যজ্ঞেশ্বরের সম্পদ পুনর্মূল্যায়ন: বেড়েছে ১,২২৮ কোটি টাকার বেশি

  • বিএসআরএম স্টিলসের মুনাফা বেড়ে ৭১৫ কোটি টাকা, ৬০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ

  • আইপিওতে আসছে কনফিডেন্স পাওয়ার, রোড শো ১৮ অক্টোবর

  • এমটিবি ও সোনালী ব্যাংকের মধ্যে পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

  • বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য