স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে আজ ডু ওর ডাই লড়াইয়ে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালদ্বীপের রাজধানী মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।
এই ম্যাচের আগে তিন বছর আগের স্মৃতি ফিরে এসেছে মালদ্বীপে। ২০১৮ সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে ড্র করলেই সেমিফাইনালে উঠে যেত বাংলাদেশ দল। কিন্তু ওই বছরের ৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হিমালয়ের দেশটির কাছে ২-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল লাল-সবুজের দলটি।
মালেতে এবারের সাফ চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশের সামনে এরকম সমীকরণ। ফাইনালে উঠতে হলে আজ নেপালকে হারাতে পারলেই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, ‘আমাদের বর্তমান দলটি বেশ শক্তিশালী। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়রাই এই দলের হয়ে খেলছে। সবাই জানে আগামীকাল যদি আমরা জয়লাভ করতে পারি তাহলে নতুন এক ইতিহাস রচিত হবে। এতে আমরা ফাইনালে খেলার সুযোগ পাব। সতীর্থদের প্রতি আমার আস্থা রয়েছে, তারা শতভাগ উজাড় করে খেলবে। আজ আমরা সতেজ একটি দল দেখার অপেক্ষায় আছি।’
এখনো পর্যন্ত মালদ্বীপে বাংলাদেশ যা করে দেখিয়েছে তা এক কথায় অসাধারণ বলে মনে করেন জামাল ভুঁইয়া। কালও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন তিনি। একই সঙ্গে তার প্রত্যাশা লাল সবুজের সমর্থকরা জাতীয় দলের ম্যাচ দেখার জন্য পর্যাপ্ত টিকিট পাবে। নেপালের বিপক্ষে জয়ের আশাবাদ জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, তার দল কাল সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে।
দলের প্রধান কোচ অস্কার ব্রুজোন বলেন, ‘আত্মবিশ্বাসের দিক থেকে আমরা ভাল অবস্থায় আছি। নেপালের বিপক্ষে ৯০ মিনিটের প্রতিদ্বন্দ্বিতায় আমাদের জয় দরকার। অবশ্যই আমরা তা করতে পারব এবং আশা করছি আগামীকাল আমাদের জন্য হবে সুন্দর একটি দিন। আমাদের যোগ্যতা রয়েছে এবং লড়াইয়ের জন্য প্রস্তুত। নেপালও বেশ শক্তিশালী এবং এই টুর্নামেন্টে তারা এর প্রমাণ দিয়েছে। তারা বেশ ভাল ফুটবল খেলছে। আমরাও ফাইনাল খেলতে চাই এবং বিগত বিশ দিন ধরে আমরা সেটি নিয়ে কাজ করে আসছি।’
স্টক নিউজ বিডি.কম
আরও খবর পড়ুন……
