Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য
Tag:

প্রধানমন্ত্রী

অগ্নিসন্ত্রাস তাদের চরিত্র: প্রধানমন্ত্রী

স্টক নিউজ বিডি November 4, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: অগ্নিসন্ত্রাস বিএনপির চরিত্র বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জ্বালাও-পোড়াও এটাই তাদের উৎসব, এটাই তাদের চরিত্র। তাদের আন্দোলন হচ্ছে অগ্নিসন্ত্রাস, মানুষ খুন করা, ধ্বংস করা, পুলিশের ওপর হামলা করা। কীভাবে এটা বন্ধ করতে হয় সেটা আমাদের জানা আছে।

শনিবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াতের রাজনীতি মানেই ধ্বংসের রাজনীতি। ২৮ অক্টোবর পুলিশ যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে। অথচ তারা কী করলো? রাস্তায় পিটিয়ে পুলিশ হত্যা করলো, আওয়ামী লীগ ও মহিলা লীগের নেতাকর্মীদের ওপর হামলা করলো। এটাই কি রাজনীতি?

তিনি বলেন, রাজশাহীতে মাটিতে ফেলে পুলিশ হত্যা করেছিল, সেটা স্মরণ রাখা দরকার। আমি ঢাকার মানুষকে বলবো, যারা আগুন দিতে আসবে তাদের প্রতিহত করতে হবে। যে হাত দিয়ে আগুন দেবে সেই হাত পুড়িয়ে দিতে হবে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, খালেদা জিয়া বলেছিলেন আমি নাকি প্রধানমন্ত্রী তো দূরের কথা দলের প্রধানও হতে পারবো না। আজ কে কোথায় আছে। আমি জনগণের সেবা করতে চাই, দেশের উন্নয়ন করতে চাই। আমি দারিদ্র্য কমিয়ে এনেছি, খালেদার সময় দেশের ৪১ শতাংশ মানুষ দরিদ্র ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশ উন্নত হয়, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।

তিনি বলেন, ২১ বছর মানুষ ছিল অন্ধকারে। আমি ক্ষমতায় এসে ব্রিজ করেছি, রাস্তাঘাট করেছি, স্বাস্থ্যসেবা মানুষের দোড়গোরায় পৌঁছে দিয়েছি।

দেশের উন্নয়নে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে এসময় নৌকা মার্কায় ভোট চান শেখ হাসিনা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
Shekh-Hasina

যোগাযোগ খাতে আওয়ামী লীগ সরকারের সাফল্য সর্বমহলে প্রশংসিত

স্টক নিউজ বিডি November 1, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: দেশের যোগাযোগ খাতে আওয়ামী লীগ সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে যে সাফল্যের সাক্ষর রেখেছে তা সর্বমহলে স্বীকৃত ও প্রশংসিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। বুধবারের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে উন্নত, দক্ষ ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা। গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার খাত হিসেবে যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ, সুগম ও নিরাপদ করার লক্ষ্যে সড়ক ও রেলপথের সম্প্রসারণ এবং সংস্কার চলমান রয়েছে। দেশের ইতিহাসে এই প্রথম কোনো রাজনৈতিক দল সড়ক, রেল, বিমান ও নৌপথ যোগাযোগের ক্ষেত্রে একটি স্বল্প ও দীর্ঘমেয়াদি সুস্পষ্ট পরিকল্পনা এবং কর্মসূচি (রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১) সামনে রেখে তা বাস্তবায়নে কাজ করছে।

আওয়ামী লীগদলীয় আরেক সংসদ সদস্য মো. হাবিবর রহমানের প্রশ্নের লিখিত উত্তরে প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির আমন্ত্রণে আমি ১৫তম ব্রিকস সামিটে যোগদান করি এবং গত ২৪ আগস্ট ‘ব্রিকস-আফ্রিকা আউটরিচ অ্যান্ড দ্য ব্রিকস প্লাস ডায়ালগ’ এ বক্তব্য প্রদানকালে ব্রিকসকে বহুমুখী বিশ্বের বাতিঘর হিসেবে আবির্ভূত হওয়ার আহ্বান জানাই।

সরকারপ্রধান বলেন, প্রথমত আমাদের অবশ্যই চলমান খাদ্য, জ্বালানি এবং নারী ও কন্যাশিশুদের পুষ্টি, স্বাস্থ্য এবং নিরাপত্তার আর্থিক সংকটের কারণে উদ্ভূত বিরূপ প্রভাব প্রশমিত করতে হবে। দ্বিতীয়ত: আমাদের মেয়েদের স্কুলে ধরে রাখার জন্য, তাদের সাইবার অপরাধ থেকে সুরক্ষিত রাখার জন্য এবং ক্রমবর্ধমান ডিজিটাল বিভাজন কমানোর জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে।

তৃতীয়ত নারীদের লাভজনক কর্মসংস্থান, শালীন কাজের সুযোগ, মজুরির সমতা এবং আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ বাড়াতে হবে। চতুর্থত ক্রমবর্ধমান জলবায়ু প্রভাবের কারণে সুরক্ষা এবং সহনশীলতা নিশ্চিতকরণে নারীদের প্রয়োজনীয়তার দিকে আমাদের গভীরভাবে নজর দিতে হবে। পঞ্চমত আমাদের অবশ্যই নারীদের জন্য টেকসই ও সক্রিয় রাজনৈতিক ক্যারিয়ার গঠনের একটি সুষম প্রতিযোগিতার ক্ষেত্র গড়ার প্রচারণা চালাতে হবে।

শেখ হাসিনা বলেন, ২০২১ সালে বাংলাদেশ ব্রিকসের অর্থনৈতিক বাতায়ন নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্যপদ লাভ করে। ব্রিকসের চেয়ার দক্ষিণ আফ্রিকা কর্তৃক আয়োজিত এ সভার মূল প্রতিপাদ্য ছিল: পার্টনারশিপ ফর মিউচুয়ালি অ্যাকসেলারেটেড গ্রোথ, সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনক্লুসিভ মাল্টিল্যাটারালিজম।

তিনি জানান, ব্রিকস সম্মেলন চলাকালে ২৩ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক যৌথভাবে আয়োজিত বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিটে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিই।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমার বক্তব্যে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশের কথা তুলে ধরি। বর্তমান সরকারের নেতৃত্বে এদেশে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে, সেসব চিত্র তুলে ধরে তাদের বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আহ্বান জানাই। বাংলাদেশের ট্রিলিয়ন- ডলার অর্থনীতিতে পরিণত হওয়ার এবং ২০৪১ সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হওয়ার জন্য আমাদের যে যাত্রা, সেখানে তাদের সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানাই।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
সারাদেশে ১০০ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পোশাকশ্রমিকরা আন্দোলনে নামায় ক্ষোভ প্রধানমন্ত্রীর

স্টক নিউজ বিডি October 31, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর বিষয়ে চলমান আলোচনার মধ্যে হঠাৎ তাদের আন্দোলনে নামা এবং জ্বালাও-পোড়াও করায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, গত ১৪ বছরে তিন দফা পোশাকশ্রমিকদের বেতন বাড়িয়ে দিয়েছি। এরপরও তারা যখন বেতন বাড়ানোর দাবি করেছে, আমাদের মন্ত্রণালয় কমিটি করে দিয়েছে, এ বিষয়ে আলোচনাও চলছে। কথা ছিল ডিসেম্বর মাস থেকেই তাদের মজুরি বাড়ানোর ব্যবস্থা করার। কত বাড়বে না বাড়বে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু এই আলোচনার মধ্যেই হঠাৎ তাদের মাঠে নামানো এবং সেখানে জ্বালাও-পোড়াও করা, কোনো কোনো কারখানায় আগুন দেওয়া খুবই দুঃখজনক।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগদান উপলক্ষে সম্প্রতি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তিনদিনের সরকারি সফরের অভিজ্ঞতা তুলে ধরতে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের লাগাতার আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, যে কারখানা থেকে রুটি-রুজি আসে, যে কারখান থেকে খাবার খাও, সেই কারখানা ধ্বংস করলে তোমাদের চাকরিটা থাকবে কোথায়, সবাইকে তো গ্রামে ফিরে যেতে হবে। এটা তো বাস্তবতা।

তিনি বলেন, ১৯৯৬ সালে যখন আমরা সরকার গঠন করি তখন গার্মেন্টসকর্মী কেন, সবাই ৮০০ টাকা বেতন পেতো। আমাদের সরকারের আমলে সেটা ১৬০০ টাকা করি। কিন্তু আমরা সরকার থেকে চলে গেলে বিএনপি সেটা কার্যকর করেনি। কার্যকর করেছিল ২০০৬ সালে এসে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ২০০৯ সালে সরকারে আসার পর ধাপে ধাপে পোশাকশ্রমিকদের মজুরি বাড়িয়েছি। ১৬০০ টাকা থেকে প্রথম ধাপে বাড়িয়ে তিন হাজার ৫০০ টাকা, দ্বিতীয় ধাপে বাড়িয়ে পাঁচ হাজার ৩০০ টাকা এবং তৃতীয় ধাপে সেটা বাড়িয়ে আট হাজার ৩০০ টাকা করি দিয়েছি।

সরকারপ্রধান বলেন, (বর্তমান সরকারের টাকা তিন মেয়াদে) মাত্র ১৪ বছরের মধ্যে তিন দফা পোশাকশ্রমিকদের মজুরি বাড়িয়ে আট হাজার ৩০০ টাকায় উন্নীত করেছি। শুধু তাই না, তাদের বাচ্চাদের জন্য ডে-কেয়ার সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি পোশাক কারখানায় অগ্নিনির্বাপন ব্যবস্থা থেকে শুরু করে সেগুলোকে গ্রিন ইন্ডাস্ট্রি হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছি।

শেখ হাসিনা বলেন, পোশাকশ্রমিকদের টিফিনের ভাতা, মাতৃত্বকালীন ছুটি এবং তাদের জন্য সব রকমের ব্যবস্থা করে দিয়েছি। করোনাকালীন যখন মালিকরা বেতন দিতে পারছিল না সেই বেতনের টাকা আমরা সরকারের পক্ষ থেকে মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি শ্রমিকদের হাতে পৌঁছে দিয়েছি।

তিনি বলেন, জিনিপত্রের দাম বেড়েছে, মূল্যস্ফীতি বেড়েছে, এটা সবাই জানে। এটা শুধু বাংলাদেশে না, বিশ্বজুড়েই। বরং বাংলাদেশের চেয়েও বিদেশে আরও খারাপ অবস্থা। আমরা এক কোটি মানুষকে বিশেষ পারিবারিক কার্ড করে দিয়েছি। যেন স্বল্পমূল্যে তারা নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারে।

তিনি বলেন, পোশাকশ্রমিকদের জন্য রেশন দিতে চাইলে মালিকদের সে ব্যবস্থা করে দেওয়া আছে। এমনকি অল্প টাকায় তাদের খাদ্যসামগ্রীও দেওয়া হয়ে থাকে। সে সুবিধাটাও আমরা করে দিয়েছি।

পোশাকশ্রমিকদের আন্দোলনে গাজীপুরে দুজন নিহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমি সত্যিই এজন্য খুব দুঃখ পাচ্ছি। আর এই পুলিশদের হত্যা, সাংবাদিদের ওপর আক্রমণ- আমরা এর তীব্র নিন্দা জানাই। তিনি জ্বালাও-পোড়াও ও মানুষ হত্যা থেকে বিরত থাকার আহ্বান জানান।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

চট্টগ্রামে প্রধানমন্ত্রী, অপেক্ষা বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের

স্টক নিউজ বিডি October 28, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বহুল প্রত্যাশিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ উদ্বোধন করতে চট্টগ্রাম পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৮ অক্টোবর) বেলা ১১টার পর হেলিকপ্টারে চট্টগ্রাম নেভাল একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী।

নির্ধারিত সূচি অনুযায়ী আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীরে পতেঙ্গা প্রান্তে নির্মিত টানেল ফলক উম্মোচন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে আরেক ধাপ এগোবে বাংলাদেশ। দেশের বাণিজ্যিক রাজধানী এবং বন্দর নগরীর কোটি বাসিন্দার স্বপ্ন সত্যি হবে। টানেলের যুগে প্রবেশ করবে উন্নয়নের মহাসড়েকের অভিযাত্রী বাংলাদেশ।

সংশ্লিষ্টরা মনে করেন, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দক্ষিণ এশিয়ায় প্রথম টানেল বাংলাদেশকে বিশ্বে এক নতুন উচ্চতায় উন্নীত করেছে।

বঙ্গবন্ধু টানেলের প্রকল্প পরিচালক মো. হারুনুর রশীদ চৌধুরী বলেন, টানেলটি চট্টগ্রাম নগরীকে চীনের সাংহাই নগরীর মতো ‘দুই শহরকে এক নগরীতে’ পরিণত করবে। পাশাপাশি এটি দেশের অর্থনীতিকে চাঙা করবে। শিল্পায়নের অপার সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাবে। একই সঙ্গে চট্টগ্রাম নগরীর পরিধিকে প্রসারিত করার মাধ্যমে সমগ্র অঞ্চলে সড়ক যোগাযোগের উন্নয়ন ঘটাবে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, ১০ হাজার ৩৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের প্রায় অর্ধেক অর্থায়ন করেছে চীনের এক্সিম ব্যাংক। টানেলের পুরো রুটের দৈর্ঘ্য ৯ দশমিক ৩৯ কিলোমিটার (৫ দশমিক ৮৩ মাইল)। তবে মূল সুড়ঙ্গের দৈর্ঘ্য ৩ দশমিক ৩২ কিলোমিটার (২ দশমিক শূন্য ৬ মাইল) ও ব্যাস ১০ দশমিক ৮০ মিটার (৩৫ দশমিক ৪ ফুট)। এতে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নেটওয়ার্ক হবে আরও উন্নত। এটি নির্মাণ করেছে চীনের কোম্পানি চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৭ সালের ১৪ অক্টোবর কর্ণফুলী টানেলের নির্মাণ কাজের উদ্বোধন করেন। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি টানেলটির বোরিং ফেজও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

টানেলটি চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে সড়ক পথের দূরত্ব কমিয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের অন্যান্য অংশের সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ করেছে। এটি চট্টগ্রাম বন্দর ও আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করেছে। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে যোগাযোগ আরও সহজ করবে বলে আশা করা হচ্ছে। এতে কর্ণফুলী নদীর ওপর দুই সেতুতে যানজটও কমে আসবে।

এর আগে ঢাকায় এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রতিদিন ১৭ হাজার ২৬০টি যানবাহন টানেলটি ব্যবহার করতে পারবে। বছরে যা হবে প্রায় ৭ দশমিক ৬ মিলিয়ন যানবাহন। টানেলটি দেশের বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি শূন্য দশমিক ১৬৬ শতাংশ বাড়াতে সহায়তা করবে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

উন্নয়ন চাইলে নৌকা, ধ্বংস চাইলে বিএনপি-জামায়াত

স্টক নিউজ বিডি October 14, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন চাইলে নৌকা, ধ্বংস চাইলে বিএনপি জামায়াত। আমার কথা পরিষ্কার। জনগণ ভোট দিলে আসবো, না দিলে নাই। শনিবার রাজধানীর বিমানবন্দর এলাকার কাওলা মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, নৌকাই একমাত্র মার্কা যেটি স্বাধীনতা, উন্নয়ন, বিদ্যুৎ, পানি, যোগাযোগ সবই দিয়েছে। এ মার্কা ক্ষমতায় থাকলে সবই হবে। লুটেরারা ক্ষমতায় আসলে দেশকে ধ্বংস করে দেবে। এ দেশকে যেন ধ্বংস করতে না পারে।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসবে কি না, দ্বিধাদ্বন্দ্বে ভোগে। খুব স্বাভাবিক। তারা যে নির্বাচন করবে, তাদের প্রধানমন্ত্রী হবে কে? এজন্য তাদের চেষ্টা নির্বাচন বানচাল করার। তারা জানে, নির্বাচন হলেই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। তাই তারা নির্বাচন ঠেকাতে চায়। এজন্য আপনারা সচেতন থাকবেন।

যেভাবেই হোক নির্বাচন হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন চাইলে নৌকা, ধ্বংস চাইলে বিএনপি-জামায়াত। আমার কথা পরিষ্কার। জনগণ ভোট দিলে আসবো, না দিলে নাই। আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই, এটার জন্য ওয়াদা দেন। দেবেন সবাই নৌকায় ভোট? সবাই ভোট দেওয়ার ওয়াদা করেন।

পরে তিনি বলেন, খালি নৌকায় ভোট দিলেই হবে না। দেশ বিদেশে প্রচার করতে হবে। সবাইকে বলতে হবে নৌকায় ভোট দিতে।

শেখ হাসিনা বলেন, দেশের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আজ ঢাকা বদলে গেছে। যানজট দূর করতে পদক্ষেপ নিয়েছি। এরই মধ্যে মেট্রোরেল করেছি। যোগাযোগের জন্য মেট্রোরেলের সঙ্গে পাতাল রেল করছি। ঢাকায় সার্কুলার ওয়াটার ওয়েজ নির্মাণের পদক্ষেপ নিয়েছি। জমি অধিগ্রহণ ছাড়াই পুরো ঢাকা ঘিরে সার্কুলার এলিভেটেড এক্সপ্রেসওয়ে করে দেবো।

পানি ও বিদ্যুৎ ব্যবহারে অপচয় রোধের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আমি অনুরোধ করবো বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবেন। ঘর থেকে বের হলে ফ্যান ও লাইটের সুইচ অফ করবেন। পানিরও অপচয় রোধ করতে হবে।

তিনি বলেন, বিএনপির আমলে দেশ ছিল পিছিয়ে। আওয়ামী লীগের আমলে এগিয়ে গেছে। মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। খালেদা জিয়ার আমলে ৬১ হাজার কোটি টাকার বাজেট ছিল। আর আমরা এবার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট দিয়েছি।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত দেশের আদর্শ ও চেতনায় বিশ্বাস করে না। আওয়ামী লীগ সেটা ধারণ করে এবং জনগণের সেবা করে যাচ্ছে। আপনাদের এলাকাকে সিটি করপোরেশনের আওতায় এনেছি। কাজ করে যাচ্ছি। আজ দেশের মানুষ ভূমি ও গৃহ পাচ্ছে। আমরা বলেছিলাম, বঙ্গবন্ধুর দেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। বস্তিবাসীদেরও ভাড়াভিত্তিক ফ্ল্যাট দিচ্ছি। তারা সুন্দরভাবে বাঁচবে। খালি বড়লোকরা ফ্ল্যাটে থাকবে, গরিবরা থাকবে না, এটা হতে পারে না।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি তার (খালেদা জিয়া) বিদেশে চিকিৎসার দাবি নিয়ে অনশন করে। তারা কয়টা থেকে অনশন শুরু করেছে? বাসা থেকে কী দিয়ে নাস্তা করে এসেছে, কী দিয়ে গিয়ে খাবে? কয় ঘণ্টার অনশন? নাটক করার-তো একটা সীমা থাকে। তারা অনশন করে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চায়, নেবেটা কে? যে ছেলে মাকে দেখতে আসে না, সে? এ আশা দুরাশা।

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, খালেদা জিয়া এতই অসুস্থ। তিনি নাকি মারা যাবেন! হ্যাঁ বয়স হয়েছে, আবার অসুস্থ। কিন্তু এত অসুস্থ হলে তার ছেলে তাকে দেখতে আসে না কেন? এটা কেমন ছেলে?

জিয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, এরা আওয়ামী লীগকে ধ্বংস করা আর স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় বসানোর কাজ করেছে। সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে। এদের জন্ম হয়েছে হত্যার মধ্য দিয়ে। ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবসহ পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। আমার বাবার সঙ্গে দায়িত্বরত অফিসারদেরও হত্যা করেছে। জিয়া ও এরশাদের ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করেছে আদালত। অবৈধ দখলদারদের দোসর বিএনপি-জামায়াত আজ বাংলোদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা বাংলাদেশের উন্নতি সহ্য করতে পারে না।

তিনি বলেন, ১৯৯৬ সালে ভোট চুরির অপরাধে খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে মাত্র দেড় মাসে পদত্যাগে বাধ্য করা হয়েছিল। জনগণের আন্দোলনের মাধ্যমে আমরা এদেশের মানুষের ভোটার অধিকার নিশ্চিত করেছি। নির্বাচনী ব্যবস্থার সংস্কার করেছি। আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের মানুষের জন্য সংগ্রাম করেছে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ অংশ নেন।

এর আগে বেলা সোয়া তিনটার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে রাজধানীতে ক্ষমতাসীনদের জনসমাবেশে উপস্থিত হন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এসময় নেতাকর্মীরা তাকে স্লোগান দিয়ে স্বাগত জানান। হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন প্রধানমন্ত্রী। এ জনসভা গত শনিবার হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তারিখ পরিবর্তন হয়। ফলে আজ কাওলায় হয় সমাবেশ।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতার জন্য ভারত অত্যন্ত পরিপক্ব

স্টক নিউজ বিডি August 20, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নিজেদের জন্য এবং অন্যান্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ভারত অত্যন্ত পরিপক্ব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন।

রোববার (২০ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ভারতের পশ্চিবঙ্গ থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নিয়ে বাংলাদেশে আলোচনা হচ্ছে, বাংলাদেশ ইস্যুতে ভারত ওয়াশিংটনকে বার্তা দিয়েছে, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কোনো ভাষ্য আছে কি না- জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সরকার অত্যন্ত পরিপক্ব। তাদের অত্যন্ত শক্তিশালী গণতান্ত্রিক দেশ। তারা যেটা ভালো মনে করে, সেটাই তারা করেছে। সে সম্পর্কে আমাদের কিছু বলার কোনো কারণ নেই।

মোমেন বলেন, তাদের সরকার ব্যবস্থা অত্যন্ত পরিপক্ক। তারা নিজেদের জন্য এবং অন্যান্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য যদি কিছু বলে থাকে, অবশ্যই এটা অত্র এলাকার উপকারে আসবে।

তিনি বলেন, জোহানেসবার্গে অনুষ্ঠিত হতে যাওয়া ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ২১ আগস্ট দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রধানমন্ত্রীর এ সফরের মধ্যদিয়ে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সম্পর্ক দৃঢ় হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসসার হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী জোহানেসবার্গে অবস্থানকালীন অনেক রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। এ মুহূর্তে নতুন সদস্য করবে কি না জানি না। তবে আমরা এরই মধ্যে ব্যাংকে জয়েন্ট করেছি, আমরা কয়েকটি প্রকল্পে অর্থ সহায়তা পেয়েছি।

মন্ত্রী বলেন, ব্রিকসে জয়েন্ট করতে পারলে উন্নয়ন প্রকল্পে সহযোগিতা পাবো। আমরা আফ্রিকাতে সম্পর্ক বাড়াতে চাই, যেখানে ব্রিকসের মাধ্যমে যেতে সুবিধা হবে। আফ্রিকায় আমাদের (ভালো) সুযোগ রয়েছে, বিশেষ করে ব্যবসা-বাণিজ্যে। আমাদের বিশ্বাস এতে করে আমাদের সম্পর্কে উন্নতি ঘটবে। সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সাক্ষাৎ করে বলেছিলেন আমরা ব্রিকসের সংখ্যা (সদস্য) বাড়াতে চাই। আমরা বহু রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাতের জন্য যোগাযোগ করেছি। যেহেতু সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সুযোগ রয়েছে, সেহেতু দেখা তো হবে।

সংবাদমাধ্যমে খবর এসেছে ভারতের প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন জোহানেসবার্গে থাকবেন, তখন অনেক রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তার সাক্ষাতের আয়োজন করবো। এখনো সব চূড়ান্ত হয়নি। রাষ্ট্রপ্রধানদের সাক্ষাতগুলো শেষ মুহূর্তে হয়। তবে অবশ্যই অনেক রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ হবে। দ্বিপাক্ষিকভাবে হবে।

আর ব্রিকসে যোগদানে বাংলাদেশের সর্বশেষ অবস্থা কী- জানতে চাইলে তিনি বলেন, আপনারা জানেন, যখন জেনেভাতে প্রধানমন্ত্রী গিয়েছিলেন, তখন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত তার সঙ্গে দেখা করে তাকে দাওয়াত দেন। তখন তিনি বলেছিলেন, তারা ব্রিকসের সদস্য সংখ্যা বাড়াতে চান। এখন তারা পাঁচজন, এটা বাড়াতে চান। বাংলাদেশকেও তাদের সদস্য করার চিন্তাভাবনা করছেন। তবে চূড়ান্ত হয়নি। এখন শুনতে পেয়েছি তারা এ মুহূর্তে নতুন সদস্য নেবেন কি না- তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ তারা একটা মোডালিটি (পদ্ধতি) তৈরি করবেন- কী প্রেক্ষাপটে নেবেন, কী কী হবে…। এটা কোনো ব্যাপার না। আমরা কোনো তাড়াহুড়ো করবো না।

এরই মধ্যে আমরা ব্রিকস ব্যাংকে যোগদান করেছি। ব্রিকস হ্যাভ অ্যা লার্জ অ্যামাউন্ট- তাদের প্রায় পাঁচ ট্রিলিয়ন ডলার রিজার্ভ আছে। এখন যারা আমাদের উন্নয়ন অংশীদার, তাদের অনেকেই ইদানীং খুব একটা সাহায্যে আসছে না। আর সামনে আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)। যখন আমরা এসডিজি অ্যাপ্রুভ করি, তখন কথা ছিল, এসডিজির জন্য প্রতি বছর সাড়ে তিন ট্রিলিয়ন থেকে ১১ ট্রিলিয়ন পর্যন্ত লাগবে। কিন্তু সেই টাকাটা কেউ দিচ্ছে না।

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রসঙ্গে তিনি বলেন, এবারের সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা সীমিত। সরকারিভাবে মোট ১৪ জন প্রধানমন্ত্রীর সঙ্গে যাবেন। এমনিতে বাইরের কিছু প্রতিষ্ঠানের প্রতিনিধি যাবেন, ব্যবসায়ী যাবেন। কারণ, আমাদের বিনিয়োগ, বাণিজ্য বাড়ানোর একটা উদ্দেশ্য রয়েছে। সেজন্য কিছু ব্যবসায়ী যাবেন।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি শাখার মহাপরিচালক সেহেলি সাবরিন উপস্থিত ছিলেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

আজ তৃণমূল নেতাদের সঙ্গে বসছেন শেখ হাসিনা

স্টক নিউজ বিডি August 6, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: নির্বাচনকে সামনে রেখে সারাদেশের নেতাদের ডেকেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ রোববার (৬ আগস্ট) গণভবনে তাদের নিয়ে বসছেন তিনি। প্রধানমন্ত্রী সবার কথা শুনবেন এবং আগামী নির্বাচন উপলক্ষে দিকনির্দেশনা দেবেন বলেও জানা গেছে।

আওয়ামী লীগের পক্ষে থেকে জানানো হয়েছে, রোববার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির বিশেষ বর্ধিত সভা হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

বিশেষ বর্ধিত সভা উপলক্ষে ঢাকা মহানগরের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ ব্যবস্থা নিয়েছে। ডিএমপির নির্দেশনা অনুযায়ী, গণভবনে অনুষ্ঠেয় বিশেষ বর্ধিত সভায় আমন্ত্রিত নেতাদের বিজয় সরণি দিয়ে জাতীয় সংসদের লেক রোড হয়ে এক নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন।

সভায় অংশগ্রহণকারীদের ব্যক্তিগত গাড়ি ডিএমপি পুলিশের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত স্থানে (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠ) পার্কিং করতে হবে। ডিএমপির নির্দেশনা মেনে চলার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

এফএও সদর দপ্তরে বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ উদ্বোধন

স্টক নিউজ বিডি July 25, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এফএও মহাপরিচালক কিউ ডংইউ এক অনুষ্ঠানে কক্ষটি উদ্বোধন করেন।

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত জাতি গড়ার স্বপ্নদ্রষ্টা ও দেশে কৃষি খাতে ‘সবুজ বিপ্লব’ সূচনাকারী বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী স্মরণে এই কক্ষ প্রতিষ্ঠা করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তার দেশ বাংলাদেশ এফএও সদর দপ্তরে এই ছোট্ট অংশটি পেয়ে অত্যন্ত আনন্দিত। এই আয়োজন সম্ভব করতে সর্বাত্মক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী এফএও মহাপরিচালক ও তার দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৩ সালে এফএও-র সদস্যপদ লাভ করে। বাংলাদেশের জনগণকে নিপীড়ন, দারিদ্র্য ও ক্ষুধা থেকে মুক্ত করাই বঙ্গবন্ধুর সারা জীবনের লক্ষ্য ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে তার নাম বহনকারী এই কক্ষটি উদ্বোধন উপলক্ষে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।’

তিনি আরও বলেন, বাংলাদেশ এবং এফএও-র মধ্যে পঞ্চাশ বছরের চমৎকার সম্পর্কের প্রতীক এই কক্ষ।

শেখ হাসিনা বলেন, ‘ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি বলেন, ‘আমার জীবনের লক্ষ্য হচ্ছে দেশের সব মানুষের জন্য একটি ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করা এবং আমরা আমাদের সংগ্রামের প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, আমি আশা করছি এই কক্ষে বসে আন্তর্জাতিক প্রতিনিধিরা আমাদের অর্জনগুলোকে এক মুহূর্তের জন্য হলেও ভাববেন। ‘আমি আশা করি তারা সারা বিশ্বে খাদ্য নিরাপত্তা ও টেকসই প্রচারে আমাদের উদাহরণ থেকে অনুপ্রেরণা নেবে’ উল্লেখ করেন তিনি।

সদ্য সজ্জিত কক্ষটিতে বাংলাদেশের একজন কৃষকের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবের একটি চিত্র রয়েছে। ‘মুজিব বর্ষ’ ২০২০-২১ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের সময় এ শৈল্পিক কাজটি করা হয়েছিল। এটি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে।

শেখ হাসিনা বলেন, ক্ষুধা ও অপুষ্টির বিরুদ্ধে কাজের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালে তাকে দেওয়া সেরেস অ্যাওয়ার্ডের একটি চিত্রও রয়েছে।
তিনি আরও বলেন, ‘এটি ছিল আমাদের কৃষক এবং কৃষি শ্রমিকদের কঠোর পরিশ্রমের যথার্থ সম্মান।’

শেখ হাসিনা গত মাসে তার জেনেভা সফরে বাংলাদেশর শ্রমিক ও মেহনতি জনগণের কথা উল্লেখ করে বলেন, ‘এবার আমি আমাদের ১৬ কোটি ৮০ লাখ মানুষের খাদ্য উৎপাদনে কৃষকদের অবদানের কথা বলতে এখানে এসেছি।’

তিনি বছরের পর বছর ধরে তাদের পাশে দাঁড়ানোর জন্য জাতিসংঘের সমগ্র খাদ্য ব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আশা করছি ‘বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব রুম’-এর দর্শনার্থীদের আনন্দ দেবে, তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং উদ্বুদ্ধ করবে।’

জাতিসংঘের খাদ্যবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার শুরু হওয়া এই সম্মেলন চলবে আগামী ২৬ জুলাই পর্যন্ত। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। ইতালির রোমে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদরদপ্তরে এই সম্মেলন হচ্ছে। তিন দিনব্যাপী উচ্চপর্যায়ের এ সম্মেলনের লক্ষ্য হলো, ২০২১ সালে অনুষ্ঠিত প্রথম খাদ্য ব্যবস্থাপনা শীর্ষ সম্মেলনের পদক্ষেপের প্রতিশ্রুতিগুলোর অগ্রগতি পর্যালোচনা করা। একই সঙ্গে প্রতিশ্রুতিপ্রাপ্ত দেশগুলোর জন্য একটি অনুকূল পরিস্থিতি তৈরি করা এবং স্থায়ী বাধা ও সাফল্য চিহ্নিত করা।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail

সরবরাহ অক্ষুন্ন রাখার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্টক নিউজ বিডি March 1, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাপী উদ্ভূত বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে উৎপাদন ব্যবস্থা এবং পণ্য সরবরাহ অক্ষুন্ন রাখতে হবে।

উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপের পাশাপাশি প্রধানমন্ত্রী দেশের এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না বলে উল্লেখ করেন।

বুধবার (১ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে ব্রিফিংকালে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সাংবাদিকদের এ কথা বলেন। এনইসি সভায় বর্তমান অর্থবছরের (এফওয়াই২৩) সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এনইসি সম্মেলন কক্ষ অনুষ্ঠিত এনইসি সভায় সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে ড. আলম বলেন, সরকার চাহিদার দিকটা অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পেরেছে, কিন্তু তারপরও উৎপাদনের দিকটা উন্নত করা দরকার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেছেন, আমন ধানের ফলন ভালো হয়েছে, এখন বোরো উৎপাদনের দিকে নজর দিতে হবে।

দেশের অগ্রযাত্রায় অনেক সমস্যা আসতে পারে উল্লেখ করে শেখ হাসিনা একাগ্রতার সঙ্গে তা মোকাবিলা করতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বাস্তবায়নকারী মন্ত্রণালয় ও বিভাগ এবং সংস্থাগুলোকে প্রকল্প বাস্তবায়নের সময় অর্থ ব্যয়ে কঠোরতা অনুসরণ করার নির্দেশনা পুর্নব্যক্ত করার পাশাপাশি আরও বেশি পরিকল্পিত উপায়ে প্রকল্পসমূহ বাস্তবায়নের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলো সমাপ্তির পথে এবং যে প্রকল্পগুলো অধিক কর্মসংস্থান সৃষ্টি করবে সেগুলো দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

এছাড়া, তিনি যেসব প্রকল্প এই মুহূর্তে খুব বেশি গুরুত্বপূর্ণ নয় বা যেসব প্রকল্প বিলম্বিত হলেও এর ব্যয়ের ওপর তেমন কোন প্রভাব পড়বে না সেগুলো ধীরে ধীরে বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দক্ষতা উন্নয়নের ওপরেও জোর দিয়েছেন।

‘শেখ হাসিনা সাধারণ মানুষকে সেবা প্রদানের জন্য বিভিন্ন সরকারি কাঠামো, প্রতিষ্ঠান এবং সুবিধাসমূহ পুরোমাত্রায় চালু করতে কি পরিমান জনবল প্রয়োজন তার তালিকা তৈরি করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন’-উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন দক্ষতা-উন্নয়ন প্রশিক্ষণ পরিচালনার জন্যও নির্দেশ দিয়েছেন।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
বাসেত মজুমদারের মৃত্যুতে শোকাহত প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী আজ ধান গবেষণা ইনস্টিটিউটে যাচ্ছেন

স্টক নিউজ বিডি February 23, 2023

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গৌরব ও সাফল্যের ৫০ বছর পূর্তি উদযাপনে যোগ দিবেন।

বৃহস্পতিবার সকালে ধান গবেষণা ইনস্টিটিউটে বঙ্গবন্ধু পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র উদ্বোধন করবেন তিনি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোঃ শাহজাহান কবীর।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গৌরব ও সাফল্যের ৫০ বছর পূর্তি উপলক্ষে তথ্যচিত্র প্রদর্শন করা হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে সম্মাননা স্মারক প্রদান এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের ৫টি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হবে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট রঙিন সাজে সজ্জিত করা হয়েছে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

স্টক নিউজ বিডি.কম/এসএম

আরও পড়তে পারেন…

0 শেয়ার করুন
0 FacebookTwitterPinterestLinkedinTumblrRedditStumbleuponWhatsappTelegramLINEEmail
পরবর্তী সংবাদ
পূর্ববর্তী সংবাদ

সর্বশেষ খবর

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আইসিবি ইসলামি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা  অনুষ্ঠিত

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের ৬৫তম পর্ষদ ও ৮৪তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

  • শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষণা

  • রবির তিন মাসেই ১,৫৮০ কোটি টাকা নগদ অর্থ উধাও, স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৩৬০ কোটি টাকা

  • ইস্টার্ন ইন্স্যুরেন্সের নিট মুনাফা ১২ কোটি ৪২ লাখ, বেড়েছে ইপিএসও

  • প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের ঋণখেলাপি মামলায় ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের ৫,০০০ কোটি টাকার তহবিলে যুক্ত হলো এমটিবি

  • বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান

  • গোপনীয়তা নীতি
  • নীতিমালা
  • যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক
মোঃ শামীম রেজা
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৫৭২৩
ই-মেইলঃ stocknewsbd24@gmail.com
মোবাইল নাম্বারঃ ০১৫২১৩৬৭৫২২
অফিসঃ হাউজ নংঃ ১০১, রোড নংঃ ৩, সেক্টরঃ ৬, উত্তরা ঢাকা-১২৩০।
স্বত্ব © ২০২৬ স্টক নিউজ বিডি।


Back To Top
Stock News BD | Latest Online Most Popular Newspaper
  • হোম
  • শেয়ার বাজার
    • আজকের লেনদেন
    • কোম্পানি সংবাদ
    • বোর্ড সভা
    • এজিএম / ইজিএম
    • আইপিও / রাইট
    • লভ্যাংশ
    • উপদেশ
    • পিএসআই
  • অনুসন্ধানী বিশ্লেষণ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • লাইফ স্টাইল
  • ইসলাম
  • বিনোদন
  • আরও
    • বিশেষ প্রতিবেদন
    • আইন-আদালত
    • গণমাধ্যম
    • চাকরি
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • সংস্কৃতি
    • ভিডিও
    • অন্যান্য